#শেষ বিকেলের মেয়ে
#পর্ব: ০৪
#লেখক: জহির রায়হান
হঠাৎ সে প্রশ্ন করলো, আপনার বয়স কত?
মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। ওরা বিব্রত বোধ করে। কিন্তু শিউলির চোখেমুখে কোন ভাবান্তর দেখা গেলো না। যেন এমনি প্রশ্নের সঙ্গে সে বহুদিন থেকে পরিচিত। বহুবার তাকে এর জবাব দিতে হয়েছে। তাই পরক্ষণে শিউলি বললো, অত্যন্ত সহজভাবেই বললো, বয়স জানতে চাইছেন কেন, ভাবছেন বুঝি আমি অল্প বয়সে পেকে গেছি?
কাসেম বললো না, ঠিক তার উল্টো। বয়স হলে কি হবে আপনি আসলে এখনও বাচ্চা রয়ে গেছেন।
শিউলি মুহূর্ত কয়েক স্থির চোখে তাকিয়ে রইলো ওর দিকে। যেন এর আগে এমনি উত্তর সে শোনে নি কোনদিন।
ওকে চুপ থাকতে দেখে কাসেম জিজ্ঞেস করলো, চুপ করে গেলেন যে? কি ব্যাপার, রাগ করেন নি তো?
রাগ? অপূর্ব ভঙ্গী করে শিউলি জবাব দিলো, আপনি আমার কে যে আপনার উপর রাগ করবো?
কাসেম বেশ বুঝতে পারলো, এ মেয়ের সঙ্গে কথা বলায় সে পেরে উঠবে না। তবু শিউলিকে ভাল লাগলো ওর।
বেশ মেয়ে।
বড় সরল মেয়ে শিউলি।
কিছুক্ষণের পরিচয়ে বড় সহজ হয়ে এসেছে সে। যে কথাগুলো সকলকে বলা যায় না, তাও সে বলেছে ওকে।
জাহানারা যদি শিউলির মত হতো? কাসেম ভাবলো নীরবে।
শিউলি বললো, আমার আর সব বন্ধুরা যদি আপনার মতো হতো তাহলে বড় ভালো হতো, তাই না কাসেম সাহেব?
কাসেম বললো, আমি আপনার বন্ধুদের কোনদিন দেখিনি সুতরাং তাদের সম্পর্কে কোন মন্তব্য করতে পারছিঁনে। তবে, আমাকে কেন যে আপনি আদর্শ বন্ধু বলে ভাবছেন তাও ঠিক বুঝতে পারলাম না। একি আপনার উচিত হচ্ছে?
নিশ্চয়ই হচ্ছে। অত্যন্ত জোরের সঙ্গে জবাব দিলো শিউলি। আজকাল আর মানুষ চিনতে আমার ভুল হয় না। আপনাদের মত পুরুষের চোখের দিকে তাকালেই মনের ভাষা পড়ে নিতে পারি আমি। বুঝতে পারি, লোকটা কেমন।
শিউলি থামলো।
কাসেম মৃদু হেসে বললো, অল্প বয়সে দেখছি অনেক অভিজ্ঞ হয়েছে আপনার।
অভিজ্ঞতা কম বেশি সবারই হয়। শিউলি গভীর গলায় জবাব দিলো। তবে কেউ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়, কেউ নেয় না।
আপনি কোন দলে?
শিউলি বলল, প্রথমোক্ত।
কাসেম বলল, তাহলে নতুন কোন পুরুষের সঙ্গে আপনার বন্ধুত্ব না করাই উচিত। আস্তে ঠিক হলো না, শিউলি পরক্ষণেই বললো, বলুন, পুরুষটিকে যাচাই করে নিয়ে তারপর বন্ধু বানানো উচিত।
আমাকে যাচাই করেছেন কি?
অবশ্যই।
কখন করলেন?
আপনার অজান্তে। মুখ টিপে হাসল শিউলি। আমার বাসা এসে গেছে এখানে নামতে হবে আমায়।
রিক্সাটা থামিয়ে ছাই রঙের একটা দোতলা বাড়ির সামনে নেমে পড়লো শিউলি। বাড়ির বারান্দায় উঠে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো সে। বললো, আবার দেখা হবে। সময় করে একবার আসুন আমাদের বাসায়। কাল কিম্বা পরশু।
কাসেম সংক্ষেপে বলল, আসবো।
রিক্সা থেকে মুখ বের করে ওদের বাসাটা ভালো করে দেখে নিলো সে। দেখলো একটা বুড়ো দোতলার বারান্দায় নীরবে দেখছে ওদের।
বাসায় এসে একবার জাহানারা ও শিউলির কথা ভাবলো কাসেম। দু'টি মেয়েতে কি আশ্চর্য ব্যতিক্রম।
জাহানারাকে সে আজ অনেক দিন ধরে চেনে।
কতদিন সে গেছে ওদের বাসায়।
সেও এসেছে এখানে।
সাহিত্য নিয়ে আলোচনা করেছে ওরা, তর্ক করেছে ইকবালের দর্শন নিয়ে। রবি ঠাকুরের কবিতা নিয়ে।
মাঝে মাঝে ব্যক্তিগত আলোচনার আশেপাশে এলেও গভীরে যায়নি কোনদিন। ইচ্ছে করেই যেন এড়িয়ে গেছে জাহানারা।
হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে টেবিলের উপর থেকে একটা খাতা টেনে নিয়ে বসলো কাসেম। কবিতা লিখবে। বহুদিন কিছু লেখা হয় নি।
পাশের ঘরে ছোট খালুর সঙ্গে কথা বলছেন মা।
তাদের কথাগুলো এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে কাসেম।
মা বললেন, ওদের দু'জনকে নিয়েই তো আমার যত দুশ্চিন্তা। নিজের জন্যে ভাবিনে। বুড়ো হয়ে গেছি। কাল বাদে পরত একদিন কবরে যেতে হবে।
খালু বললেন, 'সব বুড়ো-বুড়িদেরই ওই এক চিন্তা বড়বু', ছেলেমেয়েদের একটা কিছু হিল্লে হোক। দু'পয়সা রুজি-রোজগার করে নিজের পায়ে দাঁড়াক ওরা। আরো কি যেন বলতে যাচ্ছিলেন তিনি।
মা কথার মাঝখানে বাধা দিয়ে হঠাৎ বললেন, নাহারের জন্যে একটা ছেলে দেখে দাও না। বয়স তো ওর কম হলো না।
খালু বললেন, 'আজকাল ছেলে পাওয়া বড় ঝকমারি বড়বু'। ম্যাট্রিক পাশ করা ছেলে, সেও আবার ম্যাট্রিক পাশ মেয়ে চায়, বুঝলেন না?
মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর অস্পষ্ট গলায় বললেন, মেয়ে আমার ম্যাট্রিক পাশ নয় সত্যি, কিন্তু ঘরকন্নায় ওকে কেই হার মানাতে পারবে না। ক্ষণকাল নীরব থেকে মা আবার বললেন, কি যে হয়েছে আজকাল কিছু বুঝিনে, আমাদের জামানায় লোকে দেখতো মেয়ে কেমন রান্নাবান্না করতে পারে।সে জামানা পুরনো হয়ে গেছে বড়বু'। এখন লোকে লেখাপড়া না জানা বউ-এর কথা চিন্তাও করতে পারে না।
খালু থামলেন।
অনেকক্ষণ ওদের কোন কথাবার্তা শোনা গেল না।
হয়তো এখনো মনে মনে নাহারের কথা চিন্তা করছেন মা।
কাসেমদের আপন বোন নয় নাহার।
মায়ের দূর সম্পর্কীয় এক খালাতো বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যান। ওর বাবা তখন কি একটা কোম্পানীতে চাকরি করতেন।
স্ত্রীকে হয়তো বড় ভালবাসতেন তিনি, তবুও কিছুদিন পরে চাকরিতে ইস্তফা দিয়ে মিলিটারীতে চলে যান। নাহারকে রেখে যান মায়ের কাছে। মাঝে মাঝে চিঠি আসতো।
কখনো মাদ্রাজ থেকে। কখনো পেশোয়ার থেকে। কখনো কানপুর।
শেষ চিঠি এসেছিলো আরাকান থেকে।
তারপর তার আর কোন খোঁজ পাওয়া যায় নি।
কেউ বলেছে যুদ্ধে মারা গেছে।
কেউ বলেছে, জাপানীরা ধরে নিয়ে গেছে টোকিওতে।
লড়াই শেষ হলো।
সন্ধি হলো শত্রু-মিত্রে।
তারপর আরো কত বছর গেলো নাহারের বাবা আর ফিরে এলেন না।
মা বলতেন, আমার কোন মেয়ে নেই, তুই আমার মেয়ে। তোকে মানুষ করে বড় ঘরে বিয়ে দেবো আমি। তোর ঘরের নাতি-পুতি দেখবো, তবে মরবো।
বাবা বলতেন, বেশ হলো, এতদিনে মেয়ের সখ মিটলো তোমার।
মা বলতেন, মিটবে না। খোদার কাছে কত কেঁদেছি, কত বলেছি আমায় একটা মেয়ে দাও। দেখলেতো, খোদার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তবু তুমি এক বেলা নামাজ পড় না। কেন পড় না বলতো? তোমার কি পরকালের একটুও ভয় হয় না?
আবার ইহকাল পরকাল নিয়ে এলে কেন বলতো? বাবা ক্ষেপে উঠতেন, বেশ তো কথা হচ্ছিলো।
মা স্নান হেসে বলতেন, নামাজের নাম নিলেই তোমার গায়ে জ্বর আসে কেন বলতে পারো?
বাবা কিছু বলতেন না, শুধু সরোষ দৃষ্টিতে এক পলক তাকাতেন মায়ের দিকে। মা আফসোস করে বলতেন, তুমি আমাকে দোজখে না নিয়ে ছাড়বে না। বাবা নির্বিকার গলায় জবাব দিতেন, বেহেস্তের প্রতি আমার লোভ নেই। তোমার যদি থেকে থাকে তুমি যেও, আমি তোমার পথ আগলে দাঁড়াবো না। এরপর মা থেমে যেতেন, অবুঝ স্বামীর সঙ্গে তর্ক করা নিরর্থক তা তিনি ভালো করেই জানতেন।
সামনে খোলা খাতাটার দিকে চোখ পড়তেই কাসেম বিব্রত বোধ করলো। কবিতা লিখতে বসে খাতার মধ্যে এতক্ষণ সব কি লিখেছে সে? ইকবাল, জাহানারা, বিয়ে, নাহার, মিলিটারী, কানপুর, নামাজ, শিউলি। একটা পর একটা হিজিবিজি লেখা। সাদা কাগজটা আরো অনেক শব্দের ভারে ভরে উঠছে। খাতা থেকে পাতাটা ছিঁড়ে নিয়ে বাইরে ফেলে দিলো কাসেম।
২৬ কু জহির রায়হান রচনাবলী (১ম খণ্ড)
দরজার দিকে চোখ পড়তে দেখলো, নাহার দাঁড়িয়ে।
কি ব্যাপার কিছু বলবে?
নাহার বললো, মা ডাকছেন। বলে চলে গেল সে।
মা তখন গল্প করছিলেন খালুর সঙ্গে। খালু একটা মোড়ার ওপর বসে। মা চৌকির ওপর পা ছড়িয়ে খালুর পান বানাচ্ছেন, আর কি যেন আলাপ করছেন।
নাহার একপাশে দাঁড়িয়ে।
কাসেম আসতে মা বললেন, বস।
খালু বললেন, তুমি কি সেই কেরাণীগিরির চাকরিটা এখনো আঁকড়ে রেখেছো নাকি?
কাসেম সায় দিয়ে বললো, হ্যাঁ।
খালু বললেন, অন্য কোথায় ভালো দেখে একটা কিছু পাওয়া যায় কিনা চেষ্টা-চরিত্র করো। এ দিয়ে কতদিন চলবে?
খালু নিজে একাকালে কেরানী ছিলেন; তাই কেরাণীগিরির বেদনা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন।
কাসেমকে চুপ থাকতে দেখে তিনি আবার বললেন, ধোপার গাধা আর কোম্পানীর অফিসের কেরানীর মধ্যে পার্থক্য নেই বুঝলে? এতে না আছে কোন রোজগার, না আছে সম্মান।
কাসেম বললো, তিনজন মানুষ আমরা, এ রোজগারেই চলে যাবে।
টাকা টাকা করে, টাকা দিয়ে করবে কি?
মা বললেন, শোন, ছেলের কথা শোন। যেন সংসার এই থাকবে। ঘরে আর বউ ছেলে আসবে না। বলি তুই এমন হলি কি করে বলতো, তোর বাবা তো এমনটি ছিলেন না। কাসেম কোন উত্তর দেবার আগেই খালু বললেন, 'এ নিয়ে তোমায় চিন্তা করতে হবে না বড়বু'। মাথায় বোঝা চাপলে আপনা থেকেই সব ঠিক হয়ে যাবে। বলে পান খাওয়া দাঁতগুলো বের করে একগাল হাসলেন তিনি। নাহার হঠাৎ বললো, মা ভাত দেবো?
মা ব্যস্ততার সঙ্গে বললেন, তাইতো, কথায় কথায় দেখছি অনেক রাত হয়ে গেছে। যাও ভাত বেড়ে নাও, তোমার খালুও এখানে খাবেন।
খালু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, না বড়বু, আমি বাসায় গিয়ে খাবো। ওরা সবাই বসে থাকবে।
মা হেসে বললেন, মেয়ে আসছে বেড়াতে, বাসায় নিশ্চয়ই খুব ভালো পাক-শাক হচ্ছে। আমাদের এখানে ডাল-ভাত কি আর মুখে রুচবে?
কি যে বলেন বড়বু, খালু বিনয়ের সঙ্গে বললেন, বাসায় কি আর আমরাও কোরমা পোলাও খাই, ডাল ভাত সব জায়গায়। এখন চলি, আরেক দিন এসে খেয়ে যাবো। যাবার উদ্যোগ করতে করতে আবার থেমে গেলেন খালু। কাসেমের দিকে তাকিয়ে বললেন, সালমা এসেছে ঢাকায়। বড়বু'কে বলে গেলাম রোববার দিন ওকে নিয়ে বাসায় এসো।
কাসেম অবাক হয়ে বললো, রোববার দিন কেন?
মা বললেন, তোমাদের দাওয়াত করে গেলেন উনি। নাতিনের আকিকা হবে। প্রথমে কিছু বুঝতে পারলো না কাসেম। যখন বুঝতে পারলো তখন আরো চিন্তিত হলো সে, সালমার মেয়ে হয়েছে নাকি?
মা পরক্ষণে বললেন, ওমা তুই জানিসনে? বলতে গিয়ে কথাটা গলার মধ্যে আটকে গেলো তার। ঢোক গিলে আবার বললেন, আজ তিন মাস হতে চললো, তা তুই জানবি কোত্থেকে, আত্মীয়-স্বজন কারো খোঁজ কি তুই রাখিস। কি যে হলি বাবা।
খালু হেসে বললেন, ও কিছু না বড়বু। এ হলো কেরানী রোগ।
নিজে তো একাকালে করেছি, বুঝি। ফাইল, কলম, আর বড় সাহেব ছাড়া দুনিয়াতে আর কারো কথা মনে থাকে না, সব ভুলে যেতে হয়।
আরেকটা পান মুখে পুরে দিয়ে একটু পরে বিদায় নিলেন খালু।
পাকঘরে বসে খাওয়ার আয়োজন করছে নাহার।
মা কলতলায় বসে বসে অযু করছেন। এশার নামাজ না পড়ে ভাত মুখে দেন না তিনি।
কাসেম তখন মায়ের বিছানায় বসে।
নীরব।
নীরবে ভাবছে সে।
কি আশ্চর্য, সালমা মা হয়েছে।
সেই সালমা-
পরনে কালো ডোরাকাটা ফ্রক। মাথায় সাপের মত সরু একজোড়া বিনুনি। পায়ে স্লিপার।
অপরিসর বারান্দায় রেলিংয়ের পাশে দাঁড়িয়ে মেয়েটি দূর আকাশের দিকে তাকিয়ে রয়েছে।
পেছন থেকে পা টিপে টিপে এসে ওর চোখজোড়া দু'হাতে চেপে ধরলো কাসেম।
এই কি হচ্ছে, হাতজোড়া ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সালমা। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সে সহসা ঠোঁট বাঁকিয়ে বললো, সেই কখন থেকে বসে আছি আর উনি এতক্ষণে এলেন।
ওর একটা বিনুনীতে টান মেরে কাসেম বললো, এই তোকে একশো বার নিষেধ করে দিয়েছি না মিথ্যে কথা বলিসনে।
সালমা অবাক হয়ে বলো, বা-রে মিথ্যে কথা কই বললাম।
এই তো বললি।
কই, কখন?
এইতো একটু আগে।
ইস, উনি বললেই হলো, ঠোঁট উল্টে মুখ ভেংচালো সালমা।
ওর বেণী জোড়া ধরে আবার টান দিলো কাসেম, বসে আছি বললি কেন, তুই তো আসলে দাঁড়িয়েছিলি।
চুলে টান পড়ায় যন্ত্রণায় ককিয়ে উঠলো সালমা। তারপর চিৎকার করে উঠে বললো, বলবো, একশোবার মিথ্যে কথা বলবো আমি। তাতে তোর কি গুনি।
কাসেম ক্ষেপে গিয়ে ওর মাথাটা রেলিংয়ের সঙ্গে ঠুকে দিয়ে বললো, তুই করে বললি কেন রে, আমি কি তোর ছোট না বড়?
সালমা ততক্ষণে কাঁদতে শুরু করেছে।
চলবে...
