#তৈলচিত্র
#নূরজাহান_আক্তার_আলো
[০৭]
ফজরের নামাজ পড়ে সাংসারিক কাজে লেগে পড়েছেন মরিয়ম বেগম। সকালে রান্না সারতে পারলে আরিজ দুটো খেয়ে আড়তে যেতে পারবে।
ছেলেটা আজ আবার শহরে যাবে আযান ভুঁইয়ার ওষুধ কিনতে।।কখন ফিরবে ঠিক নেই। পেট পুরে দুটো ভাত না খেয়ে গেলে উনার মনও ঠাণ্ডা হবে না। এমনিতেই ছেলেটার দিকে তাকানো যায় না। বুকটা ফেটে যায়। নিজেকে বড্ড অসহায় মনে হয়। মা-বোন আর সংসারের দায়িত্ব নিতে গিয়ে ছেলেটার ভবিষ্যত নষ্ট হয়ে গেছে। মাস্টার্স পাশ করা ছেলে অন্যের আড়তে কাজ করছে। যদি সে অশিক্ষিত হতো তাহলেও কথা ছিল কিন্তু
আরিজের রেজাল্ট খুবই ভালো। সে চাইলে চাকরি করতে পারতো কিন্তু সেই পথও খোলা নেই। আর খোলা নেই বলেই ছেলেটার আজ এই দশা।
যদিও উনাদের অবস্থা এমন ছিল না। আরিজের বাবা মনিরুজ্জামান চিনির মিলে চাকরি করতেন। কত সুখে ছিলেন উনারা। স্বামী-স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই ছিলেন। হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যান মনিরুজ্জামান। ধরাধরি করে হসপিটালে নিয়ে গিয়ে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন। চিকিৎসারত অবস্থাতেই মারা যান তিনি। লোন নিয়ে
খুব শখ করে একতলা বিশিষ্ট বাড়িও বানিয়েছিলেন। ভেবেছিলেন প্রতি মাসে অল্প অল্প করে দিয়ে লোন শোধ করবেন। কিন্তু সেটা তো হলো না। উনি মারা যাওয়ার পর লোনের টাকা নিতে ব্যাংকের লোকও চাপ দিতে লাগলেন। উনি মারা যাওয়ার পর মিল থেকে টাকা পেয়েছিলেন। সেটা দিয়েই ব্যাংক পরিশোধ করেছিলেন। বাবা নেই, রোজকার করার মানুষ নেই, বাড়িতে মা-বোন। সেই পরিস্থিতিতে আপন কেউ এগিয়ে আসেনি। যেখানে দুটো মুঠো ভাতের প্রয়োজন সেখানে ভাই-বোনের পড়াশোনার খরচ বিলাসিতা হয়ে দাঁড়াল। চাকরির বাজার তো আরো খারাপ। পরে তাদের অবস্থা দেখে আযান ভুঁইয়া আরিজকে নিজের আড়তে থাকার প্রস্তাব দেন। আরিজ ভীষণ খুশি হয়। মন দিয়ে সততার সঙ্গে সে আড়তে কাজ করতে থাকে। হঠাৎ একদিন পেটের ব্যথায় বিছানাগত হয়ে পড়েন মরিয়ম বেগম। আরিজ আড়তে কাজ করে যা পেতো তাই দিয়ে সংসার চলতো। এরমধ্যে মায়ের অসুস্থতায় চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য ছিল না তার। উপায় না পেয়ে আযান ভুঁইয়াকে জানালে উনি টাকা দিতে রাজি হোন। তবে শর্ত জুড়ে দেন পাঁচ বছর আরিজকে উনার আড়তেই কাজ করতে হবে। এই পাঁচটা বছর অন্যকোথাও কাজ করতে পারবেনা।
মায়ের অবস্থা দেখে আরিজ নিজের ভবিষ্যতের কথা ভাবেনি একবাক্যে রাজি হয়ে যায়। কিন্তু আযান ভুঁইয়া মনে মনে আরেকটি ছক এঁটে বসে ছিলেন। কারণ তিনি খুব ভালো করেই জানেন আরিজ পিছলে যেতে পারে। তাই টাকা দেওয়ার আগ মুহূর্তে আরিজের সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলেন। যাতে আরিজ কথার বরখেলাপ করতে না পারে।
এদিকে মা হসপিটালের বেডে কাতরাচ্ছে উনার অপারেশন করতে হবে।
আদরের বোনটা বাবাকে হারিয়ে মাকে হারানোর ভয়ে ডুঁকরে কাঁদছে। সেই মুহূর্তে কি নিজের কথা ভাবা যায়? সেও ভাবেনি, ভাবতে পারে নি।
আযান ভুঁইয়ার হাতে সার্টিফিকেট তুলে দিয়ে ভবিষ্যতটুকু বন্ধক রেখে মায়ের চিকিৎসা করেছে। কারণ চাকরি না করলে টুকটাক কিছু করেও খেতে পারবে। কিন্তু মা মারা গেলে তারা একেবারেই এতিম হয়ে যাবে।
আর পৃথিবীতে সবাই কি চাকরি করে? সবাই যদি বড় মানুষ হয় তাদের কামলা খাটবে কে? সবাই যদি অফিসার হয় মাঠে ফসল ফলাবে কে? চাকরি না করেও সে বাঁচবে। সৎ পথে থেকে মা-বোনের মুখে অন্নও তুলে দেবে। তারপর থেকে আরিজ একটু একটু করে যেন বদলে গেল।দায়িত্ব
নিতে শিখলো। বাবার আদরের ছেলেটা কর্মঠ হয়ে উঠল। দিন কি পড়ে থাকে? এইতো এইভাবে দিন যাচ্ছে দিনের মতো। তবে এই চরম সত্যের কথা উনি আর আরিজ ছাড়া কেউ জানেনা। অরাও না! তাকে জানাতে বারণ করেছে আরিজ। কি দরকার ওর ছোট্ট মনে এসব বড় বড় ভাবনা ঢুকানোর? তার মাথা থেকে বাবার ছায়া সরে গেছে, তাতে কি? বাবার মতো করে বোনের মাথার ছাতা হবে সে। আজ সকালবেলা হঠাৎ করে
সেসব পুরনো কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে গেল। আঁচলে চোখ মুছে সামনে তাকাতেই দেখেন আরিজ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। নিমের ডাল দিয়ে দাঁত মেসওয়াক করছে। পরনে পুরনো টি-শার্ট আর টাউজার। ছেলে টা হয়েছে বাবার মতো, লুঙ্গি পরেনা। কথা বলবে গ্রাম্য ভাষায় অথচ লুঙ্গি পরলে নাকি তার জাত যায়। তবে গ্রাম্য ভাষায় কথা বললেও সে খুব ভালো ইংলিশ জানে। আগে ইংলিশে বাবার সঙ্গে পটপট করে কথা বলতো। বাবা মারা যাওয়ার পর আর বলেনা। মাকে মলিন মুখে তাকাতে দেখে আরিজ বলল,
_'' কান্দো ক্যান? ঘরে চাল-ডাল নাই?''
_''কই কান্দি? তুই চোখে বেশি দেখোস।''
_'' হ, আল্লাহ আমারে দুখান চোক বেশি দিসে তাই বেশি দেহি।''
মরিয়ম বেগম কথা বাড়ালেন না সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়লেন।
নয়তো ধরা পড়ে যাবেন তো। চোখের পানি বড্ড বেহায়া। ছেলে-মেয়ে বোঝে না। বোঝে না, মায়ের চোখে পানি দেখলে সন্তানরাও পাগল হয়ে যায়। কথাবার্তা শুনে ঘুম থেকে উঠল অরা। ঘড়িতে সময় দেখে ছুটলো কলপাড়ে। ওজু করে আগে নামাজটা পড়ে নিলো। তারপর মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিয়ে বারান্দায় পাটি বিছিয়ে পড়তে বসল। সকালে পড়তে না বসলে আরিজ বকে। মরিয়ম বেগম উঠানে মাটির চুলায় রান্না করছেন। উঠানের এককোণে বড় ডালিমের গাছ। অনেকগুলো ডালিম
ধরেছে। আরিজ মিসওয়াক করতে করতে সুতির কাপড় দিয়ে ডালিম গুলো বেঁধে দিলো। গতবছর পেয়ারা খাওয়া যায় নি পোকায় ধরেছিল। গাছে বিষ দিয়েছিল তাই বোধহয় এবার ভালোই পেয়ারা ধরেছে। মনে হচ্ছে বেশ বড় বড় হবে। উঠানের আরেকপাশে অরা শখ করে বেগুন,
আলু, গাজর, টমেটো, লেবু, কাঁচামরিচ, ধনেপাতা, লাউ, লালশাক আর পুঁইশাকের চারা লাগিয়েছিল। রোজ পানি দেওয়াতে ভালোই হয়েছে। সে গাছের গোড়ায় মাটি দিয়ে পানিও ছিটিয়ে দিলো। ধনেপাতা এনে মায়ের হাতে দিলো। তার বাগানের ধনেপাতা তুলতে দেখে অরা ভ্রু কুঁটি করে তাকিয়ে রইল। তাকে তাকাতে দেখে আরিজ বলল,
_''কি পড়োস কানে আহে না ক্যা? জোরে পড়!''
অরা কিছু বলল না। নিজের মতো করে পড়াতে লাগল। তাকে চুপ দেখে আরিজ এবার গরুর খড় কাটতে কাটতে মরিয়ম বেগমকে বলল,
_''আম্মা, তুমি একটা জিনিস খেয়াল করছোনি?''
_''কি জিনিস আব্বা?''
_"অরা যে লক্ষী ট্যারা এইডা তো দিন দিন স্পষ্ট বোঝা যাইতেছে। আগে তেমন বোঝা যাইতো না।''
মরিয়ম বেগম ছেলের কথা শুনে মেয়ের দিকে তাকালেন। অরা পড়া থামিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে, সে লক্ষী ট্যারা। সে হুড়হুড় করে উঠে রুমের দিকে ছুটে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় তাকিয়ে বোঝার চেষ্টা করল আসলেই ট্যারা কি না। কই না তো! সব তো ঠিকই আছে। তখন আরিজ পুনরায় চেঁচিয়ে বলল,
_''ট্যারারা কহনও সোজা দেহে না। থাক, কষ্ট পাস না, পড়তে বয়। ভালো রেজাল্ট না হইলে আরেকটা ট্যারা ধইরা বিয়া পড়াইয়া দিমু।''
অরা বেরিয়ে এসে মুখ বাঁকাল। শুধু ভাইয়ের একথার কারণেএসএসসি, এইচএসসি পরীক্ষায় টপ করে দেখিয়ে দিয়েছে। এত সহজে বিদায় হবে না। তাই আরিজকে খোঁচাতে মায়ের দিকে তাকিয়ে বলল,
_''আম্মা, তুমি যতই পোলা পোলা করো তোমার পোলায় কিন্তু তোমারে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাইলে তোমার কষ্ট কমানোর চেষ্টা করতো।''
আরিজ শুনল তারপর ক্ষ্যাপাটে সুরে বলল,
_"আম্মারে আমি ভালোবাসি না? ক্যান মনে হইল ভালোবাসি না?''
_''ভালোবাসলে আম্মার কাজ কমানোর একখান মানুষ আইনা দিতা।''
_''কাজের মানুষ লাগব?''
_''হ। লাগবোই তো।''
_''সাবেরা চাচীরে কমু নে আম্মার কাজ কইরা দিতে। তিনবেলা এনেই খাইবো আর মাসে পাঁচশ টাকা। ''
_''অন্যরে না আইনা একটা বিয়া করলেই হয়।''
আরিজ আর কথা বাড়ল না। অরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গোয়াল ঘরের দিকে হাঁটা ধরল। গরুর গোসল করাতে হবে। গরু দুটো খুব পাজি মরিয়ম বেগম গোসল করাতে পারেনা। সে ট্রাউজার জড়িয়ে পানি এনে গোসল করাতে লাগল। অরা পড়া থামিয়ে চুপ করে দেখে গেল ভাইয়ের কাজ। বর্তমানে অনার্স প্রথম বর্ষের ছাত্রী সে। বরাবরই মেধাবী শিক্ষার্থী। আরিজ ছোটো থেকেই নিজে হাতে গড়েছে তাকে। কিন্তু একটা ব্যাপার মানতে পারেনা, তার ভাই অন্যের আড়তে কাজ করে। কোনো কাজই ছোটো নয়। কিন্তু পড়াশোনা জানা ছেলেটা কেন আড়তে কাজ করবে? কলেজ থেকে শিক্ষকতার জন্য আরিজকে প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু আরিজ হাসিমুখে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কেন দিয়েছে,সেই হিসাব আজও মিলাতে পারেনা। তবে ভাই যে খারাপ রেখেছে তাও না।
ভাইয়ের পরিশ্রমের অল্প টাকাতেও খারাপ থাকে না, যেমন আছে ভালো আছে। এজন্য লক্ষ-কোটি শুকরিয়া। কিন্তু ভাইয়ের দিকে তাকালে কষ্ট লাগে। কারণ তার বাবার শখ ছিল আরিজ সামরিক বাহিনীতে জয়েন করুক। নতুবা পাইলট। কিন্তু বাবার কোনো স্বপ্নই পূরণ হয়নি। গরীবের আবার স্বপ্ন! তবে সে মনেপ্রাণে বিশ্বাস করে তাদেরও সুসময় আসবে।
আসতেই হবে!
মরিয়ম বেগম চুলার ওপর ভাত বসিয়ে কাটাকুটির কাজ সেরে নিলেন। আজ রান্না হবে ভাত, পেঁপে ভর্তা, ছোট পুঁটি মাছের চচ্চড়ি আর ডাল। উনি মাড় ফেলতে দিয়ে গোয়াল ঘরের দিকে তাকালেন। আরিজ একা একা গরুকে গোসল করাচ্ছে। সারাদিন বাড়িতে থাকে না তাই সকালের দিকে টুকটাক কাজগুলো সেরে রাখে সে। যাতে উনার কষ্টটুকু কম হয়।
এদিকে আরিজ গরুকে গোসল করিয়ে খেতে দিয়ে শাসিয়ে বলল,
_:" আর একবার খাওন ফেলাইলে বারাইয়া ছতর বানাইয়া দিমু। খাওন ফেলাইয়া মশকরা করো আমার লগে? বেশি তেড়িবেড়ি করলে সদরের হাঁটে তুলমু!
তার ধমকানিতে গরু দুটো খড় ফেলার চেষ্টা করল না। কারণ তারা খুব ভালো করে জানে তার মালিকটা বড্ড ঘাড়ত্যাড়া। অবাধ্য হলেই পিঠের ওপর ধড়াম করে বারি বসিয়ে দেবে। তারপর গোয়ালের কাজ সেরে সে
গোসল সেরে নিলো। সাড়ে আটটা বেজে গেছে। তাকে আবার আড়তে যেতে হবে। ততক্ষণে মরিয়ম বেগমের রান্না শেষ। উনি তড়িঘড়ি খাবার বাড়তে লাগলেন। ভাই-বোন খেয়ে একসাথে বের হবে। তারা খেয়ে রেডি হতেই আরিজ অরাকে ডেকে গাড়ি ভাড়া দিলো। অরা টাকা ব্যাগে রেখে ঘুরতে গেলে আরিজ আর দশটা বাড়িয়ে দিয়ে বলল,
_''এক আঁটি ধনেপাতা পাঁচ টাকা। টাটকা নেওয়া জন্য দশটাকা দিলাম। খুশি?''
টাকা পেয়ে অরা চমৎকার করে হাসল। তারপর গড়গড় করে বলল,
_'' খাওয়ার মতো টমেটো, বেগুন, সবুজশাক, পুঁইশাক হয়েছে। ওগুলো
কালকে নিও।''
_''লাগবে না। ধন্যবাদ। ''
একথা বলে আরিজ বেরিয়ে গেল। তার পেছন পেছন বের হলো অরা। আজ বাড়তি দশটাকা পেয়ে তার খুশি আকাশছোঁয়া। আরিজের বুকটা
ভার হয়ে এলো। বোনটা বড় হয়েছে। কতকিছুই লাগে। অথচ সে কিছুই দিতে পারেনা। তারা গেট দিয়ে বের হতেই দেখে ধারা, সারা, হিয়া আর দিয়া দাঁড়িয়ে আছে। আরিজ পাঁচজনকে চেনা ভ্যানে উঠিয়ে নিজে গেল আরেকটা ভ্যানে। তারপর আড়তে পৌঁছে ঝাড়ু দিয়ে ঠিকঠাক করলো।
একে একে ভিড় বাড়তে লাগল। একা হাতে সেসব সামলানোর পর হেলে
দুলে আযান ভুঁইয়া এসে ক্যাশবক্সের সামনে বসলেন। বললেন,
_''বাইর হবি কখন? এই ল টাকা। এইবার দেড় মাসের ওষুধ আনবি।''
আরিজ টাকা গুনে সেভাবেই রেখে দিলো। তাকে রেখে দিতে দেখে উনি খ্যাঁক করে বললেন,
_''কি রে রাইখা দিলি যে?''
_'' আমারে জ্বিন লাগে? আমি পাখায় উইড়া উইড়া শহরে যামু? ভাড়া কই? প্রতিমাসে খচ্চরগিরি না করলে শান্তি পান না, না?''
_"ভাড়া লাগব কইলেই হয়। এত রাগারাগি কি আছে?''
_''প্রতিমাসে কইতে হইব? চায়া নিতে হইব যেন সব ঠ্যাকা আমারই।''
_''গোলামের পুত আইজকাল একটু বেশিই খর খর করিস তুই। ''
_''রাখেন ক্যান? কন, চইলা যাইতেছি গা। আমার কাজের অভাব হইব না।''
_'' কত দিমু?''
_''দেড় হাজার দেন।''
_''টাকা কি বলদের পিছন দিয়া এমনি এমনি আহে যে চাইলেই পাওন যায়?''
_''বলদের পেছন দিয়া আহে নাকি সামনে দিয়া সেই হিসাব আপনে রাখেন। এই মাসে ভাড়ার লগেও বাড়তি টাকাও লাগব। অরার বই কেনা লাগব।''
_''তোর বইনের এত বই লাগে ক্যান? ডাঙ্গর হইছে এবার বিয়া দিয়া দে।
কবে না জানি আকাম-কুকাম কইরা বসে। আমার বাইতে মাইয়া নাই? তারা পড়ালেহা করে না? কোনোদিন শুনলাম না একটা কলম লাগে।''
_''হইছোন তো বাপ নামের কলঙ্ক। মাইয়ারা কলম চাইতে আইলেও তো
ধইরা ঠ্যাঙ্গাবেন। তাইলে চাইবো কোন মুখ নিয়া? আর চাইব টা কি? আরাফ ভুঁইয়া আর হিমাদ্রির টাকায় তো চলে আপনের মাইয়ারা। মনে কইরা দেহেন, কবে মাইয়ারে ভালো একখান জামা কিনা দিছেন?''
_''তোর মুখটা বড্ড অবাধ্য রে আরিজ। কবে না জানি তোর মুখই তোর কাল হইয়া দাঁড়ায়।''
_''মরণ যদি থাহে তাইলে ঠেকায় কে? তয় আমি আরিজ কোনো ল্যাংড়া খোঁড়ারে ডরাই না। আমার ভবিষ্যতে কানা করছেন আমারে আর কি শেষ করবেন? আমি এমনেও শেষ! স্বপ্ন মইরা গেলে মানুষের ভিতরও মইরা যায়। ''
আযান ভুঁইয়া নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আরিজের কথাবার্তা সহ্য হয় না উনার। ইচ্ছে করে যে মুখটা দিয়ে তিক্ত কথা বের করে সেই মুখটা থেতলে দিতে। কিন্তু আড়তের সব হিসাব রাখতে আরিজের মতো বিশ্বস্ত কেউ নেই। যারা আছে তাদের আড়তে বসালে একদিনে উনার ক্যাশবক্স গড়ের মাঠ বানিয়ে ছাড়বে। আজকে যদি নিজের ছেলে থাকলে তাহলে অন্যের চোপা সহ্য করতে হতো না। তবে হ্যাঁ হিসাব রাখার মতো যোগ্য কাউকে খুঁজতে হবে। তারপর একে শায়েস্তা করতে হবে। একথা ভেবে আযান ভুঁইয়া থমথমে মুখে টাকা বের করে দিলেন। আরিজ টাকা নিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েও কিছু একটা ভেবে ঘুরে দাঁড়াল। বলল,
_''আপনে আপনের মাইয়াগোর লগে কি করেন দেহার সময় নাই। কিন্তু আমার বইনরে নিয়া যা কইবেন চিন্তা কইরা কইয়েন। আমার একটাই বইন! আমার বইন আমার কলিজা। ওরে ভালো রাখতে কামলা খাটি।
কষ্ট কইরা হইলেও যা পারি আমিই ওরে খাওয়ায়-পড়াই। তাই অন্যরে কিছু কওনের সুযোগ দিমু না আমি। যে কইবো তার জিবলা টাইনা ছিঁড়া ফেলামু।"
একথা বলে পেছন ফিরে তাকাল না সে। গটগট করে হেঁটে চলে গেল।
বাবাকে দাফন করার সঙ্গে বুকের সমস্ত ভয় ঢরও হারিয়ে ফেলেছে।
এদের মতো বেইমানকে ভয় পাওয়ার মানেই হয় না।
ঘড়িতে তখন বিকাল সাড়ে পাঁচটা।
অরা, ধারা, সারা, দিয়া, হিয়া বসে আছে গাছের গুঁড়ির ওপর। এরা পাঁচ জন সমবয়সী। তাই বেশিরভাগ সময় একসাথে দেখা যায়। পাঁচজনে একসাথে কলেজ গিয়ে ফিরেছেও একসাথে। যে যার বাড়ি গিয়ে বিশ্রাম সেরে বিকেলের দিকে আবার এক সাথে বসেছে। তারা একসাথে মানেই এক কথার রেশ ধরেই অট্টহাসিতে ফেটে পড়া। তাদের প্রত্যেকের হাতে কাঁচা তেঁতুল। কলেজ থেকে ফেরার পথে ঢিল ছুঁড়ে নামিয়েছিল। সেই তেঁতুল এখন লবণ ঠেকিয়ে কচমচ করে চিবিয়ে খাচ্ছে। টকে চোখ-মুখ কুঁচকে নিলেও খাওয়া থামাচ্ছে না। তাদের এভাবে খেতে দেখে বকুলও
একটু নিলো। তার আবার বাইরে বের হওয়া বারণ। তেঁতুল নিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেছে বেচারি। নয়তো আজও তার কপালে মার জুটবে। ধারা হঠাৎ একটা আমড়া গাছের দিকে তাকিয়ে বলল,
_''বেনু খালার গাছের আমড়াগুলো কত বড় বড় হয়েছে, তাই না?''
তার কথা শুনে বাকি চারজনও ঘুরে তাকাল। হিয়া মুখে তেঁতুল নিয়ে মুখ কুঁচকে বলল,
_''ওই শালির আমড়ার দিকে তাকাইস না। হা/রাম*জাদি চাইলেও দেয় না।''
দিয়া তখন কিছু একটা ঘোট পাকিয়ে দোতলার দিকে তাকিয়ে বলল,
_''চল গাধা ভাইয়াকে বাঁশ খাওয়ায়? ধরা না পড়লে তো হলোই, পড়লে উনার ঘাড়ে চাপিয়ে দেবো।''
পাঁচজনে দোতলার মুনতাসীরের রুমের দিকে তাকাল। পাঁচজনের মুখে ফুটে উঠল কুটিল হাসি। চারজনে উঠে দাঁড়ালেও অরা রাজি হলো না।কারণ তার ভাইয়ের কানে গেলে রক্ষা থাকবে না। তাছাড়া এটা মোটেও ঠিক হবে না। বড়রা জানতে পারলে পাঁচজনকেই ধরে পেটাবে। তার এত যুক্তি কেউ শুনলো না। বুঝতেও চাইল না। তাকে একপ্রকার টেনে হিঁচড়ে দোতলার দিকে হাঁটা ধরল। মুনতাসীর তখন চিপস খেতে খেতে তামিল মুভি দেখছিল। রোমান্টিক একটা সিন চলচিল। পা নাচাতে নাচাতে তার দৃষ্টি পড়ল দরজার দিকে। দ্রুত ল্যাপটপ অফ করে তড়িৎ উঠে দাঁড়াল।
তড়িঘড়ি টি-শার্ট খুঁজতে লাগল কিন্তু টি-শার্ট কোথায় কে জানে। পরনে শুধু ফোর কোয়ার্টার কালো কার্গো প্যান্ট। তার অবস্থা দেখে দিয়া বলল,
_''আমরা কিছু দেখছিনা, ভাইয়া। শুধু একটা কথা বলেই চলে যাব।''
পাঁচজনে মাথা নিচু করে তাকিয়ে আছে। অথচ ঠোঁটে চাপা হাসি। যেন বহুকষ্টে হাসি আটকে রেখেছে। বিনব্যাগের ওপর রাখা টি-শার্টটা নিয়ে গায়ে জড়ালো সে। তারপর তাদের ভেতরে এসে বসতে বসল। পাঁচজন এসে বসল। ঘুরে ঘুরে রুমটা দেখল। মুনতাসীর তাদের প্রত্যেকের হাতে একটি করে কাপ আইসক্রিম দিলো। তারপর জিজ্ঞাসা করল,
_''কিছু বলবে তোমরা?''
পাঁচজনই মাথা নাড়ালো। তারপর আইসক্রিম খেতে খেতে বেশ দুঃখী সুরে জানাল তারা হিমাদ্রির মিস করছে। সত্যি বলতে, আজকে হিমাদ্রি থাকলে আমড়া মাখা এনে দিতো। মুনতাসীর গলা খাঁকারি দিয়ে জানাল সে এনে দিবে কী না! পাঁচজন তড়িৎ জানাল দুরের বাজারে যেতে হবে না। তবে তাদের বাড়ির পাশে একটা আমড়াগাছ আছে নামিয়ে দিলেই হবে। তারা মাখিয়ে নেবে। অরা হাত না ধুয়েও খুব সুন্দর করে মাখাতে পারে। ওর হাতের মাথা খেলে হাত চাটতেই ইচ্ছে করবে। এমনভাবে ওরা একের পর কথা আওড়াতে থাকল। অনবরত এত কথার চক্করে বেচারা মুনতাসীরকে কিছু বলার সুযোগ দিলো না। অগত্যা মুনতাসীরকে প্যান্ট পরার সময়টুকু দিয়ে একেবারে সঙ্গে নিয়ে বাইরে এলো। তারপর বেশ ভুলিয়ে ভালিয়ে আমড়া গাছে তুলে দিলো। এদিকে মুনতাসীর জীবনে গাছে উঠেছে কি না মনে পড়েনা। শুধুমাত্র পাতানো বোনদের আবদারে আজ উঠেছে। বাকিরা নিচে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকিয়ে উঁকিঝুঁকি মারছে। তাদের উঁকিঝুঁকি মারতে দেখে সে জিজ্ঞাসা করল,
_''তোমরা উঁকিঝুঁকি মারছো কেন? কিছু হয়েছে?''
তার কথা শুনে পাঁচজন একযোগে জবাব দিলো,
_'' চুরি করতে এসেছি পাহারা না দিলে হবে? আপনাকে ধরতে পারলে গাছে বেঁধে পেটাবে? তাড়াতাড়ি করুন।''
মুনতাসীর হতভম্ব হয়ে গাছের ডালটা কোনোমতে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। এরা তাকে চুরি করতে এনেছে? সেও চুরি করতে এসেছে? তাকে চুরি করাতে এনেছে অথচ সে জানেনা। সে বিষ্ময় নিয়ে বলল,
_''তোমরা আমাকে চুরি করতে এনেছো?''
_''জ্বি ভাইয়া। খুশি হোননি?''
_''আগে বলোনি কেন এটা তোমাদের গাছ না?''
_''সারপ্রাইজ দিতে।''
মুনতাসিরের পাজোড়া কেন জানি টলছে। কখন না জানি ধপাস করে পড়ে। এদিকে শক খেয়ে উঠার আগেই পাঁচজনই আমড়া ছেঁড়ার তাড়া দিচ্ছে। তাড়া পেয়ে সে অসুস্থ রোগীর মতো দূর্বল হাতে আমড়া ছিঁড়তে লাগল। কিন্তু তার অবস্থা দেখে মনে হয় না আজকের মিশন সাকসেস হবে। তাই অরা কোমরে ওড়না পেঁচিয়ে গাছে তড়তড় করে গাছে উঠে পড়ল। টপাটপ আমড়া ছিঁড়ে সারার দিকে ছুঁড়লো। সারা ওড়না মেলে আমড়া ক্যাচ ধরছে। এরা কতটা চালু মুনতাসীর শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে।
এদিকে কারেন্ট চলে গেছে। প্রচণ্ড গরম। গাছের নিচে বসলে শান্তি লাগে। তাই গাছের মালিক হাতপাখা নিয়ে এদিকেই আসছে। উনাকে আসতে দেখে ধারা, সারা, দিয়া, হিয়া প্রাণহাতে নিয়ে দৌড়ে পালাল।
যাওয়ার আগে সংকেত দিতে ভুলল না। অরা সংকেত পেয়ে গাছের নিচে তাকিয়ে দেখল গাছওয়ালি নিচে টুল পেতে বসেছে। একা একা বকবক করছেন। মহিলা বহুত ঝগড়ুটে। উনার গাছের একটা ফল উনি কারো হাতে দেয় না৷ যদি কেউ খায়ও পারেনা গলার মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনতে। আজ যদি ধরা খায় তাহলে এলাকা রটিয়ে দেবে।
তার ভাই তাকে কি করবে কে জানে। এদিকে মুনতাসীর বিস্ময়ে নড়চড় ভুলে গেছে। থরথর করে কাঁপছে সে। এজন্যই বোধহয় বলে মেয়েদের চক্করে পড়তে নেই। যেই পড়ে সেই মরে। তার যা অবস্থা দারুণ শিক্ষা হলো। এতদিন যা হয়েছে তাও সম্মানটুকু তো বেঁচে ছিল। আজকে কি মার খেতে হবে? মনে মনে কিসব ভেবে সে এবার ফিসফিস করে বলল,
_''গরুর গুঁতো সহ্য করলেও মহিলা মানুষের কিল খেতে পারব না। আমার ইগো হার্ট করবে। ''
_''খেতে বলেছে কে? বীর পুরুষ হলে তরতর করে নেমে যান।''
_''উনি কিছু বলবে না?''
_''বলবে না। তবে জুতো পেটা করতেও ভুলবে না।''
_''সিরিয়াস মুহূর্তে মজা করা ঠিক না। এসব মানুষদের দুচোখে দেখতে পারিনা।''
তার কথা শুনে অরা শান্ত চোখে তাকাল। গতদিন এই ছেলেটাই তাকে পড়তে দেখে দাঁত বের করে হেসেছিল। ইচ্ছে করছে ধাক্কা দিয়ে নিচে ফেলে দাঁতকপাটি উপড়ে দিতে। যাতে পানি খেতে গেলেও পানি ফসকে বেরিয়ে যায়। এটা করলে ভাইয়ের কাছে অভিযোগ যেতে পারে। একে অন্যভাবে শায়েস্তা করতে হবে। তাই আপাতত নিজেকে সামলে থমথমে মুখে বলল,
_''তাহলে বসে বসে দোয়া পড়েন। আমি পড়তাছি আপনিও পড়েন।''
কেমন পাজি মেয়ে ভাবা যায়? ফাঁসিয়ে দিয়ে বলে কী না দোয়া পড়েন। দোয়া মনে পড়লে না পড়বে? কি আশ্চর্য! কোন বিপদে পড়ল? এবার
উদ্ধার হবে কিভাবে? হিমাদ্রিকে কি কল দেবে? কিন্তু ইরান থেকে উদ্ধার করবে কিভাবে? সে আর কিছু ভাবতে পারল না। ইচ্ছে করছে মহিলার মাথার ওপর লাফ মারতে। যাতে অজ্ঞান হয়ে পড়ে গেলে পালাতে পারে।
একথা অরাকে বলার আগে ধারার চিৎকার তাদের কানে গেল। দুজনই চমকে তাকাল। গাছের ওপর থেকে দেখে যাচ্ছে আযান ভুঁইয়া ধারাকে কঞ্চি দিয়ে পিটাচ্ছেন। ধারার মা ধরতে গেলে উনাকে দুই চার ঘা বসিয়ে দিচ্ছেন। হঠাৎ কি হলো? মারছে কেন মেয়েটাকে? কেউ কি বলে দিলো নাকি? ধারার আহাজারিতে আমড়া গাছের মালকিনও সেদিকে গেলেন।
এই সুযোগে মুনতাসীর আর অরা গাছ থেকে নেমে ছুটল ভুঁইয়া বাড়ির দিকে। উঠান অবধি গিয়ে ঘটকের সাইকেল দেখে অরা আর গেল না।
বুঝতে বাকি রইল না আসল ঘটনা। তাকে থমকে যেতে দেখে পেছনে থাকা মুনতাসীরও থেমে গেল। দূর থেকে কথা শুনে বুঝল পাত্রপক্ষের সামনে বসবে না ধারা। বিয়ে করবে না। তাই তাকে এভাবে মরছেন। উঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে আমড়াগুলো। সারা, দিয়া, হিয়া উঠানের এককোণে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মুনতাসীরের ইচ্ছে করল কঞ্চি কেড়ে উনাকে ধরে কয়েক ঘা বসাতে। কিন্তু বন্ধুর বাড়ির লোক।
এসে অবধি নিজেকে ভদ্রতার মুখোশে পরিয়ে শান্ত ভাবে আছে। কিন্তু এসব দৃশ্য তার সহ্য না। শরীর জ্বলে। হাত নিশপিশ করে। তবে এসব তাদের পারিবারিক ব্যাপার। তার কথা বলা ঠিক হবে না তাই মুনতাসীর কিছু বলল না। শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। অরা কাঁদতে কাঁদতে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ বলল,
_''তোমরা নামটা যেন কি?''
এই মুহূর্তে নাম জিজ্ঞাসা করায় রাগ হলো অরার। তবুও কান্নাভেজা কণ্ঠে জবাব দিলো,
_''অনাহিতা জামান অরা।"
_''চমৎকার নাম। কে রেখেছে?''
_''আমার ভাইয়া।''
_''ওহ। তা মিস,খরা আপনি কাঁদছেন কেন? ঘটক যাচ্ছে না বলে? আমি কি ঘটক পাঠাব? যাবেন শ্বশুড়বাড়ি?''
চলবে....!!
