সূচনা_পর্ব
#এক_বারান্দায়_দুই_বিকেল
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
আকাশে মেঘ জমেছে। বাবলু বার কয়েক দরজায় টোকা দিলো। কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে ঢুকে চায়ের কাপটা টেবিলে রাখলো। গলায় ঝুলন্ত গামছা দিয়ে কপালের ঘাম মুছে কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, “চোখের লগে লগে কী মাথাডাও খাইছেননি, ষাঁড়? কয়ডা ডাক দিলাম আমনেরে?”
চোখের চশমা নাকের ডগায় ঝুলিয়ে মনোযোগী দৃষ্টিতে রোগীর রিপোর্ট দেখছে জাবের। বাবলুর কথায় টানটান ললাটে সামান্য ভাঁজ পড়ল। দৃষ্টি না সরিয়েই গম্ভীর স্বরে বলল,“ভুলভাল উচ্চারণ করবে না, বাবলু। ওইটা ষাঁড় নয়, স্যার হবে। আর আমি আমার চেম্বারে একা থাকাকালীন সময়ে ভেতরে ঢোকার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কতবার বলতে হবে?”
“ভদ্রতা বইলা একটা ব্যাপার আছে না? হেইয়ার চক্করে অনুমতি লই।”
“আমি ব্যস্ত আছি। এবার তুমি যেতে পারো।”
বাবলু কেবিন থেকে বেরিয়ে এলো। হাতের চায়ের ট্রেয়ে এখনো দুই কাপ চা অবশিষ্ট। হাসপাতালে বোধহয় তার ব্যস্ততাই আকাশচুম্বী। একটু বসে জিরিয়ে নেওয়ারও অবকাশ নেই। এক কাজের মধ্যেই আরেক কাজ এসে হাজির হয়ে যায়। এই ডাক্তারদের তাকে ছাড়া যেন একদম চলে না।
টেবিলের উপর রাখা মোবাইল ফোনটা কয়েকবার বাজল। জাবের অনিহা নিয়ে স্ক্রিনের নাম্বার আর নামটা দেখে দৃষ্টি সরিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ দিল। মিনিট দুয়েক পর টেলিফোনে একটা নাম্বার ডায়েল করে কানে ধরলো,“মিতালিকে আমার চেম্বারে পাঠিয়ে দিন।”
কান থেকে টেলিফোন নামিয়ে চায়ের কাপে চুমুক দিল সে। বাইরে বৃষ্টি নেমেছে। জানালার কাঁচে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু জল। মিতালি অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করল। ইতস্তত ভঙিতে টেবিলের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল,“ডেকেছেন, স্যার?”
জাবেরের চোয়াল শক্ত। টেবিলের রিপোর্টটা তার দিকে ছুঁড়ে মেরে ধমক দিয়ে বলল,“পারভীন ইসলামের সার্জারি তো গত সপ্তাহেই শেষ। সেই রিপোর্ট এই মুহূর্তে এখানে কী করছে? পারভীন আক্তারের রিপোর্ট কোথায়?”
মিতালি ভয়ে সামান্য কাঁপল। রিপোর্টগুলোতে নজর ঘুরিয়ে আমতা আমতা করে বলল,“যেটা আমাকে দেওয়া হয়েছে সেটাই তো আমি ফাইলে রেখেছিলাম, স্যার।”
“যা দেওয়া হবে তা-ই এনে রেখে দেবেন? চেক করার প্রয়োজন নেই? আনপ্রফেশনাল মানুষ দিয়ে হসপিটাল ভরে গেছে। এই জন্যই রোগীদের আজ এই দুরাবস্থা।”
মোবাইল পুনরায় বেজে উঠল। মিতালি কিছু বলতে গিয়েও থেমে গেল। স্ক্রিনে মায়ের নাম্বার দেখে তাকে বিদায় জানিয়ে কল রিসিভ করল জাবের। সালাম দেওয়ার সময়টুকুও পেল না। অপরপাশ থেকে ধেয়ে এলো কথার ঝড়,“মেয়েটা বৃষ্টির মধ্যে স্টেশনে দাঁড়িয়ে আছে। কতগুলো কল দিয়েছে তোকে? ধরিসনি কেন, গরু?”
ভারি অবাক হলো সে,“স্টেশনে মানে? কোন মেয়ে?”
“তুই যেই মেয়েকে বিয়ে করে আমাদের কাছে ফেলে রেখে গিয়েছিলি সেই মেয়ে। ওর কিছু হলে তোকে আমি কোরবানি দেবো, গরু।”
তাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে গেল। জাবের আহাম্মক হয়ে কিছুক্ষণ চেয়ারে বসে রইল। বৃষ্টির তেজ বেড়েছে। ঘটনার আকস্মিকতা বুঝতে পেরে মোবাইল আর কোট নিয়ে সে বাইরে ছুটল।
পিচ্ছিল রাস্তায় ঘটে যাওয়া বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশাল এক জটলা বেঁধেছে। দূর থেকেই ভেসে আসছে পুলিশি গাড়ির কর্কশ হর্ন। জাবের হাতের ইশারায় রিকশা ডেকে শর্টকাট পথ ধরলো। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে একেবারে কাকভেজা হয়ে গেল। অন্যান্য দিনের তুলনায় প্লাটফর্মে আজ ভিড় একটু বেশি। ঝড়, বাদলে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট একটা নাম্বারে রিং হওয়ার পরেও বিপরীত পাশ থেকে তার কল ধরা হচ্ছে না। জাবেরের রাগ এবার চিন্তায় রূপ নিল। এত ভিড়ের মধ্যে মেয়েটিকে এখন সে খুঁজে পাবে কীভাবে?
হঠাৎ পেছন থেকে তার শার্টে কেউ টান দিল। ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকাল জাবের। কাঁধসমান লম্বা মেয়েটি তার পায়ের কাছে ব্যাগটা নামিয়ে রেখে হাতের ঠোঙা এগিয়ে দিয়ে বিরক্তি নিয়ে বলল,“ছোলা মাখা খাবে? শহরে এসে মানুষগুলো বাটপার হয়ে যাচ্ছে। ছোলার নাম করে কতগুলো শসা ধরিয়ে দিয়ে ত্রিশ টাকা মেরে দিল।”
জাবেরের চিন্তা কমলো, তবে রাগ বাড়ল। ধমক দিয়ে বলল,“কতবার কল দিয়েছি? রিং হওয়ার পরেও রিসিভ করোনি কেন?”
“তুমিও তো করোনি।”
“আমার সাথে তোমার জোড়া?”
“জোড়াই তো। মা বলেছে, সর্বদা স্বামীকে অনুসরণ করে চলবি।”
“আমি ব্যস্ত ছিলাম।”
“তাহলে আম্মার কল ধরলে কীভাবে?”
“হঠাৎ এখানে এসেছো কেন?” প্রসঙ্গ বদলালো সে।
“আমি আসায় খুব ক্ষতি হয়ে গেছে বুঝি? নতুন সংসার পেতে বসেছিলে? সেই বউ জানলে অশান্তি হবে?”
জাবের হতভম্ব হয়ে গেল। মুখ দিয়ে আর কোনো শব্দই বের হলো না। বিয়ের খুব বেশি দিন তাদের হয়নি। মাস দুয়েক আগে বাবা-মায়ের চাপে পড়ে বাড়িতে গিয়ে বিয়ে করে এসেছিল। মেয়েটার সঙ্গে সংসার বলতে ওইতো সপ্তাহ খানেকের পরিচয়। তারপর আর বাড়ি ফেরাই হয়নি। ব্যস্ততার বাহানা দিয়ে সে রোজার ঈদেও যায়নি। সেই অল্প কয়েক দিনের সংসারে মেয়েটি কি লজ্জাবতীই না ছিল! চোখ তুলে কথা বলতে সংকোচবোধ করতো, সম্বোধন করতো আপনি বলে। আর আজ কিনা!এই ক'দিনে মেয়ের এত বদল?
জাবের আর কথা বাড়াল না। স্ত্রীর হাত থেকে ঠোঙাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল ময়লার ড্রামে। তারপর ভারী ভারী ব্যাগ দুটো দুই হাতে তুলে নিয়ে উল্টো পথে হাঁটা ধরলো। তার এমন আচরণে মেয়েটির চোখ ছলছল করে উঠল। স্বামীর পিছু নেওয়ার বদলে সেও মুখ ঘুরিয়ে বিপরীত পথে হাঁটা ধরলো। কয়েক কদম এগিয়ে গিয়ে জাবের থেমে দাঁড়াল। পেছনে তাকিয়ে স্ত্রীকে অন্যদিকে চলে যেতে দেখে ডাকল,“ওদিকে কোথায় যাচ্ছো? শশীপ্রভা! দাঁড়াও বলছি!”
শশীপ্রভা দাঁড়াল না। জাবের ব্যাগগুলো রেখে ছুটে এসে তাকে টেনে ধরলো।
“একদম ছেলে মানুষি করবে না। হসপিটালে কাজ ফেলে বৃষ্টি মাথায় নিয়ে এখানে এসেছি তোমার রং তামাশা দেখতে নয়। চুপচাপ আমার সঙ্গে চলো, নয়তো পরের ট্রেনে বাড়ি ফিরবে।”
শশীপ্রভার চোয়াল শক্ত হয়ে গেল। রাগ ধীরে ধীরে অভিমানে রূপ নিল। ফেরার পথে তাদের মধ্যে আর কোনো কথা হলো না। বাইরে তখনো ঝুম বৃষ্টি। আগের তুলনায় তেজ খানিকটা বেড়েছে। জাবের চাবি ঘুরিয়ে ফ্ল্যাটের দরজা খুলতেই তাকে প্রায় ঠেলেঠুলে ভেতরে প্রবেশ করল শশীপ্রভা। ভোটকা গন্ধে নাকমুখ কুঁচকে চারপাশে তাকিয়ে বলল,“এখানে কোনো মানুষ থাকে বলে তো মনে হচ্ছে না। কয়দিন ধরে ঘরদোর পরিষ্কার করো না? ডাক্তাররাও অপরিষ্কার হয়?”
জাবের লাইট জ্বালিয়ে ড্রয়িং রুমের দখিনা জানালাটা খুলে দিল। পর্দা উড়িয়ে হো হো করে প্রাকৃতিক বাতাস আর বৃষ্টির বিন্দু ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তেই ঘরের ভ্যাপসা গরম কেটে গিয়ে শীতল হয়ে উঠল চারিপাশ। স্বামীর থেকে জবাব না পেয়ে শশীপ্রভা নিজেই ঠোঁট বাঁকিয়ে বলল,“ওহ হো, তুমি তো আবার ব্রেইন ছাড়া ব্রেইনের ডাক্তার!”
কথা না বলার সিদ্ধান্ত নিয়েও জাবের অনিচ্ছায় স্ত্রীর দিকে তাকাল। মেয়েটা বেশি কথা বলে; আর যা বলে তাও মেজাজ খারাপ করে দেওয়ার মতো। মা যে কোথা থেকে এমন মেয়ে খুঁজে আনল! দাঁতে দাঁত পিষে সে বলল,“আমি নিউরোসার্জন।”
“একই ব্যাপার। ভাত টাত কিছু আছে? খুব খিদে পেয়েছে। সেই সকালের ট্রেনে রওনা হয়েছিলাম। পথে শুধু একটু ঝালমুড়ি আর নাটি বিস্কুট খেয়েছি। ছোলা মাখা তো তুমি নিজেই ফেলে দিলে।”
“চাল আছে, ভাত নেই। রান্না করতে হবে।”
“তো করো।”
“কী?”
“রান্না।”
“বাইরে থেকে আনাচ্ছি।”
“প্রয়োজন নেই, তরকারি আমি সঙ্গে এনেছি। আম্মা তোমার পছন্দের সব খাবার-দাবার রান্না করে দিয়েছে। তুমি ভাত বসিয়ে দাও। আমি গোসল করে এসে তরকারি গরম করব।”
লাল রংয়ের লাগেজটা টেনে হেঁচড়ে ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল শশীপ্রভা। জাবের হতাশ চোখে নিজের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তার অবস্থাও বিশেষ ভালো নয়। গোসল না করে কোনো কাজে হাত দেওয়া যাবে না। তবুও রাইস কুকারে পরিমাণ মতো চাল আর পানি দিয়ে সুইচ অন করে পাশের রুমে চলে গেল।
ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই শাশুড়ির মিসড কল নজরে পড়ল। শশীপ্রভা বিলম্ব না করে কল ব্যাক করল। লম্বা সালাম দিয়ে মুখস্থ বইয়ের মতো একনাগাড়ে বলল,“আপনার ছেলে আমাকে নিতে আসতে খুব দেরি করেছে, এমনকি আমার হাত থেকে ত্রিশ টাকা দামের ছোলা মাখাও ফেলে দিয়েছে, আসার পথে বৃষ্টিতে ভিজিয়ে এনেছে। স্বামী ভুল করলেও তো আবার কিছু বলা যাবে না। যাই হোক, চিন্তা করার প্রয়োজন নেই। আমি সহি সালামতে স্বামীর বাড়িতে পৌঁছে গেছি, আম্মা।”
জাকিয়া কিছু সময়ের জন্য মোবাইলটা কান থেকে একটু দূরত্বে রাখলেন। পুত্রবধূর কথা শেষ হতেই মোবাইল কানে ধরে বললেন,“এবার মন দিয়ে সংসার করো। স্বামী ছাড়া এদিকে আর এক পাও দেবে না। পারলে কথা একটু কম বলো। জাবের বেশি কথা পছন্দ করে না।”
“আমিও তো কম কথা পছন্দ করি না।”
“জাবের কোথায়?”
“মনে হয় ভাত রান্না করছে।”
“গিয়েই স্বামীকে রান্নাঘরে পাঠিয়ে দিয়েছো?”
“আপনিও তো শ্বশুর আব্বাকে পাঠান।”
“শশী, বড্ড কথা বলো তুমি। তোমার শ্বশুর এককালে আমার ফুফাতো ভাই ছিলেন। তাই আমার অধিকার আর রাজত্ব একটু বেশি। কিন্তু তুমি তো দূরসম্পর্কের বোন নও, অন্য গোষ্ঠী থেকে আসা নতুন বউ। রাজত্ব পেতে হলে অপেক্ষা করতে হবে, লাগাম খুব সাবধানে হাতের মুঠোয় টেনে ধরতে হবে। আর কত শেখাতে হবে তোমায়?”
“মেয়ে হয়ে জন্মেছি, একটু আধটু ভুল তো হবেই, আম্মা। এবারের মতো মাফ করে দেন।”
“খাবার গরম করে খেয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখো। খাওয়ার পর জ্বর ঠান্ডার ওষুধ খেয়ে নিও। ঘন ঘন হাঁচি দেওয়া, নাক টানা জাবেরের পছন্দ নয়।”
কথা শেষে জাকিয়া কল কেটে দিলেন। এটা তার জাত স্বভাব। বিপরীত পাশের মানুষ কী মনে করল তা ভাবার সময় নেই। নিজের কথা, কাজ শেষ মানে আল্লাহ হাফেজ।
ঘর থেকে বের হয়ে জাবেরের দেখা আর শশীপ্রভা পেল না। চাল সেদ্ধ হয়ে কুকারের সুইচ খুলে পড়ে আছে। একে একে তরকারি গরম করে, ভাত বেড়ে টেবিলে সাজিয়ে রাখলো সে। গলা চড়িয়ে ডাকল, “ওগো, শুনছো! ভাত যে হয়ে গেছে। খেতে এসো।”
জাবের এলো মিনিট দুয়েক পর। মুখখানা বাংলার পাঁচ করে রেখেছে। শশীপ্রভা অত খেয়াল করল না। লোকটার দিকে তাকাতে তার ভালো লাগে না। ওইতো একটা চেহারা, তাও আবার সব সময় গম্ভীর করে রাখে। কপাল তো নয় যেন লাচ্চা সেমাইয়ের ভাঁজ। পুরুষ মানুষ বউয়ের সামনে তো অন্তত হাসতে পারে, তা না। বজ্জাত লোক।
গরুর মাংসের সলিড দুটো পিস প্লেটে তুলে নিয়ে ভাত মাখালো জাবের। জিজ্ঞেস করল,“না বলে কয়ে হঠাৎ এখানে কেন?”
“আম্মা জানে।”
“তুমি জানো না?”
“রাতে ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে বলল, স্বামীর কাছে চলে যাও। ওখানে গিয়ে সংসার করো, স্বামীর মাথা চিবিয়ে খাও। দুই ঈদ আর শীত ছাড়া তোমায় যেন এদিকে আর না দেখি।”
মায়ের স্বভাব সম্পর্কে জাবেরের অজানা নয়। হুট করে সিদ্ধান্ত নেয়, অন্যের উপর কায়দা করে তা আবার চাপিয়েও দেয়। কিছু বলা যায় না, অবশ্য বলার সুযোগ কাউকে দেওয়া হয় না। তার নীরবতায় শশীপ্রভা নিজেই অভিযোগ করে বলল,“স্বামী কী মাছ যে তার মাথা চিবিয়ে খাব? আম্মা না মাঝেমধ্যে কীসব যে বলে! বুঝি না, বাপু।”
“আমার নাইট ডিউটি আছে, আজ রাতে আর ফিরব না। খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে। দরজার এক্সট্রা চাবি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা। কাজ ফেলে তোমার জন্য তাড়াহুড়ো করে চলে আসতে হয়েছে।”
“একা একা থাকা সম্ভব নয়। ভূতে ভয় পাই।”
“এসব বলতে কিছু নেই।”
“জ্বীন তো আছে।”
“তো? এখন তোমার জন্য সব ছেড়েছুড়ে ঘরে বসে থাকব?”
“ঘরে বসে থাকলে খাব কী? আমি নায়িকাদের মতো পান্তা ভাত খেয়ে গাছের তলায় থাকতে পারব না, ভাই। নরম বিছানা ছাড়া আমার ঘুম আসে না, মাছ-মাংস ছাড়া ভাত খেতে পারি না, সেদিন একটা সানস্ক্রিন কিনলাম। আঠারশো টাকা নিল। জিনিসপত্রের কি দাম!”
“স্টুপিড।”
খাওয়া শেষ করে উঠে গেল জাবের। কখন ধরে ইমার্জেন্সি কল আসছে। আজ প্রথম বোধহয় হুট করে হাসপাতাল থেকে তার বেরিয়ে আসা। স্ত্রীকে বিদায় জানিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল সে। বাড়ি থেকে হাসপাতাল খুব একটা দূরে নয়।
চঞ্চল আর ছটফটে স্বভাবের হলেও শশীপ্রভা খুব গোছানো মেয়ে। খাওয়া শেষে এঁটো থালা-বাসন থেকে শুরু করে রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ধুয়ে পরিষ্কার করে তৈজসপত্রগুলো গুছিয়ে রাখলো সে। একটু বিশ্রাম নিয়েই পুরো ফ্ল্যাট ঝেড়ে মুছে পরিষ্কার করল।
তাদের ফ্ল্যাটটা খুব একটা বড়ো নয়। একটি ড্রয়িং রুম, একটি কিচেন রুম আর পাশাপাশি দুটো বেড রুম। আলমারি খুলতেই বিরক্তি নিয়ে শশীপ্রভা আঁচলে নাক চেপে ধরলো। আধোয়া, ঘামের গন্ধযুক্ত কিছু শার্ট, প্যান্ট আর টাই অগোছালো পড়ে আছে। সে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। তিরিক্ষি মেজাজ নিয়ে বিড়বিড় করে বলল,“মানুষকে নিয়ে সারাক্ষণ কাটাছেঁড়া করতে করতে ঘরের অবস্থা যাচ্ছে তাই করে রেখেছে। ভালো ডাক্তার হলে ঠিকই সংসারে মন থাকতো, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতো।”
চলবে _____
