"জান্নাত! জান্নাত, চোখ খোলো! কী হয়েছে তোমার?"
পরিচিত একটি কণ্ঠস্বর কানের কাছে ভেসে আসতেই জান্নাতের অবচেতন মন যেন ধীরে ধীরে বাস্তবে ফিরে আসার চেষ্টা করল। একই সঙ্গে তার গালে কয়েক ফোঁটা ঠাণ্ডা পানির ছিটা এসে পড়ল।
জান্নাত তীব্র ঝাঁকুনি দিয়ে চোখ মেলল। প্রথম কয়েক মুহূর্ত সে কিছুই বুঝতে পারল না। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা লাগছিল। বুকের ভেতর হৃৎস্পন্দন তখনো অস্বাভাবিক দ্রুত। মনে হচ্ছিল, দীর্ঘক্ষণ দৌড়ে এসে হঠাৎ কোথাও থেমেছে সে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
ধীরে ধীরে চোখের সামনে দৃশ্য পরিষ্কার হয়ে উঠল। সে নিজের শোবার ঘরের বিছানায় শুয়ে আছে। জানালার পর্দার ফাঁক দিয়ে বাইরে থেকে মৃদু চাঁদের আলো ঘরের মেঝেতে এসে পড়েছে। ঘরের একপাশে রাখা ড্রেসিং টেবিলের অবয়ব অন্ধকারের মধ্যে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর তার ঠিক মাথার কাছে বসে আছে সাকিব।
সাকিবের চোখেমুখে গভীর উদ্বেগ। কপালে চিন্তার ভাঁজ, এক হাতে পানির গ্লাস। অন্য হাত দিয়ে সে জান্নাতের কপাল ছুঁয়ে দেখছিল, — এই তো! চোখ খুলেছ অবশেষে। কী হয়েছে তোমার? এত ছটফট করছিলে কেন?
জান্নাত কোনো উত্তর দিল না। সে শুধু সাকিবের দিকে তাকিয়ে রইল। দুপুরে দেখা সেই পরিচিত মুখ। সেই চেনা চোখ, সেই মায়াভরা দৃষ্টি। মানুষটার মুখে এতটুকু পরিবর্তন নেই। কিন্তু কিছুক্ষণ আগেই তো সে অন্য এক মুখ দেখেছে!
কালো দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা সেই অবয়ব। রক্তবর্ণ চোখ। সাকিবের মুখে অমানুষিক হাসি। তারপর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসা দীর্ঘ কালো হাত! সবকিছু কি তাহলে স্বপ্ন ছিল? জান্নাত হঠাৎ বিছানায় সোজা হয়ে বসে পড়ল। তার শরীর তখনো কাঁপছে। সে দুই হাতে সাকিবের শার্টের হাতা শক্ত করে চেপে ধরল।
এমনভাবে ধরল, যেন হাতটা ছেড়ে দিলেই মানুষটা আবার অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। কাঁপা গলায় বলল, — সাকিব... তুমি কোথায় ছিলে?
সাকিব অবাক হয়ে তার মুখের দিকে তাকাল। — কোথায় ছিলাম মানে? আমি তো এখানেই আছি।
— না, আমি... আমি নিচে গিয়েছিলাম। সেই দরজাটা... কালো দরজাটা...
কথাগুলো বলতে গিয়ে জান্নাতের গলা আটকে এল। সে কয়েকবার ঢোক গিলল। সাকিব তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে শান্ত করার চেষ্টা করল, — আস্তে কথা বলো আর আগে একটু শান্ত হও, তোমার শরীর কাঁপছে কেন?
জান্নাত তার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। সাকিব আবার বলল, — তুমি কোনো নিচে যাওনি, জান্নাত। আমি কিছুক্ষণ আগে কাজে বিরতি দিয়ে ঘরে এসে দেখি তুমি ঘুমের মধ্যে খুব অস্থির হয়ে পড়েছ। বারবার ছটফট করছিলে। মুখে কী যেন বলছিলে। কাছে এসে শুনলাম, তুমি বলছ—'ছাড়ো, আমাকে ছাড়ো!'
জান্নাতের আঙুলগুলো আরও শক্ত হয়ে উঠল। সাকিব তার কপালে হাত রেখে বলল, — তোমার শরীরও অনেক গরম। মনে হচ্ছে বেশ জ্বর এসেছে। সম্ভবত জার্নির ধকল আর এই পুরোনো বাড়ির গুমোট পরিবেশ তোমার শরীরে সহ্য হয়নি। তুমি হয়তো খুব খারাপ একটা স্বপ্ন দেখেছ।
— দুঃস্বপ্ন? জান্নাত শব্দটা প্রায় ফিসফিস করে উচ্চারণ করল।
সাকিব মাথা নাড়ল, — হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আমি তো আছি।
জান্নাত কিছুক্ষণ চুপ করে রইল। তার বিশ্বাস করতে ইচ্ছে করছিল যে সবকিছু কেবলই একটা দুঃস্বপ্ন ছিল। বাস্তবে এমন কিছু ঘটেনি। সে কোনো কালো দরজার সামনে যায়নি। কোনো অস্বাভাবিক চোখ দেখেনি। সাকিবের মুখে এমন কোনো ভয়ংকর হাসিও দেখেনি। কিন্তু মনের ভেতর থেকে একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল। স্বপ্ন হলে এতটা বাস্তব মনে হলো কেন?
দরজার গায়ে নখের আঁচড় কাটার শব্দটা এখনো তার কানে বাজছে। সেই অস্বাভাবিক পচা গন্ধ যেন এখনো নাকের কাছে লেগে আছে। এমনকি গলার কাছে একটা অদৃশ্য চাপ অনুভব করছে সে।
জান্নাত নিজের গলায় হাত রাখল। সাকিব সঙ্গে সঙ্গে বিষয়টা লক্ষ করল, — কী হয়েছে? গলায় ব্যথা করছে?
জান্নাত মাথা নাড়ল, — না, কিছু না।
সাকিব তার কপালে হাত রেখে আবার তাপমাত্রা বোঝার চেষ্টা করল, — শরীরটা এখনো বেশ গরম। আমি নিচে গিয়েছিলাম রান্নাঘর থেকে পানি আনতে আর তোমার জন্য থার্মোমিটার খুঁজতে। তুমি কোনো চিন্তা করো না। মোতালেব মিয়াকে বলে রেখেছি, কাল সকালে যেন গ্রামের একজন ডাক্তারকে এখানে নিয়ে আসে।
জান্নাত একটু অবাক হয়ে তাকাল, — তুমি একা নিচে গিয়েছিলে?
— হ্যাঁ, কেন?
— না, এমনিই।
সাকিব তার হাতে পানির গ্লাসটা এগিয়ে দিল, — এই নাও, আগে একটু পানি খেয়ে নাও।
জান্নাত গ্লাসটা হাতে নিল। তার হাত তখনো সামান্য কাঁপছিল। ধীরে ধীরে কয়েক চুমুক পানি পান করল সে।
পানিটুকু গলা দিয়ে নামতেই কিছুটা স্বস্তি অনুভব হলো। তারপর মনে মনে আল্লাহকে স্মরণ করল। অসুস্থতা ও ভয় থেকে মুক্তির জন্য দোয়া পড়ল।
সাকিব গ্লাসটা পাশে রেখে জান্নাতকে আবার শুইয়ে দিল। তার গায়ের ওপর পাতলা কাঁথাটা টেনে দিল, — এবার ঘুমানোর চেষ্টা করো। শরীরের বিশ্রাম দরকার।
জান্নাত তার হাত ধরে ফেলল, — তুমি কোথাও যাবে না তো?
সাকিব মৃদু হাসল, — না। আমি এখানেই আছি, তোমার পাশে।
কথাটা বলেই সে জান্নাতের চুলে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। জান্নাত চোখ বন্ধ করল। সাকিবের এই পরিচিত স্পর্শ তার মনে জমে থাকা আতঙ্ক কিছুটা কমিয়ে দিল। সে নিজেকে বোঝাতে লাগল, হয়তো সত্যিই শরীর খারাপের কারণে এমন অদ্ভুত স্বপ্ন দেখেছে।
নতুন বাড়ি, অপরিচিত পরিবেশ, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি—সবকিছু মিলিয়ে তার মস্তিষ্কে ভয়ের অনুভূতি তৈরি হওয়া অসম্ভব কিছু নয়।
ভূত কিংবা অলৌকিক কোনো বিষয় নিয়ে অকারণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। সাকিবের হাতের আঙুলগুলো তখনো তার চুলের মধ্যে মৃদু স্পর্শ রেখে চলেছে। জান্নাতের চোখের পাতা ধীরে ধীরে ভারী হয়ে এল। তার মনে হলো, মানুষটা পাশে থাকলে পৃথিবীর সবচেয়ে অচেনা জায়গাটাও হয়তো নিরাপদ মনে হতে পারে। কিছুক্ষণের মধ্যেই সে আবার ঘুমিয়ে পড়ল।
রাত তখন আনুমানিক দুইটা বেজে ত্রিশ মিনিট। পুরো বাড়িটা যেন এক গভীর নীরবতার মধ্যে ডুবে আছে।
বাইরে দিঘির পানি স্থির। আশপাশের গাছপালা অন্ধকারে ডুবে রয়েছে। সাধারণত রাতের এই সময়েও গ্রামাঞ্চলে কিছু না কিছু শব্দ শোনা যায়। কখনো দূরের কোনো কুকুরের ডাক, কখনো ঝিঁঝিঁ পোকার একটানা আওয়াজ, কখনো পুকুরপাড় থেকে ব্যাঙের ডাক কিন্তু এই বাড়ির চারপাশে যেন সব শব্দ থেমে গেছে।
মাস্টার বেডরুমের জানালার পর্দা সামান্য নড়ছিল। বাইরে বাতাস থাকার কথা। অথচ ঘরের ভেতরের বাতাস কেমন যেন ভারী হয়ে উঠেছে। জান্নাতের ঘুম খুব গভীর ছিল না।
শরীরের জ্বরের কারণে বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। কখনো গা গরম লাগছিল, আবার কখনো অকারণেই শীত অনুভূত হচ্ছিল। হঠাৎ তার মনে হলো, ঘরের তাপমাত্রা যেন দ্রুত কমে যাচ্ছে।
প্রথমে সে বিষয়টিকে গুরুত্ব দিল না। কাঁথাটা একটু ভালোভাবে গায়ের ওপর টেনে নিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারল, শীতের অনুভূতিটা স্বাভাবিক নয়।
কাঁথার ভেতরেও যেন বরফশীতল বাতাস ঢুকে পড়ছে। শরীরের প্রতিটি অংশে অস্বস্তিকর ঠাণ্ডা অনুভূত হচ্ছে। এই অনুভূতিটা তার পরিচিত। ঠিক দুপুরে সেই কালো দরজার সামনে দাঁড়ানোর সময়ও এমন হয়েছিল। জান্নাত ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে পাশ ফিরে সাকিবের দিকে তাকাল।
সাকিব গভীর ঘুমে মগ্ন। তার বুক নিয়মিত ওঠানামা করছে। নিঃশ্বাসের স্বাভাবিক শব্দ পাওয়া যাচ্ছে। স্বামীকে পাশে দেখে জান্নাতের মনে কিছুটা স্বস্তি ফিরে এল।
সে ভাবল, হয়তো জানালার কোনো ফাঁক দিয়ে ঠাণ্ডা বাতাস ঢুকছে। সকালে সাকিবকে বিষয়টা জানাতে হবে।
কিন্তু ঠিক তখনই তার দৃষ্টি ঘরের একেবারে শেষ কোণে চলে গেল ঠিক আলমারিটার পাশে। সেখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। জান্নাত প্রথমে বুঝতে পারল না, সেটি কী।
চাঁদের মৃদু আলো পর্দার ফাঁক দিয়ে ঘরের একাংশে এসে পড়েছে। সেই আলোয় খাট, ড্রেসিং টেবিল ও আলমারির অবয়ব কিছুটা বোঝা যাচ্ছে কিন্তু আলমারির পাশের কোণাটা সম্পূর্ণ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছে একটি অবয়ব, কুচকুচে কালো, দীর্ঘ আর স্থির।
জান্নাত চোখ পিটপিট করে আবার তাকাল। না, ভুল দেখছে না সেখানে সত্যিই কিছু একটা দাঁড়িয়ে আছে। অবয়বটির গড়ন মানুষের মতো। মাথা, কাঁধ, শরীর—সবকিছুরই অস্পষ্ট আকার বোঝা যাচ্ছে। কিন্তু তার শরীরের কোনো অংশে চাঁদের আলো পড়ছে না। মনে হচ্ছে, ঘরের সেই কোণায় আলো পৌঁছানোর আগেই অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছে। জান্নাতের বুকের ভেতরটা মুহূর্তেই কেঁপে উঠল। সে বিছানার চাদর মুঠো করে ধরল। এটা কী, কেউ কি ঘরে ঢুকেছে? কিন্তু দরজা তো বন্ধ ছিল!
অবয়বটির দিকে তাকিয়ে থাকতে থাকতে জান্নাতের মনে হলো, এটি কোনো সাধারণ মানুষের শরীর নয়। মানুষের মতো গড়ন হলেও এর উপস্থিতিতে এমন কিছু আছে, যা তার সমস্ত স্বাভাবিক চিন্তাকে এলোমেলো করে দিচ্ছে।
সে সাকিবকে ডাকতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। তার জিহ্বা যেন ভারী হয়ে গেছে। বুকের ভেতর থেকে চিৎকার উঠে আসতে চাইছে, অথচ ঠোঁট নড়ছে না।
ঠিক তখনই অবয়বটি নড়ল প্রথমে সামান্য। তারপর ধীরে ধীরে আলমারির কোণ থেকে বেরিয়ে এল। জান্নাতের চোখের সামনে সেটি খাটের দিকে এগোতে শুরু করল। কোনো পায়ের শব্দ নেই, মেঝেতে পায়ের স্পর্শও বোঝা যাচ্ছে না। জান্নাত বিস্ময়ে তাকিয়ে দেখল, অবয়বটির নিচের অংশ মেঝে থেকে সামান্য ওপরে ভাসছে। যেন সেটির কোনো পা-ই নেই। তার শরীরের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসছে।
হুঁউউ... তারপর আবার সড়সড়।
শুকনো পাতার ওপর দিয়ে কোনো ভারী প্রাণী চলাচল করলে যেমন শব্দ হয়, অনেকটা তেমন। জান্নাতের বুকের ধড়ফড়ানি আরও বেড়ে গেল। সে চোখ বন্ধ করতে চাইল। কিন্তু অদ্ভুতভাবে তার দৃষ্টি সেই অবয়বের ওপর আটকে রইল, অবয়বটি আরও কাছে চলে এসেছে। এবার জান্নাত স্পষ্ট বুঝতে পারল, সেটি খাটের দিকে এগিয়ে আসছে।
তার শরীরের প্রতিটি পেশি যেন শক্ত হয়ে গেছে। হাত-পা নাড়ানোর চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না। হঠাৎ তার নাকে একটা তীব্র দুর্গন্ধ এসে লাগল পচা মাংসের মতো গন্ধ। এতটাই তীব্র যে তার বমি আসতে শুরু করল। সে কাঁথার ভেতর থেকে মুখ বের করে শ্বাস নেওয়ার চেষ্টা করল কিন্তু বাতাস যেন আরও ভারী হয়ে উঠেছে। অবয়বটি এবার খাটের ঠিক এক হাত দূরত্বে এসে থামল।
জান্নাতের মনে হলো, এর মুখ বলে কিছু থাকলেও অন্ধকারের কারণে সে দেখতে পাচ্ছে না। শুধু একটা কালো অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। তারপর সেই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে দুটি হাত বেরিয়ে এল।
হাত দুটি অস্বাভাবিক লম্বা এবং হাড়জিরজিরে। আঙুলগুলো স্বাভাবিক মানুষের তুলনায় অনেক বেশি সরু। প্রতিটি আঙুলের শেষ প্রান্তে লম্বা, ভাঙাচোরা নখ।হাত দুটো ধীরে ধীরে জান্নাতের দিকে এগিয়ে আসতে লাগল সোজা তার গলার দিকে।
জান্নাতের মনে হলো, আর এক মুহূর্তও অপেক্ষা করলে সে হয়তো আর নিজেকে রক্ষা করতে পারবে না। তার সমস্ত শক্তি যেন এক জায়গায় জমা হলো। হঠাৎ সে নিজের শরীরের ওপর থেকে ভয়ের অসাড়তা সরিয়ে সাকিবের দিকে হাত বাড়াল। তারপর সর্বশক্তি দিয়ে সাকিবকে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, — সাকিব! সাকিব! ওঠো! ওঠো! দেখো কে দাঁড়িয়ে আছে!
জান্নাতের তীব্র চিৎকারে সাকিব ধড়মড় করে উঠে বসল, — কী হয়েছে? জান্নাত!
সে দ্রুত বিছানার পাশে রাখা সাইড টেবিলের ওপর হাত বাড়িয়ে রিচার্জেবল লাইটটা তুলে নিল। সঙ্গে সঙ্গে লাইট জ্বলে উঠল তীব্র সাদা আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেল। জান্নাত হাঁপাতে হাঁপাতে খাটের পাশের দিকে তাকাল কিন্তু সেখানে কেউ নেই। আলমারির পাশের কোণাটা একদম ফাঁকা। কোথাও কোনো কালো অবয়ব নেই। মেঝেতে কোনো ছায়া নেই। ঘরের মধ্যে অস্বাভাবিক কিছু চোখেও পড়ছে না। শুধু সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকার অনুভূতিটা যেন এখনো তার মনের মধ্যে রয়ে গেছে।
জান্নাতের চোখ বারবার আলমারির কোণে চলে যাচ্ছিল কিন্তু কিছুই নেই। কিছুক্ষণ আগেও তো সেখানে একটি অবয়ব দাঁড়িয়ে ছিল! তাহলে এখন গেল কোথায়? সাকিব লাইটটা হাতে নিয়ে চারপাশে তাকাল। তারপর জান্নাতের দিকে ফিরল।
জান্নাতের সারা শরীর ঘামে ভিজে গেছে। চুলগুলো এলোমেলো। চোখ দুটো আতঙ্কে বড় হয়ে আছে। সে এত জোরে শ্বাস নিচ্ছে যে মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে।
সাকিব দ্রুত তার কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরল, — জান্নাত! কী হয়েছে তোমার? এভাবে চিৎকার করছ কেন?
জান্নাত কাঁপতে কাঁপতে তার বুকে মুখ লুকিয়ে ফেলল। সাকিবের টি-শার্ট শক্ত করে মুঠোয় ধরে বলল, — সাকিব, ওটা স্বপ্ন ছিল না! আমি সত্যি দেখেছি!
সাকিব তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগল, — কী দেখেছ?
— একটা কালো লোকের ছায়া! ওই যে আলমারির পাশে দাঁড়িয়ে ছিল! তারপর ধীরে ধীরে আমাদের খাটের কাছে চলে এসেছিল। আমি স্পষ্ট দেখেছি, সাকিব! ওটার পা ছিল না! মেঝের ওপর দিয়ে ভেসে ভেসে আসছিল!কথাগুলো বলতে বলতে জান্নাতের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তারপর ওটার হাত... ওটার হাত আমার গলার দিকে এগিয়ে আসছিল। আমি ভয় পেয়ে তোমাকে ডাকলাম। তুমি দেখোনি?
সাকিব জান্নাতের মুখের দিকে তাকাল, — আমি তো কিছুই দেখিনি। তুমি যখন আমাকে ডাকলে, তখনই ঘুম ভেঙেছে।
— কিন্তু আমি দেখেছি!
— আচ্ছা, শান্ত হও আগে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো।
জান্নাত সাকিবের হাত চেপে ধরে বলল, — এই ঘরের বাতাসটা দেখো কত ঠাণ্ডা! আর কেমন একটা পচা গন্ধ পাচ্ছ? তুমি পাচ্ছ না?
সাকিব এবার ঘরের চারপাশ ভালো করে দেখল। হাতে থাকা লাইট দিয়ে আলমারির পাশ, দরজার কাছে এবং জানালার আশপাশ পরীক্ষা করল। তারপর বাতাসে নাক টেনে গন্ধ বোঝার চেষ্টা করল কিন্তু সে তেমন কিছুই বুঝতে পারল না, — আমি তো তেমন কিছু পাচ্ছি না, জান্নাত।
জান্নাত অবিশ্বাসের চোখে তার দিকে তাকাল, — তুমি পাচ্ছ না?
— না, তবে তুমি যেহেতু বলছ, বিষয়টা খেয়াল রাখব।
সাকিব আবার বিছানায় বসে তার হাত নিজের হাতে নিল।
কিছুক্ষণ পর শান্ত গলায় প্রশ্ন করল, — আচ্ছা, ঘুমানোর আগে তুমি আয়াতুল কুরসি আর চার কুল পড়েছিলে? জান্নাত মাথা নাড়ল, — হ্যাঁ, পড়েছি।
— ভালো, আল্লাহর ওপর ভরসা রাখবে। ভয় পেয়ে নিজেকে আরও অসুস্থ করে ফেলো না। তুমি এখন জ্বরে ভুগছ। জ্বরের কারণে কখনো কখনো মানুষের ঘুমের মধ্যে বিভ্রম হতে পারে। তাছাড়া দিনের বেলায় ওই কালো দরজাটা দেখে তুমি ভয় পেয়েছিলে। সেটার প্রভাবও তোমার মনে থেকে যেতে পারে।
জান্নাত চুপ করে রইল। সাকিব আবার বলল, চলো, আমি ফোনে সুরা বাকারা চালিয়ে দিচ্ছি। তেলাওয়াত শুনতে শুনতে মনটা শান্ত করার চেষ্টা করো। বাকি রাতটুকু আমি জেগে থাকব। তোমার হাত ধরে বসে থাকব। ঠিক আছে?
জান্নাত ধীরে ধীরে মাথা নাড়ল। সাকিব নিজের মোবাইলটা হাতে নিয়ে সুরা বাকারা তেলাওয়াত চালু করল। কিছুক্ষণের মধ্যেই ঘরের নীরবতা ভেঙে পবিত্র কুরআনের তেলাওয়াত ভেসে উঠল জান্নাত চোখ বন্ধ করল।
তার মনে হচ্ছিল, এতক্ষণ ধরে জমে থাকা আতঙ্কটা ধীরে ধীরে কিছুটা কমে আসছে। সে মনে মনে আল্লাহর কাছে আশ্রয় চাইল। নিজের অসুস্থতা থেকে সুস্থতা এবং সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তার জন্য দোয়া করল।
সাকিব তার হাত ধরে বসে রইল। মাঝেমধ্যে জান্নাতের কপালে হাত রেখে দেখছিল জ্বর কমেছে কি না। আবার কখনো তার চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। জান্নাতের মনে হলো, তার স্বামী সত্যিই খুব যত্নশীল। এমন একজন মানুষ পাশে থাকলে ভয় পাওয়ার কিছু নেই। ধীরে ধীরে তার নিশ্বাস স্বাভাবিক হয়ে এল। চোখের পাতাও ভারী হয়ে উঠল। তেলাওয়াতের মধুর ধ্বনির মধ্যে সে আবার ঘুমিয়ে পড়ল।
রাত শেষ হতে আর খুব বেশি দেরি নেই। বাইরের আকাশে তখনো অন্ধকার। ভোরের আলো ফুটতে আনুমানিক এক ঘণ্টা বাকি। সাকিব বিছানায় বসে জান্নাতের দিকে তাকিয়ে ছিল। কিছুক্ষণ আগে যে মেয়েটি ভয়ে কাঁপছিল, এখন সে গভীর ঘুমে তলিয়ে গেছে। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঘুমের মধ্যেও কপালের কাছে সামান্য ভাঁজ পড়ে আছে। সাকিব কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। তারপর মুখে একটি অদ্ভুত শান্ত হাসির রেখা ফুটে উঠল। সে খুব সাবধানে জান্নাতের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিল। চেষ্টা করল যেন তার ঘুম না ভাঙে। এরপর বিছানা থেকে নেমে দাঁড়াল। ঘরের রিচার্জেবল লাইটটি তখনো জ্বলছে। সাদা আলোয় ঘরের আসবাবপত্র স্পষ্ট দেখা যাচ্ছে।
সাকিব ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। জানালার বাইরে তাকালে দূরের অন্ধকার জঙ্গল দেখা যায়। গাছগুলোর ছায়া রাতের অন্ধকারে একাকার হয়ে আছে। কোথাও কোনো আলো নেই। সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। তারপর নিজের কপালটা জানালার কাচের সঙ্গে ঠেকিয়ে দিল। কাচে ঘরের ভেতরের আলো প্রতিফলিত হচ্ছিল। সেই প্রতিফলনে সাকিবের মুখও স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই দৃশ্যটার মধ্যে এমন কিছু চোখে পড়ল, যা স্বাভাবিক নয়। জানালার কাচে সাকিবের প্রতিবিম্ব দেখা যাচ্ছে ঠিকই। কিন্তু প্রতিবিম্বের চোখ দুটো মানুষের চোখের মতো নয় সেগুলো কুচকুচে কালো।
চোখের ভেতর কোনো স্বাভাবিক দৃষ্টি নেই। যেন দুটি গভীর কালো গহ্বরের দিকে তাকিয়ে আছে কেউ। আর ঠোঁটের কোণে ফুটে আছে এক অদ্ভুত হাসি, শীতল, নিষ্ঠুর আর বীভৎস।
ঠিক দুপুরে সেই কালো দরজার ফাঁকে জান্নাত যে মুখটি দেখেছিল, এই হাসির সঙ্গে তার অদ্ভুত মিল রয়েছে। অথচ জানালার সামনে দাঁড়িয়ে থাকা আসল সাকিবের মুখে কোনো হাসি নেই। সে নির্বিকারভাবে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কাচের ভেতরের প্রতিবিম্বটি ধীরে ধীরে চোখ সরাল তার দৃষ্টি চলে গেল বিছানার দিকে। সেখানে জান্নাত গভীর ঘুমে আচ্ছন্ন। প্রতিবিম্বটির ঠোঁটের কোণের হাসি আরও স্পষ্ট হয়ে উঠল। সে ধীরে ধীরে জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে নিল। যেন ঘুমন্ত জান্নাতকে দেখেই তার কোনো অদ্ভুত তৃপ্তি হচ্ছে। অথচ জানালার সামনে দাঁড়িয়ে থাকা সাকিবের শরীরে কোনো নড়াচড়া নেই।
সে তখনো বাইরের অন্ধকার জঙ্গলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কাচের ভেতরের প্রতিবিম্বটি আবার জান্নাতের দিকে তাকাল। আর তার ঠোঁটে সেই একই বীভৎস হাসি স্থির হয়ে রইল। ঘরের মধ্যে তখনো সুরা বাকারার তেলাওয়াত মৃদু স্বরে বাজছে। বিছানায় জান্নাত নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আর জানালার সামনে দাঁড়িয়ে থাকা সাকিবের প্রতিবিম্ব যেন সেই ঘুমন্ত মানুষটির অপেক্ষায় রয়েছে।
(চলবে...)
