#তৈলচিত্র
#নূরজাহান_আক্তার_আলো
[১০]
_''আপুকে সঙ্গে নিয়ে খেতে এসো নূরাইদ! টেবিলে খাবার দিয়েছি। রান্না সারতে কত দেরি হয়ে গেল। ইয়া আল্লাহ্, আমার বাচ্চাগুলোর না জানি কত ক্ষুধা লেগেছে।''
উক্ত কথাটি বলতে বলতে জুলিয়া বেগম তাড়াহুড়ো করে রান্নাঘরের দিকে ছুটলেন। ব্যস্তহাতে বাকি কাজগুলো করতে লাগলেন। অনেকদিন পর বাংলাদেশি পদ রান্না করেছেন। সহকারী আজকেও কাজে আসেনি৷ বেচারা অসুস্থ নাহলে কাজ কামাই করেনা অথচ উনি সুস্থই থাকেন না।
উনার শ্বাসকষ্ট আছে পানির কাজকর্ম বেশি হলে হাঁপানি শুরু হয়ে যায়।
কিন্তু গরীব মানুষ কাজ না করলে খাবে কি? এ নিয়ে বেচারা কান্নাকাটি করে। কত আফসোস করে। তার মুখের দিকে তাকিয়ে কাজে না এলে কিছু বলতেও পারেন না। কারণ উনি মনেপ্রাণে বিশ্বাস করেন অসহায় মানুষের প্রতি সদয় হলে স্বয়ং আল্লাহও উনার প্রতি সদয় হবেন। আর
এসব মিলিয়ে একা হাতে কাজ সারতে একটু বেশিই দেরি হয়ে গেছে। তার ওপরে উনার কোমরে একটু সমস্যা উঠলে আর বসতে পারেন না, বসলে আর উঠে দাঁড়াতে পারেন না। বয়সও হচ্ছে। বুড়ো হাড় ক্ষয় হতে শুরু করেছে। এখন আগের মতো দৌড়ঝাঁপ করে কাজ সারতে পারেন না৷ এদিকে বেলা গড়িয়ে দুপুর দেড়টা। উসমান সাহেব যোহরের নামাজ পরে দেখে সহধর্মিণীর রান্না এখনও হয়নি। আজ এত দেরি কেন, শরীর খারাপ কি না জিজ্ঞাসা করে হিসাবের খাতা নিয়ে বসেছেন। সকালের দিকে পরিচিত এক দোকানীকে ফোনকল করে ঘোড়ার খাবার পাঠাতে বলেছিলেন। খাবার এসে গেছে হিসাব করে নিজে টাকা দিয়ে আসবেন। এজন্য আরেকবার হিসাব দেখতে বসেছেন যাতে ভুল না হয়। কিছুক্ষণ পর সহধর্মিণীর হাঁকডাক শুনে চেয়ার টেনে বসলেন তিনি। টেবিলজুড়ে দেশি পদ দেখে হাসলেন। অনেকদিন পর পছন্দের রান্না দেখে খুব খুশি হলেন। আজ পেটের সঙ্গে মনটাও ভরে যাবে। যতই হোক দেশীয় খাবার বলে কথা। মায়ের ডাক শুনে নূরাইদ পাশের রুমে দৌড়ে গেল বোনকে ডাকতে। এইটুকু বাচ্চা অথচ বোনের রুমে নক না করে কখনও প্রবেশ করে না। বাবা-মা শিখিয়েছে কারো রুমে নক না করে প্রবেশ করা এক ধরনের অভদ্রতা। শয়তানের প্রচরণায় মানুষ অভদ্র কাজগুলো করে থাকে। সে শয়তানের প্রচরণায় পড়তে চায় না তাই বাবা-মায়ের কথা মেনে চলে। মাহিনূর কিছুক্ষণ আগে ইউনিভার্সিটি থেকে ফিরে দেখে তার মা একা রান্না করছে। হাতে হাতে যতটুকু পারে সাহায্য করে রুমে এসেছে। তারপর ফ্রেশ হয়ে যোহরের নামাজ আদায় করেছে। এখনও জায়নামাজে বসে আছে। বসে বসে একমনে সূরা, কোরআনের ছোট ছোট আয়াত পড়ছিল। তখন নূরাইদ রুমে প্রবেশের অনুমতি চাইল। মাহিনূর শুনল তবে চট করে জবাব দিতে পারল না। পরপর দুইবার ডেকে সাড়া না পেয়ে নূরাইদ চলে গেল। আগ বাড়িয়ে উঁকিঝুঁকি মেরে ভেতরে তাকাল না। ভাই চলে গেছে বুঝে মাহিনূর ধীরেসুস্থে সূরা-আয়াত পড়ে, তাওবা করে জায়নামাজ গুছিয়ে রাখল। নামাজের হিজাব খুলে ভেজা চুলগুলো ভালো করে মুছে মাথায় ওড়না টেনে নিলো। তার পরনে সাদা কালো সংমিশ্রণের থ্রিপিস। বাড়িতে এখন বাবা-মা আর ভাই ছাড়া বাইরের কেউ নেই, তাই চুল ছাড়া রেখে গুঁটি গুঁটিপায়ে রুম থেকে বের হলো। জুলিয়া বেগম আর উসমান সাহেব তখনো তার অপেক্ষা করছিল। চেয়ারে টেনে সেও বসল। নূরাইদকে না দেখে জিজ্ঞাসা করল,
_''ভাই কোথায়, আম্মুজান? খাবে না ভাই?''
_''খাবে, এক্ষুণিই চলে আসবে।''
জুলিয়া বেগম খাবার বেড়ে দিতে দিতে এবার নিজে থেকেই বললেন,
_'' ওই ছেলেটা আমাদের মেহমান। আমাদের দেশের মানুষ। সে বর্তমানে
আমাদের আতিথেয়তায় রয়েছে। বাংলাদেশের মানুষ কোথাও গিয়ে চট করে মানিয়ে নিতে পারেনা। বিশেষ করে খাবার-দাবারের সঙ্গে। ছেলেটা আজ সকালেও জানিয়েছে আমাদেরকে কষ্ট দিতে চায় না। তার নিজের খাবার নিজে রান্না করে নেবে। তবুও খারাপ লাগল কথাটা শুনে। আমি বারবার বারণ করেছি। নূরাইদকে দিয়ে দুপুরের খাবার পাঠিয়েছি। একা একলা মানুষ কতটুকুই বা খায় সে? তাকে কেন রান্না করতে হবে? আমি
তোমাদের জন্য তিনবেলা রান্না করি, যা রান্না করি সেও তাই খাবে।''
মাহিনূর টু শব্দটিও করল না কারণ এখানে তার বলার মতো কিছু নেই।
এগুলো বাবা-মা যা ভালো বোঝে না। সহধর্মিণীন কথা শুনে উসমান
সাহেব সন্তুষ্ট হলেন। হাসিমুখে বললেন,
_''ছেলেটা খুব ভদ্র। তার মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। আমার সঙ্গে যতক্ষণ থাকে আমার নজর সবসময় তার দিকেই থাকে। এখনও খারাপ কিছু নজরে পড়েনি। তার হাঁটা চলা, চোখের দৃষ্টি সব পরখ করি আমি। অন্যদের মতো রাস্তায় মেয়ে দেখলে তাকিয়ে থাকে না বরং এমন ভাব করে তার আশেপাশে কেউ নেই। এটা তার রাজ্য আর রাজ্যে সেই রাজা!"
উনার কথা শুনে জুলিয়া বেগম হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন,
_''তার বলা প্রতিটা বাক্য বেশ স্পষ্ট! কথার মাঝে জড়তা কাজ করে না।
চোখাচোখি হলে দৃষ্টি লুকায় না৷ চলনে বলনে আভিজাত্যের জাত। বেশ ভদ্র। এজন্যই আমাদের দেশের ছেলেরা সেরা!"
উনি কথা শেষ করতেই তখনই দৌড়াতে দৌড়াতে নূরাইদ এসে ধপাস করে চেয়ারে বসে পড়ল। তার হাতভর্তি চকলেট। হাঁপাতে হাঁপাতেই সে খুশিতে গদগদ হয়ে বলল,
_''আম্মুজান, আব্বুজান ওই ভাইয়াটা আমাকে চকলেটগুলো দিয়েছে।
আমি প্রথমে নিতে চাইনি উনি জোর করে দিয়েছে। বলেছে উনাকে যেন
ভাইয়া বলে ডাকি। আমি সেদিন ভেবেছিলাম ভাইয়াটা খুব রাগী। কিন্তু আজ তা মনে হয়নি। আজ আমার সঙ্গে হেসে হেসে কথা বলেছে। আর বলেছে আমার যখন ইচ্ছে উনার কাছে চলে যেতে। উনি তো একা মানুষ আমি গেলে নাকি ভীষণ খুশি হবে। উনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে৷ আমি কি উনার সঙ্গে মিশতে পারি, আব্বুজান? উনাকে কি ভাইয়া বলে ডাকব?''
তার কথাগুলো শুনে উসমান সাহেব হেসে সম্মতি সূচক মাথা নাড়ালেন।
বলে দিলেন হিমাদ্রির সঙ্গে মিশতে ইচ্ছে করলে অবশ্যই মিশবে। তবে
তার মিশুকভাব যেন হিমাদ্রির কাছে বিরক্তির কারণ না হয়। সে বাবার কথায় কেবল মাথা নাড়াল। তারপর নিজে পাঁচটা চকলেট নিলো বাকি পাঁচটা মাহিনূরকে দিলো। সে বোনকে না দিয়ে কিছু খেতে পারে না। যে যেটাই দিক বাড়ি এনে ভাগ করে খায়। অতঃপর জুলিয়া খাবার বেড়ে দিলে তারা খাওয়া শুরু করল। খেতে খেতে উসমান সাহেব কিছু একটা ভেবে মেয়ের দিকে তাকালেন। মাহিনূর তখন আপনমনে মাথা নিচু করে খাচ্ছিল। উনি ডাকলেন,
_''আম্মাজান!''
বাবার ডাক শুনে চট করে মাথা তুলে তাকাল মাহিনূর। বাবার ডাক কর্নকুহুরে পৌঁছানোমাত্রই সাড়া দিতে দেরি করেনা সে। যেন এই ডাক শোনার অপেক্ষায় থাকে। আজও দেরি করল না। খাবারটুকু গিলে নরম সুরে জবাব দিলো,
_''জ্বি আব্বুজান।''
_''আমি কিছু কথা বলতে চাই, আম্মাজান। আমার কথাগুলো আগে মন দিয়ে শুনবেন। তারপর যা সিদ্ধান্ত নিবেন আমি মেনে নেব। শুধু এইটুকু মনে রাখবেন আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। ''
মাহিনূর খাওয়া থামিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইল। বাবার কথা শোনার অপেক্ষায় সে। তখন উসমান সাহেব গলা খাঁকারি দিয়ে বললেন,
_''হিমাদ্রি আমার থেকে ব্যবসা শিখতে এখানে এসেছে। ব্যবসার কাজ শেখানো আমার দায়িত্ব। তুমিও আমার ব্যবসার একাংশ দেখাশোনা করো। আমি জানি তোমার জন্য ব্যাপারটা অস্বত্বিকর তবুও সে যদি ব্যবসায়িক কেন্দ্রিক কোনো কথা জিজ্ঞাসা করে বা জানতে চায় তাকে বুঝিয়ে দিও। আমার মনে হয় না ও আর পাঁচটা ছেলের মতো। কাজটা করতে কি তোমার খুব কষ্ট হবে, মা?''
_''কিছু জানতে চাইবে বলতে? কি জানার কথা বলছেন আব্বুজান?''
_''দামের ব্যাপারটা। একটা ঘোড়া কত দিয়ে কিনে, কত টাকায় বিক্রি করলে লাভ থাকে। কোন জাতের ঘোড়ার চাহিদা বেশি। কোথা থেকে আমরা ঘোড়া কিনি। এসব আর কি!''
_''অচেনা একজন মানুষকে ব্যবসার সব সিক্রেট জানানো কি ঠিক হবে, আব্বুজান ? তাছাড়া উনাকে তো আমরা কেউ পুরোপুরি চিনি না।"
_'' নিজে সৎ থাকলে আর আটকায় কে? স্বয়ং আল্লাহর রহমত থাকলে আমার আর কিছুর দরকার নেই, মা। সে যদি ব্যবসা শিখে কিছু করতে পারে করুক।"
মাহিনূর নিজের ভাতের প্লেটের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাকে চুপ থাকতে দেখে উনি পুনরায় বললেন,
_''তুমি কি আমার ওপর রাগ করলে, মা? আমি কি তাকে জানিয়ে দেব
চলে যাওয়ার জন্য?"
_''জ্বি না বাবা। উনি কিছু জিজ্ঞাসা করলে বোঝানোর চেষ্টা করব, ইন শা আল্লাহ্। আপনি একদম চিন্তা করবেন না।''
_''হুম।''
তারপর উনারা খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে জুলিয়া গেলেন মেয়ের রুমে। মাহিনূর তখন মেঝেতে বসে চুল ছেড়ে বই পড়ছিল। মাকে দেখে মিষ্টি করে হাসল। জুলিয়া বিছানায় বসলে মাকে সরে সরে বসল। মেয়ের মতিগতি বুঝে হাসলেন জুলিয়া।
বেশ বড়সড় চুলে হাত বুলাতে লাগলেন। মাস খানিক আগে টাইফয়েড হয়ে অনেক চুল পড়ে গেছে মেয়েটার। সে কি মন খারাপ। তারপর এখন আবার বেশ ঝলমলে হয়ে উঠেছে চুল। উনি মেয়ের চুল হাত বুলাতে বুলাতে বললেন,
_''ছোটো থেকেই আমার একটাই বান্ধবী ছিল। নাম ছিল মরিয়ম। আমি ভালোবেসে তাকে মরি বলে ডাকতাম। কেন জানি আর কাউকে আমার ভালো লাগত না। বনিবনাও হতো না। ওই ছিল আমার একমাত্র প্রানের বান্ধবী৷ আমরা দুজন একসাথে বড় হয়েছি। একই স্কুলে পড়েছি। জোড়া
মানিক হয়ে ঘুরতাম দুজন। তারপর স্কুল জীবনে সে প্রেমে পড়ল তারপর বিয়ে হলো। দিন দিন সংসারী হয়ে উঠল। তবে অদ্ভুত গ্রামে তার বিয়ে হয়েছিল। লজ্জায় কাউকে সেই গ্রামের নাম বলতে পারত না, বেচারি।''
মাহিনূর মায়ের কথা শুনতে শুনতে বইয়ের পৃষ্ঠা উল্টালো। তারপর কিছু লাইন মার্ক করে জিজ্ঞাসা করল,
_''গ্রামের নামে কি সমস্যা ছিল, আম্মুজান? উনি কেন লজ্জা পেতেন।''
মেয়ের প্রশ্নে উনি কী আর বলবেন আগে একচোট হেসে নিলেন। মাকে হাসতে দেখে মাহিনূর ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে তাকাল। তার মা কখনো এতজোরে হাসে না। তাহলে আজ হাসছে কেন? নিশ্চয়ই মজার কিছু? মাকে মন খুলে হাসতে দেখার মাঝেও বোধহয় একপ্রকার প্রশান্তি কাজ করে। মা কেন হাসছে জানার আগে তার ঠোঁটের কোণেও হাসি ফুটল।
কারণ তার মা হাসছে। দোয়া করল, আজীবন যেন তার মায়ের মুখের হাসি এমনই থাকে। মেয়েকে তাকিয়ে থাকতে দেখে জুলিয়া কোনোমতে হাসি থামালেন। থামাতে গিয়ে আবার হেসে ফেললেন। তারপর বললেন,
_'' আমার জীবনে আমি এমন অদ্ভুত নাম আর কোথাও শুনিনি। গ্রামের নামটা ছিল গোয়ামারা। প্রথম যেদিন মরিয়মের মুখে শুনেছিলাম হাসির চোটে কিছু বলতেও পারিনি। এই নিয়ে খুব মজা করেছিলাম। একবার তার বাড়িও যেতে চেয়েছিলাম কিন্তু গাড়িওয়ালাকে নাম বলার লজ্জায় আর যাওয়া হয়নি।''
এবার ফিক করে হেসে ফেলল মাহিনূর। সে সচারাচর কখনো শব্দ করে হাসে না। হাসলেও শব্দ হয় না। তবে এই নিয়ে মা ও মেয়ে মিলে আরো নানান ঘটনা মনে করে খুব হাসাহাসি করল। একপর্যায়ে জুলিয়া হাসতে
হাসতে চোখের পানি মুছলেন। কান্নার চোখে ঠোঁট দুটো কেঁপে উঠলো।
কতদিন প্রিয় বান্ধবীর সঙ্গে দেখা হয় না। মন খুলে কথা বলতে পারে না। তবে একবার শুনেছিল তার দুটো ছেলে-মেয়ে হয়েছে। ছেলে বড় আর
মেয়েটা ছোট। স্বামী সন্তান নিয়ে বেশ সুখে আছে সে৷ উনিও মন থেকে দোয়া করেন সারাজীবন যেন তাই থাকে। আপন মানুষের সুখে থাকার কথা শুনলে নিজের মনেও সুখ লাগে।
সন্ধ্যা সাতটার দিকে উসমান সাহেবের কল পেয়ে মাহিনূর আর নূরাইদ গেল খামারে। খামারে মাহিনূরের জন্য আলাদা করে একটা রুম আছে।
সে গিয়ে বসতেই উসমান সাহেব মেয়ের রুমে প্রবেশের জন্য অনুমতি চাইল। অনুমতি দিলে উনি হিমাদ্রিকে নিয়ে রুমের প্রবেশ করল। তবে হিমাদ্রি চোখ তুলে সরাসরি মাহিনূরের দিকে তাকাল না। তার দৃষ্টি ঘুরছে রুমের চারদিকে। আশেপাশে দেখে একনজর মাহিনূরের দিকে তাকাল।
আজও মেয়েটার মুখ ঢাকা। তার থেকে কয়েক হাত দূরত্বে বসে আছে।
তখন উসমান সাহেব ইশারায় মেয়েকে কিছু বুঝিয়ে হিমাদ্রির কাঁধে হাত রাখলেন। ধীরে সুস্থে বললেন,
_''আম্মাজান, হিমাদ্রিকে তুমি মামা ডাকতে পারো।''
মাহিনূর প্রশ্নসূচক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইল। মামা? কোনদিক থেকে তাকে মামা লাগে? মেয়ের দৃষ্টির মানে বুঝেও তিনি হাসলেন না। বরং চতুরতার সাথে কথা ঘুরিয়ে বললেন,
_'' ওহো এখানেই তো তোমার আপন মামা থাকে। ডাকে গুলিয়ে যাবে?
তাহলে ভাইয়া ডাকতে পারো। যেহেতু আমরা একসাথে কাজ করব সম্মানসূচক একটা সম্মোধন দরকার। যেই সম্বোধনের সঙ্গে সম্পর্কটাও হবে পবিত্র। সমস্যা নেই মা তুমি বরং ভাইয়া ডেকো। এখন আরাবিয়ান ঘোড়ার জাত আর দাম সম্পর্কে তাকে একটু ধারণা দাও। নূরাইদ বাবা তুমি এখানেই থাকো। মনে থাকবে আমার কথা? এখানেই থাকবে, বাবা একটু পরেই আসছি।''
নূরাইদ সম্মতিসূচক মাথা নাড়াল। তারপর সে আরেকপাশে গিয়ে কলম নিয়ে খেলা শুরু করল। যদিও মাহিনূরের রুমের তার কিছু খেলা আছে।
হিমাদ্রি ঘাড় ঘুরিয়ে উসমান সাহেবের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে
হাসল। সরাসরি হাসতে পারল না কারণ মাহিনূর তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুঝতে বাকি রইল না, ভদ্রলোক তার চোখে
আঙুল দিয়ে নিজের সীমা বুঝিয়ে দিলো। কথার ধাঁচে এটাও বোঝালো
মেয়ের কাছে আসতে দিয়েছে তবে সীমা লঙ্ঘন করার অনুমতি দেইনি। এজন্য মামা নয়তো ভাইয়া সম্বোধন করে কথাটা স্মরণ করিয়ে দিলো।
হিমাদ্রি মাহিনূরের সামনের দাঁড়িয়ে বলল,
_''বসতে পারি? ''
_''বসুন।''
হিমাদ্রি চেয়ার টেনে বসতেই মাহিনূর ড্রয়ার থেকে কিছু একটা বের করে
টেবিলের ওপর রাখল। নিচুস্বরে বলল,
_''এই হিডেন ক্যামেরাটা বোধহয় আপনার। সেদিন গেস্টরুমে ফেলে এসেছিলেন।''
চলবে...!!
