#এক_বারান্দায়_দুই_বিকেল
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:০২]
‘সখী ভাবনা কাহারে বলে?
সখী যাতনা কাহারে বলে?
কপালে যে জুটেছে, কাটাছেঁড়া ডাক্তার! সংসার কী আদৌ হবে?’
খুন্তি নাড়িয়ে গুণগণ করছে শশীপ্রভা। কড়াইয়ের আলু ভাজি সেদ্ধ হতেই পাশে নামিয়ে রেখে রুটি সেঁক দেওয়ার জন্য তাওয়া গরমে বসালো। বাইরে মৃদু ঠান্ডা বাতাস। হঠাৎ কলিং বেল বেজে উঠল। গান থামিয়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে দরজার কাছে ছুটে গেল সে। লুকিং গ্লাসে চোখ রাখতেই নজরে পড়ল জাবেরের ক্লান্ত মুখ। দরজা খুলে স্বামীকে আপাদমস্তক ভালো করে একবার দেখল। চোখের নিচে কালি পড়েছে, অনেকখানি দেবে গিয়েছে। ঠিকঠাক কতদিন ঘুমায় না কে জানে? প্রশ্ন ছুঁড়ল,“মানুষদের কাটাছেঁড়া করতে গিয়ে নিজেরই তো দেখছি বারোটা বাজিয়ে ফেলেছো। তা কোন প্রেমিকার সাথে রাত্রিযাপন করে আসা হলো?”
জাবের বিরক্ত হলো,“বলেই তো গেলাম নাইট ডিউটি আছে।”
“এসব আমায় বুঝিয়ে লাভ নেই। আমি বোকা বা মূর্খ নই। নাইট ডিউটি করে কেউ এত বেলা করে বাড়ি ফেরে না। কোথায় যে নাইট ডিউটি করা হয়েছে জানা আছে। পুরুষ মানুষের তো আবার চরিত্রে দোষ।”
“এমনিতেই গতকাল থেকে একটু বিশ্রাম নেওয়া হয়নি, সারারাত ঘুমাইনি। ফিরতে না ফিরতেই স্টুপিডিটি শুরু করে দিয়েছে। ডাক্তারদের কত ব্যস্ততা ধারণা আছে? কত অপারেশন করতে হয় জানা আছে? এই জন্যই কী মা তোমায় এখানে পাঠিয়েছে?”
“পাঠানোয় খুব ক্ষতি হয়ে গেল বুঝি? যা কথা হবে আম্মার সাথে হবে। এর শেষ দেখে ছাড়ব আমি। এই জন্যই তো বলি, বউ ছাড়া বান্দা এতদূর একা একা কীভাবে পড়ে আছে? তলে তলে এই চলে? আমিও সাবানা নই, লোকে বলে রিনা খান।”
জাবেরের মনে হলো, তার শান্তির জীবনে অশান্তি করার জন্যই মা এই মেয়েকে বউ করে ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। নইলে মেয়ে মানুষের কী অভাব পড়েছিল দুনিয়ায়? তার কলেজের বান্ধবী অর্পা কোনদিক থেকে কম ছিল? মেয়েটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নামকরা একটা কলেজের শিক্ষক হয়েছে। অথচ মাকে সেই মেয়ের কথা বলতেই মা না করে দিল। ফলস্বরূপ কয়েক মাসের মধ্যে কোথা থেকে না কোথা থেকে যেন এই অসহ্যকর মেয়েকে খুঁজে এনে ধরে বেঁধে তার সঙ্গে বিয়ে দিয়ে দিল।
ক্লান্ত, অলস দেহখানা ঠেলেঠুলে নিয়ে ঘরে গিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল জাবের। এহেন কাণ্ডে শশীপ্রভার সন্দেহ তীব্র হলো। পরনের ওড়না কোমরে শক্ত করে বেঁধে নিজের কাজে লেগে পড়ল। রুটি পুড়ে গেছে। ওই পোড়া রুটিই আজ লোকটাকে সে খাওয়াবে।
কিন্তু জাবের আর নাস্তা করল না। দুপুরেও ঘর থেকে বের হলো না। শশীপ্রভা রান্নাবান্না শেষ করে গোসল সেরে এলো। সকালে নাস্তা করার জন্য বেশ কয়েকবার ডেকেছিল, কিন্তু লোকটা সাড়া দেয়নি। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠল সে। স্ট্রোক করে বসেনি তো? যতই হোক, স্বামী তো! একা একা তো আর খাওয়া যায় না। ঘর থেকে মোবাইল এনে দ্রুত শাশুড়িকে কল দিল। কিন্তু জাকিয়া কল ধরলেন না। দুপুর এবং রাতে সচরাচর তিনি কল ধরেন না। তবে নিজের প্রয়োজন হলে মধ্যরাতে কল দিয়েও অন্যকে বিরক্ত করতে দ্বিধাবোধ করবেন না। এমন বহু রেকর্ড পূর্বে রয়েছে।
শাশুড়িকে না পেয়ে হতাশ হলো শশীপ্রভা। এবার ডায়াল করল ননদের নাম্বারে। তবে ননদ তাকে হতাশ করল না। সঙ্গে সঙ্গে কল রিসিভ হতেই শ্বাস আটকে সে বলল,“জুঁই আপা গো, আপনার ভাই তো দরজা খোলে না। জোয়ান বয়সে মরে টরে গেল নাকি?”
ওপাশ থেকে ধমক এলো,“জীবনে একটু ভালো কথা বলতে পারো না? দাঁড়াও, জাবের কী বাড়ি গিয়েছে? কই, আমায় তো জানালো না?”
“আমি এসেছি।”
“কোথায়?”
“কোথায় আবার? আপনার ভাইয়ের কাছে। আম্মা জোর করে পাঠিয়ে দিলেন।”
জুঁইকে খুব একটা অবাক হতে দেখা গেল না। মা হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করার মানুষ। বলল, “এই জন্যই দরজা খুলছে না। একসঙ্গে এতকিছু নিতে পারছে না। মনে হয় বদহজম হয়েছে।”
“এবার উপায়?”
“দুই ঘণ্টার মধ্যে দরজা না খুললে এম্বুলেন্সে কল দিও। নাম্বার আছে? সমস্যা নেই, আমিই পাঠিয়ে দিচ্ছি।”
কল কেটে দিল জুঁই। শশীপ্রভা বিরক্ত হলো। পুরো গোষ্ঠী এক স্বভাবের। তবুও হাত গুটিয়ে তার বসে থাকলে চলবে না। কিছুক্ষণ বসে বসে ভাবলো। ভাবতে গিয়ে দুই কাপ চা খেয়ে শেষ করে ফেলল। বুদ্ধির বাতি খুলে যেতেই দৌড়ে গিয়ে দাঁড়াল বন্ধ দরজার সামনে। গলা ফাটিয়ে হঠাৎ চিৎকার করে উঠল,“আহ, মরে গেলাম রে! কোমরটা ভেঙে গেল রে! কে কোথায় আছো?”
তার ভয়ানক আহাজারিতে বন্ধ দরজা খুলে গেল। শশীপ্রভা থেমে গিয়ে সামনে তাকাল। জাবেরের চোখ জোড়া লাল হয়ে আছে। মুখখানা ফোলা, চুল এলোমেলো। চিন্তিত হয়ে জিজ্ঞেস করল,“কী হয়েছে? চেঁচামেচি করছো কেন?”
“তোমার কী হয়েছে? মুখের এমন অবস্থা কেন? কার জন্য কেঁদেকেটে চোখ লাল করেছো? নাকি নেশা পানি খেয়েছো?”
জাবেরের মাথাটা চক্কর দিয়ে উঠল। কিছু না বলে তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। শশীপ্রভা দ্রুত স্বামীর ঘরে তল্লাশি চালালো। সন্দেহজনক কিছু না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘর গুছিয়ে বিছানায় আরাম করে বসলো। জাবের গোসল সেরে বের হলো। পরনে পোশাক বলতে কোমরে শুধুই তোয়ালে প্যাঁচানো। স্ত্রীকে নিজের দিকে হা করে তাকিয়ে থাকতে দেখে চুপচাপ আলমারি থেকে পোশাক নিয়ে পুনরায় বাথরুমের দিকে পা বাড়াতেই ছুটে এলো শশীপ্রভার তির্যক কণ্ঠস্বর,“তোমার ফিগার তো মাশাআল্লাহ। পুরাই মাখন। এদিকে এসো দেখি।”
“স্টুপিডের পাশাপাশি তুমি একটা লুচ্চা।”
“স্বামীর দিকে তাকানো লুচ্চামি? তোমার মাথায় তো দেখছি আসলেই ব্রেইন নেই। পাশাপাশি বলদও।”
“বাজে কথা বলবে না।” জাবের আর দাঁড়াল না।
খাবার টেবিলেও দুজনার কোনো কথা হলো না। মেয়েটা কথা বেশি বললেও ভালো রাঁধতে পারে। শহরে জাবেরের খাওয়া-দাওয়ায় খুব অনিয়ম হয়। বুয়ার রান্না ভালো লাগে না। আবার বাহানাও কম নয়। একদিন এলে দু'দিন আসে না। এই যে আজও আসেনি। বেশিরভাগ সময় বাইরেই খেতে হয়। বাড়িতে থাকলে ডিম সেদ্ধ ছাড়া উপায় নেই।
খাওয়া শেষে সে ঘরে চলে গেল। ক্লান্তি এখনো যায়নি। আজ সারাদিন কোথাও বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব গোছগাছ করে দরজার সামনে এসে দাঁড়াল শশীপ্রভা। জিজ্ঞেস করল,“চা খাবে?”
জাবেরের চোখ বন্ধ, বাম হাতটা কপালে ঠেকানো। সেভাবেই বলল,“দুপুরে কে চা খায়? মাত্রই তো ভাত খেলাম।”
“এখনো দুপুর আছে? তিনটা বাজে।”
জাবের এবারেও জবাব দিল না। শশীপ্রভা বিরক্ত হয়ে ঘরে ঢুকে স্বামীর পাশে শুয়ে পড়ল। জাবের হাত সরিয়ে সরু দৃষ্টিতে তার দিকে তাকাল। শশীপ্রভা তার সেই চোখের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করল। কোমল স্বরে বলল,“এই যে এতগুলো দিন আমায় ছেড়ে এখানে একা ছিলে। কষ্ট হয়নি? একবারও আমার কথা মনে পড়েনি?”
কী জবাব দেবে বুঝতে পারে না জাবের। এই মেয়ে এত সুন্দর করেও কথা বলতে পারে? হ্যাঁ, পারে। বিয়ের পর তাদের ওই ক'দিনের সংসারে এমন সুন্দর করেই সে কথা বলতো। এত নরম স্বভাবের মেয়ে তখন জাবেরের পছন্দ হয়নি। মেয়ে মানুষ কেন নরম হবে? মেয়ে মানুষ হবে চঞ্চল, চপলা। অথচ এখন আর এই মেয়ের চঞ্চলতাও তার ভালো লাগছে না। নাকি শশীপ্রভা নামের মেয়েটাকেই তার অপছন্দ? জাবের এসব আর ভাবতে চায় না।
জবাব না পেয়ে শশীপ্রভা নিজেই বলল,“আমার তো তোমার কথা খুব মনে পড়েছে। যতই হোক, তুমিই আমার জীবনে প্রথম স্বামী, প্রথম পুরুষ। দায়িত্বে অবহেলা করে ভুলে তো আর যেতে পারি না। মেয়ে মানুষ হওয়ার এই এক সমস্যা। যে যেভাবে পারে অবহেলা করে, খোটা দেয়, দুর্নাম করে।”
জাবের তার দিকে ঘুরে একপেশে শোয়। হাতটা অজান্তেই মেয়েলি কোমর ছোঁয়। সান্ত্বনা দেওয়ার জন্যই নাকি মোহে পড়ে বুঝা যায় না। তবুও কোমল স্বরে বলে,“হুম, মনে পড়েছে। অনেক মনে পড়েছে। কষ্ট দেওয়ার জন্য স্যরি।”
শশীপ্রভা প্রত্যুত্তরে চুপ থেকে চোখ বন্ধ করল। দেহখানা একটু বিশ্রাম চাইছে। রাতে তারও ঘুম হয়নি। একা ফ্ল্যাটে সারারাত জেগে ছিল। ঘুমন্ত স্ত্রীর দিকে পলকহীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল জাবের। মেয়েটা নিঃসন্দেহে সুন্দর। তবে মুখ খুললেই বাঁধে যত বিপত্তি। ঠোঁটের কার্নিশে ক্ষীণ হাসির রেখা স্পষ্ট হয়।
সারাদিনেও জাবের আর বাড়ি থেকে বের হলো না। বহুদিন হাসপাতাল থেকে ছুটি নেওয়া হয়নি। কাজের চক্করে দেওয়া হয়নি নিজেকে সময়। বই নিয়ে বারান্দায় গিয়ে বসলো সে। পশ্চিম আকাশে সূর্য ডুবছে। পাখিরা ঘরে ফিরছে। যানবাহনের শব্দে বিকেল বিলাস করাও যেন দায়। শশীপ্রভা জেগে উঠেছে। কোনোমতে কুলোকুচি করে চুলায় কড়া লিকারের দুধ চা বসিয়ে বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন করে জোড়া কাপে ঢাললো। ট্রেয়ে দুই পদের বিস্কুট, মুড়ি আর চায়ের কাপ নিয়ে স্বামীর মুখোমুখি বারান্দায় এসে বসলো সে। জাবেরের মুখশ্রীতে এখন আর গাম্ভীর্যের ছিটেফোঁটাও নেই। জিজ্ঞেস করল,“ঘুম শেষ?”
“হ্যাঁ, এখানে আসার পর থেকে ঠিকঠাক ঘুম হচ্ছে না। অথচ বাড়িতে আমি প্রচুর ঘুমাতাম। এই ঘুমের জন্য মায়ের কাছে অনেক বকাও খেতাম।”
চায়ের কাপটা তার দিকে এগিয়ে দিল শশীপ্রভা। জাবেরের মুখে স্পষ্ট অসন্তোষ প্রকাশ পেল।
“দুধ চা খাই না।”
“তো কী খাও?”
“রং চা।”
শশীপ্রভার ললাটে ভাঁজ পড়ল। কণ্ঠে ঝরে পড়ল বিদ্রুপ,“রং চা মানুষ খায়? জীবনে দুধ চা খেয়ে দেখেছো?”
“মানুষই খায়। রং চা খেলে দেহ সতেজ লাগে, কাজে মনোযোগ বাড়ে, ওজন নিয়ন্ত্রণে থাকে, স্কিন ভালো থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পাওয়া যায়, দাঁতও সুস্থ থাকে। অপরদিকে চিনিযুক্ত কড়া দুধ চা খেলে শরীর দুর্বল লাগে, ওজন বাড়ে, দাঁত নষ্ট হয়, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় না, ডায়াবেটিস হয়। তাই স্বাস্থ্য এবং স্বাদের ক্ষেত্রে রং চা ভালো।”
“বললেই হলো? পনেরো বছর ধরে চিনি দিয়ে দুধ চা খাই। এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। পুরোদমে সুস্থ। সারাদিন কত কাজ করি ধারণা আছে? গতকাল এসে তোমার এই জংলি ফ্ল্যাট আমি একা হাতে গুছিয়েছি। এসেছে দুধ চা নিয়ে খারাপ কথা বলতে।” মুখ বাঁকাল সে।
“এই জন্যই সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে, কামিজের উপর দিয়ে ভুঁড়ি ভেসে আছে, মুখে ব্রণ উঠেছে, দাঁতও হলদে।”
শশীপ্রভার মেজাজ বিগড়ে গেল। ওড়না দিয়ে পেটটা ভালো করে ঢেকে নিয়ে দাঁতে দাঁত পিষে বলল, “তোমার দাঁত বুঝি খুব ঝকঝকে? বুড়োভাম কোথাকার! বিয়ের পর বাসর রাতে এই ঠোঁটেই মিনিট দশেক চুমু খেয়েছিলে, তাও জোর করে। এখন হলুদ বলো? তোমার দাঁত হলুদ, তোমার চৌদ্দ গোষ্ঠীর দাঁত হলুদ। যে দুধ চা পছন্দ করে না সে পৃথিবীর এক নাম্বার বলদ হাতি। মামা এ কোন বলদের ঘরে পাঠালো?”
হা-হুতাশ করতে করতে শশীপ্রভা বারান্দা থেকে চলে গেল। কয়েক সেকেন্ড পর ফিরে এসে পুরো ট্রে ধরে নিয়ে চলে গেল। যাওয়ার আগে ভেংচি কাটতেও ভুললো না। জাবের হতভম্ব হয়ে সেখানেই ঠাঁয় বসে রইল। সামান্য একটা কথার বিপরীতে কীসব বলে গেল এই মেয়ে? জাবের হাতি? বলদ? কোনদিক থেকে তাকে হাতির মতো দেখায়? এই পারফেক্ট ফিটনেসের জন্য সে কত পরিশ্রম করে ওই মেয়ের ধারণা আছে? এতশত ভাবনার মধ্যে হঠাৎ মনে পড়ল, মেয়েটি তাকে চুমুর খোটা দিয়ে গেল!
শশীপ্রভা ঘরের দরজা বন্ধ করে বসে রইল। এই লোকের সঙ্গে আর কথা বলবে না বলে সিদ্ধান্ত নিল। তার কী দায় আগ বাড়িয়ে সম্পর্কের উন্নতি করতে যাওয়ার? শাশুড়ি আম্মা বউ পালার ট্রেনিং নিজের ছেলেকে দিলেও তো পারতেন নাকি?
সন্ধ্যার পর বাড়িতে জুঁই এলো। সঙ্গে দুই ছেলে-মেয়ে আর স্বামী আশরাফ। অসময়ে বোনকে দেখে যারপরনাই অবাক হলো জাবের। কিছু জিজ্ঞেস করার পূর্বেই জুঁই চিন্তিত ভঙিতে বলল,“তুই ঠিক আছিস?”
“হ্যাঁ, আমার কী হবে? তুমি হঠাৎ এলে যে?”
“তুই নাকি ঘরে খিল দিয়ে বসে ছিলি? তোর বউ তো চিন্তায় শেষ। পরে আমায় কল দিয়ে জানাল। আমি তখন দুপুরের ভাত খেতে বসেছি। পরে তোর দুলাভাই ফিরতেই এখানে ছুটে এলাম। বউয়ের উপর রাগ করে দরজায় কেউ খিল দিয়ে বসে থাকে? এসব তো মেয়েদের কাজ।”
জাবেরের এবার আসলেই খুব ক্লান্ত লাগছে। এই মেয়েকে নিয়ে তার সংসার করা সম্ভব নয়। একটা মেয়ে এতটা অসহ্যকর কীভাবে হতে পারে? দু'দিন হয়নি এখানে আসতে না আসতেই তার শান্তিপূর্ণ জীবনটাকে বেহাল বানিয়ে দিচ্ছে? জুঁইয়ের বিচ্ছু ছেলে-মেয়েগুলো ভেতরে ঢুকেই হুড়োহুড়ি শুরু করে দিয়েছে। আন্ডা বাচ্চা জাবেরের পছন্দ নয়। তাদের শব্দ পেয়ে শশীপ্রভা ঘর থেকে বের হতেই তাকে টেনে আড়ালে নিয়ে গেল সে। ধমক দিয়ে বলল,“আপাকে কল দিয়েছিলে কেন, বেয়াদব?”
“তুমিই তো দরজা খুলছিলে না, সাড়া দিচ্ছিলে না। আমার চিন্তা হয় না বুঝি? তাছাড়া তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো তোমার পরিবার এসে আমায় ধরবে। তখন?”
“মাথামোটা।”
জাবের চলে গেল। এত মানুষ তার ভালো লাগে না। বোন, ভাগ্নে-ভাগ্নির কথা মনে পড়লে সে নিজেই মাসে এক দুইবার তাদের বাড়িতে গিয়ে ঘুরে আসে। কিন্তু বাড়িতে দাওয়াত দিয়ে লোক আনার মতো মানুষ সে নয়। অন্যকেউ এসে তার ঘর এলোমেলো করে দিয়ে যাবে ব্যাপারটা সে সহ্য করতে পারবে না। তবুও বাধ্য হয়েই সন্ধ্যাবেলায় তাকে সুপার শপে ছুটতে হলো। মেহমানদারি করার মতো ঘরে কিছু নেই। বাজারে যে শেষ কবে গিয়েছিল সে খেয়ালও নেই। মাসকাবারি যা ছিল তা দিয়েই শশীপ্রভা কাজ চালিয়ে নিয়েছে।
চলবে ________
