#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
২২.
®রোজা রহমান নাঈমা
‘
বোঝা যাচ্ছে মালিথা পরিবার অনেকটা সময় পর পুনরায় একসঙ্গে হতে পেরে ভীষণ আনন্দিত বোধ করছে। এখানে ছোটরা যেমন আনন্দ-উল্লাসে মেতে আছে, তেমনই তাদের আনন্দ-উল্লাস দেখে বড়রা আনন্দিত বোধ করছেন। বাচ্চাদের আনন্দ দেখলে মা-বাবারা আনন্দ অনুভব করেন এটা নতুন কিছু নয় অবশ্য।
আগামীকাল ঈদের রান্না-বান্নার আয়োজনের জন্য আজ থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন জাকিয়ারা। মশলাপাতি করা, কাটাকুটি ইত্যাদি কাজগুলো। কাজের মহিলা এখনও ফিরতে পারেনি নিজ বাড়িতে। আগামীকাল ঈদের জন্য তাকেও সকাল সকাল রান্না করতে হবে বলেই আসতে পারবে না। তাই যেটুকু করার করে দিয়ে যাবে। সারাদিনের ঠাডা পড়া গরমে রোজা রেখে ইফতারের আয়োজনে কাজকাম করে সবাই ভালোমতোই ক্লান্ত৷ তবুও ঈদের আমেজটাকে উপভোগ করতে বিছানায় শরীর ছাড়তে পারেনি কেউ৷ একজায়গায় বসে গল্পগুজবের মাঝে কাজ করছেন গিন্নিরা। বিস্তৃত কিচেনের মেঝেতে তাদের অবস্থান। পেয়াজ-রসুন কাটাকুটি থেকে শুরু করে বাটাবাটির কাজও চলমান। সে-সবের ঝাঁঝে নাকে-চোখে পানিও সবার।
বাড়ির ছোট সদস্যের মাঝে আমেজ অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এখন। এটা তুষার আসার পর আরো বেশি হয়েছে। সারাদিন রোজা রাখা শরীর তাদের টলাতে পারেনি৷ গরমে দীর্ঘ বেলার রোজা রেখে হিমটাও ক্লান্ত হয়নি যেন। সে শান্তশিষ্ট, তবুও সবার সাথে আনন্দ উপভোগ করতে ছেলেটা কার্পণ্য করেনা। তার পরিবার যে একটাই! এই পরিবার সাথে থাকলে তার আর চুপচাপ শান্তভাব বজায় রাখা সম্ভব হয়না। হাসি-আড্ডাতে না চাইতেও সে নাক গলিয়ে ফেলে। ছোট মস্তিষ্কে উপযুক্ত কথা বলে, সবাইকে বিব্রত করতেও সে পারদর্শী অবশ্য।
কুয়াশারা রাতের খাবার শেষ করে চাঁদরাতে মেহেদী দিয়ে হাত রাঙাতে ব্যস্ত। ইয়াসমিন আবার মেহেদী দেয়াতে ভীষণ পটু। মেয়েটার হাতের কাজ অসম্ভব সুন্দর। সে নকশিকাঁথা সেলাই-পোড়াই করা থেকে কুরুজের কাজও ভীষণ সুন্দর পারে। এমনকি হ্যান্ড মেইক ড্রেস, শাড়িও সে সুন্দর করে তৈরি করতে পারে। মোদ্দাকথা মেয়েটা গোছানো ও সংসারিক আছে ভীষণ।
মালিথা ভিলার আরো একটি সংসারি পুত্রবধূ সংসারের টানে হাতে মেহেদী দেয়া ভুলে বসেছে। এমনকি স্বামীর খেদমত করাটাও ভুলে শাশুড়ীদের মাঝে নিজের জায়গা করার জন্য ছুঁতো খুজে চলেছে। বৃষ্টি কুয়াশাদের সাথে বসে আড্ডা দিতে পারছে না, আর না পারছে তুষারের সাথে আলাদা একাকী সময় কাটাতে। নিচে থেকে উপরে যাওয়ারও সাহস হয়নি তার। তুষারের বউয়ের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা হলেও মেয়েটা দুইদন্ড স্থির হয়ে বসে সময় কাটায়নি তারসঙ্গে।
তুষার বিয়ের পর শুধু একবার একদিনের জন্য এসেছিল বাড়িতে। এরপর আর ছুটি মেলেনি, ফলস্বরূপ আসতেও পারেনি। বলা যায়, তাদের বিয়ের নতুনত্ব এখনও লেপ্টে আছে বৈবাহিক সম্পর্কে। লজ্জা ঠিকঠাক কাটেনি বলেই মেয়েটা লজ্জাবোধে তুষারের ধারে কাছেও ঘেঁষছে না। প্রণয়ের সম্পর্কে বিয়ে হলেও বিয়ের পর থেকে কেন যেন বৃষ্টি লজ্জাটে হয়ে উঠেছে। কেমন লুকোচুরি ভঙ্গিমা তার মাঝে লক্ষ্য করা যায়। এছাড়া শ্বশুরবাড়ির পরিবার কে কী বলবে এই ব্যাপারটা তাকে স্থির করে রাখে না। তুষারও অবশ্য কক্ষে নেই। দীর্ঘ সময় পর এসে পরিবারকে সময় দিতে বাবার সাথে বেরিয়েছে সে। জাকির মালিথাও বড় ছেলেকে পেয়ে সাথে নিয়েই বেরিয়েছেন৷
কুয়াশার হাতে মেহেদী দেয়া শেষ হলে, চাঁদরাতে ওরা সবাই মিলে বারবিকিউ করবে। সে-সব তৈরি করেই রেখেছে। মাংস মেরিনেট করে রাখা হয়েছে। রাত বারোটার পর ছাদে বারবিকিউ হবে। এরআগে মেহেদী নিয়ে নেয়াটাই সঠিক বলে মনে করেছে কুয়াশা। কেননা ইয়াসমিন আবার ইশা আর বৃষ্টিকেও দিয়ে দেবে। একসঙ্গে সবাইকে দিতে গেলে সময়ের বড় অভাব পড়বে। না ঘুমিয়ে সারারাত জেগে থাকতে হবে। অবশ্য ইয়াসমিন আর ইশা চলেও যাবে। তুহিনই রেখে আসবে। যত রাতই হোক না কেন বাড়িতে ফিরতে হবে আমিনুল হকের আদেশ। প্রয়োজনে আগামীকাল বিকেলে আবার আসবে।
এদিকে শশীর কাণ্ডে কুয়াশারা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শশীকে আজই না নিয়ে এসে তারা যেন ভয়ঙ্কর রকমের অপরাধ করে ফেলেছে। সে এক মহাকাণ্ড বাঁধিয়েছে। তার উত্তেজনার ত্রপে পড়ে এবাড়ি-ওবাড়ির প্রত্যেকে অতিষ্ট প্রায়। বাড়িতে তো তুলকালাম বাঁধিয়েছেই, সেই সাথে মিনিটে মিনিটে এবাড়ির এর-ওর কাছে ফোনকল লাগাচ্ছে। কখনো শিশিরের কাছে, কখনো কুয়াশার কাছে, কখনো বৃষ্টির কাছে আবার কখনো জাকিয়ার কাছেও করছে। ফোনকল রিসিভ করলেই তার উত্তেজিত কণ্ঠে যে কথাগুলো শোনা যাচ্ছে,
“ কুয়াশা বুবুন, তোমরা অনেক মজা করছ, তাই না? সবাই একসাথে আছ ঠিক না? তুমি, শিশির ভাই, ইয়াসমিন বুবু, বৃষ্টি ভাবি, ভাইয়ারা আর, আর নীহার ভাইও? হ্যাঁ?”
শেষ কথায় এসে তার কণ্ঠে বাঁধা পড়ছে একপ্রকার। আর উত্তেজনার সাথে ধুকপুকানি বৃদ্ধি পাচ্ছে। ওপাশের ব্যক্তিটি যেন তার ধুকপুকানির শব্দ শুনে না ফেলে তাই নীহারের প্রশ্নটা ছোট করে জিজ্ঞেস করছে। এটা তো তার গোপন উত্তেজনা। তার নিজস্ব।
এমন সব প্রশ্নে কুয়াশারাও মজা করে তাকে আরো উত্তেজিত করতে বানিয়েও বলছে। এতে শশী বাড়িতে চেঁচামেচি আরো বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে করছে জিনিয়া আর মিহিরের সাথে। মিহিরকে বকে-টকে এক করে ফেলছে। অভিযোগ মিহির কেন তাকে আজই নিয়ে গেল না? সে তো আজ যাবে মালিথা ভিলায়! আজই যাবার অতি প্রয়োজনীয়তা ছিল তার। তার ঈদ কাটছে না আমলায়। এভাবে এখানে তার ঈদ কাটবেও না। তার ঈদ যে আড়ুয়াপাড়ায়! তাহলে সে কীভাবে আমলাতে ঈদ কাটাতে পারে? কিছুতেই পারে না। কিছুতেই না!
সোফাতে শিশির ও নীহারের গল্প চলছে। সে বিভিন্ন গল্প। অনেকটা সময় পর একসাথে হলে যেমন গল্পগুজব হওয়াটা স্বাভাবিক, তেমনই গল্প চলছে তাদের মাঝে। এদিকে হিমের হাতে রিমোট থাকলেও লিভিংয়ের টেলিভিশনে জাতীয় এবং বিদ্রহী কবি কাজি নজরুল ইসলামের লেখা ঈদের গানটি হচ্ছে,
“ ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ,
তুই আপনাকে আজ বিলিয়ে দে
শোন আসমানি তাগিদ…”
এই গান ছাড়া রোজার ঈদ জমে নাকি? কখনোই না! কুয়াশার গরম আদেশে হিম চ্যানেল পাল্টাতে পারেনি। বরং একশ ভলিউমে করিয়েছে হিমকে বলে৷ গান চলছে আর তাদের ঈদ আনন্দ বাড়ছে। মুখে মুখে গুনগুনানিও।
‘
রাত বারোটার আগেই শিশিররা ছাদে চলে এসেছে বারবিকিউয়ের জন্য। বাড়িতে যে লাইটিং ছিল তা দিয়ে সন্ধ্যারাতে ছাদ সাজিয়ে গেছিল। এখন ছাদে লাইটিংয়ের নরম ও রঙবেরঙের আলো পড়ে সুন্দর ও মনোমুগ্ধকর আলোয় উদ্ভাসিত করে রেখেছে। তখন রিজভী এলো। শিশিরই আসতে বলেছে। এবাড়িতে শিশির ওর বন্ধুমহলের মাঝে শুধুমাত্র রিজভীরই যখন-তখন আসা-যাওয়া উন্মুক্ত করেছে। রিজভী ছাড়া মালিথা ভিলার অন্দরে ওর আর কোনো বন্ধু অতি প্রয়োজন ছাড়া আসে না। সম্ভব হলে সেই অতি প্রয়োজনটাও শিশির বাইরে থেকেই মিটিয়ে ফেলার চেষ্টা করে৷
রিজভী এসেই প্রথমে নীহারের বুকে বুক মেলাল। নীহারও পিঠ চাপড়ে দিয়ে বলল,
“ তোকে তো মারাটা আমার ফরজ কাজের মাঝে আছে। এমন একটা পদক্ষেপ কেন নিয়েছিস সেটা বল আগে? তারপর না হয় তোর হালচাল শুনব!”
রিজভী যেন নীহারের কথার ভাবার্থ বুঝে গিয়ে সন্তপর্ণে এড়িয়ে গেল। মাথাটা নিচু করে সামান্য হেসে নীহারের কাঁধে হাত রেখে বলল,
“ ছাড়ো তো ওসব, ভাই! তারপর বলো, কবে তোমাকে কমিশন্ড অফিসার হিসাবে দেখতে পারছি আমরা? পাসিং আউট প্যারেডের দিন চলে যাব তোমাকে পোশাকের সঙ্গে র্যাঙ্কিং ব্যাজ পরতে দেখতে? ওহ হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট ভিউ হলো তোমাকে তলোয়ার নিতে দেখাটা!”
রিজভী কথা এড়িয়ে গেলেও নীহার ভবিষ্যতে কী হবে না হবে সেটা এতটা উত্তেজিত ভঙ্গিতে বলল যে, নীহার ওর পেটের ওপর ঘুষি দিয়ে বলল,
“ টু মাচ!”
“ কী বলো, ভাই! তুমিই তো হবে সোর্ড অব অনার! শত ক্যাডেটের মাঝে যদি একজন ক্যাডেটও সর্বোচ্চ গৌরব আর কৃতিত্ব অর্জন করে সেরা ক্যাডেট হতে পারে সেটা হবে তুমি। তোমাকেই প্রদান করা হবে বিশেষ তলোয়ার।”
নীহার হেসে ফেলল রিজভীর বলা ঢংয়ে। রিজভীও হেসে ফেলে বলল,
“ ছুটি তো চারদিন, ভাই?”
“ হ্যাঁ, এমনই।”
রিজভী সত্যিই যায়নি আইন বিভাগে। তার স্বপ্ন ধূলিসাৎ করে সে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ফার্মেসি অনুষদের ডিপার্টমেন্ট অব ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি-তে। এখানেই নিজের কোনো একটা পেশা খুঁজে নেয়ার চেষ্টা করবে বলে ভাবনা। তবে উদ্দেশ্য আছে ল্যাব সাইন্টিস্ট-এর দিকে ঝোঁকা। শিশির পারেনি রিজভীকে ওর বহু আকাঙ্ক্ষিত স্বপ্নের পথে পরিচালিত করাতে। তার সেই একটাই কথা মুখে লেপ্টে ছিল,
“ রক্তাক্ত হাতে আইন মানায় না।”
কারো স্বপ্ন যখন মারা যায়, তখন একমাত্র সে ছাড়া কারো সাধ্য হয়না পুনরায় তা জ্যান্ত করাতে। তেমনই ব্যাপার ঘটেছে রিজভীর সঙ্গে। শিশির তবুও শেষ চেষ্টা করতে গেছিল, কিন্তু রিজভী সেই পথটাও আর খোলা রাখেনি। রিজভী তখন বলেছিল,
“ বন্ধুত্বের খাতির যদি দেখাস, তাহলে বন্ধুর পথে পরিচালিত হ বরং? চলে আয় তুইও আমার সঙ্গে? ছাড় তোর স্বপ্নও? তুই আমাকে ফোর্চ করছিস, তেমনই আমিও করি না কি? চল, ছাড়বি তোর স্বপ্ন।”
শিশিরের তো সেদিন বিবেক ছিল, রিজভীর না থাকলেও! রিজভীকে সে যেমন জোরজবরদস্তি করছে, রিজভীও তো করতে পারে? এখানে সেদিন শিশির বুঝে গেছিল— ব্যক্তিগত মতামতের অধিকার। শিশির আর রিজভীর ব্যক্তিগত মতামত। তারা একে অপরের জান-এ-জিগার দোস্ত হতে পারে, কিন্তু এর বাইরেও তাদের একেকজনের আছে ব্যক্তিগত মতামত প্রকাশের অধিকার।
তারপর চলছে দু'জনের। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হরহামেশাই দু’জনের একসঙ্গে কাটে। তবে রিজভী হল পেয়েছে। তাকে বাসা নেয়াতেও শিশির পারেনি। রিজভীর সঙ্গে কী হয় সে কী করে আজকাল তা শিশিরের অজানাও নয়। শিশির ওকে বাঁধা দেয়না। রিজভী ওর পথে চলেছে, আর শিশির তার পথে। বন্ধুত্ব কি শুধু বন্ধুর পথে বাঁধা প্রদান করাতেই হয়? নাকি প্রশ্রয়েও হয়? শিশির নীরব প্রশ্রয় রিজভীর। বাকিটা রিজভীর মনমর্জি।
তুষার বাবার সঙ্গে ঘুরে, গল্প-গুজব করে চা-টা পান করে ও এলাকার কিছু বিশেষ ব্যক্তিবর্গদের সাথে দেখাসাক্ষাৎ করে ফিরেছে। তার অবস্থান এখন ছাদেই আছে। তুহিনের সঙ্গে বসেছে। তুহিনের কাজের বিষয়ে আলাপআলোচনা চলছে। তুহিনকে ইনভেস্টিগেশন বিষয়ে কিছুটা ধারণা দেয়া, মামলার নথি বোঝা, আদালতের কার্যক্রম, তথ্য যাচাই, ফৌজদারি আইন ইত্যাদি এসব বিষয়ে ধারণা আর পদ্ধতি সম্পর্কে কিছুটা জ্ঞান দিচ্ছে বসে বসে। যেন তুহিনের সামনের পথটা সহজ হয়। এছাড়াও এসব বিষয়ে তুহিনের জানতে ও পড়াশোনা করতেই হচ্ছে। তাই তুষারও একটু সাহায্য করছে। ভবিষ্যতের জন্য তুষার থাকবে সে বিষয়েও নিশ্চয়তা দিয়ে সাহস জোগাচ্ছে তুহিনের।
তুষার ইনভেস্টিগেশন, আদালত, ফৌজদারি আইন বিষয়ে বুঝিয়ে প্রশ্ন করল,
“ কী একটা রিপোর্ট তৈরির জন্য তথ্য খোঁজার কাজ করছিস বললি?
তুহিন ল্যাপটপ থেকে নজরটা কিছুটা সরিয়ে তুষারের দিকে ফেলল। এতক্ষণ ল্যাপটপে ফাইল করে রাখা কিছু ডকুমেন্টস দেখাচ্ছিল তুষারকে। কথার মাঝে ভুল বসত বলেও ফেলেছে দুই বছর আগের একটি অপরাধ বিষয়ের ওপর সত্য ও যাচাইকৃত প্রতিবেদন লিখতে সে তথ্য খুঁজছে। যদিও তুহিন সরাসরি কিছু বলেনি। তবুও তুষার ব্যাপারটা ক্যাচ করেছে। তুহিন শুরুতে না জানানোর সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত আবার বাদ দিয়ে বলল,
“ ৫ মে ২০১৩ মতিঝিলের শাপলা চত্বরে ঘটা সংঘাত, সংঘর্ষ ও সহিংসতা নিয়ে।”
তুষার চট করে তুহিনের দিকে তাকাল। যেন আশ্চর্য হবার মতো ভঙ্গিমা। আবার কিছু আতঙ্কও দেখা মিলল। তুহিনের নির্বিকার মুখের দিকে তাকিয়ে নিরেটে বলল,
“ শুধু কি সংঘাত, সংঘর্ষ ও সহিংসতা নিয়েই?”
“ উঁহুঁ, তুমি যতটা ভাবছ তার চেয়েও গভীর তথ্য নিয়ে।”
“ তুহিন!”
তুষার ধমকের সুরে বলল। তুহিন যেন তুষারের শাসন বারণকে বুঝেও নির্বিকার। তার মুখের কোনো পরিবর্তন হলো না। তুষার একই ভাবে বলল,
“ ধারণা আছে তোর কিছু? এখনকার পরিস্থিতি সম্পর্কে? আর তুই কী করছিস?”
“ কী? কী ধারণা করা উচিত আমার বলে তোমার মনে হয়? হ্যাঁ? তোমার আইন সেটা, যেখানে একজন ধর্ষিতা মেয়ের বিচার করার ক্ষমতা হয়না? আসল ধর্ষককে গ্রেফতার করার ক্ষমতা হয়না? শুধুমাত্র কর্ম ও জীবন বাঁচাতে একজন নিরীহ মানুষের ওপরও ধর্ষণের মামলা ঠুকে দিয়ে বছরের পর বছর তাকে এ হাজতে পচিয়ে মারা হয়? আর যারা আসল কালপিট তারা বাপের কালো টাকার নয়তো নিজের কালো টাকা ও ক্ষমতার বলে মাসের ভেতর বেরিয়ে এসে দিব্যি বাইরের হাওয়া খেয়ে বেড়ায়? সেই আইনের কথা বলছ তুমি? যেখানে নিজেদের অধিকার চাইতে গেলেও প্রাণ হারাতে হয়, সেই আইনের বুলি ছুড়ছ তুমি?”
তুহিন আরো কিছু বলতে চাইল মনে হয়। কিন্তু তুষারের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলেই চুপ হয়ে গেল। তুষার আশ্চর্যান্বিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকেও বলার মতো সঠিক বাক্য পেল না। স্মিতে জিজ্ঞেস করল,
“ মেজো চাচু জানেন এসব?”
“ বাবা জানলেও আমাকে আঁটকাতে পারবেন না।”
“ তোকে প্রটেক্ট করবেন বলছিস?”
“ আমি কোনো প্রটেক্ট চাই না। আমার কাজে স্বতন্ত্র ও স্বয়ংক্রিয়তা চাই, ব্যস!”
তুষার এবারও কী বলবে, কী বলা উচিত ভেবে পেল না। যেখানে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একচুল পরিমাণ মুখ খোলার সাহস দেখাতে পারে না কেউ, সেখানে তুহিন ইতোমধ্যে তা নিয়ে সঠিক ও সত্য তথ্য খুঁজছে! নিজের ভবিষ্যত সম্পর্কে ধারণা থেকেও সে একইভাবে অটল!
.
বৃষ্টিরা বারবিকিউয়ের জন্য মেরিনেট করে রাখা চিকেন কয়লার আগুনে গ্রিলের ওপর দিয়ে দিয়েছে। একপাশ প্রায় হয়েও এসেছে। বেশ সুন্দর ও লোভনীয় স্মেল আসছে। ছাদে বেশ আমেজ আমেজ পরিবেশ। আশেপাশের ছাদেও অনেকে চাঁদরাত উৎযাপন করছে। সাউন্ডবক্সের গানে গানে চাঁদরাতটা উপভোগ করছে। হিমও তা দেখে দৌড়ে নিচে গিয়ে সাউন্ডবক্স নিয়ে এসেছে শিশিরের ঘর থেকে। এনে শিশিরদের উদ্দেশ্যে জিজ্ঞেস করল,
“ কী গান দেয়া যায়, ভাইগন?”
রিজভী কৌতুক করে বলল,
“ দে কোনো একটা ঝাকানাকা গান৷ একটু নাচানাচি করি বরং। হাড়হাড্ডি মজবুত হোক।”
রিজভীর কথাতে হেসে ফেলেছে বৃষ্টিরা। তখন শিশির বলে বসল,
“ লাগা আশিক বানায়া।”
তখন বৃষ্টি ঘুরে তাকিয়ে টেনে টেনে বলল,
“ কী ব্যাপার দেবরজী, তুমি ইমরান হাশমির বিগ ফ্যান নাকি? ”
“ অবভিয়াসলি! অস্বীকার করার কী আছে? ওভাবেই বা জিজ্ঞেস করছ কেন?”
“ আসলেই?”
বৃষ্টি মজা করে প্রশ্নটা করেছিল। তখন পাশে থেকে কুয়াশা বাঁকা সুরে চিবিয়ে চিবিয়ে বলল,
“ ও তো নিজেই একটা ইমরান হাশমি! ওর আবার পছন্দ কত উন্নত হতে পারে?”
বৃষ্টিরা হাসি আটকাতে পারল না। জোরে জোরে হেসে ফেলেছে কুয়াশার বলার ঢংয়ে। শিশির বুকে হাত বেঁধে রেলিঙয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল, কুয়াশার কথা শুনে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে ঝাড়ি নিয়ে বলল,
“ ঠাটিয়ে দুয়েকটা দিয়ে মুখের বাঁকা কথাগুলোকে সোজায় আনা উচিত! এই তোর কী ক্ষমতা আছে ইমরান হাশমির মতো স্টারের মর্ম বোঝার? হ্যাঁ?”
বৃষ্টি হাসি আটকাতে পারছে না। ওরা ইমরান হাশমিকে নিয়ে ঝগড়া করছে, এতটাই অদ্ভুত লাগছে ওর কাছে। আগে তুষারের কাছে শুনতো তাদের বাড়ি সাপ আর নেউল আছে। সরাসরি সেই লড়াই দেখার সৌভাগ্য হয়েছিল বৃষ্টির বিয়ের দিন রাতে। এরপর থেকে প্রায় দেখা হয়। যখন শিশির ঢাকা থেকে ফেরে।
এখনও দুটো এমন ভাবে ঝগড়া করছে যেন ইমরান হাশমিকে নিয়ে ওরা পিএইচডি করে ফেলেছে। একজন ইমরান হাশমির ব্যাড ব্যাকগ্রাউন্ড নিয়ে আর একজন ইমরান হাশমির ইন্ডাস্ট্রিতে আলাদা ও স্বতন্ত্র ইমেজ তৈরি করে সুপারস্টার হওয়া নিয়ে৷ এতে বড়রা যেমন বিব্রত হচ্ছে তেমনই মজাও পাচ্ছে। কেননা শিশির কুয়াশা মানেই ওদের বিনোদন৷ আর সেই বিনোদন দিয়েই ওরা চাঁদরাত উৎযাপন করে শেষ করল।
…
সকাল সকাল সেমাই রান্নার মিষ্টি সুঘ্রাণে মালিথা ভিলার রান্নাঘর সহ লিভিং এরিয়া ম-ম করছে। পাঁচ-ছয় পদের মিষ্টান্ন রান্না করেছেন জাকিয়া। শাহী নওয়াবী সেমাই থেকে শুরু করে শাহী মালাই আইসক্রিম আইটেম এবং নুডলসও। সকাল থেকে রান্নার কাজে তারা ব্যস্ত আর বাড়ির পুরুষ সদস্যগুলো গোসলে। বৃষ্টি শাশুড়ীদের সঙ্গে কাজ করছে কোমরে শাড়ির আঁচল বেঁধে। দেখতে সুন্দরই লাগছে। একা কুয়াশা ঘুম থেকে উঠে লিভিংয়ের সোফায় বসে হাতের মেহেদীর ডিজাইন ও রঙ পরখ করছে। সে-সময় বৃষ্টির কন্ঠে শুনতে পেল,
“ হয়েছে কুশু, আর খুঁটিয়ে দেখতে হবে না। তুমি স্বামী সোহাগীই হবে।”
মজা করে কথাটা বলতে বলতে একই সঙ্গে শাড়ির আঁচল খুলতে খুলতে বৃষ্টি উপরে উঠে গেল। যেতে যেতে হেসেও দিয়েছে কথাটা বলে। সে গেল তুষারের প্রয়োজনীয় জিনিস এগিয়ে দিতে৷ তুষারই ডেকেছে তাকে। এদিকে কুয়াশার গালজোড়ায় উষ্ণতার ছিঁটা লেগেছে যেন৷ রক্তিমও হয়েছে একটু।
গোসল শেষ করে শিশিররা তৈরি হয়ে একে একে নেমে এলো নিচে। অবশ্যই বাড়ির পুরুষগুলো একই পোশাক পড়বে! এখানে প্রত্যেকে নামাজ আদায়ের জন্য সাদা পাজামা-পাঞ্জাবি নিয়েছে। আর ঘোরাঘুরির জন্য ভিন্ন রঙের। ঈদের নামাজ পড়তে হিম থেকে শুরু করে জাকির মালিথা ও জাহিদ মালিথার পরনে সাদা পাজামা-পাঞ্জাবি শোভা পাচ্ছে। বলতে গেলে স্থানটা শুভ্রতার রঙে ছেয়ে গেছে। লিভিংয়ে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে কোলাকুলি করে সালাম জানিয়ে একই সঙ্গে ঈদের শুভেচ্ছা জানাল। পুরুষদের আতরের সুগন্ধে লিভিং এরিয়ে ভরে গেছে। একেকজনের শরীর থেকে একেক রকমের আতরের সুগন্ধ মিলেমিশে সুন্দর সুগন্ধের সৃষ্টি করেছে।
আর বাড়ির একমাত্র মেয়ে? সে তো অপেক্ষা করছে তাকে কখন ডাকা হবে সালামি দিতে। ডাইনিং টেবিলে বসে পুরুষ সদস্যরা সেমাই খাচ্ছে। জাকিয়ার হাতের সেমাই রান্না কেউ না খেয়ে যেতে পারে নাকি? জাকির মালিথা ঈদের সকালে তৃপ্তি মিশিয়ে স্ত্রীর হাতে রান্না সেমাই খেয়ে কুয়াশাকে ডাকলেন,
“ কুহেলি? আমরা কি বেরিয়ে যাব?”
কুয়াশা সোফা থেকে লাফিয়ে নেমে দৌড়ে আসতে আসতে বলল,
“ তুমি যেতে পারবে না এভাবে, বড় চাচু। কুহেলি ঘুম থেকে উঠে বসে আছে তো।”
কুয়াশা এতটা আহ্লাদ নিয়ে বলল কথাটা, জাকির মালিথা হেসে উঠলেন শরীর দুলিয়ে। কুয়াশা কাছে দাঁড়িয়ে গেলে তিনি কুয়াশার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,
“ আমার সালামি কোথায়?”
“ এখন তো আমি বেকার, চাচু! কুহেলি বড় হলে তোমাকে সালামি দেবে।”
“ আচ্ছা?”
“ হ্যাঁ হ্যাঁ, একদম! কোনো সন্দেহ নেই।”
জাকির মালিথা কথা বলতে বলতে ব্যাংক থেকে তোলা নতুন ও কচকচে একশ টাকা নোটের বান্ডেল বের করলেন৷ ঈদ সালামি তিনি এমন চকচকে টাকাতেই দেন৷ সেগুলো কুয়াশা জমিয়ে রাখে খরচ না করে। জাকির মালিথা কুয়াশাকে একশ টাকার বিশটা নোট দিলেন৷ বিশটা নোট পেয়ে কুয়াশা ভীষণ খুশি। দুইহাজার টাকা বড় চাচুর থেকে ঈদ সালামি পেয়ে গেল। জাকির মালিথা এরপর ডাকলেন বৃষ্টিকে,
“ আম্মার কত চাই সালামি?”
“ বাবা তো মেয়েকে এক টাকা দিলেও তা সালামি হিসেবেই গ্রহণ করবে৷”
তুষার ঠোঁট চেপে ধরল তখন। মাথাটা একটু ঝুঁকিয়ে নিয়েছে। স্ত্রীর কথাতে সে অভিভূত। জাকিয়া হেসে ফেলে বললেন,
“ তোমাকে ইম্প্রেস করছে বুঝেছ? এমনি সময় ভীষণ অবাধ্য সে।”
“ সেটা তুমিও, কিয়া৷”
“ কীহ!”
বৃষ্টিরা হেসে ফেলেছে। জাকির মালিথা সামান্য হেসে বৃষ্টিকেও বিশটা একশ টাকার নোট দিলেন৷ কুয়াশা তো জাকির মালিথার থেকে নিয়ে জাহিদ মালিথার কাছে চলে গেছে৷ জাহিদ মালিথাও কুয়াশার আহ্লাদে দুই হাজার টাকা সালামি দিলেন। চার হাজার টাকা হাতে ধরে কুয়াশা এবার বড় ভাইয়ের থেকে সালামি নিতে হাত পেতেছে। তুষার কিঞ্চিৎ হেসে বলল,
“ কত চাই?”
“ তুমি বরং আমার ভালোবাসার পরিমাণ মেপে দাও?”
“ তাহলে তো পুরো আমিটাকেই বেচে আসতে হবে?”
তুষার মেকি ভঙ্গিতে আঁতকে উঠে বলল। কুয়াশা হেসে ফেলেছে। তুষার কুয়াশাকে একাই সালামি দিল পাঁচ হাজার টাকা। যেটা আর কারো জন্য বরাদ্দ নেই। ছোট সদস্য হিমের জন্যও না। আর শিশিরের জন্য তো আরোই না। তার একটাই বোন কি না!
বাকিদের ভেতর নীহার পূর্ণাঙ্গ বেতন না পেলেও তার ক্যাডেট পর্যায়ে যে বেতন পায় তা থেকে কুয়াশাকে নীহার সালামি দিল তিন হাজার টাকা। নীহার শুধু কুয়াশাকে নয়, সে এবার প্রত্যেকে সালামি দিল। বলতে গেলে এই প্রথম সে নিজ ইনকাম থেকে সালামি দিচ্ছে। শিশিরও নিল কুয়শার সালামির পরিমাণে। তারপূর্বে অবশ্য নীহার খুঁচিয়েছে,
“ ওর পরিমাণই চাই?”
“ আবার জাগায়!”
নীহার হেসে ফেলে হিংসুক শিশিরকেও তিন হাজার টাকাই দিয়েছে। আর বৃষ্টির জন্য সে শাড়ি গিফট এনেছিল গতকাল। বিয়েতে থাকতে না পারায় সে আফসোসও করেছে অবশ্য। গিফট দিলেও আজ আবার সালামিও দিয়েছে। দেবরের থেকে সালামির ভাগটা বৃষ্টি ছাড়েনি।
কুয়াশা চরম খুশি। ধীরে ধীরে তার সালামি দেয়ার লোক বৃদ্ধি পাচ্ছে। তুহিনও বাদ থাকল বা। বাদ থাকল শুধু শিশির। তার আবার সালামি কীসের? তাও আবার দুশমনের জন্য? সে তো একহাতে নামাজে টুপি ধরে অন্য হাত পকেটে পুরে কুয়াশার আহ্লাদীপনা দেখছে। যা তার কাছে চরম আদিখ্যেতার দৃশ্য বলে মনে হচ্ছে। যে দৃশ্য দেখতে তার সবসময়ই বিরক্ত আসে।
.
শশী মনে হয় মিহিরকে শুধু ঈদের নামাজটা আদায় করতে দিয়েছে। আর একটা মিনিটও মিহিরকে সে স্থির হয়ে বসতে দেয়নি। মিহির গর্দান হারানোর ভয় নিয়ে তার শাঁকচুন্নি বোনকে নিয়ে ছুটেছে আড়ুয়াপাড়াতে। বেলা বারোটার দিকেই শশী আর মিহিরকে মালিথা ভিলায় উপস্থিত হতে দেখা গেল। জিনিয়ারা আগামীকাল আসবেন বোনের বাড়ি।
শশী মালিথা ভিলায় যখন আসে, বরাবরই দৌড়ে প্রবেশ করে। এবারও ব্যতিক্রম হলোনা। হাঁপাতে হাঁপাতে এসে থামল লিভিংয়ে। সোফায় ভেজা চুলে কুয়াশাকে বসে থাকতে দেখে সে চেঁচিয়ে ডাকল কুয়াশাকে। শশীকে দেখতে পেয়ে কুয়াশা হেসে ফেলল। কী পাগলি মেয়েটা! হাঁপাচ্ছে এক প্রকার। কুয়াশা হেসে নিয়ে বলল,
“ আগে বলতি, আরো দ্রুত পৌঁছানোর জন্য হেলিকপ্টার পাঠাতাম?”
“ আরে রাখো তো। কালই আসার দরকার ছিল আমার।”
“ এত কী দরকার তোর? হ্যাঁ?”
শশীর গালজোড়া তো লাল হলো। সে তো বলতে পারল না, কী এত দরকার তার! কিন্তু সে যে দরকারে সকালে না খেয়েই সেজেগুজে বেরিয়ে এসেছে, তার সেই দরকারটা কোথায়? কোথায় তার ঈদ? কোথার তার উত্তেজনা? শশীর দু'চোখ ভীষণ পাগল হয়ে উঠল। চোখে খুঁজেও যখন পেল না তখন সে জিজ্ঞেস করেই বসল,
“ শুনেছি নীহার ভাইও এসেছে? কোথায় উনি, বুবুন?”
“ কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। এতক্ষণ তো লিভিংয়েই ছিল। বলে গেল একটার পরই চলে আসবে। আমরা তো ঘুরতে যাব। তৈরি হয়ে বসে থাকতে বলে গেছে।”
নীহার বাইরে চলে গেছে, একটার পর ফিরবে এটুকো শুনেই শশীর ভেতর তুফান শুরু হলো৷ কান্না পেল বুক ভেঙে। মনে হলো বুকের ভেতর ভারী কী একটা চেপে বসল৷ তার সব উত্তেজনা হয়ে উঠল বেদনার দলা। সেই দলাই বোধহয় বুকে চেপে ভারী হয়ে গেছে। গলার মাঝে বিষাদ কান্নার কাঁটা বিঁধছে। চোখজোড়াতে অদৃশ্য পানিতে ভরে গেছে৷ শুধু বেরিয়ে আসা বাকি।
অতিমাত্রায় অস্থির অসহ্য লাগছে তার ভেতরটা। কেন নীহার ভাই তার আসার আগেই বেরিয়ে গেল? সে আসার অপেক্ষাটা কি পুরুষটার মাঝে ছিল না? জানতো না শশী আসবে? একটু অপেক্ষা করে গেলে কী এমন ক্ষতি হতো তার? শশী তো তাকে দেখতেই ছুটে এলো। সারারাত সে ঘুমায়নি। বরং সারারাত জেগে সে নিজেকে সাজিয়েছে। শুধুমাত্র নীহার ভাইকে দেখাবে বলে। দুই হাত ভর্তি মেহেদী পরেছে। সুন্দর পোশাক পরেছে। নিজেকে পরিপাটি রূপে সাজিয়েছে। এসব ভেবে কিশোরী বুকে যে এখন যাতনা বাড়ল!
হঠাৎ শশীকে পাথর হয়ে যেতে দেখে কুয়াশা ভ্রু কুঁচকে বলল,
“ কীরে? ওভাবে পাল্টি খেলি কেন?”
“ কিছু না, বুবুন৷ তুমি তৈরি কখন হবে?”
“ একটু পরেই। চল বসবি।”
মিহির বাইক গ্যারেজে রেখে তবেই ভেতরে এলো। এসে কুয়াশাকে বলল,
“ ঈদ মোবারক, কুশু। কেমন আছিস?”
“ ঈদ মোবারক, মিহির ভাই। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছ?”
“ আল্লাহ তো আমাকে ভালোই রেখেছেন কিন্তু, এইটা আমাকে রাখেনি। নামাজ পড়ার সু্যোগ আর খাবার সুযোগটা কোনোমতে করতে পেরেছিলাম।”
শশীকে উদ্দেশ্য করে বলা কথাতে কুয়াশা হেসে ফেলেছে। হাসতে পারল না শুধু শশী। তার অভ্যন্তর যে তিমিরে ঢেকেছে! সে-সময় বৃষ্টি নেমে এলো। বৃষ্টির সাথে মোলাকাত করতে করতে জাকিয়ারাও এলেন। শশীদের আপ্যায়ন শুরু হলো। কিন্তু শশী তাতে কোনোই মনোযোগ পেল না। তার দু’চোখ শুধু সদর দরজার দিকে ঘুরছে। অপেক্ষার প্রহর এতটা দীর্ঘ হয় কেন?
.
দীর্ঘ সময় পর মুসাফির তার মঞ্জিলে পৌঁছেছে। দীর্ঘ দূরত্বের পর যে সাক্ষাৎ হয়, তার সুখ কি বলে প্রকাশ করা যায়? তেমনই মেধা পারছে না বলে প্রকাশ করতে। নীহার মেধার মতো অনুভূতি প্রকাশ করতে না পারলেও, তারও দীর্ঘ দূরত্বের পর সাক্ষাতের সুখানুভূতি পরিলক্ষিত দু'চোখে ও ঠোঁটে। মেধার ভেজা ভেজা হ্যাজেল চোখে চেয়ে আছে সে৷ আর মেধা ওরই সামনে দাঁড়িয়ে আছে। কিঞ্চিৎ নাক টানছে মেয়েটা। পার্কের নিরিবিলি স্থানে তাদের দীর্ঘ দূরত্বের সাক্ষাৎ ঘটেছে।
“ দাঁড়িয়েই থাকবে?”
“ তো তুমি কি জড়িয়ে ধরার অনুমতি দেবে?”
“ দিলাম। এসো…”
নীহারের বলতে দেরি হলো কিন্তু মেধার জড়িয়ে ধরতে দেরি হলো না। দুই বছরের প্রেমের সম্পর্কে তাদের দ্বিতীয়বারের মতো জড়িয়ে ধরার মতো স্পর্শ ঘটল। প্রথম ঘটেছিল, ২০১৩ সালের ১৯ জানুয়ারিতে সরকারি কলেজের পুকুরপাশে মেধা তাকে আচমকায় যে জড়িয়ে ধরেছিল— তার মধ্যদিয়ে। পরে অবশ্য মেধা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারায় বিব্রতও বোধ করেছিল। নীহার সেটাকে সমর্থন না করলেও সেটা নিয়ে রাগারাগি করেনি পরে। বরং বুঝিয়ে বলেছিল, আর যেন অনুমতিবীনা এভাবে জড়িয়ে না ধরে৷ তাদের সম্পর্ক এগোবে মানে, জড়িয়ে ধরে, চুমু খেয়ে সো কল্ড গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ডের পরিচয় বহন করার মতো কিছু নেই। তাদের হবে প্রেম-ভালোবাসা৷ একে অপরের কাছে কোনো চাহিদা পূরণ নয়।
নীহারের সে-সব কথাতে মেধা আরো বেশি নীহারের প্রতি দুর্বল হয়েছিল৷ নীহারের কথা সে মেনে নিয়েছিল৷ এক হাত ধরাধরি ও একসঙ্গে পাশাপাশি বসে সময় কাটানো ছাড়া তাদের প্রণয়ের সম্পর্কে আর কোনো বোল্ড টাচ হয়নি। নীহার সমর্থনই করে না, তো হবে কীভাবে?
আর আজ নীহার বুঝে গেছিল মেধা সাহস করতে পারছিল না, কিন্তু তার ভেতর তীব্র চাহিদার জন্ম নিয়েছিল একটাবারের জন্য নীহারকে জড়িয়ে ধরার জন্য। এতটা সময় পর সামনাসামনি দেখা যে হলো। ২০১৩ সালের জুলাই মাসে নীহার প্রশিক্ষণের জন্য চলে যায়। চলে যাবার একদিন আগে এসেছিল মেধার সাথে দেখা করতে। সেদিন মেধা কেঁদে ফেলেছিল দীর্ঘ দূরত্বের বেদনা নিতে না পেরে। ভালোবাসা তখন অনেকটাই গাঢ় মেধার মাঝে। সেদিন মেধা কেঁদে নীহারের কাছে আবদার করেছিল,
“ একটাবার জড়িয়ে ধরি তোমায়?”
নীহার ওর কান্নাভেজা আবদারি মুখে চেয়েও অনুমতি দেয়নি। বরং বলেছিল,
“ আজকেই নিজের তীব্র চাওয়াকে দমন করতে পারলে ভাবব, তুমি আগামী তিন বছরও আমার জন্য অপেক্ষা করতে পারবে। আমি ফেরার শেষ অপেক্ষাও করে নিতে পারবে। না পারলেও সমস্যা নেই। নীহার মানতে পারবে।”
মেধা ডুকরে কেঁদে উঠেছিল। নীহারের কথা ছিল তিন বছরের প্রশিক্ষণ শেষে একেবারে কমিশন্ড অফিসার হয়ে মেধার সামনে দাঁড়াবে। এই দীর্ঘ দূরত্বে অপেক্ষায় মেধা তার জন্য একই অনুভূতি রাখবে নাকি নতুন কিছুর আশা করবে তা নিয়ে নীহারের মাঝে সন্দেহ না থাকলেও একদমই অবিশ্বাস করার মতো কিছু ছিল না। মেধা চাইলে অবশ্যই নীহারকে ছেড়ে যে তার সকল চাহিদা পূরণ করে টিকে থাকতে পারবে এমন নতুন ও বেটার কাউকে খুঁজে নিতেই পারে। নীহার তো বাঁধা দেয়ার মতো ভুল করতো না। বরং সে মেধাকে এটাই বুঝিয়ে গেছিল।
কিন্তু নীহারকে ভুল প্রমাণ করে মেধা নীহারেই ডুবে আছে। ঢাকা মেডিকেল কলেজের হাজার হাজার প্রতিভাবান ছেলেদের মেধা দেখতে পায় না। তার চোখে যে এখনও নীহার আছে, নীহার তা স্পষ্ট দেখতে পেল আজ ওর সামনে দাঁড়িয়ে। তাই আজ আর নীহার অনুমতি না দিয়ে থাকতে পারল না। এবং আজকে নীহারও মেধাকে ধরেছে। শক্ত একটা স্পর্শে মেধা ফুঁপিয়ে কেঁদে ফেলেছে।
মেধা ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে আছে। বেশিদিন হয়নি ক্লাস শুরু হওয়া। সাইকিয়াট্রিস্ট হবার স্বপ্নে সেও ভালোই ব্যস্ত ছিল। তবে ব্যস্ততার মাঝেও নীহার ঠিকই তার ভাবনায় মিশে ছিল। যারজন্য নীহার তাকে ইঙ্গিত দিয়ে গেলেও, সে বেটার কাউকে খোঁজার চেষ্টা করেনি।
নীহার সামান্য হেসে বলল,
“ হয়েছে?”
“ না।”
“ আর কতক্ষণ?”
“ আজীবন।”
“ এখনও তো সময় হয়নি।”
“ কবে হবে?”
“ তোমার এমবিবিএস শেষ হলে।”
“ না৷”
“ তবে?”
“ তুমি ফিরলে।”
“ তখনও তো উপরমহল থেকে অনুমতির অপেক্ষা করতে হবে।”
মেধা কথাটা বুঝে কান্নার মাঝেই হেসে ফেলল। আর নীহার ঠোঁট চেপে হেসে মেধাকে ছেড়ে দাঁড়াল।
মেধার ঠোঁটে হাসি থাকলেও লজ্জায় রেঙেছে মুখখানি। পরনে তার সম্পূর্ণ রয়াল রেড রঙের ভারী কাজের লঙ থ্রিপিচ। হাই-হিলের বেল্টের ওপর সালোয়ারের মোহরিটা পড়ে আছে। কামিজটাও সুডৌল শরীরের সঙ্গে লেপ্টে আছে আর ওড়নাটা বুকের একপাশে স্টাইল করে নিয়ে অপরপাশে কোমর সমান লম্বা স্ট্রেইট চুলগুলো এনে রেখেছে। হ্যাজেল চোখে আইলানা, মাসকারা, কাজলে সাজিয়েছে। ভীষণ স্মার্ট লাগছে মেধাকে দেখতে।
‘
দুপুর একটা পার হলো শশীর অস্থির অধৈর্য চিত্ত নিয়ে। খালামনির বাড়িতে খাওয়া-দাওয়াটাও করেনি সে। খেতে বললেও সে বলেছে,
“ সবাই একসঙ্গে বসে খাব। নীহার ভাই তো এখনও বাইরে। আসুক না হয়? বসব একসঙ্গে।”
যেহেতু দুপুরের খাবারটা সবাই একসঙ্গেই খাবে আজ, তাই শশীকে জোর করেনি কেউ আর। কিন্তু শশী ক্ষণে ক্ষণে নীহারের খোঁজ নিচ্ছে কুয়াশার কাছে। কুয়াশা বারবারই জানাচ্ছে, সে ঠিক জানে না কোথায় গেছে। এসে যাবে।
লিভিংয়ের সোফায় তুষার, তুহিন, শিশির বসে কারো জন্য অপেক্ষা করছে৷ একইসঙ্গে অপেক্ষা করছেন জাকির মালিথা ও জাহিদ মালিথাও। যেন কোনো বিশেষ অতিথির অপেক্ষায় আছেন তাঁরা। অপেক্ষার প্রহর শেষ করে দেড়টার দিকে অতিথিদের দেখা মিলল মালিথা ভিলায়। সদর দরজার সামনে এগিয়ে গিয়ে সংবর্ধনা দিলেন মালিথা পরিবার সাইকিয়াট্রিস্ট কায়কোবাদ আনসারী, পারমিতা আনসারী ও কাওসার আনসারীকে।
ওনারা প্রায় ছয়-সাত বছর পর এসেছেন নিজের জেলা কুষ্টিয়া ও নিজেদের এলাকার বাড়িতে এবারের ঈদুল ফিতর উৎযাপন করতে। কুষ্টিয়ায় এসেছে গত পরশুদিন। আজ ঈদের দিন জাকির মালিথা ও জাহিদ মালিথা বিশেষ ভাবে তাঁদের নিমন্ত্রণ করেছিলেন।
কারণটা অবশ্যই কুয়াশার জন্য হয়েছে। কুয়াশার চিকিৎসার মধ্য দিয়ে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে আনসারী পরিবারের সাথে মালিথা পরিবারের। আগে শুধু জাহিদ মালিথার সঙ্গেই ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। আনসারী পরিবার তাদের মেয়ে কুয়াশার জন্য যা করেছেন, তার কৃতজ্ঞতা শুধুমাত্র রোগী ও ডাক্তারের মাঝে সীমাবদ্ধ রাখেননি কেউ৷ কুয়াশাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা দিতে হয়েছে ডক্টর আনসারী ও মিসেস আনসারীকে। ফলস্বরূপ এমন সম্পর্ক হওয়াটা স্বাভাবিক বটে।
শিশির কাওসারের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানিয়ে কাঁধ ধরে ভেতরে নিয়ে এলো। সদর দরজা থেকে লিভিংয়ে প্রবেশ করলেন আনসারী পরিবার। ঠিক তখন কুয়াশা উপর থেকে নেমে দৌড়ে এসে মিসেস পারমিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। মুখে ছিল,
“ আন্টি…আন্টি, আসসালামু আলাইকুম! ঈদ মোবারক। কেমন আছ তুমি?”
মিসেস পারমিতার একটা মেয়ের মতোই হয়ে উঠেছে কুয়াশা। ভীষণ ভালোবেসে ফেলেছেন। তার দুই ছেলের মাঝে বড়টা তো UK তেই লেখাপড়া করে বিয়েশাদী করে স্থানীয় হয়ে গেছে। আর ছোট ছেলে কাওসার ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস দ্বিতীয় বর্ষে। বাবার মতো সাইকিয়াট্রিস্ট হবার উদ্দেশ্য তার।
কুয়াশা যখন উপর থেকে নিচে আন্টি বলে দৌড়ে এলো, কাওসার তখন দেখল একটি নীলপরি ডানা মেলে উড়ে এলো। এই নীলপরিকে সে ২০১২ সালে প্রথম দেখেছিল। এরপর ঢাকা থেকে চলে আসার পর আর দেখা মেলেনি। আজ দ্বিতীয়বারের দর্শনে কাওসার নিষ্পলক তাকিয়ে রইল কুয়াশার দিকে। সাদা পাজামা-পাঞ্জাবিতে কাওসার প্যান্টের পকেটে হাত গুজে তাকিয়ে আছে। দেখছে কুয়াশা হেসে হেসে ভীষণ আনন্দে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলছে। দৃশ্যটা দেখতে ভীষণ সুন্দর লাগল কাওসারের কাছে।
কাওসারের পাশে দাঁড়িয়ে থাকা শিশির, ঈদের নতুন পোশাক ও সাজসজ্জা করা কুয়াশাকে একপলক ফেলে দেখে নিয়ে নীহারের কাছে ফোনকল লাগাল। নীহার ফোন রিসিভ করলে গম্ভীর কণ্ঠে বলল,
“ কোথায় আছিস তুই? ওনারা চলে এসেছেন।”
“ ব্যস, দুই মিনিটে পৌঁছাচ্ছি।”
শিশির ফোন রেখে দিল৷ আনসারী পরিবারকে নাস্তা দেয়া হলো লিভিংয়ে। ততক্ষণে নীহারও পৌঁছে গেল। নীহার এসেই সবার উদ্দেশ্য সালাম দিয়ে এগিয়ে গিয়ে কাওসারকে জড়িয়ে ধরল। কোলাকুলি করে আলাপ করল।
সেই দৃশ্য একজন অধির অপেক্ষায় থাকা কিশোরী দেখে তার চোখজোড়া জুড়াল সঙ্গে অস্থির চিত্তকে শান্ত করল। দিলে পানি পেয়েছে পুরুষটির দর্শনে। লিভিং এরিয়াতেই উপস্থিত ছিল সে। উপরে থাকতেই পারেনি। তার মনটা বলছিল কখন নীহার ভাই চলে আসবে। তার নিচে থাকাটা জরুরি। নীহার সুন্দর করে হেসে হেসে আনসারী পরিবারের সাথে কথা বলছে। আর শশী নীহারকে শোষণ করছে নিজের মাঝে।
হলদেটে ত্বকটা কেমন পোড়া পোড়া হয়েছে। তমাটে আভা এসেছে। কঠিন কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় তো! শশী জানে তা। এমন দেখাতো ঘটেছিল তাদের। শশী ওই সুদর্শন পুরুষটিকে দেখতে দেখতে মুদিত হলো। ভেতরটায় এত শান্তি লাগছে এখন! অতিথিদের জন্য সে নীহারের সাথে কথা বলার সুযোগ পেল না। তাদের সঙ্গেই আলাপে মগ্ন। তাকে দেখেওনি মনে হয়! শশীর পুনরায় মন খারাপ হয়ে গেল।
শশীর নীহারের সাথে সামনাসামনি সাক্ষাৎ মিলল দুপুরের খাবার জন্য ডাইনিং টেবিলের উদ্দেশ্যে যাওয়ার সময়। শশী কুয়াশার হাত ধরেই এগোচ্ছিল। নীহার সামনে দিয়ে যেতে গিয়ে বাঁধা পেল শশীর সাথে। তখন দৃষ্টিতে দৃষ্টি মিলল দু’জনের। এতক্ষণ ততটা খেয়াল করে দেখেনি শশীকে। এখন দেখে বলল,
“ শশী যে! কখন এসেছ তুমি?”
“ তুমি এবার চিনতে পারলে তাহলে, ভাইয়া?”
কুয়াশার এমন কথায় হেসে ফেলল নীহার। হেসে ফেলে বলল,
“ চিনব না? এই ইঁচড়েপাকা শশীর জন্য আমাকে তো পানিশমেন্টও খেতে হয়েছে। আর ওকে না চিনতে পারলে চলবে নাকি আমার?”
কুয়াশাও হেসে ফেলেছে। নীহার যে কোন পানিশমেন্ট আর কী ইঙ্গিত দিলে কুয়াশার জানা। শশী নীহারের ওভাবে বলাতে লজ্জায় চিবুক ঠেকিয়ে নিল বুকের সাথে। সেদিনটা যে ছিল তার অনাকাঙ্ক্ষিত দিন হলেও বহু কাঙ্ক্ষিত দিন! ভুলতে পারবে নাকি কখনো!
| চলবে |
