যকের ধন
হেমন্দ্রকুমার রায়
মানুষ না পিশাচ ১৪
[ঈশানের গল্প]
আমাদের বাড়ি যে গ্রামে, তার ক্রোশ দুয়েক তফাতেই গঙ্গা। কাজেই গাঁয়ে কোনো লোক মারা গেলে, গঙ্গার ধারে নিয়ে গিয়েই মড়া পোড়ানো হতো।
সে-বারে ভোলার ঠাকুরমা যখন মারা পড়ল— আমরা পাড়ার জন-পাঁচেক লোক মিলে মড়া নিয়ে শ্মশানে চললুম। শ্মশানে পৌঁছাতে রাত বারোটা বেজে গেল।
পাড়াগাঁয়ের শ্মশান যে কেমন ঠাঁই, শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না। এখানে গ্যাসের আলোও নেই, লোকজন গোলমালও নেই। অনেক গাঁয়েই শ্মশানে কোনো ঘরও থাকে না। খোলা, নির্জন জায়গা, চারদিকে বন-জঙ্গল, প্রতি পদেই হয়তো মড়ার মাথা আর হাড় মাড়িয়ে চলতে হয়। রাতে সেখানে গেলে খুব সাহসীরও বুক রীতিমতো দমে যায়।
আমাদের গাঁয়ের শ্মশান ঘাটে একখানা হেলে পড়া দরজাভাঙা কোঠাঘর ছিল। তার মধ্যেই গিয়ে আমরা মড়া নামিয়ে রাখলুম। পাড়াগাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি-কাঠ তো কিনতে পাওয়া যায় না, কাজেই আশেপাশের বন-জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হবে।
ভোলা বললে, “আমি মড়া আগলে থাকি, তোমরা সকলে কাঠ আনো গে যাও!”
আমি বললুম, “একলা থাকতে পারবে তো?”
ভোলা যেমন ডানপিটে, তার গায়ে জোরও ছিল তেমনি বেশি। সে অবহেলার হাসি হেসে বললে, “ভয় আবার কী? যাও, যাও—দেরি করো না।”
আমরা পাঁচ জনে জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলুম। একটা চিতে জ্বালাবার মতো কাঠ সে তো বড় অল্প কথা নয়। কাঠ কাটতেই কেটে গেল প্রায় আড়াই ঘণ্টা; বুঝলাম আজ ঘুমের দফার ইতি, মড়া পোড়াতেই সকাল হয়ে যাবে!
সকলে জঙ্গল থেকে বেরিয়ে, শ্মশানের দিকে যাচ্ছি, এমন সময়ে আমাদের একজন বলে উঠল, “ওহে দ্যাখো দ্যাখো, শ্মশানের ঘরের মধ্যে কীরকম আগুন জ্বলছে!”
তাই তো, ঘরের ভিতর সত্যিই দাউদাউ করে আগুন জ্বলছে যে অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললুম। ঘরের কাছ বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখলুম, মাটির উপরে কে একজন উপুড় হয়ে পড়ে আছে। লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের কাছে নামিয়ে দেখলুম, সে আর কেউ নয়—আমাদের ভোলা। তার মুখ দিয়ে গ্যাঁজলা উঠেছে, সে একেবারে অজ্ঞান হয়ে গেছে।
ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওখানে ঘরের ভিতর আগুন জ্বলছে—এ কেমন ব্যাপার। সকলে হতভম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে গেলুম। কাছে গিয়ে দেখি, ঘরের দরজার কাছটায় কে তাল তাল মাটি এনে টিপির মতো উঁচু করে তুলেছে, আরও খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত। এ সব কী কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভিতর উঁকি মেরে দেখলুম, এককোণে একরাশ কাঠ দাউদাউ করে জ্বলছে, একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠেছে, আর কোথাও মড়ার কোনো চিহ্নই নেই।
ভয়, বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার ভোলার কাছে ফিরে এলুম। তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠাণ্ডা জলের ঝাপটা দেবার পর আস্তে আস্তে সে চোখ চাইলে! তারপর উঠে বসে যা বললে, তা হচ্ছে এই—
“তোমরা তো কাঠ কাটতে চলে গেলে, আমি মড়া আগলে বসে রইলুম। খানিকক্ষণ এমনি চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন তন্দ্রা এলো। চোখ বুজে ঢুলছি, হঠাৎ থপ করে কী একটা শব্দ হলো। চমকে জেগে উঠে চারদিকে চেয়ে দেখলুম, কিন্তু কেউ কোথাও নেই। আমারই মনের ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি ঘুমোবার চেষ্টা করলুম। খানিকক্ষণ পরে আবার সেই থপ করে শব্দ। এবারে আমার সন্দেহ হলো হয়তো মড়ার লোভে বাইরে শেয়াল-টেয়াল কিছু এসেছে। এই ভেবে আর চোখ খুললুম না—এমনি ভাবে আরও খানিকটা সময় কেটে গেল। ওদিকে সেই ব্যাপারটা সমানই চলেছে—মাঝে মাঝে সব স্তব্ধ, আর মাঝে থপ করে শব্দ! শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হলুম। কিন্তু একি! ঘরের দরজার সামনেটা যে মাটিতে প্রায় ভরতি হয়ে উঠেছে, আর একটু পরেই আমার বাইরে যাবার পথও যে একেবারে বন্ধ হয়ে যাবে। কে এ কাজ করলে, এ তো যে সে কথা নয়! আমার ঘুমের ঘোর চট করে কেটে গেল, সেই কাঁচা মাটির পাঁচিল টপকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়লুম।
চাঁদের আলোয় চারদিকে ধবধব করছে। ঘর আর গঙ্গার মাঝখানে চড়া। এদিকে-ওদিকে চাইতেই দেখলুম, খানিক তফাতে একটা ঝাঁকড়া-চুলো লোক হেঁট হয়ে একমনে দুই হাতে ভিজে মাটি খুঁড়ছে। বুঝলাম, তারই এই কাজ। কিন্তু এতে তার লাভ কী? লোকটা পাগল নয় তো?
ভাবছি, এদিকে সে আবার একতাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। মস্ত লম্বা চেহারা, মস্ত লম্বা চুল আর দাড়ি, এরকম উলঙ্গ বললেই হয়—পরনে খালি এক টুকরো কপনি। সে মাথা নিচু করে আসছিল, তাই আমাকে দেখতে পেলে না। কিন্তু সে কাছে করে আসছিল, তাই আমাকে দেখতে পেলে না। সে তখন মুখ তুলে আসবামাত্র আমি তার সামনে গিয়ে দাঁড়ালুম।
আমার দিকে চাইলে—উঃ, কী ভয়ানক তার চোখ, ঠিক যেন দু’খানা বড় বড় কয়লা দপদপ করে জ্বলছে। এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনও দেখিনি।
ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম, “কে তুমি?”
উত্তরে মাথার ঝাঁকড়া চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ভুতুড়ে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। মহা আতঙ্কে প্রাণপণে আমি দৌড় দিলুম, কিন্তু বেশিদূর যেতে না যেতেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলুম। তারপর আর কিছু আমার মনে নাই।”
ভোলার কথা শুনে বুঝলুম, সে লোকটা পিশাচ ছাড়া কিছু নয়। দুষ্ট প্রেতাত্মারা সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভিতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে। মরা মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পিশাচ বলে। এই রকম কোনো পিশাচই ভোলার ঠাকুরমার দেহকে আগুন জ্বেলে আধপোড়া করে খেয়ে গেছে। ভোলাকেও নিশ্চয়ই সে ফলার করবার ফিকিরে ছিল, কেবল আমরা ঠিক সময়ে এসে পড়াতেই এ যাত্রা ভোলা কোনো গতিকে বেঁচে গেল। সেবারে আমাদের আর মড়া পোড়াতে হলো না।
