#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
দিন বাড়ার সাথে সাথে অরণ্যের পাল্লা দিয়ে বাড়তে থাকা কষ্ট বসে বসে দেখা দুঃসাধ্য হয়ে দাঁড়ায় শ্যামার জন্য।
হাতের উপর হাত রেখে তার প্রিয় মানুষটাকে যন্ত্রণায় কাতরাতে দেখা তার জন্য কোনো শাস্তির থেকে কম নয়।
সে বিক্ষিপ্ত কদমে নীচে গিয়ে কলপাড় থেকে এক বালতি ঠান্ডা পানি নিয়ে আসে।
রিমু শ্যামাকে এমন অবস্থায় দেখে আঁতকে উঠে,কোনো প্রশ্ন করতে গেলেও শ্যামা উত্তর দেয়না। যাওয়ার আগে শুধু বলে গেলো আজ রাতের রান্নাটা যেনো সে নিজে করে দিয়ে যায়।
শ্যামা আর কাঁদছেনা,সে যেনো পাথরের এক মূর্তি এখন,যে কাঁদতেও ভুলে গেছে। সে চুপচাপ সুতির ন্যাকড়া দিয়ে পানি চেপে চেপে অনবরত অরণ্যের মুখ,গলা মুছে চলেছে। হাতে ছ্যাঁকা লাগার ব্যপারটাও পুরোপুরি অগ্রাহ্য করলো সে। এভাবে ঠিক কতোক্ষণ করেছে সে তার ইয়ত্তা নেই,এটা আদোও অরণ্যের কষ্ট একটু নিরাময় করতে পেরেছে কিনা সেটাও জানেনা সে।
তবে দিনের আলো কমতে কমতে অরণ্যের আর্তনাদ কমতে থাকে,শ্বাস-প্রশ্বাস আগের থেকে একটু স্বাভাবিক হতে থাকে।
আকাশের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সেই অস্বাভাবিক শেকলটা ধীরে ধীরে মিলিয়ে যায়। মিলিয়ে যায় বললে ভুল হবে,কারণ শিকলটিকে তার শরীর বুকের কাছ থেকে শুষে নিয়েছে। শিকলটি পুরোপুরি তার বুকে ঢুকে যাওয়ার সাথে সাথে অরণ্য ধরফরিয়ে উঠে বসে এক দলা র'ক্ত বমি করে।
এই দৃশ্য যেনো শ্যামার ভেতরটা পুরোপুরি ভেঙ্গে গুড়িয়ে দেয়। সে পাথরের মূর্তির মতো চেয়ে থাকে ফ্লোরে পড়া র'ক্তের দিকে,পলক ফেলতেও ভুলে গিয়েছে যেনো।
সামশের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আসে। অরণ্যের কুলকুচি করার পানি আর গামলা নিয়ে,যেনো নিত্য দিনের কাজ এটা তার। তিনি অরণ্যকে ধরে তুলে কুলকুচা করতে সাহায্য করলেন। অরণ্যের গা মোছার জন্য পানি এগিয়ে আনতেই শ্যামা হঠাৎ শান্ত গম্ভীর কন্ঠে বলে উঠলো,
"আমি করবো এসব এখন থেকে,আপনি যেতে পারেন।"
সামশের একবার সম্মতির জন্য অরণ্যের দিকে তাকালো,সে চোখের ইশারায় তাকে সম্মতি দিয়ে চলে যেতে বললো।
অরণ্য এখনো শ্যামার দিকে তাকায়নি,ওর চোখে চোখ রাখার সাহস হচ্ছেনা তার। একটু আগের তার গুরুগম্ভীর কন্ঠস্বর তাকে আরও চিন্তায় ফেলে দিয়েছে।
মেয়েটা দুপুর থেকে চুপ হয়ে গেছে,কান্নাও করছেনা। এভাবে ও অসুস্থ হয়ে পড়বে।
শ্যামা চুপচাপ অরণ্যের পিঠে বালিশ দিয়ে তাকে আধশোয়া করতে সাহায্য করে। শরীর অনেক দুর্বল তার এই মুহুর্তে,গায়ের তাপমাত্রা কমলেও এখনো স্বাভাবিক হয়নি,তার চোখেমুখে তাকালেই দেখতে পাচ্ছে এটুকু উঠে বসতেও তার অনেক কষ্ট হচ্ছে।
শ্যামা কোনো কথা বললোনা,অরণ্যের চোখের দিকেও তাকালোনা,সে আস্তে আস্তে অরণ্যের ঘামে ভেজা টি-শার্ট খুলে নিলো। বালতিতে ন্যাকড়া ভিজিয়ে একমনে তার সারা শরীর মুছে দিতে লাগলো।
অরণ্য বেদনাকাতর দৃষ্টিতে তাকিয়ে আছে শ্যামার দিকে।
এই মুখটা সবসময় কেমন হাসিখুশি থাকতো,আজ তার ছিটেফোঁটাও নেই। সে কি আর কোনোদিন মেয়েটার মুখের হাসি দেখতে পাবেনা?
তার এই ভাবনাটা আজ শরীরের ব্যথার চেয়েও বেশি কষ্ট দিচ্ছে তাকে। তার অনেক ভয় হচ্ছে এখন,এটুকু ধাক্কা মেয়েটিকে এমন করে দিয়েছে।
পরের টুকু মেয়েটা সহ্য করতে পারবে তো?
অরণ্য তার দুর্বল হাতটা রাখে তার শরীর মুছতে ব্যস্ত শ্যামার হাতের উপর। মেয়েটা একপলক তার দিকে না তাকিয়েই হাতটা সরিয়ে নিয়ে বলে,
"উপুড় হয়ে শুয়ে পড়ুন,পিঠের দিকটা মুছতে হবে"
অরণ্য আর সহ্য করতে পারলোনা,শরীরের ব্যথা উপেক্ষা করে এগিয়ে গিয়ে শ্যামাকে বুকে মিশিয়ে নিয়ে শুয়ে পড়ে।
শ্যামা ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। তার প্রিয় মানুষটার বুকে আসতেই মনের পাথর গলতে থাকে তার। চোখ থেকে অঝোর স্রোতে গড়াতে থাকে জল।
শ্যামা ফোঁপাতে ফোপাঁতে বলে,
"ছাড়ুন আমাকে অরণ্য,আমার কাজ এখনো শেষ হয়নি।"
অরণ্য নীরবে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আঁকড়ে ধরে থাকে তাকে। শ্যামা একটু পরেই ছাড়া পাওয়ার চেষ্টা বন্ধ করে দিয়ে অরণ্যের বুকে নেতিয়ে পড়ে। নিজের কান্না সংবরণ করার কোনো চেষ্টা করলোনা,হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে সে,
"আমি এখন কি করবো অরণ্য?আমি কিছুই বুঝতে পারছিনা,আমাকে প্লিজ কোনো পথ দেখান। আমার মাথায় কিছুই আসছেনা।"
অরণ্য নীরবে শ্যামার মাথায় হাত বোলাতে থাকে শুধু,কাঁদুক আরও কাঁদুক,কাঁদলে মন হালকা হবে। পরের কথাগুলো সহ্য করতে পারবেনা নয়তো।
অরণ্য শ্যামাকে বলে উঠে হঠাৎ,
"আমাকে একটু পানি খাওয়াতে পারবে শ্যামা?"
শ্যামার ঘোর কাটে তখন,মানুষটা সারাটাদিন ঘেমেছে,কিছু খায়নি। তার খেয়াল রাখা উচিত ছিলো উনার তেষ্টা পেয়েছে। সে উঠে গিয়ে টেবিলের জগ আর গ্লাস নিয়ে এসে নিজ হাতে পানি খাওয়ায় অরণ্যকে। পরপর দুই গ্লাস পানি খেতে খেতে সামশের খাবার নিয়ে আসে ঘরে।
এই সময়ে খাবার দেখে আবার মনে পড়ে যায় শ্যামার,কেনো অরণ্যকে সারাদিন না খেয়ে থাকতে হতো। আজ অবশেষে উত্তর দিয়েছে তাকে অরণ্য।
শ্যামা খাবার মেখে খাইয়ে দেয় অরণ্যকে,তার জোরাজুরিতে না চাইতেও তাকেও খেতে হলো কিছুটা। তারপর সে নিস্তেজ হয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ে।
উনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে এই মুহুর্তে। শ্যামা শুধু চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে,কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে পড়ে অরণ্য।
অরণ্যের ঘুমন্ত মুখটা অত্যন্ত মায়াবী দেখাচ্ছে,ক্লান্ত হয়ে বেঘোরে ঘুমাচ্ছেন তিনি।
শ্যামারও মাথাটা প্রচুর ধরেছে,একটু ঘুম তারও প্রয়োজন। কিন্তু আজ চোখ বন্ধ করতেও ভয় লাগছে তার। বারবার দিনের দৃশ্য গুলো চোখে ভাসছে তার।
সে খাটের সাথে হেলান দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে জানালার বাইরে। পরিবেশটা এখন ততোটাই নিস্তব্ধ যতটা কোলাহলপূর্ণ দিনের আলোতে ছিলো।
এভাবে কতক্ষণ কেটে গিয়েছে সে জানেনা,তার সম্বিৎ ফিরে অরণ্যের কথায়,
"তুমি সত্যিই অনেকটা আমার মায়ের মতো শ্যামা"
শ্যামা চকিতে ফিরে তাকায় তার কোলে মাথা রেখে শুয়ে থাকা অরণ্যের দিকে। তার দিকে স্মিত হেসে তাকিয়ে আছে অরণ্য,জানালা গলে খানিকটা চাঁদের আলো এসে পড়েছে তার মুখে,অসম্ভব মায়া খেলা করছে তার চোখেমুখে। কখন জেগে উঠেছেন উনি টেরই পায়নি শ্যামা। রুমের ঘড়ির দিকে তাকায় শ্যামা,কাটায় কাটায় রাত বারোটা এখন।
অরণ্য বলতে থাকে,
"আমার এই অবস্থা হওয়ার পর মা ও ঠিক এতোটাই বিচলিত হয়ে পড়েছিলেন। সারাটা দিন আমার শিয়রে বসে কান্নাকাটি করতেন,সারাটাদিন আমার শরীর ভেজা কাপড় দিয়ে মুছতে থাকতেন,সন্ধ্যায় এভাবেই খাইয়ে দিতেন,আমি উনার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম ক্লান্ত হয়ে,যখন চোখ খুলতাম দেখতে পেতাম তিনিও একদৃষ্টিতে জানালার বাইরে পুকুরের পানির দিকে তাকিয়ে আছেন। আজ অনেক বছর পর সেই একি অনুভূতি অনুভব করেছি আমি।
অবশ্য এর আগেও অনেকবার এমনটা মনে হয়েছিলো আমার,তোমরা কিছুদিক দিয়ে ভিন্ন হলেও অনেক মিল আছে তোমাদের মাঝে। মা বেঁচে থাকলে তোমাকে তার অনেক পছন্দ হতো শ্যামা।"
"আপনার আমাকে সাধারণ কথা বলে স্বাভাবিক করার চেষ্টা করতে হবেনা অরণ্য,আমি ঠিক আছি। আপাতত অন্তত। কিন্তু থেকে থেকে কেনো জানি মনে হচ্ছে আপনি আমাকে এর চেয়েও ভয়ংকর কিছু বলবেন,যা আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিবে।
নয়তো আপনি আপনার সত্য বলার শুরুটাই আমাকে এসব দেখিয়ে করতেন না।" বলতে বলতে চোখের কর্ণিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে শ্যামার।
অরণ্যের বুকের বা পাশটা মোচড় দিয়ে উঠে হঠাৎ, সে শোয়া থেকে উঠে আধশোয়া হয়ে শ্যামাকে বুকে টেনে নেয়। শ্যামা চুপচাপ অশ্রুসিক্ত নয়নে তার বুকে মাথা রাখে। অরণ্য বলে উঠে,
"আমি তোমাকে আগেই বলেছিলাম শ্যামা,সবকিছু অনেক জটিল হবে তোমার জন্য। তুমি আমাকে কথা দিয়েছিলে নিজেকে সামলে নিবে।"
"বলেছিলাম মানছি আমি। আপনি আমাকে সাবধানও করেছিলেন সত্যিটা অনেক ভয়ংকর হবে। কিন্তু এতোটা ভয়ংকর হবে আমি স্বপ্নেও ভাবিনি।
আমি ভেবেছিলাম খারাপের চেয়ে খারাপ কি হতে পারে?আপনি হয়তো বলবেন আপনি কোনো পিশাচ,আমার হৃদপিণ্ড নিজ হাতে ছিড়ে দিতে হবে আপনাকে?আমি হাসতে হাসতে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এটা তার চেয়েও ভয়ানক,অনেকগুণ বেশি। আমার ভয় হচ্ছে অনেক,চরম ভয়।"
"তাহলে আজকের দিনটা বাদ দাও,কালকে নাহয়..."
শ্যামা আঁতকে উঠে বলে,
"না...একদম না! কিছু না জেনে কালকের দিনটাও আপনাকে এভাবে দেখতে হলে আমি জানিনা কি অবস্থা হবে আমার। আমি জানতে চাই সব। এক্ষুনি! "
অরণ্য কাতর দৃষ্টিতে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে বলে,
"ঠিক আছে শ্যামা,আমি বলছি সব। চুপ করে শুনবে সবকিছু। আর আমি আবার মিনতি করছি শ্যামা,প্লিজ ভেঙ্গে পড়োনা।"
শ্যামা কোনো জবাব দিলোনা অরণ্যকে,শুধু আরও খানিকটা আঁকড়ে ধরলো তাকে,যেনো হাত ছুটলেই হারিয়ে যাবে মানুষটা।
অরণ্য আরেকবার দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে,
"আমি কোনো স্বাভাবিক মানুষ না তা তুমি জানো। তবে আমি ১০৪বছর আগেও একজন সাধারণ মানুষ ছিলাম।
আমার মা একজন যাযাবর গোষ্ঠীর মানুষ ছিলেন। দেখতে কৃষ্ণবরণের ছোটো খাটো গড়নের একজন সাধারণ মহিলা ছিলেন তিনি। তার না কোনো বংশ পরিচয় ছিলো,না কোনো ধন-দৌলত,না তিনি তথাকথিত রূপসী ছিলেন।
তবুও আমার উচ্চাকাঙ্খী এবং সুন্দরের পূজারী বাবা কেনো তাকে বিয়ে করেছিলেন,তা এখনো অজানা আমার।
এমনকি কেউ মাকে কোথা থেকে আনা হয়েছে সে ব্যাপারেও জানতোনা। বাবা এই ব্যপারটা সবসময় গোপন রেখেছিলেন,মা ও এই ব্যপারে কোনো কথা বলতেন না কারণ বাবার বারণ ছিলো। উনি যে যাযাবর ছিলেন তা কেবল আমি জানতে পেরেছি কারণ মা ছোটবেলায় প্রায়ই তার বিভিন্ন জায়গার ভ্রমণের কাহিনী শুনাতেন আমাকে।
আমার মা যখন আমাকে জন্ম দেন তখন তিনি মাত্র পনেরো বছরের একজন কিশোরী ছিলেন। কম বয়সে পুষ্টিহীন শরীরে সন্তান জন্ম দিতে গিয়ে তিনি আমার জন্মের পরপরই শয্যাশায়ী হয়ে পড়েন।
কিন্তু আশ্চর্যজনকভাবে তার গায়ের বরণ বা তার পুষ্টিহীনতার কোনো প্রভাব তার সন্তানের উপর পড়েনি। বরং তার বিপরীতটা ঘটেছিলো।
আমি সাধারণ শিশুদের চেয়েও অনেক বেশি সুস্থ আর সুদর্শন ছিলাম। আমার বয়সী অন্য সাধারণ ছেলেদের তুলনায় আমি অনেকটাই অস্বাভাবিক ছিলাম।
গ্রামের সবচেয়ে উঁচু গাছটায় যেখানে বড়োরাও উঠতে পারতোনা,আমি অনায়সে উঠে যেতাম। দৌড়ে কেউ আমার কাছে ঘেষতে পারতোনা। কারো সাথে মা'রা'মা'রি লাগলেও সামনে যে ই থাকুক,জয় টা আমার হতো। আমার সৌন্দর্যের প্রসংশা করতো সবাই।পাঠশালার শাস্ত্রবিদ্যা হোক বা অস্ত্রবিদ্যার কৌশল হোক,আমি সকল জ্ঞান অনায়াসে রপ্ত করতে পারতাম,সবাই প্রশংসায় পঞ্চমুখ ছিলো আমার প্রতি। আমার ভাইয়েরা আর সৎমায়েরা আমার দিকে হিংসার দৃষ্টিতে তাকাতো,আশেপাশের দশগ্রামে আমাকে নিয়ে চর্চা হতো।
বাবা আমার প্রতি অনেক খুশি ছিলেন,আমাকে উনি সবচাইতে বেশি ভালোবাসতেন। আমি যখন ছোট ছিলাম,তখন সবার এমন ব্যবহার দেখে ভীষণ অবাক হতাম আমি। আমার ছোট্ট মনে অনেক প্রশ্ন উঠতো তখন।
ওরা এমন আশ্চর্য কেনো হতো আমাকে দেখে? আমি যা করছি তা কি অতি সাধারণ বিষয় নয়?এটা তো সবাই করতে পারে তাইনা?আমিতো ওদের মতোই সাধারণ মানুষ তাইনা? একদিন আমি এই প্রশ্নগুলো আমার বাবাকে করেই ফেলি। কিন্তু তখন বাবা আমার জীবনের সব থেকে বড়ো ভুল শিক্ষাটি আমাকে দিয়েছিলেন। তিনি আমাকে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন,
"তুমি মোটেও ওই সাধারণ মানুষগুলোর একজন নও অরণ্য।
তুমি যা অনায়সে করতে পারো,তা তারা হাজারো অনুশীলন করেও করতে পারেনা,তাহলে তুমি তাদের একজন কিভাবে হতে পারো অরণ্য?
তোমাকে বিধাতা অপার প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন,তুমি অসাধারণ। আর এসব প্রতিভা তোমাকে কোনো কারণ ছাড়া দেয়নি তাইনা?
তোমাকে এতো ক্ষমতা দেওয়া হয়েছে,তোমাকে অসাধারণভাবে সৃষ্টি করা হয়েছে সাধারণদের উপর রাজত্ব করার জন্য।
এটাই তোমার জীবনের লক্ষ্য,এর জন্যেই জন্মেছো তুমি।
তোমাকে ক্ষমতা অর্জন করতে হবে,ক্ষমতাবানের আগে সবাই দুর্বল।
কেউ তোমার সামনে মাথা তুলে দাঁড়ানোর স্পর্ধাও করতে পারবেনা,সবাই মাথা নত করবে তোমার সামনে।"
বাবার কথাটা আমার পছন্দ হয়েছিলো,ভীষণ পছন্দ হয়েছিলো। অবশেষে আমি আমার জীবনের লক্ষ্য জানতে পারলাম। আমার প্রিয় বাবা যখন বলেছেন আমি সাধারণ কেউ নই তাহলে অবশ্যই আমি অসাধারণ।
(চলবে)
