#একগুচ্ছ_কদম_হাতে
#লেখনীতে_মাহি
#পর্ব_০৩ ( অন্তিম)
তিথি আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে হাসলো ৷ পড়নে নীল রঙের কুর্তি, ব্যাগি প্যান্ট। চুলগুলো মাঝখান দিয়ে সিঁথি করে খোলা। কপালে ছোট্ট কালো টিপ। চোখের কোণে কাজল। হাতে কাপড়ের চুড়ি। কানে ছোট ছোট সিলভার রঙের ঝুমকা জ্বলজ্বল করছে। ঘড়িতে চোখ বুলালো সে। বিকেল সাড়ে ছয়টা বাজে। ড্রেসিং টেবিলের ওপরে থাকা কনসার্টের টিকেটটা হাতে তুলে নিলো তিথি। ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠলো।
টিকেকটা হাতে চেপে ধরে দেয়ালে টাঙিয়ে রাখা তার সুরওয়ালার ছবির কাছে এগিয়ে গেলো। হাত বুলালো তাতে। পেছন ফিরে হাঁটা ধরলো।
তিথির চোখমুখ খুশিতে চকচক করছে। স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছে সে। স্টেডিয়ামের বাহিরে শত শত তার সুরওয়ালার ছবি ঝুলছে। টিকেট জমা দিয়ে স্টেডিয়ামের ভেতর ঢুকতেই তিথির চেহারায় কালো মেঘ জমা হলো।
স্টেজের সামনে শতশত মানুষ দাঁড়িয়ে আছে। তাদের ঠেলে তার স্টেজের একদম সামনে দাঁড়ানো তো বিলাসিতা ছাড়া কিছুই নয়। সে কি বড্ড দেরি করে ফেলল! স্টেজ জুড়ে ঝলমল করছে রঙ বেরঙের লাইট। তিথি বেশ পেছনেই দাঁড়িয়ে রইলো। দূর থেকেই নাহয় সে তার সুরওয়ালাকে দেখলো ক্ষতি কি তাতে!
স্টেডিয়াম জুড়ে শত শত মানুষের কন্ঠস্বর। হঠাৎ করে কানে ভেসে এলো আকাশের গর্জন। স্টেডিয়ামের ওপরের কাচের ছাদ দিয়ে দেখা গেলো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। ধীরে ধীরে আঁধার ঘনিয়ে আসছে। বাহিরে বাতাস বইতে শুরু করলো। তখনই হঠাৎ স্টেডিয়ামের ভেতরটা অন্ধকারে ছেয়ে গেলো। সকলের কথোপকথন মুহূর্তেই থেমে গেলো। পিনপতন নীরবতার সৃষ্টি হলো। সকলের মাঝে চাপা উত্তেজনা। এমন বৃষ্টির মুহূর্তে তাদের সকলের প্রানপ্রিয় মানুষের গান শোনাটা এক অদ্ভুত অনুভূতির শিহরন জাগায় মনে।
অন্ধকার মঞ্চে হঠাৎ করেই জ্বলে ওঠলো স্পটলাইট। সকলে পূর্ন আঁখি মেলে তাকালো মঞ্চে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা এক যুবককে। মুহূর্তেই সকলের মাঝে হৈ হুল্লোড়ের ঝড় উঠতে শুরু করলো তাকে ঘিরে। তিথির বুকের ভেতর ঢিপঢিপ করছে। সামনাসামনি সুরওয়ালাকে দেখার কতো ইচ্ছা ছিলো! আজ সেটা অবশেষে পূর্ন হলো।
যুবকটির গলায় ঝুলছে অ্যাকস্টিক গিটার। মাথা তুলে সামনে তাকাতেই স্টেডিয়ামের প্রত্যেকটি মানুষ একসঙ্গে চিৎকার করে ওঠলো। ধীরে ধীরে মঞ্চের সামনের দিকে এগোতে লাগলো সে। তাকে অনুসরন করে স্পটলাইটটাও তার সাথে এগিয়ে আসতে লাগলো। তার প্রত্যেক পদধ্বনির সঙ্গে তাল মিলিয়ে সকলে মোবাইলের ফ্ল্যাশলাইট উঁচিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে উচ্চস্বরে বলতে লাগলো,
" নোমান.!.. নোমান.!.. নোমান..!. নোমান.!. "
সকলের সঙ্গে তিথিও যোগ দিলো তাতে। উত্তেজনা, আর খুশির সংমিশ্রণে মিশ্র অনুভূতি তৈরি হলো তিথির মাঝে।
নোমানের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে আছে। মঞ্চের মাঝখানে স্ট্যান্ড মাইকটা স্থির দাঁড়িয়ে। নোমান মাইকের সামনে এসে দাঁড়ালো। মাইকের সামনে মুখ নিয়ে হাসিমাখা মুখে সবার উদ্দেশ্যে বলে ওঠলো,
"কিছু কিছু রাত থাকে… যেগুলো শুধু গান না—একটা অনুভূতি হয়ে যায়। আজকের রাতটা… তোমাদের সাথে সেই অনুভূতিতে বাঁচতে চাই।"
সঙ্গেই সঙ্গেই অপর পাশ থেকে ভেসে এলো সকলের কন্ঠস্বর। উচ্ছ্বাসে ফেটে পড়লো সকলে। হাসলো নোমান। স্টেডিয়ামের বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সবার মাঝেই এক অদ্ভুদ শিহরন খেলে গেলো।
মাইকে হাত দিয়ে পূর্ন আঁখি মেলে এতো ভিড়ের মাঝেও কাকে যেনো একপলক দেখে নিলো নোমান। এক চিলতে হাসি ফুটলো তার অধর কোণে। কাঙ্ক্ষিত মানুষটির দিকেই দৃষ্টি রেখে নোমান বলে ওঠলো,
" This song is dedicated to my tithiburi -
তিথির বিস্ময় ভরা চাহনি নিয়ে তাকালো সেই দূরের স্টেজে দাঁড়িয়ে থাকা নোমানকে। তিথিবুড়ি! সেই অচেনা ব্যক্তিটিই তো তাকে এই নামে ডাকে প্রতিবার! বিশ্বাস হলো না তিথির। সে কি সত্যি শুনছে? নিজের হাতেই নিজে চিমটি কাটলো তিথি। সঙ্গে সঙ্গেই ব্যথায় কুঁকড়ে ওঠলো সে। অনুভব হলো যে এটাই বাস্তব। তার মানে হেলমেট পড়া ব্যক্তিটিই তার সুরওয়ালা! সুরওয়ালাই এতোদিন ধরে তাকে এতো আদুরে কন্ঠে ডাকতো! এতোটা সামনে থেকেও সে তার মনের সুরওয়ালাকে চিনতে পারেনি?!
বুকের ধুকপুকানির মাত্রা বেড়ে গিয়ে দ্বিগুণ হয়েছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। শরীর, মন জুড়ে ঠান্ডা বাতাস খেলে গেলো। অধর নেড়ে হাসলো নোমান। মাইক থেকে হাত সরিয়ে নিয়ে গিটারে স্ট্রিং এ আঙুল চালালো। তার সাথে পেছন থেকে বেজে ওঠলো, ড্রাম, ইলেকট্রনিক গিটারের সুর। স্টেডিয়ামের শত শত মানুষ হাত নাড়িয়ে চেঁচিয়ে ওঠলো তার সাথে পাল্লা দিয়ে। স্টেজে নানা রঙ বেরঙের আলোর ঝলকানি।
তিথির খুশির সীমা নেই। মেয়েটার চোখে এসে নোনা পানিরা জড়ো হলো। মুখে এক পূর্নতার হাসি। সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি বলেছিলো সুরওয়ালা - যেদিন সে তার পরিচয় জানতে পারবে সেদিনই হবে তাদের মিলন।
সুরের তালে নোমান গলা ছেড়ে গেয়ে ওঠলো,
❝ আকাশ মেঘে বৃষ্টি হয়ে
স্বপ্নগুলো দেয় ভিজিয়ে,
তুমিও কি আমার সাথে
ভিজবে পথে হাত জড়িয়ে?
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে,
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে। ❞
নোমানের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত সকলে গলা মিলিয়ে গেয়ে চলেছে। গান শেষে থামলো নোমান। গলা থেকে গিটার নামিয়ে মেঝেতে রাখলো। স্ট্যান্ড থেকে মাইক উঠালো। নোমানের কথা শোনার জন্য সকলেই আগ্রহী। সবার দৃষ্টি নোমানের দিকে। স্টেডিয়াম জুড়ে নিরবতা। বাহির থেকে ভেসে আসছে প্রকৃতির গর্জন। কানে আসছে শত শত মানুষের নিঃশ্বাসের শব্দ। তিথির শ্বাস প্রশ্বাসের মাত্রা ঘন হয়ে এলো।
নোমান বলতে শুরু করলো,
" আজ এই স্টেডিয়ামে আমার নিজস্ব কদম ফুল আমার তিথিবুড়ি উপস্থিত রয়েছে। "
নোমানের প্রিয় মানুষ এখানে উপস্থিত আছে শুনে সকলের মাঝেই তাকে দেখার ইচ্ছা জেগে ওঠলো। গুঞ্জন শুরু হলো মুহূর্তেই। নোমান সেসব উপেক্ষা করে পুনরায় বলল,
" তিথিবুড়ি বলেছিলাম না, তোমার সুরওয়ালা তোমারই হবে। তোমার আছে, সারাজীবন তোমারই থাকবে। "
নোমানের বলার মাঝেই আরেকটি স্পটলাইট তিথির উপরে গিয়ে স্থির হলো। নোমানের থেকে দৃষ্টি সরিয়ে এবার সকলের মূল কেন্দ্রবিন্দু হলো তিথি। উৎসুক দৃষ্টিতে সকলে তার দিকে তাকিয়ে আছে। তিথি চোখ বুলালো সকলের দিকে। স্টেজ থেকে ভেসে এলো নোমানের কন্ঠ,
" তিথিবুড়ি আমার কাছে এসো "
উৎসুক জনরা সরে গিয়ে মাঝে জায়গা করে দিলো তিথিকে যাওয়ার জন্য। তিথি হাত কচলাতে কচলাতে মাথা নিচু করে পা বাড়ালো স্টেজের দিকে। স্টেজের সিঁড়ি বেয়ে ওঠার সময় নোমান এগিয়ে এলো তার দিকে। হাত বাড়িয়ে তিথির হাতটা শক্ত করে চেপে ধরে নিজের সামনে এনে দাঁড় করালো।
তিথি যেনো পাখির মতো আকাশে উড়ছে। বাস্ত আর কল্পনা মিলেমিশে একাকার অবস্থা। এটা যে বাস্তব সেটা তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। তার সুরওয়ালা! তার মনের রাজা তার মতোই তাকে ভালোবাসে! এটা কি সত্যিই সম্ভব! ড্যাব ড্যাব করে তিথি তাকিয়ে রইলো নোমানের মুখপানে। তিথির ভেতরকার অবস্থা বুঝতে হাসলো নোমান।
" এটা সত্যি তিথিবুড়ি, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো.. তোমার সুরওয়ালার সামনে। এটাও সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। আজ আমি আমার কথা রাখবো তিথিবুড়ি। আজ হবে আমার আর তোমার মিলন। সকলকে সাক্ষী রেখে আমাদের পথচলা এখান থেকেই শুরু হবে তিথিবুড়ি "
ঝমঝমিয়ে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা স্টেডিয়ামের সকলকে ভিজিয়ে দিলো। তিথি মুখ তুলে দেখতে পেলো স্টেডিয়ামের উপরের কাচের ছাদটা খুলে দেওয়া হয়েছে। সেই বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে তিথি আর তার সুরওয়ালাকে। স্টেডিয়ামে এখন রঙ বেরঙের আলো জ্বলছে না। পুরো স্টেডিয়াম জুড়ে অন্ধকার। সেই অন্ধকারে এক টুকরো আলো হলো স্টেজে তিথি আর নোমানের ওপর স্থির হয়ে থাকা স্পটলাইট।
নোমান তিথির সামনে হাঁটু গেড়ে বসলো। অবাক চোখে তাকালো তিথি। বাহিরের ঠান্ডা বাতাস এখন স্টেডিয়াম জুড়ে বয়ে বেড়াচ্ছে। উপস্থিত জনরার মাঝে উত্তেজনা।
পাশ হতে অন্ধকার থেকে কে যেনো নোমানের হাতে তাজা এক গুচ্ছ কদম ফুল দিয়ে গেলো। সেটা তিথির সামনে ধরে নোমান বলে ওঠলো,
" ভালোবাসি তিথিবুড়ি। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটাকে সাক্ষী রেখে আমার জীবনে তোমার আগমন ঘটাতে চাই। এই অধমের জীবনের সাথে তোমার জীবনটা জুড়ে দিবে কি তিথিবুড়ি? "
তিথির চোখে পানি টলমল করে ওঠলো। কষ্টের কান্না তো এটা নয়! এটা হলো পূর্নতা পাওয়ার খুশিতে এই পানি তার চোখে এসে জমা হয়েছে। তিথি ঠোঁট চেপে তার কান্নাগুলো চেপে রাখার চেষ্টা চালালো। ঘন ঘন মাথা উপর নিচ করে হাত বাড়িয়ে নোমানের থেকে কদম ফুলগুলো নিয়ে বলে ওঠলো,
" হ্যাঁ চাই সুরওয়ালা! তোমার জীবনের সঙ্গে আমার জীবন জুড়ে দিতে চাই সারাজীবনের জন্য। ভালোবাসতে চাই তোমাকে। চাই আমি তোমার হতে সুরওয়ালা "
নোমানে ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠলো। বসে থেকেই তিথির কোমড় জড়িয়ে নিজের কাছে এনে তিথির পেটে মুখ গুঁজে জড়িয়ে ধরলো তাকে । স্টেডিয়ামে উপস্থিত সকলে উচ্চস্বরে গেয়ে ওঠলো,
❝ আকাশ মেঘে বৃষ্টি হয়ে
স্বপ্নগুলো দেয় ভিজিয়ে,
তুমিও কি আমার সাথে
ভিজবে পথে হাত জড়িয়ে?
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে,
এক গুচ্ছ কদম হাতে
ভিজতে চাই তোমার সাথে। ❞
সমাপ্ত......
