#এক_বনে_দুই_বাঘ
২.
®রোজা রহমান নাঈমা
‘
আড়ুয়াপাড়া, কুষ্টিয়া;
কুষ্টিয়া শহরকেন্দ্রিক এলাকা আড়ুয়াপাড়া। এবং এই আড়ুয়াপাড়াতেই মালিথা পরিবারের বাস। শহরের মাঝে একটি আলিশান ফ্যামিলি ডুপ্লেক্স বাড়ি সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। শুধু তার ইট-সিমেন্টের স্থাপত্য কিংবা গ্লাস-টাইলসের সৌন্দর্যে নয়, বরং এখানে বাস করা একেকটি সদস্যের জন্য মালিথা ভিলা দর্পে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। পরিবারটি যেন বাড়িটির এক প্রকার দম্ভ।
মালিথা পরিবারটি হলো, একান্নবর্তী পরিবার। প্রধান তিন কর্তা হলেন— পরিবারের তিন ভাই। বড় ভাই জাকির মালিথা, মেজো ভাই জাহিদ মালিথা এবং ছোট ভাই জায়ান মালিথা। এই তিন প্রধান মালিথার কর্ত্রীরাও হলেন বাড়ির সমান অধিকারিণী। আর বাড়িতে যে সকল ছোট সদস্যদের বাস আছে? তারা হলো, বাড়ির প্রাণ৷ একেকটি নক্ষত্র। এবং তারা একত্রে— নক্ষত্ররাজী৷
এখানে যে সুখ আছে, সে সুখ কোটি টাকা দিয়ে কেনা যায় না। আর যে বিবেকবোধ আছে, সেটা কোনো বিবেকের হাটে কিনতে পাওয়া যায় না। কেননা বিকেককে তারা নিজেরা তৈরি করে, ক্রয় করে না। বিক্রয় তো দূরে থাক! উদাহরণ স্বরূপ বললে— পরিবার তো একটি সদস্যকে অকালেই হারিয়েছে। জাকির ও জাহিদ মালিথার ছোট ভাই জায়ান মালিথা। তিনি আজ এই পরিবারের ঘোষিত সদস্য হলেও, সশরীরের কোনো সদস্য নন৷ মৃত বলেই ঘোষিত হন। কারণ তিনি মৃত। তবুও ছোট ভাই জায়ান মালিথাকে এই পরিবার ভুলে যায়নি। আর না ভুলেছে ওঁনার স্ত্রী কিংবা সন্তানদের। ছোট ভাইয়ের স্ত্রীকে সম্মানের সাথে তাঁর সংসারের অধিকার বুঝিয়ে দিয়েই তাঁকে ও তাঁর সন্তানদের নিয়ে বাস করেন এই মালিথা পরিবারটি।
বাড়ির বৃদ্ধ ও বৃদ্ধা অর্থাৎ জাকির, জাহিদ ও জায়ান মালিথার পিতা-মাতাও গত হয়েছেন বেশ অনেক বছর হয়েছে। এবং তাদের কোনো কন্যা সন্তান ছিল না। তিন ছেলে সন্তানের মাতা-পিতা ছিলেন জামির মালিথা ও গুলনূর গাজি। গুলনূর গাজির বংশ ছিল রাজার আমলের রাজদরবারের সেনাপ্রধানদের বংশ। তাঁর পূর্বপুরুষদের অনেকেই প্রজন্মের পর প্রজন্ম রাজার রাজ্যের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন।
…
সাল— ২০১২;
বাংলা ভাদ্র মাসের ভ্যাপসা গরম চারপাশে। শরীর যেন বৈদ্যুতিক পাখার নিচে মেলে রাখলেও ঘেমে ওঠে। আর দুপুরের কথা তো মুখেই নেয়া মুশকিল! রোদটাও যেন মাথায় ধরছে আজ। গরম আর রোদ সব মিলিয়ে কুয়াশা মালিথার মাথা বড্ড গরম আছে। সে সবেই স্কুল থেকে ফিরল। আজ টিফিন সময়েই বাড়িতে চলে এসেছে। কুষ্টিয়া গার্লস স্কুলের পোশাক তার পরনে। বাঁ-কাঁধে স্কুল ব্যাগ ধরে রেখে ডান হাত দিয়ে হলুদাভ ফর্সা মুখ থেকে ঘাম মুছতে মুছতে যখন লিভিংয়ে প্রবেশ করল, তখন কুয়াশাকে দেখে ওর মা আজমীরা মণ্ডল বললেন,
“ তুই আজ এ-সময়ে? এখন তো টিফিন টাইম?”
“ গরমে সিদ্ধ হয়ে গেছি, আম্মু। আর ক্লাস করা আমার পক্ষে সম্ভব না।”
আজমীরা ভ্রু কুঁচকালেন। কী আশ্চর্য! গরমে ক্লাস না করে বাসায় কেন আসবে? ক্লাসরুমে কি ফ্যানের অভাব? আর মেয়ের সামনে জেএসসি পরীক্ষা এভাবে স্কুল ফাঁকি দিয়ে আসাটা তিনি পছন্দ করলেন না। ঝারি নিয়ে বললেন,
“ ফাজলামো করো? হ্যাঁ? সামনে তোমার বোর্ড পরীক্ষা ভুলে যাচ্ছ?”
ততক্ষণে কুয়াশা লিভিংয়ের সোফায় ঢাস করে বসে শরীর এলিয়ে দিয়েছে। মাথাটা উপরদিকে তুলে দুই হাত মেলে দিয়েছে সোফার গদির ওপর। যেন শান্তি এবার চারদিক থেকে এসে তাকে ঝাঁপটে ধরেছে। মুখেও একটু আরামবোধের শব্দ করেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে ঠিক কতটা শ্রান্ত সে। এরপর মায়ের ঝারি গিলে নিয়ে ঠাণ্ডা সুরে ধীরে উত্তর করল,
“ ভুলিনি, আম্মু। কিন্তু এই ভোলাভুলির হিসাব পরে নিও না হয়। আমি একদিন স্কুল করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাব না।”
“ ঠাটিয়ে একটা চড় বসাব তোমার গালে? টিফিন দিয়ে দিয়েছিলাম না? না খেয়ে এলে, খেতে আয়৷ আর সোজা স্কুলে যা।”
“ আমি এখন আর যাচ্ছি না স্কুলে। তুমি মারলেও না।”
“ চাপকে পিঠের ছাল তুলে দেব বললাম, বেয়ারামি করলে!”
“ তুলে দাও, ছোট আম্মু। ওর পিঠের ছাল থাকার চেয়ে না থাকাটা আরো বেটার। ওগুলো দিয়ে ওর কোনো কাজে আসে না। বরং যতদিন থাকবে আরো বেশি বেয়ারামি করবে।”
কথাগুলো যেন উত্তপ্ত লাভার মতো কাজ করল। ঠিক যেভাবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ভূ-অভ্যন্তর থেকে নির্গত গলিত ও অর্ধ-গলিত শিলা বের হয়? ঠিক কুয়াশার ভেতর থেকে যেন তেমনই উত্তপ্ত কিছু বের হচ্ছে। সেটা অবশ্য দু'চোখ দিয়ে। কেননা ওই চোখে সে কিছুক্ষণ আগের কথাগুলো বলা ব্যক্তিকে দেখছে। আর সে ব্যক্তিটি আর কেউ নয়— তারই জাত শত্রু শিশির মালিথা।
সে অবশ্য খুব আয়েশে আছে। বসার ঘরের সোফায় বসে বসে টিভিতে সে ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখছে। সেখানে দেখাচ্ছে বিয়ার গ্রিলস কী একটা পোকা ধরে খাচ্ছে আর মুখে বলছে,
“ এটাই আজকে রাতের সুস্বাদু খাবার হয়ে যাবে।”
কথাটা কুয়াশা স্পষ্ট শুনল। একে তো তার এই বিয়ার গ্রিলসকে পছন্দ না, সেই সাথে এটা দেখতে পছন্দ করা তার জাত শত্রুকে তো আরোই না। দেখলেই যেন শরীরটা ঝাঁ ঝাঁ করে জ্বলে ওঠে। এই জাত শত্রুর আবার বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে— উঠতে-বসতে তার পিছে লাগা। তা না হলে ভাত হজম হয় না তার। খেয়ে-দেয়ে বুক ফুলিয়ে তার পিছে পড়তে হবে৷ খাবে কিন্তু বাপেরই! অথচ পিছে লাগবে তার৷ বিষয়টাতে বেহায়াটার কতটা সস্তা সময় থাকে! কুয়াশা ভেবে পায় না।
শিশিরকে যখন কুয়াশা ওভাবে কালনাগিনীর মতো ফোঁসফোঁস করতে করতে দেখছিল, তখন সোফায় শুয়ে থাকা শিশির ওর নজর বুঝে টিভি থেকে চোখ না সরিয়েই বুকের ওপর রাখা জার থেকে একটা আখরোট তুলে নিজের মুখে ছুড়ে দিয়ে চিবাতে চিবাতে বলল,
“ ছোট আম্মু, তুমি বরং তোমার এই ইচ্ছাধারী কালনাগিনী মেয়ের চোখজোড়াই আগে তোলো। ওগুলো দিয়ে আমাকে দেখা ছাড়া তো ওর বিশেষ কাজে লাগতে দেখিনা। আর আমাকে দেখা ওর জন্য হানিকর। অযথা শরীরের ক্ষতিকর কারণ না রাখাই বুদ্ধিমতীর কাজ।”
শিশির আখরোট চিবানো বন্ধ করে আঁড়চোখে একবার কুয়াশার চোখের দিকে তাকিয়ে দেখল। পরনে তার ছাই রঙের থ্রি-কোয়াটার প্যান্ট ও পাতলা কালো টিশার্ট। কালো লোমযুক্ত পাজোড়া সোফার হাতলের ওপর তুলে দিয়ে সটান হয়ে শুয়ে আছে। কুয়াশার থেকে নজর সরিয়ে নিয়ে ভেতরে ভেতরে আমদে ফেঁটে পড়ল। চরম ক্ষেপাতে পারল বোধহয়! তাই প্রফুল্ল চিত্তে সে আরেকটু কথা যোগ করল,
“ ও না বুদ্ধিমতী হলেও তুমি হও, ছোট আম্মু। দেখো দেখো, কেমন দু’চোখের জায়গায় চারচোখ বানিয়েছে! পারলে আরো দু’জোড়া এড করে।”
এই ছেলে হলো এমন যে— ঠাণ্ডা মাথায়, ঠাণ্ডা স্বরে কুয়াশাকে পচিয়ে দেবে। সেই সাথে রাগ তো আকাশ ছোঁয়াবে। এমন এমন কথা বলে তাকে চ্যাঁতাবে না রেগে ভাত খাওয়া যাবে না। কেউ এমন করেও কাউকে অপমান করতে পারে?
আজমীরা শিশিরের কথায় জবাব না দিয়ে এগিয়ে এসে কুয়াশার হাত ধরে বললেন,
“ ওঠো, খেয়ে স্কুলে যাবে। এখনও সময় আছে।”
কুয়াশার রাগ উঠেছে প্রচুর। ওর আবার রাগটা ওঠে খুবই দ্রুত। এটা আরো বেশি হয়েছে বাবার মৃত্যুর পর। খিটখিটে মেজাজের একটা বাজে দিক লক্ষ্য করা যায় তার মাঝে। বাবাকে সে ভীষণ ভালোবাসতো। আর তার বাবাও ছিলেন ভীষণ মেয়েভক্ত। কুয়াশা যখন শিশিরকে খেয়ে ফেলা ভঙ্গিতে দেখছিল, তখন বেহায়ার মতো শিশিরই আবার বলল,
“ যা, গিয়ে ভাত খা। আমাকে খেয়ে কী হবে? বড়জোর মাংসের স্বাদ পাবি। তোর ওই শরীরে না ভিটামিন যুক্ত হবে আর না আমিষ। ক্যালোরি তো দূরে থাক!”
কথাগুলো শুনে ফেলল সিঁড়ি দিয়ে সবেই নিচে নামতে থাকা নীহার মালিথা। সে শব্দ করে হেসে ফেলেছে। সবেই গোসল করে নিচে নামছিল সে। আঠারো পেরিয়ে উনিশ বছরে পা দেয়া ছেলেটি হাতে পায়ে বেশ লম্বা দেখতে। তবে দৈহিক গঠন পূর্ণ হলেও শারীরিক গঠন এখনও পাতলা৷ ফলস্বরূপ পিঠটা এখনও টানটান হয়নি। হলদেটে ফর্সা ত্বকে গজিয়ে ওঠা দাড়ি-গোঁফ সম্পূর্ণরূপে গজিয়ে হাঁফ ছাড়েনি বোধহয়। সেগুলোই ছেঁটে-ছুঁটে জাতে রাখার চেষ্টা করেছে দেখা যাচ্ছে।
.
নীহার মালিথা শিশির ও কুয়াশা মালিথার চাচাতো ভাই। শিশির জাকির মালিথা অর্থাৎ এ বাড়ির বড় কর্তার ছোট ছেলে। নীহার জাহিদ মালিথা অর্থাৎ মেজো কর্তার ছোট ছেলে। আর কুয়াশা হলো এ বাড়ির ছোট ভাই জায়ান মালিথার বড় মেয়ে। তার পুরো নাম— কুহেলিকা কুয়াশা মালিথা।
তাদের চাচাতো ভাই-বোনদের সংখ্যা মোট— ছয়। জাকির মালিথার দুই ছেলে। বড় ছেলে তুষার মালিথা। সে অনার্স শেষ করে বর্তমানে পুলিশের সাব-ইন্সপেক্টর পদের জন্য ট্রেনিংয়ে রয়েছে। আর শিশির মালিথা কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়ায় ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। অর্থাৎ সামনের বছরে সে এইচএসসি দেবে।
জাহিদ মালিথার বড় ছেলে তুহিন মালিথা। সে বর্তমান কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়-এ কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে অনার্স করছে। ফেকাল্টি অব সোশ্যাল সায়েন্স। ভবিষ্যতে তার ক্রাইম রিপোর্টার হবার ইচ্ছে৷ ছোট ছেলে নীহার মালিথা। নীহার এ বছরের এপ্রিল মাসে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি দিয়েছিল। বিজ্ঞান বিভাগের ছাত্র সে। জুলাই মাসে তার ফলাফলও প্রকাশিত হয়েছে। এসএসসিতে A+ পেলেও এইচএসসিতে এবার A+ আসেনি। পেয়েছে GPA ৪.৮৯। নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন আছে নীহারের। তাই সে অন্য কোথাও ভর্তি না হয়ে নৌবাহিনীর অফিসার ক্যাডেট ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় আছে। এ বছরের অক্টোবরে বি-ব্যাচের নিয়োগ আসার কথা। সুযোগ পেলেই সে তা লুফে নেবে। নিজেকে একজন নেভি অফিসার হিসেবে দেখার স্বপ্ন নিয়ে সে দিন গুনছে।
এবং মৃত জায়ান মালিথার বড় মেয়ে কুয়াশা ছাড়াও একটি ছেলে সন্তান রয়েছে। হিমেল মালিথা। ছোট করে ডাকা হয় হিম। কুয়াশা কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে আর হিম কুষ্টিয়া মেরিট মডেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে।
অর্থাৎ এই মালিথা বংশের বর্তমান সন্তানের ইতিহাস ঘাটলে একমাত্র মেয়ে সন্তান হলো কুয়াশা মালিথা। এই একমাত্র মেয়েকে বাড়ির বড় দুই চাচা নিজেদের মেয়ের মতো করেই বড় করছেন৷ মৃত ভাইয়ের রেখে যাওয়া আমানত হিসেবে নিজেদের হাতে তুলে নিয়েছেন নিজ দায়িত্বে। কুয়াশাও এবাড়ির প্রতিটা সদস্যের আদরের একজন মেয়ে৷ আদরের মেয়েটা বাবা বিনা নিজের বাড়িতে বড়োই আহ্লাদী হয়ে থাকে।
কিন্তু এত আদরের মাঝে সে শুধু আদরের হতে পারেনি একমাত্র শিশির মালিথার কাছে। বরং শিশির ছোট থেকে কুয়াশাকে সহ্য করতে পারেনা। ছোট থেকে কুয়াশা ওর দু’চোখের বিষ৷ দেখলেই তুলে আছাড় মারতে মন চায় টাইপ কিছু। আর কুয়াশা শিশিরের সেই দু’চোক্ষের বিষ হতে হতে এখন তারও দুই চোক্ষের বিষ হয়ে গেছে শিশির মালিথা। মানে এদের সম্পর্কটা এতটাই সাপে-নেউলে যে, কথায় কথায় উঠতে-বসতে তাদের খোঁচাখোঁচি চলে। আবার শুধু যে খোঁচাখোঁচিতে সীমাবদ্ধ থাকে তা কিন্তু নয়! সময়তে হাতাহাতিতেও চলে যায়। তাদের এক জায়গায় বসিয়ে রাখা মানে বড়সড় একটা কুরুক্ষেত্র হতে হতে থেমে যাওয়া। থামাটা মাঝেসাঝে আবার হয় না। যখন সহ্যসীমা অতিক্রম করে, তখন কুরুক্ষেত্র বেঁধেই যায়।
ওদের মাঝে এতটাই অপর্তা যা ধরলে প্রতি মুহূর্তে দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই বাঁধার সম্ভাবনা আছে। সেটা কেমন একটু বলি— দেখা গেল কুয়াশা সুন্দর মতো হাঁটছে। এবং হাঁটতে হাঁটতে সে হঠাৎ পড়ে গেছে। বেশ ভালোমতো পড়েছে। হাতে-পায়ে ভালোমতো ব্যথাও পেঁয়েছে। কুয়াশা ব্যথায় কেঁদেও ফেলেছে৷ ঠিক ওই সময়ে যদি আশেপাশে শিশির রয়েছে, তো কাম হয়েছে! কামটা কী হবে— দেখা যাবে, শিশির কুয়াশার পড়ে যাওয়া দেখবে, পড়ে থাকাও দেখবে। এরপর কুয়াশার সেই পড়ে থাকা ও কান্নাকে উপভোগ করতে সে পপকর্ন হাতে নিয়ে বসে যাবে।
কী পরিমাণ বজ্জাত হতে পারে! মানুষ পড়ে গেলে মূলত গিয়ে আরো দ্রুত ওঠায়, আর এই ঘাড়ত্যাড়া শিশির সেটা উপভোগ করার জন্য পপকর্ন হাতে ধরে টুপ করে তুলবে আর মুখে পুড়বে। বিষয়টা যেন সেই নব্বই দশকের প্রতি শুক্রবারের ছায়াছবি দেখার আনন্দের মতো। তার কাছে বড়োই উপভোগ্য জিনিস হয় দৃশ্যটা। আর কুয়াশা তো কুয়াশাই। হিংসাতে এতটাই মরে যাবে— যদি শিশির খেতে খেতে ওই পপকর্ন আটকে মারাও যেতে যায় তখনও শিশিরকে তার দেখার প্রয়োজনের মাঝে পড়বে না। বরং মনপ্রাণ দিয়ে চাইবে, মরে যাক! ও মরে যাক! আপদ বিদায় হোক৷ মনে মনে পড়েও ফেলবে,
“ ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।”
এমনটা হয়েছিলও একবার। এই তো—বেশ কিছুদিন আগে সকালের খাবার খেতে বসেছিল সকলে একসাথে। তখন শিশিরের গলায় শুকনো পরেটা আটকে গিয়েছিল। সবাই শিশিরকে নিয়ে ব্যস্ত হলো। কিন্তু কুয়াশা করল কী— পরেটা চিবাতে চিবাতে আয়েশে পড়ল,
“ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন।”
গোগ্রাসে তখন বসে বসে গিলতে ছিল৷ ওর দোয়া পড়া শুনে উপস্থিত সকলে হতভম্ব হয়ে তাকিয়ে ছিল ওর দিকে৷ কিন্তু তাতে ওর কোনো খেয়াল ছিল না। নির্বিকারে খেয়ে গেছে শুধু। বরং মুখে বলেছে,
“ কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। অর্থাৎ প্রত্যক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে তোমরা এভাবে কেন দেখছ আমাকে?”
বাড়ির আর সদস্যরা কী বলবে তখন? কিছুই বলার থাকে না তাঁদের। এদিকে শিশির তখন পারে না— মরার আগে কুয়াশাকে চিবিয়ে খেয়ে মরে যেতে। তবেই না যদি মরে শান্তি পাওয়া যেত!
এমনই হচ্ছে তাদের সম্পর্কটা। আর এই হিংসা-বিদ্বেষের মূলে আছে পরিবারের ভালোবাসা৷ পরিবারের এত এত সদস্য সবাইকে কী সমানে ভালোবাসা সম্ভব? তবুও প্রত্যেকে চেষ্টা করে এই দু'টোকে একই রকম ভালোবাসা দিতে। নয়তো তাদের হিংসা-হিংসী উতরে ভাতের মাড়ের মতো গলে গলে পড়ে। তবুও শিশির ভাবে এ-বাড়িতে কুয়াশার প্রতি বেশি আদিখ্যেতা দেখানো হয়। একমাত্র মেয়ে হয়েছে তো কী হয়েছে? এভাবে আদিখ্যেতা দেখানোর কী আছে? আর কুয়াশা ভাবে শিশিরের জন্য ওর ভালোবাসা ঠিকঠাক পূর্ণতা পায়না। তার জীবনের একমাত্র ও অন্যতম ভিলেন শিশির মালিথা। ছোট থেকে এগুলোই চলে আসছে তাদের ভেতর৷ যা এই অবধিও বহাল রয়েছে।
কিন্তু এসব হিংসা-বিদ্বেষের মাঝে আবার সবচেয়ে বিশেষ এবং মজার একটা ব্যাপার ঘটে আছে। এত অমিলের মাঝেও ওদের বিশেষ একটা দিনের চরম মিল। যেটা ওদের জন্ম তারিখ ও মাসের মিল। বিষয়টা কাকতালীয় হলেও এটাই সত্যি যে— শিশির ও কুয়াশার জন্ম মাস ও তারিখ ৩১শে ডিসেম্বর। শিশিরের জন্ম ১৯৯৪ সালের ৩১শে ডিসেম্বর আর কুয়াশার জন্ম ১৯৯৮ সালের ৩১শে ডিসেম্বর। অর্থাৎ দু'জনের বয়সসীমার পার্থক্য কাঁটায় কাঁটায় চার বছর।
এখানেও শিশিরের সমস্যা। কুয়াশার জন্মের আগে সবার ছোট সদস্য ছিল সে। এরপর কুয়াশা এলো আর ওর ভালোবাসায় ভাগ বসল। কেন কুয়াশা এলো? কেন তাকে তাদেরই বাড়িতে আসতে হলো? সেটাও আবার তারই জন্মদিনের দিন! সে-বছরের জন্মদিনটাও সে ঠিকমতো কাটাতে পারেনি। তার দিব্যি মনে আছে— সেদিন ছোট আম্মুকে নিয়ে বাড়ির প্রত্যেকে ছোটাছুটি করছিল। এমনকি তার বস চাচুও। অর্থাৎ ছোট চাচু। সেদিন যেন শিশির কে, কেউ চিনছিলই না! বড়ই বিশ্রী একটা ব্যাপার ঘটেছিল তার সাথে। তাকে কেন চিনবে না? তাকে চিনে রাখা উচিত ছিল সবার যে— সে শিশির মালিথা৷ যে কোনো পরিস্থিতিতে তাকে মনে রাখা চাই। সেদিন রাতে তার চরম ক্ষিদেও পেয়েছিল। অথচ ওই মেয়ে আসবে বলে তাকে খেতে অবধি দেয়া হচ্ছিল না! ক্ষিদেতে কষ্ট করতে করতে একটা সময় সে ঘুমিয়ে গিয়েছিল৷ বড় অন্যায় হয়েছিল সেদিন শিশির মালিথার সাথে।
সে যাক, তারা তো আবার শীতকালে জন্মেছিল। ঘন কুয়াশার রাতে ও শিশিরের সকালে। বাবা মায়েরা প্রকৃতির সাথেই নাম মিলিয়ে রেখেছিল শিশির ও কুয়াশা।
এদিকে শুধু ওদের কথা বললেও ভুল হয়। এই মালিথা পরিবারের ছোট সদস্যের জন্মমাসগুলো এতটাই কাকতালীয় যে, বাড়ির ছয় ভাই-বোনের জন্মই শীতকাল। শুধু মাসের ব্যবধান৷ বিষয়টা অদ্ভুত শোনালেও এটাই সত্য। আর এই শীত ঋতুতে হবার দরুন নামগুললোও সবার মিলিয়ে রাখা হয়েছিল। বয়সের সীমা সব ভাই-বোনদের মাঝে কয়েক বছরের করে থাকলেও নীহার ও শিশিরের বয়সের সীমা মাসের৷ নীহার শিশিরের দশ মাস উনত্রিশ দিনের বড়। অর্থাৎ নীহার ১৯৯৪ সালের ২রা ফেব্রুয়ারিতে জন্মেছিল৷
.
নীহার হাসতে হাসতে সোফায় বসার সময় কুয়াশার উদ্দেশ্যে বলল,
“ আমাদের আলফা লেডির কী হয়েছে? হ্যাঁ? আর এসময়ে বাড়ি কেন? স্কুল ছুটি দিয়ে দিয়েছে?”
বলে শিশিরের উদ্দেশ্যে মাথা ঝাঁকিয়ে চোখের ইশারাই বলল,
“ রাগাস কেন ওকে?”
“ তোর বোন তো আমাকে খেয়ে ফেলা লুকে আছে। দেখ কেমন তাকিয়ে আছে৷ আমি সুদ্ধ দুনিয়া খেয়ে নেবে যেন।”
“ তুই খাবার মতো কিছু?”
চরম অপমান! শিশির আখরোট চিবানো বন্ধ করে দিয়ে ভ্রু কুঁচকে নীহারের দিকে তাকাল। মাঝেসাঝে তার মনে হয়; এই বাড়ির প্রতিটা সদস্য তার শত্রু। শত্রু না হলে কি এভাবে তাকে অপমান করে ওই ঝগড়াটে মেয়ের পক্ষ নিতে পারে?
নীহার শিশিরের বয়সে প্রায় এগারো মাসের বড় হলেও শিশির তুই করে বলে নীহারকে৷ তবে ডাকার সময় ভাই-ই বলে ডাকে। আর দু'জন একই বছরের মাঝে জন্মেছিল বলে দু'জনের মাঝে চরম মিল। বলতে গেলে তারা ভাই কম বন্ধু বেশি।
নীহারের কথা শুনে কুয়াশা যেন একটু স্বস্তি পেল। অন্তত কেউ তো তাকে বোঝে? আজমীরা তখন বললেন,
“ তুমি স্কুলে যাবে না?”
কুয়াশা চরম বিরক্ত দেখিয়ে বলল,
“ না, আম্মু। আমি মারা গেলে না হয় স্কুলেই পুঁতে রেখে এসো।”
বলে সে রাগে স্কুল ব্যাগ তুলে নিয়ে চলে গেল উপরে। নীহার সে কথা শুনে ওর যাবার পানে তাকিয়ে থাকতে থাকতে আজমীরাকে জিজ্ঞেস করল,
“ কী হয়েছে, ছোট আম্মু? ওভাবে কেন বলে গেল?”
“ তার নাকি গরম লেগেছে। তাই টিফিন টাইমে স্কুল বাঙ্ক দিয়ে সে চলে এসেছে। কথা হতে পারে এটা? ফ্যান নেই নাকি স্কুলে?”
“ থাক, আর বোকো না। হয়তো শরীরটাও খারাপ লাগছিল। যে গরম পড়ছে! আবার লোডশেডিংও তো হচ্ছে বেশি। তুমি না হয় ছেড়ে দাও ওকে৷”
আজমীরা ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন৷ তার সময়তে এসব ভালো লাগেনা। তবুও তিনি ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে নিজের ভেতরের দহনগুলোকে দিনের পর দিন সহ্য করে নেন৷ সদ্য স্বামীহারা নারী তিনি একজন। বুকের ভেতর যে চাপা বেদনা পুষে রেখে ছেলে-মেয়ে দুটোকে মানুষ করার জন্য কষ্ট করেন, সেগুলো সবার আড়ালেই থেকে যায় বোধহয়। তার জীবনে ঘটে যাওয়া একটা লোমহর্ষক বছর ও মাস আছে। ২০১০ সালের জানুয়ারি মাসটা তিনি কখনও ভুলবেন না। কখনও না!
| চলবে |
আজকের পর্ব পড়ে কার কী মনে হলো জানাবেন৷ আপনারা যেটা খুঁজছেন সেটাই আমি লিখছি নাকি, আপনারা যা ভাবছেন না সেটাই আমি লিখছি— জানাবেন বরং?
আর আমার কথা বললে বলব— লেখিকার উপর দিয়ে ভেবে বসে থাকবেন না। ঠকে যাবেন৷ বাজেভাবে ঠকে যাবেন। আমি তো আপনাদের মন মতো এবার কখনোই লিখব না। এবার হবে আমার মতো। সম্পূর্ণ আমার মতো। এবার না হয় আমার মন মতো পড়ে দেখেন?
হ্যাঁ, আমি নতুন করেই লিখিছি। আপনারা বুনো ওল বাঘা তেঁতুল নতুন রূপে পাচ্ছেন৷ এখন আশা করি আপনারা এই নতুন লেখাকে ছড়িয়ে দিবেন৷ এটাই থেকে যাবে। নামলিপি নিয়ে কোনো মন্তব্য করবেন না। এটাই পারফেক্ট।
চলবে....
