#দেওয়ানা(আমার ভালোবাসা)
#লেখিকা_রিক্তা ইসলাম মায়া
০৩
-- খান বাড়ির সাথে সম্পর্ক?
ছেলেটির এমন কথায় মুহূর্তে মায়া সরল মনে সোজাসাপ্টা উত্তরে গরগর করে বলে উঠল...
-- এই বাড়ির আদর্শ গুরুজন আমার দাদাশ্বশুর। আর তাঁর ছেলে আমার শ্বশুর! শ্বশুরের একমাত্র গুণধর ছেলের একমাত্র গুণবতী বউ হলাম আমি—এই বাড়ির।
মায়ার এমন কথাতেই মুহূর্তেই পা দুটো থেমে যায় অচেনা ছেলেটির। চমকে উঠে পাশ ফিরে মায়ার দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল...
-- আমার বউ?
ছেলেটির কথা ও দৃষ্টি শেষ না হতেই মায়া দৌড়ে গেট ধরে ভেতরে প্রবেশ করে। গেটে দাঁড়িয়ে থাকা দুজন দারোয়ানের মধ্যে বয়স্ক দারোয়ানটি মায়াকে দেখে এগিয়ে এসে দ্রুত বলে উঠল...
-- ছোট আপামনি, আপনি আজ একা একা স্কুল থেকে বাসায় এসেছেন? ভয় করেনি আপনার? ড্রাইভার তো গিয়েছিল আপনাকে স্কুল থেকে আনার জন্য। তাহলে আপনি এ...
বাকি কথাগুলো শেষ করার আগেই চোখ যায় গেটের সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে। বিস্ময়কর দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। ছেলেটিকে দেখে বয়স্ক দারোয়ানটি সাথে সাথে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে লম্বা সালামের সহিত বলে উঠল...
-- আসসালামু আলাইকুম, ছোট স্যার।
ছেলেটি চোখ তুলে তাকায় বয়স্ক দারোয়ানের দিকে। কপাল কুঁচকে আবারও চোখ ঘোরায় মেয়েটির দিকে। সদ্য নিজের বউয়ের পরিচয় দেওয়া মেয়েটির যে খান বাড়ির প্রতিটা সদস্যের সাথে বেশ সখ্যতা জমে আছে, তা বুঝতে বেগ পেতে হয়নি ছেলেটির। কিন্তু মেয়েটি তাঁর বউ—এই বিষয়টিই যেন আরও কৌতূহলের কারণ হচ্ছে তার। মেয়েটি কি তাহলে তাঁকে মিথ্যা বলছে? পিচ্চি মেয়েটি বউয়ের পরিচয় দেবে কেন? তাঁর কি কোথাও কোনো ভুল হচ্ছে মেয়েটিকে চিনতে? তবে সে এতটা নিশ্চিত হয় বয়স্ক দারোয়ানের কথায় যে অপরিচিত মেয়েটি এই খান বাড়িতেই থাকে। সবটা বোঝার জন্য শান্ত ভঙ্গিতে আগের মতোই নিজের দুহাত পকেটে ভরে সামনে আগায়।
মায়া দারোয়ানের কথার উত্তরে হাসিমুখে জানায়, আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ায় সে একাই ফিরেছে। বয়স্ক দারোয়ানটি সামনের ছেলেটিকে দেখে আমতা আমতা করে নিজের মাথা নাড়িয়ে সায় জানায় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হাত নাড়িয়ে বিদায় নিয়ে দৌড়ে বাগানের রাস্তা ধরে এগিয়ে যায় বাড়ির ভেতরের উদ্দেশ্যে। কিছুটা পথ দৌড়ে যেতেই সামনে দেখতে পায় হেনা খানকে। তিনি এই দিকেই এগিয়ে আসছিলেন। হুট করে এই অসময়ে মায়ার কণ্ঠস্বর শুনেই মায়াকে নিতে আসছিলেন তিনি। কিন্তু পথিমধ্যেই দেখা হয় মায়ার সাথে। হেনা খান হুইলচেয়ারে বসে আছেন আর সেটা চালিয়ে নিয়ে আসছে মালা। মায়া দৌড়ে গিয়ে হেনা খানের সামনে দাঁড়াতেই তিনি দুহাতে জাপটে ধরে মায়াকে উত্তেজনার সহিত বলে উঠলেন...
-- সে কী! সোনামণি, তুই একা একা বাসায় কীভাবে এসেছিস? সমস্যা হয়নি তো তোর? তুই কি সম্পূর্ণ ক্লাস না করেই চলে এসেছিস আজ?
হেনা খানের পরপর উত্তেজিত কথায় মুহূর্তে মায়া বিরক্তি নিয়ে উত্তর দেয়...
-- নাহ, সমস্যা হয়নি। স্কুল ছুটি হয়ে গেছে তাই চলে এসেছি। স্কুলে একা বসে থেকে কী করব শুধু শুধু? কাজ আছে কোনো? তাই বাড়ির রাস্তা মাপতে মাপতে একা চলে এসেছি।
মায়ার কথায় হেনা খান বুঝতে পারে কেন মায়া আজ তাড়াতাড়ি বাসায় চলে এসেছে। কিন্তু আপত্তি হচ্ছে মায়ার একা একা চলে আসাটা—মোটেও পছন্দ হয়নি উনার। বরং ভয় ছিল যদি মায়া একা রাস্তায় হারিয়ে যেত, তো কী হতো? সেটা ভেবেই গা ছমছম করে উঠছে উনার। নিজের ভয়টা খানিকটা দমালেন তিনি। তাই মায়াকে নিজের সামনে দাঁড় করিয়ে এক এক করে সবকিছু খুলে নিতে থাকেন। মায়ার স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, মুখের মাস্ক, গলার আইডি কার্ড খুলে তুলে দেন পাশে দাঁড়িয়ে থাকা মালার হাতে। হাত বাড়িয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মায়ার ঘর্মাক্ত মুখ ভালো করে মুছতে মুছতে খানিকটা রাগী কণ্ঠে বলেন...
-- একা একা বাসায় আসতে গেলি কেন তুই? ড্রাইভার কি যেত না তোকে আনতে, হ্যাঁ? আজকে যদি ঠিকঠাক বাসা চিনতে না পেরে হারিয়ে যেতিস তাহলে তোর দাদাভাই আর আমি কতটা টেনশনে থাকতাম তোকে নিয়ে সেই ধারণা আছে তোর? সবকিছুতে পাগলামো না করলে হয় না তোর?
হেনা খানের পরপর কথায় মুহূর্তে আহত হয় মায়ার ছোট মন। সে তো ঠিকঠাক বাসায় চলেই এসেছে, তাহলে এতটা কথা শোনানোর কোনো মানে হয়? না, হয় না! মোটেও হয় না! মায়া সেই ক্ষুণ্ণ মনের রেশ ধরেই যৌক্তিকতা দেখিয়ে বলে উঠল হেনা খানকে...
-- দাদী, তুমি চাও আমি এখন আড়াই ঘণ্টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারোয়ানের পদবিটা টানি? তোমার এই মনোরম ধারণা যদি আমাদের স্কুল গেটের দারোয়ান দাদু শোনেন, তাহলে নিশ্চিত হাত-পা ছড়িয়ে ছিটিয়ে গড়াগড়ি করে কান্না-বিলাপ করবেন মাঠের ওপর। এই ভেবে যে, তুমি উনার ভাত মারার চেষ্টা চালাচ্ছ আমাকে দিয়ে। আহা! বেচারা স্কুলদাদু বুঝি শেষ বয়সে এসে তোমার দ্বারা এত বড় সর্বনাশ হলো তাঁর। তুমি তো এখন সর্বনাশি দাদী হয়ে গেলে দাদীমা। দাদাজান জানেন সেটা?
মায়ার যুক্তির কথায় মুহূর্তে হতভম্ব হয়ে যান হেনা খান ও মালা। মায়া সিরিয়াস পরিস্থিতিতেও যে যুক্তি খুঁজে খুঁজে অযৌক্তিক ব্যাখ্যা দেবে, সেটা বুঝতে পারেননি তাঁরা। তাই তিনি হতবাক হয়ে বলে উঠলেন...
-- তোকে আমি বলেছি যুক্তি দিতে? আমার সামান্য কথাকে টেনে ইতিহাস রচনা করলি! আর শেষ পর্যন্ত তোর সেই ইতিহাসে তুই আমাকে সর্বনাশি দাদীর চরিত্রে বসিয়ে দিলি, মায়া?
-- হুম।
মায়ার সোজাসাপ্টা উত্তরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান হেনা খান। তিনি বুঝতে পারছেন মায়ার সাথে রেগে কথা বললে মায়া আবারও অযৌক্তিক ব্যাখ্যা দেবে। তাই তিনি নিজেকে শান্ত করে মায়ার গাল ছুঁয়ে আদর করে মিহি সুরে বলেন...
-- আচ্ছা, মানলাম তোর কথা। কিন্তু তুই বল তো দেখি, আমার সোনামণিটা যদি আজ একা বাসায় না আসতে পেরে কোথাও হারিয়ে যেত, তাহলে কি আমরা ওর কষ্টে কান্না-বিলাপ করতাম না বুঝি? এটা কি ঠিক হয়েছে, সোনামণি? কাউকে কিছু না বলে একা একা বাসায় চলে আসাটা, হুমম?
হেনা খানের কথায় মুহূর্তে অপরাধবোধ কাজ করে মায়ার নিজের মাঝে। একা চলে আসাটা বোধহয় ঠিক হয়নি ভেবেই অপরাধী কণ্ঠে বলে উঠল...
-- সরি, দাদী। আমার মনে ছিল না তোমাদের কথা। এরপর থেকে এমনটা আর করব না আমি। দারোয়ান দাদুর সাথেই বসে থাকব আমি গেটের সামনে। তবুও আর একা আসব না বাসায়। কিন্তু তুমি জানো? আজকে বাসায় আসার সময় না আমি রাস্তায় হারিয়ে গিয়েছিলাম। কিন্তু একটা ভালো ভাইয়া আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছেন। ঐ যে ঐ ভাইয়াটা (পিছনের ছেলেটিকে হাতের ইশারায় দেখাল মায়া) আমাকে নিয়ে এসেছে বাড়িতে।
মায়ার হাতের দৃষ্টি অনুসরণ করে হেনা খান কপাল কুঁচকে পেছন দিকে তাকাতেই চমকে উঠে সাথে সাথে বলে উঠলেন...
-- রিদ, তুই?।
হেনা খানের কথায় মুহূর্তে মায়া চমকে উঠল। মনে পড়ল হেনা খানের বলা প্রথম দিনের কথা—রিদের বউ সে। তাহলে এই কি সেই রিদ যে মায়ার স্বামী? কৌতূহলবশে চটজলদি প্রশ্ন করে ফেলল মায়া। বলে উঠল...
-- উনি কি আমার স্বামী, দাদী?
নিজের উত্তেজনায় মায়ার কথা কানে না তুলে অজানা ভয়ে সাথে সাথে মায়াকে টেনে জাপটে জড়িয়ে ধরেন হেনা খান। মায়ার মাথা নিজের বুকে চেপে ধরে তাকান রিদের দিকে। হেনা খানের হঠাৎ এমন কাণ্ড মায়া বুঝতে না পেরে বুক থেকে মাথা উঠাতে চাইলে সাথে সাথে বাধা দেন হেনা খান। শক্ত করে চেপে ধরেন—এমন একটা ভাব যেন মায়াকে ছেড়ে দিলেই রিদ কেড়ে নেবে মায়াকে উনার কাছ থেকে। অক্ষত মায়া কিছু বুঝতে না পেরে হেনা খানের বুকে মাথা রাখা অবস্থায় তাকায় সামনের ছেলেটির দিকে। সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। ছেলেটি বিস্ময়ে তাকিয়ে আছে মায়ার দিকে। ছেলেটির মায়াবী চোখজোড়া স্থির মায়ার ঘর্মাক্ত মুখমণ্ডলে। ছেলেটির অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকার মধ্যে দিয়েই ধ্যান ভাঙে হেনা খানের কথায়...
-- রিদ, তুই কবে এসেছিস দেশে?
রিদের বিশেষ কোনো ভাবান্তর হলো না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বউয়ের দিকে। রিদ চিনতে পারে নিজের বাল্যকালের বউটিকে। হারিয়ে যাওয়া বউটি যে হুট করেই এই গ্রীষ্মকালের ভ্যাপসা কাটফাটা রোদে আবারও দেখা হয়ে যাবে, ভাবতে পারেনি সে। রিদ চমকিত। অতিরিক্ত শকে পাথর মূর্তি হয়ে গেছে। আপাতত রিঅ্যাক্ট করতে ভুলে গেছে। জমে আছে জায়গায়। তাই শুধু বিস্ময়ে তাকিয়ে আছে মায়ার দিকে। তাঁর হুট করে জানা পিচ্চি বউটি আজ বেশ বড় হয়ে গেছে। শরীরের বেশ পরিবর্তনও ঘটেছে। তবে চোখে-মুখে বাচ্চা বাচ্চা ভাবটাও রয়েছে বেশ।
রিদ এতক্ষণ নীরব দর্শকের মতো নিজের দাদী ও মায়ার কথাগুলো শুনছিল। সে হতবাক হয়েছিল যখন নিজের দাদী মায়াকে এতটা আদুরে জাপটে ধরছিল। বুঝতে চেষ্টা করেছিল আদৌ কি মায়া তাঁকে সত্যি কথা বলেছিল নিজের বউয়ের পরিচয় দিয়ে? কিন্তু নিজের দাদীর সখ্যতা, ভালোবাসা প্রমাণ করেছে মায়ার সাথে এই খান বাড়ির গভীর সম্পর্ক রয়েছে। রিদ বুঝতে পারে তখন, যখন মায়ার ঘর্মাক্ত লাল চেহারাটি তাঁর চোখের সামনে দৃশ্যমান হয়। মুহূর্তে স্তব্ধ নির্বাক হয়ে শুধু তাকিয়ে ছিল মায়ার দিকে, যার রেশ এখনো অবধি কাটাতে পারেনি সে।
হেনা খান রিদের দৃষ্টি অনুসরণ করে মায়ার দিকে তাকিয়ে আরও একধাপ ভয়ে আতঙ্কে উঠলেন। এই বুঝি রিদ মায়ার সত্যিটা জানতে পেরে মায়াকে আঘাত করে বসবে, নয়তো কেড়ে নেবে মায়াকে হেনা খানের কাছ থেকে। তিনি নিজেকে স্থির করতে চান, সবটা বুঝতে চান। কারণ রিদ তো মায়া সম্পর্কে কিছুই জানে না। সে তো মাত্র ফিরেছে বাসায়। হেনা খান কথাগুলো ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। নিজেকে সংযত করে চোখ তুলে আবারও তাকান রিদের দিকে। কারণ হেনা খানের ধারণা, রিদ মায়ার সত্যি সম্পর্কে অবগত নয়। কারণ রিদ আজ দুই বছর পর খান বাড়িতে ফিরেছে দেশের বাইরে থেকে, তাও আবার মায়াকে সঙ্গে করে নিয়ে। রিদ আজ বাসায় ফিরবে, সেই ধারণা উনার ছিল। কিছুক্ষণ আগে রিদের বাংলাদেশি ফোন নম্বর থেকে ফোন এসেছিল উনার কাছে। তাই বুঝতে পেরেছিলেন রিদ বাংলাদেশেই আছে। কিন্তু দুজন যে একসঙ্গে বাসায় ফিরবে, সেটি মোটেও আশা করেননি তিনি। তবে হেনা খানের জানা নেই রিদের ফোন থেকে কলটি রিদ নয়, বরং মায়া করেছিল উনাকে। হেনা খান স্বস্তি পান। কোনো বিপদের আশঙ্কা না থাকায় মায়াকে দাঁড় করান নিজের বুক থেকে। এই মুহূর্তে তিনি রিদকে সময় দিতে চান, তাই মায়াকে রিদের সামনে রাখতে চান না। রিদ দুর্দান্ত তীক্ষ্ণ মাইন্ডের। কারণ রিদের মুখ নয়, দৃষ্টি চলে বরাবরই বেশি। তাই যদি রিদ মায়াকে লক্ষ করে বুঝতে পারে কোনো কারণে মায়া তাঁর বাল্যকালের বউ, তাহলে নিশ্চিত নিজের মা-বাবা মরার দায়ে মায়াকেও মেরে ফেলবে নিমিষেই। হেনা খান বাড়াবাড়ি রকমের কিছুই চান না, তাই তিনি নীরবে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠলেন...
-- মালা, সাথে রুমে যা তুই। গিয়ে ফ্রেশ হয়ে নে যা।
হেনা খানের কথা মায়ার কান অবধি পৌঁছালেও মস্তিষ্ক সেটা ধরে রাখতে পারেনি, কারণ মায়ার মাথায় রিদ নামক শব্দটি ঘুরছে এই মুহূর্তে। হেনা খান বলেছেন মায়া রিদের বউ। আর এই মুহূর্তে রিদ নামক মানুষটি মায়ার সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে ভালো ভাইয়া বলে সম্বোধন করছে এতক্ষণ। তাহলে কি ভালো ভাইয়াই মায়ার স্বামী? বিষয়টি মাথায় বারবার আওড়ায় মায়া। জানার জন্য নিজের কৌতূহলটা আরও গাঢ় হয়। তাই এবার নিজের একটা আঙুল তাক করে রিদকে দেখিয়ে হেনা খানকে প্রশ্ন করে বলে উঠল...
-- দাদী, বলো না এই ভালো ভাইয়াই কি আমার স্বামী?
মায়ার কথার মানে বুঝতে পেরে হেনা খান ঝটপট চোখ ঘুরিয়ে তাকান রিদের দিকে। রিদ তখনও কপাল কুঁচকে তাকিয়ে আছে তাদের দিকে। তাই তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা ঘুরিয়ে বলেন...
-- না! তুই রুমে যা মালার সাথে।
-- কিন্তু তুমি যে বললে রিদ নামক তোমার নাতি আমার স্বামী হয় সেটা?
-- তুই যাবি এখান থেকে। বললাম না কেউ হয় না। তোর কোনো স্বামী নেই।
হেনা খানের কথার ঠিকঠাক মানে ধরতে পারেনি মায়ার ছোট মাথাটি। মায়ার ভাষ্যমতে হেনা খান স্পষ্ট বলেছিলেন মায়া রিদের বউ। কিন্তু এখন বলছেন মায়ার কোনো স্বামীই নেই। যদি মায়ার কোনো স্বামী না থাকে, তাহলে বউটা সে কোথা থেকে হলো? অক্ষত মায়া আবারও প্রশ্ন ছুঁড়ে মারে হেনা খানকে, বলে ওঠে...
-- তাহলে কি আমি সিঙ্গেল, দাদী?
-- হ্যাঁ! তুই সিঙ্গেল, যা এবার। মালা, ওকে নিয়ে ডিরেক্ট আমার রুমে যাবি। যতক্ষণ না পর্যন্ত আমি বলছি ততক্ষণ পর্যন্ত যেন কাউকে বের হতে না দেখি আমি রুম থেকে।
কথাগুলো বলেই তিনি মায়াকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার জোর করেই পাঠিয়ে দেন মালার সাথে। কারণ মায়ার পরপর করা প্রশ্ন সাংঘাতিক বিপদে ফেলেছে হেনা খানকে। তিনি খানিকটা হাঁসফাঁস করেন রিদের সামনে। কিন্তু নিজের বিচক্ষণতায় বুদ্ধি দিয়ে মুহূর্তেই ঠোঁট প্রসারিত করে হাসেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য হাসিমুখে রিদকে উদ্দেশ্য করে বলে উঠলেন...
-- আমার সোনাবাবা তো বলল না সে কবে ফিরেছে দেশে! সে কি এবার আমাদের সাথে কিছুদিন থাকবে, নাকি আবারও পাড়ি জমাবে পরদেশে, হুমম?
রিদের স্থির দুটো চোখ ছিল মায়ার যাওয়ার দিকে। নিজের দাদীর কথা কানে আসতে চোখ ঘুরিয়ে তাকায় সেদিকে। দাদীর হাসি মুখ দেখে গম্ভীর কণ্ঠে বলল...
-- দেশে ফেরা হয়েছে আরও দুই দিন আগে, দাদী। এবার যাওয়াটা নিশ্চিত বলতে না পারলেও কিছুদিন থাকাটা নিশ্চিত বলতে পারছি, দাদী।
-- বাগানদাদু, আমিও পানি দেব তোমার সাথে। আমাকে দাও তোমার হাতের পাইপটা।
মায়ার এমন কথায় বাগানের মালি পেছনে ঘুরে তাকায় মায়ার দিকে। ঘুম জড়ানো চোখে-মুখে দাঁড়িয়ে আছে মায়া। সকালের ঘুমের রেশ এখনো কাটেনি মায়ার। রোজকার মতো ঘুম থেকে উঠেই বাগানে চলে আসে মালির সাথে পানি দিতে মায়া। এখন ৫টা ১৯ বাজে। পূর্ব আকাশে এখনো সূর্যটা ওঠেনি, তবে চারপাশটা অন্ধকার কাটিয়ে আকাশটা উজ্জ্বল হয়ে উঠছে। খান বাড়িতে আসার পর থেকেই মায়ার অভ্যাস হয়ে উঠেছে বাগানে পানি দেওয়া। তাই আজও কিছু ব্যতিক্রম হয়নি। বাগানের মালিকে বাগানদাদু বলেই সম্বোধন করে মায়া। দুজনের মধ্যে বেশ ভাব জমে উঠেছে এই কয়েক দিনে। অর্ধবয়স্ক লোকটি হাসিমুখে মায়ার দিকে পানির পাইপটি এগিয়ে দিতেই মায়া সেটি নিয়ে আপন মনে পানি দিতে দিতে বয়স্ক লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠল...
-- বাগানদাদু, তুমি যে বলেছিলে একদিন তোমার মেয়ের বাচ্চা হবে। হয়েছে বাচ্চা তোমার মেয়ের?
-- না আপামনি, এখনো হয়নি। সময় লাগবে আরও অনেক।
বাগানের মালির কথায় সন্তুষ্ট হয় মায়া। তাই গাছে পানি দিতে দিতে পুনরায় আবারও প্রশ্ন করে বলে উঠল...
-- বাগানদাদু, তুমিও তো আমার মতো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তাই না? কিন্তু তোমার বউ হলো রাজশাহীর। তাহলে এতদূরে তোমাদের প্রেম, বিয়ে আর বাচ্চা-কাচ্চা কীভাবে হলো তোমার? বলো তো আমায় শুনি?
মায়ার বিব্রতকর প্রশ্নে মুহূর্তে হালকা ইতস্তত বোধ করে বয়স্ক মালিটি। তিনি বোকা হেসে কিছু বলতে যাবেন, তার আগেই পেছন থেকে বলে উঠল কেউ...
-- আপনাকে কেন বলবে শুনি? অন্যের বাচ্চা-কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন, ম্যাডাম? কী করবেন শুনে অন্যের প্রেম-বিয়ে সম্পর্কে, হুমম?
মায়া চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ে রিদকে। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায়। গায়ে হাফ হাতার কালো টি-শার্ট! নিচে কালো ট্রাউজার সাথে। হাত দুটো পকেটে পোরা। রিদের ঘায়েল করা চোখ দুটো মায়ার দিকে স্থির করা। কাল দুপুরে রিদের মুখে মাস্ক থাকায় মায়া রিদের পুরো মুখ দেখতে না পারলেও অসম্ভব মায়াবী চোখ দুটো দেখেছিল মায়া রিদের। এই মুহূর্তে রিদের সম্পূর্ণ মুখ দেখতে পারল সে। রিদকে চিনতে পেরে মায়া হাঁ করে তাকিয়ে থাকে রিদের মুখশ্রীতে, চলমান পানির পাইপটা হাতে চেপে রেখে। রিদ মায়ার দৃষ্টি বুঝতে পেরে বাঁকা হাসে মুহূর্তেই। চোখ ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মালিকে ইশারায় বোঝায় এখান থেকে চলে যেতে। রিদের কথা অনুযায়ী মালি চলে যায় সেখান থেকে। রিদ আবারও স্থির দৃষ্টিতে চোখ বোলায় মায়ার দিকে। মায়ার পরনে গাঢ় বেগুনী রঙের লং ফ্রক পরা। পায়ে সেইম কালারের পাথরের পায়েল পরা। দুহাতে মুঠোভর্তি বেগুনি রেশমি চুড়ি। চোখে-মুখে হালকা ঘুম জড়ানো ভাব। লম্বা চুলগুলো একটা বেণি করে একপাশে দেওয়া। ছোট হওয়ায় মায়ার গায়ে কোনো ওড়না নেই। আর এই ওড়না নেই বিষয়টি লক্ষ করতেই মুহূর্তে কপাল কুঁচকে আসে রিদের। মায়াকে রিদের কাছে খুব ছোট বলে মনে হচ্ছে না, যে ওড়না ছাড়া চলবে। সদ্য যৌবনে পা রেখেছে বলে মনে হচ্ছে। শারীরিক পরিবর্তনটাও খুব ভালো করেই বোঝা যাচ্ছে। তাহলে ওড়না ছাড়া এমন করে চলাফেরার মানেটা বুঝতে পারছে না রিদ। বাসায় গার্ড থেকে শুরু করে সার্ভেন্ট রয়েছে অর্ধশতাধিকের ওপরে, যারা প্রতিনিয়ত খান বাড়িতে আসা-যাওয়া করে। তাঁরা সবাই তো ছেলে মানুষ। তাহলে তাদের সামনে মায়ার এমন বেখেয়ালি ভাবটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না রিদের কাছে। তারপরও মায়ার দিকে তাকিয়ে আগের মতোই কপাল কুঁচকে বলে উঠল...
-- কী ম্যাডাম, বললেন না তো অন্যের প্রেম, বিয়ে, বাচ্চা-কাচ্চা হওয়া নিয়ে আপনার এত ইন্টারেস্ট কেন? খুব তাড়াতাড়ি বড় হওয়ার ইচ্ছা নাকি আরও কিছু আছে, হুমম?
চলবে...
