#দেওয়ানা (আমার ভালোবাসা) সিজন_২
#লেখিকা: রিক্তা ইসলাম মায়া
০২
আজ এক মাস পূরণ হলো মায়ার খান বাড়িতে। এই বিগত এক মাসে মায়া এই খান বাড়ির পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে—যার মধ্যমণি মায়া। মায়াকে ঘিরেই দিন পার হচ্ছে আপাতত হেনা খান ও আরাফ খানের। এরই মধ্যে মায়াকে নিজেদের স্কুলেও ভর্তি করিয়েছেন তাঁরা। কিন্তু মায়ার পড়ালেখা নিয়ে নতুন নতুন সব পাগলামিরও উদ্ভব হচ্ছে দিন দিন।
মায়াকে এক প্রকার বাধ্য করেই খান পরিবারের নিজস্ব স্কুল "বাংলা মিডিয়াম স্কুলে" নাইনে ভর্তি করিয়ে দেন আরাফ খান। খান বাড়ি থেকে পাঁচ-দশ মিনিটের রাস্তা মায়ার স্কুলের। স্কুলে পৌঁছে দেওয়ার বিষয়টি পরে যথাযথভাবে ড্রাইভারের কাঁধে। কিন্তু এতেও বাঁধ সাধল মায়া। কিছুতেই একা যাবে না স্কুলে। তাই সাদা স্কুল ড্রেস পরিহিত অবস্থায় এই মুহূর্তে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে হেনা খানের সামনে। স্কুলে কিছুতেই যাবে না বলে নতুন আবদার জুড়ে বসে আছে। আর তার রেশ ধরেই চোখেমুখে বিরক্তি কুঁচকে ছিল। আর সেই সাথে বলে উঠল...
—"আমি আর একা একা স্কুলে যেতে পারব না দাদী। হয় তুমি আমার সাথে স্কুলে চলো, নয়তো আমিও আর যাব না স্কুলে।
—"তুই কী বলছিস! এই বয়সে তোর সাথে আমায় স্কুলে যেতে হবে মায়া?
—"হ্যাঁ! আমি যেতে পারলে তুমি কেন যেতে পারবে না দাদী?
—"তোর আর আমার বয়স কি এক হলো? যে আমি তোর সাথে গিয়ে স্কুলে বসে থাকব? তুই কি এখনো ছোট আছিস মায়া? যে হাত ধরে ধরে স্কুলে পাঠাব আমি?
—"আমি জানি না দাদী। আমি একা স্কুলে যেতে পারব না—ব্যস! আমার ভয় করে একা একা স্কুলে যেতে।" (বিরক্তিতে গাল ফুলিয়ে)
—"এক সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিস, তারপরও তোর ভয় করে? ড্রাইভার নিয়ে যায়, আবার ড্রাইভার নিয়ে আসে—তাহলে তোর ভয়টা কোথায় শুনি? টপ মারছিস আমার সাথে পড়া চুরি করার জন্য, হ্যাঁ?" (রাগী কণ্ঠে)
নাক মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলে ওঠে...
—"আমি কিছু বললেই তোমার মনে হয় আমি পড়া চুরি করছি। এত ঘোর অপবাদ দাও তুমি আমাকে 'পড়া চোর' বলে। সেটা আমার সম্মানে লাগে দাদী। ছোট বলে তুমি আমার সম্মান নিয়ে টানাটানি করছো। অপবাদ দিচ্ছ বড় বড়। এতে আমি আহতও হচ্ছি বড় বড়। তোমার এই বড় বড় ব্যাপারগুলো যদি আমি আমার ছোট ছোট মনে নিয়ে নিহত হই, তাহলে সাংঘাতিক বড় বড় কাণ্ড হয়ে যাবে দাদী। এতে করে তুমি ফ্রিতে জেলে আর আমিও কবরে. তাতে আমি তুমি দুজনেরই লস। এত এত লস নিয়ে কি আর চলা যায় দাদী? বলো!
মায়ার পরপর কথায় মুহূর্তে চোখ বড় বড় করে তাকায় হেনা খানসহ বাড়ির সকল সার্ভেন্টস (চাকর-বাকর)। সামান্য পড়ার বিষয়কে টেনেতুনে মায়া এত বড় লম্বা ইতিহাস বানিয়ে ফেলবে, সেটা আপাতত কেউ ভাবেনি এই মুহূর্তে। মায়া আজ মাসখানেক ধরে খান বাড়িতে আছে। প্রথম প্রথম মাথা খানিকটা চুপচাপ থাকলেও দিন দিন মায়ার চঞ্চলতা প্রকাশ পাচ্ছে কথায় ও কাজকর্মে। এতে কারও আপত্তি না থাকলেও মায়ার পড়ালেখা না করা নিয়ে ঘোর আপত্তি হেনা খানের। তিনি বিগত এক সপ্তাহ ধরে মায়াকে নিজেদের বাংলা মিডিয়াম স্কুলে পাঠাচ্ছেন। কিন্তু আজ হুট করেই জেদ ধরে বসে যে একা যাবে না স্কুলে। এবার কেন যাবে না, কারণটা মায়া সবাইকে ঠিকঠাক বলতে চাইছে না এই মুহূর্তে। কিন্তু হেনা খান মায়ার কথায় খানিকটা অবাক করা সুরে বললেন...
—"আমার সামান্য 'পড়া চুরি' বলাতে তোর সম্মানে লেগে গেল যে তুই সোজা আমাকে জেলে আর তোকে কবরে পাঠিয়ে দিচ্ছিস মায়া?
মায়ার সোজাসাপ্টা উত্তর...
—"হুমমম।
একদল স্কুলছাত্রছাত্রীর সাথে স্কুলের গেট ধরে রাস্তার সামনে দাঁড়ায় মায়া। যে যার মতো করে স্কুল বাস অথবা নিজস্ব কারে চড়ছে বাসার উদ্দেশে। এই মুহূর্তে মায়ারও তাই করতে ইচ্ছে করছে, কিন্তু বিপত্তি ঘটে অসময়ে স্কুল ছুটি হওয়া নিয়ে। কিছু কারণবশত টিফিন টাইমে ছুটি হয় মায়ার। দল বেঁধে ছাত্রছাত্রীরা স্কুল ছাড়তে ব্যস্ত। মায়া স্কুলের গেটের সামনে দাঁড়ায়। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের সহপাঠীদের দিকে। সকলে ব্যস্ততার মাঝে দাঁড় করায় নিজেদের—উদ্দেশ্য ড্রাইভারের জন্য অপেক্ষা করা। দশ মিনিট সময় নিয়ে এক এক করে সকল বাস ছুটে যায় ছাত্রছাত্রীদের গন্তব্যের উদ্দেশে। মায়া অপেক্ষা করে, বিরক্তিতে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়—১টা ৩৪ মিনিট। কাঠফাটা রোদ মাথার উপর। কপাল কুঁচকে নিজের মুখের সামনে হাত রেখে ছায়া দিয়ে মাথার উপরের সূর্যটাকে এক পলক দেখে নেয়। আশেপাশে চোখ বোলায়। চওড়া প্রশস্ত রাস্তাটি একেবারে নির্জন হয়ে আছে। আবাসিক এলাকা হওয়ায় রাস্তার পাশে বিশাল বহুতল বাড়ি ছাড়া কিছুই চোখে পড়ছে না মায়ার। রাস্তা ধরে মাঝে মাঝে কার আসছে-যাচ্ছে এদিক-সেদিক। স্কুল গেটের সামনে কয়েকটি বড় বড় দোকান ছাড়া কিছু নেই। ফুটপাত ধরে নেই কোনো ছোট ছোট দোকানপাট। মায়া এদিক-সেদিক আবারও চোখ বোলায় নিজের গাড়ির জন্য। ড্রাইভার তিনটার দিকে মায়ার স্কুলে হাজির থাকে মায়াকে নেওয়ার জন্য। যেহেতু মায়ার স্কুল চারটায় ছুটি হয়, সেই সুবাদে এক ঘণ্টা আগে চলে আসে ড্রাইভার মায়ার স্কুল মাঠে। কিন্তু আজ তো মায়ার স্কুল আড়াই ঘণ্টা আগে ছুটি হয়েছে, তাই মায়াকে বাধ্য হয়েই এই আড়াই ঘণ্টা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে—কথাটি ভাবতেই বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠছে মায়া। সামনের রাস্তাটি এদিক-সেদিক দুই দিক থেকেই প্রায় একই হওয়ায় বুঝতে পারছে না, কোন দিকে খান বাড়ির রাস্তাটি। বিরক্তিতে আরও দশ মিনিট সময় নিয়ে দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরে—আজ একা একাই চলে যাবে খান বাড়িতে। তবুও আড়াই ঘণ্টা দাঁড়িয়ে থাকার প্রশ্নই ওঠে না এই কাঠফাটা রোদের মাঝে। মায়ার জানা মতে খান বাড়ি এখানেই আশেপাশে কোথাও আছে, শুধু খুঁজে নিলেই হবে।
যেই ভাবা সেই কাজ। উল্টো রাস্তা ধরে হাঁটছে আর চারপাশে চোখ বুলিয়ে খান বাড়ি খোঁজার চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে কতটা পথ অতিক্রম করেছে জানা নেই, কিন্তু চারপাশে যখন সবকিছু বড্ড অচেনা ও অপরিচিত লাগছিল, তখনই ছোট পাগুলো থেমে যায় মুহূর্তে। চারপাশে সবকিছু একই রকম এবং অপরিচিত মনে হওয়ায় বুঝতে পারে সে উল্টো পথে হেঁটে এসেছে এতটা রাস্তা। তাই সাহসিকতার সাথে আবারও পিছনে ফিরে সঠিক পথে হাঁটতে গিয়ে বুঝতে পারে মায়া শুধু বিপদে নয়! মহা বিপদে পড়েছে এই মুহূর্তে। বাড়ি ফিরে যাওয়ার সকল রাস্তাই বন্ধ ওর। এতক্ষণ নিজেকে সাহসী নারী ভাবা মেয়েটি পরমুহূর্তেই রূপান্তরিত হয় ভীতসন্ত্রস্ত নারীতে। চমকে ওঠে মায়া, চোখ বড় বড় করে তাকায় সামনের রাস্তার দিকে। সামনে দুটো রাস্তার মোড় দেখা যাচ্ছে। এবার মায়া কোন রাস্তা ধরে এতটা রাস্তা হেঁটে এসেছে, তাই তালগোল পাকিয়ে ফেলেছে এই মুহূর্তে মাথায়। রাগে, দুঃখে, ভয়ে মুহূর্তে হাত-পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে মায়ার। এবার কী করবে সে? সেটা বুঝতে না পেরে কাঁদোকাঁদো হয়ে চারপাশে চোখ বোলায় কারও কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। কিন্তু আফসোস, দুপুরের এই অসময়ে হওয়ায় নির্জন এলাকায় আপাতত কাউকে দেখতে পারছে না মায়া। শুধু কতগুলো গাড়ি রাস্তা ধরে সাঁই সাঁই করে চলে যাচ্ছে। উপায় না পেয়ে ভয়ে চোখ দুটো টলমল করে ওঠে মায়ার। পিছন ফিরে চারপাশে তাকায় কারও কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। কিন্তু এবারও ভাগ্য সহায় হয়নি মায়ার। চারপাশে কাউকে দেখতে না পেরে হতাশায় টলমল চোখ দুটো যায় দূরে রাস্তায় দাঁড়িয়ে থাকা কালো গাড়িটির উপর। কোনো দিক বিবেচনা না করে দৌড় লাগায় সেই দিকে। উদ্দেশ্য—সাহায্য চাওয়া খান বাড়ি অবধি পৌঁছানোর জন্য। মায়া দৌড়ে কালো গাড়িটির সামনে দাঁড়াতেই চোখে পড়ে একটি ২৩-২৪ বছরের ছেলেকে—যে গাড়ির সামনের ড্যাশবোর্ডের উপর উঠে বসে হেলিয়ে শুয়ে আছে গাড়িতে। নিজের কপালে একটা হাত ঠেকানো। অন্য হাতটি ছড়িয়ে রাখা গাড়ির উপর। একটি পা ঝুলন্ত অবস্থায় নিচের দিকে থাকলেও অন্য পা টি গাড়ির উপর তোলা ভাঁজ করে রাখা। ছেলেটির বেখেয়ালি ভাবটা এতটাই ছিল যে সূর্যের কাঠফাটা রোদটা অবধি তাঁকে ব্যতিব্যস্ত করতে পারছে না। ফর্সা গায়ে হালকা ব্লু শার্ট জড়ানো, সাদা প্যান্টের সাথে। মায়া প্রাণপণে দৌড়ে এসে দাঁড়ায় কালো গাড়িটির সামনে। হাঁটুতে দু-হাত রেখে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে ওঠে...
—"আমি বাসায় যাব। আমাকে নিয়ে চলুন।
আমার এমন অধিকারবোধের বাক্যে টনক নড়ে ছেলেটির। হঠাৎ কানে মেয়েলি কণ্ঠ আসতেই মনোযোগ ভস্ম হয় তাঁর। আস্তে করে কপাল থেকে হাতটা সরিয়ে সামনের দিকে তাকাতেই চোখে পড়ল একটি স্কুলপড়ুয়া মেয়েকে। হালকা কপাল কুঁচকে মেয়েটিকে এক পলক দেখে আবারও টানটান হয়ে শুয়ে পড়ে আগের মতো ছেলেটি। মায়া ছেলেটির কোনো রকম ভাবান্তর না দেখে পুনরায় আবারও হাঁপাতে হাঁপাতে বলে ওঠে...
—"কী হলো, উঠুন। আপনি আবার শুয়ে পড়ছেন কেন? আমি বাসায় যাব, আমাকে দিয়ে আসুন প্লিজ।
কথাগুলো বলেই সোজা হয়ে দাঁড়ায় মায়া। ছেলেটি মায়ার পরপর অধিকারবোধের কথায় এবার খানিকটা বিরক্তি নিয়ে উঠে বসে গাড়ির উপর। পা ঝুলিয়ে গাড়িতে বসে বিরক্তিপূর্ণ দৃষ্টি ফেলে মায়ার উপর। চোখ বোলায় মায়ার দিকে। মায়ার পরনে ধবধবে সাদা স্কুল ড্রেস। গলায় আইডি কার্ড। মাথায় স্কুল ক্যাপ। মুখে মাস্ক। পায়ে সাদা স্কুল সুজ। বাম হাতে কালো ফিতার ঘড়ি। কোমর অবধি চুলগুলো বেণি করে দুই সাইডে দেওয়া। কাঁধে স্কুল ব্যাগ ঝুলানো। ছেলেটি মায়াকে এক পলক পর্যবেক্ষণ করে নিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে বলে ওঠে...
—"ইউ থিংক আই অ্যাম আ ড্রাইভার?" (তুমি ভাবছ আমি একজন ড্রাইভার?)
ছেলেটির কথায় মুহূর্তে মায়া নিজের মাথা নেড়ে অসম্মতি জানায়—যার অর্থ সে ছেলেটিকে এই মুহূর্তে ড্রাইভার মনে করছে না। মায়ার মাথা নাড়াতে আরও খানিকটা কপাল কুঁচকে আসে ছেলেটির। মায়া আসলে কী বলতে চাইছে, সেটা বোঝার চেষ্টা করে গভীর দৃষ্টিতে তাকিয়ে সেদিকে। মায়া ছেলেটির দিকে তাকিয়ে বিনীত সুরে আস্তে করে বলে ওঠে...
—"স্কুল থেকে বের হয়ে আমি বাড়ির রাস্তা ভুলে গেছি ভাইয়া! কোন দিক থেকে এসেছি সেই রাস্তাটাও ভুলে গেছি। না স্কুলে ফিরতে পারছি, আর না বাড়িতে যেতে পারছি। আমি হারিয়ে গিয়েছি ভাইয়া। বাসার কারও জানা নেই আমি হারিয়ে গিয়েছি সেটা। প্লিজ ভাইয়া, আমাকে দিয়ে আসুন না বাসায়। প্লিজ!
মায়ার কথাগুলোতে নিজের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। ছেলেটি মায়ার কথায় যেন আরও বিরক্ত হয়। বিরক্তিতে আশেপাশে চোখ বুলিয়ে দেখার চেষ্টা করে কেউ আছে কিনা মায়াকে সাহায্য করার জন্য। কিন্তু দুপুরের এই অসময়ে কাউকে দেখতে না পেয়ে আবারও চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে। কপাল কুঁচকে বলে ওঠে...
—"বাসায় ফোন দাও।
—"আমার ফোন নেই ভাইয়া।
মায়ার কথা ঠিকঠাক বিশ্বাস হয়নি ছেলেটির। কপাল কুঁচকে মায়াকে দেখে নিয়ে নিজের পকেট থেকে ফোনটি বের করে এগিয়ে দেয় মায়ার দিকে। মায়া খুশিতে লাফিয়ে উঠে সাথে সাথে ফোনটি হাতে নিয়ে টাইপ করে হেনা খানের নাম্বার। ডায়াল করার জন্য ক্লিক করতেই ফোনের স্ক্রিনে ঝলমলে নাম ভেসে ওঠে "দাদীমা"। ফোনের স্ক্রিনে সেইভ করা ঝলমলে "দাদীমা" নামটি দেখেও ঠিকঠাক কিছু বুঝতে পারেনি বিষয়টি মায়া। কিন্তু পরপর দুই তিনবার রিং হওয়ার পরও যখন কলটি রিসিভ হয়নি, হতাশায় ব্যর্থ হয়ে ফোনটি এগিয়ে দেয় ছেলেটির দিকে। ক্ষুণ্ন মনে আস্তে করে বলে ওঠে...
—"দাদী ফোন রিসিভ করছে না ভাইয়া।
মায়ার এমন কথায় এবার ছেলেটি সত্যি সত্যি বেশ বিরক্তি প্রকাশ করে চোখেমুখে। এই অসময়ে হুট করে এমন ঝামেলায় জড়াবে বুঝতে পারেনি ছেলেটি। এই মুহূর্তে মায়াকে ভীষণ রকমের ঝামেলা মনে হচ্ছে তাঁর। নিজের গাড়িটি অসময়ে খারাপ হয়ে যাওয়ায় এখানে থামতে হয় তাঁকে। ফোন করে নিজের জন্য দ্বিতীয় গাড়িকে আসতে বলা হয়েছে বেশ খানিকটা আগেই। কিন্তু সেই গাড়ি পৌঁছাতে আরও আধঘণ্টা সময় নিতে পারে। এই আধঘণ্টা মায়াকে নিয়ে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে—এই বিষয়টিই যেন বিরক্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ছেলেটির জন্য। তাই বিরক্তিতে লাফিয়ে নেমে দাঁড়ায় গাড়ির উপর থেকে। মায়ার সামনে দাঁড়িয়ে ফোনটি হাতে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে...
—"বাসা কোথায়?
—"এই এরিয়াতেই।
—"কত নম্বর বাড়ির?
মায়া কিছু বলতে নেবে, তার আগেই ফোন বেজে ওঠে ছেলেটির। মায়ার দিকে এক পলক তাকিয়ে ফোনটি কানে তুলতেই গম্ভীর মুখে বলে...
—"হুমমম, বলো দাদী, শুনছি!
ফোনের ওপাশের ব্যক্তিটির কথা শোনা না গেলেও পরমুহূর্তে আবারও ছেলেটি গম্ভীরভাবে বলে ওঠে...
—"আমি তোমাকে কল করিনি দাদী।
—"(...)
—"হ্যাঁ, আসছি আমি। অন দ্য ওয়ে! বাই।
শর্টকাট কথাগুলো শেষ করেই ফোনটি পকেটে ঢুকিয়ে তাকায় মায়ার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে, পরে আবারও প্রশ্ন করে বলে ওঠে...
—"কত নম্বর?
ঝটপট উত্তরে বলে ওঠে...
—"নম্বর জানি না। তবে খান বাড়ি যাব...
মায়ার মুখে খান বাড়ির শব্দটি শুনতেই যেন অদ্ভুত দৃষ্টিতে তাকায় ছেলেটি। মায়াকে উপর থেকে নিচ অবধি মুহূর্তে চোখ বোলায়। কপাল কুঁচকে অবিশ্বাসপূর্ণ কণ্ঠে পুনরায় প্রশ্ন করে বলে....
—"খান বাড়ি?
ছেলেটির এমন প্রশ্নে মায়া তুমুল গতিতে মাথা নেড়ে সম্মতি জানায়—যার অর্থ হ্যাঁ। মায়া নিজের চোখ ঘোরাতে গিয়েই দৃষ্টি যায় ছেলেটির বাম হাতের দিকে। হাতের উল্টো পিঠে বড়সড় একটা কাটাছেঁড়া, সাথে সাথে বেশ রক্ত জমাট বেঁধে আছে সেখানটায়। মায়া রক্ত দেখে মুহূর্তে ভয়ে আতকে ওঠে। ভয় ভয় নজরে সেদিকে তাকিয়ে থেকে ভয়ার্ত কণ্ঠে আস্তে করে বলল...
—"র...র...রক্ত।
মায়ার কথায় মুহূর্তে ছেলেটির চোখ যায় নিজের বাম হাতের দিকে। যথারীতি সেখানটায় রক্ত দেখে আবারও চোখ তুলে তাকায় মায়ার ভয়ার্ত দৃষ্টির দিকে। কপাল কুঁচকে মায়ার দৃষ্টি অনুসরণ করে সাথে সাথে পিছন ঘুরে নিজের গাড়ি থেকে সাদা একটা রুমাল বের করে দক্ষ হাতে muṛiye বেঁধে নেয় নিজের বাম হাতে। মায়াকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে ওঠে....
—"কাম উইথ মি!
মায়া দ্রুত গতিতে বলে ওঠে...
—"আরে আপনার গাড়ি তো এখানে ফেলে যাচ্ছেন ভাইয়া?
—"সময় মতো গাড়ি নিজেই চলে আসবে। ইউ জাস্ট ফলো মি। (গম্ভীর মুখে)
কথাগুলো বলেই ছেলেটি সামনের রাস্তা ধরে এগোতেই মায়াও গুটি গুটি পায়ে গিয়ে হাজির হয় ছেলেটির পাশে। রাস্তার পাশ ধরে দু'জন একসাথে হাঁটছে—চুপচাপ। ছেলেটি পকেটে দু'হাত গুঁজে দূরের রাস্তার দিকে তাকিয়ে এক মনে হাঁটছে। পাশে কেউ আছে কিনা, তার সেই ভাবান্তর নেই। মায়া বারবার ঘাড় ঘুরিয়ে ছেলেটিকে দেখার চেষ্টা করছে। এই মুহূর্তে মায়ার কাছে এই যুবক নিদারুণ নিষ্পাপ মুখের অধিকারী মনে হচ্ছে। চোখেমুখে ক্লান্তির ছাপ থাকলেও এক অন্যরকম মায়া কাজ করছে ছেলেটির মুখাবয়বে। সৌন্দর্যের সাথে পাল্লা দিয়ে যেন সুন্দর হওয়ার চেষ্টা তাঁর। ছেলেটির মুখে মাস্ক থাকায় ঠিকঠাক চেহারা দেখতে না পারলেও এতটা বুঝতে পারছে ছেলেটি সাংঘাতিক ভয়ানক টাইপের সুন্দরের অধিকারী হবে। চোখ দুটোতে ঘায়েল করার মায়া তাঁর।
মায়া চোখ সরিয়ে আবারও তাকায় ছেলেটির দিকে। নিজের অবুঝতায় বলে ওঠে...
—"আপনি খুব সুন্দর ভাইয়া।
মায়ার অবুঝতায় ছেলেটি চোখ ঘুরিয়ে তাকায় মায়ার দিকে—কপাল কুঁচকে। ভ্যাপসা গরমে ক্যাপের ভেতর দিয়েই মায়ার কপালে বিন্দু বিন্দু ঘাম, তার মধ্যে আঁখি চারণ করে ছেলেটি। ডাগর ডাগর চোখ দুটো কুঁচকিয়ে তাকিয়ে আছে তাঁর দিকে। ছেলেটি দৃষ্টি সরিয়ে নিয়ে সামনের দূরের রাস্তায় রাখে গম্ভীর মুখে। চুপচাপ আপন মনে হেঁটে চলছে, সেই সাথে মায়াও তাল মেলানোর চেষ্টা। ছেলেটিকে কথা বলতে না দেখে মায়ার ছোট মনে অপমান বোধ হয়, তাই সেও চুপচাপ হেঁটে যাচ্ছে। রোদের তাপের মধ্যে দশ মিনিট সময় নিয়ে দু'জন হাঁটতে হাঁটতেই অবশেষে এসে পৌঁছায় খান বাড়ির সামনে। চোখের সামনে মায়া খান বাড়ির গেট দেখেই লাফিয়ে ওঠে খুশিতে, চঞ্চলতার সহিত বলে ওঠে...
—"ইয়াহু! এইতো এসে পড়েছি আমরা ভাইয়া। এটাই আমার বাড়ি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
কথাগুলো বলেই মায়া দৌড়ে কয়েক কদম এগিয়ে যায় বাড়ির দিকে—ছেলেটিকে পিছনে ফেলে। কিন্তু হঠাৎ কিছু একটা মনে করতেই আবারও দৌড়ে এসে দাঁড়ায় ছেলেটির সামনে। কৃতজ্ঞতার সহিত আবারও বলে ওঠে...
—"আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এবার চলে যান আপনার গাড়ির কাছে। আর আপ...
মায়ার বাকি কথাগুলো না শুনেই ছেলেটি মায়াকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে খান বাড়ির গেটের সামনে। মায়া বোকার মতো তাকিয়ে থাকে ছেলেটির যাওয়ার দিকে. কোনো কিছু না বুঝে আবারও দৌড় লাগায় ছেলেটির উদ্দেশে। ছেলেটির পাশে দাঁড়িয়ে কৌতূহলী চোখে তাকিয়ে বলে ওঠে...
—"আপনিও কি আমার সাথে যাবেন নাকি ভাইয়া?
মায়ার কথায় ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ার দিকে ছেলেটি। অপরিচিত মেয়ের সম্পর্কে ঠিকঠাক জানা না থাকায় এবার বেশ কৌতূহল নিজের মধ্যেও জন্মায়। তাই মায়ার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে কপাল কুঁচকে...
—"আর ইউ সিওর এই বাড়িটা?
ছেলেটির অদ্ভুত কথার মানে মায়া বুঝতে না পারলেও আবারও সম্মতি জানায় ছেলেটিকে—যার অর্থ সে এই বাড়িতেই থাকে। ছেলেটি মায়ার মাথা নাড়ানো দেখে কালবিলম্ব না করে সাথে সাথে সামনের দিকে তাকিয়ে হেঁটে খান বাড়ির বিশাল গেট ধরে ভিতরে প্রবেশ করতে করতে আবারও মায়াকে প্রশ্ন করে বলে...
—"কতদিন ধরে আছো এই বাড়িতে?
সোজাসাপ্টা উত্তরে জানায়...
—"এক মাস।
আগের মতো গম্ভীর কণ্ঠে বলে ওঠে....
—"খান বাড়ির সাথে সম্পর্ক?
ছেলেটির এমন কথায় মুহূর্তে মায়া সরল মনে সোজাসাপ্টা উত্তরে গড়গড় করে বলে ওঠে...
—"এই বাড়ির আদর্শ গুরুজন আমার দাদাশ্বশুর। আর তাঁর ছেলে আমার শ্বশুর! তাঁর একমাত্র গুণধর ছেলের একমাত্র বউ হলাম আমি এই বাড়ির।
মায়ার এমন কথায় মুহূর্তে পা দুটো থেমে যায় অচেনা ছেলেটির। চমকে উঠে পাশ ফিরে মায়ার দিকে তাকিয়ে অবিশ্বাসপূর্ণ কণ্ঠে বলে ওঠে...
—"আমার বউ?"
.
#চলবে......
