#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
শ্যামা গোসলখানায় গিয়ে একের পর এক মগ ভরে ঠান্ডা পানি ঢালতে থাকে মাথায়। নিজেকে স্বাভাবিক করতে চায় সে যত দ্রুত সম্ভব।
একটু পর ভোর হবে,তাকে অরণ্যের পাশে থাকতে হবে। ভাবতে হবে তাদের ভবিষ্যৎ নিয়ে,নিতে হবে একটি কঠিন সিদ্ধান্ত।
অবশ্য সে ইতোমধ্যে নিয়ে নিয়েছে সিদ্ধান্ত। তার পক্ষে আর যাইহোক তার প্রিয় মানুষটাকে এভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখা অসম্ভব।
শুধু নিজের স্বার্থের কথা ভেবে উনাকে এভাবে চিরকাল আটকে রাখতে পারেনা সে।
মন মানছেনা তাকে যেতে দিতে,কিন্তু ভাগ্যের হাতে বন্দী যখন দুজন তখন বাকিটাও ভাগ্যের উপর ছেড়ে দিলো না হয়।
সে ঠিক করেছে আর কাঁদবেনা অরণ্যের সামনে এখন থেকে।
কেঁদে বুক ভাসানোর সময় নয় এটা,যেখানে অরণ্যের সাথে কাটানোর দিনগুলো সীমিত সেখানে প্রত্যেকটা মূহুর্ত গুরুত্বপূর্ণ।
একটা মূহুর্তও কান্না করে নষ্ট করা যাবেনা।
সবসময় নিজেও হাসিমুখে থাকবে,অরণ্যকেও হাসিখুশি রাখবে,বিদায় জানাতে হলে হাসি মুখেই বিদায় জানাবে।
তার কাছে উনার স্মৃতিগুলো না থাকলেও,উনি যেনো তাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারেন।
উনার তিক্ত অতীতের ছিটেফোঁটাও উনার গমনকালের সঙ্গী হতে দিবেনা পণ করে সে। অন্তত এটুকু সে করতেই পারে তার অর্ধাঙ্গিনী হিসেবে।
বাকিটা বিধাতার ইচ্ছা,উনি জানেন কি ঠিক করে রেখেছেন তাদের জন্য।
নির্জনা কুঠির সিড়িতে বসে একধ্যানে এসব ভাবছিলো শ্যামা। আকাশ একটু ফর্সা হতে শুরু করতেই উঠে দাঁড়ায় শ্যামা।
অরণ্য উঠেই তাকে তার পাশে চাইবে,তাকে তার অর্ধাঙ্গিনী হিসেবে তার শিয়রে বসে তার কষ্ট ভাগ করে নিতে হবে,সহ্য খানিকটা তাকেও করতে হবে তার সাথে।
ঠান্ডা পানির গামলা আর পরিষ্কার ন্যাকড়া নিয়ে ফিরে যায় শ্যামা অরণ্যের কাছে।
সন্ধ্যায় অরণ্যের শেকল মিলিয়ে যেতেই সে ধরফরিয়ে উঠে বসে এক দলা র'ক্ত বমি করে।
শ্যামা এবার শান্তভাবে নিজ থেকে তাকে কুলকুচি করতে সাহায্য করে,তাকে পানি খাইয়ে তার গা মুছিয়ে দেয় আস্তে আস্তে।
অরণ্য একধ্যানে তাকিয়ে পর্যবেক্ষণ করে চলেছে শ্যামাকে।
বোঝার চেষ্টা করছে সে আসলেই স্বাভাবিক কিনা,আজ সারাদিন না সে একটা কথা বলেছে না কান্নাকাটি করেছে।
শ্যামা ভাত মাখাতে মাখাতে অরণ্যের অনুসন্ধানী দৃষ্টির দিকে তাকিয়ে স্মিত হেসে বলে,
"কি দেখছেন ওভাবে?আমি সত্যিই সামলে নিয়েছি নিজেকে,নিজের দুর্বল শরীরটার উপর এতো চাপ নিবেন না তো।আমি ঠিক আছি।"
অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে অবশেষে তার হাসিমুখ দেখে। কাল থেকে ভয়ে ভয়ে ছিলো কিভাবে সামলাবে ও নিজেকে,
উল্টো পাল্টা কিছু ভেবে নিজের ক্ষতি না করে বসে এই চিন্তায় পা'গ'ল হয়ে যাচ্ছিলো এতক্ষণ।
শ্যামা স্বাভাবিক কন্ঠে বলে উঠে,
"আজকে আপনার পছন্দের চিংড়ির ঝাল রান্না করেছে,অনেক বড় বড় চিংড়িগুলো। রিমুর রান্নার হাত কিন্তু আমার থেকেও ভালো,খেয়ে ভালো লাগবে আপনার।
এর থেকে মনে পড়লো অরণ্য,সামশের চাচা আমাকে বলেছিলেন আপনি নাকি এই চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ খান না কারণ কাঁটা বাছতে পারেন না আপনি। আপনি একেবারে প্রকৃত ধনী বাবার অতি আদরে বাঁদর হওয়া ছেলেটা দেখছি।"
অরণ্য হালকা হেসে ধীরে ধীরে বলে,
"এটা শুধু বাহানা ছিলো। আসলে ছোটবেলায় একবার মাছ খেতে গিয়ে কাটা বিধে গিয়েছিলো গলায়,অনেক কষ্ট পেয়েছিলাম তখন কয়েকদিন।
আর আমি হলাম বিদ্রোহী মানুষ,কেউ আমাকে ব্যথা দিলে তাকে দু চার ঘা দিতে না পারলে শান্তি নেই আমার। কিন্তু এই কাঁটা যতই কষ্ট দিক,গলার কাঁটাকে দু চার ঘা দেওয়া তো দূরে থাক গলা থেকে উপড়েও ফেলতে পারিনি। সেই রাগ থেকে আর কাঁটাওয়ালা মাছ খাইনি আমি,ছোটবেলার অভ্যাসটা তাই এখনো রয়ে গিয়েছে। মাছ হিসেবে তাই এই চিংড়ি টাই প্রিয় আমার। ভদ্র মাছ,পেটে পেটে কোনো শয়তানি নেই।"
শ্যামা হেসে কুটিকুটি হয় অরণ্যের ছোটবেলার কাহিনি শুনে।
ছোট খাটো স্মৃতিচারণের মাঝেই তাদের খাওয়ার পর্ব শেষ হয়। অরণ্য খাওয়া শেষ করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে শ্যামার কোলে মাথা রেখে। শ্যামা তার মাথায় হাত বুলাতে বুলাতে অপেক্ষা করে তার জেগে উঠার।
আজ আরেকটা দিন এভাবেই কেটে গেলো।
১৪টা দিন বাকি আর।
সময় হঠাৎ এতো দ্রুত চলে যাচ্ছে কেনো,এখানেই থেমে গেলে কি হয়?এই রাত কখনো না ফুরালে,সূর্যের আলো কখনো না ফুটলে তার জীবনের অন্ধকারগুলো ফিরে আসতোনা আর।
তার ভাবনার মাঝেই সময় তার নিজস্ব গতিতে পার হয়ে যায়,রাত বারোটা বাজে অরণ্য জেগে উঠে।
শ্যামা তার নড়াচড়া বুঝতে পারায় ফিরে তাকায় তার দিকে,ততক্ষণে অরণ্য উঠে বসে তাকে নিজের কাছে টেনে নেয়।
"কি ভাবছো এতো গভীর ভাবে?", স্মিত হেসে জিজ্ঞেস করে সে।
অরণ্যের হাসিমুখটা দেখে সেও হেসে ফেলে,শ্যামা অরণ্যের গলা জড়িয়ে ধরে বলে,
" ভাবছি আপনাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে গেলে কেমন হয়?যেখানে কখনো সকাল হয়না?"
"বুদ্ধিটা খারাপ না,এমন জায়গা থাকলে সত্যি ভালো হতো। আমি আমার নৈশ ভ্রমণে অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি,কিন্তু আফসোস একটাও এমন জায়গা খুঁজে পেলাম না।"
"আমাকে নিয়ে যাবেন?"
"কোথায়?",অরণ্য ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো।
"আপনার প্রিয় স্থানগুলোতে,আপনার ভ্রমণে যে জায়গাগুলো আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিলো। আমিও দেখতে চাই।"
মুহুর্তেই অরণ্যের চোখমুখ উজ্জ্বল হয়ে যায়,
"তুমি যাবে?সত্যি?! আমারও অনেক ইচ্ছা তোমাকে নিয়ে যাওয়ার,কিন্তু ওইদিন তোমাকে টেলিপোর্ট করে আনাতে তুমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলে,ভেবেছিলাম আর কখনো এভাবে যেতে চাইবেনা তুমি। তাই আশা ছেড়ে দিয়েছিলাম।"
"ওটা তো প্রথমবার ছিলো তাই এমন লেগেছে,ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আমি কি বলেছি নাকি একবারও যে আমার খারাপ লেগেছে ওভাবে?"
অরণ্যের মুখের হাসি আরোও খানিকটা প্রসারিত হলো শ্যামার উৎসাহ দেখে,সে দ্রুতকদমে খাট থেকে নামতে নামতে বলে উঠে,
"তুমি বসো একটু,আমি এক্ষুনি কাপড় বদলে আসছি।"
বলেই সে দৌড়ে গেলো তার আলমারির কাছে,হাতের কাছে প্রথম টি-শার্ট যেটা পেয়েছে সেটাই পড়তে থাকে অরণ্য।
শ্যামা অরণ্যের উৎসাহী পিঠের দিকে তাকিয়ে হেসে ফেলে। উনাকে এতটা খুশি দেখে মনটা প্রাশান্তিতে ছেয়ে যায় শ্যামার।
অরণ্য ফিরে এসে হাসিমুখে হাত বাড়িয়ে দেয় তার দিকে,
"চলো,নিয়ে যাবো তোমাকে অরণ্যের দুনিয়ায়"
শ্যামা সানন্দে তার হাত গ্রহণ করে উঠে দাঁড়ায়। শক্ত করে জড়িয়ে ধরে দুজন দুজনকে।
তারপরই অনুভূত হয় সেই একি দম বন্ধকর অনুভূতি,তবে বেশি সময় লাগেনা এইবার।
বেশ দ্রুত মাটি অনুভব হয় শ্যামার পায়ের নীচে।
সে চোখ খিঁচে বন্ধ করে ছিলো এতক্ষণ।
মাটিতে অবতরণের সাথে সাথে ভেসে আসে পানির কলকল ধ্বনি এবং অনবরত ঝিঁ ঝিঁ পোকার ডাক।
চকিতে চোখ খুলে তাকায় শ্যামা,সাথে সাথে হারিয়ে যায় আশেপাশের মনোমুগ্ধকর দৃশ্যে।
চোখ বড় বড় করে দু'হাতে মুখ ঢেকে আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করে সে।
তারা একটি পাহাড়ি ছোট্ট ঝর্ণার সামনে দাঁড়িয়ে আছে,সেখান থেকেই পানির কলকল ধ্বনি ভেসে আসছে যা এই নিস্তব্ধ পরিবেশে অনেক স্নিগ্ধ শোনাচ্ছে। আশেপাশে যেদিক চোখ যায় ঘন কালো জঙ্গল। বড় বড় গাছের ফাঁক গলে চাঁদের আলো এতোটা আলোকিত করতে পারেনি স্থানটি,
কিন্তু তার কমতি পূরণ করার জন্যই হয়তো ছোট ছোট তারার মতো শখানেক জোনাকি পোকা একত্রিত হয়েছে এই জায়গায়,যেগুলো একবার জ্বলছে আরেকবার নিভছে। মনে হচ্ছে যেনো আকাশের তারাগুলো জমায়েত হয়েছে এই জায়গাটায়।
পুরো দৃশ্যটাই যে কারো মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট।
অরণ্য হাসিমুখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামাকে এভাবে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে,সে বলে উঠে,
"তোমার এই জায়গা টা এতো পছন্দ হবে জানলে অনেক আগেই নিয়ে আসতাম তোমাকে এখানে।"
শ্যামা চকিতে ফিরে তাকায় অরণ্যের দিকে,হাসিমুখে বলে উঠে,
"সত্যি অরণ্য আমি এমন সুন্দর দৃশ্য আগে কক্ষণো দেখিনি।এটা তো কোনো রূপকথার গল্প থেকেও বেশি সুন্দর!"
"তোমার থেকে বেশি সুন্দর নয়", অরণ্য ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে বলে।
শ্যামা এমন আকস্মিক প্রশংসায় ভ্যাবাচ্যাকা খেয়ে লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। অরণ্য হেসে ফেলে তার লজ্জামাখা অভিব্যক্তি দেখে।
অরণ্য এগিয়ে গিয়ে শ্যামার এক হাত নিজের হাতে নিয়ে এগিয়ে যায় ঝর্ণার ধারে। সেখানে একটি পাথরের উপর বসে দুজনেই পা ডুবিয়ে দেয় ঝর্ণার শান্ত ঠান্ডা জলে।
অরণ্য শ্যামার কোমড় জড়িয়ে ধরে কাছে টেনে নেয় তাকে। শ্যামা আবেশে মাথা এলিয়ে দেয় তার বুকে।
দুজনেই নীরবতার মাঝে এই নিস্তব্ধ পরিবেশটাকে অনুভব করে কিছুক্ষণ,শ্যামা ই প্রথম নীরবতা ভঙ্গ করে প্রশ্ন করে,
"এই জায়গাটা কোথায় অরণ্য?"
"আমাদের গ্রামের কাছেই একটি পাহাড়ে,এদিকটা বেশ খাড়া আর জঙ্গল বেশি ঘন, তাই সহজে এদিকে কেউ আসেনা। আমি একদিন ঘুরতে ঘুরতে এই জায়গাটা খুঁজে পেয়েছিলাম।
প্রথম দেখাতেই মন ছুঁয়ে গিয়েছিলো।"
"হুম... একদম ঠিক বলেছেন,মনটা কেমন শান্ত হয়ে গেছে এখানে এসে। বিশেষ করে এই জোনাকি পোকাগুলো,ভীষণ সুন্দর এগুলো।"
"তোমার জন্য কিছু বয়মে ভরে নিয়ে যাবো রাখার জন্য?"
"না,এগুলো এখানেই থাক। ভবিষ্যতে যতবার ইচ্ছে করবে দেখতে,আপনাকে নিয়ে চলে আসবো এখানে।"
চমকে উঠে তাকায় অরণ্য শ্যামার মুখ পানে। শ্যামা তার উপর অরণ্যের দৃষ্টি অনুভব করে তার বুকে থুতনি ঠেকিয়ে মাথা তুলে তাকায় তার দিকে,
অভিমানী কন্ঠে বলে উঠে,
"এভাবে তাকাচ্ছেন কেনো?ভবিষ্যতে হয়তো আপনি থাকবেন না,তাই বলে আমি আমাদের নিয়ে স্বপ্ন দেখতে পারবোনা নাকি?আমার স্বপ্নপুরুষকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার আমারও আছে,নিকুচি করেছে আপনার বাস্তবতার।"
অরণ্য নীরবে এক দৃষ্টিতে মাথা নীচু করে তাকিয়ে থাকে শ্যামার মুখপানে। তাদের মধ্যে কয়েক ইঞ্চির দূরত্ব মাত্র। রাতের মৃদুমন্দ বাতাসে শ্যামার খোলা চুল গুলো বারবার তার চেহারায় আছড়ে পড়ছে।
অরণ্য ঘোরলাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সেই অবাধ্য চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মিটিয়ে দেয় সেই কয়েক ইঞ্চির ব্যবধান।
অধরে অধর ডুবিয়ে গভীর চুম্বন করে একজন আরেকজনকে।
একটু পর অরণ্য ছেড়ে দিয়ে তার কপালে আলতো চুমু খেয়ে বলে,
"ঠিক বলেছো একদম। স্বপ্ন দেখার অধিকার তো সবার আছে,তুমি আমি বাদ যাবো কেনো?"
শ্যামা তৃপ্তির হাসি হেসে বলে,
"এইতো বুঝতে পেরেছেন। তাই আমি একেবারে ইচ্ছেমতো স্বপ্ন দেখছি। ১৪দিন পরেও আপনি আমারই থাকবেন,আপনার অভিশাপও কেটে যাবে,আমরা একটা নতুন জীবন শুরু করবো,আপনাকে নিয়ে মা বাবার সামনে গিয়ে দাঁড়াবো,তাদের সম্মতি নিবো,তারপর আমাদের টোনাটুনির সংসার হবে,বছর ঘুরতেই আমাদের কোল জুড়ে একটা ছোট্ট বাবু আসবে,তাকে নিয়ে হেসে খেলে কেটে যাবে আমাদের দিনগুলো,তারপর কয়েক বছর পর আরেকটা বাবু নিবো,ওরা বড়ো হবে,বিয়ে হবে,ওদের বাবু হবে,আমরা একসাথে বুড়ো হবো,মৃ'ত্যু নাহয় তারপর আসলে আসবে।"
অরণ্য স্মিত হেসে নত কন্ঠে বলে উঠে,
"এতোদূর ভেবে ফেলেছো তুমি?তবে এই স্বপ্নটা সত্যি অনেক সুন্দর,এই স্বপ্নটা সত্যি হলে অনেক ভালো হবে।"
"হুম" শ্যামা স্মিত হেসে ছোট্ট করে জবাব দেয়।
এভাবে আরও কিছুক্ষণ কাটানোর পর তারা ফিরে আসে নির্জনা কুঠিতে। শ্যামা ঘুমিয়ে পড়ার আগে অরণ্য ইতস্ততভাবে সেই প্রশ্নটি করে যেটি সে এতোক্ষণ চেপে রেখেছিলো মনে,
"তুমি কি ঠিক করেছো কি করবে তুমি?"
শ্যামা একটি দীর্ঘশ্বাস ফেলে ঘরের জানালাটা বন্ধ করতে করতে জবাব দেয়,
"হুম,আমি ঠিক করেছি আপাতত যেটা করা উচিত, সেটাই করবো আমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আপনাকে এই কষ্ট থেকে মুক্ত করা,আমি সেটাই করবো। বাকিটা যা হওয়ার হবে।"
অরণ্য কিছু বললোনা আর। শ্যামা তার বুকে মাথা রাখতেই কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে যায়। কাল থেকে এই প্রথম ঘুম এলো তার চোখে।
অরণ্য এক দৃষ্টিতে চেয়ে থাকে তার ঘুমন্ত মুখশ্রীর দিকে।
আর কয়েকটা দিন মাত্র এরপর আর দেখা হবেনা তার এই প্রিয় মুখটা।
(চলবে)
