পুরনো কাঠের পাল্লাটা যখন দীর্ঘদিনের জমে থাকা জড়তা ভেঙে কর্কশ শব্দে ডানদিকে সরে গেল, জান্নাতের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাৎ করে উঠল।
শব্দটা খুব বেশি জোরে ছিল না। অথচ অদ্ভুতভাবে মনে হলো, নিস্তব্ধ বাড়িটার প্রতিটি দেয়াল যেন সেই শব্দে কেঁপে উঠেছে। দুপুরের চড়া রোদ চারপাশের উঠোন, গাছপালা আর বাড়ির সামনের প্রশস্ত বারান্দাকে আলোকিত করে রেখেছে। অথচ সদর দরজার ওপাশে তাকাতেই জান্নাতের মনে হলো, সেখানে দিনের আলো পৌঁছাতে পারেনি। বাইরের ঝলমলে পরিবেশের সঙ্গে ভেতরের অন্ধকারের কোনো মিল নেই।
অন্ধকারটা সাধারণ কোনো বন্ধ ঘরের মতো নয়। বরং মনে হচ্ছে, বহুদিন ধরে জমে থাকা ঘন কোনো ছায়া সেখানে স্থির হয়ে আছে। জান্নাত কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু যতই ভেতরের দিকে তাকাচ্ছিল, ততই অস্বস্তিটা বাড়ছিল।
সে অজান্তেই নিজের সুতি ওড়নাটা মাথার ওপর একটু ভালোভাবে টেনে নিল। কপালের কাছে ছোট ছোট ঘামের বিন্দু জমেছে। বাইরে প্রচণ্ড গরম, অথচ বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়েও তার শরীরের ভেতর দিয়ে কেমন একটা শীতল অনুভূতি বয়ে গেল।
সাকিব তখন তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল। ডান হাতে দুটো বড় ট্রাভেল ব্যাগ ধরে রেখেছে। দীর্ঘ পথ ভ্রমণের ক্লান্তি তার মুখে স্পষ্ট। অন্য হাতটা আলতো করে জান্নাতের কাঁধের ওপর রাখা।
সাকিবের পরিচিত স্পর্শে জান্নাত কিছুটা স্বস্তি পেল। পেছনে ফিরে স্বামীর দিকে তাকাল সে। ক্লান্ত মুখেও সাকিবের চোখে ছিল চেনা প্রশান্তি। সেই চোখের দিকে তাকালে জান্নাতের মনে হয়, পৃথিবীর যত অচেনা জায়গাই হোক, মানুষটা পাশে থাকলে ভয় পাওয়ার কিছু নেই।
সাকিব মৃদু হেসে বলল, — কী হলো, জান্নাত? ভেতরে যাবে না? নাকি সদর দরজায় দাঁড়িয়েই সারাদিন কাটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছ?
জান্নাত একটু ইতস্তত করল। তারপর নিচু গলায় বলল, — সাকিব, বাড়িটার কেমন যেন একটা অদ্ভুত গন্ধ। ঠিক বোঝাতে পারছি না। কেমন স্যাঁতসেঁতে, পুরোনো আর ভারী একটা গন্ধ। মনে হচ্ছে অনেক দিন ধরে এখানে কেউ থাকেনি।
সাকিব ব্যাগ দুটো দরজার পাশের মেঝেতে নামিয়ে রাখল। তারপর বাড়িটার ভেতরের দিকে একবার তাকিয়ে জান্নাতের দিকে ফিরে বলল, —পাঁচ বছর ধরে একটা বাড়ি পুরোপুরি বন্ধ থাকলে এমন গন্ধ হওয়াটাই স্বাভাবিক। বিশেষ করে এই ধরনের পুরোনো বাড়িতে। চুন-সুরকির দেয়াল, কাঠের দরজা, বন্ধ জানালা—সবকিছুতেই আর্দ্রতা জমে থাকে। ভেতরে গিয়ে জানালাগুলো খুলে দিলেই দেখবে, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে।
একটু থেমে সে আবার বলল, — চলো, বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঢোকো।
জান্নাত স্বামীর কথায় মৃদু মাথা নাড়ল। মনে মনে আয়াতুল কুরসি পাঠ করে ডান পা বাড়িয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল।
বাড়িটা সাকিবের এক দূরসম্পর্কের দাদার সম্পত্তি। বহু বছর আগে এই বাড়িতে মানুষের বসবাস ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়ির পুরোনো বাসিন্দারা অন্যত্র চলে যাওয়ায় জায়গাটা প্রায় পরিত্যক্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ধরে বাড়িটি বন্ধ অবস্থায় রয়েছে।
ঢাকার ব্যস্ত জীবন থেকে সাময়িক বিরতি নেওয়ার জন্যই সাকিব এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিল। শহরের ঘিঞ্জি পরিবেশ, চারপাশের যানবাহনের শব্দ, মানুষের অবিরাম ব্যস্ততা আর কাজের চাপ—সবকিছু থেকে কিছুদিন দূরে থাকতে চেয়েছিল তারা।
সাকিবের ফ্রিল্যান্সিংয়ের কাজও কম নয়। দিনের বড় একটা সময় তাকে ল্যাপটপের সামনে বসে থাকতে হয়। নতুন একটি প্রজেক্টের কাজ হাতে এসেছে। সেটি শেষ করতে হলে নিরিবিলি পরিবেশ প্রয়োজন। অন্যদিকে বিয়ের পর এক বছর পার হয়ে গেলেও নিজেদের জন্য আলাদা করে সময় বের করা তাদের পক্ষে খুব একটা সম্ভব হয়নি।
তাই কয়েক মাসের জন্য এই পুরোনো বাড়িতে থাকার পরিকল্পনা করেছিল তারা। সাকিব কাজ করবে, আর জান্নাতও শহরের কোলাহল থেকে দূরে একটু স্বস্তিতে সময় কাটাবে। অন্তত তাদের পরিকল্পনা এমনই ছিল।
কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করার পর থেকেই জান্নাতের মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতে শুরু করল।
সদর দরজা পেরিয়ে বিশাল একটি হলরুম। ঘরের ছাদ এত উঁচু যে ওপরের দিকে তাকালে কিছুক্ষণ পর ঘাড় ব্যথা হয়ে আসার মতো অবস্থা। দেয়ালের চারপাশে বেশ কয়েকটি বড় বড় জানালা। প্রতিটি জানালার সঙ্গে পুরোনো আমলের ভারী কাঠের খড়খড়ি লাগানো। সবগুলো বন্ধ থাকায় বাইরের আলো ভেতরে প্রবেশ করতে পারছে না।
ফলে দুপুরবেলাতেও ঘরের মধ্যে এক ধরনের ম্লান আলো বিরাজ করছে।
মেঝেতে পুরু ধুলোর আস্তরণ। কোথাও কোথাও ধুলোর ওপর পুরোনো জিনিসপত্রের অস্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছে। সাকিবের জুতার নিচে ধুলো জমে ছোট ছোট দাগ তৈরি হচ্ছে। ব্যাগ দুটো টেনে ঘরের মাঝামাঝি নিয়ে আসতেই মেঝের ধুলো বাতাসে উড়ে উঠল।
সাকিব চারপাশে তাকিয়ে বলল, — বাহ! বাড়িটা তো বেশ বড়। বাইরে থেকে যতটা বোঝা যাচ্ছিল, ভেতরে তার চেয়েও বেশি জায়গা।
জান্নাত কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে ঘরের প্রতিটি কোণ পর্যবেক্ষণ করছিল।
সাকিব একে একে জানালাগুলোর দিকে এগিয়ে গেল। পুরোনো কাঠের পাল্লাগুলো খুলতে বেশ বেগ পেতে হচ্ছিল। কোথাও কাঠ ফুলে গেছে, কোথাও কবজায় মরিচা ধরেছে। তবু সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
অন্যদিকে জান্নাত হলরুমের এক পাশে দাঁড়িয়ে ছিল। তার মনে হচ্ছিল, এই বাড়ির নিস্তব্ধতার মধ্যে এমন কিছু একটা রয়েছে, যা চোখে দেখা যাচ্ছে না, অথচ অনুভব করা যাচ্ছে।
বারবার মনে হচ্ছিল, কেউ একজন তাদের দিকে তাকিয়ে আছে। অবশ্যই এমন কোনো অনুভূতির পেছনে বাস্তব কোনো কারণ খুঁজে পাচ্ছিল না সে। হয়তো দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, হয়তো নতুন জায়গার অচেনা পরিবেশ। নিজেকে বোঝানোর চেষ্টা করল জান্নাত।
ঠিক তখনই তার দৃষ্টি গিয়ে থামল হলরুমের একেবারে শেষ প্রান্তে। সেখানে সিঁড়ির নিচ দিয়ে একটি সরু করিডোর চলে গেছে। করিডোরটির ভেতরটা অন্য অংশের তুলনায় অনেক বেশি অন্ধকার। সেখানে দিনের আলো পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই বললেই চলে।
আর সেই করিডোরের একেবারে শেষ মাথায় দাঁড়িয়ে আছে একটি ভারী কাঠের দরজা। দরজাটি দেখেই জান্নাতের ভ্রু কুঁচকে গেল।
বাড়ির অন্যান্য দরজা যেমন বাদামি রঙের পুরোনো কাঠ দিয়ে তৈরি, এটি তেমন নয়। এর রং কুচকুচে কালো। কাঠের ওপর অদ্ভুত কিছু নকশা খোদাই করা। নকশাগুলো খুব সূক্ষ্ম এবং জটিল। দূর থেকে দেখতে প্রাচীন কোনো সংকেত বা অচেনা লিপির মতো মনে হচ্ছে।
জান্নাত একটু ভালো করে তাকাল। অদ্ভুত ব্যাপার হলো, বাড়ির বাকি সবকিছু ধুলোর আস্তরণে ঢাকা থাকলেও দরজাটির গায়ে একটুও ধুলো নেই। কাঠের গা এতটাই পরিষ্কার যে ম্লান আলোতেও তার ওপর চকচকে ভাব দেখা যাচ্ছে। মনে হচ্ছে, কেউ নিয়মিত দরজাটি পরিষ্কার করে। কিন্তু পাঁচ বছর ধরে বাড়িটি বন্ধ থাকলে এমনটা কীভাবে সম্ভব? প্রশ্নটা জান্নাতের মাথায় আসতেই তার বুকের ভেতরটা আবার অস্বস্তিতে ভরে উঠল। দরজাটির মাঝামাঝি অংশে আরও একটি জিনিস তার চোখে পড়ল।
কালো কাঠের ওপর দিয়ে নিচের দিকে নেমে এসেছে কালচে জমাট বাঁধা একটি দাগ। দাগটি শুকিয়ে যাওয়া কোনো তরলের মতো। রং এতটাই গাঢ় যে প্রথম দেখায় জান্নাতের মনে হলো, এটি বুঝি শুকিয়ে যাওয়া রক্ত। তার গলা শুকিয়ে এল।
সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ সরাতে পারছিল না। একবার মনে হলো সাকিবকে ডাকবে। আবার পরক্ষণেই ভাবল, এত ছোট একটা ব্যাপার নিয়ে অকারণে ভয় দেখানোর কী প্রয়োজন?
হয়তো কোনো পুরোনো রাসায়নিক পদার্থের দাগ। কিংবা কাঠের রং উঠে গিয়ে এমন দেখাচ্ছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলেও মনের অস্বস্তি কমল না। বরং অজান্তেই সে দরজাটির দিকে এগিয়ে যেতে শুরু করল। এক পা, তারপর আরেক পা। কেন এগোচ্ছে, নিজেও বুঝতে পারছিল না। দরজাটির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবু অদ্ভুত এক কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছিল।
চারপাশের পরিবেশ যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। নিজের নিঃশ্বাসের শব্দও তার কানে অস্বাভাবিক স্পষ্ট শোনাচ্ছে। সে যত সামনে এগোচ্ছে, ততই মনে হচ্ছে করিডোরের অন্ধকার তাকে ঘিরে ধরছে।
অবশেষে দরজাটির প্রায় তিন ফুট দূরে গিয়ে দাঁড়াল সে।
এত কাছে থেকে দরজাটিকে আরও অস্বাভাবিক লাগছিল। কাঠের গায়ে খোদাই করা নকশাগুলো যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। জান্নাতের দৃষ্টি বারবার সেই কালচে দাগের ওপর আটকে যাচ্ছিল। সে ধীরে ধীরে ডান হাত বাড়াল। দরজার হাতলটি ছুঁয়ে দেখার ইচ্ছা হলো তার। ঠিক সেই মুহূর্তে— খটখট!
তীব্র একটি শব্দে জান্নাত চমকে উঠল। তার হাত মাঝপথে থেমে গেল। সে প্রায় ছিটকে পেছনে সরে এল।
হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন যেন বুকের ভেতর থেকে গলা পর্যন্ত উঠে এসেছে। কয়েক মুহূর্ত সে বুঝতেই পারল না কী ঘটেছে।
তারপরই চোখ গেল হলরুমের দিকে। সাকিব একটি জানালার পাল্লা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলেছে। পুরোনো কাঠের পাল্লাটি দেয়ালের সঙ্গে আঘাত করেই সেই শব্দ তৈরি করেছে।
জানালা খুলতেই বাইরের উজ্জ্বল রোদ হুড়মুড় করে ঘরের মধ্যে প্রবেশ করল। দীর্ঘদিনের জমে থাকা ধুলোর কণাগুলো আলোর মধ্যে ভেসে বেড়াতে লাগল। ঘরের অন্ধকার কিছুটা সরে গেল।
সাকিব জানালার পাশ থেকে ঘুরে দাঁড়িয়ে হাসিমুখে বলল, — জান্নাত, দেখেছ? আলো আসতেই পুরো ঘরটার চেহারা কেমন বদলে গেল! এতক্ষণ মনে হচ্ছিল যেন কোনো পুরোনো সিনেমার সেটে দাঁড়িয়ে আছি।
তারপর জান্নাতকে করিডোরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করল, — আচ্ছা, তুমি ওখানে কী করছ?
জান্নাত দ্রুত নিজের কাঁপতে থাকা হাত দুটো ওড়নার নিচে লুকিয়ে ফেলল। সে চাইছিল না সাকিব তার ভয়টা বুঝতে পারুক অন্তত এই মুহূর্তে নয়। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, — না, মানে... এই দরজাটা দেখছিলাম।
সাকিব করিডোরের দিকে এগিয়ে এল, — কোন দরজা?
জান্নাত কালো দরজাটির দিকে ইশারা করল, — এটা কিসের ঘর, সাকিব?
সাকিব দরজাটির দিকে তাকাল, তারপর খুব সাধারণ ভঙ্গিতে বলল, — ওহ, এটা! বোধহয় বাড়ির কোনো পুরোনো ভাঁড়ারঘর হবে। অথবা নিচে কোনো আন্ডারগ্রাউন্ড ঘর থাকতে পারে।
জান্নাত তার দিকে তাকাল, — আন্ডারগ্রাউন্ড?
— হ্যাঁ, পুরোনো বাড়িগুলোতে এমন ঘর থাকত। বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করা হতো।
সাকিব দরজাটির হাতলের দিকে একবার তাকিয়ে আবার বলল, — কেয়ারটেকার মোতালেব মিয়াকে জিজ্ঞেস করেছিলাম। সে বলেছে, এই ঘরের চাবি নাকি বহু বছর আগে হারিয়ে গেছে। তাই দরজাটা খোলা হয়নি।
জান্নাতের চোখ আবার দরজার দিকে চলে গেল, — বহু বছর আগে হারিয়ে গেছে?
— হ্যাঁ, কেন? কী হয়েছে?
জান্নাত একটু থেমে শুকনো মুখে হাসার চেষ্টা করল, — না, কিছু না। এমনিই জানতে চাইলাম। চলো, ওপরের ঘরটা গুছিয়ে নিই। খুব খিদে পেয়েছে।
সাকিব এবার তার মুখের দিকে ভালো করে তাকাল। জান্নাতের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখেমুখে কেমন একটা ফ্যাকাশে ভাবও রয়েছে। সে আলতো করে জান্নাতের গালে হাত রাখল, — তুমি খুব ক্লান্ত হয়ে গেছ। জার্নিটা অনেক লম্বা ছিল। এতক্ষণ দাঁড়িয়ে আছ, আবার এত বড় বাড়ি দেখে ঘুরে বেড়াচ্ছ। চলো, আগে একটু বিশ্রাম নাও। জান্নাত স্বামীর দিকে তাকিয়ে মৃদু হাসল।
সাকিব বলল, — ওপরের মাস্টার বেডরুমটা মোতালেব মিয়াকে দিয়ে আগেই পরিষ্কার করিয়ে রেখেছিলাম। সেখানে গিয়ে একটু জিরিয়ে নেবে। তারপর ধীরে ধীরে সব গুছিয়ে নেওয়া যাবে।
সাকিবের কথায় জান্নাত কিছুটা স্বস্তি পেল। তার মনে হচ্ছিল, এই বাড়ির অস্বাভাবিক নিস্তব্ধতার মধ্যে অন্তত একজন পরিচিত মানুষ তার পাশে রয়েছে।
দুজন মিলে ব্যাগগুলো নিয়ে কাঠের সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়িগুলো পুরোনো হলেও বেশ মজবুত। প্রতিটি ধাপ পেরোনোর সময় কাঠের ভেতর থেকে মৃদু মড়মড় শব্দ উঠছিল। সিঁড়ির দুপাশের রেলিংয়ে পুরোনো কারুকাজ। দীর্ঘদিন ব্যবহারের অভাবে কাঠের রং অনেকটা মলিন হয়ে গেছে। ওপরের তলায় উঠে করিডোর পেরিয়ে তারা মাস্টার বেডরুমে প্রবেশ করল।
ঘরটি তুলনামূলকভাবে বেশ পরিপাটি। মাঝখানে একটি বড় খাট। পাশে পুরোনো আমলের ড্রেসিং টেবিল। ঘরের এক পাশে বড় জানালা এবং তার সঙ্গে লাগোয়া প্রশস্ত বারান্দা।
বারান্দার দরজা খুলতেই বাইরে থেকে আলো এসে ঘরটিকে উজ্জ্বল করে দিল। জান্নাত বারান্দার কাছে গিয়ে দাঁড়াল। সেখান থেকে বাড়ির পেছনের বিশাল দিঘি দেখা যাচ্ছে। দিঘির পানির ওপর দুপুরের আলো পড়ে ঝিলমিল করছে। তার চারপাশে ঘন গাছপালা ও জঙ্গল দৃশ্যটা সুন্দর।
শহরের চারপাশে উঁচু উঁচু ভবন আর মানুষের ভিড়ের মধ্যে এমন দৃশ্য দেখা যায় না। জান্নাতের মনে হলো, কিছুদিন এখানে থাকলে হয়তো সত্যিই মনটা ভালো হয়ে যাবে।
সাকিব ব্যাগ দুটো খাটের পাশে রেখে বলল, — জায়গাটা কেমন লাগছে?
জান্নাত বারান্দা থেকে ফিরে বলল, — সুন্দর, তবে বাড়িটা অনেক পুরোনো। একটু গুছিয়ে নিলে আরও ভালো লাগবে।
সাকিব হেসে বলল, — কয়েক দিন সময় দাও সব ঠিক হয়ে যাবে।
দুপুরের খাবার খাওয়ার পর জান্নাত বেশ ক্লান্ত বোধ করছিল। দীর্ঘ পথের ধকল, নতুন জায়গায় আসার উত্তেজনা আর বাড়ির অদ্ভুত পরিবেশ—সব মিলিয়ে শরীরটা যেন আর চলতে চাইছিল না। সে বিছানায় শুয়ে পড়ল।
অন্যদিকে সাকিব বারান্দার একটি চেয়ারে বসে ল্যাপটপ খুলে নিজের কাজ শুরু করল। নতুন প্রজেক্টের কাজ শেষ করার জন্য তাকে বেশ মনোযোগ দিতে হচ্ছে। ল্যাপটপের কিবোর্ডে তার আঙুলের দ্রুত চলাচলে খটখট শব্দ তৈরি হচ্ছিল।
জান্নাত আধো ঘুমের মধ্যে স্বামীর দিকে তাকিয়ে রইল। বারান্দার আলোয় সাকিবের মুখটা বেশ শান্ত দেখাচ্ছিল। কাজের প্রতি তার মনোযোগ, মাঝেমধ্যে স্ক্রিনের দিকে ঝুঁকে বসা, আবার কিছুক্ষণ পর সোজা হয়ে বসে চিন্তা করা—সবকিছুই জান্নাতের পরিচিত।
এক বছর আগে এই মানুষটির সঙ্গে তার নতুন জীবনের শুরু হয়েছিল। সেই থেকে ছোট ছোট অনেক স্মৃতি জমেছে তাদের জীবনে। কখনো ব্যস্ততা, কখনো অভিমান, কখনো একসঙ্গে কাটানো অল্প কিছু সময়। সবকিছুর মাঝেও সাকিবের যত্ন জান্নাতকে বারবার আশ্বস্ত করেছে। মনে মনে আলহামদুলিল্লাহ বলল সে।
মানুষটা তাকে অনেক ভালোবাসে। অন্তত জান্নাতের কাছে এই ভালোবাসার প্রকাশ কখনো অস্পষ্ট মনে হয়নি।
এই অচেনা বাড়িতেও সাকিবের উপস্থিতি তাকে একধরনের নিরাপত্তা দিচ্ছিল। ধীরে ধীরে তার চোখের পাতা ভারী হয়ে এল। কখন যে ঘুমিয়ে পড়ল, নিজেও বুঝতে পারল না।
কতক্ষণ ঘুমিয়েছে জান্নাত জানে না। হঠাৎ ঘুম ভাঙতেই সে বুঝতে পারল, ঘরের পরিবেশ বদলে গেছে। চোখ খুলে প্রথমে কিছুই দেখতে পেল না। ঘরের ভেতর প্রায় ঘুটঘুটে অন্ধকার। সে ধীরে ধীরে উঠে বসল। বারান্দার দিকে তাকাতেই তার চোখ গেল সেই চেয়ারটির দিকে, যেখানে দুপুরে সাকিব বসে কাজ করছিল। চেয়ারটি খালি, ল্যাপটপও বন্ধ।
জান্নাত কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। তারপর বিছানা থেকে নেমে দাঁড়াল, — সাকিব? কোনো উত্তর এল না।
সে আবার ডাকল, — সাকিব, কোথায় তুমি?
তার কণ্ঠস্বর ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এল। কিন্তু সাকিবের কোনো সাড়া পাওয়া গেল না। জান্নাত ভাবল, হয়তো সাকিব নিচে গেছে। কিন্তু তাকে কিছু না বলে কোথায় গেল?
ঘড়ির দিকে তাকানোর চেষ্টা করল সে। অন্ধকারে সময় বোঝা যাচ্ছিল না। ঘুম থেকে উঠে হঠাৎ এমন নিস্তব্ধ পরিবেশে পড়ায় তার মধ্যে আবার অস্বস্তি তৈরি হলো। বাইরে কোনো শব্দ নেই।
সাধারণত সন্ধ্যার পর গ্রামাঞ্চলে পাখির ডাক, ঝিঁঝিঁ পোকার আওয়াজ কিংবা দূর থেকে মানুষের কথাবার্তা শোনা যায়। কিন্তু এই বাড়ির আশপাশে যেন কোনো কিছুর অস্তিত্বই নেই।
এত বড় একটি বাড়ি, অথচ চারদিকে এমন নিস্তব্ধতা যে নিজের পায়ের শব্দও অস্বাভাবিক জোরে কানে আসছে।
জান্নাত ঘর থেকে বেরিয়ে ওপরতলার করিডোরে এল।
করিডোরটি অন্ধকারে ডুবে আছে। দেয়ালের এক পাশে হাত রেখে সে ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোতে লাগল।
তার মনে হচ্ছিল, নিচে নেমে সাকিবকে খুঁজে বের করাই ভালো। ঠিক তখনই নিচতলা থেকে একটা শব্দ ভেসে এল।
খস... খস... খস...
জান্নাত থমকে দাঁড়াল। শব্দটা খুব ধীরগতির। যেন ভারী কোনো জিনিস মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিবার শব্দ হওয়ার মাঝখানে সামান্য বিরতি রয়েছে। সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল। আবার শব্দ হলো।
খস... খস... খস...
জান্নাতের বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। এটা কীসের শব্দ? সাকিব কি নিচে কোনো আসবাবপত্র সরাচ্ছে? কিন্তু এমনভাবে টেনে নেওয়ার মতো কী আছে?
সে সিঁড়ির রেলিং ধরে নিচের দিকে তাকাল। নিচতলার হলরুম প্রায় সম্পূর্ণ অন্ধকার। দুপুরে যে জানালাগুলো সাকিব খুলে দিয়েছিল, সেগুলো এখন বন্ধ। বাইরের কোনো আলোও ঘরের মধ্যে প্রবেশ করছে না।
জান্নাতের চোখ ধীরে ধীরে সিঁড়ির নিচের করিডোরের দিকে চলে গেল। সেখানে একটা অস্বাভাবিক আলো দেখা যাচ্ছে। আলোটা স্বাভাবিক হলুদ কিংবা সাদা নয়। বরং কালচে লাল রঙের। খুব মৃদু হলেও অন্ধকারের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে। জান্নাতের শরীরের ভেতর দিয়ে শীতল একটা অনুভূতি বয়ে গেল। শব্দটা ঠিক সেখান থেকেই আসছে। সিঁড়ির নিচের সেই করিডোর থেকে। তার মনে পড়ল দুপুরের কথা। সেই কালো দরজা, দরজার ওপরের অদ্ভুত নকশা আর শুকিয়ে যাওয়া রক্তের মতো দাগ।
হঠাৎ করেই তার মনে হলো, শব্দটা সেই দরজার ওপাশ থেকেই আসছে।
জান্নাত সিঁড়ির রেলিং আরও শক্ত করে ধরল। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। প্রতিটি ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে কাঠের মৃদু মড়মড় শব্দ হচ্ছিল। সে চেষ্টা করছিল যতটা সম্ভব নিঃশব্দে নামতে। কিন্তু নিচের সেই খসখস শব্দ একবারের জন্যও থামল না। তার ভয় হচ্ছিল তবু কৌতূহলও কম ছিল না।
এতক্ষণে সাকিবের খোঁজ পাওয়ার কথা। অথচ সে কোথায়, কেন কোনো উত্তর দিচ্ছে না—কিছুই বুঝতে পারছে না জান্নাত। সিঁড়ির শেষ ধাপে এসে সে থামল।
নিচতলার মেঝেতে পা রাখতেই অস্বাভাবিক ঠাণ্ডা একটা অনুভূতি হলো তার। ঘরের ভেতরের বাতাস যেন অন্য সময়ের তুলনায় অনেক বেশি শীতল।
সে ধীরে ধীরে মাথা তুলে করিডোরের দিকে তাকাল আর তখনই তার দৃষ্টি স্থির হয়ে গেল। সিঁড়ির নিচের সেই কালো কাঠের দরজাটি! দুপুরে যেটি শক্ত করে বন্ধ ছিল, সেটি এখন সামান্য ফাঁক হয়ে রয়েছে মাত্র ইঞ্চি খানেক। কিন্তু সেই সামান্য ফাঁক দিয়েই ভেতর থেকে কালচে লাল আলো বাইরে ছড়িয়ে পড়ছে। জান্নাতের গলা শুকিয়ে গেল। দরজাটা খুলল কীভাবে? সাকিব কি এটি খুলেছে?
কিন্তু চাবি তো নেই। মোতালেব মিয়া নিজেই বলেছিল, বহু বছর আগে চাবি হারিয়ে গেছে। তার চিন্তার মধ্যেই আবার সেই শব্দ শোনা গেল।
খস... খস... খস...
এবার শব্দটা আগের চেয়েও স্পষ্ট। মনে হচ্ছে, কেউ একজন দরজার ওপাশ থেকে নখ দিয়ে কাঠের গায়ে আঁচড় কাটছে। খুব ধীরে, বিরতি দিয়ে দিয়ে। জান্নাতের বুকের ভেতরটা কেঁপে উঠল।
সে নিজেকে থামানোর চেষ্টা করল। তার উচিত সাকিবকে ডাকা। অথবা ওপরের ঘরে ফিরে যাওয়া। এই দরজার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তার পা যেন নিজের নিয়ন্ত্রণে নেই। দেয়ালে হাত রেখে সে ধীরে ধীরে করিডোরের দিকে এগিয়ে গেল।
প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার ভয় বাড়ছিল। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। হাতের তালু ভিজে উঠেছে। সে কয়েকবার পেছনে ফিরে তাকাল, কিন্তু পেছনে কাউকে দেখতে পেল না। অবশেষে দরজাটির সামনে এসে দাঁড়াল।
কালো কাঠের গায়ে সেই একই খোদাই করা নকশা। মাঝখানের কালচে দাগটিও আগের মতোই রয়েছে। শুধু দরজাটি এখন বন্ধ নেই। ফাঁক দিয়ে বেরিয়ে আসা আলো তার মুখের একপাশে পড়ছে। জান্নাতের মনে হলো, তার সামনে দাঁড়িয়ে থাকা দরজাটির ওপাশে এমন কিছু রয়েছে, যার অস্তিত্ব সম্পর্কে তার কোনো ধারণাই নেই।
সে ধীরে ধীরে সামনের দিকে ঝুঁকল। প্রথমে কিছুই দেখতে পেল না। ফাঁকটা এতটাই সরু যে ভেতরের দৃশ্য স্পষ্ট বোঝা সম্ভব নয়। তবুও সে চোখটা দরজার কাছাকাছি নিয়ে গেল। ভেতরে কী আছে, সেটা একবার দেখার জন্য।
কিন্তু সে যা দেখল, তার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না। দরজার ওপাশে কোনো ঘর বা মেঝে নেই। কোনো দেয়ালও চোখে পড়ছে না। সেখানে কেবল অন্তহীন কালো শূন্যতা।
এমন এক অন্ধকার, যার কোনো শেষ আছে বলে মনে হচ্ছে না। জান্নাতের চোখ যতটুকু দেখতে পারছে, সবটুকু জুড়েই শুধু কালো শূন্যতা আর সেই শূন্যতার মাঝখানে ভাসছে দুটো চোখ, জ্বলজ্বলে, রক্তবর্ণ।
চোখ দুটো স্থির হয়ে আছে। কোনো নড়াচড়া নেই। অথচ সেগুলো সরাসরি জান্নাতের দিকে তাকিয়ে রয়েছে। জান্নাতের শরীর জমে গেল। সে চোখ সরাতে চাইল, কিন্তু পারল না। তারপর সেই চোখ দুটোর ঠিক নিচে ধীরে ধীরে একটা মুখের অবয়ব ফুটে উঠল প্রথমে অস্পষ্ট তারপর আরও একটু স্পষ্ট।
জান্নাতের বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য থেমে গেল। মুখটা... মুখটা আর কারও নয়, সাকিবের! তার নিজের স্বামী সাকিবের মুখ! কিন্তু এই মুখটা সেই পরিচিত মুখ নয়, যার দিকে তাকিয়ে জান্নাত প্রতিদিন নিশ্চিন্ত হয়। এই মুখে নেই কোনো মায়া, নেই কোনো কোমলতা, নেই পরিচিত ভালোবাসার ছাপ বরং ঠোঁটের কোণে ঝুলে আছে এক অস্বাভাবিক বীভৎস ও অমানুষিক হাসি।
জান্নাতের মনে হলো, সে যেন নিজের পরিচিত মানুষটিকে দেখছে না। তার সামনে দাঁড়িয়ে থাকা অবয়বটির সঙ্গে সাকিবের মুখের মিল থাকলেও তার চোখের দৃষ্টিতে এমন কিছু রয়েছে, যা জান্নাতকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।
এটা কীভাবে সম্ভব? সাকিব তো তার পাশে ছিল নাকি সে যা দেখছে, সবই ভুল?
তার মাথার ভেতর অসংখ্য প্রশ্ন একসঙ্গে ঘুরপাক খেতে লাগল। কিন্তু কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেল না। সে চিৎকার করে সাকিবকে ডাকতে চাইল। কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো, চারপাশের বাতাস কেউ এক নিমেষে শুষে নিয়েছে। তার বুক ভারী হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আর ঠিক তখনই সেই কালচে লাল আলোর ভেতর থেকে কিছু একটা নড়ল। জান্নাতের চোখের সামনে ধীরে ধীরে এগিয়ে এল একটি হাত, হাতটি কুচকুচে কালো আর অস্বাভাবিক দীর্ঘ।
দরজার ফাঁক দিয়ে সেটি বাইরে বেরিয়ে আসতে লাগল। যেন ভেতরের সেই অন্ধকার নিজেই হাতের রূপ নিয়ে বাইরে ছড়িয়ে পড়ছে। জান্নাত পেছনে সরে যাওয়ার চেষ্টা করল কিন্তু তার পা নড়ল না, হাতটি আরও এগিয়ে এল।
সোজা তার গলার দিকে।
আর পরমুহূর্তেই—
(চলবে...)
