নাম :হৃদয়ের অন্তরঙ্গ
লেখিকা : সুমাইয়া শেখ
#দ্বিতীয় পর্ব#
সকাল প্রায় দশটা। মির্জা মঞ্জিলের বসার
ঘরে বসে চায়ের কাপ হাতে পত্রিকা পড়ছিলেন আসিফ মির্জা। পাশেই রওশান আরা মির্জা বসে কারও সঙ্গে ফোনে কথা বলছেন।
এমন সময় বাড়ির ভেতরে ঢুকলেন রাফি মির্জা। সঙ্গে তাঁর স্ত্রী তাসমিন।
— আসসালামু আলাইকুম।
ছেলের কণ্ঠ শুনে রওশান আরা ফোন রেখে বললেন,
— এই তো, মনে পড়ছে অবশেষে মায়ের কথা!
রাফি হেসে বললেন,
— কী যে বলো মা! কালকেই তো কথা হইছে।
— কথা হইলেই কি মায়ের বাড়ি আসা লাগে না?
তাসমিন হেসে বললেন,
— ওকে কিছু বলবেন না। সকাল থেকে তাড়া দিয়েছি, তাও বের হতে দেরি করল।
রাফি স্ত্রীর দিকে তাকালেন।
— তুমি তো দেখি মায়ের পক্ষ নিয়ে বসে আছো!
— সত্যের পক্ষ নেওয়াটা অপরাধ নাকি?
তাঁদের কথার মাঝেই দরজার কাছে এসে দাঁড়াল আরিশ।
ছাব্বিশ বছর বয়সী আরিশ মির্জা, রাফি ও তাসমিনের একমাত্র ছেলে। পড়াশোনা শেষ করে বর্তমানে নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত। স্বভাবে সংযত, কথাবার্তায় পরিমিত। পরিবারের বড়দের সঙ্গে যথেষ্ট সম্মান বজায় রেখেই চলতে পছন্দ করে।
দাদিকে সালাম দিয়ে পাশে বসতেই রওশান আরা বললেন,
— তোর বাবা-মা আইছে, আর তুই এত পরে আইলি?
আরিশ মৃদু হেসে বলল,
— আমি তো আগেই আসতে চেয়েছিলাম। বাবা-মায়ের জন্য অপেক্ষা করছিলাম।
রাফি সঙ্গে সঙ্গে বললেন,
— বাহ! নিজের দেরির দায়ও এখন আমাদের!
ঘরে উপস্থিত সবাই হেসে উঠলেন।
অন্যদিকে সিলেটেরই আরেক প্রান্তে নিজের বাড়িতে বসে ছিল সাইফ মির্জার মেয়ে আয়রা। আঠারো বছর বয়সী মেয়েটি আজ দাদির বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তার মা মেহজাবিন বারবার তাড়া দিচ্ছেন।
— আয়রা, আর কতক্ষণ লাগবে?
— মা, আর পাঁচ মিনিট!
— তোমার পাঁচ মিনিট যে আধঘণ্টা, সেটা আমার জানা আছে।
আয়রা আয়নার সামনে থেকে বলল,
— তাহলে পাঁচ মিনিটের আগেই তৈরি হয়ে যাব। খুশি?
মেহজাবিন মেয়ের দিকে তাকিয়ে মাথা নাড়লেন।
মির্জা পরিবারের দুই ভাইয়ের সংসার আলাদা হলেও পারিবারিক বন্ধনটা আগের মতোই রয়েছে। আর দুই বাড়ির সদস্যরা একত্রিত হলেই মির্জা মঞ্জিলের চেনা পরিবেশ ফিরে আসে।
