#এক_বারান্দায়_দুই_বিকেল
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:০৩]
রাতের খাবার খেয়ে জুঁইয়েরা রাত এগারোটার দিকে বাড়ি ফিরে গেল। শশীপ্রভার কাজ আরও বাড়ল। অগোছালো ঘরদোর, ডাইনিং টেবিল সব পরিষ্কার করে রান্নাঘরে ছুটল। এঁটো থালা-বাসন দিয়ে সিল্ক, ভেসিংয়ের অবস্থা নাজেহাল। বিড়বিড় করে বলল, “আল্লাহ মাফ করো, আগে যদি এমন হবে জানতাম তাহলে জীবনেও কল দিতাম না। আমার হয়েছে যত জ্বালা।”
জাবের সোফায় বসে টেলিভিশনে সংবাদ দেখছে। স্ত্রীর ক্লান্ত, ঘর্মাক্ত মুখের দিকে নজর যেতেই স্নেহ, মায়ার বদলে পৈশাচিক আনন্দে বুকটা যেন ভরে উঠল। সেখানে বসেই বলল,“এখন আর এসব পরিষ্কার করার দরকার নেই। একটু বিশ্রাম নাও।”
শশীপ্রভা ভ্রু কুঁচকে নিল। রান্নাঘর থেকে ড্রয়িংরুম দেখা যায়। বলল,“পরে এসব কে পরিষ্কার করবে? তুমি?”
“আমি কেন করব? এসব কী আমার কাজ?”
“তো কার কাজ?”
“ঘরের বউয়ের।”
“কোথা থেকে শিখেছো এসব? বাসন তো তোমার বাপও মাজে। তুমি কোন জমিদার?”
জাবের চটে গেল। রিমোট দিয়ে টেলিভিশন বন্ধ করে ধাপধুপ পা ফেলে ঘরে চলে গেল। এই বাচাল মেয়ের সঙ্গে কথা বলা মানেই সময় নষ্ট, মাথা নষ্ট। সবগুলো থালা-বাসন মেজে ধুয়ে চুলা থেকে শুরু করে পুরো রান্নাঘর পরিষ্কার করে তারপরেই ঘরে এলো শশীপ্রভা। জাবের নাক-মুখ কুঁচকে বলল,“ছিঃ, এভাবে এখন ঘুমাবে? অন্তত ড্রেসটা চেঞ্জ করে এসো। কত জীবাণু শরীরের মধ্যে, ধারণা আছে?”
“গতকাল এসে থেকে তোমার সংসারে গাধার মতো খাটছি। ঘড়ির কাঁটায় এখন বাজে দেড়টা। তুমি সামান্য ঘামের গন্ধ সহ্য করতে পারছো না? পুরুষ মানুষ মানেই নিমকহারাম।”
“তোমার বাবা বুঝি পুরুষ নয়?”
“আমার বাপ আমার জন্মের কয়েক বছর পরেই মরে গেছে। বেঁচে থাকলে তোমার মতো লোকের সঙ্গে বিয়ে দিত না।”
“আমার মতো লোক মানে? কী বোঝাতে চাইছো?”
“দায়িত্বজ্ঞানহীন পুরুষ তুমি। বউ কীভাবে পালতে হয় জানো না।”
“তুমি কিন্তু এবার বেশি বলে ফেলছো, শশীপ্রভা।”
“কমই বলছি। যে পুরুষ একটানা দুই সপ্তাহ মন ভরে বউয়ের সাথে সংসার করার পর শহরে এসেই বউকে ভুলে যায়, সহ্য করতে পারে না তার গলা চেপে ধরলেও মনে হয় না বেশি করা হবে।”
জাবের হতভম্ব হয়ে গেল,“কী বললে তুমি? তুমি আমার গলা চেপে ধরতে চাও?”
শশীপ্রভা আর প্রত্যুত্তর করল না। এই লোকের সঙ্গে কথা বলার ইচ্ছে তার আর নেই। শরীর যেন একটু বিশ্রাম চাইছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই নাক ডাকার শব্দ শুনে আরও একবার হতাশ হলো জাবের। বালিশ নিয়ে চুপচাপ পাশের ঘরে চলে গেল। এই মেয়ের সঙ্গে এক ছাদের নিচে থেকে সংসার করা তার পক্ষে অসম্ভব।
শশীপ্রভা সংসারি মেয়ে। বিয়ের পর শাশুড়ি তাকে হাতে ধরিয়ে সবকিছু শিখিয়েছে। শ্বশুরবাড়িতে এই শাশুড়িই তার সবচেয়ে প্রিয় একজন মানুষ। ভোরের আলো ফোটার আগেই সে ঘুম থেকে উঠে অযু করে ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে ঢুকে চুলায় আগে চা বসালো। তারপর ধীরে ধীরে রুটি তৈরির কাজে লেগে পড়ল।
জাবেরও সকালেই উঠেছে। ঘর থেকে সে বের হলো একেবারে গোসল করে সাহেব সেজে। হাতে একটা ব্যাগ আর সাদা রংয়ের এপ্রোণ ঝুলছে। সোফায় বসে জুতার ফিতে বাঁধতে বাঁধতে বলল,“আজ বুয়া আসবে।”
“এসে আর কী করবে? তোমার পার্মানেন্ট বুয়া তো চলেই এসেছে। তাকে আসতে নিষেধ করে দাও।”
“কে পার্মানেন্ট বুয়া?”
প্রসঙ্গ বদলে ফেলল,“ভাজি প্রায় হয়ে গেছে। টেবিলে বসো, রুটি সেঁকে দিচ্ছি।”
“সময় নেই, বাইরে খেয়ে নেব।”
ক্যাটলি থেকে রং চা ছেঁকে কাপে ঢেলে নিজেই এনে তার সামনে ধরলো শশীপ্রভা। জাবেরের ভ্রু জোড়া খানিক কুঁচকে গেল। কিছু না বলে হাত থেকে কাপ নিয়ে সামনের টেবিলে রাখলো।
“খালি পেটে ঘর থেকে বের হতে হয় না। বাইরের খাবার খেলে শরীর খারাপ করবে। এত স্বাস্থ্য সচেতন মানুষ অথচ এইটুকু জানা নেই?”
জাবের কথা না বাড়িয়ে চায়ের কাপে চুমুক দিল। মুহূর্তেই চরম বিস্ময় দেখা গেল মুখখানায়। আদা, এলাচের সুগন্ধ নাকে এসে লাগল। এত মজাদার চা শেষ খেয়েছিল মায়ের হাতে। আমতা আমতা করে বলল,“চা ভালো হয়েছে। কোথা থেকে শিখেছো?”
“কোথা থেকে আবার? শাশুড়ি আম্মা শিখিয়েছে। ওখানে থাকতে আমিই তো সবাইকে চা বানিয়ে খাওয়াতাম।”
“আমার ফিরতে অনেক রাত হতে পারে। কখন ইমার্জেন্সি চলে আসে ঠিক নেই। আলমারিতে টাকা রাখা আছে। কিছু প্রয়োজন হলে বুয়াকে দিয়ে আনিয়ে নিও। একা একা কোথাও যাওয়ার প্রয়োজন নেই।”
শশীপ্রভা মাথা নাড়াল। জাবের তেলে চটচটে ভাজি খেলো না। শুধু একটা শুকনো আটার রুটি খেয়ে বিদায় নিয়ে চলে গেল। বুয়া এলো সকাল নয়টায়। দরজার ওপারে অচেনা নারীকে দেখে চোখমুখ কুঁচকে জিজ্ঞেস করল,“আমনেরে তো চিনলাম না? কেডায় আমনে?”
“ঘরের কর্ত্রী। কিচেন, ঘরদোর আমি পরিষ্কার করে রেখেছি। আপনি শুধু বারান্দা আর ফ্রিজটা পরিষ্কার করে ফেলুন।”
নছিমার মুখ থেকে সন্দেহ এখনো যায়নি। ঝাড়ু হাতে পান চিবোতে চিবোতে বললেন,“প্রায় এক বছর হইতে চলল এই বাড়িতে কাম করি। কোন ফেলাটে কেডা থাহে, কার কী আত্মীয় আছে সব আমার মুখস্থ। আমনে এই ফেলাটের কর্ত্রী মানে? জব্বার ভাইজানের কী লাগেন?”
জব্বার! কে জব্বার? শশীপ্রভা কিছু সময়ের জন্য যেন আহাম্মক হয়ে গেল। বুয়া জবাবের আশায় তার দিকে এখনো তাকিয়ে আছে। তাকিয়ে আছে বললে ভুল হবে, আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শশীপ্রভা ব্যাপারটা ধরতে পেরে হেসে ফেলল। বলল,“ওইটা জব্বার না, জাবের। আমি জাবের সাহেবের বিয়ে করা বউ। পরশু এসেছি।”
“কবে বিয়া হইলো? জানাইলো না তো? এতদিন কই আছিলেন?”
বিয়ের কথা জানায়নি? তার ভীষণ রাগ হলো। রাগ নিয়ন্ত্রণ করেই বলল,“বিয়ের তিন মাস প্রায় চলছে। এতদিন শ্বশুরবাড়িতে ছিলাম। আপনি কাজে আসেননি যে? এমন অনিয়ম করলে চলে বলেন? আমি এসে দেখি পুরো ফ্ল্যাট নোংরা। সব একা হাতে পরিষ্কার করতে হয়েছে।”
কথাটা নছিমার পছন্দ হলো না। ঝাড়ু হাতে বারান্দার দিকে যেতে যেতে বললেন,“আমার ছুডু পোলার ডায়রিয়া হইছে। জব্বার ভাইরে কইয়াই তো ছুটি লইছিলাম।”
ভুল নাম শুনে ফের হেসে ফেলল শশীপ্রভা। নছিমা কিছুক্ষণের মধ্যেই বারান্দা ঝাড়ু দিয়ে এলেন। জিজ্ঞেস করলেন,“অহন থাইকা কী এনেই থাকবেন?”
“হ্যাঁ, একেবারে চলে এসেছি।”
“পারিবারিক বিয়া?”
সত্য বলতে ইচ্ছে করল না তার। তাই মিথ্যে বলল,“না, ভালোবাসার বিয়ে।”
নছিমার বোধহয় কথাটা বিশ্বাস হলো না। মুখখানা মলিন হলো। শশীপ্রভা তাকে তাড়া দিল,“শুধু ঝাড়ু দিলে হবে না। ভালো করে বারান্দাটা মুছে ফেলুন। অনেক শ্যাওলা পড়ে আছে। তার আগে একটু বাজারে যেতে পারবেন? ফ্রিজে মাছ, ডিম কিচ্ছু নেই। আপনার ভাই রাতে মাংস কিনে এনেছিল। তখনি রান্না করে ফেলেছিলাম।”
“আমার কাম শুধু ঘর সাফ করা, বাজার করা না।”
“তো এখন কী আমি যাব? আমি তো কিছু চিনি না, খালা। পরশু এসেছি।”
“আইচ্ছা, ট্যাহা আর ফর্দ দেন। দারোয়ানরে দিয়া পাঠাই।”
শশীপ্রভা একটা কাগজে সবকিছু লিখে টাকাসহ বুয়ার হাতে ধরিয়ে দিল। তিনি ঝাড়ু ফেলে নিচে ছুটলেন। দারোয়ানকে বাজারে পাঠিয়ে উপরে এসে বারান্দা ভালো করে মুছে ফ্রিজ পরিষ্কার করতে লাগলেন।
দারোয়ান বাজার শেষে ফ্ল্যাটে ব্যাগটা পৌঁছে দিয়ে গেল। নছিমা তার হাতে হাতে মাছগুলো কেটে দিয়ে দুপুরের দিকে চলে গেল। বিকেলের মধ্যেই পুরো বিল্ডিং জুড়ে প্রচার হয়ে গেল, চারতলার ডক্টর জাবের মাহমুদ বিবাহ সেরেছেন। তার বউ এখন থেকে এখানেই থাকবে।
কিন্তু তাদের সম্পর্কটা যান্ত্রিক সময় আর নিয়মের বেড়াজালেই যেন এক জায়গায় আটকে রইল। জাবের নিজের পেশা নিয়ে ব্যস্ত, স্ত্রী আসার পর থেকে বাড়তি ব্যস্ততা ইচ্ছে করেই যেন নিজের কাঁধে তুলে নিয়েছে। ঘরে ফেরার তাড়া নেই, ফিরলেও পাশে বসে কথা বলার ফুরসৎ নেই। মাঝেমধ্যে শারীরিক মিলন ঘটলেও মনের মিলন ঘটা যেন অসম্ভব।
শশীপ্রভা এই ছোট্ট গণ্ডি আর সংসারের মধ্যেই নিজেকে মানিয়ে নিল। জাবেরের থেকে সে বিশেষ কিছু আশা করে না। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। পুরুষ ছোঁয়ায় ভালোবাসা খুঁজে পায় না। মাথার উপরে শক্ত কোনো বটগাছ থাকলে কবেই হয়তো এই সংসার ছেড়ে সে পালিয়ে যেত। শাশুড়ি রোজ নিয়ম করে তার সঙ্গে কথা বলে। শশীপ্রভা আর অভিযোগ করে না। ভালো থাকার মিথ্যে অভিনয় করে দিন পাড়ি দেয়। কখনো কখনো ইমার্জেন্সির বাহানায় রাতেও জাবের ফেরে না, দুপুরে একসঙ্গে খাওয়া হয় না, গল্প করা হয় না, চোখে চোখ আর হাতে হাত রাখা হয় না, সাপ্তাহিক ছুটির দিনেও তার ব্যস্ততা আকাশচুম্বী। নছিমাকেও মাস শেষ হওয়ার পূর্বেই ছাড়িয়ে দেওয়া হয়েছে। মহিলার হাবভাব শশীপ্রভার ভালো লাগে না। ঝামেলাহীন দুজন মানুষের সংসারে কাজের লোকের কী প্রয়োজন?
বারান্দার একপাশে নিজের ছোট্ট একটা বাগান করেছে শশীপ্রভা। সেখানেই এক কাপ দুধ চায়ের সঙ্গে তার অলস বিকেল কাটে। মাঝেমধ্যে কোথা থেকে যেন প্রজাপতি এসে বসে, গ্ৰিলে পাখিরা বসে জিরোয়। তার ভালো লাগে। একাকিত্ব ঘুচে।
তখন সন্ধ্যা প্রায়। হাসপাতালের ব্যস্ততার ফাঁকে সময় পেতেই বাইরে চলে এলো জাবের। মাথা ঝিমঝিম করছে। দিনে তার বেশ কয়েকবার চা লাগে। বাবলুকে বললে অবশ্য দিয়ে যেত, কিন্তু তাকে সে ডাকল না। নিজেরও একটু হাঁটাহাঁটি করে প্রয়োজন। চা খেয়ে কলিগের সাথে কথা বলতে বলতে হাসপাতালের ভেতরে প্রবেশ করল সে। রিসিপশনে পরিচিত কাউকে দেখে থেমে দাঁড়াল। কলিগের উদ্দেশ্যে বলল,“আশিক ভাই, আপনি যান আমি আসছি।”
আশিক লোকটা চলে গেলেন। জাবের সেদিকে এগিয়ে গেল। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল,“অর্পা না?”
কান থেকে মোবাইল নামিয়ে তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাল অর্পা। আচমকাই হেসে ফেলল,“আরে জাবের যে!”
জাবেরের অধরে হাসি ফুটে উঠল। অর্পা তার কলেজের সেই বান্ধবী। যাকে একসময় নিজের করে পাওয়ার স্বপ্ন দেখতো সে। আজ সেসব অতীত।
“হঠাৎ হাসপাতালে কেন? কেউ কী অসুস্থ?”
“আমারই ডক্টর আবিদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল। এসে শুনছি তিনি নাকি কিছুক্ষণ আগে চলে গিয়েছেন। ম্যাসেজেও ডেট চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমি তো অতকিছু খেয়াল করিনি, কাজ শেষ করে সেখান থেকে সোজা এখানে এসেছি।”
“মনোরোগ বিশেষজ্ঞ আবিদ?”
“হ্যাঁ, তুমিও যে এখানে আছো মনেই ছিল না।”
“তোমার আবার সাইকিয়াট্রিস্টের কী প্রয়োজন? শুনেছিলাম, বিয়ে-শাদী করে নাকি সংসার করছো?”
অর্পা মৃদু হাসল। জাবেরের মনে হলো সেই হাসিতে মলিনতা ভর করেছে।
“আর সংসার! করতে আর পারলাম কই? এইতো মাস দুয়েক আগে ডিভোর্স হয়ে গেছে। এখন একাই থাকি।”
“ডিভোর্স!” জাবের অবাক হলো।
অর্পা একই ভঙিতে হাসল। মেয়েটা সবসময় হাসে। কলেজে তার এই হাসির জন্য সবাই যে কত পাগল ছিল! সৌন্দর্য, মানসিকতার দিক থেকে সে যেন অনন্যা। তাই তো জাবের অজান্তেই মন দিয়ে বসেছিল। অর্পা বলল,“সময় হবে? ডাক্তারদের তো আবার নিজেদের দেওয়ার মতো সময় কম।”
“হবে, আপাতত কোনো ইমার্জেন্সি নেই।”
দুজনে ক্যান্টিনে গিয়ে বসলো। চায়ের অর্ডার দিয়ে অর্পা বলল,“আমার প্রাক্তন ছিলেন ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা। বিয়েটা পছন্দেরই ছিল। কিন্তু কয়েক মাস সংসার করার পর তার মায়ের মনে হলো আমি সংসারি নই, সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়ানো মেয়েদের দিয়ে কী আর সংসার হয়? বয়স বেশি, বাচ্চাও নাকি হবে না। আরও কত কি! একসময় সেও অন্যের কথায় গুরুত্ব দিতে গিয়ে আমায় গুরুত্ব দেওয়া কমিয়ে দিল। চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে লাগল। শিক্ষক হচ্ছে সম্মানিত পেশা, এতটা পথ পাড়ি দিতে কম স্ট্রাগল করেছি? সে তো সব জেনে শুনেই আমায় গ্ৰহণ করেছিল। তাহলে শেষ পর্যন্ত কেন এই রং বদল?”
“শিক্ষিত হয়েও এমন ধ্যান ধারণা?”
“এই জন্যই ছেড়ে দিয়েছি। পাশাপাশি আরও বহু কারণ ছিল। আজ চাকরি ছাড়তে বলছে, কাল যে আমাকেই ছেড়ে দেবে না তার কী গ্যারান্টি?”
জাবের মাথা নাড়াল,“ভালো সিদ্ধান্ত। লোকটা আসলেই একটা বোকা, নইলে তোমার মতো মেয়েকে কীভাবে ছেড়ে দেয়?”
অর্পা এবারেও হাসে। চায়ের কাপে চুমুক দিয়ে কিছুক্ষণ নীরব থাকে। দুজনার মধ্যে অনেকক্ষণ কথা হলো। মোবাইল নাম্বার আদান-প্রদান হলো। জাবের জানতে পারলো, অর্পা বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে। সেই সমস্যার কারণেই এক বান্ধবীর জোরাজুরিতে আজ এখানে এসেছে। কয়েক মাস আগে তার মাও নাকি মারা গেছেন। নিজের বলতে অসুস্থ বাবা ছাড়া বর্তমানে আর কেউ নেই।
জাবেরের খুব মন খারাপ হলো। নিজ থেকেই এক পরিচিত সাইকিয়াট্রিস্টের সাথে অর্পার জরুরি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিয়ে নিজের বিভাগে চলে এলো। বহুদিন পর ব্যস্ততার মধ্যেই যেন জাবেরের জীবনে রং ফিরে এলো। মেয়েটার জন্য তার ভীষণ মায়া হলো। কেনই বা হবে না? অর্পা তার প্রথম প্রেম। যাকে পেয়ে গেলে জীবনে অপূর্ণতা বলতে কিছুই থাকত না। পুরুষ মানুষ সহজে কিছু পেয়ে গেলে তার কদর করতে জানে না, আর না পেলে সারাজীবন কষ্টে তড়পায়। যা জাবেরের ক্ষেত্রে হয়েছে।
এরপর থেকে প্রায়শই অর্পার সঙ্গে তার কথা হতে লাগল, একসঙ্গে হাঁটতে হাঁটতে বিভিন্ন জায়গায় গিয়ে চায়ের স্বাদ উপভোগ করে আসতে লাগল। অথচ চারতলার ওই দুই কামরার ছোট্ট ফ্ল্যাটে আরও একজন যে তার একটু সান্নিধ্য পাওয়ার অপেক্ষায় বসে থাকে তা হয়তো একসময় সে ভুলেই বসলো।
শেষ বিকেলের রোদের মতো হঠাৎ অর্পার আগমনে জাবেরের ধরাবাঁধা নিয়মের জীবনে অনিয়ম হতে লাগল। বোকা জাবের যেন ক্ষণিকের আবেগের সামনে নত হয়ে বাস্তবতা বুঝতে নারাজ।
চলবে________
