#তৈলচিত্র
#নূরজাহান_আক্তার_আলো
[০৯]
—"ছিট কাপড়! লতিকা প্রিন্ট, লন, সুতি কাপড় নিবেন গো মা-বইনেরা!"
আলস্য দুপুর গড়িয়ে সদ্য বিকেল নেমেছে। ঠিক এমন সময় চেনা সুরে
হাঁক ছাড়তে ছাড়তে ভ্যান ঠেলে এগিয়ে এলেন রহমান আলী। গ্রামের পরিচিত এক মুখ তিনি। বাচ্চা থেকে বুড়ো সকলেই ডাকে রহমান ভাই। মায়েরা ডাকে ভাই, মায়ের মেয়েরাও ডাকে ভাই। এ নিয়ে অবশ্য প্রায়ই হাসাহাসি হয় কিন্তু রহমান আলী কিছু মনে করেন না। বরং হেসে উড়িয়ে দেন। যেন মা ও মেয়ের ভাই হতে পেরে খুব খুশি তিনি। ভ্যানে করে গ্রাম ঘুরে ঘুরে কাপড় বিক্রি করায় উনার কাজ। এতসব ধরে আর কি হবে? যে যেভাবে পারুক ডেকে খুশি থাকুক। ডাকে আর কি এমন আসে যায়? মোদ্দাকথা সবাই উনাকে ভীষণ ভালোবাসে৷ উনার থেকে কাপড় কিনে। নানা রঙের, নানা ধরনের কাপড় থরে থরে সাজানো থাকে উনার ভ্যানে। নগদ কিংবা বাকি দুইভাবে কেনার সুযোগ দেন। কারণ গ্রামের মেয়েবউ-রা তো আর আয় করে না, তাদের হাতে সবসময় টাকাও থাকে না। বাকি দিলে অল্পঅল্প করে টাকা জমিয়ে কাপড় কিনতে পারে। সেই টাকা শোধ হয়ে গেলে আরেকটা নিতে পারে। যদিও কারো কারো একটা কাপড়ের টাকা শোধ করতে তিনমাস লেগে যায়। তবুও তিনি কিছু বলেন না৷ নিজে গরীব তাই জানে গরীবের আর্থিক অবস্থা। এমন সুযোগ পেয়ে এভাবেই গ্রামের মেয়ে বউরা সস্তা প্রিন্টের ছিট কাপড়গুলো কিনে। কারণ শহরের বড়বড় মল থেকে পোশাক কেনার মতো সামর্থ্য সবার নেই। উনি সপ্তাহে দুই দিন এ গ্রামে আসেন। অন্যন্যদিন যান পাশের গ্রাম গুলোতে। সপ্তাহ ঘুরে আজ আবার এসেছেন। তাছাড়া নতুন কিছু মাল এনেছেন। দাম হিসেবে এবারের কাপড়গুলো ভালোই। যদিও বেশি লাভের আশা করেন না তিনি। অল্পতেই ছেড়ে দেন যার কারণে অন্যরা কাপড় বেচতে এলেও নেয় না। বরং সপ্তাহ ঘুরে উনার জন্যই অপেক্ষা করেন। যাতে কম দামে ভালো কিছু পায়। রোদের মধ্যে ভ্যান চালিয়ে আসায় ঘেমেনেয়ে একাকার অবস্থা। এসে ভুঁইয়া বাড়ির সামনে ফাঁকা জায়গায় ভ্যান দাঁড় করালেন। চালতা গাছের নিচে দাঁড়িয়ে গলায় ঝুলানো গামছা দিয়ে ঘাম মুছতে মুছতে হাঁক ছাড়লেন। উনার হাক শুনে আশেপাশের মেয়ে বউরা একে একে বেরিয়ে এলো। বেশ আগ্রহ নিয়ে দেখতে লাগল নতুন কিছু এসেছে কি না। কেউবা বাকি টাকা শোধ করল। কেউ কিছু টাকা জমা দিয়ে আরেকটা নতুন কাপড় কিনল। কেউ আবার 'টাকা নাই রে ভাই, আবার আইলে দিমু নে' বলে অন্যদের কাপড় পছন্দ করা নিয়ে দু'একটা পরামর্শ দিলো। রহমান আলী ভীষণ রসিক মানুষ। সবার সঙ্গে রসিকতা করেন। সবাই বলে উনি মানুষটা দেখতে কালো হলেও দিল ভালো। অল্প সময়ের মধ্যে আশেপাশে ছড়িয়ে গেল রহমান ভাই এসেছে। দু'একজন গুঁটি গুঁটি পায়ে এগিয়ে এলো। কাপড় হাতে নিয়ে নেড়েচেড়ে নাকখানা কুচকে ভালো-মন্দ মন্তব্য করল। অগ্রিম জানাল আগামী সপ্তাহে অমুক কালার জামার সঙ্গে তমুক কালার সালোয়ার-ওড়না ম্যাচিং করে এনে দিতে। উনিও যার যা লাগবে নোট করে নিলেন। শহরে গেলে এনে দিবে।
সবাই কাপড় কিনছে দেখে দশ বছরে ফাতেমা কিছুক্ষণ চুপ করে দেখে গেল। জ্বলজ্বল করে তাকাল ভ্যানের দিকে। নজর গেল হলুদের ওপরে লাল বল বল একটা কাপড়ের দিকে। ভীষণ পছন্দ হলো তার। পরনের ময়লা জামার দিকে তাকিয়ে আবার তাকাল ওই নতুন কাপড়ের দিকে।
তারপর ছুঁট লাগাল তার বাড়ির দিকে। তার মা ভুঁইয়াদের বাড়িতে কাজ করে। একমন পেঁয়াজ বা রসুন কাটলে ভূইয়ারা দেয় একশো বিশ টাকা।
একমণ ধান সিদ্ধ করে শুকিয়ে দিলে দেয় আশি টাকা। যে কাজ করুক মণের ওপর হিসাব। তার বাবা তার বড় চাচার বউ নিয়ে বছর পাঁচেক আগে শহরে পালিয়েছে আর আসেনি। ফাতেমা তখন দুই মাসে দুধের বাচ্চা। তার মা'ই অন্যের বাড়িতে রসুন-পেঁয়াজ কেটে বা ধান সিদ্ধ করে, উঠান লেপে দিয়ে যা পায় তাতে সংসার চলে। হাত চললে ভাত জোটে নতুবা অনাহারে দিন কাটে। কিন্তু এসব যুক্তি তো অবুজ বাচ্চারা বোঝে না। তাই সে মায়ের কাছে দৌড়ে গেল। তার মাত্র দুটোই জামা। প্রিন্টের কাপড় কিনে ফ্রক বানিয়ে দিয়েছিল তার মা, তাও ঈদের জামা হিসেবে।
যেখানে যায় এই দুটো জামা তার ভরসা। নিত্যদিন ব্যবহারে দুটোই ছিঁড়ে গেছে। রঙ জ্বলে গেছে। পরনের হাফ প্যান্টের অবস্থা তেমন ভালো না।
আজকে যদি কোনোভাবে তার মা কিনে দেয়। এ আশায় মায়ের আঁচল ধরে বায়না ধরল, 'মা রে চল, আইজ সুন্দর সুন্দর মেলা কাপড় আনছে রহমান ভাই। কিনা দে না রে মা। আমার দুইডা জামা ছিঁড়া গ্যাছে। ছিঁড়া জামা পিন্দা ইশকুল যাইতে আমার লজ্জা লাগে।' ফাতেমার মা উঠান ঝাড়ু দিতে দিতে বিরক্ত নিয়ে মেয়ের দিকে তাকালেন। আনাজ কেনার টাকা নাই দেখে কিছুক্ষণ আগে শাকপাতা তুলে এনেছেন। রান্নার তেল নাই দেখে শাক ভর্তা করে ভাত খাওয়ার কথা ভাবছেন। সরিষার তেলও তো নাই। গরীবের ভর্তায় অতসব তেল ফেল নাহলেও চলে। পেটের ক্ষুধার জ্বলনে এমনি গলা দিয়ে সব নেমে যায়।সপ্তাহ তিনেক আগে একটা মাছ কিনেছিলেন আর গরুর মাংসের স্বাস ভুলেই বসেছে। ঘরে যা চাল আছে একবেলার হবে তাই আজ দুপুরে রান্না করেননি, খানও নি। দুপুরে খেলে রাতে কি খাবেন? এরচেয়ে আরো বেশি করে ক্ষুধা লাগুক রাতেই নাহয় খাবেন। ফাতেমা যদিও তিনবার ভাত চাইছে উনি শুনেও শুনেননি। এটা নতুন না। অভাবের সংসারে বধির হতে হয় নাহলে টেকা যায়না।এতবার বলেও মাকে চুপ থাকতে দেখে ফাতেমা মাটিতে বসে কান্না শুরু করল। কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। চোখের পানি গাল গড়িয়ে মাটিতে পড়ল। মাটিও ভিজলো। তবুও মায়ের মন গলানো গেল না৷ সেও থামল না। তার ঘ্যানঘ্যান চলতেই থাকল কিন্তু তার মা শুনেও শুনল না। কারণ নতুন কাপড়ের আগে ভাত দরকার, পেটে ক্ষুধা নতুন কাপড়ে কাবু হয় না।
ততক্ষণে ভুঁইয়া বাড়ির মেয়েদের কানেও পৌঁছে গেছে রহমান আলীর কথা। তারা সচারাচর রহমান আলীর থেকে খুব একটা জিনিস কিনে না।
হিমাদ্রির মা তাদের জন্য ঢাকা থেকে বেশ দামি দামি জামা-কাপড় আনে। উনি না এলে কুরিয়ার করে কিংবা ড্রাইভারকে দিয়ে পাঠায়। তাও তারা মাঝে মাঝে দু'একটা কাপড় কিনে। ধারা, সারা, হিয়া, দিয়া চারবোনই এসে দাঁড়াল। সারা, হিয়া, দিয়া সেখানে দাঁড়ানো প্রতিবেশী ভাবি-চাচীর সঙ্গে কথা বলতে লাগল। একে অপরের সঙ্গে ফাজলামি করতে লাগল। কথায় কথায় অট্টহাসিতে ফেটে পড়ল। আর ধারা গুঁটি গুঁটি পায়ে গেল অরাদের বাড়ির দিকে। মাটির দিকে তাকিয়ে আপনমনে হাঁটতে লাগল। কান্নার চোটে তার চোখ-মুখ ফুলে আছে। গালে চড়ের দাগ। পেটে খুব ব্যথা! আবারও তার বাবা তাকে বেধড়ক মেরেছে। তার মাঝে মাঝে খুব ইচ্ছে করে গলায় ফাঁ*স দিতে কিন্তু সাহসে কুলায় না। আবার মায়ের মুখ চোখে ভাসে। আবার বাবার কথায় বিয়েতে রাজি হবে সেটাও পারে না। কারণ তার বাবার ব্যবহার আর মায়ের করুণ ভাগ্য দেখে পুরুষের প্রতি ঘৃণা হয়। ভয়ও হয়, তার স্বামীর আচরণ যদি বাবার মতোই হয়? তার মায়ের মতো সেও যদি ছেলে সন্তান জন্ম দিতে না পারে? তখন কি হবে? এরচেয়ে বরং পরের লাথি ঝাটা না খেয়ে নিজের বাবার গাল-মন্দ খাক। কি আর করার? জানোয়ার হলেও নিজেরই তো বাবা! মনে মনে এসব ভেবে বাড়ির গেট পেরিয়ে বাড়িতে ঢুকতেই দেখে মরিয়ম বেগম রাতের রান্না করছেন। তাকে দেখে উনি দীর্ঘশ্বাস ফেললেন। কারণ উনি জানেন আবারও ধারাকে মেরেছে আযান ভুঁইয়া। মেয়েটা মার খেতে রাজি তাও বিয়েতে রাজি না। উনি ধারাকে সেসব জিজ্ঞাসা না করে বললেন,
_'' আয়, বস। তোর মা কি করছে? খাইছে কিছু? ''
_''আম্মার জ্বর আইছে ,চাচী। একা ঘরে শুইয়া কানতাছে। ওষুধ দিলাম তাও খাইলো না।''
_''ক্যান? ওষুধ না খাইলে অসুখ কমবে নি?''
_''আমি বিয়াতে রাজি না হইলে ওষুধ ক্যান পানিও ছুঁইবো না। আমি এত মাইর খাইয়া আম্মারে ভাত খাওয়াইতে গেলাম, অথচ খাইলো না। আমার লগে একটা কথাও কইলো না। আমার নাকি এবার বিয়া বইতেই হইব। নইলে গলায় নাকি ফাঁ*স দিবো।''
_''এডা কিরাম কথা? এসব কেউ কয়? তা তুই আমারে একটা সত্য কথা ক তো? কবি?''
_''কি কথা? কও আগে, শুনি।''
_''কাউকে পছন্দ করিস? বিয়াতে ক্যান রাজি না তুই? মিয়া মাইনষ্যের আসল ঘর তার স্বামীর বাড়ি। তোর কি সমস্যা? ক্যান বিয়াতে রাজি না তুই? পছন্দ হইলে বাইতে জানা।''
ধারা এবার হেসে ফেলল অথচ তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সে হাসতে হাসতে কাঠের পিঁড়ার ওপর বসল। কথাখানা তার বাবা-মায়ের জিজ্ঞাসা করার কথা ছিল। অথচ তারা করেনি। সময় কই তাদের? তারা তো আছে তাকে বিদায় করার ধান্দায়। অরা তখন তার সবজি বাগানে পানি দিচ্ছিল। আজও কিছু সবজি তুলেছে। আরিজ এলে আজও দশ টাকা নিবে। তাহলে হবে মোট সাড়ে চারশো টাকা। আর লাগবে পঞ্চাশ টাকা, তারপর সে আরিজের জন্য একটা সুন্দর দেখে টি-শার্ট কিনবে।
ধারাকে দেখে সে দ্রুত পানি দিয়ে হাত-মুখ ধুঁয়ে এলো। গাছের পেয়ারা ছিঁড়ে নিজে একটা খেতে খেতে একটা তার মা আর আরেকটা ধারার হাতে ধরিয়ে দিলো। ধারার চোখ-মুখের অবস্থা দেখে বুঝল কিছু একটা হয়েছে। তাই চোখের ইশারা তাকে রুমে যেতে বলে সে শুকনো কাপড় তুলে রুমের দিকে হাঁটা ধরল। আরিজের কাপড় ভাঁজ করে রেখে এলো তার রুমে। তার আর তার মায়ের কাপড় রাখল আরেকটা আলনায়। ধারা অরার রুমের দিকে যেতে যেতে তাকাল আরিজের রুমের দিকে। এ সময় বাড়ি থাকে না আরিজ। থাকলে হইতো জিজ্ঞাসা করতো, ''কান্দোস ক্যা, তোর লুলা বাপে ঠ্যাঙ্গানি দিসে?'' মানুষটার কথার ধরণ খুবই খারাপ। অবশ্য সত্য কথার স্বাদ একটু বেশিই তিতা। তারা দুজন কথা বলার জন্য রুমে বসলেও তার সুযোগ হলো না। কারণ তখনই মরিয়ম বেগম অরাকে ডেকে চেয়ার দিতে বলল। এসময় আবার কে এলো? কাকে চেয়ার দিতে বলল, কে জানে! অরা উঠে এসে দেখে নূরবানু আর মুনতাসীর দাঁড়িয়ে আছে। মুনতাসীরকে দেখে কেন জানি বিরক্তিতে তার মুখ কুঁচকে গেল। এত অসহ্য লাগে ছেলেটাকে? বিশেষ করে সেদিন গোসলের সময় তার দিকে তাকিয়ে থাকার কারণে। ভালো ছেলে হলে নিশ্চয়ই একাজ করতো না? কিন্তু মুখ দেখে মনে হয় ভেজা বিড়াল। দেখো, কেমন গোবেচার মুখ করে তাকিয়ে আছে। অথচ মনে মনে শয়তানি। সে চেয়ার এনে দিলে নূরবানু বসলেন। মুনতাসীর বসল না বরং চুপ করে দাঁড়িয়ে রইল। ছেলেটা ভূতের মতো একা বসেছিল তাই তাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। কোথায় আর যাবেন? তাই এদিকে এসেছেন। মরিয়ম বেগম চুলার জ্বাল ঠেলে দিয়ে উঠে এলেন। ঠোঁটে হাসি ফুটিয়ে কথা বলতে লাগলেন। মুনতাসীর ঘাড় ঘুরিয়ে কলপাড়ের দিকে তাকিয়ে পরক্ষণেই তাকাল অরার দিকে। ওষ্ঠকোণে ফুটল ফিচেল হাসি। সে উঠান দেখল, অরার সবজি বাগান দেখল, কলপাড়ে অযথা হাত ধুলো, আরিজের গোয়াল দেখল। যে গরুটা গুঁতো মেরেছে তাকে চোখ পাকাতেও ভুলল না। গরুটাও তাকে দেখে নড়ে চড়ে দাঁড়াল। যেন বোঝাতে চাইল, ''আবার আমার সামনে এসেছিস?'' মুনতাসীর সেখানে দাঁড়াল না পুনরায় উঠানে গেল। ডালিম গাছে ডালিম বেঁধে রাখা দেখে জিজ্ঞাসা করল,
_''এত গরমে ডালিমগুলো বেঁধে রাখা কেন, আন্টি? নষ্ট হয়ে যাবে না?''
_''না বাবা। ডালিম বাইন্ধা রাখলে পোক ধরে না।''
_''ওহ।''
_''খাইবা তুমি? ছিঁইড়া খাও। অ্যাই অরা, বড় দেইখা ডালিম নামাইয়া দে।''
অরা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। সে সব কটা ডালিম গুনে রেখেছে। ঠিক করে ফেলেছে খাওয়ার উপযুক্ত হলে কাকে কাকে দিবে। এখন যদি নামায় তাহলে কম পড়ে যাবে। সে দাঁড়িয়ে আছে দেখে মরিয়ম বেগম আবার বললেন। তখন অরা ফট করে বলল,
_''পারব না। না মানে, এত উঁচুতে আমি হাতের নাগাল পাব না।''
অরার কথা শুনে মুনতাসীর জানাল সে নিজেই নামিয়ে নিতে পারবে। একথা বলে ডাল ধরে বড় একটা ডালিম ছিঁড়ে ঘাড় ঘুরিয়ে তাকাল মরিয়ম বেগমের দিকে। চুলার তরকারি নাড়ছেন তিনি। সে উনাকে উদ্দেশ্য করে বলল,
_''আন্টি, আমি ভদ্রতার খাতিরে একটাই নেবো? নাকি আরো দু'তিনটে ছিঁড়তে পারব?''
মরিয়ম বেগম এবার বিপাকে পড়ে গেলেন। মুখ কাচুমাচু করে তাকালেন
কটমট করে তাকিয়ে থাকা মেয়ের দিকে। নতুন মানুষ বেড়াতে এসেছে।
গাছের ফল যেহেতু দেখল তাই একটা খেতে বললেন। ছেলেটা আবার আরো ছেঁড়ার কথা বলছে। মুখের ওপর না করা যায় নাকি? তাই তিনি জোরপূর্বক হেসে বললেন,
_''তোমার যে কয়টা লাগে নাও, বাবা।''
কথাখানা শুনে মুনতাসীর গালভর্তি হেসে চারটে ডালিম ছিঁড়লো। অরা তাকিয়ে রইল বড় বড় সাইজের ডালিমগুলোর দিকে। যেগুলো বড় হয়ে উঠেছে সেগুলো ছিঁড়েছে। তাকে তাকাতে দেখে মুনতাসীর ভ্রুঁ কুঁচকে তাকাল। বলল,
_''তুমি খাবে? তোমাকে একটা ছিঁড়ে দেব?''
গাছে ডালি ধরেছে সাতটা। এই ছেলে ছিঁড়ে নিলো চারটা। অরার ইচ্ছে করল লোকটাকে তুলে আছড়াতে। কিন্তু নূরবানুর সামনে কিছু বলাও যাচ্ছে না। তাই ঠোঁটে হাসি এঁটে বলল,
_''না। তা আপনি মাত্র চারটে নিলেন কেন, ওতে কি হবে? বউ-বাচ্চার জন্যও নিয়ে যান।''
_''আজ আপাতত এগুলোতেই হবে। পরে এসে নাহয় আবার নিয়ে যাব।''
অরা জবাব দিলো না। মুনতাসীরও কথা বলল না ডালিম ভেঙে নূরবানু আর মরিয়ম বেগম দিয়ে খেতে শুরু করল। অরা ততক্ষণে রুমে চলে গেছে। একটু পরে, একদল মহিলা ভিড় জমালো তাদের বাড়ির উঠানে।
রহমান আলীর থেকে কাপড় কিনে পোশাক বানাতে এসেছে। মরিয়ম বেগম সেলাইয়ের কাজ করে। আগে অনেক কাজ করতো এখন ছেলের ভয়ে করেন না। কারণ উনি অপারেশন করা মানুষ তাই আরিজ বারবার বারণ করেছে না করতে। তাই উনি আরিজ বাড়িতে না থাকলে টুকটাক
কাজ করেন। অরাও পারে কিন্তু তাকে সেলাই মেশিনে বসতে দেন না।
মেয়ে কলম ধরেছে, কলম ধরেই থাকুক, তাকে আর এসব করতে হবে না। অরা আর ধারা তখন ফিসফিস করে নিজেদের কথা বলায় ব্যস্ত। তখন আবার ডাক পড়তেই উঠে এলো। মরিয়ম বেগম এবার বললেন, কে কী বানাতে চাচ্ছে মাপ নিয়ে নোট করে রাখতে। অরা ওনাদেরকে রুমে আসতে বলল। মুনতাসীর তখন উঠানের এককোণে দাঁড়িয়ে হিমাদ্রির সঙ্গে কথা বলছিল। নাতির সঙ্গে কথা বলছে দেখে নূরবানু উঠে গেলেন। ফোন মুখের সামনে ধরে ফোনের স্ক্রিনে হাত বুলিয়ে কাঁদতে লাগলেন। দাদীজানকে কাঁদতে দেখে হিমাদ্রি কুশল বিনিময় করল। সবার খোঁজ নিলো। এ নিয়ে আরো টুকটাক কথা হলো। মুনতাসীর তখন পুনরায় চেয়ারে গিয়ে বসেছে দেখে নূরবানু নিচু স্বরে বলল,
_'' দাদুভাই, এ কোন হাবাগোবারে গেরামে পাঠাইছো? গরুর গুঁতা খায়া কদিন হাঁটতেও পারছিল না। সারাদিন বাইতে কিসব কইরা বেড়ায়। হের মাথায় কি ব্যারাম আছেনি?''
মুনতাসীরকে হাবাগোবা বলতে দেখে হিমাদ্রি হেসে ফেলল।হাসতে গিয়ে তার গেঁজ দাঁতটা পুরোপুরি দৃশ্যমান হলো। নাতির হাসি দেখে নূরবানুও মনে মনে বললেন মাশাল্লাহ। যতবারই হিমাদ্রিকে হাসতে দেখে ততবার এটাই বলেন। বংশের একটাই প্রদীপ! সেই প্রদীপ একবারে রাজপুত্র।
উনি মুনতাসীরের ব্যাপারে আরোও কিছু বললেন। তখন হিমাদ্রি বলল,
_''দাদীজান, বানর হচ্ছে চঞ্চল প্রাণী। তারা সচরাচর চুপচাপ থাকে না। যদিও থাকে তাদের খোঁচাতে নেই। নয়তো মাথায় উঠে এমন নাচ নাচবে যে সামলানো মুশকিল হয়ে যাবে।''
নাতির কথা বোধগম্য হলো না উনার। তবে কিছু বলতে গেলে মাগরিবের আজান পড়ল। মাগরিবের নামাজের ওয়াক্ত বেশিক্ষণ থাকে না। তাই উনি বিদায় নিয়ে মুনতাসীরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলেন। মুনতাসীর যেতে যেতে একটা রুমের জানালা দিয়ে দুটো ডালিম ছুঁড়ে দিলো। সেটা গিয়ে পড়ল মশারির মধ্যে।
মাগরিবের আজান ততক্ষণে শেষ। মেয়েগুলোও বিদায় নিয়েছে। অরা
ওজু করে এসে মায়ের সঙ্গে ধীরে সুস্থে নামাজ আদায় করল। তারপর
কিছু খেয়ে পানি খাওয়ার জন্য বয়াম খুলতেই দেখে বয়াম ফাঁকা। মনে ছিলনা বিস্কুট শেষ। আরিজকে বলতেও তার মনে নেই। অগত্যা কি আর করার, শুধু পানি খেয়ে বই গুছিয়ে বের হতেই আরিজের সঙ্গে দেখা হলো। তাকে বই হাতে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করল,
_'' এহানে খাড়াইয়া আছোস ক্যা?''
_''পড়তে যাচ্ছি ভাইয়া।''
_''মুহিত আইবো পড়াইতে?''
_''হুম, ফোন দিয়ে জানিয়েছে। ধারা আপু যাওয়ার কথা বলে গেছে।''
_"ওহ। তা কিছু খাইছোস?''
_''খেয়েছি। যাও, ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমিও যাই।''
_''আমারে মিছা কথা কস? তোর বিস্কুট না শ্যাষ? তাইলে কি খাইলি তুই?''
অরা জবাব দিলো না। আরিজ হাতের ঠোঙ্গা তার দিকে এগিয়ে দিয়ে বলল, গরম জিলাপি আছে খেয়ে তারপর যেন পড়তে যাই। অরা গরম জিলাপি দেখে হাসল। হাতের বই রেখে গরম জিলাপিতে কামড় বসাল।
তারপর মা আর ভাইয়ের জন্য রেখে পানি খেয়ে মাকে জানিয়ে ভুঁইয়া বাড়ির দিকে হাঁটা ধরল। মুহিতের কাছে ধারা, সারা, দিয়া, হিয়া আর অরা একসাথে পড়ে। মুহিত হচ্ছে তাদের কলেজ টিচার। উনি দেশের বাড়ি গিয়েছিলেন। সকালে ফিরে সন্ধ্যা থেকে পড়ানো শুরু করবেন।
সে ভুঁইয়া বাড়িতে যেতেই দেখে মুনতাসীর উঠানে বসে ফোন টিপছে। তাকে দেখামাত্রই দাঁত বের করে হাসল। হয়তো কিছু বলতো কিন্তু সে সুযোগ দিলো না গটগট করে হেঁটে ধারার রুমে চলে গেল। কিন্তু গিয়ে দেখল ধারা পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে। সে আজ পড়বে না তাই বাকি তিনজন পড়তে বসল।
একটুপরে মুহিত এসে তাদের পড়ানো শুরু করল। ধারা আর অরা এই দুজন পড়াশোনায় বেশ মনোযোগী। কিন্তু বাকি তিনজন হচ্ছে কোন পর্যায়ে মুহিতও বুঝতে পারেনা। মেয়েমানুষ এত গবেট হয় তারও জানা ছিল না। এক জিনিস বারবার বুঝিয়েও সারা একই ভুল বারবার করে। একটু যে বকবে তারও জো নেই কেঁদে কেটে একাকার করে ফেলবে। আজকেও একই অবস্থা! মুহিত গত সপ্তাহেও এই চ্যাপ্টার পড়িয়েছে অথচ এখন করতে দিলে আর পারছে না৷ মুহিত সারার খাতা কলম ছুঁড়ে বলল,
_''তোমার মাকে ডাকো। তোমাকে আমি আর পড়াব না।''
মুহিত বকছে আর সারা ফিসফিস করে কাঁদছে। কাঁদতে কাঁদতে সরাৎ করে নাকে সর্দি হাতের উপর পড়লো। অশ্রুসিদ্ধ চোখে মুহিতের দিকে তাকিয়ে দ্রুত মুছে ফেলল। মুহিত দাঁতে দাঁত চেপে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে লাগল। সে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে দিয়া, হিয়া আর অরা পারছে না হেসে লুটোপুটি খেতে। তিজন যার যার বইয়ের দিকে তাকিয়ে আছে। অথচ হাসির চোটে তাদের গা কাঁপছে। যতই গাধী হোক তারই তো ছাত্রী। তাই মুহিত রাগ কনট্রোল করে আবার সারাকে বোঝাতে লাগল। এবার সারা মন দিয়ে খাতার দিকে তাকিয়ে রইল। খাতা বললে ভুল হবে সে তাকিয়ে রইল মুহিতের কলম ধরা আঙুলগুলোর দিকে। ছেলে মানুষ হয়েও তার নখগুলো কি সুন্দর চকচকে। বেশ যত্ন করে নখ কাটে বোধহয়। মুহিত সময় নিয়ে বুঝিয়ে তাকে কয়েকটা অংকের মান বের করতে দিলো। তাতেই সারা লাফিয়ে উঠে মুখে চেপে ধরে বমির ভান করে দৌড়ে পালাল। আজ পালিয়ে বাঁচুক কালকের টা কাল দেখা যাবে। মুহিত সারার যাওয়ার দিকে থমথমে মুখে তাকিয়ে রইল। তারপর থমথমে মুখে বাকিদের পড়ানো শেষ করল। পড়া শেষ হতেই অরা ধারার কাছে গেল। ধারা তখন রুমে বসে কাঁদছিল। অরা কিছু বলার ভাষা পেল না তাই চুপ করে বসে রইল।
ধারা জানে রাতে অরা গলির কাছটায় ভয় পায় তাই তাকে এগিয়ে দিতে উঠে দাঁড়াল। মুনতাসীর তখনও উঠানে পায়চারী করছিল৷ তাদের যেতে দেখে একপলক তাকিয়ে চোখ সরিয়ে নিলো বেশি খেয়ে ফেলেছে তাই হাটাহাটি করছে আর কি। অরাকে গলি অবধি এগিয়ে দিয়ে ধরা চলে
আসতে যাবে তখনই তার চোখ গেল রাস্তার দিকে। আরিজ বাড়ির দিকেই আসছে দেখে গলির দিকে একবার তাকিয়ে নিজেই তার দিকে এগিয়ে গেল। অন্ধকারে আম গাছের আড়ালে দাঁড়াল সে। আরিজ তার কাছাকাছি আসতেই ডেকে উঠল। নাম ধরে ডাকায় আরিজ ভ্রুঁ কুঁচকে দাঁড়াল। ধারাকে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখে বলল,
_''কিরে চুন্নি, আন্ধারে কি করোস? বাইর হবি নাকি গিয়া দুইডা চড় লাগামু?''
_''এদিকে আয়েন। কথা আছে, আরিজ ভাই।''
আরিজের ভ্রুঁ জোড়া আরো কুঁচকে গেল। সে দুই গলির দিকে একবার তাকিয়ে বাগানের দিকে গেল। পায়ের তলার শুকনো পাতা মড়মড় করে উঠল। তখন ধারা ধরা গলায় বলল,
_''আরিজ ভাই, সাঁঝবেলা পাত্রপক্ষ আইছিল। আমারে আংটি পরাইয়া গেছে। কইছে, পনেরো দিন পর অনুষ্ঠান কইরা এক্কেবারে নিয়া যাইব। আমি এই বিয়া করুম না। মইরা যামু! আপনের পায়ে ধরি, কিছু একটা করেন।''
_''বিয়া করবি না? ক্যান করবি না, কী সমস্যা?''
কথাটা শুনে ধারার গলা দিয়ে আওয়াজ বের হলো না। ফুঁপিয়ে কাঁদতে লাগল। তাকে এভাবে কাঁদতে দেখে আরিজ বিরক্ত হয়ে বলল,
_''মুখে না কইলে বুঝমু কেমনে? হয় সোজাসাপটা কথা ক, নাইলে রাস্তা ছাড়! আন্ধারে দাঁড়াইয়া কথা কইতে গিয়া বদনাম কুড়াইতে পারুম না। এই গেরামের মানুষ সবডি ফেরেশতা কি না!"
পাষাণ পুরুষটার কথা শুনে অশ্রুসজল চোখে তাকিয়ে রইল ধারা। তার চোখ দুটি ফুলে গেছে। কিভাবে বোঝাবে সে নিজের মনের কথা? কিন্তু আজ চুপ থাকলে সব শেষ হয়ে যাবে। সব হারিয়ে ফেলবে। তাই মনের সঙ্গে একপ্রকার যুদ্ধ করে ওড়নার এক অংশ আরিজের সামনে মেলে ধরল। তারপর ভাঙা স্বরে বলল,
_''আমারে একটা সংসার ভিক্ষা দেন। অভাব-অনটন আমি সব মানাইয়া নিমু। তাও আমারে অন্য পুরুষের দুয়ারে পাঠাইয়েন না। মাটিত খাড়াইয়া আল্লাহর কসম কাইট্টা কইতাছি, আমি বিলাসি জীবন চাইব না, বাড়তি কোনো আবদার করুম না। আপনে যেমনে রাখবেন, তেমনেই থাকমু। শুধু আমারে একটু আপনের কাছে ঠাঁই দেন...।''
ধারার কথা শুনে আরিজের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না।
সে অবাক হলো না বরং সব শুনে চুপ করে রইল। তারপর বেশ কিছুক্ষণ নীরব থেকে বলল,
_''বাড়িত যা।''
_''আপনে কিছু কন। সব জাইনা এমন পাষাণ ক্যান হইতেছেন? কি দোষ করছি আমি? ক্যান, আমার বাড়ির লোকের দায় আমারে দিতেছেন?
আপনের পায়ে পড়ি আপনি আমারে বাঁচান! এই বিয়া আটকান।''
একথা বলে আরিজের পা ধরতে গেলে আরিজ দ্রুত পেছনে সরে গেল।
তাকে পিছিয়ে যেতে দেখে ধারা মাটিতে বসেই কাঁদতে লাগল। আরিজ ধারাকে উঠতে বলল না, টেনে তুলতে হাতও বাড়াল না। বরং যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল। বলল,
_''তুই হইলি দামী একটা ফুল আর আমি হইলাম ভাঙা ফুলদানি। ভাঙা ফুলদানিতে ফুলের সৌন্দর্য বাড়ে না, বরং ফিকে হইয়া যায়।''
এইটুকু বলে সে থামল। তারপর কণ্ঠস্বর কঠোর করে দাঁতে দাত চেপে অকপটে জানাল,
_''যা কইলি, এই আবদার নিয়া আমার সামনে আর খাড়াবি না। নইলে আমার থিকা খারাপ কেউ হইব না৷ শরীরে প্রাণ থাকতে ভুঁইয়া বাড়ির জামাই কোনোদিনও হব না আমি। কারণ তোর বাপে আমার ভবিষ্যতে খাইছে আর তোর ছোটো চাচা আমার মানসিক শান্তি কাইড়া নিছে৷ সেই আমি কি না তাগো মাইয়ার সুখ খুঁইজা দিমু? আমি এত ভালো কোনো কালেই আছিলাম না, হইতেও পারুম না।''
একথা বলে আর একদণ্ডও দাঁড়াল না। গটগট করে গলিতে ঢুকে তার বাড়িতে চলে গেল। আর ধারা আম গাছের গোড়ায় বসে গাছের মাথে ঠেকিয়ে চুপ করে বসে রইল।
To be continue........!!
