#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
শ্যামা অরণ্যের বুক থেকে সরে সামনাসামনি হয়ে বসে,তার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে,
"আমি আপনার কথা বুঝতে পারছিনা অরণ্য। আপনার এই অভিশপ্ত শেকল আজকে আমি দেখতে পেয়েছি আপনার মায়ের মতো,তার মানে তো এটাই যে আমি এই অভিশাপ থেকে আপনাকে মুক্তি দিতে পারবো। এরপরে সব ঠিক হয়ে যাবে তাইনা?
তাহলে আপনি বারবার এমন কেনো বলছেন যে আমি সব আগে জানলে বেশি কষ্ট পাবো?
বারবার আমার ভবিষ্যতের কথা এভাবে বলছেন কেনো যেনো আমার ভবিষ্যতের অংশ হিসেবে আপনি থাকবেন না?
শেষরাত কেনো বলছেন?সেই রাত তো আমাদের জীবনের নতুন শুরু হওয়ার কথা।
অরণ্য আমাদের আর কোনো বাধা থাকবেনা এরপর,
আমরা সারাজীবন একসাথে কাটাবো তাইনা?"
শ্যামা কাঁপা কাঁপা কন্ঠে বলে ক্ষীণ আশা নিয়ে তাকায় অরণ্যের দিকে।
সে এই মুহুর্তে শুধু শুনতে চায় এই অভিশাপ কাটলে সব ঠিক হয়ে যাবে। আর কোনো বাধা থাকবেনা।
অরণ্য ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামার এমন প্রশ্ন শুনে,ঠিক এই মুহূর্তটা নিয়ে ভয় পাচ্ছিলো সে। ভয়ে বুক কাঁপছে তার। সে চোখ সরিয়ে নেয় শ্যামার চোখের দৃষ্টি থেকে।
আশাহত হয় শ্যামা অরণ্যের এমন অভিব্যক্তি দেখে,তাহলে কি তার মনের ভয়টা সত্যি হতে চলেছে?
অরণ্য একটি বড়ো নিঃশ্বাস ফেলে শ্যামার দুটি হাত তার নিজের হাতে পুরে বলে,
"শ্যামা, মায়ের যখন আমার অভিশাপ ভঙ্গের কথা ছিলো,তখনো আমার জীন সত্ত্বা পুরোপুরি আমার নিয়ন্ত্রণ নিতে পারেনি,তাই সে আমার মানুষ সত্ত্বাকে পুরোপুরি গ্রাস করতেও পারেনি। তাই তখন অভিশাপ ভঙ্গ হতেই আমি সুস্থ হয়ে যেতাম।
কিন্তু সেই রাতে মায়ের সেই ভয়াবহ মৃ'ত্যু একটু একটু করে নিজের চোখের সামনে দেখতে গিয়ে,আমার দুর্বল মানুষ সত্ত্বা সেইরাতে পুরোপুরি শক্তিহীন হয়ে পড়েছিলো।
সেই সুযোগে জ্বীন সত্ত্বা পুরোপুরি আমার মানুষ সত্ত্বাকে তার অধীন করে ফেলে। আমার শরীর মানুষের হলেও আমার জ্বিন সত্ত্বা অনেক আগেই আমার মানুষ সত্ত্বার সাথে মিলে এক হয়ে গিয়েছে। সে আমার আত্মার অংশ,আমার শরীরকে তার মনে করে।
এখন সে মুক্তি পেলে সে আমাকে না নিয়ে যাবেনা।আমার মানুষ সত্ত্বা তার অধীন।
আমার শেকল ছিন্ন হওয়ার সাথে সাথে সেই জ্বীন সত্ত্বার মতো আমিও ভস্ম হয়ে মিলিয়ে যাবো,সেই সাথে মিলিয়ে যাবে আমার রেখে যাওয়া সব স্মৃতি,কারণ সে মনে করে জ্বীনের মৃ'ত্যুর পর কোনো পার্থিব স্মৃতি মানুষের মনে থাকতে নেই।
এসব আমি আমার জ্বিন সত্ত্বার মনোভাব দেখে আন্দাজ করেছিলাম। কিন্তু ওই বৃদ্ধ ফকিরের সাথে দেখা হওয়ার রাতে আমি তার থেকে জানতে চাই আমার ভাবনাটা ঠিক কিনা।
তিনিই নিশ্চিত করেছেন,আমি যা ভাবছি সব সত্য।"
শ্যামা চোখ বন্ধ করে ফেলে এই কথা শুনে,বন্ধ চোখের কর্ণিশ বেয়ে গড়াতে থাকে অশ্রু,সে ফোঁপাতে ফোপাঁতে জিজ্ঞেস করে,
"তার মানে আপনি বলতে চাইছেন আমার নিজ হাতে আপনাকে মৃ'ত্যু দিতে হবে?
এজন্যই কি দিব্য আর নীলাকে আমার ভবিষ্যৎ থেকে সরিয়ে দিয়েছেন?কারণ আপনি থাকবেন না আমাকে ভবিষ্যতে রক্ষা করার জন্য?
এই জন্যই এতো জিজ্ঞেস করার পরেও নিজের সত্যটা বলেননি?শেষরাতের জন্য অপেক্ষা করছিলেন?
মানে শেষ রাতে সবটা বলবেন আমাকে,সেই রাতেই চন্দ্রগ্রহণ হবে,আমার এমন দুর্বল অবস্থায় আপনি আপনার অভিশাপ ভঙ্গ করে চলে যাবেন,আর আমি সকালে চোখ খুলে দেখবো আপনি নেই,আর আমি বুঝতেও পারবোনা আমি আপনাকে হারিয়ে ফেলেছি?আপনার কোনো স্মৃতি থাকবেনা আমার ভবিষ্যৎ জীবনে তাইতো?
অরণ্য,এতটা পাষাণ এতটা নির্দয় আপনি কিভাবে হতে পারলেন আমার প্রতি?
এটা অন্যায় এটা অবিচার,
কেনো হারাতে হবে আমার আপনাকে?আমি কি দোষ করেছি যে আমার সাথে এমনটা হবে?
আমার আপনার স্মৃতিগুলোও রাখার অধিকার নেই কেনো?
আমি কি এখন কোনোদিন আপনাকে মনে করে কাঁদতেও পারবোনা?
এজন্যই কি বলেছিলেন আমাদের ভালোবাসা ভুল ছিলো? তাহলে ভালোবাসা হয়ে কেনো এসেছেন আমার জীবনে? এসেছেন যখন থাকতে হবে,কোথাও যেতে দিবোনা আপনাকে। এই ঘরবন্দী হয়ে থাকবো আমরা তাহলে আপনি হারিয়ে যাবেননা তাইনা?
চুপ করে আছেন কেনো?কিছু তো বলুন?"
বলতে বলতে জোরে জোরে হাঁপাতে থাকে শ্যামা,নিঃশ্বাস নিতে পারছেনা যেনো হঠাৎ।
অরণ্য বিচলিত হয়ে তাকে কাছে টেনে নিতে যায় কিন্তু শ্যামা বাধা দিয়ে অসংলগ্ন পায়ে উঠে দাঁড়ায়,
"আমাকে একটু একা ছেড়ে দিন অরণ্য,কিচ্ছু ভালো লাগছেনা আমার,আমি আমার ঘরে যাই,একটু একা থাকতে দিন আমাকে। ভাবতে হবে অনেক ভাবতে হবে,সব গুলিয়ে যাচ্ছে,সব হারিয়ে যাচ্ছে।"
অরণ্যের চোখ থেকেও অশ্রু গড়াতে থাকে শ্যামার এমন অসংলগ্ন অবস্থা দেখে,সে জোর করে শ্যামাকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে,শক্ত করে জড়িয়ে ধরে থাকে শ্যামাকে।
শ্যামা ছাড়া পাওয়ার জন্য দস্তাদস্তি শুরু করে,অনবরত অরণ্যের বুকে কিল বসাতে বসাতে ধরে আসা গলায় বলে,
"একা ছেড়ে দিতে বলেছি কথা কানে যায়নি?আমার একটু সময় দরকার,আমাকে একা থাকতে দিন।"
অরণ্য কাঁদতে কাঁদতে বলে,
"১৫দিন পর একেবারেই চলে যাবো,তখন ইচ্ছামতো একা থাকতে পারবে"
থমকে যায় শ্যামা,অরণ্যের বাহুবন্ধনী থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করার বদলে সর্বশক্তি দিয়ে দিয়ে জড়িয়ে ধরে তাকে,
"মিথ্যে কথা,আপনার ধারণা ভুল,ওই ফকিরও মিথ্যে বলছে। শ্যামা থেকে অরণ্যকে কেউ আলাদা করতে পারবেনা। আমরা এতো বিপদ কাটিয়ে এসেছি শুধু ভাগ্যের জোরে নাকি?
দেখবেন আপনি যত দূরেই হারিয়ে যান,আমি ঠিক খুঁজে আনবো আপনাকে। এই জীবনে আপনাকে,আপনার স্মৃতিগুলোকে কেউ কেড়ে নিতে পারবেনা আমার থেকে।
বিধাতা এতো নিষ্ঠুর হতে পারেননা,আমিতো কারো ক্ষতি করিনি। তাহলে আমার এতো বড় সর্বনাশ কেনো করবেন তিনি?"
অরণ্য নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে শুধু,কি বলে বোঝাবে ওকে?তার কারণেই এই অবস্থা তার ভালোবাসার মানুষটার। সে নীরবে তার মাথায় হাত বোলাতে থাকে।
ঘড়ির দিকে তাকায় অরণ্য,রাত তিনটা বাজে এখনো।
আজকের রাতটা অনেক দীর্ঘ হতে চলেছে তাদের জন্য।
শ্যামা এখনো তার বুকে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদে চলেছে।
কাঁদুক তবু আবেগের বশে নিজের ক্ষতি না করে বসে এই ভয়ে জান শুকিয়ে যাচ্ছে তার।
ওকে ভেঙ্গে পড়তে দেওয়া যাবেনা একদম।
অরণ্য মুখ নামিয়ে শ্যামার কপালে গভীর চুমু খেয়ে বলে,
"আজকের জন্য অনেক হয়েছে শ্যামা। আমি জানি একসাথে অনেক ঝড় বয়ে গেছে তোমার উপর।
আজকের মতো একটু ঘুমানোর চেষ্টা করো,বিশ্রাম দরকার তোমার। আর কেঁদো না,আমার সহ্য হয়না তোমার এই অশ্রুগুলো।"
"কথা দিন আমাকে,আমাকে ছেড়ে যাবেন না,কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যাবেন আপনি যেখানে যাবেন,নয়তো এখানেই থাকবেন আমার সাথে।"
"সহ্য করতে পারবে রোজ রোজ আমাকে এই অবস্থায় দেখতে?"
শ্যামা চুপ হয়ে যায়,সে আসলেই পারবেনা,কি বলছে এখন নিজেও জানেনা।
অরণ্য বলতে থাকে,
"তবে আমি তৈরি ছিলাম এভাবেই আরও কয়েকটা বছর থাকতে,একটু কষ্ট হলেও তোমার সাথে আরও কিছুটা সময় কাটানোর অনেক ইচ্ছা ছিলো। এতোদিন কষ্ট সহ্য করেছি,আরেকটু নাহয় করলাম। তোমার সাথে আরেকটু থাকার লোভ দিন দিন বাড়ছিলো আমার শ্যামা।
কিন্তু এখন বিষয়টা জটিল হয়ে দাঁড়িয়েছে,তোমার প্রাণ সংকটে আছে। তাই যত দ্রুত সম্ভব অভিশাপ কাটাতে হবে।
তুমি চাইলেও সারাজীবন এই বাড়িতে আটকে থাকতে পারোনা শ্যামা। কারণ তোমার আমি ছাড়াও আরেকটা পরিবার আছে। আমার অভিশাপ তাদের ক্ষতি করতেও ছাড়বেনা তোমাকে এই বাড়ি থেকে বের করার জন্য।
তাই বলছি শ্যামা,মাঝখানে ১৫টা দিন আছে,ভালো করে ভেবে দেখো তোমার কি করা উচিত।
তোমার কাছে তিনটি পথ খোলা আছে,
এক, আমরা যেভাবে আছি সেভাবেই থাকবো। কিন্তু এই পথ বেছে নিলে তোমার পরিবারের উপর বিপদ আসবে,তোমাকে তোমার প্রাণের মায়া ভুলে হলেও এই বাড়ি ছেড়ে বেরোতে হবে। বিপদ রাতে আসলে আমি তোমাকে রক্ষা করতে পারবো,কিন্তু দিনের বেলায় হলে অপঘা'তে তোমার মৃ'ত্যু হবে।
আর আমি সারাজীবনের জন্য আটকে যাবো এই পৃথিবীতে। কারণ আমার পক্ষে তোমার পর অন্য নারীকে জীবনে জায়গা দেওয়া অসম্ভব। আমি আর কখনো ভালোবাসা খুঁজতে যেতে পারবোনা অন্য নারীতে।
দুই, ভুলে যাও তোমার বাইরে একটি পরিবার আছে। তাদের বিপদ হলেও তুমি যাবেনা। কিন্তু তবুও শ্যামা,তুমি সাধারণ মানুষ,এক সময় তোমার মৃ'ত্যু ঘটবেই,কিন্তু আমি অমর।
তাই এই ক্ষেত্রেও আমি চিরকালের জন্য আটকে যাবো এই পৃথিবীতে।
আর তিন,যেটা আমি ঠিক মনে করি।
১৫দিন পর আমাকে মুক্তি দিয়ে দাও। আমি আমার সকল অর্থ তোমার একাউন্টে ট্রান্সফার করার ব্যবস্থা করে দিয়েছি। আমি চলে যাওয়ার পর নতুনভাবে নিজের জীবনটা সাজিয়ে নিও।"
"আপনি একটু চুপ করবেন অরণ্য। ভালো লাগছেনা আর,আপনার ভাবনাগুলো আমাকে অবাক করে দিচ্ছে রীতিমতো।
'নতুন করে জীবন সাজিয়ে নিও' কতটা সহজে বলে দিলেন। আপনি ভাবছেন আপনার স্মৃতি মুছে যাবে মানে আমি কোনো কষ্ট পাবোনা, স্বাভাবিকভাবে নতুন জীবন শুরু করতে পারবো। ভুল ধারণা আপনার!
আপনিই বলুন, মস্তিষ্কের স্মৃতি নাহয় মুছে যাবে,কিন্তু আমার মনের অনুভূতি গুলোও কি হারিয়ে যাবে নাকি?
সেগুলো ঠিক এমনি থাকবে।
কোনো সুগন্ধির দোকানে গেলে মন ঠিকই সেই এক সুবাস খুঁজে বেড়াবে যেটি খুঁজে না পেয়ে আশাহত হবো আমি,শুধু জানা থাকবেনা কার সুবাস খুঁজে বেড়াচ্ছি আমি।
লাল র'ক্ত জবাফুল দেখলে অকারণেই মন কেঁদে উঠবে,হঠাৎ করে মনে অভিমান জাগবে এই ফুল আমি ঘুম থেকে উঠে আমার বিছানায় খুঁজে পাইনা কেনো?কিন্তু এই অকারণ অভিমানের কারণটা জানা থাকবেনা শুধু।
রাত বারোটা বাজলে ঠিক কারো শূন্যতা আমাকে কুড়ে কুড়ে খাবে,অশান্ত মন সেই শান্তির স্থানকে খুঁজে বেড়াবে,বুক ফেটে কান্না তখনো আসবে কিন্তু কার জন্য কাঁদছে আমার মন সেটাই শুধু জানা হবেনা।
এটুকুই পার্থক্য শুধু আপনার স্মৃতি থাকা আর না থাকার মধ্যে। একদিন এভাবেই সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিবো হয়তো।
তাই বলছি সব স্বাভাবিক হয়ে যাবে এমন চিন্তা বন্ধ করুন।
আর আপনি যে শেষ রাতে আমার এই হাল করে নীরবে পালাতে চেয়েছিলেন,তার জন্য আমি আপনাকে সারাজীবন ক্ষমা করবোনা।"
"কি করতে চাও তাহলে তুমি?শ্যামা,আমিও চাইনা তোমার থেকে দূরে যেতে। মাঝে মাঝে ভাবনা আসে আমি যাওয়ার পর তুমি অন্য কারো হয়ে যাবে,এই ভাবনাটুকুও পছন্দ নয় আমার।
কিন্তু না চাইলেও তোমার থেকে দূরে আমাকে যেতে হবে,তোমার ভেবেচিন্তে একটা পথ বেছে নিতেই হবে শ্যামা"
"জানিনা আমি,কিচ্ছু জানিনা। পরে ভাববো,এখন আমাকে একটু ঘুম পাড়িয়ে দিন তো,মাথা ব্যথা করছে অনেক। ঘুমাতে চাই একটু।"
অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্যামাকে ধাতস্থ করতে পেরে। বাকিটা ও আস্তে আস্তে সামলে নিবে এই কদিনে। শ্যামার মাথায় আলতো চুমু খেয়ে নীরবে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে অরণ্য।
এভাবেই নীরবতায় কতটা সময় পার হয়েছে জানেনা শ্যামা।
এক সময় অরণ্যের নিঃশ্বাস ভারী হতে থাকে,তার মাথায় হাত বুলানো বন্ধ হয়ে যায়।
শ্যামা আস্তে আস্তে মুখ তুলে অরণ্যের ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে,
এক সময় এই মানুষটার বুকে মাথা রাখতেই শান্তির ঘুম চলে আসতো,কিন্তু আজ তিনিও পারলেন না তার অশান্ত মনটাকে শান্ত করতে।
তাকে হারানোর ভয়টা চেপে বসেছে মনে,চোখ মুদতেও ভয় হচ্ছে,চোখ বুজলে এই বুঝি মিলিয়ে যাবেন সামনে থেকে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখে শ্যামা। রাত চারটা বাজে।
উঠে পড়ে শ্যামা সেখান থেকে,ঘর থেকে বেরোনোর আগে ঘরের জানালাটা লাগিয়ে দিয়ে পর্দা টেনে দিয়ে যায় ভালো মতো।
(চলবে)
