#দাহরেখা
#পর্ব_৩০
#পূর্ণতা_আহমেদ
আজ রাতে ঝড়ো বাতাস বইছে,বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল....বহুদিন বৃষ্টিতে ভেজা হয়না শায়েরের। সে ছাদের এক কোণে কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অজানা ভাবনা উড়িয়ে দিচ্ছে চুরুটের ধোঁয়ার প্রতিটি টানে। এমন বৃষ্টিমুখোর পরিবেশে যে কারোই রবীন্দ্রসংগীত গাইতে ইচ্ছে করবে। শায়ের ও গুনগুনিয়ে গাইছে....
হৃদয়ের এ কূল, ও কূল, দু কূল ভেসে যায়,
হায় সজনি, উথলে নয়নবারি।
যে দিকে চেয়ে দেখি ওগো সখী,
কিছু আর চিনিতে না পারি...
মেহের স্পষ্ট কিছু না বুঝলেও,গানের সুর চিনতে পারলো,পেছন থেকে হঠাৎ শায়েরের গুনগুন সুরে সুর মিলিয়ে দিলো......
পরানে পড়িয়াছে টান,
ভরা নদীতে আসে বান,
আজিকে কী ঘোর তুফান সজনি গো,
বাঁধ আর বাঁধিতে নারি
পরানে পড়িয়াছে........
মেহের হঠাৎ থেমে গেল।
"তারপর... থেমে গেলে কেন...? সুন্দর হচ্ছিলো তো।"
"আমার এই কন্ঠে এত সুন্দর গান মানাচ্ছে না।"
"কবিগুরু এ কন্ঠ শুনলে নিশ্চয়ই মুগ্ধ হয়ে তোমাকে ওনার সংগীতের প্রধান সুরকার বানিয়ে দিতেন।"
"রসিকতা ছাড়ো ! এখন বলো আমাকে এই সাদা শাড়ি পড়িয়ে পেত্নী সাজানোর কারণ টা কি? কত খুঁজে অবশেষে দাদির এই সুতি সাদা শাড়ি টা পেয়েছি...বৃহন্নলা দলের সদস্য বানানোর পর এখন কি তোমার আমাকে তেঁতুল গাছের পেত্নী সাজাতে মন চাইলো..? এমনি বাড়ির মেহমান সকালে আমাকে গাছে ঝুলতে দেখে ভয় পেয়ে আছে আর এখন দেখলে তো....
শায়ের কোনো উত্তর দিলো না, উপর থেকে নীচ পর্যন্ত মেহের কে পরখ করছে.....মেহেরের শরীরে কোনো গহনা নেই,কারুকার্যহীন সুতি শুভ্র শাড়ি,চুলগুলো বাতাসের তালে উড়ছে। সাজসজ্জা বিহীন ,সাধারণ বেশে কোনো মেয়েকে এত সুন্দর,এত স্নিগ্ধ লাগতে পারে..?
শায়েরকে মুগ্ধ নয়নে এক পলক চেয়ে থাকতে দেখে মেহের হালকা কেশে নিরবতা ভাঙল,
" কি হলো? সাদা শাড়ির রহস্যটা কি এখন জানতে পারি?"
"তোমাকে এই পর্যন্ত প্রায় সব রঙে দেখা হয়ে গেছে,সাদা শাড়িতেই দেখা বাকি ছিলো,তাই পড়ে আসতে বলেছি।'
"এটাই কারণ? "
" হু...সাদা চামড়ার বাঙালি মেয়েদের সচরাচর দেখা যায় না,তাই দেখতে ইচ্ছে করছিলো এদের কোন রঙে বেশি মানায়।"
"কোন রঙে..?”
"সব রঙের তুলি আজ ব্যর্থ হলো ফিরে,
তুমি যে রূপের সাগর, ভাসছো নিজ মায়াবী নীড়ে।”
"আমাকে উৎসর্গ করলে?"
"করলাম।"
"আজ ব্যাপার কি বলো তো ?"
"আজ তুমি আমাকে দেয়াল টপকাতে সাহায্য করবে।"
"আবারও নতুন অভিযান..!!!"
~~~~~
বাগানের আমগাছের নীচে দুটি ছায়ামূর্তির ফিসফিসানি শব্দ শোনা যায়....মেহের ফিসফিস করে বলছে...
"বুঝলাম না আজ আবুল চাচা কোথায় গেল..! বোধহয় অন্যদিকটায় গেছে...এই সুযোগে টপকাতে হবে। তুমি আমাকে সন্ধ্যার দিকে বলতে? এই মাঝরাতে তো টহলদারি কঠোর করা হয়।"
"বোধহয় ডাকাত ধরতে দারোগা সাহেব কঠোরদারি কমিয়ে দিয়েছেন। আচ্ছা,আমি আগে ওপারে যাচ্ছি,অবস্থা বুঝে তোমাকে ইশারা দিলে চলে এসো।"
"ঠিক আছে....তুমি কিন্তু আমাকে ফেলে যাবে না।"
শায়ের জবাব না দিয়েই আমগাছের উপর উঠতে শুরু করলো,আশে পাশে চোখ বুলিয়ে বড় ডাল বেয়ে দেয়ালের অপর প্রান্তে চলে গেলো। তারপর মেহের ও এক পা তুলে তুলে অতি সাবধানে গাছের ডালে উঠলো,আর তখনি ভাগ্যক্রমে লুৎফুন্নেসা বেগম শৌচাগার থেকে বের হয়ে ঘরের দিকে যাচ্ছিলেন,এমন সময় শায়ের দেয়ালের ওপার থেকে চিউ চিউ শব্দ করে ইশারা দিলে লুৎফুন্নেসা সেদিকে তাকান কিন্তু কিছু দেখতে পারলেন না,ভয়ে তার আপাদমস্তক জমে গেল। চারপাশটায় আরেকবার চোখ বুলিয়ে যেই উপরের দিকে তাকালেন অমনি আমগাছের ডালে সাদা শাড়ি পড়া মেহের কে দেখে বিকট এক চিৎকার দিয়ে পুরো মজুমদার বাড়ির মাটি কাঁপিয়ে তুলে মাটিতে চিৎ হয়ে পরে গেলেন।
লুৎফুন্নেসার বিকট চিৎকারে পুরো দোতলা বাড়িতে ঘুমে থাকা মানুষজন যে যার মতো আঁতকে লাফিয়ে উঠলো,শুধু মানুষ ই না পাখিদের ও ঘুমে ব্যাঘাত ঘটেছে বলে তারা ভয়ে উড়াল দিলো গাছের ডাল ছেড়ে। অতিথিঘর নিচে বলে সবার আগে বেরিয়ে এলেন আমেনা বেগম আর চুমকি। আমেনা বেগম দেখলেন,লুৎফুন্নেসা মাটিতে ছটফট করতে করতে "ওরে বাবারে,ওরে মারে রে!' জপছেন। আমেনা বেগম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন,
"কিরে লুৎফু! মাঝরাতে পেটে আবার ব্রহ্মাস্ত্র ফুটল নাকি তোর? অমন মোষের মতো চেঁচাচ্ছিস কেন ?"
লুৎফুন্নেসা কাঁপা হাতে গাছের ডালের দিকে ইশারা করলেন,আমেনা বেগম সেদিকে তাকাতেই নিজেও এক বিকট চিৎকার দিয়ে উঠলেন,
"আল্লাহ গো..!!!! এইটা কি জিনিস আল্লাহ...!! ওরে আজাদ রে......
একই সাথে চুমকিও ভয়ে চিৎকার দিয়ে উঠলো...চুমকির হাতে থাকা মোমবাতির আলোতে মেহেরের মুখ কিছুটা স্পষ্ট হতেই চুমকির জানে জান ফিরে এলো। সে চোখদুটো সপ্তাম আসমানে চড়িয়ে বলল,
"আম্মা....এতো আমাদের ভাবিজান..! আজ ও দেখি আমগাছে ঝুলছে।"
আমেনা বেগম চিৎকার বন্ধ করে মেহেরের দিকে তাকাতেই মেহের মুচকি হাসলো,তা দেখে আমেনা বেগমের প্রায় জ্ঞান হারানোর উপক্রম। শাহরিয়ার ,মাহিব ও ছুটে এসেছে এতক্ষনে...দুজন চরম বিস্ময় নিয়ে পরিস্থিতি দেখছে,হতবাকের শেষ পর্যায়ে আছে বলে কারো মুখ থেকেই কোনো শব্দ বের হচ্ছে না। এদিকে বাকিদের ঘুম ভেঙেছে কিনা বোঝা যাচ্ছে না। আমেনা বেগম চরম আশ্চর্য হয়ে বললেন,
"বউমা..! ও বউমা..! তুমি কাফনের কাপড় পরে গাছে ঝুলছো কেন? তোমার কি রাত দুপুরে গাছে ঝোলার রোগ আছে?"
"কি রে তুই গাছে ঝুলছিস কেন..? মাথা টাথা খারাপ হয়ে গেছে?" চরম আশ্চর্যের সাথে বলল শাহরিয়ার।
"আমি আগেই বুঝে গেছিলাম এ বাড়িটা যে আস্তো একটা পাগলাগারদ..! কি সর্বনাশ টাই না জুড়ে দিচ্ছিলাম আমার ছেলেটার কপালে...এ মেয়েকে তো জ্বীনে ভর করেছে...এই মেয়েকে বউ করে নিলে তো রাত বিরাতে আমার ঘাড়ে ঝুলে থাকতো..! "
" আম্মা,ভাই থাকতে তোমার ঘাড়ে ঝুলবে কেন..?"
" তুই চুপ কর হতচ্ছাড়ি..!" বলেই আমেনা বেগম লুৎফুন্নেসার দিকে ঘুরে বললেন," তুই এজন্যেই এই মেয়ে আমার ঘাড়ে ঝুলাতে চেয়েছিলি রে লুৎফু..? এমন করে আমার ছেলেটার কপাল পুড়তে চেয়ছিলি..? তোদের সব কটাকে কাল আমি পাগলাগারদে ঢুকিয়ে দিয়ে আসবো!'
" কিরে জবাব দিচ্ছিস না কেন..?" গর্জন দিয়ে উঠলো শাহরিয়ার।
" এই মেয়েকে কাল ওঝা ডেকে এনে ঝাড়ুপেটা করতে হবে নাহলে এর ঘাড় থেকে জ্বিন নামবে না।" বললেন আমেনা বেগম।
মেহের ভয়ে আতঙ্কে জমে গেছে,আমতা আমতা করে বলল,
" ভাই..আমি তো চাচিকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম...তাই আর কি...."
লুৎফুন্নেসা এক লাফে উঠে বসে আঙুল তুলে বিকট গর্জন দিলেন,
" ওরে হতভাগি! তোর সাথে কি আমার এখন গাছে চড়াচড়ি খেলার বয়স আছে..? ইচ্ছে করে এসব করে তুই আমাকে পটল ধরাতে চেয়েছিস..! আমি কি তা বুঝি না..?" হাঁপাতে হাঁপাতে বললেন লুৎফুন্নেসা,এখনো তার শরীর কাঁপছে ,কাঁপা গলায় আবার বলতে শুরু করলেন,
" এমনি আমার পেটে বাজ ফেটে পড়েছে,দিন রাত পেটের মোচড়ে দৌড়াই তার উপর তুই এই বিধবা চাচিকে কলিজা কাঁপিয়ে উপরের পথ দেখানোর ব্যবস্থা করেছিলি..! আল্লাহর গজব পড়ুক তোদের সব কটার উপর।"
" লুৎফু এ তুই কোন মেয়ে-ছেলে আমার ছেলের ঘাড়ে গছিয়ে দিচ্ছিলি রে? এখন তো মনে হচ্ছে এ বাড়িতে আর দু বেলা থাকলে আমিও গাছে ঝুলবো। পেত্নী সেজে না, পাগল হয়ে।"
মেহের ধীরে ধীরে গাছের ডাল থেকে নেমে এলো,সাথে সাথেই তার গালে ঝড়ের গতিতে শাহরিয়ারের তীব্র এক চড় পড়লো। মূহুর্তেই পরিবেশ স্তব্ধ হয়ে উঠলো,সবাই তাকিয়ে আছে বিস্মিত হয়ে ,শাহরিয়ার গর্জে উঠে বলল,
" বাড়িত একের পর এক অঘটন ঘটে যাচ্ছে...দু দুটো খুন হয়েছে...গুদাম পুড়ে ছাই...বাড়ি নিলামে উঠতে যাচ্ছিলো...সামনে কি হবে না হবের তার কোনো ভরসা নেই! আর তুই রাত বিরাতে গাছে উঠে সার্কাস দেখাচ্ছিস...? কোন ভদ্র বাড়ির মেয়ে এই রকম কান্ড করে তুই আমাকে বল শুধু।"
শাহরিয়ার কোনো ভাবেই রাগ সংবরণ করতে পারছে না...সব চাপ এসে তার উপর পড়েছে আর বাকিরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে-বেড়াচ্ছে এটা সে কিছুতেই মানতে পারছে না...মেহেরের গালে রক্ত জমে কালচে হয়ে যাচ্ছে ,মেহেরকে কাঁদতে থেকে শাহরিয়ারের মাথা টা আরও চড়ে গেল। এবার মেহেরের চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের দিকে যেতে নিলে মাহিব ছুটে এসে মেহেরকে ছাড়িয়ে বুকে নিয়ে বলল,
" কি করছো ভাই!! থামো..! ও এখন বড় হয়েছে.... এভাবে গায়ে হাত তোলা কি ঠিক..?"
শাহরিয়ারের সাথে বাক বিতর্ক শেষে,তার হুংকার পেছনে ফেলেই মাহিব মেহের কে নিয়ে ভেতরে চলে গেলো ...পেছনে ফেলে এলো কতগুলো হতভম্ব মুখ।
এদিকে খামার ঘরের পেছনে বসে আবুল মিয়া ফিসফিসিয়ে বললেন,
" আমারে এহন যাইতে দেন...বড় সাহেব আমারে না দেখলে চেঁচামেচি শুরু কইরা দিবেন।"
" পরে যাও মিয়া ! কবি এখনো বাইরে...ভেতরে না ঢুকা পর্যন্ত তুমি বাইর হইবা না...সে কোথায় গেছে আমারে খোঁজ খবর দিবা।"
" কিন্তু মোড়ল সাহেব! দারোগা সাহেব তো আপনেরে নজর রাখতে কইসে ,আমারে না। আপনে নিজে এইখানে রাইত ভইরা ঘুমাইয়া আমারে দিয়া নজর রাখাইতাসেন এইটা কি ঠিক..?"
" তুমি চুপ করবে নাকি না..? এমনেও তো তোমার রাত জাগাই লাগে..তো তোমারে দিয়া এক ঢিলে দুই পাখি মারতে পারলে সমস্যা কই..?"
" ঠিক আছে...তাইলে আমারে কিছু বখশিশ বাড়ায় দিয়েন।"
এ কথায় মোড়ল তিক্ত চোখে তাকালো আবুল মিয়ার দিকে,অনিচ্ছা সত্বেও রাজি হলো। তারপর বাইরের চেঁচামেচি শুনে আবার জিজ্ঞেস করল,
" মজুমদারের কন্যার কি আসলেই গাছে ঝুলার রোগ আছে..?"
" না তয় প্রায়ই রাগ কইরা এই দেয়াল টপকাইয়া তার বান্ধবীর বাড়িতে চইলা যাইতো। বান্ধবী যাওয়া তে আজকাল মনে হয় শায়ের সাহেবের সাথে যায়।"
" তোমার কি মনে হয় আবুল মিয়া? এনারা দুইজন কি প্রেম করতে যাইতে পারে..? নাকি বিষয় টা অন্যকিছু..?"
" আমি কেমন কইরা কমু..?"
" আমিও তো বুঝতেছি না।"
—————
" কোথায় গিয়েছিলি বল আমাকে..?"
মেহের চুপচাপ মাথা নীচু করে মাহিবের ঘরে খাটের উপরে বসে আছে,আর মাহিব হাটু গেড়ে নিচে বসে মেহেরের দিকে তাকিয়ে প্রশ্ন করে যাচ্ছে,কিন্তু কোনো উত্তর আসছে না। মেহের একটু পর পর ফুঁপিয়ে উঠছে,বেশ অনেক বছর পর কেউ তার গায়ে হাত তুলল,এই ঘটনায় সে আকস্মিক থমকে গেছে। মাহিব মেহেরের কান্না সহ্য করতে পারছে না,এক হাত দিয়ে চোখের জল মুছে বলল,
" তুই হুবহু আম্মার মতো দেখতে হয়েছিস বলে তোকে কেন জানি আমি কখনো বকা ঝকা করতে পারি না। উচ্চস্বরে কথাও বলতে পারি না,প্রচন্ড মায়া লাগে...আবার তোর এসব পাগলামির জন্য ভীষণ চিন্তাও হয়..কি করবো বল..?"
" ভুল হয়েছে ভাই মাফ করে দাও..!"
মাহিব মেহেরকে বুকে জড়িয়ে ধরে বলল,
" তোকে আমি আমার কাছ থেকে লুকোচুরি করতে না করেছিলাম,বলেছিলাম আমার কাছে তোর কোনো ভয় নেই। যখন যা ইচ্ছে হয় খুলে বলবি।"
" বলবো..।"
" তাহলে বলছিস না কেন..? কি গোপন করছিস আমার থেকে..? তুই যদি ভাবিস তুই একাই চালাক আর আমি কিছুই বুঝি না তাহলে ভুল করবি।"
মেহের হঠাৎ থমকে গেল,মাহিবের দিকে মুখ তুলে তাকিয়ে রইলো অবাক চোখে,মাহিব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
" এখন যা ঘুমাতে যা..! আর কখনো এসব যেন না দেখি...এখন বড় হয়েছিস। তোকে বুঝতে হবে..।"
" কিন্তু ভাই....."
চলবে।
