#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
১৮.
®রোজা রহমান নাঈমা
‘
বসন্ত ঋতুর দ্বিতীয় মাস চলছে। অর্থাৎ চৈত্র মাস। চৈত্রর টগবগে খড়া আর শহরের কোলাহলে শীতটা যেন সম্পূর্ণরূপে কেটে গেছে। শহরের যানজট আর জনসমাগমের ভীড়ে ঠিকঠাক শীত উপভোগ করা যায় না। তবে সামান্য শীত অনুভব করায় রাতের মধ্যভাগ থেকে স্নিগ্ধময় সকাল পর্যন্ত। এরপর সারাদিনের ব্যস্ত শহরে যেন ভ্যাপসা গরম ঠেলেঠুলে প্রবেশ করে।
আজমীরার হাইপারহাইড্রোসিস আছে। অতিরিক্ত ঘামের সমস্যা। আজমীরা কোথাও সুস্থিরভাবে দাঁড়িয়ে থাকলেও তাঁর হাত-পায়ের তালু ঘেমে স্রোত বয়ে যায়। দেখে তখন মনে হয়— এইমাত্র পানির ভেতর থেকে হাত-পা চুবিয়ে উঠে এসেছেন। মুখ তো সারাদিন শাড়ির আঁচলে মুছতেই থাকেন, সেই সাথে বাজেভাবে ঘেমে ওঠা হাত-পা নিয়ে চলা-চল করতেও বড় সমস্যা হয় তাঁর। এমনকি শীতঋতুতেও প্রচন্ড শীতের মাঝে যদি রোদের দেখা মেলে, তিনি রোদে দাঁড়ালেই ঘেমে ওঠেন। বড়ই মুসিবত!
কুয়াশার ধারণা মায়ের মতো তারও হাইপারহাইড্রোসিস আছে৷ প্রচণ্ড রকম ঘামের সমস্যা কুয়শার। হাত, পা, মুখ, মাথা সহ শরীর ঘেমে পোশাক ভিজে যাওয়ার মতো বিশ্রী ব্যাপার ঘটে কুয়াশার। কুয়াশা এতে চরম বিরক্ত হয়। কারণ তার শরীরের পোশাক ভিজে বাজে দেখায় খুব৷ পায়ের জুতো ভিজে উঠে চলতে সমস্যা হয়। এমনকি হাতে কলম ধরে খাতায় লিখতেও তার প্রচন্ড সমস্যা হয়৷ এমন যে— খাতা ভিজে-গলে ছিঁড়ে অবধি যেতে দেখা যায়৷ এরকম জঘন্য ঘটনা অহরহ ঘটে তার সঙ্গে। পরীক্ষার হলে বসে লিখতেও কুয়াশার ভীষণ কষ্ট হয়৷ বারবার হাত মোছার মতো বিশ্রী ব্যাপার আর দুটো আছে? এতে সময় কতটা নষ্ট হয় একমাত্র কুয়াশাই জানে৷
সকালে খেয়ে-দেয়ে তৈরি হয়ে স্কুলের উদ্দেশ্যে বের হলো কুয়াশা৷ বাড়ি থেকে বের হতেই তার সামনে খাম্বার মতো দাঁড়িয়ে গেল শিশির। কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় সময় থাকলে যেটা হয়? ঠিক সেটা হচ্ছে। কুয়াশাকে দেখছে সে। কোনো প্রকার খুঁত পেলেই হবে। খুঁত বের করতে এমন ভাবে দেখছে যেন জনম জনম দেখে থাকে না সে কুয়াশাকে অথবা দেখেনি। কুয়াশা সেই দন্ডায়মান খাম্বার দিকে মাথা তুলে তাকিয়ে বিরক্ত ঝেড়ে ঝাঁঝালো সুরে বলল,
“ তোমার চাঁদ বদনখানি দেখার জন্য আমার হাতে এক্সট্রা সময় নিয়ে রেখেছি বলে মনে হচ্ছে তোমার?”
“ গুড গার্ল! আমি যে চাঁদের টুকরো স্বীকার করার জন্য তোর এক্সট্রা সময় কাটা হলো না৷”
চরম নাটকীয় সুরে বলে শিশির কুয়াশার সামনে থেকে স্লিপ কেটে পায়ের জুতোর শব্দ তুলে ডানে সরে দাঁড়াল। হাতের ইশারায় কুয়াশাকে জঘন্য সম্মানের ভাব দেখিয়ে মুখভঙ্গিতে মেকি সন্তুষ্ট রেখে বলল,
“ সামনে থেকে বিদায় হতে পারিস এখন।”
বেজায় অপমান! কত বড় হারামি হলে নিজেই কোত্থেকে উদয় হয়ে এসে সামনে দাঁড়িয়ে পথ রোধ করে, নিজেই আবার এমন অপমান সূচক কথা বলতে পারে? কুয়াশা ভেবে পেল না। মনে চাইল দুই-চারটা গালি দিতে। তবে তার ঝুলিতে দুই-চারটা গালি মজুদ আছে কিনা সেটাও বড় সন্দেহের ব্যাপার। কুয়াশা মনে মনে গুণে দেখার চেষ্টা করল কয়টা গালি জানে সে। শিশিরের ওপর এপ্লাই করার মতো হতে পারে কিনা সেটা ভেবে গুনতে লাগল। গুণতে গিয়ে কুয়াশা টের পেল— হারামি, বেয়াদব, শয়তান, বদমায়েশ এধরনের ছাড়া সে আর কোনো গালি জানে না। আর এগুলো আদৌ গালির আওতায় ফেলা যায় কিনা সে বিষয়ে কুয়াশার যথেষ্ট সন্দেহ আছে।
কুয়াশার মনে হলো তার গালি শেখা উচিত ছিল। অন্তত এই হারামি মার্কা বদমায়েশের জন্য। মনে মনে গালি দেয়া শিখবে বলে সে ঠিক করে নিল। শিশিরের দিকে রক্তিম চোখে কটমটিয়ে দেখে নিয়ে যেতে যেতে শিশিরের গায়ে সেই জ্বালাটা ধরিয়েই গেল,
“ এই খাম্বার মতো দেহটা নিয়ে বরই পেড়ে দিবি আজ৷ দেখব কত মুরোদ আছে তোর। চাঁদ মুখ তো মাকাল-ফলও হতে পারে!”
“ কীহ!”
শিশির শেষটা শুনে চেঁচিয়ে উঠেছে। কুয়াশাকে আর পায় কে? সে তো এক দৌড়ে গেইটের বাইরে! গেইটের বাইরে গিয়ে তো আর চুল ধরে টেনেহিঁচড়ে আনা যায় না? নয়তো কুয়াশার আজ চুলগুলো ব্যথা হবার সঙ্গে ছিঁড়েও ছাড়ত শিশির।
কুয়াশা সশব্দে খিলখিল করে হাসতে হাসতে দৌড়ে দিয়েছে স্কুল ব্যাগ কাঁধে নিয়েই। শিশির ফ্রন্টইয়ার্ডে স্থাপিত ফাউন্টেনের পাশ দিয়ে ওর পেছনে দৌড়ে গেইট অবধি গিয়েও সুবিধা করতে পারল না। অগত্যা দাঁতে দাঁত চেপে হজম করে নিল কুয়াশার কিছুক্ষণ পূর্বে
বলা— মাকাল ফল কথাটা।
হজম করতে গিয়েও নাক ছিঁটকে ফেলল সে। মাকাল ফল! সে মাকাল ফল! যোগ্যতা সম্পন্ন একটা কিশোর থেকে সদ্য যুবকে পা দেয়া যুবক সে। এই বয়সে প্রেম করলে শত রমণী তার সন্তানের মা অবধি হয়ে যেতে হুমড়ি খাবে, আর তাকে কিনা মাকাল ফল উপাধি দেয়! ওর দাঁত-কপাটি যদি না খুলেছে, শান্তি নেই মনে।
আপাতত থিতু মেজাজ নিয়ে শিশির বাড়ির ভেতর ঢুকল। কলেজে আজ তাদের বিদায় অনুষ্ঠান। এইচএসসি পরীক্ষা শুরু হবে আর সপ্তাহ দু'য়েক পরই। গতকাল থেকে কলেজের ডেকোরেশনের কাজ সহ অন্যান্য সকল কাজে তারা বন্ধুমহল সক্রিয় ছিল। এক সপ্তাহ যাবত অনুষ্ঠানের আয়োজনেই ব্যস্ত ছিল বলতে গেলে। গতরাতে বাড়ি ফেরা হয়নি। বন্ধুরা একসঙ্গে রাত কাটিয়ে মজা করেছে৷ সব ঠিকঠাক করে এখন ফিরল। গোসল দিয়ে একেবারে অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে আবার বের হবে কলেজের উদ্দেশ্যে।
…
TVS ব্র্যান্ডের Apache RTR মডেলের একটি দুর্দান্ত কালো রঙের বাইক চালিয়ে কালো শার্ট, প্যান্ট ও লেদার জ্যাকেট পরিহিত অসম্ভব সুদর্শন একটি যুবককে আসতে দেখে উপস্থিত সকলের দৃষ্টিতে যেন রংধনুর সাত রঙের খেলা দেখা যেতে লাগল। কাছে-দূরে আশে-পাশে যত সিনিয়র-জুনিয়র মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল সকলে যুবকটির হলুদ-ফর্সা ত্বকে দুপুরের খাড়া রোদ পড়া মুখপানে চেয়ে থেকে ফিদা হলো। ব্যাপারটা এমন মনে হলো— চৈত্রের রোদের দাপটের চেয়ে যুবকটির রূপের দাপটে সবাই পুড়ে অঙ্গার হচ্ছে।
কালো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, লেদার জ্যাকেটে কালো বাইক নিয়ে শিশির সরকারি কলেজের গেইট দিয়ে প্রবেশ করে মুক্তমঞ্চের কাছে পৌঁছাতে যতটা সময় নিয়ে পৌঁছাল, ততটা সময় ধরে মেয়েরা শিশিরকে লবন মরিচ ছাড়াই শুধুমাত্র দৃষ্টি দ্বারা গিলে গেল। বাইক থামিয়ে চোখ থেকে কালো সানগ্লাসটা খুলে এলোমেলো চুলগুলো ব্যাকব্রাশ করল কয়েক সেকেন্ড সময় নিয়ে। যদিও শীত নেই, তবুও বাইক চালালে ঠাণ্ডা বাতাসের একটা কামড় টের পাওয়া যায়। চৈত্রর রোদে ঠাণ্ডা বাতাসটা গায়ে ততটা বিঁধে না। তাই জ্যাকেট পরার প্রয়োজনও ছিল না। তবে সন্ধ্যার পর থেকে সামান্য ঠাণ্ডা বিলানো শুরু হয়। এজন্য অ্যাডভান্স প্রটেকশন হিসেবে জ্যাকেটটা গায়ে জড়ানো দুপুরের এই খাঁড়া রোদের মাঝেও। আর সবচেয়ে বড় কথা হলো— জ্যাকেট কোনো শীত প্রাসঙ্গিক ড্রেসআপ নয়, স্টাইলের জন্য শোভাবর্ধন করছে শিশিরের শরীরে।
দূরে দাঁড়িয়ে ছিল রিজভীরা। কিছুটা দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছে অন্বেষা ও ওর বান্ধবীরা। শিশিরের উপস্থিতি যেন সবারই চোখে বিঁধেছে। কেননা ছেলেটা হ্যাঁ-ই এমন। কম-বেশি পরিচিত মুখ এবং দুর্দান্ত ব্যক্তিত্বের।
অন্বেষা শিশিরকে দেখে আজ মনে হয় আরো একদফা মাতাল হলো। তাল হারিয়ে মাতাল হয়ে মুদিত দৃষ্টিতে তাকিয়ে থাকাকালীন এক বান্ধবী ওকে কনুইয়ের সামান্য গুঁতো দিয়ে বলল,
“ অন্বেষা, তোর ক্রাশ বয়।”
“ মাই হ্যান্ডসাম হাঙ্ক।”
অন্বেষা যেন ড্রাংক। কণ্ঠটা তার তেমনই নেশালো ঠেকল। সে যখন নিষ্পলক তাকিয়েই আছে, তখন শিশির পার্কিং এরিয়ায় বাইক পার্ক করে লম্বাটে দেহটা নিয়ে খুবই সুন্দর ভঙ্গিতে হেঁটে এগিয়ে আসছে। রিজভীরা শিশিরের অপেক্ষাতেই ছিল এতক্ষণ। একঘন্টার নাম করে তিন ঘণ্টা পর এলো সে। এমন কাণ্ডজ্ঞানহীন কাজে রিজভী বিরক্ত নিয়ে বলল,
“ শালা তোর এই এক ঘণ্টার মধ্যে আসা হলো?”
“ ঘুমিয়ে ছিলাম একটু।”
“ ও… বউ উঠতে দিচ্ছিল না বুঝি?”
“ তাই আবার দেয় নাকি হে!”
থেমে আশেপাশে ছাত্র-ছাত্রী সহ কিছু উৎসুক দৃষ্টি লক্ষ্য করে ঠোঁটের কোণে মারাত্মক ঘায়েল করা এক হাসি এনে বলল,
“ আর বউ পাশে থাকলে তোদের একেকটার মার্কামারা চেহারা দেখতে উঠে আসতাম নাকি?”
রিজভী ওর হাতের পেশির ওপর ঘুষি বসিয়ে দিল শুনে। পাশে থেকে সিফাত নামের বন্ধু দাঁত বের করে হেসে শিশিরকে বলল,
“ আরে মামাহ্, বউয়ের কোল পাইলে তো ব্যাপারটা এমনই ঘটবে। চোখে তো তুমি তখন সরষে ফুল দেখবা। যেদিকে তাকাবা শুধু রঙিন আর রঙিন। আহা!”
সিফাত একটু শিশিরের তুলনায় খাটো। সিফাতের কথা শুনে শিশির ওর মাথার ওপর গাট্টি মেরে বলল,
“ কাজের টপিকে আয়, শালা। স্যার-ম্যামরা এসে পৌঁছেছেন?”
“ হ্যাঁ, নামাজ পরেই উপস্থিত হবেন। আমরা তার পূর্বের কাজ গুলো শেষ করি।”
“ চল এগো।”
ওরা এগিয়ে গেল ডেকোরেশন করা মুক্তমঞ্চের উদ্দেশ্যে। ভালোই আয়োজন করা হয়েছে বিদায়ের জন্য। কিছুক্ষণের মধ্যে যোহরের নামাজ শেষ হলে আমন্ত্রিত শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত হলেন৷ এরপরই শুরু করা হলো এইচএসসি ব্যাচ ২০১৩-এর বিদায় অনুষ্ঠান।
আয়োজনটা তিন বিভাগের এক সঙ্গে করা হয়েছে। বিজ্ঞান, ব্যাবসা ও মানবিক বিভাগ। শিশিররাই এটা প্ল্যান করে করেছে৷ এতে ছাত্র-ছাত্রীদের সংখ্যাও বেড়েছে সঙ্গে আয়োজনটাও জাঁকজমকপূর্ণ হয়েছে। ছাত্রছাত্রীরা নিজেদের চেয়ারে অবস্থান নিয়ে বসেছে। মঞ্চের ওপর মাইক লাগানো লেকটার্নের সামনে দাঁড়িয়ে রিজভী উত্তেজিত ও উৎসুক ছাত্র-ছাত্রীদের শান্ত করছে। সে-সময় নীহারকে বাইক নিয়ে কলেজের গেইটের সামনে থামতে দেখা গেল এবং, বাইকের পেছন থেকে মেধাকে নামতে দেখা গেল।
মেধা নেমে কলেজের ভেতর প্রবেশ করল আর নীহার বাইক নিয়ে পার্ক করে এসে মেধাকে বলল,
“ চলো।”
মেধা আর নীহার একসঙ্গে হাঁটতে হাঁটতে পৌঁছাল মুক্তমঞ্চের দিকে। শিশির মঞ্চের নিচে একপাশে কিছু পেপার হাতে নিয়ে বন্ধুদের কিছু একটা বুঝাচ্ছিল। তখন সিফাত নীহারদের দেখতে পেয়ে শিশিরকে বলল,
“ নীহার ভাই আসছে, শিশির৷”
শিশির পেছন ফিরে নীহার আর মেধাকে দেখল। যদিও মেধার সঙ্গে নীহারের সম্পর্ক থাকা নিয়ে তার কোনো প্রকার সমস্যা নেই আর, না আছে অমত কিংবা বাঁধা। এমনকি এখানে মেধাকে সঙ্গে নিয়ে একসাথে আসাতেও তার কোনো প্রকার সমস্যা নেই। তবে শিশিরের মূল সমস্যাটা হলো তার ভাইয়ের অবসর সময়ে ভাগ বসানো নিয়ে। নীহার আগে তার অবসর সময় সম্পূর্ণটা দিত শিশিরকে। আর এখন সেই সময়ের হয়েছে দুইটা ভাগ৷ ব্যাপারটা চরম বাজে শিশিরের জন্য। আর হিংসুটে শিশিরের কাজই তো হিংসা করা! সে হিংসা-ই করে মেধার ওপর। লাগে মেধা ওর অঘোষিত সতিন টাইপ কিছু। নীহারের ওপর ওর একার হক ছিল, সেই হকে মেধা এসে বাণ মেরেছে।
শিশির হাতের পেপারগুলো সিফাতের হাতে ধরিয়ে দিয়ে এগিয়ে এলো নীহারদের দিকে৷ কাছে এসে নীহারের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল,
“ চল বসবি।”
“ যেন তোর শ্বশুরবাড়ি এলাম!”
কথাটার মানে ধরতে পেরে শিশির দাঁতে দাঁত চেপে চোখ গরম করে তাকাল। নীহার শব্দ করে হেসে ফেলল তখন। মেধাও ঠোঁট টিপে হেসে নজর লুকাতে নিজের পায়ের দিকে ও মাটির দিকে তাকাল। মেয়েটা মেরুন রঙের সুতির শাড়ি পরেছে। শাড়ির সাথে সিম্পল কিছু ম্যাচিং অর্নামেন্টস আছে তার সাজসজ্জায়। নীহার হেসে শিশিরকে বুকের একপাশে ধরে বলল,
“ চল। তারপর, আয়োজন সব ঠিকঠাক?”
“ এখন অবধি তো ঠিকঠাকই চলছে।”
শিশির নীহার আর মেধাকে নিয়ে গিয়ে সুবিধা মতো ও সুন্দর একটা জায়গা দেখে বসিয়ে দিল। যদিও নীহার কলেজের প্রাক্তন ছাত্র আর মেধা বর্তমান ছাত্রী তবুও শিশির নিজের স্পেশাল অতিথি বলে তার ব্যাচমেটদের পরিচয় করিয়ে খেয়াল রাখতে বলে এলো। সেখান থেকে বেরিয়ে শিশির পুনরায় নিজের অবস্থান নিল। কারণ রিজভীর কথা শেষ হলে সে-ই আজকের বিদায় অনুষ্ঠানে সর্বপ্রথম বক্তব্য রাখবে।
কোত্থেকে অন্বেষা ছুটে এলো নীহার আর মেধাকে একসাথে দেখতে পেয়ে৷ মেধা অন্বেষাকে এসেই দেখতে পেয়েছিল। অন্বেষা কাছে পৌঁছালে মেধা তখন বলল,
“ অন্বেষা ফুপি, শাড়িতে সুন্দর দেখাচ্ছে তোমায়।”
অন্বেষা পাতলা সিল্কের শাড়ি পরে আঁচল কুঁচি দিয়ে কাঁধে তুলে রেখেছে৷ চিকন শরীরে শাড়ি পরার ভঙ্গিমাটা বড় স্টাইল এনে দিয়েছে। চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে উপরে এঁটে রেখেছে। এতে পেছনে ফর্সা পিঠ ও ঘাড় দেখা যাচ্ছে। পেট ও কোমরের দিকগুলোও খুব একটা ঢেকে ঢুকে রাখেনি।
তবে অন্বেষা মেধার কথার থেকে ওর সঙ্গে থাকা নীহারকে আঁড়চোখে বারবার দেখতে ব্যস্ত৷ এটা যে শিশিরের ভাই— অন্বেষা চেনে। মেধার সাথে কী করছে এই বেটা? অন্বেষা জানে না। তবে ঠোঁটে হেসে বলল,
“ থ্যাঙ্ক ইউ, মেধা। কখন এলি?”
“ এইতো কিছুক্ষণ আগেই।”
এরপর থেমে নীহারের দিকে তাকাল। যদিও কোনো অপ্রস্তুত ভঙ্গি তার মাঝে দেখা গেল না৷ তবে নীহারের পরিচয় দেয়ার আগেই অন্বেষা হাসি ঠোঁটে রেখেই বলল,
“ উঠে আয় তো একটু।”
মেধা নীহারকে একবার দেখে ওকে বলে উঠে গেল অন্বেষার সাথে। অন্বেষা ওকে টেনে নিয়ে একটা ফাঁকা জায়গা দেখে থেমে বলল,
“ এটা তো নীহার ভাইয়া! তোর সাথে কী করে?”
“ বয়ফ্রেন্ড আমার। আমরা রিলেশনে আছি।”
“ কীহ!”
অন্বেষার কণ্ঠে অনেকেই ওদের দিকে তাকিয়েছে৷ মেধা অপ্রস্তত হলো। কী এমন বলল সে যার জন্য অন্বেষা এমন আঁতকে উঠল! অন্বেষা কপাল চাপড়ে বলল,
“ তোর বাপের আমি ফুপাতো বোন তাই তো?”
মেধা ভ্রু কুঁচকাল হঠাৎ এমন প্রশ্নে। সে অদ্ভুত ভঙ্গিতে বলল,
“ হ্যাঁ, তাই তো!”
“ সম্পর্কে তুই আমার মেয়ে হোস তাই তো?”
“ এসব কী ধরনের প্রশ্ন করছ বলো তো, ফুপি? তাই তো হই!”
“ তাহলে তুই আমার ভাশুরের সাথে রিলেশনে আছিস কীভাবে?”
“ হোয়াট!”
মেধারও কণ্ঠে একটু উঁচু হলো। আশেপাশে তাকিয়ে এরপর নিচু স্বরে বলল,
“ কী সব বলছ? ভাশুর কে তোমার?”
মেধা হতভম্ব হয়ে গেছে। সে-সময় মঞ্চ থেকে রিজভীর কণ্ঠে শোনা গেল, অনুষ্ঠানের শুরুতে সর্বপ্রথম বক্তব্য দিতে মঞ্চে আসছে শিশির মালিথা৷ করতালির শব্দে মুখরিত পরিবেশ। শিশিরকে তখন মঞ্চে উঠতে দেখা গেল। আর অন্বেষা শিশিরকেই দেখিয়ে বলল,
“ ওই যে শিশির। ওকে পছন্দ করি আমি। মাই ক্রাশ বয়। এছাড়া আমরা ভালো ফ্রেন্ডও। ভবিষ্যতে রিলেশনেও যেতে চলেছি।”
যদিও অন্বেষা শেষ কথাটা ততটা জোর দিয়ে বলতে পারল না, যতটা প্রথম কথাগুলো বলতে পারল। মেধা শুনে আশ্চর্যান্বিতে বলে উঠল,
“ ও মাই গড!”
থেমে নীহারের দিকে মেধা দেখে নিয়ে লঘু সুরে বলল,
“ আমরা অলরেডি রিলেশনে, ফুপি। তুমিই বরং এখন তোমার সমস্যার সমাধান করো। আমার জা হবে নাকি ফুপিই থাকবে।”
মেধা হেসে চলে এলো ওখান থেকে। অন্বেষা কপাল চাপড়ে কতক্ষণ ওখানেই দাঁড়িয়ে থাকল। যদিও শিশির ওকে পাত্তা-টাত্তা কিছু দেয় না। তবুও ওই যে? পাগলের সুখ মনে মনে!
মঞ্চে শিশির দুর্দান্ত বক্তব্য দিচ্ছে। শুরুতে শিক্ষকদের সম্মান জানিয়ে, কলেজে দুই বছরের শিক্ষাজীবন নিয়ে, শিক্ষকদের সম্পর্কে, তাদের শিক্ষা দেয়া নিয়ে, দুই বছরে কলেজ থেকে, শিক্ষকদের থেকে কেমন শিক্ষা ভালোবাসা অর্জন করেছে এবং সামনে কীভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে ইত্যাদি বিষয়ে নিজের বক্তব্য দিচ্ছে৷ শিশিরের বাচনভঙ্গিতে শিক্ষকরা সহ উপস্থিত প্রত্যেকে মুগ্ধ। এত সুন্দর করে কথা বলছে যেন কোনো বিসিএস ক্যাডার কথা বলছে। শিক্ষকরা শিশিরকে তেমনই একটি স্থানে মনে মনে বসিয়ে দিলেন। শিশিরের আদর্শবান ব্যক্তিত্বটা বরাবরই শিক্ষকদের পছন্দ। এজন্য শিক্ষকদের প্রিয় ছাত্রও হয়ে উঠেছিল সে।
…
বিকেলের সূর্যটা ক্ষয়িষ্ণুমা আলোয় লালিত। রক্তিম বর্ণ ধারণ করে পশ্চিম কোণে অবস্থান করেছে। কুয়াশা, স্মৃতি ও ইশা তিনজন প্রাইভেট পড়া শেষ করে বের হয়ে রাস্তার সামনে দাঁড়াল। স্মৃতি আর ইশা এখন রিকশা নেবে জেলখানামোড় ও হাউজিং এ-ব্লকে যাওয়ার জন্য। আর কুয়াশার হেঁটে যেতে দশ-বারো মিনিট লাগে। তবে কুয়াশা রিকশাতেই ফেরে। হেঁটে গেলে সন্ধ্যা নেমে যায় পৌঁছাতে। দাঁড়িয়ে থাকাকালীন স্মৃতি প্রায় যে প্রশ্নটা করে কুয়াশাকে আজও সেই প্রশ্নটা করল মনে কোনো এক ধরনের উৎসুক ও জানার প্রবল আগ্রহ নিয়ে,
“ জানতে পেরেছিস, কুশু? বলেছে শিশির ভাই কিছু?”
প্রশ্ন পেয়ে কুয়াশা স্মৃতির দিকে মনোযোগ দিল রাস্তার দিক থেকে দৃষ্টি সরিয়ে। প্রত্যুত্তরে কুয়াশা মুখে বিরক্তিতে চ’ সূচক শব্দ করে বলল,
“ তুই রোজ প্রশ্ন করলেই আমি তোর ওই শিশির ভাইয়ের থেকে উত্তর পেয়ে যাব? এটা ভাবিস?”
“ না, ভাবি না। তবে না বলার কারণই বা কী?”
“ তুই গিয়ে না হয় জিজ্ঞেস করে আসিস? না বললে পায়ে পড়ে জিজ্ঞেস করবি বরং? হবে না?”
স্মৃতি মুখটা ভার করে বলল,
“ না, থাক। পায়ে আর পড়তে যাব না। শেষে তোর দুশমনের পায়ে পড়ে তোর দুশমন হয়ে যেতে হবে৷ তারচেয়ে বরং কৌতূহল নিয়েই থাকি।”
“ রিজভী ভাইকে জিজ্ঞেস করলেই তো জানা যেতে পারে।”
ইশার কথাকে কুয়াশা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলল,
“ আমার ঘরের ইবলিশটাই বলে না, সেখানে রিজভী ভাই বলবে? মাথা গেছে তোদের!”
কুয়াশা ঝাঁঝে আছে দেখা যায়। পুনরায় বলল,
“ যা, তোরা বাড়ি যা। আমি গেলাম।”
কথাটা বলে একটা রিকশা দেখে ডেকে বলল,
“ এই মামা, যাবেন?”
রিকশা চালককে ঘুরতে দেখা গেল৷ স্মৃতিদের থেকে বিদায় নিয়ে কুয়াশা রিকশাতে চড়ে বসল। রিকশা চলে গেলে কোত্থেকে বাইসাইকেল নিয়ে রনি ছুটে এসে হাঁপানো ভঙ্গিতে স্মৃতির উদ্দেশ্যে প্রশ্ন করল,
“ এই ভেটকি, কুশু চলে গেছে রে?”
স্মৃতির মেজাজ গরম হলো সেখানে দাঁড়িয়েই। রনিকে পেটানোর ইচ্ছেকে সংবরণ করে বলল,
“ তোর কী কাম?”
“ আরে আমারই তো সব৷ দ্রুত বল বাল!”
ইশা বলল,
“ হ্যাঁ, ওই তো দেখা যায় ওই রিকশাতেই উঠেছে।”
রনি ইশার জবাবে ওর দিকে হেসে বলে গেল,
“ থ্যাঙ্ক ইউ, ইশা৷ এই স্মৃতিসৌধের ক্লাস তো পরে নেব৷”
রনি সাইকেল হাকিয়ে ছুটল কুয়াশা বসে থাকা রিকশার পেছনে। আজ সে প্রাইভেটে আসেনি। কিন্তু প্রাইভেটে না এলেও কুয়াশার সাথে দেখা করা সে মিস করে না কখনো। অত্যাবশ্যকীয় কাজের মাঝে একটি যেন। প্রাইভেটের শেষ সময়টা স্মরণ করে তার সকল গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ছুটে এসেছে একটা পলক শুধু কুয়াশার সাথে দেখা করবে বলে। আর রোজ বিকেলে কুয়াশার সাথে তার দেখা না হলে রাতটাই ভালো কাটে না।
যদিও কুয়াশা অনেক আগেই মানা করে দিয়েছে, তার পেছনে সাইকেল নিয়ে যেন রাস্তা-ঘাটে চলার সময় না আসে। তবুও রওশন রনি কুয়াশার জন্য হাজারবার অবাধ্য হতে রাজি৷ কিছু নামহীন পাগলামি আরকি। যেটা কুয়াশার জন্য। বাকি ক্ষেত্রে রনি শুধু রনির মতো।
ইশা স্মৃতির উদ্দেশ্যে বলল,
“ মেইবি কুশুকে লাইক করে রনি।”
“ করলেই কী?”
“ কেন? রনি ভালোই তো। দেখতেও ভালো।”
“ তুই জানিস না কুশু সেম ইয়ার লাইক করে না?”
“ বাদ দে তো! লাইক করে না। রনি ঠিক জিতে যাবে দেখিস। কুশুও ওর ডিসলাইক করা কারণকে লাইক করা শুরু করবে।”
“ কুছভী!”
স্মৃতি যেন কথাটা বিশ্বাসই করল না। আর ইশা স্মৃতির কথাকে বাজি ধরে নিল। তাদের কার কথা জিতে যায় দেখতে চায় ওরা।
…
আজ রাতে নীহার ঢাকার উদ্দেশ্য রওনা হবে। আইএসএসবির জন্য নীহারদের ডাকা হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত আইএসএসবি কেন্দ্রে চার দিন অবস্থান করে পরীক্ষা, গ্রুপ টাস্ক, সাইকোলজিক্যাল টেস্ট ও ইন্টারভিউতে অংশ নিতে হবে তাকে। আইএসএসবির রেজাল্ট Recommended হলে নীহার পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ পাবে। এরপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নৌবাহিনীর চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরই তার অফিসার ক্যাডেট হিসেবে যোগদান নিশ্চিত হবে।
সকাল থেকে গোছগাছ করে ভাই-বোনদের সাথে বসে মাইন্ড ফ্রেশ করার জন্য আড্ডা জমিয়েছে সে। যদিও শিশিরে এক তারিখ থেকে পরীক্ষা, তবুও নীহারকে সে সঙ্গ দিচ্ছে। গতকাল বিদায় অনুষ্ঠানে একটু বেশিই খাটুনি পড়ে গেছে আবার রাতও জাগা হয়েছে। তাই আজ শরীরটা ম্যাচম্যাচ করছে। পড়ার প্রতিও আগ্রহ কমই বলা যায়।
আড্ডার মাঝে ইয়াসমিন এলো ফুপুর বাড়ি। অবশ্যই তুহিনের জন্য। তুহিনের শরীর এখন অনেকটাই সুস্থ। তবে পায়ের হাড়ের ফ্র্যাকচার পুরোপুরি ঠিক হতে দুইয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে তাকে এখনো বেড রেস্টেই কাটাতে হচ্ছে। ইয়াসমিন রান্না করা কিছু একটা নিয়ে এসেছে। দেখা গেল চালের আটার রুটি, আর দেশি মোরগের ঝোল রান্না। ইয়াসমিনের নানুর বাড়ি থেকে এসেছে এই খাবার। হালিমা মৃধা কিছুটা ননদের বাড়িও পাঠিয়ে দিয়েছেন।
খাবারটা জাকিয়ার কাছে রেখে এসে ইয়াসমিন বসল ওদের আড্ডার মাঝে সোফায়। তুহিন পত্রিকা পড়ছিল। ইয়াসমিনকে দেখে রেখে দিল। সেটা আবার শিশির খেয়াল করে বলল,
“ যাক কিছু তো উপকার হলো?”
“ কী উপকার হলো তোর?”
ইয়াসমিনের প্রশ্নে উত্তর করল শিশির,
“ আমার না, তোমার। তোমার হবু পত্রিকা রেখে তোমাতে মনোযোগ দিল। সংসারজীবন পানসে আর হচ্ছে না।”
“ সব সময় ফাজলামো করা প্রয়োজন তোদের?”
তুহিন গম্ভীর স্বরে বলল। বলা যায় লজ্জা পেয়েছে বড়। ইয়াসমিন তুহিনের কথার উত্তরে বলল,
“ বলতে দিন। ওর সংসার তো ঝগড়াময় হবে। ভবিষ্যত উকিল সংসারেও ঝগড়া করবে কোর্টের ঝগড়া করবে।”
“ হ্যাঁ হ্যাঁ, ঝগড়াঝাটিতেই সংসার আমার পরিপূর্ণ হবে। বাচ্চা-কাচ্চাও পয়দা হবে ঝগড়ুটে ঝগড়ুটে। হয়ে যাব ঝগড়ুটে ফ্যামিলি। ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার।”
“ তোর জীবন তো আজীবনই ঝগড়াময়। ভবিষ্যতেও যে হবে না এটা হতেই পারে না!”
নীহার দিল একটা খোঁচা মেরে। ইউ টার্ন নিয়ে সে ঘুরে গেল তারই ঘরের ঝগড়ুটের দিকে। আর তাতে শিশিরের মেজাজটা গরম হতে না হতেই ঝগড়ুটে এসে হাজির। কিছুক্ষণের জন্য চলে গেছিল কুয়াশা। এসেই নীহারকে বলল,
“ এই ভাইয়া, চলো বরই পেড়ে দেবে। ইয়াসমিন বুবুন এসেছে আমরা এখন বরই মাখা বানাব৷ চলো চলো!”
কুয়াশা ইয়াসমিনের সামনে এসে বলল,
“ চলো বুবুন, আমাদের খুঁটতে হবে।”
শিশির নিশ্চুপ হয়ে গেছে। চুপচাপ টি-স্পোর্টস চ্যানেলে ক্রিকেট খেলা দেখায় ব্যস্ত হয়েছে। কুয়াশা নীহারকে টেনেটুনে উঠিয়ে নিল বরই পেরে দেবার জন্য। এদিকে নীহার একা কেন খাটনি করবে? সে শিশিরকে বলল,
“ তুই ওমন উল্টে রইলি কেন? ওঠ্!”
“ আমার কী কাজ?”
“ তুইও পাড়বি। ওঠ।”
“ পারলাম না। তোদের শখ জেগেছে তোরা পাড় গিয়ে। সর তো, জ্বালাস না!”
“ তোকে জ্বালাচ্ছিই। ওঠ, ওঠ।”
নীহার গুঁতোতে লাগল শিশিরকে। তার এতটাও শখ নেই কুয়াশাকে বরই পেড়ে খাওয়াবে। কুয়াশা তখন শিশিরকে খোঁচা মেরে বলল,
“ অকর্মার ঢেঁকি ওটা। ও কাজের নাকি? এসো তুমি। ওর লাগবে না।”
শিশিরের গায়ে লাগল একদম জিয়োল মাছের কাটা মারা বিষের মতো। কুয়াশার দিকে গর্জে উঠার মতো তাকিয়ে বলল,
“ অকর্মার ঢেঁকি তুই আমাকে বললি?”
“ অস্বীকার করছি নাকি?”
“ তোকে তো!”
কুয়াশাকে সিংহের থাবার মতো ধরতে গেলে নীহার দুইহাতে ওর কোমর জড়িয়ে ধরে আটকে দিয়ে বলল,
“ হয়েছে, এখন কুশু বলেছে তুই নিজেকে প্রমাণ কর। দেখা তুই অকর্মার ঢেঁকি নোস। চল।”
“ প্রমাণ? তোদের দুটোকেই আমি গাছে তুলে দিয়ে ধাক্কা দেব৷ অকাল মৃত্যুটা হয়ে যাবে।”
“ আচ্ছা দিস পরে৷ এখন চল।”
নীহার টেনেটুনে নিয়ে এলো মালিথা ভিলার বাগান পাশে। সেখানেই আছে বরই গাছ। গাছটার বরই ভারী টক। পেকে হলুদ, লাল বর্ণ হয়ে আছে৷ গাছের ডাল ধরা সম্ভব নয়। কোটা দিয়ে পাড়তে হবে। বড়সড় কোটা বাঁধা হয়েছিল। কোটাটা আস্ত একটা চিকন বাঁশ বলা যায়। কুয়াশাদের পক্ষে কোটা নাড়িয়ে বরই পাড়া সম্ভব নয়। সেটা দিয়ে নীহাররা বরই পেড়ে দিল। বৃষ্টির মতো গাছ থেকে বরই পড়তে লাগল আর কুয়াশারা খুঁটে খুঁটে ঝুড়ি ভরে ফেলল।
বরই পেড়ে এনে শিলনোড়াতে ছেঁচে ঝাল ঝাল করে মাখাল ওরা। ইয়াসমিন ছেঁচে দিয়েছে আর কুয়াশা মাখিয়েছে। কাজটা করতে বেলা দুপুর হয়েছে। ভরদুপুরে টক বরই বাটা খেতে মন্দ লাগে নাকি? সে-তো অসম্ভব লোভনীয় খাবার। টক বড়ই ঝাল দিয়ে মাখিয়ে এনে নীহারদের দেয়া হলো। একসঙ্গে বসে খেতে খেতে বরই বাটার প্রশংসা হচ্ছিল। তুহিন প্রশংসা করতে করতে জিজ্ঞেস করল,
“ কে মাখিয়েছে? টেস্টি হয়েছে তো অনক।”
“ কুশু মাখিয়েছে।”
কথাটা যখনই শিশিরের কানে পৌঁছাল, তখনই মুখের ভেতর নেয়া বরই বাটা ওয়াক করে উগ্রে দেয়ার মতো করে শিশির বলল,
“ ইয়াক! কী জঘন্য খেতে হয়েছে!”
অথচ এতক্ষণ মজা করেই কিন্তু খাচ্ছিল সে! ইয়াসমিনের মুখে কুয়াশা মাখিয়েছে শুনতেই তার বমি এসে গেছে। বজ্জাতের বজ্জাত! কুয়াশা তো আর মেনে নেবে না? যেটা নিয়ে তাকে অপমান করা হচ্ছে সেটা শিশিরকে সে আর খেতেই দেবে না। এক লাফে উঠে গিয়ে শিশিরের সামনে বাটিতে করে দেয়া বরই মাখা কেড়ে তো নিলয় সেই সাথে শিশিরের হাতেও যা লেগে-টেগে ছিল, সে-সবও ডলে-মুছে নিয়ে চলে এলো। পারলে মুখের ভেতরেরগুলোও নিত, কিন্তু সেটা তো আর নেয়া যাবে না। কেড়ে-টেরে নিয়ে মুখে বলল,
“ খেতে হবে না। তোমার টেস্ট জঘন্য।”
শিশির কুয়াশার করা কাণ্ডে হতভম্ব হয়ে তাকিয়ে ছিল এতক্ষণ। আর শিশিরের পাতে ছাই পড়তে দেখে নীহাররা ঠোঁট চেপে হাসি আঁটকিয়েছে। কী দরকার ছিল জঘন্য হয়েছে বলার? গেল তো ভাগটা! বেশ তো খাচ্ছিল মজা করেই।
শিশিরও ভাবেনি কুয়াশা এমনটা করবে। তবে কুয়াশার জবাবে বলল,
“ টেস্ট তো আমার মাশ-আল্লাহ। তোর যে যোগ্যতাই খারাপ স্বীকার কর।”
“ যোগ্যতা আমার ঠিকঠাক। তুমিই একটা মাকাল ফল। যা বাইরে সুন্দর হলেও ভেতরটা জঘন্য।”
আবারও সেই মাকাল ফল! এবার তো এটাকে ছেড়ে দেয়া যায় না! কুয়াশা এবারও বলে দৌড় দিয়েছিল। কিন্তু আজ আর সুবিধা করতে পারল না। পেছন থেকে শিশির ওর পিঠ ছোঁয়া চুলগুলো টেনে ধরল। পটপট করে ছিঁড়লও কয়েকটা বোধহয়। কুয়াশা ব্যথায় মা বলে চেঁচিয়ে উঠেছে। চুল ধরাতে রাগে আর ব্যথায় চোখমুখ খিঁচিয়ে কুয়াশা বলল,
“ ছাড় হারামি, লাগছে আমার!”
হারামি! গালিও দিচ্ছে? শিশির তো এবার আরো রাগল। আরো জোরে ধরল ওর চুল। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না। নীহার, ইয়াসমিন দ্রুত ছাড়িয়ে নিল। জব্বর চিজ এ’দুটো। হাঁপ ধরে গেল নীহার আর ইয়াসমিনের।
| চলবে |
গল্প-উপন্যাসে একেক সময় একেক চরিত্রের আগমন হবে সেটাই বরং সৌন্দর্য । সবসময় এক চরিত্রে সীমাবদ্ধ থাকলে তা উপন্যাসের সৌন্দর্য রাখে না। আপনারা না পড়তে পারলে আমি তো বাদ দিতে পারব না? বিস্তৃত চরিত্র নিয়েই লিখতে হবে আমাকে।
