যকের ধন
হেমন্দ্রকুমার রায়
খাসিয়া পাহাড়ে ১৩
চেরাপুঞ্জি পার হয়ে এগিয়ে এসেছি অনেকদূর। চেরাপুঞ্জি থেকে শিলং শহর প্রায় ষোলো ক্রোশ তফাতে। এই পথটা মোটর গাড়ি করে যাওয়া যায়। আমরা কিন্তু ও-মুখো আর হলুম না। কারণ জানা পথ ধরলে শত্রুপক্ষের সঙ্গে দেখা হবার সম্ভাবনা বেশি।
পাহাড়ের পর পাহাড়—ছোট, বড়, মাঝারি। যেদিকে চাই কেবলি পাহাড়— কোনো কোনো পাহাড়ের শৃঙ্গের আকার বড় অদ্ভুত, দেখতে যেন হাতির শুঁড়ের মতো, উপরে উঠে তারা যেন নীলাকাশকে জড়িয়ে ধরে পায়ের তলায় ফেলতে চাইছে! পাহাড়গুলোকে দূর থেকে ভারি কঠোর দেখাচ্ছিল, কিন্তু কাছে এসে দেখছি সবুজ ঘাসের নরম মখমলে এদের গা কে যেন মুড়ে দিয়েছে। কত লতাকুঞ্জে কত যে ফুল ফুটে রয়েছে—হাজার হাজার চুনি পান্না-হিরা-জহরতের মতো তাদের ‘আহামরি’ রঙের বাহার—এ যে ফুল-পরিদের নির্জন খেলাঘর! কোথাও ছোট ছোট ঝরনা ঝিরঝির করে ঝরে পড়ছে, তারপর পাথরের পর পাথরের উপরে লাফিয়ে পড়ে ঘুমপাড়ানি গান গাইতে গাইতে চোখের আড়ালে তলিয়ে গিয়েছে! কোথাও পথের দু’পাশে গভীর খাদ, তার মধ্যে শত শত ডালচিনির গাছ আর লতা-পাতার জঙ্গল শীতের ঠাণ্ডা বাতাসে থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে, সে-সব খাদের পাশ দিয়ে চলতে গেলে প্রতি পদেই ভয় হয়—এই বুঝি টলে পা ফসকে অতল পাতালের ভিতর অদৃশ্য হয়ে যাই! সবচেয়ে বিশেষ করে চোখে পড়ে সরল গাছের সার। এত সরল গাছ আমি আর কখনও দেখিনি। সমস্ত পাহাড়ই যেন তারা একেবারে দখল করে নিতে চায়! সে সব গাছে বেশি ডালপালা-পাতার জাল নেই; মাটি থেকে তারা ঠিক সোজা হয়ে উপরে উঠে যেন সদর্পে মাথা তুলে দাঁড়িয়ে আছে।
নির্জন পাহাড়, মাঝে মাঝে কখনও কেবল দু’একজন কাঠুরের সঙ্গে দেখা হচ্ছে। কাঠুরেরা জাতে খাসিয়া, তাদের চেহারার সঙ্গে গুর্খাদের চেহারার অনেকটা মিল আছে—নাক থ্যাবড়া, গালের হাড় উঁচু, চোখ বাঁকা বাঁকা, মাথা ছোট ছোট।
এখানে এসে এক বিষয়ে আমরা নিশ্চিন্ত হয়েছি। এতদিনেও করালীর দলের আর কোনো সাড়াশব্দ পাইনি। আমরা যে পথ ছেড়ে এমন অপথ ধরব, নিশ্চয়ই তারা কল্পনা করতে পারেনি। হয়তো তারা এখন আমাদের ধরবার জন্যে শিলং শহরে গিয়ে খুঁজে মরছে। কেমন জব্দ!
বিমল আজ দুটো বুনো মোরগ শিকার করেছে। সেই মোরগের মাংস কত মিষ্টি লাগবে তাই ভাবতে ভাবতে খুশি হয়ে পথ চলছি।
পশ্চিম আকাশে সিঁদুর ছড়িয়ে সূর্য অস্তে গেল। আমি বললুম, “বিমল, সারাদিন পথ চলে পা টাটিয়ে উঠেছে, ক্ষিদেও পেয়েছে খুব। আজকের মতো বিশ্রাম করা যাক।”
বিমল বললে, “কেন কুমার, চারদিকের দৃশ্য কি তোমার ভালো লাগছে না?”
“ভালো লাগছে না আবার, এত ভালো লাগছে যে দেখে দেখে আর সাধ মিটছে না। কিন্তু এই ক্ষিদের মুখে রামপাখির গরম মাংস এর চেয়ে ঢের ভালো লাগবে বলে মনে হচ্ছে?”
এই বলাবলি করতে করতে আমরা একটা ছোট ঝরনার কাছে এসে পড়লুম। ঝরনার ঠিক পাশেই পাহাড়ের বুকে একটা গুহার মতো বড় গর্ত। বিমল বললে, “বাহ্, বেশ আশ্রয় মিলেছে। এই গুহার ভিতরেই আজকের রাতটা দিব্যি আরামে কাটিয়ে দেয়া যাবে। রামহরি, মোটমাট এইখানেই রাখো।”
আমাদের প্রত্যেকের পিঠেই কম-বেশি মোট ছিল, সবাই সেগুলো একে একে গুহার ভিতরে নামিয়ে রাখলুম। গুহাটি বেশ বড়-সড়, আমাদের আরও চার-পাঁচ জন লোক এলেও তার মধ্যে থাকবার অসুবিধা হতো না। গুহার ভিতরটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রামহরি বললে, “খোকাবাবু, এইবার রান্নার উদ্যোগ করি?”
বিমল বললে, “হ্যাঁ দাঁড়াও, আমি তোমাদের একটা মজা দেখাচ্ছি, এখানে আগুনের জন্য কিছু ভাবতে হবে না!” এই বলে একটা কুড়ুল নিয়ে বেরিয়ে গেল।
আমি আর রামহরি ছুরি নিয়ে তখনি মোরগ-দুটোকে রান্নার উপযোগী করে ছুলতে বসে গেলুম। বাছাও সামনে দুই পায়ে ভর দিয়ে বসে ল্যাজ নাড়তে নাড়তে লোলুপ চোখে, ঘাড় বেঁকিয়ে এক মনে আমাদের কাজ দেখতে লাগল, তার হাবভাবে বেশ বোঝা গেল, রামপাখির মাংসের প্রতি তারও লোভ আমাদের চেয়ে কিছুমাত্র কম নয়।
খানিক পরেই বিমল একরাশ কাঠ ঘাড়ে করে ফিরে এলো। আমি বললুম, “এলে তো খালি কতকগুলো কাঠ নিয়ে। এর মধ্যে মজাটা কী আছে?”
“এই দেখো না,” বলেই বিমল কিছু শুকনো পাতা জড়ো করে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বাললে, তারপর একখানা কাঠ নিয়ে তার উপরে ধরতেই ধপ করে জ্বলে উঠল। বিমল কাঠখানা উঁচু করে মাথার উপরে ধরলে, আর সেটা ঠিক মশালের মতোই দাউদাউ করে জ্বলে উঠল।
আমি আশ্চর্য হয়ে বললুম, “বাহ্, বেশ মজার ব্যাপার তো! অত সহজে জ্বলে, ওটা কী কাঠ?”
বিমল বললে, “সরল কাঠ। এ কাঠে একরকম তেলের মতো রস আছে, তাই এমন সুন্দর জ্বলে। এর আর এক নাম ধূপকাঠ!”
রামহরি সেদিন সরল কাঠেই উনুন ধরিয়ে রামপাখির মাংস চড়িয়ে দিলে। আমরা দু’জনে গুহার ধারে বসে গল্প করতে লাগলুম।
তখন সন্ধ্যা উত্তরে গেছে, একটা পাহাড়ের আড়াল থেকে চাঁদ মামার আধখানা হাসিমুখ উঁকি মারছে—সেই আবছায়া-মাখা
জ্যোৎস্নার আলোতে সামনের পাহাড়, বন আর ঝরনাকে কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল।
বিমল হঠাৎ বললে, “কুমার, তুমি ভূত বিশ্বাস করো?”
আমি বললুম, “কেন বলো দেখি?”
বিমল বললে, “আমরা যাদের দেশে আছি, এই খাসিয়ারা অনেকেই ভূতকে দেবতার মতো পূজো করে। ভূতকে খুশি রাখবার জন্যে খাসিয়ারা মোরগ আর মুরগির ডিম বলি দেয়। যে মুল্লুকে ভূতের এত ভক্ত থাকে, সেখানে ভূতের সংখ্যাও নিশ্চয়ই খুব বেশি, কী বলো?”
আমি বললুম, “না, আমি ভূত মানি না।”
বিমল বললে, “কেন?”
“কারণ আমি কখনও ভূত দেখিনি। তুমি দেখেছ?”
“না, তবে আমি একটি ভূতের গল্প জানি।”
“সত্যি-মিথ্যে জানি না, তবে যার মুখে গল্পটি শুনেছি, সে বলে এর আগাগোড়া সত্যি।”
“কে সে?”
“আমাদের বাড়ির পাশে একজন লোক বাড়ি ভাড়া দিয়ে থাকত, এখন সে উঠে গেছে। তার নাম ঈশান।”
“বেশ তো, এখনও রান্নার শেষ হতে দেরি আছে, ততক্ষণে তুমি গল্পটা শেষ করে ফেলো—বিশ্বাস না হোক, সময়টা কেটে যাবে।”
একটা বেজায় ঠাণ্ডা বাতাসের দমকা এলো। দু’জনেই ভালো করে র্যাপার মুড়ি দিয়ে বসলুম। বিমল এমন ভাবে গল্প শুরু করলে, ঈশানই যেন তা নিজের মুখ বলছে।
