#চলমান
পাঠ : 5
উপন্যাস : প্রণয়ের প্রণয়িণী তুমি
লেখিকা : ঐশী বিশ্বাস
জায়েদ রুমে ঢুকেই রাগে আশপাশের সবকিছু এদিক-ওদিক ছুড়ে ফেলতে শুরু করে । মাথাটা যেন প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে যতই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে , ততই রাগ যেন আরও বেড়ে যাচ্ছে । এমনিতেই জোর করে বিয়ে দেওয়া হয়েছে , তার ওপর আবার কীসের অনুষ্ঠান - টনুষ্ঠান ! এসব কিছুই যেন তার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ।
রুমের একপাশে রাখা পাঞ্চিং ব্যাগটার সামনে গিয়ে দাঁড়ায় জায়েদ । একের পর এক ঘুষি মারতে থাকে সেটার ওপর । নিজের রাগ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে , কিন্তু কোনোভাবেই যেন রাগ কমার নাম নিচ্ছে না । তার মা কীভাবে এমনটা করতে পারলেন ? কীভাবে তাকে জোর করে নিজের অপছন্দের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন ! তার চেয়েও বড় কথা , নওশিন নামের মেয়েটাকে সে ভালো করে চেনেই না । যে মেয়েটা সারা জীবনের জন্য তার সব ভালো-মন্দ , সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকবে , সেই মেয়েটার সম্পর্কেই তার কোনো ধারণা নেই ।
তার ওপর আজ আবার একটা লোক এসে বলল , মেয়েটাকে নাকি সে কিনে নিয়েছে !
ছিঃ! এমন একটা মেয়ের সঙ্গে সে সংসার করবে যে টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেয় !
রাগে সেন্টা'র টেবিল টায় সজোরে একটা লাথি মারে জায়েদ । সঙ্গে সঙ্গেই ঝনঝন শব্দে ভেঙে ছড়িয়ে পড়ে টেবিলের কাচের টুকরোগুলো । পায়ে অবশ্য সামান্য ব্যথা পেয়েছে , কিন্তু রাগের তীব্রতা এতটাই বেশি যে সেই ব্যথাটুকুও অনুভব হচ্ছে না ।
একসময় ক্লান্ত হয়ে রকিং চেয়ার টায় বসে পড়ে জায়েদ । চেয়ার টা অনবরত দুলছে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরায় । জায়েদ সাধারণত সিগারেট খায় না , তবে অতিরিক্ত রাগ বা টেনশনে থাকলে মাঝেমধ্যে খায় । আজও তার ব্যতিক্রম হলো না অতিরিক্ত রাগটা কিছুটা কমানোর আশায় সিগারেট ধরিয়েছে । সিগারেটের ধোঁয়ার সঙ্গে যদি মনের ভেতর জমে থাকা রাগটা ও উড়ে যেত !
একটার পর একটা সিগারেট ধরিয়ে পুরো প্যাকেট টাই শেষ করে ফেলে । এরপর খালি প্যাকেটটা মেঝেতে ছুড়ে দেয় । পুরো রুমটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে । রকিং চেয়ার থেকে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় । শরীরের বিভিন্ন জায়গায় ফোঁটা ফোঁটা ঘাম জমেছে , এমনকি এই শীতের মধ্যেও । শাওয়ারের নিচে গিয়ে দাঁড়াতেই ঠান্ডা পানির স্পর্শে শরীরটা ধীরে ধীরে শীতল হতে শুরু করে ।
অন্যদিকে নওশিন কে নিয়ে আয়রা নিজের রুমে আসে । বিছানায় বসিয়ে নিজেও নওশিনের সামনে বসে পড়ে । তারপর আয়রা একগাল হেসে বলে_
ভাবী তুমি কিন্তু দেখতে অনেক মিষ্টি !
নওশিন মলিন হেসে বলে_
আমি জানি আপু তুমি আমাকে ফার্ম দিচ্ছো ।
না ভাবী আমি মোটেও তোমাকে ফার্ম দিচ্ছি না তুমি সত্যিই অনেক সুন্দর ।
তাহলে উনি যে বললেন আমি কালো দেখতে মোটেও সুন্দর নই !
নওশিনের কথায় আয়রার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে যায় অবাক হয়ে তাকায় তার দিকে ।
কে বলেছে ভাবী ? জায়েদ ভাইয়া ?
নওশিন উপর-নিচে মাথা নাড়ায় ।
আয়রা এবার বেশ অবাক হয় তাহলে কি এই বিয়েটা ভাইয়ের ইচ্ছেতে হয়নি ? সে জন্যই তো তখন তার কথার কোনো উত্তর না দিয়ে ভাইয়া রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল !
আর আম্মুই বা কাউকে না জানিয়ে এভাবে জোর করে বিয়ে দেবেন কেন ? আয়রা নওশিনের দিকে তাকিয়ে বলে_
ভাবী ভাইয়ার কথায় কিছু মনে করো না , ভাইয়া তো একটু রাগী তাই বলে ফেলেছে । কয়েক দিন পর এমনিই ঠিক হয়ে যাবে আমার ভাইয়া এমনিতে খুব ভালো শুধু একটু রাগী ।
আচ্ছা আপু তোমার ভাইয়া কি পাগল ?
নওশিনের কথা শুনে আয়রার চোখ বড় বড় হয়ে যায় । এই কথা যদি ভাইয়া শুনতে পায় যে কেউ তাকে পাগল বলেছে , তাহলে তো তাকে আস্ত গিলে খাবে ! ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে_
আল্লাহ ! ভাবী এসব তোমাকে কে বলেছে ?
ওই যে উনি যাকে বাঁচাল বললেন ।
বাঁচাল ! কাকে বলেছেন ?
উনার অ্যাসিস্ট্যান্ট ।
আয়রা এবার বুঝতে পারল এসব কথা নওশিনকে কে বলেছে । জাকির ভাইয়া এত মার খায় ভাইয়ের হাতে তবুও ঠিক হয় না ।
নওশিন এবার আয়রা কে হালকা নাড়া দিয়ে বলে_
আপু কী হয়েছে ? কী ভাবছো ?
আয়রার ভাবনার ছেদ পড়ে নওশিনের দিকে তাকিয়ে বলে_
হুম... ভাবী ?
নওশিন বাচ্চাদের মতো করে বলে_
আপু তুমি আমার থেকে অনেক বড় আর তাছাড়া তোমার ভাই আমাকে বউ হিসেবে মানেন না । তুমি আমাকে নাম ধরে ডাকতে পারো আমার নাম জেরিন নওশিন , তুমি আমাকে নওশিন বলেই ডেকো ।
নিজের ভাই এত মিষ্টি একটা মেয়েকে বউ হিসেবে মানতে চাইছে না , বিষয়টা ভাবতেই আয়রার মন খারাপ হয়ে যায় । অথচ এই অল্প সময়ের মধ্যেই মেয়েটাকে কেমন যেন আপন আপন মনে হচ্ছে ।
নওশিন আয়রা কে হালকা ধাক্কা দিয়ে বলে_
আপু তুমি বারবার কোথায় হারিয়ে যাও ?
আয়রা নড়েচড়ে বসে বলে_
হুম ভাবী...
নওশিন অভিমানী সুরে বলে_
আপু তুমি আবার আমাকে ভাবী বলছো !
সরি... নওশিন ।
আপু আমি কাপড় চেঞ্জ করব অনেক ভারী পোশাক ।
হায় আল্লাহ ! আমি তো ভুলেই গিয়েছিলাম , ভালো হয়েছে তুমি মনে করিয়ে দিয়েছো ।
আপু আমার গয়নাগুলো খুলে দিবে ? আমি একা খুলতে পারব না ।
দাও , খুলে দিচ্ছি ।
আয়রা যত্নসহকারে নওশিনের গয়নাগুলো খুলে দেয় । তারপর তাকে পোশাক পরিবর্তনের জন্য ওয়াশ রুমে পাঠিয়ে দেয় ।
এরপর আয়রা নিচে যায় নওশিনের জন্য কিছু খাবার আনতে । মেয়েটা হয়তো সকাল থেকে কিছুই খায়নি । এত সকালে শিকদার বাড়িতে সাধারণত রান্না হয় না , তবে আজ রান্নাঘরে বেশ ব্যস্ততা । ফিরোজা রান্নার কাজে ব্যস্ত আর সেই সঙ্গে মর্জিনার সঙ্গে চলছে একের পর এক গল্প ।
আয়রা রান্নাঘরে ঢুকে একটা প্লেট নিয়ে চুপচাপ খাবার নিতে শুরু করে । এর মধ্যেই মর্জিনা ফিরোজা কে উদ্দেশ্য করে বলে_
ভাবী কন তো জায়েদ স্যার কত সুন্দর ! মাশাআল্লাহ এক্কেরে চান্দের টুকরা । আর শেষমেশ নাকি এই কালো মেয়েটার সাথেই বিয়া হইল ।
ফিরোজা দীর্ঘশ্বাস ফেলে বললেন_
সব ওই ভাগ্যের দোষ রে মর্জিনা এত যে ছেলেকে নিয়ে বড়াই করত শেষ পর্যন্ত নাকি কালো একটা মেয়ের সঙ্গে আমাগো জায়েদের বিয়া হলো !
আয়রা আর চুপ থাকতে পারল না এই দুটো মহিলা যে তাকে দেখেই এসব কথা শুনিয়ে শুনিয়ে বলছে সেটা বুঝতে তার বাকি রইল না ।
আম্মু ঠিকই বলেছেন কুকুরের লেজ কখনো সোজা হয় না আর কুকুরের তো কাজই মানুষের পা চাটা ।
কথাটা বলেই খাবারের প্লেট হাতে রান্নাঘর থেকে বেরিয়ে যেতে শুরু করে আয়রা । পেছন থেকে ফিরোজা রেগে চিৎকার করে বললেন_
এই আয়রা ! এই কথা তুই কাকে বললি ?
আয়রা খাবার নিয়ে যেতে যেতে বলে_
আমি কাউকে মিন করে বলিনি তবে কারও ক্যারেক্টারের সঙ্গে মিলে গেলে আমার কী দোষ !
বলে আয়রা চলে যায় ফিরোজার বুঝতে বাকি রইল না যে কথাগুলো তাকেই শুনিয়ে বলা হয়েছে রেগে গিয়ে বললেন_
মা যেমন মেয়ে তো তেমনই হইব , ছেলে-মেয়েদের এসব প্রশিক্ষণ দেয় !
মর্জিনা মাথা নাড়ায় এর মধ্যেই হেলিনা শিকদারের কণ্ঠ ভেসে আসে_
মায়ের সন্তান তো তাই মায়ের মতোই হয়েছে । কয়েকটা কুটনি আর শয়তান মহিলা কে উচিত কথা বলে ফেলেছে । আমার রক্ত বইছে তো তাদের শরীরে তাই আমার মতোই হয়েছে । প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন হয়নি তবে আমার বৌমাকে দিতে হবে । আমার বিশ্বাস আছে আমার বৌমা কুটনি , কুটনির বৌমা আর চামচাকে ও শায়েস্তা করতে পারবে ।
ফিরোজা আর মর্জিনা কণ্ঠ অনুসরণ করে তাকালেন হেলিনা শিকদারের দিকে । মর্জিনা এবার ফিরোজার উদ্দেশে বললেন_
দেখলেন ভাবী কেমন করে আমাকে চামচা বলল !
ফিরোজা কিছু বলতে যাবেন তার আগেই হেলিনা শিকদার বলে উঠলেন_
এত দিনে তাহলে বুঝতে পেরেছো তুমি যে কুটনি ভাবীর চামচা ! তা চামচা আমার জন্য একটা ব্ল্যাক কফি দিও একটা বেশি এনো অন্যজনের জন্য ।
কথাটা বলেই হেলিনা শিকদার সেখান থেকে চলে গেলেন মর্জিনা রাগে ফুঁসতে ফুঁসতে বললেন_
দেখলেন ভাবী , দেখলেন ! এই মহিলার কথাবার্তার ধরন ! কিছু বলার সময় কথা ঠোঁটে-মুখে লাগে না। আমি তোমাগো বাড়িতে কাজ করি বলে আমি কি মানুষ না ? ইচ্ছা করে এই মহিলাকে বিষ খাইয়ে মেরে ফেলি !
ফিরোজা ও রাগে ফুঁসতে ফুঁসতে বললেন_
মেরে ফেলতে পারিস না ? আমারও তো সহ্য হয় না যমের শত্রু !
কয়েক মুহূর্তের মধ্যেই মর্জিনা মুখ বেজার করে হেলিনা শিকদারের সামনে দুই কাপ কফি নিয়ে হাজির হলেন ।
নেন আপনার কফি ।
হেলিনা শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মর্জিনার দিকে । তার অভিব্যক্তি দেখে কোনো একটা সন্দেহ হওয়ায় জিজ্ঞেস করলেন_
আমার জন্য কোনটা এনেছো ?
মর্জিনা একটা কাপ এগিয়ে দিয়ে বললেন_
এটা ম্যাডাম ।
হেলিনা শিকদার মর্জিনার এগিয়ে দেওয়া কাপটা না নিয়ে তার আনা অন্য কাপটা হাতে তুলে নিলেন। এতে মর্জিনার মুখটা কেমন চুপসে গেল ।
হেলিনা শিকদার এবার বললেন_
মর্জিনা তুমি আমার পাশে বসো , তোমার হাতের কফিটা তুমি খাও ।
মর্জিনা তাড়াতাড়ি বলে উঠলেন_
না , না ! আমি খাব না ।
হেলিনা শিকদার এবার ধমক দিয়ে বললেন_
খাও বলছি !
মর্জিনা কেঁপে উঠলেন এই মহিলা কে তিনি যথেষ্ট ভয় পান । শুধু ফিরোজা তার সঙ্গে আছেন বলেই এত সাহস পান । এর মধ্যেই হেলিনা শিকদার আবার ধমক দিয়ে বললেন_
কী বলেছি কানে যায় না ?
ধমক শুনে মর্জিনা এক চুমুকেই পুরো কফিটা শেষ করে ফেললেন ।
হেলিনা শিকদার মুচকি হেসে বললেন_
বাহ্ ! তুমি তো কফি খেতে খুব ভালোবাসো ! আমি খেতে বলেছি আর তুমি এক চুমুকেই সব শেষ করে নিলে !
মর্জিনা কিছু না বলে তাড়াহুড়ো করে ওয়াশ রুমের দিকে ছুটে গেলেন । হেলিনা শিকদার মুচকি হাসলেন এত তাড়াতাড়ি সাইড ইফেক্ট শুরু হয়ে গেল ! বেশ ভালোই তো ওষুধটা কাজ করছে ।
মর্জিনা আর বাথরুম থেকে বের হতে পারছেন না । বের হতে গেলেই আবার চাপ অনুভব হচ্ছে মনে হচ্ছে , এই বুঝি বিপদ ঘটে গেল !
আসলে রাগের বশে অতিরিক্ত সাহস দেখিয়ে মর্জিনা হেলিনা শিকদারকে পেট পরিষ্কারের ওষুধ মানে পাতলা পায়খানার ওষুধ কফির সঙ্গে মিশিয়ে খাওয়াতে চেয়েছিলেন । কিন্তু তিনি তো ভুলেই গিয়েছিলেন , এ কোনো সাধারণ মহিলা নন উনি হলেন অতি বুদ্ধিমতী হেলিনা শিকদার । যিনি মানুষের চোখের দিকে তাকালেই অনেক কিছু বুঝে ফেলেন । তার নজর এড়িয়ে কিছু করা এত সহজ নয় ।
হেলিনা শিকদারকে শায়েস্তা করতে গিয়ে নিজেই এখন ফাটা বাঁশের চিপায় আটকে গেছেন মর্জিনা । বাথরুম থেকে বের হওয়ারও উপায় নেই !
অন্যদিকে আয়রা খাবার নিয়ে বসে আছে । নওশিনের অপেক্ষা করছে কিন্তু নওশিন তো ওয়াশ রুম থেকে বেরই হচ্ছে না ।
আয়রা ডাক দেয়_
নওশিন তোমার কি শেষ হয়েছে ?
নওশিন করুণ সুরে ডেকে বলে_
আপু আমি শাড়ি পরতে পারছি না !
আয়রা এবার বুঝতে পারে নওশিনের এত সময় লাগার কারণ । সে নওশিন কে একটা শাড়ি দিয়েছিল পরার জন্য কিন্তু নওশিন সেটা পরতে পারছে না ।
আয়রা বলে_
নওশিন তুমি শাড়িটা নিয়ে বাইরে আসো আমি পরিয়ে দিচ্ছি ।
কিছুক্ষণের মধ্যেই শাড়িটা শরীরে পেঁচিয়ে বাইরে বেরিয়ে আসে নওশিন । তার এমন অবস্থা দেখে আয়রা ফিক করে হেসে ওঠে । তারপর নওশিনের দিকে এগিয়ে গিয়ে যত্ন করে সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দেয় ।
হালকা মেরুন রঙের শাড়ি টায় নওশিনকে বেশ মানিয়েছে । শাড়ির সঙ্গে তার কোমল মুখশ্রী আর মায়াবী চেহারাটা যেন আরও সুন্দর হয়ে উঠেছে ।
এরপর আয়রা নওশিন কে জোর করে খাবার খাইয়ে দেয় মেয়েটা একদমই খেতে চাইছিল না ।
এরই মধ্যে কোনো প্রকার অনুমতি ছাড়াই হনহন করে রুমে ঢুকে পড়ে ফারিয়া ।
নওশিন আর আয়রা দুজনেই দরজার দিকে তাকায় । ফারিয়ার এমন আচরণে বিরক্ত হয় আয়রা অন্যদিকে , নওশিন ভয়ে আয়রার ওড়নার কোণা শক্ত করে চেপে ধরে ।
ফারিয়া কোনো কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই এগিয়ে এসে ঠাস করে নওশিনের গালে একটা চড় বসিয়ে দেয় ।
আয়রা এমন আকস্মিক ঘটনায় ভ্যাবাচ্যাকা খেয়ে যায় । চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ফারিয়ার দিকে । চড়ের আঘাতে নওশিনের গালটা মুহূর্তেই লাল হয়ে ওঠে । চোখের কোণে পানি টলমল করছে ভয় আর কষ্টে মেয়েটা যেন কথা বলার শক্তি টুকুও হারিয়ে ফেলেছে ।
আয়রা কিছু বলতে যাবে তার আগেই ফারিয়া নওশিনের উদ্দেশে কড়া গলায় বলে_
নওশিন তুই এখানে কী করছিস ? আর তোর সাহস হয় কীভাবে পালিয়ে আসার ? ফুপা আর সোহেল ভাইয়া কোথায় ?
আয়রা ফারিয়ার কোনো কথাই বুঝতে পারছে না । অন্যদিকে নওশিন ভয়ে কাঁপছে কিছু বলতেই পারছে না । আয়রা বুঝতে পারে নওশিন ফারিয়া কে ভীষণ ভয় পায় । কিন্তু ফারিয়ার হঠাৎ এমন আচরণের কারণ সে কিছুতেই বুঝতে পারছে না ।
এর মধ্যেই ফারিয়া আবার চিৎকার করে রাগী কণ্ঠে বলে_
কথা কানে যাচ্ছে না ? কী বলছি আমি ?
নওশিন কাঁপা গলায় শুধু আওড়ায় _
আপু আমি কিছুই জানি না ।
ফারিয়া কিছু বলতে যাবে তার আগেই হেলিনা শিকদার বলে উঠলেন_
ফারিয়া তোমার কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে বলো ।
কণ্ঠস্বর অনুসরণ করে সবাই সেদিকে তাকায় । হেলিনা শিকদার দরজায় দাঁড়িয়ে আছেন ।
তিনি রুমে ঢুকে ফারিয়ার মুখোমুখি দাঁড়ালেন । হেলিনা শিকদার চোখ তুলে ফারিয়ার দিকে তাকাতেই ফারিয়া মাথা নিচু করে ফেলে ।
হেলিনা শিকদার এবার গম্ভীর স্বরে বললেন_
কী জিজ্ঞেস করতে চাও করো ।
ফারিয়া সব সময়ের মতোই হেলিনা শিকদারকে ভীষণ ভয় পায় কাঁপা কণ্ঠে বলে_
কাকি মণি ফুপা আর সোহেল ভাইয়া কোথায় ?
হেলিনা শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন_
আর তুমি যে নওশিনকে চড় দিয়ে বলেছিলে সে কেন পালিয়ে এসেছে , সেটা জানতে চাইবে না ? নাকি তোমারও টাকার ভাগ ছিল ?
না মানে , কাকিমণি...
কী মানে মানে করছো ? তোমাদের লজ্জা করল না এটা বলতে যে নওশিন কেন পালিয়ে এসেছে ? তোমরা তাকে টাকার বিনিময়ে একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছিলে আর নওশিন সেটা মেনে নিত ?
কাকিমণি... আসলে...
কী আসলে ? আমার বৌমার গায়ে আর একবার যদি হাত তোলার সাহস করো , তাহলে তোমার এই হাত আমি টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাওয়াব ।
হেলিনা শিকদারের এমন কঠিন কথায় ফারিয়া আরও বেশি ভয় পেয়ে যায় । কিন্তু তিনি থামলেন না ।
তোমার ওই কুটনি শাশুড়ির ভাইকে আমি মেরেছি খুন করে ফেলেছিলাম ।
ফারিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে হেলিনা শিকদারের দিকে ।
হেলিনা শিকদার এবার বললেন_
জানতে চাইবে না কেন মেরেছি ?
ফারিয়া কাঁপা গলায় বলে_
কেন...?
বাড়িতে সেদিন কেউ ছিল না আমি , তোমার ওই কুটনি শাশুড়ি আর তার ভাই ছিলাম শুধু । হঠাৎ সে আমার রুমে ঢুকে আমার সঙ্গে অসভ্যতা শুরু করে । পাশে ফল কাটার ছুরি ছিল বুকের মাঝখান বরাবর ঢুকিয়ে দিয়েছিলাম । তোমার মামা শ্বশুর অনেক দুর্বল ছিল , এক ঢিলেই শেষ । আমার ইচ্ছা ছিল অনেক কষ্ট দিয়ে মারার এই জানোয়ারটা কে কিন্তু তার আগেই ইন্নালিল্লাহ হয়ে গেল । পুলিশ-টুলিশ আমার কিছুই করতে পারেনি খুন করেছি , কিন্তু জেলের গণ্ডিতে ও পা রাখিনি । আমার মনে হয়েছিল তোমার শাশুড়িও এসবের সঙ্গে জড়িত ছিল । কিন্তু মানবতার খাতিরে কিছু বলিনি ।
ফারিয়া ভয়ে কেঁপে ওঠে এই মহিলা তো তার ভাবনার থেকেও অনেক বেশি ভয়ংকর !
হেলিনা শিকদার এবার ফারিয়ার উদ্দেশে রাগী স্বরে বললেন_
আজকে ক্ষমা করে দিলাম কিন্তু ভবিষ্যতে যদি নওশিনকে মারার দুঃসাহস করো তাহলে আমি তোমাকে দেখে নেব ।
ফারিয়া ভয়ে মাথা নাড়িয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় ।
হেলিনা শিকদার এবার নওশিনকে নিজের কাছে ডাকেন । নওশিন ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে । হেলিনা শিকদার নওশিনের লাল হয়ে যাওয়া গালে আলতো করে হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন_
আম্মু বেশি ব্যথা পেয়েছো ?
নওশিন ছোট করে বলে_
না আম্মু
হেলিনা শিকদার এবার আয়রার উদ্দেশে বললেন_
আয়রা মা নওশিনের গালে বরফ লাগিয়ে দিও ।
আচ্ছা আম্মু....
হেলিনা শিকদার আবার নওশিনের দিকে তাকিয়ে বললেন_
কাউকে ভয় পাবে না আম্মু আমি যত দিন আছি তোমার কোনো ভয় নেই ।
হেলিনা শিকদারের কথায় নওশিনের মুখে ধীরে ধীরে হাসি ফুটে ওঠে । এতক্ষণ ধরে মনের মধ্যে জমে থাকা ভয়টা যেন কিছুটা হলেও কমে যায় ।
এই অচেনা বাড়িতে অচেনা মানুষগুলোর মাঝে অন্তত একজন মানুষকে সে নিজের আশ্রয় হিসেবে খুঁজে পেল ।
