সকাল ৯টা।
মির্জা বাড়ির বাগানে বসে আছে নীলা। হাতে এক কাপ কফি, পাশে মোবাইল। আজ তার মনটা বেশ ভালো।
গত কয়েক দিন আরহামের সঙ্গে তেমন কথা হয়নি। মানুষটা নিজে থেকে কখনো ফোন করে না, মেসেজও দেয় না। সব সময় নীলাকেই আগে কথা বলতে হয়।
এসব ভাবতেই মুখটা একটু গোমড়া হয়ে গেল।
ঠিক তখনই পেছন থেকে শায়লা মির্জার কণ্ঠ ভেসে এল।
— কী রে, সকাল সকাল এখানে একা বসে কী ভাবছিস?
নীলা কফির কাপে চুমুক দিয়ে বলল,
— পৃথিবীর নিষ্ঠুরতা নিয়ে গবেষণা করছি।
শায়লা হেসে ফেললেন।
— তোর গবেষণার বিষয়টা যে কে, সেটা আমার অজানা নয়।
নীলা মায়ের দিকে তাকিয়ে বলল,
— মা!
— আচ্ছা, আর কিছু বললাম না। তবে একটা কথা, আজ তোর বাবার সঙ্গে দুপুরে বাইরে যেতে হবে।
— কেন?
— একটা পারিবারিক অনুষ্ঠানে।
নীলা মুখ বাঁকাল।
— আমার যেতে ইচ্ছা করছে না।
— সেটা বললে হবে না। তৈরি হয়ে নিবি।
শায়লা চলে গেলেন।
নীলা আবার ফোন হাতে নিল। আরহামের নামটা স্ক্রিনে খুলে কিছুক্ষণ তাকিয়ে রইল।
শেষ পর্যন্ত একটা মেসেজ লিখল।
আসসালামু আলাইকুম। কেমন আছেন?
মেসেজ পাঠিয়ে অপেক্ষা করতে লাগল।
অন্যদিকে
আরহামের কোচিং সেন্টার।
সকাল থেকে বেশ ব্যস্ত আরহাম। সামনে কয়েকজন ছাত্রছাত্রী বসে আছে। তাদের পড়া বুঝিয়ে দিচ্ছে সে।
ক্লাস শেষ হতেই আদনান এসে হাজির।
— কী খবর, মাস্টার সাহেব?
আরহাম খাতা গুছাতে গুছাতে বলল,
— ভালো। তোর?
— আমারও ভালো। তবে তোর মুখ দেখে মনে হচ্ছে জীবনে কোনো আনন্দ নেই।
— তোর মতো বাদর মানুষদের আনন্দ করার সময় আছে, আমার নেই।
আদনান চেয়ারে বসে হাসল।
— তা ঠিক। আচ্ছা, আজ সন্ধ্যায় একটু বের হব?
— কোথায়?
— সেটা পরে বলব।
আরহাম কিছু বলার আগেই তার ফোনে মেসেজের শব্দ হলো।
স্ক্রিনে নীলার নাম দেখে অজান্তেই মুখের গাম্ভীর্য কিছুটা কমে গেল।
মেসেজটা পড়ে উত্তর দিল,
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো, রেহনুমা?
ওপাশ থেকে দ্রুত উত্তর এল।
ভালো।
আরহাম আবার লিখল,
পড়াশোনা করেছ?
আপনার সঙ্গে কথা বলতে এলেই পড়াশোনার কথা বলেন কেন?
আরহামের ঠোঁটে মৃদু হাসি ফুটল।
কারণ তোমার পড়াশোনার সময় হয়েছে।
নীলা আর উত্তর দিল না।
আদনান এতক্ষণ বন্ধুর মুখের পরিবর্তন লক্ষ করছিল।
— রেহনুমা?
আরহাম ফোনটা পকেটে রেখে বলল,
— তোর এত কৌতূহল কেন?
— কৌতূহল না, বন্ধুর সুখ-দুঃখের খোঁজ নিচ্ছি।
— নিজের সুখের খোঁজ নে আগে।
ওকে আর রেহনুমা বলে ডাকবি না। তোদের জন্য ও নীলা।
আদনান হেসে উঠে বললো ঠিক আছে।
বিকেল কোচিং সেন্টার।
বিকেলের ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে নতুন একটি মেয়ে কোচিংয়ে এল।
মেয়েটির নাম মেহরিন। বয়স একুশ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। কয়েক দিন আগে আরহামের কোচিংয়ে ভর্তি হয়েছে।
ক্লাস শেষে মেহরিন খাতা হাতে আরহামের কাছে এগিয়ে এল।
— স্যার, একটু কথা ছিল।
আরহাম খাতা থেকে চোখ তুলে বলল,
— বলো।
— স্যার, এই অঙ্কটা বুঝতে পারিনি।
আরহাম খাতাটা নিয়ে অঙ্কটি বুঝিয়ে দিল।
মেহরিন মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলল,
— থ্যাংক ইউ, স্যার।
— ঠিক আছে। কোনো সমস্যা হলে ক্লাসে জিজ্ঞেস করবে।
মেহরিন একটু ইতস্তত করে বলল,
— স্যার, একটা কথা বলব?
— বলো।
— আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম।
আরহাম এবার খাতা বন্ধ করল।
— কী কথা?
মেহরিন কিছুক্ষণ চুপ থেকে বলল,
— আপনার কি বিয়ে ঠিক হয়েছে?
আরহাম ভ্রু কুঁচকে তাকাল।
— এই প্রশ্নের সঙ্গে তোমার পড়াশোনার কোনো সম্পর্ক আছে?
মেহরিন অপ্রস্তুত হয়ে গেল।
— না, মানে... এমনি।
আরহাম গম্ভীর গলায় বলল,
— পড়াশোনায় মনোযোগ দাও। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা না বলাই ভালো।
মেয়েটি মাথা নিচু করে চলে গেল।
আরহাম আবার নিজের কাজে মন দিল।
রাত | মির্জা বাড়ি
নিজের ঘরে বসে জারার সঙ্গে ভিডিও কলে কথা বলছে নীলা।
জারা বলল,
— কী রে, আজ এত চুপচাপ কেন?
নীলা মুখ বাঁকিয়ে বলল,
— আরহাম ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম।
— তারপর?
— তারপর আর কী! সেই পড়াশোনার লেকচার।
জারা হেসে বলল,
— তোর আর উনার মধ্যে পড়াশোনা ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা হয় না?
— হয় তো! তবে উনি এমনভাবে কথা বলেন যেন আমি ওনার জীবনের সবচেয়ে বিরক্তিকর মানুষ।
জারা মুচকি হেসে বলল।
হয়তো তুই সত্যিই বিরক্তিকর।
— জারা!
দুজনের হাসিতে ঘরটা মুখর হয়ে উঠল।
কিছুক্ষণ পর জারা বলল,
— শোন, কাল বিকেলে আমার সঙ্গে বের হবি?
— কোথায়?
— একটু কেনাকাটা করতে।
— যাব।
রাত প্রায় এগারোটা।
আরহাম বিছানায় বসে বই পড়ছিল। হঠাৎ ফোনে নীলার মেসেজ এল।
ঘুমিয়ে গেছেন?
আরহাম উত্তর দিল,
না।
কী করছেন?
বই পড়ছি।
আচ্ছা, পড়েন।
আরহাম কিছুক্ষণ অপেক্ষা করল। এরপর নিজেই লিখল,
কী হয়েছে, রেহনুমা? কিছু বলবে?
নীলা লিখল,
না। এমনি কথা বলতে ইচ্ছা করছিল।
আরহামের বুকের ভেতরটা অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল।
তবুও লিখল,
এত রাতে ফোন নিয়ে বসে না থেকে ঘুমিয়ে পড়ো।
নীলা রাগী মুখের একটা ইমোজি পাঠাল।
আরহাম মৃদু হাসল।
ফোনটা পাশে রেখে জানালার বাইরে তাকাল।
মনে মনে বলল,
একটু কথা বলার জন্যই তো অপেক্ষা করি, রেহনুমা। অথচ তোমাকে সেটুকুও বুঝতে দিতে পারি না।
তারপর আবার বই হাতে তুলে নিল।
কিন্তু বইয়ের পাতায় মন বসছিল না।
বারবার মনে পড়ছিল একটি মেয়ের কথা, যে সামান্য একটু কথা বলার জন্যও তার কাছে ছুটে আসে।
আর সে মেয়েটিকেই প্রতিবার নিজের কাছ থেকে দূরে ঠেলে দেয়।
কিছু অনুভূতি মুখে বলা যায় না। শুধু নীরবে আগলে রাখতে হয়। ❤️
চলবে...
