#শিউলি_ফুল
#পর্ব_১৪
#তাজরীন_ফাতিহা
পলাশডাঙ্গা গ্রাম, বাঁশবন ও শালবনে ভরপুর। গ্রামে ঢুকলেই দেখা মেলে শাল গাছ ও বাঁশ ঝাড়ের আখড়া। এ যেন বনজ বৃক্ষদের মিলনমেলা। কোনোটা মেঠোপথের বাঁকে বাঁকে গর্বের সহিত মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আবার কোনোটা জঙ্গলে ঘেরা বনে নিজেদের ঠিকানা গড়ে রেখেছে। হামিদদের বাড়িটা বাঁশঝাড়ে ঘেরা। বিভিন্ন গাছগাছালি দ্বারা বেষ্টিত বাড়িটি। মাটির দেয়াল এবং ছনের চালা দিয়ে তৈরি হাকিম সর্দারের পুরোনো আমলের দোচালা এই বাড়ি। এককালে সর্দার বংশে ধন-দৌলত, প্রাচুর্যের কমতি ছিল না। তবে কালের পরিক্রমায় হামিদের দাদার মেঝ ভাইয়ের জুয়া খেলার আসক্তির কারণে জমিজমা সবকিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে যায়। এরপর হামিদের দাদা হাকিম সর্দার পলাশডাঙ্গায় বাড়ি বানিয়ে থাকতে শুরু করেন। বাকি দুই ভাইয়েরাও আলাদা আলাদা বাড়ি বানিয়ে নিয়েছে পলাশডাঙ্গাতেই। হাকিম সর্দারের ছেলে চারজন। চাচারা হামিদের বাবা হানিফ সর্দার মারা যাওয়ার পরে খোঁজখবর নেয়া বন্ধ করে দেয়। প্রত্যেকের বাড়ি হেঁটে যেতে কয়েক মিনিট লাগে কিন্তু হামিদ মনের ভুলেও সেই মুখো হয়না। বাপ মরলে অর্থসংকটে সবাই মুখ ফিরিয়ে নেবে এটাই তো স্বাভাবিক। হামিদের তিন চাচা যে ভালো অবস্থানে আছে তা নয় তাদের প্রত্যেকের দশাই হামিদের অনুরূপ। ধার দেনা করে চলে। এজন্যই হামিদদের দেখলে গা বাঁচিয়ে চলে তারা। হামিদ খোঁজ নেয় মাঝেমধ্যে, ভালো তরকারি রান্না হলে দিয়ে আসে। তবে হেলেনা পারভীন নিষেধ করে দিয়েছে চাচাদের বাড়ি যেতে। অত দরদ দেখানোর প্রয়োজন কী?
হামিদের বাড়ির দোর তিনটে। এক ঘরে হেলেনা পারভীন থাকেন আরেকটায় অতিথি এলে থাকতে দেয়া হয়। শেষটায় হামিদ ও শিউলির ছোট সংসার। বাঁশ ঝাড়ের ফাঁক গলে ঘরের রোয়াকে সূর্যের তীক্ষ্ণ সরু রশ্মি এসে পড়েছে। সরু তাপ সারি সারি বাঁশ গাছের ফাঁক গলিয়ে শিউলির পিঠে এসে ভিড় জমিয়েছে। পরনে তার সস্তায় কেনা বাদামী থ্রি পিস। ওড়নার গায়ে ছাপা ছাপা রঙের ফুলের প্রলেপ। অভাব যেন তার পোশাকেও ফুটে উঠেছে।
শিউলি ব্যস্ত মেয়েকে কুসুম গরম পানিতে গোসল করানোতে। গোসলের আগে হামিদার শরীরে সরিষার তেল ভালোমতো মেখে নিল। রোয়াকে বোল রেখে মেয়েকে ধরে সেই পানিতে গোসল করাচ্ছে শিউলি। হামিদা 'আই...এ...আই' করে নানা শব্দ তুলছে। পানির স্পর্শ পেয়ে তার খুশি দ্বিগুণ বেড়ে গেছে যেন। মা যে তাকে প্রতিদিন গোসল করায় না এইটুক বয়সেই সে বুঝে গেছে যেন, তাই যখনই গোসল করানোর দিন আসে সেদিন একটু বেশিই খুশি থাকে বাচ্চাটা। হামিদ আজ ঘরেই ছিল। বৃষ্টি নেই, ফকফকা রোদ যদিও। গতকালই ধান রোপণ শেষ হয়েছে। হালচাষ থেকে আপাতত ইস্তফা নিয়েছে। দোকানে বসছে নিয়ম করে। মেয়েকে গোসল করাতে দেখে এগিয়ে এসে শিউলির পাশে পাটিতে বসল। শিউলি স্বামীকে দেখে হাসল একগাল। হামিদাও বাবাকে দেখতে পেয়ে দন্তবিহীন হাসল। কি নিষ্পাপ তার হাসিটুকু! মেয়ের যেন নজর না লাগে সেজন্য শিউলি মেয়ের আশেপাশে থুতু ছিটাল। মিনিট দুয়েক পড়ে মেয়েকে গামছায় মুড়িয়ে কোলে তুলে নিল।
"গোসল শ্যাষ?"
"হুম। হামিদার বাপ, ওরে একটু ধরেন তো। গামলার পানিডা ফালাইয়া আহি।"
হামিদ হাই তুলে মেয়েকে বুকে আগলে নিল। শিউলি পানি ফেলতে গেছে। হামিদের নাকে সরিষার তেল আর নরম কোমল শরীরের অদ্ভুত এক ঘ্রাণ এসে বিদ্ধ হচ্ছে। এই ঘ্রাণটা কেবল মেয়েকে কোলে নিলেই পায় হামিদ। অবিকল হাসনাহেনার ঘ্রাণ। যেন চারপাশে হাজার হাজার হাসনাহেনা সুবাস ছড়াচ্ছে। শিউলি কি এই ঘ্রাণটা টের পায়? নাকি হামিদেরই নাকেই কেবল এই ঘ্রাণ লাগে? হামিদ বুকে আগলে ধরা মেয়েকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগল। যে বাবার বুকে মাথা এলিয়ে দিয়ে হাত নাড়িয়ে কিচিরমিচির করায় ব্যস্ত। হামিদের কর্ণকুহরে পাখির ছানাদের কিচ কিচ আওয়াজ আসছে। কোথা থেকে আসছে এই আওয়াজ? হামিদ রোয়াকের খুঁটিতে হেলান দিয়ে ছিল। ঘাড় বের করে উঁকি দিয়ে পাশেই অবস্থানরত বেল গাছটার দিকে চাইল। এই গাছে পাখি বাসা বানিয়ে থাকে। হামিদ প্রতিদিন দানা ছিটিয়ে দেয় তার ছনের চালে। সেখান থেকে শব্দটা আসছে ভেবে চোখ তীক্ষ্ণ করল। কিন্তু আশেপাশে কোনো পাখি দেখল না। ঘাড় ঘুরিয়ে মেয়ের দিকে আবারও চাইতেই দেখল হামিদা মুখে আঙুল পুড়ে একটা অদ্ভুত শব্দ করছে। শব্দটি মনোযোগ দিয়ে শুনতেই বুঝল, কিচিরমিচির ধরনের আওয়াজ। খুঁটিতে হেলান দিয়ে মেয়ের নমনীয় নাসিকায় নাক পিষল।
"আমার হাসনাহেনা ফুল। কি সুন্দার বাসনা আহে গাত্তন! একখান ছুড়ো পাখির ছাও।"
শিউলি আসার আগেই আবার স্বাভাবিক হয়ে বসে রইল। শিউলি ঘর থেকে কাজল, তিব্বত স্নো আর পাউডার নিয়ে এসেছে। হামিদ মেয়েকে বাড়িয়ে দিতে গেলে শিউলি বাধা দিল,
"আরেকটু রাহেন। ওরে জামা প্যান পরামু, সুনো দিমু।"
হামিদ রাখল। শিউলি মনোযোগ দিয়ে মেয়ের শরীর চেপে চেপে গামছায় মুছিয়ে দিতে লাগল। ভিজে গেছে পুরো গামছা। সেটা সরিয়ে নিজের সুতির ওড়না দিয়ে মাথা মুছিয়ে দিল ভালো করে। হামিদ মেয়েকে দুই হাত দিয়ে ধরে রেখেছে। হামিদা বাবা-মা দুজনের সেবাতেই আহ্লাদে আটখানা হয়ে এক পা নাড়াতে লাগল। নাড়ানো বলতে ছটফট করছে পাটা। শিউলি দেখল স্নো শেষ হয়ে গেছে প্রায়। কোনোরকম টিপে টিপে হাতের তালুতে ঘষে মেয়ের নমনীয় কায়ায় ডলে দিতে লাগল। হামিদা মুখে আঙুল ঢুকিয়ে 'উয়া...উই' আজগুবি শব্দ করছে। শিউলি পাউডার দেয়া শেষে হামিদকে উদ্দেশ্য করে বলল,
"হুনেন, ওরে আমার দিকে ঘুরায় দাড় করান।"
হামিদ শিউলির দিকে মেয়েকে ঘুরিয়ে দিল। সঙ্গে সঙ্গে হামিদা 'আই...আই' শব্দ করে দুই হাত, এক পা ঝাপ্টাল। সুতির প্যান্ট পরাতে পরাতে মেয়ের দিকে চেয়ে হাসল শিউলি। টিয়ে রঙের সুতির স্যান্ডো গেঞ্জি মাথায় গলিয়ে বুকে নাক ঘষতে ঘষতে বলে গেল,
"এইডা কে? আমার ময়না পাখি নাকি আমার টিয়া পাখি? ওরে এইডা দেহি টিয়া পাখি দেহা যায়!"
হামিদা ফোকলা দাঁতে পা নাড়িয়ে ঠোঁট ছড়িয়ে ফেলল। শিউলি কিছুক্ষণ মেয়ের সঙ্গে আজগুবি কথায় মশগুল হলো। হামিদ এতক্ষণ চুপচাপ বসে বসে মা, মেয়ের কাজকারবার দেখছিল। বেলা গড়াতেই মেয়েকে শিউলির কাছে দিয়ে উঠে দাঁড়াল। লুঙ্গিতে গিট্টু মেরে গামছা কাঁধে ফেলে বাড়ি থেকে বেরিয়ে গেল। শিউলি হামিদের যাওয়ার পানে চেয়ে মেয়েকে আগলে ধরল,
"তোর বাপে তোরে মেলা ভালা পায় দেখছস?"
"উয়া...উয়া।"
হামিদাও বিভিন্ন শব্দ করে মায়ের কথার সমর্থন জানাল যেন।
হেলেনা পারভীন রোয়াকে তার ভেজা পাকা চুল মেলে বসে ছিলেন রোদ পোহাতে অমনি আগমন মাকসুদা বেগমের। হামিদদের দুঘর পরেই বাড়ি মাকসুদা বেগমের। তার কাজ মূলত কোন বাড়ি কী হয়েছে? কোন বাড়ির কোন মেয়ে ভেগে গেছে, কে চিঠি চালাচালি করে প্রেম করে, কার বাড়ির বউয়ের দোষ আছে, কার চরিত্রে সমস্যা, কার ছেলে বিরাট চাকরি করে, কারা ধনী এসব তথ্য এ বাড়ি ও বাড়ি পৌঁছে দেয়া। মোদ্দাকথা গীবত, পরনিন্দা করায় মাকসুদা বেগমের জুড়ি মেলা ভার। খুব সূক্ষ্মভাবে সে কথার ছলে এসব বলে যান হাসতে হাসতে। হেলেনা পারভীনের নিকট প্রায়ই আসেন পান খেতে। আজ অবশ্য পান খেয়েই এসেছিলেন। হাতের ডগায় চুন দেখা যাচ্ছে। এসেই হেলেনা পারভীনের বক্স থেকে পান, সুপারি কয়েদ করে এক খিলি পান মুখে পুড়েছেন আর নানা বাড়ির গল্প শোনাচ্ছেন।
শিউলি পাকঘরে উনুন জ্বালিয়েছে বিধায় মেয়েকে দাদির পাশে শুইয়ে দিয়ে গেছে। রোদ পোহানোও হবে, মেয়ে দাদির কাছে পাহারায়ও থাকবে। হেলেনা পারভীন এখন তেমন কিছু বলেন না, যদিও কোলে এখনো তোলেননি নাতনিকে। শুধু তার আশেপাশে থাকলে চোখে চোখে রাখেন, আড়চোখে চেয়ে দেখেন। এর কারণটাও খুব অদ্ভুত সুন্দর। একদিন হেলেনা পারভীন পাকঘরের দাওয়ায় পিঁড়িতে বসে মুড়ি চিবোচ্ছিলেন। পাশেই শিউলি শাশুড়িকে মুড়ি, চা দিয়ে মেয়েকে কোলে নিয়ে বসে ছিল। হুট করে হামিদা হাত পা নাড়তে নাড়তে দাদির থানের আঁচল টেনে ধরেছিল মুঠো পাকিয়ে। আঁচলে টান পড়ায় হেলেনা পারভীন চমকে উঠেছিলেন। শিউলিও চমকে শাশুড়ির দিকে চেয়েছিল। তৎক্ষণাৎ মেয়ের হাত থেকে আঁচল সরিয়ে দিতে চাইলেও হামিদা ছাড়ল না সেই আঁচল। আরও মুঠো পাকিয়ে ধরে মুখে ঢুকিয়ে চিবোতে ছিল। হেলেনা পারভীন হতভম্ব হয়ে চেয়ে ছিলেন নাতনির দিকে। কী প্রতিক্রিয়া জানানো উচিত ভেবে পাননি। বোধহয় সেই থেকেই আঁচলের গিট্টুতে হামিদার অস্তিত্ব নিয়ে ঘোরেন হেলেনা পারভীন।
"মাইয়া হইছে ল্যাংড়া, লুলা হেরপর বউয়ের বাচ্ছা হওনেও দোষ আছে। এই বউ, বাচ্ছা লইয়া হামিদের ভবিষ্যৎ কী কও হামিদের মা?" মাকসুদা চাচি পান চিবোতে চিবোতে বললেন।
পান খাওয়ার দরুন শাহাদাত আঙুলের ডগায় চুনও এনেছিলেন খানিক। কথা বলার ফাঁকে ফাঁকে তা জিহ্বায় ঘষে নিচ্ছেন। হেলেনা পারভীন মাথা নাড়িয়ে জানালেন,
"এহানে আমার কওনের কিছু নাই। পোলার বউও পোলার, মাইয়াও পোলার। ওয় যেডা ভাবব।"
"মা হইয়া পোলার ভবিষ্যৎ নষ্ট করার পাঁয়তারা করতাছ?"
"কইলাম তো হামিদ যেইডা ভাববো হেইডাই। বিয়া করবার চাইলে করব, না করবার চাইলে করব না।"
মাকসুদা চাচি যেন কথাটায় ভরসা পেলেন। শিউলি যে আশেপাশে আছে ভালোই জানেন তিনি। জামাইয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছে, সেসময় বয়রা নারীরাও কান পাতে। আশপাশ ভালোভাবে দেখে মাথা এগিয়ে আনল,
"তয় আমি মাইয়া দেকমু? ঢকের ঢকের মাইয়ার খোঁজ জানা আছে আমার। এক্কেরে পরী। হামিদ দেখলে মাথা ঘুইরা যাইব।"
হেলেনা পারভীন কিছু বলার আগেই জবাব ভেসে এল,
"দেহেন চাচি। মাইয়া যেন পরীর লাহান হয়। মাথা ঘুইরা যায় যাতে।"
হামিদের উত্তরে মাকসুদা বেগম খুশিতে গদগদ হয়ে গেলেন। তিনি হামিদকে পিঁড়ি এগিয়ে দিলেন। হামিদ বসল না, সে গিয়েছিল ডাব পাড়তে। পরনের কালো গেঞ্জিটা পুরাতন হয়ে রং চটে গেছে। ভিজে সেটা শরীরের সঙ্গে লেপ্টানো। লুঙ্গির সামনের অংশটা কোচ করে পেছনে গুঁজে রাখা। এভাবেই যে গাছে উঠেছিল ঢের বুঝতে পারলেন মাকসুদা বেগম। পায়ের অর্ধেক অংশ মাটিতে ভরা। হামিদ ডাবের থোকা রেখে রোয়াকে চাইল। মেয়েকে বোধহয় শিউলি রোদ পোহাতে এখানে শুইয়ে রেখেছে। হামিদ মেয়েকে ধরল না। বাইরে থেকে এলে সে মেয়েকে ধরে না। হামিদা মুখে আঙুল দিয়ে বাবাকে দেখছিল। বাবাকে দেখতে পেতেই দুই হাত আর এক পা ছড়িয়ে দিল যেন আহ্বান করছে পিতাকে। মাকসুদা চাচির কথায় হামিদ মেয়ের থেকে চোখ সরিয়ে সেদিকে চাইল।
"ঐডা আমার উপ্রে ছাইড়া দে বাপ। তোরে সিনেমার হিরুইন ফেল মাইয়া আইনা দিমু।"
"আইচ্ছা। তয় এই অভাবের ঘরে হিরুইন আইব?"
"আইত না ক্যান? তুই বেডা মানুষ, একদিন না একদিন ঠিক উজাইব তোর। সর্দার বংশ তোরা, বংশগত বড়লোক। এককালে যেই সম্পত্তি আছিল, অভাবে পইড়া সব বেঁচতে হইল। আহারে! একদিন তুই ঠিক বড়লোক হইবি। তহন এই বউ দিয়া তোর পোষাইব? না আছে ঢক, না আছে বাচ্ছা দেয়ার ক্ষেমতা। তোর বউয়ের বাচ্ছা হওনে দোষ আছে, তার উপ্রে হইছে মাইয়া। হেইডাও নাহয় মাইনা লইলাম। হইছে যাইয়া ঠ্যাং ভাঙ্গা ল্যাংড়া, তোর একটা ভবিষ্যত আছে না?"
"ভুল কন নাই তয় মাইয়ার ঠ্যাং ভাঙ্গা না তো, পাওডা খালি নাড়াইবার পাড়ে না।"
"ঐ একটা হইলেই হইছে। লুলাই তো।"
হামিদ জবাব দিল না। মাকসুদা চাচি মহানন্দে মেয়েদের খোঁজ লাগাবেন বলে চলে গেল। যাওয়ার আগে অবশ্য কিছু মেয়ের খোঁজ দিতে ভুলল না। সবই পনেরো, ষোলো বছরের মেয়ে। কচি বলা যায়। মাকসুদা বেগম যাওয়ার আগে হামিদ আবার শুধাল,
"মাইয়া ঢকের হইব তো?"
মাকসুদা চাচি পান খাওয়া ঠোঁট ছড়িয়ে ফেললেন,
"চিন্তা করিস না বাপ, এক্কেরে ফাস্ট কেলাস মাইয়া আইনা দিমু। ভরসা করস না চাচিরে?"
হামিদ মাথা নাড়াল। মাকসুদা বেগম প্রস্থান করতেই হেলেনা পারভীন ঠেস দিয়ে বললেন,
"এই বেশরম মাথা মুথা ঠিক আছে তোর? ময়মুরুব্বির সামনে বিয়ার লাইগা ফাল পাইড়া উঠছোত ক্যা? তোরে বিয়া দিছি না? যহন বিয়া করতে কইছি তহন দেহি নাচ দেহাইলি? অহন মিরগি ব্যারাম উঠছে? বেশরম জানি কোনহানের।"
হেলেনা পারভীন গজগজ করছেন রাগে। রাগটা মূলত ছেলের মুরুব্বির সামনে কথার রাখ ঢাক ছিল না বলেই।
"মাথা ঠিকই আছে আম্মা। চিন্তা কইরেন না। ঠিক থাকতো না ক্যান?"
"হেতি সত্য সত্যই মাইয়া খুইজা আনব কিন্তুক।"
"আনুক। আনবার লাইগাই তো কইলাম।"
"যা মুন চায় কর, তোগো মতিগতি বুঝিনা বাপু।"
হামিদ গোসল করতে যাওয়ার পথে দেখল পাকঘরের আড়াল হতে একটি ছায়ার নীরব প্রস্থান। সে হাঁক ছেড়ে গোসল করার জন্য লুঙ্গি চাইল শিউলির কাছে। কয়েকবার ডাকার পরেও শিউলি এল না। হামিদ নিজেই লুঙ্গি, গেঞ্জি নিয়ে নিল। সরু নেত্রে পাকঘরে বেড়ার ফাঁক দিয়ে মূর্তির মতো বসে থাকা শিউলিকে দেখল। উনুনে লাকড়ি ঠেলছে অবচেতনে। সেদিকে চেয়েই জপাৎ জপাৎ গায়ে পানি ঢেলে দিল হামিদ। গা ভালোভাবে ডলে ডলে গোসল করল। গোসল শেষে লুঙ্গি ধুয়ে উঠোনে মেলে দিল। পাকঘর থেকে দা আনতে গিয়ে শিউলির মুখোমুখি হলেও আজ শিউলি অন্যদিনের মতো এগিয়ে এল না। ফিরতি হাসিও ফেরত দিল না। নির্জীবনের মতো নিচের দিকে চেয়ে রইল। হামিদ তার পা থেকে মাথা সম্পূর্ণ পর্যবেক্ষণ করে দা নিয়ে রোয়াকে শুয়ে থাকা মেয়ের পাশে বসল। ডাবের থোকা থেকে এক কোপে একটা ডাব ছিঁড়ে নিল। দা দিয়ে কুপিয়ে ডাবের মুখ কেটে হেলেনা পারভীনের হাতে দিল। হেলনা পারভীন ডাব উঁচিয়ে খেতে গিয়ে দুপাশ দিয়ে ফেলে দিলেন পানি। হামিদ গ্লাস এনে ঢেলে দিল মাকে। হেলেনা পারভীন খেয়ে বললেন,
"কচি আছে। তোর মাইয়ারে এট্টু খাওয়াইস।"
"এট্টুক বাচ্ছারে ডাবের পানি খাওয়ানি ঠিক হইব?"
"অত কতা কইস না। তোগো জন্মের এক সপ্তার মাথাত পানি খাওয়াইছি। এক মাসের মাথাত ভাত চটকাইয়া খাওয়াইছি। এহন যত রঙ্গের কতা হুনি।"
হামিদ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে ডাবে পানি হাতের ডগায় চুবিয়ে মেয়ের মুখের সামনে ধরল। মুখের সামনে বাবার হাত দেখতে পেতেই হামিদা মুখে ঢুকিয়ে দিয়েছে। জিহ্বা দিয়ে চাটছে আঙুল। হামিদ যতক্ষণ মেয়ে চাটা না থামায় ততক্ষণ মুখের সামনে আঙুল ধরে রাখল। এরপর হাত সরিয়ে আরেকটা ডাব কেটে পাকঘরের দিকে হাঁটা দিল। শিউলি পেঁয়াজ কুচি করছে। চুলায় টগবগ করে কুঁচো চিংড়ি মাছ দিয়ে শাপলার তরকারি ফুটছে। মুখের সামনে ডাব ধরায় শিউলি মুখ উঠিয়ে চাইল। হামিদকে দেখে মুখ ঘুরিয়ে লাকড়ি ঠেলে আবার পিঁয়াজ কাটায় মনোযোগ দিল। হামিদ লুঙ্গি কুঁচকিতে ঢুকিয়ে পিঁড়িতে বসল।
"কিরে ফোঁসফোঁস করস কিল্লিইগা?"
শিউলি জবাব দিল না। হামিদ লুঙ্গির আগায় গুঁজে রাখা স্নো বের করে শিউলির মুখের সামনে ধরল,
"ধর, তোর আর মাইয়ার লাইগা সুনো আনছি।"
শিউলিকে তবুও কোনো প্রতিক্রিয়া জানাতে না দেখে ধাক্কা মেরে বলল,
"কিরে জবাব দেস না ক্যান বান্দি?"
ধাক্কা খেয়ে শিউলি যেন ফুঁসে উঠল। মুখের সামনে ধরা স্নো ফিক্কা মেরে ফেলে দিল।
"লাগতো না এসব। ডং অন্য জায়গায় গিয়া করেন। নতুন বউয়ের লাইগা এইসব জোগাড় করেন। খবরদার আমারে এইসব আল্লাদ দেহাইতে আইবেন না কইলাম।"
বলেই শিউলি ঘুরে গেল। চোখদুটোও বেইমানি শুরু করেছে। হামিদ ঘটনা বুঝল। শুধাল,
"ডাব খাইতি না তাইলে?"
"না, সরেন আপনে এইহান থেইকা।"
"খাইয়া দেখ, মিডা পানি।"
"কইছি না খামু না। সরেন এন্তে, সরেন কইলাম।" গলায় জোর দিয়ে ঝামটি মেরে বলল শিউলি
"যাইতাছি, বল্লার লাহান করস ক্যা?"
পাকঘর থেকে যেতে যেতে বলে চলল,
"বিয়া একটা করনই লাগব। এইডা শান্তি দিতাছে না। বল্লা জানি কোনহানের! আমার কষ্টের টেকার সুনো ফিক্কা মারছস না? আর দিমুনি কিইন্না, আহিস।"
উল্টো ফিরে বসা শিউলির চোখ বেয়ে টপটপ করে গড়িয়ে পড়া অশ্রু হামিদ সর্দার খেয়াল করল না।
চলবে....
