#শেষ বিকেলের মেয়ে
#পর্ব০৫
#জহির রায়হান
মা পরক্ষণে বললেন, ওমা তুই জানিসনে? বলতে গিয়ে কথাটা গলার মধ্যে আটকে গেলো তার। ঢোক গিলে আবার বললেন, আজ তিন মাস হতে চললো, তা তুই জানবি কোত্থেকে, আত্মীয়-স্বজন কারো খোঁজ কি তুই রাখিস। কি যে হলি বাবা।
খালু হেসে বললেন, ও কিছু না বড়বু। এ হলো কেরানি রোগ।
নিজে তো এককালে করেছি, বুঝি। ফাইল, কলম, আর বড় সাহেব ছাড়া দুনিয়াতে আর কারো কথা মনে থাকে না, সব ভুলে যেতে হয়।
আরেকটা পান মুখে পুরে দিয়ে একটু পরে বিদায় নিলেন খালু।
পাকঘরে বসে খাওয়ার আয়োজন করছে নাহার।
মা কলতলায় বসে বসে অযু করছেন। এশার নামাজ না পড়ে ভাত মুখে দেন না তিনি।
কাসেদ তখনো মায়ের বিছানায় বসে।
নীরব।
নীরবে ভাবছে সে।
কি আশ্চর্য, সালমা মা হয়েছে।
সেই সালমা—
পরনে কালো ডোরাকাটা ফ্রক। মাথায় সাপের মত সরু একজোড়া বিনুনি। পায়ে স্লিপার।
অপরিসর বারান্দায় রেলিংয়ের পাশে দাঁড়িয়ে মেয়েটি দূর আকাশের দিকে তাকিয়ে রয়েছে।
পেছন থেকে পা টিপে টিপে এসে ওর চোখজোড়া দু'হাতে চেপে ধরলো কাসেদ।
এই কি হচ্ছে, হাতজোড়া ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সালমা। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সে সহসা ঠোঁট বাঁকিয়ে বললো, সেই কখন থেকে বসে আছি আর উনি এতক্ষণে এলেন।
ওর একটা বিনুনীতে টান মেরে কাসেদ বললো, এই তোকে একশো বার নিষেধ করে দিয়েছি না মিথ্যে কথা বলিসনে।
সালমা অবাক হয়ে বললো, বা-রে মিথ্যে কথা কই বললাম।
এই তো বললি।
কই, কখন?
এইতো একটু আগে।
ইস, উনি বললেই হলো, ঠোঁট উল্টে মুখ ভেংচালো সালমা।
ওর বেণী জোড়া ধরে আবার টান দিলো কাসেদ, বসে আছি বললি কেন, তুই তো আসলে দাঁড়িয়েছিলি।
চুলে টান পড়ায় যন্ত্রণায় কঁকিয়ে উঠলো সালমা। তারপর চিৎকার করে উঠে বললো, বলবো, একশোবার মিথ্যে কথা বলবো আমি। তাতে তোর কি শুনি।
কাসেদ ক্ষেপে গিয়ে ওর মাথাটা রেলিংয়ের সঙ্গে ঠুকে দিয়ে বললো, তুই করে বললি কেন রে, আমি কি তোর ছোট না বড়?
সালমা ততক্ষণে কাঁদতে শুরু করেছে।
ওকে কাঁদতে দেখে কাসেদ বিব্রতবোধ করলো। বার কয়েক হাফপ্যান্টে হাত মুছলো সে। তারপর কাছে এসে দাঁড়িয়ে কোমল গলায় বললো, লেগেছে না-রে?
সালমা কোনো জবাব দিল না।
একটু পরে ওর পিঠের উপর ভয়ে ভয়ে একখানা হাত রেখে কাসেদ শুধালো, পার্কে যাবি না?
এক ঝটকায় ওর হাতখানা দূরে সরিয়ে দিলো সালমা।
কাসেদ আবার রেগে গিয়ে বললো, এই এক দুই করে আমি দশ পর্যন্ত গুনবো; এর মধ্যে যদি তুই না যাস তাহলে আমি চললাম। বলে জোরে জোরে এক দুই গুনতে শুরু করলো সে। ন'য়ে এসে অনেকক্ষণ চুপ করে রইলো কাসেদ। সালমা তখনো কাঁদছে।
কাসেদকে চুপ করে থাকতে দেখে একবার শুধু আড়চোখে তাকালো সালমা।
কাসেদ অতি কষ্টে দেশ উচ্চারণ করলো; কিন্তু সঙ্গে বললো, দেখ তোকে পনেরো পর্যন্ত সময় বাড়িয়ে দিলাম। এবার কিন্তু একটুও নড়চড় হবে না। বলে আবার গুনতে শুরু করলো সে।
পনেরো বলার প্রাক্কালে সালমা চিৎকার করে উঠলো, তুই আমাকে মেরেছিস কেন?
কাসেদ হেসে দিয়ে বললো, আর মারবো না, চল।
ডান হাতের আঙুলগুলো দিয়ে চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো সালমা। তারপর ফিক করে হেসে দিয়ে বললো, আজ কিন্তু আমাকে দোলায় চড়াতে হবে।
আর একদিন।
তখন ফ্রক ছেড়ে সালোয়ার পায়জামা ধরেছে সালমা।
বয়স বেড়েছে। হয়তো পনেরো কি ষোল।
ঘুটঘুটে সন্ধ্যা। আকাশে অসংখ্য মেঘের ভিড়। এই বুঝি বৃষ্টি এলো। কাঠের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে এসে কাসেদ দেখলো, বাসায় কেউ নেই। শুধু সালমা ড্রয়িং রুমে একখানা চৌকির ওপর লম্বা হয়ে শুয়ে কি একটা পত্রিকা পড়ছে।
কে কাসেদ ভাই, এই সন্ধ্যাবেলা কোত্থেকে?
মহাবিদ্যালয় মানে কলেজ থেকে, বাসায় কি কেউ নেই?
না, ওরা সবাই সিনেমায় গেছে।
তুমি যাওনি?
যাইনি সে তো দেখতেই পাচ্ছেন। পত্রিকাটা বন্ধ করে উঠে বসে সালমা বললো, শরীরটা সেই সকাল থেকে ভালো নেই।
কেন, কি হয়েছে? ওর সামনে চৌকিতে এসে বসলো কাসেদ।
সালমা বললো, অসুখ করেছে।
কি অসুখ?
সালমা ফিক করে হেসে দিলো এবার যান, অতো কথার জবাব দিতে পারবো না। একটা কিছু পেলেই হলো, অমনি সেটা নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। কি বিশ্রী স্বভাব আপনার।
কাসেদ গম্ভীর হয়ে গেলো। একটু পরে উঠে দাঁড়িয়ে বললো, বিশ্রী স্বভাব দিয়ে তোমায় আর ব্যতিব্যস্ত করবো না, চলি এবার।
মুহূর্তে ওর পথ আগলে দাঁড়ালো সালমা। যাবেন কি করে, বাইরে বৃষ্টি হচ্ছে।
হোক, তাতে তোমার কি?
সালমা মুখ টিপে হাসলো একটুখানি। তারপর বললো, ইস, এত রাগ নিয়ে চলেন কি করে।
সহসা ওর খোলা চুলের গোছা ধরে একটা জোরে টান মারলো কাসেদ। রাগে ফেটে পড়ে বললো, ফাজিল মেয়ে কোথাকার। ইয়ার্কির আর জায়গা পাও না, তাই না?
সালমার মুখখানা ম্লান হয়ে গেলো। দেখতে না দেখতে চোখজোড়া পানিতে টলমল করে উঠলো ওর। সামনে থেকে সরে গিয়ে নিঃশব্দে আবার কোঁচের উপরে বসলো সে। পরক্ষণে ডুকরে কেঁদে উঠলো সালমা, আমি এমন কি করেছি যে, আপনি সব সময় আমার সঙ্গে অমন দুর্ব্যবহার করেন?
চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে থমকে দাঁড়ালো কাসেদ।
সালমা কাঁদছে।
কোঁচের ওপর উপুড় হয়ে ফুপিয়ি কাঁদছে সে।
খোলা জানালা দিয়ে আসা বাতাসে নয়, কান্নার আবেগে দেহটা কাঁপছে তার।
খোলা চুলগুলো পিঠময় ছড়ানো।
ধীরে ধীরে ওর পাশে এসে বসলো কাসেদ।
সালমা, সে ডাকলো ভয়ে ভয়ে।
সালমা কোনো উত্তর দিল না।
ওর মাথার উপর আস্তে করে একখানা হাত রাখলো সে। সালমা। সহসা উঠে বসলো সালমা। তীব্র দৃষ্টিতে তাকালো এক পলক ওর দিকে। তারপর তীব্র বেগে ছুটে পাশের ঘরে চলে গেল সে।
কাসেদ ডাকলো, সালমা।
সালমা সজোড়ে দরজাটা বন্ধ করে দিলো।
তারপর আর কোন সাড়া শব্দ পাওয়া গেল না তার।
সেদিন অনেকক্ষণ একা ঘরে বসেছিলো কাসেদ। ভেবেছিলো হয়তো এক সময় রাগ পড়ে গেলে বাইরে আসবে সালমা।
সালমা আসেনি।
অন্যদিন।
খালুজী তখন বরিশালে বদলী হয়ে গেছেন।
সালমা কলেজে পড়ে।
অফিসের কি একটা কাজে বরিশাল যেতে হলো তাকে।
তিন দিন ছিলো।
যেদিন রাতে সে চলে আসবে সেদিন সবার কাছ থেকে বিদায় নেওয়া হলো, কিন্তু সালমাকে আশেপাশে কোথাও খুঁজে পেল না।
খালামাকে জিজ্ঞেস করতে তিনি বললেন, কি জানি কোথায় গেলো। বোঁধ হয় ছাদে, বলে বার কয়েক ওর নাম ধরে ডাকলেন তিনি।
কোনো সাড়া শব্দ পাওয়া গেল না।
কিছুক্ষণ পরে ছাদে এসে কাসেদ দেখলো, সালমা দাঁড়িয়ে। ছাদের এক কোণে, চুপচাপ।
পরনের কালো শাড়িটা গাঢ় অন্ধকারের সঙ্গে মিশে গেছে তার। চুলগুলো এলো খোঁপা করা।
দূরে, স্টিমার ঘাটের দিকে তাকিয়ে কি যেন গুনগুন করছে সে।
হয়তো কোনো গানের কলি কিংবা কোনো অপরিচিত সুর।
কাসেদ ডাকলো, সালমা।
সালমা ঘুরে দাঁড়িয়ে তাকালো ওর দিকে। কিছু বললো না।
কাসেদ বললো, আমি যাচ্ছি সালমা।
সালমা পরক্ষণে বললো, যাবেন বৈ-কি, আপনাকে তো কেউ ধরে রাখে নি।
কাসেদ অপ্রস্তুত গলায় বললো, না, তা নয়, তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম।
সালমা মৃদু গলায় বললো, বেশ বিদায় দিলাম।
কাসেদ চলে যাচ্ছিলো, সালমা পিছন থেকে ডাকলো তাকে, শুনুন, এখুনি কি যাচ্ছেন?
হ্যাঁ।
এত সকাল সকাল গিয়ে কি হবে।
সকাল কোথায়, স্টিমারের সময় হয়ে গেছে।
কে বললো, এখনো দু'ঘণ্টা বাকি।
বাজে কথা।
চলুন, ঘড়ি দেখবেন।
কাসেদের সঙ্গে নিচে নেমে এলো সালমা।
ড্রয়ার থেকে খালুজীর ঘড়িটা বের করে এনে দেখালো তাকে। বললো, আমার কথা বিশ্বাস করেন নি তো, এই দেখুন, এখন মাত্র ন'টা বাজে। স্টিমার ছাড়বে এগারোটার সময়।
ঘড়ি দেখে অবাক হলো কাসেদ। সেই কখন সন্ধ্যা হয়েছে; এতক্ষণে ন'টা। সালমা কোনো জবাব দিল না। ঘড়িটা আবার ড্রয়ারে রেখে দিলো। আয়নার সামনে দাঁড়িয়ে খোঁপাটা খুলে চুলে চিরুনি বুলাতে লাগলো সে। সহসা পেছন ফিরে দাঁড়িয়ে শুধালো, যাবার জন্যে অমন হেনে হয়ে উঠেছেন কেন শুনি।
কাসেদ বললো, চিরকাল থাকবো বলে আসিনি নিশ্চয়। কাজে এসেছিলাম, সারা হলো, চলে যাচ্ছি।
চোখজোড়া বড় বড় করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো সালমা।
তারপর মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বললো, আপনাকে চিরকাল এখানে থাকতে বলছিস্ বা কে?
বললেও হয়তো আমি থাকতাম না।
নিজেকে আপনি কি ভাবেন বলুন তো? হঠাৎ ফোঁস ফোঁস করে উঠলো সালমা।
কাসেদ শান্ত স্বরে বললো, একজন অধম কেরানী।
কেরানীর অত দেমাক কেন?
কবি বলে।
সালমা চুপ করে গেলো। চিরুনিটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিলো সে। চুলগুলো আবার খোঁপায় বাঁধলো। বন্ধ জানালটা খুলে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইলো সে। বাইরে আজ বৃষ্টি নেই। মেঘ নেই। আছে শুধু অন্ধকার। সীমাহীন অন্ধকারে ঢাকা দূরের দিগন্ত।
জানালা থেকে মুখখানা সরিয়ে নিয়ে এলো সালমা। চুপ করে বসে আছেন কেন, আপনার স্টিমারের সময় হয়ে গেছে। একটু পরে গিয়ে দেখবেন, ওটা আর ঘাটে নেই।
তা নিয়ে তোমার আর মাথা ঘামাতে হবে না। কাসেদ আস্তে করে বললো, স্টিমার ছাড়ার এখনো অনেক দেরি।
সালমা ম্লান হাসলো। তারপর ড্রয়ার থেকে ঘড়িটা বের করে এনে মৃদু গলায় বললো, ওটা আমি এক ঘণ্টা স্লো করে দিয়েছিলাম।
কেন?
আমার ইচ্ছে হয়েছিল তাই। বলে সামনে থেকে সরে গেল সালমা।
ঘর থেকে বেরিয়ে গেলো।
আর এলো না।
মা, নামাজ পড়া শেষ করে এসে ছেলের দিকে নীরবে তাকিয়ে রইলেন কিছুক্ষণ।
হাতের তালুতে মুখ রেখে ওপারের দেওয়ালের কি যেন দেখছে সে।
চোখের মণিজোড়া স্থির নিষ্পলক।
কি রে ভাত খাবি না?
মায়ের ডাকে চোখের পলক নড়ে উঠলো তার। উঠে দাঁড়িয়ে বললো, তোমরা বসে পড়ো আমি হাতমুখ ধুয়ে আসি।
একখানা মাদুরের ওপর পাশাপাশি দুটো থালা সাজানো। সামনে একটা বড় পেয়ালার মধ্যে তরকারি আর অন্য একটি থালায় বাড়ুতি ভাত ঢালা। নাহার এখন খাবে না।
ওদের দু'জনের খাওয়া হয়ে গেলে তারপর সে বসবে খেতে।
আজকে নয়। বহুদিন থেকে এই রীতি চলে আসছে তার।
যেদিন রাতে কাসেদের ফিরতে দেরি হয় সেদিন মা ঘুমিয়ে পড়লেও সে ঘুমায় না।
উঠে দরজাটা খুলে দেয়। সাবান, তোয়ালে আর পানির বদনাটা নিয়ে রেখে আসে কলতলায়। খাবারগুলো সাজিয়ে দেয় টেবিলের ওপর। তারপর যতক্ষন কাসেদ খায় নাহার নীরবে দাঁড়িয়ে থাকে দরজার পাশে। মাঝে শুধু একবার জিজ্ঞেস করে, আর কিছু দেবো?
না।
সে চুপ।
খাওয়া শেষ হয়ে গেলে থালাবাসনগুলো নিয়ে কলতলায় চলে যায় সে।
কলতলায় পানি পড়ার শব্দ শোনা যায় অনেকক্ষণ ধরে।
আজ খেতে বসে মা শুধালেন, কাল জাহানারা কেন এসেছিলো রে?
আবার জাহানারা?
কাসেদ সংক্ষেপে বললো, এমনি।
মা বললেন, মেয়েটা বড় ভালো, লেখাপড়া শিখেছে তাই বলে নাক উঁচু নয়।
আস্তে আস্তে কথা বলে। চেহারাটাও বেশ মিষ্টি। ওর বাবা করে কিরে?
কাসেদ মুখ না তুলেই বললো, উকিল।
মা আর কোন প্রশ্ন করলেন না। নীরবে খাচ্ছেন তিনি। হয়তো কিছু ভাবছেন। এ মুহূর্তে তাঁর মনে কিংসের ভাবনা রয়েছে তা ঠিক বলে দিতে পারে কাসেদ। ভাবছেন জাহানারার মত একটি মেয়েকে যদি বউ সাজিয়ে ঘরে আনা যেতো।
অফিসে থাকাকালীন সময়টা মন্দ কাটে না কাসেদের।
কাজের চাপে তখন বাইরের দুনিয়ার কথা মনে থাকে না। এটা হলো ফাইল, টাইপ রাইটার, চিঠিপত্র আর কাগজ কলমের পৃথিবী। এখানে জাহানারা, শিউলি, সালমা, সেতার অফিসে থাকাকালীন সময়টা মন্দ কাটে না কাসেদের।
কাজের চাপে তখন বাইরের দুনিয়ার কথা মনে থাকে না। এটা হলো ফাইল, টাইপ রাইটার, চিঠিপত্র আর কাগজ কলমের পৃথিবী। এখানে জাহানারা, শিউলি, সালমা, সেতার কিংবা কবিতার প্রবেশ নিষেধ।
এখনকার প্রথম কথা হলো কাজ।
দ্বিতীয় কথা হলো তোয়াজ।
তৃতীয় কথা হলো ফাঁকি।
এ তিনের অপূর্ব মিশ্রণে অফিসের সময়টুকু বেশ কাটে ওর।
কর্মচারীর সংখ্যা নেহায়েত নগণ্য নয়।
বড় সাহেব আছেন একজন। সবার বড়। বয়স তাঁর ত্রিশের কোঠায়। সুন্দরী বউ আছে বাড়িতে আর একটি ফুটফুটে ছেলে। বড় সাহেব ভীষণ পরিশ্রমী। কাজ করে কখনো ক্লান্ত হন না তিনি। কাউকে অলসভাবে বসে থাকতে দেখলে ধমকে ওঠেন, বলেন, এই জন্যে আমাদের জীবনে কিছু হলো না, হবেও না। এই যে দেখছেন অফিসের বড় কর্তা হয়ে বসেছি, গাড়ি, বাড়ি করেছি, এগুলি নিশ্চয় খোদা আকাশ থেকে ফেলে দেননি, এর জন্য অসুরের মত খাটতে হয়েছে আমায়, মাথার ঘাম পায়ে ফেলে তবে না বলে থেমে যান সাহেব। পরিমিত হাসেন। সে হাসির অর্থ ধরে বাকি কথাটা বুঝে নিতে হয়।
বড় সাহেবের পরে যার স্থান তিনি পঞ্চাশোর্ধ্ব বৃদ্ধ। সামনের কয়েকটা দাঁত ঝরে গেছে বহু আগে। যত কাজ করেন তার দ্বিগুণ পান খান, আর তার চেয়েও অনেক বেশি কথা বলেন। কথা না বললে নাকি তার কাজের মুড় আসে না। গৃহী মানুষ। এই বৃদ্ধ বয়সেও বিরাট পরিবারের ভার বহন করে চলেছেন। ছেলেমেয়েদের সংখ্যা নেহায়েত নগণ্য নয়, তার ওপর নাতিনাতনী আছে অনেক।
বুড়ো মকবুল সাহেবের পাশে যার আসন তিনি টাকা-আনা-পাইয়ের হিসেব নিয়ে সারা দিন ব্যস্ত। একাউন্টেন্ট নওশের আলী এখনো বিয়ে করেন নি। করাবেন বলে ভাবছেন। রোজ ভাবেন। কিন্তু টাকা-আনা-পাইয়ের হিসেবও মিলছে না আর তাঁর বিয়ে করাও হয়ে উঠছে না। এরপর, কাসেদকে বাদ দিলে আরো চারটে প্রাণী আছে অফিসে। প্রথম দু'জন কেরানী, কাসেদের সমগোত্রীয়। এক গোয়ালের গরু নাকি এক সঙ্গে ঘাস খায় না। এক গোত্রীয় মানুষগুলোর পক্ষেও একতালে চলা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই, তিন কেরানীর মধ্যে কথাবার্তা খুব কম হয়। মেলামেশা তার চেয়েও কম।
একটি দারোয়ান। খোদাবক্স তার নাম। পশ্চিমে বাড়ি ছিল তার, বিহার কিংবা উড়িষ্যায়। দেশ বিভাগের পর পূর্ব দেশে হিজরত করেছে। সঙ্গে এসেছে দু’টি বউ আর একটা রামপুরী ছাগল। অফিসের পাশেই ওরা থাকে। সারাদিন কলহ করে ডাল-রুটি আর স্বামী সোহাগ নিয়ে। খোদা বক্স নির্লিপ্ত পুরুষ। নীরবে বসে বসে গোঁফের ডগা জোড়া মসৃণ করে আর খৈনি খায়।
আজ অফিসে ঢুকবার পথে খোদাবক্স টল ছেড়ে দাঁড়িয়ে লম্বা একটা সালাম টূকলও তাকে। কাসেদ বুঝতে পারলো ও কিছু বলতে চায়। কেমন আছো খোদাবক্স, কিছু বলবে?
খোদাবক্স বিনয়ের সঙ্গে শুধালো, মেরা দরখাস্ত কা কুচ হুয়া সাহেব?
চলবে...
