#তৈলচিত্র
#নূরজাহান_আক্তার_আলো
[০৩]
তখন দুপুর একটা। সূর্যটা সবেমাত্র পশ্চিমে হেলতে শুরু করেছে। অথচ বিন্দুমাত্র রোদের তেজ কমেনি। বরং উতপ্ত দুপুরে আরও ধারালো হয়ে উঠেছে। একটা কাক গাছের ডালে বসে হাঁপাচ্ছে। পানি খুঁজছে। খরায় মাঠ-ঘাট পুকুর শুকিয়ে খাঁ খাঁ করছে। টিউবওয়েলেও পানি উঠছে না। বোবা প্রাণটা বলতে পারছে না। কারো থেকে চাইতেও পারছে না। এর
একটুপরে জোহরের আজান ধ্বনিত হলো। গ্রামের পথ মাড়িয়ে মুসল্লিরা মসজিদের দিকে গেল। ঠিক তখনই একদল দাওয়াল একে একে ভুঁইয়া বাড়িতে ঢুকতে শুরু করল। তাদের মাথায় ধানের মস্ত বোঝা। কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরছে। ঘামে লেপ্টে গেছে পরনের সেন্ডো গেঞ্জি ও লুঙ্গি। রোদের তাপে সকলেরই বেহাল দশা। তৃষ্ণায় যেন ছাতি ফেটে যাচ্ছে। তারা উঠানে বোঝাগুলো রাখল। তারপর গাছের নিচে ধপ করে বসে পড়ল। কেউবা মাটির ওপর শুয়ে হাঁপাতে লাগল। কদিন ধরে ধান কেটে, আঁটি এনে উঠানে জমা করছে। সেসব আঁটি পালা করে উঁচু করে রাখা হচ্ছে উঠানে রাখা হচ্ছে। ভুঁইয়াদের চার ভাইয়ের প্রচুর জমিজমা। মৌসুম ভেদে সারাবছর সব আবাদ করেন উনারা। যার কারণে উনাদের কামলা-কিষাণের অভাব নেই। তবুও ধান কাটার মৌসুমে বাড়তি মানুষ আনান যাতে ধান কাটা আর মাড়াইয়ের কাজ দ্রুত শেষ করা যায়। এই সময় কখন ঝড়-বৃষ্টি হয় বলা তো যায় না। আর এসব লোক প্রায় প্রতি বছরই সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নেত্রকোণা, পাবনাসহ চরাঞ্চল থেকে ধান কাটতে আসে। মাসভর ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে। বিনিময়ে ধান নেন আর পেটপুরে তিনবেলা খেতে দিতে হয়। থাকার জন্য কাচারি
ঘর। যে কদিন থাকবে সেখানেই থাকবে। এদিকে মস্ত উঠানের একপাশে চলছে ধান মাড়াইয়ের কাজ। কদিন আগে যেগুলো কেটে এনে শুকানো হয়েছিল সেগুলোই মাড়াই করা হচ্ছে। আধুনিক মাড়াই কলের 'ভটভট' শব্দে কানে তালা লাগার জোগাড়। কিন্তু তাতে তো আর কাজকর্ম বন্ধ রাখা যাবে না। তাই ধানের আঁটিগুলো কলের মুখে ধরতেই ধান ছিটকে ছিটকে পড়ছে। কলের উল্টোদিকে মস্ত বড় স্ট্যান্ড ফ্যান রাখা।বাতাসের গতি বুঝে কুলো হাতে দাঁড়িয়ে গেছে গাঁয়ের কজন মহিলা। তারা শরীর ঝাঁকিয়ে বাতাসে কুলো নাড়তেই চিটা ধান আর ধুলোবালি আলাদা হয়ে যাচ্ছে। আর পুষ্ট ধানগুলো নিচে জমা হচ্ছে। উঠানের একদম শেষপ্রান্তে ভুঁইয়াদের রান্নাঘর। ওখান থেকেই ভেসে আসছে মশলার ঝাঁঝালো গন্ধ। সেখানে বাড়ির গিন্নিরা কাজে ব্যস্ত। দম ফেলানোরও সময় নেই তাদের।
বাড়ির মেয়েরা গেছে স্কুল-কলেজে। এদিকে ধান কাটা মানুষগুলো চলে এসেছে। উনাদেরকে খেতে দিতে হবে। আজ হাটবার ছিল বাজার সদাই এনে, কেটে বেছে-ধুঁয়ে, সেসব রান্নার জোগাড় করতে দেরি হয়ে গেছে৷ তাও আগের আনাজপাতি ছিল সেগুলো আগে থেকেই কেটে রেখেছে।
রান্নাঘরের দাওয়ায় পিঠ ঠেকিয়ে বসে আছেন নূরবানু। কোলের ওপর পিতলের পানের বাটা। খয়ের আর চুন মাখিয়ে পান সাজাচ্ছেন তিনি।
মুখটা বরাবরের মতোই গম্ভীর৷ কামলারা এসে গেছে দেখে তাড়া দিয়ে বললেন,
_'ভাতডি বাড়ো বড় বউ, কামলারা মাঠ থেইক্যা আইয়া পড়ছে। কামের মানুষ তারা, কতক্ষণ বইয়া থাকব?'
শাশুড়ীর কথা শুনে রেখা আঁচলে ঘাম মুছতে মুছতেই জবাব দিলেন,
_'দিতাছি আম্মা, এই তো শেষ।'
একথা বলেই উনি আড়চোখে তাকালেন সেজো জায়ের দিকে। তাকে যদি এখন ভাত বাড়তে বলা হয় নির্ঘাত বাহানা তৈরি হবে। সে আবার কামচোর। একটা কাজ করতে দিলে দেহ নড়ে না। একটা করতে করতে উনার আরো পাঁচটা কাজ হয়ে যায়। অগত্যা নিজেই কাঠের হাতা নিয়ে এগিয়ে গেলেন। কামলাদের জন্য মোটা চালের ভাত আগেই রান্না করা
হয়ে গেছে। মারানি দিয়ে মাড় গেলে উপুড় করে রাখা হয়েছে পাহাড়সম ভাত। মাটির তৈরি জোড়া চুলোয় চাপানো ঢাউস সাইজের বড় পাতিল।
তাতে এখনো টগবগ করে ফুটছে পাতলা মুসুর ডাল। কেবল রসূন কুঁচি,
পেয়াজ কুঁচি, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়েছেন।
তাতেই পুরো রান্নাঘর ঘ্রাণে ম ম করছে। অন্য চুলোয় লোহার কড়াইতে টমেটো, ধনেপাতা দিয়ে রান্না হয়েছে কাতলা মাছের ঝোল। ডেকচিতে
রাখা আলু, বেগুন, কুমড়ো দিয়ে পাঁচমিশালি সবজি। এমনিতে ভুঁইয়া
বাড়িতে সদস্য সংখ্যা বেশি, তার ওপরে ধানের মৌসুমে কামলাসহ প্রায় জনা ত্রিশ/পঁয়ত্রিশ জন মানুষের খাওয়া-দাওয়ার দায়িত্ব পালন করতে হয়। তিন জায়ের পক্ষে এত কাজ সামলানো অসম্ভব তাই গরীব/বিধবা কয়েক মহিলা রাখা হয়েছে। তারা কাজ করে দেয়। রান্নাঘরে দুই বউকে
কাজ করতে দেখে নূরবানু ভ্রুজোড়া কুঁচকে নিলেন৷ পানের পিক ফেলে আশেপাশে তাকালেন। ছোটো বউকে না দেখে জিজ্ঞাসা করলেন,
_'বড় বউ, ছুডু বউ কই?'
বড় গিন্নি তরকারি তুলতে তুলতে জবাব দিলেন,
_'কুমড়ো ফুল আনতে কইছিলাম, এহনো আহে নাই।'
_' শামীম বাড়িত আইছে?'
_'হ আম্মা, আইছে।'
নূরবানু দাঁতে দাঁত চেপে বসে রইলেন। রাগে গা পিত্তি জ্বলে গেল উনার।
ঠিক তখনই চুলে গামছা জড়িয়ে তড়িঘড়ি এলো বকুল। শাড়ির কুঁচিটাও ঠিকমতো করতে পারেনি। রান্নাঘরে শাশুড়ীকে দেখে মুখ শুকিয়ে গেল। কড়া কথা শোনার প্রস্তুতি নিয়ে থালা-বাটি নামাতে লাগল। বড় জায়ের হাত হাতে কাজ করতে লাগল। নূরবানু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন,
_'ছুডু বউ, আমার সম্মুখে খাঁড়াও!'
বকুল ধীরে পায়ে এসে মাথা নিচু করে দাঁড়াল। চোখ-মুখ চুপসে গেছে।
উনি ছোটো বউকে আপাদমস্তক দেখে বললেন,
_'অহন আওনের সময় হইল? কামলারা বইয়া আছে। বড় বউ, সেজো বউ একা হাতে খাইটা মরতাছে৷ আর তুমি গা গুসল কইরা উপেস্থিত হইছো? তুমার কি আক্কেল জ্ঞান হইব না? বাপে-মায়ে খালি গা-গোসল দেওয়ায় শিখাইছে? স্বভাব সহবত শিখায় নাই?'
লজ্জায় বকুলের মাথা নিচু হতে হতে থুতনিটা গলায় ঠেঁকল। কিছু বলার শব্দ খুঁজে পেল না। বলার মতো রুচিও হলো না। কি বলতো, আপনার ছোটো ছেলের শরীর জাগার সময়-জ্ঞান নেই। সে যখন যেভাবে নিজের মর্জি জানাবে তখনই তাকে ডাকে সাড়া দিতে হবে। সে রাত-দিন দেখে
না, মানুষজন বোঝে না, ভালো-খারাপের ধার ধারে না। একবারও ভাবে না এসময় কত কাজ। কাজের সময় তাকে না পেলে সবাই খুঁজবে। কথা শোনাবে। অবশ্য যে বুঝেও অবুজ তাকে কি বা বোঝাবে? বড় জায়ের কথা শুনে কুমড়ো ফুল তুলতে গিয়েছিল সে। তাকে দেখে পানি খাওয়ার কথা বলেছিল শামীম। সরলমনে পানি দিতে গিয়ে আটকে পড়েছে। কত অনুরোধ, কত কি বলল শুনলোই না। এই ভর দুপুরে ঘরে দরজা আঁটকে নিজের মর্জিকে প্রাধান্য দিলো৷ স্বামীর প্রতি এমনি এমনি অনীহা আসে না, আসে তার কাজকর্মে। তাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে নূরবানু
আড়চোখে তাকালেন। একটু কিছু বললেই কাঁদতে হবে? চোখের পানি যেন রেডিই থাকে। কিন্তু শাষণ না করলে হবে? লাই দিলে ধৈই ধৈই করে মাথায় উঠে নাচবে। তাই গম্ভীরমুখেই পুনরায় বললেন,
_'রাইতে শরের থেকা মেহমান আইছে। সব বউরে কইতেছি মাথার থেকা আঁচল যদি সরছে সবডির চুলের মুঠে ধইরা বাপের বাড়ি খেদাইয়া দিমু। বেলাজ বউ আমার বাড়িত রাখতাম না। '
বকুল মৃদু মাথা নাড়িয়ে সরে গেল। চোখ দুটো চোখের পানিতে ঝাপসা।
গলার কাছে কান্না আটকে আছে৷ একটু প্রাণভরে কাঁদতে পারলে ভালো লাগত। রান্নাঘরে কাজের মেয়েগুলো আড়চোখে তাকে দেখে মিটিমিটি
হাসছে। নিজেরা ফুসুরফাসুর করছে। এ নতুন কিছু না। তার স্বামী প্রায়ই নিত্যদিন এমন কাজ করে যে অন্যরা তাকে দেখে হাসার সুযোগ পায়।
মজা লুটে। ঘরের মানুষটাই যদি সবার কাছে ছোট করতে চাই তাহলে কাকে কি বলবে? পরের সঙ্গে যুদ্ধ করা যায় কিন্তু ঘরের মানুষের সঙ্গে কিভাবে..!
এদিকে কামলারা হাত-মুখ ধুয়ে পাটি বিছিয়ে বসে পড়েছে। ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে। এখন দুটো খেয়ে আবার মাঠের দিকে ছুটবে। অতঃপর বাড়ির গিন্নিরা খাবার বেড়ে দিলে রফিক আর সারোয়ার সবকিছু নিয়ে গেল। সবাইকে খাবার দিয়ে নিজেরাও বসে পড়ল। ভাত, সবজি, ডাল, মাছের ঝোল নিয়ে খেতে শুরু করল। ক্ষুধা পেটে ঘরোয়া রান্না অমৃতের সমান। সকলে বেশি বেশি ভাত নিয়ে পেট পুরে খেলো। রান্নার প্রশংসা করতে ভুলল না৷ তারপর উঠে দলবেঁধে আবার হইহই করে মাঠের দিকে ছুটল। এতগুলো মানুষ চলে যেতেই চারপাশটা নীরব হয়ে গেল। নয়তো এতক্ষণে গমগম করছিল। তারা যেতেই শেফালি, কাকলি থালা-বাসন ধোঁয়ার কাছে লেগে গেল। শেফালি খালা আশেপাশে তাকিয়ে বললেন,
_'সুলেমান লেংটা কই? সক্কাল থেকা তো দেহি নাই। চইলা গ্যাছে নাকি?'
_'না। হের ঘরে ঘুমাতাছে। রাইতে নাকি ঘুমায় নাই। শরের পোলারা কি বলদ হয় খালা?'
_'এমন মনে হইল ক্যান?'
_'ওই পোলা ঘরের লাইট-ফ্যানের সুইচ না দিয়া কারেন্টের অপেক্ষা করছিল। ফরজের আজানের সময় কারেন্ট আইছে, হেই জানেই না।'
একথা বলে কাকলি খিলখিল করে হাসতে লাগল। শেফালি নূরবানুকে দেখে ইশারায় থামতে বললেন। কিন্তু কারো হাসিই থামল না। বরং মুখ টিপে হাসতে লাগল।
ওইদিকে গিন্নিদের ব্যস্ততা এখনো কমে নি। এবার বাড়ির কর্তাদেরকে খেতে দিতে হবে। তাছাড়া কামলাদের জন্য সাদামাটা আয়োজন হলেও
বাড়ির কর্তাদের কি এসবে হবে? হবে না৷ উনাদের চাই হরেক রকম পদ।
নয়তো খাবার নাকি মুখে তুলতে পারেন না। তাই উনাদের জন্য হয়েছে
চিকন চালের ভাত, বড় গলদা চিংড়ি ভুনা, খাসির মাংস, বড় রুই মাছ ভাজা, ঘন মুগ ডাল, সবজি, দুই রকম ভাজা আর রসগোল্লা। কর্তাদের খাবার রেডি। তিন বউ সেসব দিয়ে ডায়নিং টেবিল সাজিয়ে দিয়েছেন।
একটুপরেই বাইকের শব্দ শোনা গেল। আযান ভুঁইয়াও চলে এসেছেন।
বাইক থেকে নেমে উনি সিরাজকে বললেন বাজারের ব্যাগটা আরিজের বাড়ি পৌঁছে দিতে। নয়তো আরিজ ঝগড়া বাঁধাবে। একথা শুনে সিরাজ শিষ বাজাতে বাজাতে ব্যাগটা নিয়ে চলে গেল। আরিজের মায়ের হাতে ব্যাগটা দিয়ে আসতেই কলিমের মুখোমুখি হলো সে। কলিম আরিজের বাড়ির ভাড়াটিয়া। পেশায় ট্রাকচালক। সিরাজকে দেখে কলিমের মুখটা থমথমে হয়ে গেল। এই সিরাজকে তার একটুও পছন্দ না। দেখলোই রাগ হয়। মন বলে এক ঘুষি বসিয়ে দিতে। সে পাশ কাটিয়ে নিজেদের ঘরে ঢুকল। তারপর পরনের শার্ট খুলতেই তার বউ শিউলি রুমে ঢুকল। জিজ্ঞাসা করল,
_'বাজার আনছেন?'
_'না।'
_'তাইলে আমি কি রানমু?'
_'আরে বউ কাছে আয়া বস। তোর জন্যি মেলা দামী জিনিস আনছি।'
_'কি জিনিস? জিনিস লাগব না আমার। আপনে বাজার আইনা দেন।'
বউয়ের কথা শুনে কলিমের মুখের হাসি মুছে গেল। মেয়ে মানুষ বেশি কথা বলে। সে লুঙ্গির গিট্টু থেকে দুই পিচ বড়ি বের করে শিউলির হাতে দিলো। বলল,
_'তোরে বাড়ি থেকা তুইলা আওনের সময় কইছিলাম না আমি নুন খাইলে তুই নুন খাইবি, আমি ফ্যান খাইলে তুই ফ্যান খাইবি! আইজ টেরাকের মাল ঠিকঠাক মতো ডেলিভারি দিছি। মহাজন খুশি হয়া দুই পিচ সুখী বড়ি দিছে। ধর বউ, এই ল, সুখী বড়ি খা।'
কলিমের কথা শুনে শিউলি হতবাক। সে হাতের বড়ি দুটো নেচেচেড়ে
দেখল। তারপর বিষ্ময় নিয়ে বলল,
_'ওমা, কি কন এডি? সুখী বড়ি না মেয়া মাইষ্যে খায়? আপনে ক্যান খাইবেন?'
_'আরে পাগলি বউ আমার। তুই দেহি কিচ্ছু বুঝোস না।'
_'কি বুঝি না আমি? পাগল ছাগলের লাহান কি সব কইতেছেন?'
_'যার মনে সুখ আছে হেই সুখী বড়ি খাইতে পারে। এডা বিদেশী সুখী বড়ি পাগলি। হ্যার বিদেশী নাম হইল ইয়াবা।'
_'কার বাবা!'
_'ইয়াবা! ইয়াবা!'
_'এডি আবার কি? কেমনে খায়?'
_'কেমনে খায় আমি তোরে শিখাইয়া দিমু। '
_' আপনে বড়লোকী ওষুধ ক্যান আনছেন? খায়া যদি মইরা যায়? '
_'মরবি না পাগলি। এডা খাইলে নিজেরে পৃথিবীর সবথেকা সুখী মানুষ মনে হয়। রাজ্য না থাকলেও নিজেরে রাজা মনে হয়। রাজা হইতে এহন আর ট্যাহা পয়সা লাগে না, একপিচ ইয়াবা খাইলেই হয়। '
স্বামীর কথা শুনে শিউলি হতবাক হয়ে গেল। দারুণ জিনিস তো। রাজ্য ছাড়া রাজা? ভাবা যায়! তারমানে এটা অলৌকিক কিছু। এটা সে খাবে না, বাক্সের ভেতর লেপের তুলে রাখবে৷ এমন দামী জিনিস বাইরে রেখে যদি নষ্ট হয়ে যায়? প্রয়োজনে আচারের মতো করে খাঁটি সরিষার তেলে চুবিয়ে রাখবে। তাহলে আর নষ্ট হবে না!
আযান ভুঁইয়া হেঁটে যেতে যেতেই আরাফ ভুঁইয়ার সঙ্গে দেখা হলো। উনি কিছু বলার আগে আরাফ ভুঁইয়া বললেন,
_'ভাই, আজ এত দেরি হলো যে তোমার? ভিড় ছিল নাকি?'
_'আইজ হাটবার আছিল না? হাটের দিন তাই খদ্দের বেশি আইছিল।'
_'ওহ, যাও ফ্রেশ হয়ে নাও, আমি আসছি।'
_'তাড়াতাড়ি আয় একলগে খামু।'
_'হুম।'
একথা বলে আযান ভুঁইয়া স্থান ত্যাগ করলেন। উনি গেলে আরাফ ফোন এদিক-ওদিক ঘুরাতে লাগলেন। ছেলেকে কল দিচ্ছেন কিন্তু কল ঢুকছে না। নেটওয়ার্ক নেই। জোহরের নামাজে গিয়েছিলেন ফিরে দেখেন ছেলে পাঁচবার কল করেছে। কলব্যাক করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই। তাই এখানে দাঁড়িয়ে ফোনটা উঁচু করে নেটওয়ার্ক খুঁজছেন। পাচ্ছেন না দেখে এদিকে-ওদিক হাঁটতে লাগলেন। আশেপাশে দেখতে লাগলেন। কতদিন পর গ্রামে এসেছেন। বিশাল জায়গাজুড়ে উনাদের ভুঁইয়া বাড়ি। দেখতে কিছুটা জমিদার বাড়ির ডিজাইনে তৈরি। সাদা রং করা। জায়গা জায়গা পলেস্তারা খসে পড়েছে। বাড়িটি তৈরি করেছিলেন উনার বাবা আকবার ভুঁইয়া। তিনি মারা গেছেন আট বছর হতে যাচ্ছে। মারা যাওয়ার আগে এ বাড়ির মালিকানা সহধর্মিণী নূরবানুকে করে দিয়েছিলেন। ছেলেদেরকে যার যার হক বুঝিয়ে দিয়েছেন। ব্যবসা করতে টাকা দিয়েছেন। আলাদা
থাকলে বাড়ি করার জন্য চার ভাইকে রাস্তার ধারে জমিজমা দিয়েছেন।
আকবর ভূঁইয়ার চারজন ছেলে। আযান, আরাফ, তাওহীদ আর শামীম।
যদিও একটা বোন ছিল পাঁচ বছর বয়সে পানিতে ডুবে মারা গেছে। তাই তাকে কেউ মনে রাখেনি।
আযান ভুঁইয়া হচ্ছেন সবার বড়। বছর দুয়েক আগে এক্সিডেন্টে একপা হারান তিনি৷ হাঁটু অবধি পা থেতলে যাওয়ার কারণে হাঁটু বরাবর পা টা কাটতে হয়েছিল। বর্তমানে স্ক্যাচ নিয়ে হাঁটাচলা করেন। অন্য সব কাজ করলেও একা চলাফেরা করতে পারেন না। কয়েক ধাপ এগিয়ে হাঁপিয়ে যান। জোরে হাঁটতে গেলে শরীর কাঁপতে থাকে। তাই উনার সঙ্গে সিরাজ নামের এক ছেলে সবসময় থাকে। তার কাজ হলো উনাকে চোখে চোখে রাখা। সিরাজ উনাকে বাইক করে সব জায়গায় নিয়ে যায়। তাকে কখন লাগে বলা তো যায় না তাই কাচারি ঘরের পাশে ঘর তুলে দিয়েছেন। সে সেখানে থাকে আর আযান ভুঁইয়ার ফরমায়েশ শোনে। আযান ভুঁইয়ার প্রথম স্ত্রী মারা গেছে বেশ কয়েক বছর আগে। প্রথম স্ত্রীর ঘরে দুই মেয়ে, সুমাইয়া আর হুমায়রা। ছয়মাস হলো তাদের দুই বোনকে একসাথে এক বাড়িতে বিয়ে দিয়েছেন। সুমাইয়ার ছোট দেবরের সঙ্গে হুমায়রার বিয়ে হয়েছে। এক বাড়িতে বেশ ভালোই আছে তারা। তবে তারা আর ভুঁইয়া বাড়িতে আসেনা। যোগাযোগ করে না। ডাকলে আসে না। হয়তো বাবার ওপর রাগ করেই আসেনা। আসবেই বা কেন? অপমান হতে? আযান ভুঁইয়া বাবা হয়ে নিজের মেয়েদের দেখতে পারেন না। আপদ মনে করে।
পথের কাঁটা ভাবে। তাই এসে বাবাকে বিরক্ত করে না। প্রথম স্ত্রী রাবেয়া
মারা যাওয়ার পর উনি রেখাকে দ্বিতীয় করেন। ভেবেছিলেন আগেরজন
মেয়ে জন্য দিয়েছে এবার বোধহয় পুত্র সন্তানের জনক হবে। কিন্তু সেটা হয়নি। বরং ধারা, সারার জন্ম হয়ে উনার মনটাকে একেবারেই বিষিয়ে দিয়েছে। মেয়েলি কিছু সমস্যান কারণে রেখা কনসিভ করতে পারেনি। কবিরাজ জানিয়েছে রেখার নাড়িতে পুত্র সন্তান নেই। যতই চেষ্টা করুক সম্ভব না। উনার ঘরে চারমেয়ে। উনাকে ডাকলে কেন জানি বুক ঠান্ডা হয় না। হবে কিভাবে? পুত্র সন্তানের মুখে বাবা ডাক শোনার জন্য বুকে যে আজন্মের তৃষ্ণা জমে আছে। তারপর এক্সিডেন্টে এক পা হারালেন৷ তাতে কি হয়েছে? আয় রোজগার থেমে গেছে? কারো বোঝা হয়েছেন? হোন নি, হবেনও না। হাঁটের ওপরে উনার নিজস্ব চালের আড়ত আছে৷ আশেপাশে আরও আড়ত থাকলেও উনারটা সবচেয়ে বড়। নজর পড়ার মতোঁ পজিশনে উনার আড়ত। বেচাবিক্রিও প্রচুর। আর জমাজমি আছে সেসবে নিত্যনতুন আবাদ ফসল আসে। বছরে যতটুকু লাগে রেখে সবটা বিক্রি করে দেন। এভাবেই দিন চলছে।
আরাফ ভুঁইয়া এই বাড়ির মেজো ছেলে। পেশায় প্রফেসর। শহরে থেকে পড়াশোনা করেছেন উনি। বাকি ভাইয়ের মতো গ্রাম গ্রাম করে নিজের ভবিষ্যৎ নষ্ট করেন নি। বরং শহরে পড়াশোনা শেষ করে নিজ যোগ্যতায় শহরেই সেটেল্ড হয়েছেন। স্ত্রী মিরা ও একমাত্র ছেলেকে নিয়ে ঢাকাতেই থাকেন। বছরে দু'একবার ঘুরতে আসেন। মায়ের কাছে কিছুদিন থেকে সময় কাটিয়ে আবারও চলে যান। এবার ধান কাটার মৌসুমে এসেছেন।
উনার স্ত্রী একজন ডাক্তার। যার কারণে গ্রামের থাকেন না এবং ব্যস্ততায় এবার আসতেও পারে নি। তবে কালকে চলে আসবে। তাওহীদ ভুইয়া এ বাড়ির সেজো ছেলে। উনার স্ত্রী ফাবিহা। উনাদের দুই মেয়ে দিয়া, হিয়া। তাওহীদ মাছের ব্যবসা করেন। এছাড়া শহরের রাস্তায় চারটে ট্রাক ছাড়া আছে। নিজের জায়গাজমি আছে। শুটকির ব্যবসা আছে৷ সব মিলিয়ে উনিও বেশ ভালোই আছেন। আর এ বাড়ির ছোটো ছেলে হলো শামীম ভুঁইয়া। সে কর্মের কিছুই করে না। তবে জুয়া খেলে। ইদানিং কানে আসে ঘরে বসে নেশা করে। কিছু জমি বিক্রি করেছে। এবার বাড়ি এসে নিজে কথাও বলেছেন শামীমের সঙ্গে। সে জানিয়েছে আর করবে না৷ তার স্ত্রী বকুল। মেয়েটা খুব ভদ্র পড়াশোনা জানা মেয়ে। শামীম তাকে তুলে এনে বিয়ে করেছিল। বাবার বাড়িতেও যেতে দেয়না। তাদের দুই বছরে একটি মেয়েও আছে। তার নাম দোয়া। ভীষণ মিষ্টি দেখতে মেয়েটা। সদ্য কথা বলতে শিখেছে। দু'একটা শব্দও বলে। কথায় কথায় হাসে। তবে শামীম যতই জুয়া খেলুক, নেশাপানি করুক, বউ আর বাচ্চা তার কলিজা। সে
কোনো কারণে বকুলকে মারলে পরে নিজেই কাঁদে। বকুল যতক্ষণ না।হাসে ততক্ষণ হাত ধরে বসে থাকে। মাঝে মাঝে ভাইয়ের কান্ডে উনিও কিছু বলার ভাষা খুঁজে পান না। এবং বলা বাহুল্য, কেন জানি এ ভুঁইয়া বাড়িতে পুত্র সন্তান জন্মায় না। জন্মালেও বাঁচে না৷ উনার ছেলেই বাড়ির একমাত্র ছেলে সন্তান। সাত বোনের একভাই সে। তবে বোনগুলো কেন জানি তার উপস্থিতি পছন্দই করেনা। সেটা বুঝে ছেলেটা গ্রামে আসেনা।
ছেলের কথা বলতে না বলতেই ফোনের রিংটোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটল। কারণ স্কিণে ভাসছে একমাত্র ছেলের নাম - কমান্ডো হিমাদ্রি শেহজাদ।
চলবে.......
