#অভিশপ্ত_বাগানের _রহস্য
#লেখিকা_সামি আক্তার
পর্বসংখ্যা_২
চারজন মুহূর্তেই আলাদা আলাদা গাছের আড়ালে অবস্থান নিল।সন্ধ্যার শেষ আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।ঘন জঙ্গলের উঁচু গাছগুলো সূর্যের আলো আটকে দিয়েছে।তাই চারপাশে এক ধরনের আধো-অন্ধকার।
শুধু শুকনো পাতার ওপর ভারী বুটের শব্দ।
— "ওদের খুঁজে বের কর!"
— "ওরা বেশিদূর যেতে পারেনি!"
— "সাবধানে! ওদের কাছেও অস্ত্র আছে!"
রিক গাছের আড়াল থেকে নিচু হয়ে তাকাল।কমপক্ষে দশ-বারোজন মুখোশধারী চারদিকে ছড়িয়ে পড়েছে।
সে খুব নিচু গলায় বলল,
— "কেউ গুলি করবে না। ওরা আরও কাছে আসুক।"
আফিফ মাথা নাড়ল।তার পিস্তল ইতিমধ্যেই তাক করা।
রাফি নিঃশব্দে পাশের গাছের আড়ালে বসে আছে।
ভয়ে তার নিঃশ্বাসও ভারী হয়ে গেছে।ঠিক তখন...
কয়েক গজ দূরে পড়ে থাকা রক্তাক্ত লোকটা কষ্ট করে নড়ে উঠল।রিক দ্রুত হামাগুড়ি দিয়ে তার কাছে গেল।
লোকটার ঠোঁট শুকিয়ে গেছে।সে কাঁপা গলায় বলল,
— "বাঁচতে... চাইলে..."
— "রশ্নিকে..."
— "খুঁজে..."
হঠাৎ তার গলায় রক্ত উঠে এল।সে দু-একবার কাশল।
তারপর ধীরে ধীরে মাথাটা এক পাশে হেলে পড়ল।চোখ দুটো স্থির হয়ে গেল।রিক তার নাড়ি পরীক্ষা করল।
কোনো স্পন্দন নেই।লোকটা জঙ্গলের মাঝেই মারা গেছে।
রিক এক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁত চেপে ধরল।ঠিক তখনই—খস... খস...একজন মুখোশধারী খুব কাছে চলে এসেছে।রিক দ্রুত আবার গাছের আড়ালে সরে গেল।
এদিকে আরিফ অন্য একটা গাছের পেছনে বসে চারপাশ লক্ষ্য করছে।মনে মনে বলল,
— "হে আল্লাহ... এখন যদি একটা বড় সাপ আসে, তাহলে আমি গুলির আগে হার্ট অ্যাটাকেই মরে যাব!"
কথাটা শেষ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই...সসসসস...শুকনো পাতার ওপর দিয়ে একটা বিশাল কালো সাপ এগিয়ে এল।আরিফের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল।সে একদৃষ্টিতে সাপটার দিকে তাকিয়ে ফিসফিস করল,
— "ইয়া আল্লাহ... আমি কি মুখে মুখে বিপদ ডেকে আনলাম?"সে নড়ছে না।
কারণ সামনেই শত্রুরা।একটু নড়লেই দেখে ফেলবে।
ঠিক তখনই রাফি গাছের আড়াল থেকে সাপটা দেখতে পেল।তার বুক ধক করে উঠল।
সে খুব আস্তে বলল,
— "আরিফ ভাই... আপনার পেছনে..."
আরিফ চোখ না সরিয়েই উত্তর দিল,
— "জানি..."
— "চুপ করে থাক।"
হঠাৎ সাপটা ফণা তুলে ছোবল মারল।আরিফ শেষ মুহূর্তে শরীরটা সরিয়ে নিল।সাপটা এবার ঘুরে রাফির দিকেই এগোতে লাগল।রাফি ভয়ে জমে গেল।ঠিক সেই মুহূর্তে...
তার পেছনে নিঃশব্দে এসে দাঁড়াল একজন মুখোশধারী।
লোকটা বন্দুক তুলল।রাফি এক ঝলকে সামনে সাপ আর পেছনে বন্দুকধারী—দুটোই দেখে ফেলল।এক সেকেন্ডও দেরি করল না।সে হঠাৎ পিছনে কনুই দিয়ে প্রচণ্ড আঘাত করল।লোকটা ভারসাম্য হারিয়ে সামনে পড়ে গেল।
ঠিক সাপটার সামনে।সাপটা ভয় পেয়ে লোকটার দিকেই ছোবল মারল।সুযোগ বুঝে রাফি প্রাণপণে দৌড় দিল।
তার মুখ দিয়ে শুধু একটাই কথা বের হলো,
— "আল্লাহ! আজকে শুধু বাঁচিয়ে দাও!"
এদিকে লোকটার চিৎকার শুনে বাকি মুখোশধারীরা চেঁচিয়ে উঠল,
— "ওরা ওইদিকে!"
— "গুলি চালাও!"
ঠাস! ঠাস! ঠাস!একের পর এক গুলি ছুটে এল।
রিক গাছের আড়াল বদলাতে বদলাতে পাল্টা গুলি চালাল।আফিফ অন্য পাশ থেকে কভার দিল।আরিফও নিশানা করে গুলি ছুড়ল।দুজন মুখোশধারী মাটিতে লুটিয়ে পড়ল।কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি।তারা ক্রমেই ঘিরে ফেলছে।রিক চিৎকার করে বলল,
— "আড়াল বদলাও! এক জায়গায় দাঁড়াবে না!"
ঠিক তখনই—ঠাস!একটা গুলি সোজা এসে রিকের বাঁ হাতে লাগল।
— "আহ্!"
তার হাত কেঁপে উঠল।পিস্তলটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল।রক্ত গড়িয়ে পড়তে শুরু করল।আরিফ সঙ্গে সঙ্গে চিৎকার করল,
— "রিক !"
আফিফ নিজের অবস্থান ছেড়ে দ্রুত তার দিকে এগিয়ে এল।রাফির বুক কেঁপে উঠল।সে আতঙ্কিত গলায় বলল,
— "ভাই... আপনার হাতে গুলি লেগেছে!"
রিক দাঁত চেপে আহত হাতটা অন্য হাতে চেপে ধরল।তারপর গভীর শ্বাস নিয়ে বলল,
— "আমি ঠিক আছি..."
— "এখন থামলে আমরা কেউ বাঁচব না।"
তার চোখ আবার শত্রুদের দিকে স্থির হয়ে গেল।
জঙ্গলের অন্ধকার আরও ঘন হয়ে আসছে।রিকের বাঁ হাত থেকে রক্ত ঝরছে। তবুও সে গাছের আড়াল বদলাতে বদলাতে সামনে তাকিয়ে রইল।
— "কেউ থামবে না..." — "বের হওয়ার রাস্তা খুঁজতে হবে।"
ঠিক তখনই—শুঁউউ...!বাতাস চিরে কিছু একটা ছুটে এল।
ঠাস!একজন মুখোশধারীর বুকের পাশে তীর গিয়ে বিঁধল।
লোকটা বিস্মিত চোখে একবার চারদিকে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল।সবাই একসঙ্গে থমকে গেল।
— "কে তীর ছুঁড়ল?"
আরেকজন মুখোশধারী চারদিকে তাকিয়ে চিৎকার করল,
— "ওইদিকে দেখ!"
কিন্তু কাউকে দেখা গেল না।পরের মুহূর্তেই—শুঁউউ!
আরেকটা তীর।আরেকজন মাটিতে লুটিয়ে পড় গেল।
এবার পুরো জঙ্গলে অস্বস্তিকর নীরবতা নেমে এল।
মুখোশধারীরা বন্দুক উঁচু করে চারদিকে তাকাতে লাগল।
ঠিক তখন...ঘন গাছের আড়াল থেকে ধীরে ধীরে একটা কালো ঘোড়া বেরিয়ে এল।ঘোড়াটা ছিল শক্তিশালী, চকচকে কালো।তার পিঠে বসে আছে একজন রহস্যময়ী তরুণী।মাথা থেকে পা পর্যন্ত কালো লম্বা পোশাকে ঢাকা।
মাথায় কালো নেকাব আর উড়না।শুধু দুটো চোখ দেখা যাচ্ছে।সন্ধ্যার ম্লান আলোয় সেই চোখ দুটো অদ্ভুত শান্ত অথচ দৃঢ়।রিক , আরিফ, আফিফ, রাফি—চারজনই কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল।রাফি ফিসফিস করে বলল,
— "এটা... মানুষ তো?"
আরিফ ধীরে উত্তর দিল,
— "আমি জানি না..."
তরুণীর হাতে ছিল কাঠের ধনুক।পিঠে ঝুলছে তীরভরা তূণীর।সে এক মুহূর্তও সময় নষ্ট করল না।শুঁউউ!আরেকটা তীর ছুটে গেল।একজন মুখোশধারীর হাতে থাকা বন্দুক ছিটকে পড়ল।তারপর...শুঁউউ!আরেকটা তীর।আরেকজন লুটিয়ে পড়ল।চারদিকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গেল।
— "ওকে ধরো!"
— "ঘোড়াওয়ালাকে ঘিরে ফেল!"
কয়েকজন বন্দুক তুলে গুলি চালাল।কিন্তু তরুণী ঘোড়াটাকে দ্রুত ঘুরিয়ে গাছের আড়াল ব্যবহার করতে লাগল।প্রতিবার অবস্থান বদলেই সে তীর ছুঁড়ছে।একটার পর একটা।অবিশ্বাস্য নিখুঁত লক্ষ্য।রিক আহত হাত চেপে ধরে তাকিয়ে রইল।সে নিচু গলায় বলল,
— "এত নিখুঁত নিশানা..."
আফিফ বিস্মিত চোখে বলল,
— "মনে হচ্ছে আগে থেকেই এই জঙ্গল চেনে।"কয়েক মিনিটের মধ্যেই মুখোশধারীরা বুঝে গেল, এখানে আর টিকে থাকা যাবে না।তাদের নেতা চিৎকার করে উঠল,
— "পিছু হটো!"
বেঁচে থাকা লোকগুলো দ্রুত জঙ্গলের ভেতর মিলিয়ে গেল।জঙ্গল আবার নীরব হয়ে গেল।চারজন ধীরে ধীরে গাছের আড়াল থেকে বেরিয়ে এল।তারা চারদিকে তাকাল।কালো ঘোড়াটা এখনও দাঁড়িয়ে আছে।কিন্তু...
পরের মুহূর্তেই তরুণী ঘোড়ার লাগাম টেনে ঘন জঙ্গলের ভেতর ঢুকে গেল।রিক চিৎকার করল,
— "এই! দাঁড়ান!"
কোনো উত্তর এল না।সে যত দ্রুত সম্ভব সামনে এগোল।
কিন্তু কয়েক সেকেন্ড পরেই...ঘোড়া আর তরুণী—দুজনকেই কোথাও দেখা গেল না।শুধু পাতার ওপর ঘোড়ার ক্ষীণ খুরের দাগ।আর তারপর...সেটাও হঠাৎ মিলিয়ে গেল।রাফির মুখ শুকিয়ে গেল।সে কাঁপা গলায় বলল,
— "আ... আরিফ ভাই..."
— "এটা... মানুষই ছিল তো?"
আরিফ ধীরে চারদিকে তাকিয়ে গিলল।
— "আমি... নিশ্চিত না।"
রাফি প্রায় কান্নার গলায় বলল,
— "আল্লাহ... এই অচেনা জঙ্গলে কোথা থেকে এমন মেয়ে এল?"
— "মানুষ হলে... এত তাড়াতাড়ি গেল কোথায়?"
আফিফ নিচু হয়ে মাটির দিকে তাকাল।
— "ঘোড়ার খুরের দাগ এখানেই শেষ..."
সে ভ্রু কুঁচকে বলল,
— "অদ্ভুত..."
রিক কিছুক্ষণ নীরব রইল।তারপর শান্ত গলায় বলল,
— "না... এটা কোনো জাদু নয়।"
— "সে আমাদের চেয়ে অনেক ভালোভাবে এই জঙ্গল চেনে।"
রাফি দীর্ঘশ্বাস ফেলে বলল,
— "জাদু না হলেও... আমি আজকের রাতটা কোনো দিন ভুলব না..."
চারজন আবার গভীর জঙ্গলের দিকে তাকাল।কিন্তু রহস্যময় সেই তরুণীর আর কোনো চিহ্ন রইল না।
