#তৈলচিত্র
#নূরজাহান_আক্তার_আলো
[০৪]
রুমের মধ্যে অনবরত খুটখাট শব্দ শুনে মুনতাসীরের ঘুমটা হালকা হয়ে এলো। ঘুম জড়ানো চোখে তাকালও একবার। কিন্তু কিছুই বুঝতে পারল না। পরেরবার ঘাড় ঘুরিয়ে দেখল কয়েকজন মানুষ কিসব কাজ করছে৷
এরা কারা? রুমে কেন? কি করছে? মানুষ দেখে সে কৌতূহলবশত উঠে বসল। দুই হাতে চোখ ডলে দেখল তার ঠিক সামনে এসি, চার্জার ফ্যান, আর একটা চার্জার লাইট রাখা। মূলত এগুলো লাগানোর জন্যই সুইচ বোর্ড করা হচ্ছে। সে রুমে চোখ বুলিয়ে দেখল পুরনো আসবাব সরিয়ে নতুন কিছু আসবাবও আনা হয়েছে। এগুলো কে করল? কখন আনল?
বেডটা আগের থাকলেও ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, মাল্টিপারপাস ড্রয়ার, ডাবল সোফা, সেন্টার টেবিল, একটি চেয়ার ও একটি বিনব্যাগ।
এছাড়াও দেখা যাচ্ছে কফি মেকার, পানির ফ্লাক্স আর ছোটো একটি ফ্রিজ। যেন তাকে কেউ ছোটখাটো সংসার সাজিয়ে দিচ্ছে। সে হতবাক হয়ে সেসব দেখতে দেখতে তার নজর গেল ওয়াশরুমের দরজার দিকে। দরজার পাশে তার হারানো লাগেজ রাখা। ঘুমের ঘোর এখনো কাটেনি? ভুলভাল দেখছে মনে হয়? তার লাগেজ হারিয়ে গিয়েছে তাহলে ওখানে ওটা কি? সে দ্রুত উঠে লাগেজ খুলে জিনিসপত্র দেখতে লাগল৷ এসব তো তারই! কাগজপত্র ঠিকই আছে। দু'একটা ব্র্যান্ডের শার্ট হারিয়েছে।
পাওয়ার ব্যাংকটা নেই। যাক গে, আবার কেনা যাবে। এটা কোথা থেকে এলো? তখন আরাফ ভুঁইয়া তার রুমে এলেন। দরজার কাছে তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হাসলেন। ছেলেটা আজ সারাদিন ঘুমিয়েছে। দুপুরে গোসল করেনি, খায়ও নি। কতবার ডেকেছেন তাও শোনেনি সে। এভাবে কেউ ঘুমায়? সারাদিন পর এখন উঠেছে দেখে হাসতে হাসতে বললেন,
_'সাহেবের খাওয়া-দাওয়া লাগবে না? পড়ে পড়ে ঘুমালে হবে, হুম?'
_'খাইনি, না? এজন্যই তো বলি এত ক্ষুধা লেগেছে কেন?'
তার কথা শুনে আরাফ ভুঁইয়া শব্দ করে হেসে ফেললেন। তাড়া দিলেন
ফ্রেশ হয়ে খেয়ে নিতে। মুনতাসীর উঠল না বরং প্রশ্ন ছুঁড়ল,
_'এসব কি? এতকিছুর দরকার ছিল না।'
_'আমি কিচ্ছুটি জানিনা, বাবা। কমান্ডো সাহেবের সঙ্গে বুঝে নিস। কল করেছিল তোকে না পেয়ে আমাকে বকাবকি করল। এবার উঠ, যা ফ্রেশ হয়ে খেয়ে নে। নয়তো জায়গামতো অভিযোগ পৌঁছে দেব বলে দিলাম। তখন বুঝবি মজা।'
একথা শুনে মুনতাসীর তোয়ালে আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকল। এখানে আসার পর থেকে যা হচ্ছে তাই রিস্ক নিলো না। কল ছেড়ে পানি আছে কি না দেখে নিল। পানি আছে দেখে যেন হাঁফ ছেড়ে বাঁচল নয়তো নিচের ওই কলপাড়ে যেতে হতো। কলপাড়ে গোসল করা ব্যাপার না তবে টিউবওয়েলের ঐতিহাসিক শব্দটাই তার ভালো মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট। ওয়াশরুমে নিত্যপ্রয়োজনী বেশকিছু জিনিস দেখা যাচ্ছে।
যেগুলো গতরাতে ছিল না৷ বালতি-মগটাও নতুন। এবার নিজেকে গেস্ট মনে হচ্ছে। নয়তো এখানে আসার পর থেকে মনে হচ্ছিল হত দরিদ্র। না আছে পরার মতো পোশাক না আছে রেস্ট করার মতো একটু আশ্রয়।
যাক বাবা গেল দিন খারাপ আসে দিন ভালো। বাকিগুলো ভালো গেলেই হলো। একথা ভেবে গুনগুন করতে করতে চুলে শ্যাম্পু করে সময় নিয়ে গোসল সারল। ঘুমটাও ভালো হয়েছে। এখন গোসল করে আরো ভালো লাগছে। মন ও মেজাজ দুটোই বেশ ফুরফুরে লাগছে। সে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেলকনিতে দাঁড়াল। ভেজা কাপড় মেলে আশেপাশে তাকাতে তাকাতে নজরে পড়ল ভুঁইয়া বাড়ির উঠানে। উঠানের একপাশে
পাঁচটা মেয়ে কি যেন করছে। সব কটা প্রায় একই বয়সের। হাসছে তারা কোনো এক কারণে। মেয়ে মানুষের হাসির কারণ লাগে নাকি? এরা তো কারণে অকারণে এমনিতে হাসতে পারে। সে খেয়াল করল মেয়েগুলোর
সামনে বড় বড় তিনটে চালতা। একজন চালতা কুচিকুচি করে কাটছে।
আরেকজন সেগুলো ধুঁয়ে তুলছে। একটা চালতা কেটে অনেক হয়েছে। বাকিসব কি করবে? যা ইচ্ছে করুক, তার কি? সে আর দাঁড়াল না গায়ে টি-শার্ট জড়িয়ে শিষ বাজাতে বাজাতে নিচে নামল। দুই হাত দিয়ে চুলে ব্যাক ব্লাশ করতে করতে হাঁটার ধরল রান্নাঘরের দিকে৷ রান্নাঘরের সঙ্গে লাগোয়া ঘরে খাওয়া-দাওয়ার পর্ব সারা হয়। কিন্তু অসময়ে কেউ আছে কি? না থাকলে, খাবার চাইবে কার থেকে? নতুন জায়গায় এসে নিজে নিয়ে খাওয়াটা কেমন হয়ে যায় না? সে রান্নাঘরের দরজায় গলা খাঁকারি দিতেই বকুল চোখ তুলে তাকাল। মেয়ের জন্য দুধ গরম করছিল সে। দুষ্টু মেয়েটা সদ্য ঘুম থেকে উঠেছে। তাকে দুধ না দিলে থামবেই না। এ সময়
তাকে একা দেখে মুনতাসীর মাথা নিচু করে নিলো। হিমাদ্রির থেকে এই বাড়ির সদস্য সম্পর্কে একটু-আধটু ধারণা পেয়েছে। সে জানে এই ভুঁইয়া বাড়ির ছোটো ছেলেটা শামীম বউ নিয়ে সিরিয়াস। অচেনা পুরুষের সঙ্গে কথা বলা পছন্দ করেনা। যদি কোনো পুরুষের সামনে যায় মারতে শুরু করে। হাতের কাছে যা পায় তাই দিয়ে মারে। তার জন্য একজন অযথা মার খাবে এটা মানা যায় না। তাই চলে যাওয়ার জন্য পা বাড়াবে তখনই একটা মিহিস্বর কানে লাগল,
_'আপনি বসুন। আমি বেড়ে দিচ্ছি।'
মুনতাসীর বসল না বরং দরজা থেকে আরেকটু সরে দূরে দাঁড়াল। বকুল তড়িঘড়ি খাবার বেড়ে বড় জাকে পাঠাল। উনি এলে মুনতাসীর খেতে বসল। গতকাল রাতেও দেখেছিল তাকে কাঁসার থালা-বাটি, গ্লাসে খেতে দিচ্ছেন। এখনও তাই। এটা কি এই বাড়ির নিয়ম নাকি আতিথেয়তা? কাঁসার বড় থালায় ভাত আর বাটিতে নানান পদের তরকারি। বড় গ্লাসে পানি। সে রেখার দিকে তাকালে উনি হাসলেন। তার মনে ভাবটুকু বুঝে বললেন,
_'এই বাড়ির কর্তারা কাঁসার থালে ভাত খায়। আমার শাশুড়ী মা-ও কয়,
এতে খেলে অসুখ-বিসুখ কম হয়।'
_'বাহ্! কিন্তু আমার তো নিজেকে রাজা রাজা মনে হচ্ছে।'
_'ক্যান?'
_'প্রাচীনকালে রাজারা নাকি কাঁসার থালায় রাজকীয় ভোগ সারতেন। আজ আমিও সারব। তাহলে আমিও রাজা। কিন্তু আমার তো রাজ্য নাই তাই আমি গরীবের রাজা।'
একথা শুনে রেখা হেসে ফেললেন। মুনতাসীর খাওয়া শুরু করল। রান্নার স্বাদ ভালোই। সে আবার যা তা রান্না খেতে পারে না। রান্না ভালো হয়েছে দেখে ভাতের কোল কেটে সুন্দর করে খেতে লাগল। রেখা পাশে দাঁড়িয়ে
ছেলেটাকে ভালো করে দেখলেন। চেহারাতে আভিজাত্য ছোঁয়া। গায়ের রঙ ভালোই ফর্সা। লম্বা-চওড়া ছেলেটা এক কথায় নজরে পড়ার মতো।
ঘুম থেকে উঠে গোসল করায় ফ্রেশ লাগছে। পরনে ধূসর রঙের টি-শার্ট আর কালো ট্রাউজার৷ চাল-চলন, কথাবার্তা বেশ মার্জিত। কিছু একটা ভেবে উনি হাসলেন। তারপর এটা ওটা এগিয়ে দিতে দিতে বললেন,
_'হিমাদ্রি আমারে বড় আম্মু ডাকে। তুমিও ডাইকো। তা তুমি কি করো বাবা? বাড়িতে বাবা-মা ভালো আছে তো?'
মুনতাসীর মুখের খাবারটুকু শেষ করে পানি খেলো। তারপর ধীরে সুস্থে
জবাব দিলো,
_'আমার বাবা-মা বেঁচে নেই, বড় আম্মু। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মা মারা গেছেন। তার সাত মাস তিনদিন পর আমার বাবা মারা গেছেন৷ আমি আমার বোনের কাছে বড় হয়েছি। পড়াশোনা শেষ করে বর্তমানে অ্যান্টিক আইটেম নিয়ে ইমপোর্ট-এক্সপোর্টের ব্যবসা করি।'
_'ওহ। তা বউমারেও নিয়া আইতা?'
_'তাকে আনতে আমি তো এক পায়ে খাঁড়া। কিন্তু আপনার বউমা আদৌ পৃথিবীতে ল্যান্ড করেছে কি না বলতে পারব না। তার সঙ্গে আমার দেখা হয়নি। যদি কখনও দেখা হয় তাহলে আগামীতে আনব, ইন শা আল্লাহ।'
প্রথমে তার কথার মানে ধরতে পারেনি রেখা। যখন ধরতে পারল তখন শব্দ করে হেসে ফেললেন। ছেলেটা ভালোই কথা জানে। উনাকে হাসতে দেখে মুনতাসীরও খেতে খেতে মিটিমিটি হাসল। অতঃপর খাওয়া শেষ করে বের হতেই দেখল ওই পাঁচটা মেয়েও এখনো বসে আছে। কি যেন খাচ্ছে। তাকে দেখে পাঁচজনই ভ্রু কুঁচকে তাকাল। যেন সে চোর। চুরি করতে এসে ধরা পড়েছে। তার পেছনে রেখাও বের হয়েছে। ধারা, সারা, দিয়া, হিয়া আর অরা কেউ তাকে দেখেনি। চিনেও না। তাই উনি পরিচয় করে দিলেন,
_'ওর নাম মীর মুনতাসীর। হিমাদ্রির বন্ধু। গেরাম ঘুরতে আইছে। তুমরা তারে ভাইয়া ডাকবা। হিমাদ্রি যেমন ভাই হের বন্ধুও ভাই, মনে থাকব?'
চালতা খেতে খেতে পাঁচজন সম্মতি সূচক মাথা নাড়াল। তখন হিয়া ফট করে বলে বসল,
_'আসেন ভাইয়া, আমাগো লগে চালতা ছ্যাচা খান। অরা মাখাইছে, সেই স্বাদ হইছে! ওই আবার হাত না ধুঁইয়া যা মাখায় তাই স্বাদ হয়।'
_'সমস্যা নেই। তোমরাই খাও।'
_' লজ্জার মায়ের নাকে দড়ি লজ্জা বেড়ায় বাড়ি-বাড়ি। লজ্জা পাইয়েন না, আমরা আমরাই তো।'
_'আসলে আমি এসব খেতে পারিনা। অভ্যাস নাই।'
_'হিমাদ্রি ভাইরে ডাকলে এতক্ষণে আইয়া পড়তো। আইজ নিজের বোন না বইলা...!'
মন খারাপের সুরে কথাটা বলল হিয়া। অরা আড়চোখে তাকাল হিয়ার দিকে। ঢপ মারারও একটা লেভেল থাকে। হিমাদ্রি এসব খেতো? এটাও সম্ভব? বরং তারা খাচ্ছে দেখে ধমকে কেড়ে ফেলে দিতো। তবে তাকে এভাবে বলতে দেখে মুনতাসীরের খুব খারাপ লাগল। সে এগিয়ে এসে হাঁট গেঁড়ে বসল হিয়ার পাশে। চালতা কেটে এক গামছা মাখিয়েছে। সব খাবে নাকি এরা? সে দুই আঙুলের সাহায্য একটু তুলে মুখ দিতেই চোখ বড় বড় হয়ে গেল। যেমনি টক, তেমনি ঝালে ভরা। সে মুখ থেকে ফেলে তাকাল তাদের দিকে। সব কটা মুখ টিপে হাসছে। রেখা পানি এনে দিলে
খেয়ে সামনে হাঁটা ধরল। কি বজ্জাত, ভাবা যায়! ইচ্ছে করে এটা করল বুঝতে বাকি রইল না। সে হাঁটতে হাঁটতে তাকাল তার বরাদ্দকৃত রুমের দিকে। এখনো এসি লাগানো হয়নি। লাগাক ধীরে সুস্থে ততক্ষণে সে ঘুরে আসুক। এসে অবধি বাড়ি থেকে বের হয়নি। গ্রাম ঘুরে দেখা হয়নি। তাই হিমাদ্রিকে কল করতে করতে মাটির পথ ধরে হাঁটা ধরল। সামনে একটা মোড় চোখে পড়ল। কয়েকটি দোকানও আছে। চায়ের দোকানের ভিড়টা নজর কাড়ল। পেতে রাখা বেঞ্চে মাঝবয়সী, বৃদ্ধ কয়েকজন বসে আছে। উনাদের হাতে চায়ের কাপ। কাঁচের কাপে লাল চা দেখা যাচ্ছে। চায়ের রঙটা বেশ। দোকানের ভেতরে রঙিন টিভি আছে। টিভিটি আবার খাঁচা টাইপের কিছুর ভেতরে রাখা। যাতে চুরি না হয় তাই এ কৌশল বোধহয়।
টিভিতে বাংলাদেশের সিনেমা চলছে। সাউন্ডটাও ফুল ভলিউমে দেওয়া। মনোযোগ নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে কাস্টমাররা। মুখের ভঙ্গিমা
গম্ভীর। ডিপজল নায়িকা মৌসুমীকে জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। গলা ফাটিয়ে চেঁচালেও কেউ এগিয়ে আসছে না। বরং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওদিকে নায়ক ওমরসানী ভ্যানগাড়িতে করে দোকানে দোকানে মাল দিয়ে বেড়াচ্ছে। দোকানদার টাকা দিলে মনে মনে ভাবছে এই টাকা বউকে একটা লাল শাড়ি কিনে দেবে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রেন ঘোলা করা টোন। ওদিকে তার বউ নিয়ে ভিলেন পগার পাড়। একদম টান টান উত্তেজনা! অপরদিকে চাঁদি ছিলা ডিপজল মৌসুমীকে রুমে নিয়ে গিয়ে রসগোল্লামার্কা চোখ বড় বড় করে হাসছে। পরনে হলুদ লুঙ্গি,গলায় হলুদ ওড়না। হাতে লাঠি। ইয়া বড় ভুড়িওয়ালা পেটটা দৃশ্যমান। সে নায়িকার শাড়ির আঁচল ধরে টানতে টানতে বলছে,, ' কাছে আয় সুন্দরী? আইজ তোর বংশের বাতি জ্বালাইয়া দিমু!' এদিকে নায়িকা বাঁচার জন্য সমানে চিৎকার করছে। ধস্তাধস্তি হচ্ছে। কিন্তু চিৎকারের থেকে তার নিঃশ্বাসের শব্দ আরো বেশি ভয়ংকর। মুনতাসীর আর দাঁড়াল না। এসব জিনিস সে দেখেনা। তবে বমুরব্বিদের মুখভঙ্গিমক দেখে মেলাকিছু দেখে ফেলেছে।
সে আশেপাশে তাকিয়ে বিলের পথ ধরে হাঁটা শুরু করল। হিমাদ্রি কল ধরছে না। বেশ কয়েকবার চেষ্টা করলো কিন্তু কাজ হলো না। সরু চিকন
মেঠো পথে হাঁটতে ভালোই লাগছে। ফুরফুরে বাতাস গায়ে এসে লাগছে। এমন মুহূর্তে গান হলে মন্দ হয় না। সে গলায় ঝুলানো ইয়ার ফোন কানে ঢুকিয়ে পছন্দের গান ছেড়ে দিলো। এদিকটা খুবই সুন্দর। গ্রামের খোলা পরিবেশের কাছে শহর এজন্যই ঠোকর খায়। সে পকেটে ফোন ঢুকিয়ে নিজের মতো করে হাঁটতে লাগল। গোধূলি বিকেল। সূর্যটা ক্লান্ত হয়ে অস্ত যাওয়ার পায়তারা জুড়েছে। আকাশের বুকে পাখিদের মুক্তমনে উড়তে দেখা যাচ্ছে। গরু-ছাগল ঘাস খাচ্ছে। একদল বাচ্চা ব্যাট-বল খেলছে।
একজন মহিলা একদল রাজহাঁস নিয়ে যাচ্ছে। সে ধাঁর ঘেঁসে হাঁটতে ওই মহিলা হেসে বললেন,
_'ভয় নাই, ঠোকাইবো না।'
মুনতাসীর কিছু বলল না হাঁটা ধরল নিজের মতো। আসলে সে শুনতেই পায়নি। এতদূর এসে মন্দ লাগল না। গতকাল থেকে যা ঘটেছে সব ভুল গেল। ভাবল গ্রামে আরো বেশ কিছুদিন থাকবে সে। গ্রামের মানুষদের
সরল জীবন-যাপন নিজের চোখে দেখবে। যদি কাল থেকে এসে মনে হচ্ছে না গ্রামের মানুষ সহজ সরল। বরং যে যেভাবে পাচ্ছে বাঁশ ধরিয়ে দিচ্ছে।
এদিকে অরা বাড়িতে গিয়ে আগে আছরের নামাজ পড়ল। উঠানে মেলা শুকনো কাপড় তুললো। তারপর ঘর-উঠান সুন্দর করে ঝাড়ু দিলো। সে বাড়ির টুকটাক সব কাজকর্ম পারে। আর করেও। আরিজ এখনো আসে নি। আরিজের মা মরিয়ম বেগম চুলোয় রাতের রান্না করছেন। আজকে রান্না হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে পুঁটি মাছের ঝোল। করলা ভাজি। আর মসুর ডালের ঝাল ভর্তা। মাকে ব্যস্ত দেখে অরা নিজেই গেল গরু দুটোকে খাবার দিতে। কিন্তু একটা গরু খুবই পাজি। খালি গুঁতো মারতে আসে। তাই একহাতে লাঠি নিয়ে আরেক হাতে শুকনো খড়, ভুসি, পানি দিয়ে মাখিয়ে দিলো। খাবার পেয়ে গরু নাক ডুবিয়ে খেতে লাগল। খাচ্ছে দেখে সে বাছুরের গায়ে হাত বুলিয়ে চলে গেল। তবে ভালো করে খেয়াল করলে দেখতে পেতো পাজি গরুর দড়ি প্রায় খুলেই গেছে। আর দড়িটা খোলা মানেই বাড়ির সবাইকে নাকানিচুবানি খাওয়ানো। এদিকে উল্টো ঘুরে বসায় মরিয়ম বেগমও খেয়াল করেনি। এদিকে গরু ছুটে শুকনো ভুষিগুলো খেলো। সদ্য গজানো পেয়ারা গাছের মাথাটা মুছিয়ে খেলো।
অরার ওড়নার একমাথা চিবালো। তারপর উঠানে দৌড়াতে শুরু করল।
ঘণ্টার শব্দ শুনে তাকাতে তাকাতেই বাইরের গেট পেরিয়ে বাইরেও চলে গেল। গরু ছুটতে দেখে মরিয়ম বেগম হইহই করে উঠলেন। কোমর ব্যথা নিয়ে সোজা হতে পারেন না তিনি। এখন এই পাজি গরু ধরবে কিভাবে?
আরিজ কখন আসবে তার ঠিক নেই। উনি অরাকে চুলার পাশে বসিয়ে ছুটলেন গরুর পেছন পেছন। সামনে যাকেই পেলেন চেঁচিয়ে গরু ধরতে বললেন। কিন্তু পাজি গরুর দড়ি টেনে ধরার সাহস হলো না কারো। আর আরিজের এই গরুর কথা সবাই জানে। অনেকদির পর ছাড়া পেয়ে গরু স্বাধীন মনে লাফাচ্ছে। মনে কত রং। কত খুশি। খুশির চোটেই বোধহয়
লাফাতে লাফাতে বিলের রাস্তা ধরে দৌড়াতে লাগল। দুটো বাচ্চা পাশে ছোট সাইকেল রেখে বালু নিয়ে খেলছিল। গরু দেখে সাইকেল ফেলেই দৌড়! মুখে বাঁচাও! বাঁচাও! না করে দুজনই সমানে মুখে উই! উই করে দৌড়াচ্ছে। এক মহিলা এক বালতি কাপল নিয়ে পুকুরের দিকে যাচ্ছিল।
গরু দেখে উনি হুরমুর করে জঙ্গলের মধ্যে ঢুকে পড়লেন। পায়ের তলায় শিয়ালের গুঁ পড়ায় খেঁকিয়ে উঠে বললেন,
_'আরিজ্য, ইয়া কি বাল পুষে? দ্যাশে আর গরু নাই? ওই যেমন জাওরা গরুডাও হইছে আরেক জাওরা।'
মরিয়ম বেগম শুনেও কিছুই বললেন না। আসলেই তো গরুটা শয়তান। যত ভালো করেই বাঁধুক, কীভাবে যেন দড়ি খুলে দৌড় মারে! আজকেও একই কাজ করল। আরিজকে বলতে হবে এটাকে হাঁটে তুলতে, এই গরু রাখা যাবে না। রাখলে এর জ্বালায় বাঁচা যাবে না। আরিজের গরু দেখে পরিচয় অনেকেই গরুর ছুটতে শুরু করেছে।
অন্যদিকে মুনতাসীর ফুরফুরে মেজাজ তখনো আপনমনে হেঁটে যাচ্ছে। পেছনের খবর জানা নেই। তাকে একদল মানুষ অনবরত ডেকেই যাচ্ছে সেটাও তার কানে পৌঁছাচ্ছে না। পৌঁছাবেই বা কী করে? তার কানে তো ইয়ারফোন গোঁজা। আর তাতে ফুল ভলিউমে বাজছে— 'মাই নেইম ইজ শিলা, শিলা কি জাওয়ানি...। হঠাৎ পেছনে কিছু একটা উপলব্ধি করেই তাকাতে তাকাতেই অনেক দেরি হয়ে গেছে। পাজি গরু ততক্ষণে তাকে গুঁতো মেরেই দিয়েছে। এক গুঁতোতে ছিঁটকে দূরে পড়েছে বেচারা। হঠাৎ কি থেকে কী হলো বুঝতেও পারল না। শুধু কানে এলো একদল লোকের আহাজারি।
ওদিকে টুকটাক কিছু বাজার করে আরিজও তখনই বাড়িতে ঢুকেছে।
অরার থেকে গরুর কথা শুনে দৌড়ে এসেছে বিলের দিকে। এসে দেখে ভুঁইয়া বাড়ির মেহমান মাটিতে শুয়ে আছে। বেচারা মুখ কুঁচকে নিয়েছে।
আর গরুটা ফসফস করতে করতে ছেলেটার গা শুঁকছে। শহরের বাবুর পারফিউম গন্ধ পছন্দ হয়েছে বোধহয়। আরিজ পেছন থেকে খপ করে দড়ি ধরতেই গরু ঘুরে তাকাল। তার মুখের সামনে আমের পাতা ধরতেই পাতা খেতে লাগল। আরিজ একহাতে দড়ি আরেক হাতে আমপাতা ধরে বাড়ির পথে হাঁটা ধরল। মুনতাসীর তখনও মাটিতে শুয়ে আছে। মাথাটা ভনভন করে ঘুরছে। জীবনে এটাই বোধহয় বাকি ছিল। যাক, গোয়ামারা গ্রামে এসে সবই পূরণ হচ্ছে। মুরতাসীদের অবস্থা দেখে আরিজ দাঁড়িয়ে গেল। বলল,
_'বেশি ব্যথা পাইছেন? ধরতে হইবো?'
_'ইটস্ ওকে। আই অ্যাম ফাইন। আসলে আকাশ দেখছিলাম। গ্রামের আকাশটা ভীষণ সুন্দর।'
_'হু, তয় গেরামের আকাশই না গরুর গুঁতাও ভীষণ সুন্দর। সারাজীবন মনে রাখার মতো।'
একথা বলে আরিজ গরু নিয়ে হাঁটা ধরল। গরুও পাতা খেতে খেতে লম্বা লেজ নাড়াতে নাড়াতে এগিয়ে গেল। মরিয়ম বেগম তড়িঘড়ি ছেলেটাকে টেনে তুললেন। এটা তো ভুঁইয়া বাড়ির মেহমান। মেহমানের সঙ্গেই এমন হতে হলো? ছিঃ! ছিঃ! কি লজ্জাজনক কান্ডকর্ম! অতঃপর মুনতাসীরের গায়ের ধূলো ঝেড়ে দিলেন। কিছু মনে করতে বারণ করলেন। খুব ব্যথা পেয়েছে তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। উনি ধরতে গেলে মুনতাসীর মৃদু হাসল। ইশারায় বারণ করল। তারপর খোঁড়াতে খোঁড়াতে উনার পেছন পেছনেই ফিরে এলো। গুঁতোটা পিঠের মাঝখানে লেগেছে। এজন্য মনে হচ্ছে, মেরুদণ্ডের হাঁড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ব্যথায় জান যায় যায় অবস্থা। সে বাড়ির দিকে যেতে যেতে মনে মনেই ওয়াদা করল, হতচ্ছাড়া গরুকে একটা শাস্তি দিবেই, দিবে! নয়তো তার নাম মীর মুনতাসীর না।
চলবে.....!!
