#তৈলচিত্র
#নূরজাহান_আক্তার_আলো
[০৬]
তখন সন্ধ্যা সাতটা।
পশ্চিম দিগন্তে সূর্যটা অনেক আগেই বিদায় নিয়ে়ছে। দিনের কোলাহল স্তিমিত হয়ে নেমেছে নিগূঢ় সন্ধ্যা। বাড়ি বাড়ি জ্বলে উঠেছে সন্ধ্যাবাতি। একটুপরেই মাগরিবের আজান হলো। আজানের সুমধুর ধ্বনিতে ছেয়ে গেল পুরো এলাকা। হিমাদ্রি ওজু সেরে বের হতেই দেখে উসমান সাহেব বসে আছেন। তাকে দেখামাত্রই ওষ্ঠকোণে হাসি ফুটিয়ে উঠে দাঁড়ালেন।
এরপর কি ভেবে যেন হিমাদ্রির মাথায় সাদা চওড়া টুপি পরিয়ে দিলেন। ছেলেটার মুখজুড়ে এখনও ওজুর পানি লেগে আছে। ওজু করতে গিয়েই বোধহয় কপালের ওপর পড়ে থাকা চুলগুলোও ভিজিয়ে ফেলেছে। তবে দেখতে কিন্তু বেশ লাগছে। কে বলে পুরুষের সৌন্দর্য ভালো পোশাকে? নতুবা অঢেল টাকায়? তারা হয়তো ওজুর পরে তাদের পবিত্র মুখখানা দেখে নি। আর দেখেনি বলেই পুরুষের সৌন্দর্যের সুনাম করতে শেখেনি। মনে মনে হিমাদ্রির প্রশংসা করলেন তিনি। তারপর নরম সুরে বললেন,
_" ওজুর পানি মুছতে নেই। ওজুর পানির সঙ্গেও পাপ ঝরে পড়ে। এবার তাড়াতাড়ি চলো বাবা, মাগরিবের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না।''
_''জ্বি।"
_''তা নামাজ কি নিয়মিত পড়া হয়?''
_''জ্বি না। তবে আজ থেকে নিয়মিত পড়ব, ইন শা আল্লাহ্।''
_''আমি কি নামাজের ওয়াক্তে ডেকে দেব?''
_''ডাকলে অনেক খুশি হবো।''
_''হুম।''
তারপর উনারা কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে হাঁটা ধরলেন। মসজিদে পৌঁছে দুজন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষে অনেকই বের হয়ে যাচ্ছেন। কেউবা মুয়াজ্জিনের সঙ্গে কথা বলছেন। কয়েকজন এককোণে কুরআন নিয়ে বসেছে।উনারা বাড়ি গিয়ে অযথা সময় নষ্ট না করে এখন কুরআন পড়বেন। একেবারে এশার নামাজ পড়ে বাড়ি ফিরবেন। প্রতিদিন এটাই করেন। হিমাদ্রি উঠে দাঁড়িয়েছে। ততক্ষণে সে অনেকের নজরে পড়েছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে এই এলাকার নয়। তবে কে সে? কারো বাড়ির মেহমান? বের হতে হতেই উৎসুক দৃষ্টিতে অনেকে তাকে পর্যবেক্ষণ করল। নতুন মানুষ দেখে তাকানো সব দেশেরই রীতি নাকি কে জানে। মসজিদের ভেতরের স্থাপত্যশৈলী দেখে হিমাদ্রি মুগ্ধ না হয়ে পারলনা। নিখুঁতভাবে কাজকরা।
উসমান সাহেবের বামপাশে দাঁড়িয়ে পুরো মসজিদে দৃষ্টি বুলাল। তাকে এভাবে দেখতে দেখে উসমান সাহেব নিজেই জানালেন ব্যবসার লাভের তৃতীয়াংশ দিয়ে তিনি মসজিদটা একাই তৈরি করেছিলেন। যাতে আরো দশজন মুসল্লি নামাজ পড়তে পারে। একদম মনের মতোই বানিয়েছেন।জীবনে যদি ভালো কোনো কাজ করেও থাকেন তাহলে এটাই একটা। হিমাদ্রি চুপ করে শুনল। ভদ্রলোক বেশ গুছিয়ে কথা বলতে জানে। আর সে বরাবরই নীরব শ্রোতা। বলার থেকে শুনতে পছন্দ করে। ঠিক তখনই তাদের দিকে রেহমান আলী নামের এক ব্যক্তি এগিয়ে এলেন। হাসিখুশি সরল মানুষ তিনি। এসেই উসমান সাহেবের উদ্দেশ্যে বললেন,
_"উসমান সাহেব, এটা তো ঠিক হচ্ছে না।"
উসমান সাহেব তখন হিমাদ্রিকে মসজিদ ঘুরে দেখাচ্ছিলেন। আচমকা পরিচিত কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালেন। রেহমান আলীকে দেখে হাসিমুখে জিজ্ঞাসা করলেন,
_ "আরে রেহমান ভাই যে! কি খবর আপনার? দিনকাল কেমন যাচ্ছে?"
_ "আল্লাহর মেহেরবানীতে ঠিকঠাক চলছে। তবে আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেছেন না উসমান ভাই। আপনার কাছ থেকে এমনটা আশা করিনি।"
_ " কিসের কথা বলছেন,ভাই? আমি সত্যিই বুঝতে পারছি না। আমার দ্বারা কোনো ভুল হয়েছে?''
_"ভুল তো অবশ্যই হয়েছে। জামাতা নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছেন। অথচ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন না! এটা একদমই ঠিক না, ভাই।"
একথা শুনে উসমান সাহেবের মুখ মুহূর্তেই থমথমে হয়ে গেল। অস্বস্তিতে কপালে ভাঁজ পড়ল। তবে পরিস্থিতি সামলাতে উত্তর দিলেন,
_ "না ভাই, আপনার বুঝতে ভুল হয়েছে। সে আমার আত্মীয়ের ছেলে, এখানে বেড়াতে এসেছে। আপনি যা ভাবছেন তা নয়। আর মাহিনূরের বিয়ে এখন দেব না আমি। মেয়ে আমার পড়াশোনা করতে চায়। আমি
এতদিন মেয়ের ইচ্ছেকে মূল্যায়ন করেছি; আগামীতেও করব।''
উনার অকপটের জবাবে রেহমান আলী থতমত খেয়ে গেলেন। আসলে উনারও দোষ নেই। কারণ উসমান সাহেবের কাছে যতবারই মাহিনূরের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন ততবারইতিনি ফিরিয়ে দিয়েছেন। আর
উসমান সাহেব বাংলাদেশি। এজন্য বাংলাদেশি জামাতা নেওয়ার ইচ্ছের
কথা জানিয়েছেন। তাই ছেলেটাকে ভেবেছেন এটাই হয়তো মাহিনূরের স্বামী। তবে ছেলেটা দেখতে বেশ, জামাতা হলেও সমস্যা নাই। তাই তিনি হাসতে হাসতে পুনরায় বললেন,
_ "ওহ। আপনি তো একবার বলেছিলেন বাংলাদেশি জামাতা নেবেন। তাই ভেবেছি এটাই হয়তো। তবে এ ছেলেও যদি মাহিনূরের জামাই হয় তাহলেও কিন্তু মন্দ হতো না! বরং দুজনকে বেশ মানাবে। আমার কথা ভেবে দেখবেন উসমান ভাই।''
কথাখানা বলে ভদ্রলোক নিজেই হো হো করে হেসে উঠলেন। যেন কথা বলার পর হাসা বাধ্যতামূলক। কিন্তু স্বল্প পরিচিত এক অতিথির সামনে এমন অসংলগ্ন কথাবার্তা পছন্দ হলো না উসমান সাহেবের। মেয়ে নিয়ে
এসব কথা শুনতেও ইচ্ছুক না। উনি এবার সরাসরি তাকালেন হিমাদ্রির প্রতিক্রিয়া দেখার জন্য। কিন্তু হিমাদ্রি নির্বিকার। যেন সে কিছু শোনেনি। একদম শান্ত মুখ অটল হয়ে দাঁড়িয়ে আছে। রেহমান আলীর কথায় উনি হিমাদ্রির দিকে ভালো করে তাকালেন। বোঝার চেষ্টা করলে কেন হঠাৎ
করে রেহমান এমন কথা বললেন। ছেলেটার গায়ের রং ফর্সা। সামরিক বাহিনীর সদস্যদের মতো বেশ লম্বা-চওড়া। প্রশ্বস্ত কাঁধ ও বুক।মুখেজুড়ে অদ্ভুত দৃঢ়তা। চোখ দুটো বেশ তীক্ষ্ণ। জোড়া ভ্রু। নেশা ভান করে নাকি? দেখে অবশ্য মনে হচ্ছে না। করলে করুক, দুদিনের অতিথি তাকে নিয়ে এত ভাবার সময় নেই। ভালোভাবে থাকলে রাখবে নয়তো বিদায় করতে সময় লাগবে না। বলা বাহুল্য, মাহিনূর উনার একমাত্র মেয়ে। কলিজার টুকরো উনার। পুরো তল্লাটে মাহিনূরের মতো ভদ্র-শান্ত মেয়ে একটিও নেই। আর একথা উনি বুক উঁচুিয়ে গর্ব করে বলতে পারবেন। আর সেই
মেয়েকে তো আর যার তার হাতে তুলে দেওয়া যায় না। যার তার সঙ্গে জুটি বাঁধার কথা ভাবতেও পারেন না। মেয়ে উনাকে নিজে বলেছিল যে সে কখনো হারাম সম্পর্কে জড়াবে না। বাবা-মায়ের অসন্মান হয় এমন কাজ করবে না। শুধু আবদার তাকে যেন অনার্স অবধি পড়তে দেওয়া হয়। অনার্সের পর যেন বিয়ে-শাদির পর কথা উঠানো হয়। এরমধ্যে যদি
কখনও কাউকে ভালো লেগে যায় তবে সবার আগে উনাকেই জানাবে।
উনিই নাহয় ভালো-মন্দ বুঝে সিদ্ধান্ত নেবে। যেখানে মেয়ের প্রতি উনার অগাধ বিশ্বাস সেখানে বাইরের কারো কথায় এসব কিছু ভাবতে চাননা। মনে মনে উনি রেহমান আলীর ওপর খুব অসন্তুষ্ট হলেন। তবে মুখে কিছু বললেন না, স্বল্প কথায় বিদায় নিয়ে হিমাদ্রিকে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। তারপর খাওয়া-দাওয়ার পর্ব সেরে অতিথিশালায় এলো উনারা।
মাহিনূর আর নূরাইদ এখনো ভেতরে আছে একথাও জেনেছে সে। তাই সরাসরি দরজামুখো দাঁড়াল না। ধীরে ধীরে সামনে হাঁটতে লাগল। এই সময়টুকুতেই বুঝে গেছে উসমান সাহেব যথেষ্ট ধার্মিক একজন মানুষ। সহধর্মিণী আর মেয়েকে সে়ভাবে তৈরি করেছেন। আর উনাদের সম্মান জানাতে সেও মাহিনূরের মুখোমুখি হলো না। ছেলেটার কাজে উসমান সাহেব খুশি হলেন। অতিথি শালার দরজায় নক করে খুলতে বললেন।
বাবার কণ্ঠ শুনে নূরাইদ দরজা খুলে দিলো। মাহিনূর চুপ করে বিছানার এককোণে বসেছিল। এখানে জায়নামাজও আছে দুই ভাইবোন নামাজ পড়েছে। পুরো রুম সুন্দর করে সাজানো-গোছানো। উনি ইশারা করলে ওরা বেরিয়ে এলো। মাহিনূরকে বলল নূরাইদকে নিয়ে বাড়ি চলে যেতে। তাদের মা খাবার নিয়ে টেবিলে বসে আছে। একথা শুনে দুই ভাই-বোন নিচুস্বরে গল্প করতে করতে হাঁটা ধরল। বাড়ির গেট অবধি গিয়ে দুজনই দৌড়াতে শুরু করল। ছেলে-মেয়ের কাণ্ডে হাসলেন উসমান সাহেব। এরা
পারেও বটে! উনি হিমাদ্রি ডেকে নিয়ে অতিথি শালায় প্রবেশ করলেন।
এখানে কোথায় কী আছে দেখিয়ে বুঝিয়ে দিলেন। তারপর তাকে রেস্ট করতে বলে বেরিয়ে গেলেন। হিমাদ্রি দরজা বন্ধ করে পুরো রুমে চোখ বুলাল। নাকে এসে ধাক্কা খেলো মিষ্টি একটা সুগন্ধ। ল্যাভেন্ডার ফুলের ঘ্রাণের মতো। রুমে আহামরি আসবাবপত্র নেই। এছাড়াও আছে একটা
খাট, আলমারি, চেয়ার-টেবিল, একসেট সোফা। জানালায় ঝুলছে সাদা পর্দা। হিমাদ্রি এগিয়ে এসে জানালার পর্দা সরাতেই নজরে পড়ল দূরের আলবোর্জ পাহাড়। কেমন শিনা উঁচু করে গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে। সে সরে এসে বিছানায় বসল। বিছানায় হালকা ল্যাভেন্ডার কালার বেডশীট বিছানো। তার ওপর ছোট ছোট সাদা ডেইজি ফুল আঁকানো। রুচিসম্মত বলা চলে। রুমের সঙ্গে লাগোয়া ওয়াশরুম। তার ডানদিকে ছোট্ট একটি রান্নাঘর। রান্নাঘরের তাকে সিরামিকের জিনিসপত্রসহ গ্যাসের চুলারও
ব্যবস্থা আছে। হিমাদ্রি পুরো রুমে নজরজারি করে গোসল সেরে এলো। মাথা মুছতে মুছতে কফি বানাল৷ তারপর কফির মগ নিয়ে বেডের ওপর বসল। ল্যাপটপ অন করে কাজে মন দিলো। হঠাৎ ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই হঠাৎই তার ঠোঁটে হাসি ফুটল। মুনতাসীর কয়েকটি ছবি পাঠিয়ে মেসেজ করেছে,,,"ওহ বন্ধু রে! আর আসিব না গ্রাম ঘুরিতে! গোয়ামারা গ্রামে আইসা পড়ছি আমি বিপাকে..আর আসিব না গ্রাম ঘুরিতে।''
________
_''কথা কানে যাচ্ছে না? আজ নাচ থামালেই কপালে বহুত দুঃখ আছে। নাচ! উঠে দাঁড়া বলছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন মুখ বুঝে আমার আদেশ পালন করতে হবে। করতে বাধ্য তুই!''
শামীম কথাখানা বলে সপাৎ করে বেল্টের বারি বসালো বকুলের পিঠে। বুকল শুধু কাটা মুরগির মতো ছটফট করে গেল। ফর্সা পিঠে রক্ত জমাট বেঁধে গেল। এখন রাত প্রায় একটা। পাশের রুমে মেয়েটা ঘুমিয়ে আছে। তার কান্নার আওয়াজে যদি উঠে যায়? তাই সে নীরবে কাঁদতে লাগল। চোখের পানিতে পথ দেখতে পাচ্ছে না। শরীর মারের ব্যথায় জর্জরিত। নাক দিয়ে রক্ত পড়ছে। কপালের একপাশ ফুলে কালশিটে পড়ে গেছে। গায়ে বেল্ট দিয়ে মারার দাগ। বকুলকে কাঁদতে দেখে শামীম চুলের মুঠি ধরে টেনে দাঁড় করালো। তারপর স্বজোরে চড় মেরে হিসহিসিয়ে বলল,
_''বাইরে কেন গিয়েছিলি? পুরনো নাগরকে দেখতে? আমাকে দিয়ে মন ভরেনা? এখনো এত ভালোবাসা? কি আছে ওই ফকিন্নির বাচ্চার মধ্যে যা আমার মধ্যে নেই? তোকে বলেছিলাম না তুই বাড়ির বাইরে এক পা বাড়াবি না। কেন শুনলি না আমার কথা? ভয় লাগবে না? আজ তোকে মেরে ফেলব আমি।''
একথা বলে বকুলের গলা চেপে ধরল। বকুল গলা থেকে হাত সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। পুরুষালি দেহের কাছে তার দূর্বল দেহের শক্তি বড়ই তুচ্ছ। চোখ দিয়ে গড়গড়িয়ে পানি গড়াতে লাগল। শামীম তাকে
টেনে হিঁচড়ে দাঁড়িয়ে করিয়ে পুনরায় নাচতে বলল। বকুল বহুকষ্টে পা জোড়া ফেলল। সঙ্গে সঙ্গে রুমঝুম করে ঘুঙুর বেজে উঠল। তার দুই পায়ে ঘুঙুর বাঁধা। একটা সময় নাচতে খুব ভালোবাসত। নাচের প্রতিটা মুদ্রার মধ্যে সুখ খুঁজে পেতো। ঘুঙুরের শব্দে ছিল অন্যরকম টান। স্বপ্ন দেখত নাচ দিয়ে কিছু করবে। কিন্তু স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে ধরা দিলো জীবনে। তারপর ধীরে ধীরে জীবন থেকে শখ আহ্লাদ মুছে গেল। এবার প্রাণটা গেলেই বাঁচে!
______
গতসপ্তাহে বাংলাদেশি প্যারা-কমান্ডোর আট সদস্যের একটি টিম ইরানে পৌঁছেছে। আলবোর্জ পাহাড়ের গহীন অরণ্যে অস্থায়ী ক্যাম্প গেড়েছে। তাদের ক্যাম্পটি দেখলে মনে হবে প্রকৃতির একটি অংশ। চারপাশের ঘন পাইন,ওক আর ঝোড়ঝাড়ে দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকে। আট সদস্যের জন্য আঁটটি বিশেষ রঙের তাবু বসানো হয়েছে। যেগুলো এক নজরে শনাক্ত করাও সম্ভব না। আর তাদের আট সদস্যের ছয়জন ছেলে বাকি দুইজন মেয়ে। প্রত্যেকে এক একটি কাজে পারদর্শী। যেমন তাদের দলনেতা আয়মান চৌধুরী। তার কাজ রণকৌশল, সিদ্ধান্ত গ্রহণ এবং শৃঙ্খলা বজায় রেখে পুরো অভিযান চালিয়ে যাওয়া। স্কাউটের দায়িত্বে আছেন জাওয়াদ খান। তার কাজ দলের আগে গিয়ে পথ দেখানো। যদি সামনে কোনো শত্রু বা বিপদ থাকে সেটা খুঁজে বের করা। শার্পশুটারের দায়িত্বে আছেন আরিয়ান শাহ। তার কাজ স্নাইপার রাইফেল নিয়ে দূরে পাহারা দেওয়া। পরিস্থিতি বুঝে দূর থেকে শত্রুকে লক্ষ্য করে গুলি চালানো। ডেমোলিশন বিশেষজ্ঞের দায়িত্বে ইশতিয়াক রিয়াদ। তারকাজ পথে বাধা থাকলে বিস্ফোরক ব্যবহার করে পথ পরিষ্কার করা। রেডিও
অপারেটরের দায়িত্বে আছে তানভীর হাসান। তার কাজ বেতার যন্ত্রের পাশে থাকা। বাইরের হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং টিমের সবার সংকেত আদান-প্রদান করা। মেডিকের দায়িত্বে সাকিব মাহমুদ। তার কাজ টিমের কেউ আহত হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা। এবং টিমের সবার শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখা। সারভাইভাল বিশেষজ্ঞের দায়িত্বে আছে ফারাহ নওরিন। তার কাজ এই অরণ্যে খাবার বা বিশুদ্ধ পানি খোঁজা, দিকনির্ণয় করা এবং প্রতিকূল পরিবেশে টিমের সদস্যদের বেঁচে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা। ডিজিটাল বিশেষজ্ঞের দায়িত্ব নুসরাত জাহান। তার কাজ শত্রুর কোনো ইলেকট্রনিক ডিভাইস বা নেটওয়ার্ক থাকলে তা হ্যাক করে তথ্য চুরি করা। বা শত্রুর যোগাযোগ ব্যবস্থা অকেজো করে দেওয়া। আটজন এসে গহীন অরন্যে ক্যাম্পের চারপাশে কৌশলগতভাবে প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। যাতে শত্রুর উপস্থিতি সহজে টের পায়। আটজনই যথেষ্ট ধূর্ত আর চতুর। এই অবধি তারা বেশ কয়েকটি মিশনও সফল করেছে। অন্যদের সঙ্গে গেলে কেন জানি ঝগড়া লেগে যায়। মনমালিন্য হয়। আর আয়মানের মতো করে বাকিরা টিমের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে পারে না। এজন্য আয়মান স্যারকে তাদের ভীষণ পছন্দ। উনি ভীষণ মিশুক। এখানে আসা আজকে তাদের তৃতীয়দিন। আলবোর্জ পাহাড়ের চূড়ায় পাইনগাছের ফাঁক গলিতে আসছে দিনের আলো। ক্যাম্পের ভেতরটা একদম শান্ত। কথার শব্দ নেই। অথচ সবাই সজাগ। আটটি তাবুর মধ্যে কমান্ডো সেন্টার তৈরি করেছে তারা৷ সেখানে তাদের প্রতিটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এই মুহূর্তে নুসরাত বসে আছে কমান্ডো সেল্টারের
মধ্যে। তীক্ষ দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে কিছু টাইপিং করছে।তার পাশে বসে রেডিওর ফ্রিকোয়েন্সি সেট করছিলেন তানভীর। নুসরাতকে এভাবে ভ্রু কুঁচকে সিরিয়াস মুডে কাজ করতে দেখে মুখ বাঁকালো সে।
কালকের কুড়িয়ে আনা আখরোট চিবাতে চিবাতে নিচু সুরে শুধালো,
_''কিছু পেলে নাকি, নুসরাত? এভাবে রেগে তাকিয়ে আছো কেন? এত ভ্রু কুঁচাকালে ভ্রু উঠে যাবে তো। অবশ্য সুন্দরীদের ভ্রু কুঁচকালে দেখতে ভালোই লাগে।''
তানভীরের কথা সে রাগল না। তবে দৃষ্টি না সরিয়েই বলল,
_ ''ইরানি নেটওয়ার্কে একটা লুপহোল পাচ্ছি। এনক্রিপশন বেশ জটিল, তবে দেখে মনে হচ্ছে আমাদের কোড দিয়ে ভাঙা সম্ভব হবে। এর জন্য আমাকে মেইন সার্ভারের কাছাকাছি যেতে হবে। এখানকার নেটওয়ার্ক খু্ব ডাউন।''
_ ''এত রিস্ক নেওয়া কি ঠিক হবে? আর কোনো ওয়ে নাই?''
_'' উহুম।''
তখন বিরক্ত মুখে তবুতে প্রবেশ করল জাওয়াদ। নুসরাতের পাশে থাকা বোতলের পানি ঢকঢক করে খেয়ে ধপ করে বসে পড়ল। তার মেজাজ চড়ে আছে। কিছুক্ষণ আগে ছোট কাজ সারতে কেবল বসেছিল। ওমনি কোথা থেকে একটা সাপের বাচ্চা এসে ভয় পাইয়ে দিয়েছে। তার আবার সাপে ফোবিয়া। ভাগ্যিস মেইন পয়েন্ট কামড়ে দেয়নি। দিলে এই লজ্জার কথা কিভাবে জানাতো সে? যাক, আবার প্রমাণ হলো গরীবের আল্লাহ আছে। সে ঘাড় ঘুরিয়ে তাকাল তানভীর আর নুসরাতের দিকে। তাবুতে ঢুকতে ঢুকতে শুনেছে নুসরাতে কথা। তাই বলল,
_''পাহাড়ের ঢাল বেয়ে যে পথটা আছে ওইদিনে যাওয়ার কথা ভুলেও ভেবো না। ওপাশ দিয়ে অনেকেই যাতায়াত করে। আমি ফারাহর সাথে জঙ্গলে ঘুরে বিকল্প একটা পথ খুঁজে বের করেছি। তবে সেটা বেশ খাড়া।"
ফারাহ তখন সেখানেই উপস্থিত ছিল। ব্যাকপ্যাক গোছাচ্ছিল। তার কথা হচ্ছে দেখে ঘুরে তাকাল। নরম সুরে বলল,
_''পথটা খাড়া হলেও কিন্তু নিরাপদ। আমি লতাপাতা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছি ওপর থেকে ড্রোন দিয়েও শনাক্ত করা যাবেনা। আর হ্যাঁ, আমি ঝর্ণার পানি ফিল্টার করে নিয়েছি। সবার জন্য খাবার আর পানি
যথেষ্ট পরিমানের মজুদ আছে। কেউ আবার কম করে পানি খেও না। শরীর কিন্তু ফিট রাখতে হবে।''
তখন জাওয়াদ আশেপাশে তাকাল। তানভীরকে ইশারা করে জানতে চাইল অর্থাৎ আয়মান কোথায়? তখনই সেখানে আয়মান এসে দাঁড়াল। যারা শুয়ে বসে ছিল সম্মান প্রদর্শন করতে তারা উঠে দাঁড়াল। আয়মান
সবার দিকে একবার তাকিয়ে পকেট থেকে অনেকগুলো জলপাই বের করে দিলো। বলল,
_''ঝরনার দিকে গিয়েছিলাম। ফেরার পথে দেখি বড়সড় জলপাই গাছ। ডাল ভেঙ্গে পকেটভর্তি করে নিয়ে এলাম।''
একথা বলে জলপাই ওদের দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াবে তখনই নুসরাত ডেকে উঠল। আয়মান ঘুরে তাকাতেই সে বলল,
_''উনার নাম মোহাম্মদ উসমান। দীর্ঘ সাতাশ বছর ধরে ঘোড়ার ব্যবসা করেন। গোলেস্থানে সবচেয়ে বড় খামারটা উনারই। এক ছেলে ও মেয়ে। মেয়েটা গোলেস্থান বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী। আর ছেলে ক্লাস সেভেনে পড়ে। সহধর্মিণী আর দুই ছেলে-মেয়ে নিয়ে উনার পরিবার। উনার বাম হাত হলেন উনার শালা ইমাদ গোস্তামির। আর ডানহাত..!''
নুসরাত থেকে গেল। সবাই এতক্ষণ তার দিকে তাকিয়ে কথা শুনছিল। তাকে হঠাৎ থেকে যেতে দেখে আয়মান চোখ তুলে তাকাল। জোড়া ভ্রু কুঁচকে নিলো। হাতে থাকা একটা জলপাইতে মৃদুভাবে টোকা দিতে দিতে জিজ্ঞাসা করল,
_''ডানহাত?''
_''উনার মেয়ে মাহিনূর সিদ্দিকী।''
_''ওহ।''
_''স্যার, আপনি কি এখনই চলে যাবেন?''
_''হুম। ঘোড়ার ব্যবসা শিখতে এসেছি কাজে গাফলতি করলে চলবে?''
চলবে...!!
