#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
৯.
®রোজা রহমান নাঈমা
‘
মাঘের কুয়াশাচ্ছন্ন রাত। চারপাশ যেন সাদা ধোঁয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের গাছপালা, বাড়িঘর— সবকিছুই অস্পষ্ট হয়ে আছে কুয়াশার আড়ালে। শীত নেমেছে ভালোভাবেই। বাতাসে কনকনে ঠান্ডার কামড়, আর টিপটিপ করে ঝরছে নীহারের সূক্ষ্ম জলকণা। আকাশ বৃষ্টির বদলে কুয়াশাই ঝরিয়ে দিচ্ছে।
শীতঘুমে ডুবে আছে পুরো শহর। দূরে কোথাও থেকে ভেসে আসছে কুকুরের দীর্ঘ ডাক। রাত খুব বেশি হয়নি, তবু মাঘের এমন নিস্তব্ধ, কুয়াশামোড়া পরিবেশে সেই ডাকটা কেমন যেন অদ্ভুত এক বিষণ্নতার সুর হয়ে বাতাসে ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে, নিস্তব্ধ রাতের বুক চিরে কোনো অজানা শূন্যতা নিঃশব্দে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে।
রাত তখন এগারোটা পার হয়েছে। শীতের রাত অনেক লম্বা হয়। সেখানে রাত এগারোটা মানে গভীর নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতাকে হটিয়ে তুহিনের ফোন ভাইব্রেটে বুম বুম করে বেজে উঠল। তুহিন নড়েচড়ে পাশ ফিরে হাতরিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল ইশার কল। এত রাতে ইশার কল পেয়ে তুহিন ভ্রু কুঁচকাল। চিন্তার ভাজ পড়তেও দেখা গেল। চোখে ঘুম ঘুম ভাব ছড়িয়ে রেখে কল ধরতেই ইশার কান্নার আওয়াজ পেল। তুহিন হকচকিয়ে গেল তাতে। ডেকে উঠল,
“ ইশা?”
কান থেকে ফোনটা সরিয়ে মুখের সামনে ধরে দেখল ইশারই নম্বর৷ ঘুমের ঘোরে ভুলভাল কিছু হচ্ছে কিনা বুঝে উঠতে ফোনটা আবার কানে নিল তুহিন। এবারও ইশা কান্না করছে। তুহিন তৎক্ষণাৎ ডেকে বলল,
“ ইশা? কী হয়েছে? কাঁদছিস কেন?”
“ ভাইয়া!”
ইশা কান্নার দমকে কিছু বলতে পারছে না। তুহিনকে কিছু বলার জন্য চেষ্টা করছে সে। কিন্তু কান্নাতে তার কথা আসছে না৷ ইশাকে ওভাবে কাঁদতে শুনে মাঘের শীতের মাঝেও তুহিনের ঘাম ছুঁটে গেল। সে ছটফটিয়ে গায়ের ওপর থেকে কম্ফোর্টার সরিয়ে ফেলল। উদ্বিগ্ন ভাব ছড়িয়ে বলল,
“ আরে বলবি তো কী হয়েছে? মামু, মামু ঠিক আছেন? হ্যাঁ? আরে বল?”
তুহিন অস্থির হয়ে গেল। তার চিন্তা হচ্ছে আমিনুল হকের কিছু হয়ে গেল কিনা৷ বিছানা ছেড়ে নামতে যাচ্ছিল তখন ইশা বলল,
“ বু্বুন…!”
তুহিন থেমে গেল৷ ইয়াসমিন! ওর কী হয়েছে? পরক্ষণেই মনে পড়ল ইয়াসমিন তো অসুস্থ ছিল। তুহিন তড়াক বলে উঠল,
“ কী হয়েছে ইয়াসমিনের, ইশা?”
“ বুবুনের ভীষণ জ্বর উঠেছে। কেমন করছে যেন৷ থরথর করে কাঁপছে, গোঙাচ্ছে। আমি কিছুতেই থামাতে পারছি না৷ বাসায় আমি একা। কী করব, ভাইয়া? আম্মু তো নানুকে দেখতে গেছে। আর বাবাও এসে আম্মুকে আনতে চলে গেছে৷ আজ থেকে আসবে ওখানে৷”
ইশা হিচকি তুলে ফেলল কাঁদতে কাঁদতে। তুহিন লাফিয়ে নামল বিছানা ছেড়ে। তৎক্ষণাৎ ভরসা দিয়ে বলল,
“ কাঁদিস না, আসছি আমি। একটু অপেক্ষা কর।”
ফোন কানে রেখেই ঝটপট গাড়ির চাবি নিল। শরীরে ভারী জ্যাকেট জড়াল৷ জুতো পড়ল। এরপর বলল,
“ ইশা, যেটা বলছি কুইকলি সেটাই কর। ঘাবড়াস না, ওকে? ওর শরীরে আরো কিছু দে। কম্বল-টম্বল যা পাস। এরপর একটি বাটির ভেতর পানি নে। দ্যান টুকরো কাপড় নিবি। ওটা ভিজিয়ে ওর কপালের ওপর দিতে থাক। হাতে-পায়ে ম্যাসাজ করতে থাক৷ আমি পাঁচ-সাত মিনিটের মধ্যে পৌঁছাব। ওকে?”
তুহিন কথা বলতে বলতে নিচে নেমে মায়ের ঘরের সামনে চলে এলো। একহাতে ফোন রাখল অন্য হাতে আম্বিয়ার কক্ষের দরজায় করাঘাত করল। কিছুক্ষণের মাঝে আম্বিয়া দরজা খুললে সে সম্পূর্ণ পরিস্থিতিটা মায়ের কাছে বলল। আম্বিয়া শুনেও দেরি করলেন না৷ দ্রুত ঘরের ভেতর থেকে শাল নিয়ে তুহিনের সাথে পা চালালেন। মা ছেলে এক প্রকার দৌড়ানোর মতো করে বের হলো বাড়ি থেকে। এরপর গ্যারেজ থেকে তুহিন গাড়ি বের করে মাকে তুলে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। গাড়ির ভেতর থেকেই আম্বিয়া জাকিয়াকে বিষয়টা জানিয়ে দিলেন।
তুহিন এদিকে হসপিটালে কেবিন বুক করার চেষ্টা করল ড্রাইভ করতে করতেই। প্রয়োজন হলে হসপিটালে নিতে হবে। আম্বিয়া তাঁর ভাইয়ের সাথে কথা বলছেন গাড়ির ভেতর থেকে। ইশা ভয় পেয়ে সর্বপ্রথম তুহিনকেই কল দিয়েছে। বাবা-মাকে জানায়নি।
তুহিন যতটা দ্রুত পেরেছে আড়ুয়াপাড়া থেকে জেলখানা মোড়ে চলে এসেছে। ইয়াসমিনদের বাড়ির ভেতরে গাড়ি প্রবেশ করিয়ে যেমন তেমন ভাবে গাড়ি রেখে নেমে পড়ল। গাড়ি থেকে বের হয়ে দৌড়ে ভেতরের উদ্দেশ্যে ছুটল। আম্বিয়াও পেছন পেছন ছুটলেন। তুহিন একপ্রকার দৌড় দিয়েছে। শরীরে ভেতর ঘেমে উঠেছে৷ এতটা দ্রুত সবকিছু করেছে যে, এই শীতও তাকে ঘামিয়ে দিয়েছে।
ইশাই দরজা খুলে দিয়ে নিয়ে গেল ইয়াসমিনের ঘরে। মেয়েটা সমানে কাতরাচ্ছে এখনও৷ তুহিন দ্রুত এসে ইয়াসমিনের পাশে সর্বপ্রথম ওর কপালে হাত রেখে জ্বর পরীক্ষা করার চেষ্টা করল। অনেক জ্বর। আনুমানিক ১০১°-১০৪° হতে পারে। আম্বিয়া এলে তুহিন বলল,
“ অনেক জ্বর, আম্মু। হসপিটালে নিব?”
“ দেখি আগে। ওয়েট কর।”
আম্বিয়াও পরীক্ষা করলেন৷ ভালোমতো জ্বর শরীরে। আম্বিয়া বললেন,
“ তুই বাইরে যা৷ আমি জ্বর নামাতে পারি কিনা দেখি৷ এত রাতে হসপিটালে নেওয়াটা ঝামেলার হবে।”
তুহিন মায়ের কথা শুনে একবার ইয়াসমিনের দিকে তাকাল। কেমন থরথর করে কাঁপছে আর গোঙাচ্ছে মেয়েটা। মুখটা লাল টকটকে হয়ে উঠেছে। তুহিন কিছুক্ষণ কেমন চোখে যেন তাকিয়ে দেখল। এরপর সম্মতি দিয়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। আম্বিয়া ফটাফট নিজের কাজে লেগে গেলেন। সঙ্গ দিল ইশা। ফুপুকে সে সবটা ভেঙে বলল।
বেশ অনেকক্ষণের কসরতে ইয়াসমিনের কাঁপনি ছাড়ল। জ্বরটাও নিয়ন্ত্রণ এলো। মেডিসিন দেয়া হয়েছে। আম্বিয়া তখন ইশাকে বললেন,
“ তোর ভাইয়াকে আসতে বল৷”
ইশা বেরিয়ে গেল। দেখল ড্রয়িং রুমে তুহিন বসে হাঁসফাঁস করছে। ইশা একটু হাসল। এগিয়ে গিয়ে বলল,
“ জ্বর একটু নিয়ন্ত্রণে এসেছে, ভাইয়া৷ কাঁপনিও ছেড়েছে। তুমি ভেতরে এসো৷ ফুপি ডাকছেন।”
তুহিন তড়াক উঠে ইশার সাথে ভেতরে ঢুকল৷ ঢুকে বলল,
“ কমেছে না?”
“ হ্যাঁ, কমেছে। হসপিটালে নিতে হবে না এখন৷ সকালে নিলেই হবে। চেকআপ করিয়ে আনা যাবে।”
“ জ্বর মেপেছিলে?”
“ হুঁ, ১০৪° ছিল৷”
তুহিন এগিয়ে এলো। সামনে বসে বলল,
“ হঠাৎ এত জ্বর উঠল? মেডিসিন নিয়ে শোয়নি নাকি?”
বিরক্তি তুহিনের মুখে। আম্বিয়া বললেন,
“ হয়ে যায় এমন৷”
ইশা তখন বলল,
“জ্বর তো কাল থেকেই৷ আজ শীতে গোসল দিতে মানা করলাম। তবুও উনি বিকেল চারটার পর গোসল দিয়েছিলেন৷ বাসায় আম্মু ছিল না। বাবাও তো তোমাদের সাথে গেছিল। আমার কথা শোনে?”
তুহিনের বেশ রাগ হলো। আম্বিয়া বিষয়টা পছন্দ করলেন না৷ কিন্তু ইয়াসমিন এখন ঘুমোচ্ছে। তাই কিছু বলতে পারলেন না৷ তখন ইয়াসমিনের মা হালিমা মৃধা ফোন দিলেন আম্বিয়ার কাছে। মেয়ের পরিস্থিতি কোন পর্যায়ে আছে জিজ্ঞেস করলেন। ওনারা রওনা দিচ্ছেন জানালেন। তখন আম্বিয়া বললেন,
“ এখন চিন্তা নিয়ে আসতে হবে না, ভাবি। সকালেই আসুন৷ আমি আছি রাতটা। মেয়ের কাছেই থাকব। আপনার আম্মাও তো অসুস্থ। ওভাবে ফেলে আসার প্রয়োজন নেই। সকালেই আসুন৷”
আমিনুল হক হালিমা মৃধার থেকে ফোন নিয়ে আম্বিয়াকে জিজ্ঞেস করলেন,
“ জ্বর ঠিকঠাক নেমেছে, আম্বি?”
“ হ্যাঁ, আশা করি এখন সমস্যা হবে না। আমি আছি এখানে। আপনারা কালই আসুন, ভাইজান৷”
আমিনুল হক আর হালিমা মৃধাও একটু শান্ত হলেন। এত রাতে ফেরাটাও কসরতের হতো। তাই ওনারা আম্বিয়ার কথা মেনে নিয়ে জানালেন ভোরেই ফজরের নামাজ আদায় করে রওনা হয়ে যাবেন। পরে কী হয় না হয় জানাতে। আম্বিয়া আশ্বাস দিয়ে ফোন রাখলেন।
ইশা, তুহিন, আম্বিয়া কিছুক্ষণ বসে রইল ইয়াসমিনের কাছে। আম্বিয়া বললেন,
“ কফি করে আনি। বোস তোরা৷”
“ আমিও আসছি, ফুপি।”
আম্বিয়া কিছু বললেন না। বেরিয়ে গেলেন। ইশাও ফুপুর পেছন পেছন বেরিয়ে গেল। হয়তো তুহিনকে একটু সময় করে দিল। তুহিন ওদের যেতে দেখে সামনে থেকে একদম এগিয়ে এসে ইয়াসমিনের মুখোমুখি বিছানায় বসল। কিছুটা ঝুকল বরং। ইয়াসমিনের মুখের ওপর নজর রেখে দু'চোখ ঘুরিয়ে পুরো মুখে বিচরণ ঘটাল। ফর্সা সামান্য বোচা নাকটা লাল হয়ে আছে। চোখের পাতাও ফুলে ফুলে লাল বর্ণ ধারণ করেছে। মুখটা নিষ্পাপ ঠেকছে।
তুহিন মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল৷ তাদের প্রেমের সম্পর্ক নেই, তবুও প্রেমের সম্পর্ক টাইপ সম্পর্ক। দু’জনের বিয়ে ঠিক হয়ে আছে বলে কথা চলে। একে অপরের প্রতি টানও আছে। ভালোবাসাটা এখনও হয়েছে কিনা দু’জনের কেউই জানে না।
একটু অদ্ভুত সম্পর্কই বলা চলে। ইয়াসমিনও বেশ বিচক্ষণতার সাথেই তুহিনের সাথে কথা বলে। আবার তুহিনও সেই বিচক্ষণতা বুঝে ইয়াসমিনকে সায় দেয়। অন্যান্য মেয়েদের প্রতি আসক্তি তুহিন পায় না। যা আছে সেটা ইয়াসমিনের জন্যই বোধহয়। তুহিন একটা হাত তুলে ইয়াসমিনের কপালে রাখল। আবার জ্বরটা পরীক্ষা করল। এরপর কম্ফোর্টারের বাইরে রাখা ইয়াসমিনের একটি হাতের ওপর হাত রেখে ইয়াসমিনের দিকে তাকাল। হাতটা একটু উপরে তুলে দুই হাতের মুঠোয় ধরে রাখল তুহিন। বুঝল ইয়াসমিন গভীর ঘুমে আছে। তুহিন ওর ঘুমের নিঃশ্বাস শুনতে শুনতেই কাছে বসে রইল।
কিছুক্ষণ পর যখন আম্বিয়া আর ইশার আসার আওয়াজ পেল, ইয়াসমিনের হাত ছেড়ে দিয়ে দূরে সোফায় চলে গেল। কফি করে এনেছেন আম্বিয়া৷ তিনজন বসে বসে কফি খেল আর ইয়াসমিনের খেয়াল রাখল। একটা সময় পর আম্বিয়া ইশাকে গিয়ে ঘুমোতে বললেন। ইশারও ঘুম পেয়েছে। বোনের সাথে সে থাকে না। আলাদা কক্ষই আছে তার জন্য। তবে আজ বাসায় কেউ ছিল না বলেই বোনের সাথে শুতে হয়েছিল। না শুলে তো বোনের এই অবস্থা সম্পর্কে জানতেও পারত না৷ ইশা ওর নিজের কক্ষে চলে গেল। ভীষণ ঘুম পেয়েছে। কফিও সেই ঘুমকে আটকাতে পারেনি।
বসে রইল তুহিন আর আম্বিয়া৷ আম্বিয়া বললেন,
“ তুই না হয় গেস্টরুমে গিয়ে শুয়ে পর। আমি আছি তো। সমস্যা হবে না।”
“ না, তুমি একা কেন রাত জাগবে? বরং তুমিও শুয়ে পরো ওর পাশে। শরীর খারাপ করবে তোমার। সকালে তো স্কুলও আছে তোমার। আমি আছি আশেপাশে।”
“ কিছু হবে না। তুই যা।”
“ আমার ঘুম আসবে না৷ তুমি বরং শুয়ে পড়ো। আমি আছি।”
আম্বিয়া ছেলের জিদের সাথে পারলেন না। তিনি ইয়াসমিনের পাশে গিয়ে আধশোয়া হয়ে বসলেন। শুলেন না। যতটা পারবেন জেগেই কাটাবেন৷ তুহিনও গেল না। মায়ের সাথে টুকটাক কথা হলো। আম্বিয়া ক্লান্তিতে একটা সময়ে ঘুমিয়ে গেলেন। একে তো মেহেরপুর থেকে ফিরেছেন। সারাদিন একটা ধকল গেছে, জার্নি হয়েছে৷ সব মিলিয়ে সবাই ক্লান্ত থাকায় দ্রুত শুয়েও পড়েছিল মালিথা পরিবার৷ আম্বিয়া ঘুমিয়ে গেলেও তুহিন ঘুমোতে গেল না। সে ইয়াসমিনের পাশে বসে রইল। কখনো বেরিরে গিয়ে হেঁটে এলো। কখনো ফোনে গেম খেলল। আবার কখনও কফি করে খেল।
‘
নিস্তব্ধ রাত। ধোঁয়াশার চাদরে নিজেকে মেলে-ধরে দাঁড়িয়ে আছেন আজমীরা। চোখের পানি বাঁধ মানে না। নিজেকে দৃঢ় দেখাতে দেখাতে তিনি ক্লান্ত হয়ে একাকিত্বে চোখের পানি ফেলছেন। যা দেখার মতো আশেপাশে কেউ নেই। কক্ষের সাথে লাগোয়া বারান্দা। বারান্দা দিয়ে রাস্তা ঘাট আশে-পাশের দোকানপাট সবই দেখা যাচ্ছে। রাস্তার ল্যাম্প পোস্টের ঘোলাটে আলো তাকে ছুঁয়ে দিচ্ছে।
আজমীরা ঘুমিয়ে গিয়েছিলেন। কিন্তু একটা সময় পর আজ দুঃস্বপ্নে ঘুম ভেঙে গেছে৷ দুঃস্বপ্নটা ছিল জায়ান মালিথাকে নিয়ে। সেই টুকরো দেহের জায়ান মালিথার দেহটা তার চোখের সামনে পড়ে আছে সাদা কাফনের মাঝে৷ তিনি তা দেখেও কিছু করতে পারছিলেন না৷ শুধু নিজেকে ওই অবস্থায় কল্পনা করছিলেন। তিনিও খুব করে চেয়েছিলেন, ওই অবস্থায় যেতে৷ সেদিন না হয় এক সঙ্গেই দাফন হতো?
ক্ষতি তো হতো না! একসঙ্গে দাফন হলে কি হতো? তিনি তো এনেছিলেন একসঙ্গে জীবন কাটাবে বলেই। তাঁর বোঝা উচিত ছিল, সে ছাড়া আজমীরার কেউ নেই। বড় একা। কিন্তু না, মিথ্যাবাদী পুরুষটা কথা রাখেনি। তার জীবনে কখনো হস্তক্ষেপ করতেও দেয়নি। অথচ তাঁকে সাথে জড়িয়েছে৷ সঙ্গে এনেছে। এটা কেমন জীবন দিয়ে গেলেন উনি? হলো এটা একটা সুস্থ জীবন?
আজমীরা যখন হু হু করে কান্না করছিলেন, তখন মনে হলো প্রায় ছয় ফিট সম্পন্ন পাতলা শরীরের একটি পুরুষ তার পাশে এসে দাঁড়াল। পুরুষটির সম্পূর্ণ গেটআপ সেই নব্বইয়ের কলেজ জীবনের মতো। নব্বই দশকের ঢিলাঢালা জিন্স প্যান্ট আর ফুলহাতার শার্ট। চওড়া চিকন শরীরে ওই শার্ট বড়ই ঢোলা দেখাতো। চুলের স্টাইলটা সেই সময়কার মতোই। অতিরিক্ত বড় নয় আবার কোলিছাটা ছোট ছোটও নয়। মুঠোয় নিমেষে পুরে নেয়া যায় এবং ব্যাকব্রাশ করা চুল। মুখাবয়বের প্রতিক্রিয়া সবসময় ভাবলেশহীন। যেন এক বোহেমিয়ান পুরুষ তাঁর পাশে এসে দাঁড়িয়েছে।
আজমীরার বিভ্রম হচ্ছে। তিনি জায়ান মালিথার উপস্থিতি টের পাচ্ছেন। কিছুক্ষণ পর তার কণ্ঠও পেলেন,
“ ওভাবে কাঁদছ কেন, আজমী? কাঁদে কারা জানো?”
প্রশ্নটা করে নিজেই আবার উত্তর করলেন,
“ যারা দুর্বল, তারা। তুমি দুর্বল?”
জায়ান মালিথা শেষে প্রশ্ন রাখলেন আবার। একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। এরপর আকাশের দিকে তাকালেন৷ ওই ধোঁয়াশায় মেলে থাকা আকাশে তাকিয়ে তিনি বললেন,
“তোমাকে দুর্বলতায় মানায় না, আজমী। দুর্বল হয় ব্যক্তিত্বহীনারা। যাদের মেরুদণ্ড নেই। মেরুদণ্ডের জোর নেই।”
ঠিক তখনই আজমীরা বললেন,
“ আমার মেরুদণ্ড তো আপনি ছিলেন, জায়ান৷”
“ উঁহুঁ, ভুল ধারণা নিয়ে আছ৷ তোমাকে আমি তোমার নিজস্ব মেরুদণ্ড দিয়েছি। নেই বা জোর নেই এটা তো হবার কথা নয়? তোমার পরিচয় কী, আজমী? তোমার ওই মেরুদণ্ড কোথায়, ঠিক কোথায়, আজমী?”
এই পর্যায়ে আজমীরা কথা বলতে পারলেন না৷ জায়ান একভাবে তাকিয়ে রইল। কিছুক্ষণ আর কথা এলো না। আজমীরা কথা না পেয়ে হঠাৎ পাশ ফিরে চাইলেন৷ দেখলেন কোথাও কেউ নেই। শুধু হিমের কান্নার আওয়াজ ভেসে আসছে। ভেতর থেকে মা মা বলে কান্না করছে। হিমের কান্নাতেই তাঁর বিভ্রম ছুটেছে। আজমীরার ওই সময় মনে হলো— তিনিও জায়ান মালিথার মতো হাওয়ায় মিলিয়ে যাক।
আজমীরা চোখ মুছে ভেতরে ঢুকলেন। হিম পাশে মাকে না পেয়ে ভয় পেয়েছে। এখনও আলাদা কক্ষ তাকে দেয়া হয়নি। একা থাকার অভ্যাস হয়নি। নিরিবিলি এই ছেলেটা মা বলতে পাগল। মাকে ছাড়া তার চলে না।
…
সকালে চা-নাস্তার আড্ডায় নীহার কফি খেতে খেতে শশীকে উদ্দেশ্য করে বলল,
“শশী, তুমি নাকি সুন্দর আর্ট করতে পারো?”
শশী কাল থেকে নীহারকে দেখলেই লজ্জায় মরে যাচ্ছে। চোখে তো চোখ মেলাতেই পারছে না, এখন আবার আচানক এমন প্রশ্নে আরো বেশি লজ্জা পেল। শশী মাথা উপর-নিচ ঝাঁকিয়ে হ্যাঁ বলল। অর্থাৎ পারে। নীহার একইভাবে বলল,
“ তো আমার একটা স্কেস একে দাও দেখি। কেমন পারো৷”
শশী এবারও নীহারের দিকে চোখে চোখ রেখে তাকাতে পারল না। মাথা নিচে রেখেই আশ্চর্য হবার ভঙ্গিতে বলল,
“ আপনার?”
“ হ্যাঁ, আমার।”
এই পর্যায়ে শশী কী মনে করে যেন নীহারের দিকে নজর তুলে তাকাল। নীহার তখন শশীর দিকে তাকিয়ে থেকেই কফির কাপে চুমুক দিল। শীতের সকালে কালো হুডি জ্যাকেট পরা পুরুষটি যেন ভীষণ উদ্বেগহীনতায় কফির কাপে চুমুক দিচ্ছে। ডার্ক ব্রাউন চোখজোড়া তার দিকেই তাকিয়ে আছে। কৃষ্ণকালো ঘন ভ্রুযুগল ঈগল পাখির ডানার মতো মেলে আছে। কফির কাপে চুমুক দেয়ার সময় শশীর দিকে তাকিয়েছে বলে কপালে পরপর তিনটা সূক্ষ্ম ভাজ পড়েছে। ওই ভাজ আর চোখজোড়া শশীর কাছে খুবই অদ্ভুদ ঠেকল। কেমন নেশা নেশা চোখজোড়া। শশীর নেশা ধরল কিনা বলাটা মুশকিল।
শশী বহু পুরুষ দেখেছে। স্কুলে যেতে, আসতে গিয়ে এযাবৎকাল অনেক রকম ছেলেদের দেখা হয়েছে তার। কিন্তু শশীর এখন মনে হচ্ছে; এমন পুরুষ সে কখনও দেখেনি। এই পুরুষ ভীষণ আলাদা। তাকে স্কুলে যে-সব ছেলেরা গোলাপ দিয়ে প্রেম নিবেদন করে থাকে, সে-সব ছেলেদের মতো নয় নীহার। একদমই ভিন্ন পুরুষ। আর ভিন্ন পুরুষকেই শশীর ভীষণ পছন্দ হয়। যার আলাদা ব্যক্তিত্ব আছে, আলাদা সৌন্দর্য আছে৷ শশী কতক্ষণ তাকিয়ে দেখল আলাদা রকম ব্যক্তিত্বের নীহার পুরুষটিকে। নীহারের তাকানো, কফি খাওয়া, কফির কাপ ধরার স্টাইল— সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। দেখে দেখে একদম মুখস্থ করে ফেলল।
শশীকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নীহার বলল,
“ স্কেচ আর্ট করবে বলে ওভাবে দেখছ নাকি? হুঁ?”
নীহার দু'ভ্রুর উঁচিয়ে জিজ্ঞেস করল। এবং দুবার নাচাল ভ্রু। শশীর আর সহ্য হলো না নীহারের ওমন রূপ আর ব্যবহার। ভীষণ লজ্জা পেয়ে সে সোফা থেকে উঠে দৌড় দিল। নীহার শশীর কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কী হলো! নীহার বুঝে উঠল না। ওভাবে দৌড় দেয়ার কী আছে? মেয়েটার অদ্ভুত কাজকারবার!
.
সকাল ছয়টায় কুয়াশার কোচিং শুরু হয়। ক্লাস নাইনে ওঠার পরপরই তাকে কোচিংয়ে দেয়া হয়েছে। কেননা সে সায়েন্স নিয়েছে। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তাকে ভালো করতে হবে। এটা তার নিজের কাছেই নিজের প্রতিজ্ঞা। অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষায় তার রেজাল্ট এসেছিল A+. রেজাল্ট পেয়ে মালিথা পরিবার ভীষণ আনন্দ করেছিল। দশ কেজি মিষ্টি বিলিয়েছিলেন জাকির মালিথা। বাড়ির একমাত্র মেয়ে ভালো রেজাল্ট করেছে আর মিষ্টি বিলানো হবে না, তাই কখনো হয়? নীহার তো পারেনি কুয়াশাকে মাথায় করে নিয়ে নাচে। তার বোনকে সে ডাকে আলফা লেডি। কুয়াশাকে সেদিন নীহার নিজের বাইকের পেছনে চড়িয়ে মৌ-বন রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল খাওয়াতে। এতটা খুশি হয়েছিল সবাই।
এসব আদিখ্যেতা আবার একজনের পছন্দ হয়নি। সেই একজনটা অবশ্যই শিশির। তার মতে কুয়াশা জুতোর তলা ক্ষয় করতে করতে A+ পেয়েছে। তার মতো শুয়ে বসে থেকে A+ পাওয়া ছাত্রী নয় সে। কথার অর্থ, তার মতো শুয়ে বসে A+ পেলেই গা সেই পাওয়া আসল পাওয়া হতো। কুয়াশার রেজাল্ট নিয়ে তার কোনোই মাথা ব্যথা নেই। দেখাও যায়না।
কোচিং শেষে কুয়াশা তার প্রিয় বান্ধবী, যাকে সে সবচেয়ে বেশি ভরসা করে, সেই বান্ধবী স্মৃতি ও ইশা তিনজনেই বেরিয়ে হাঁটছে। স্মৃতি আর ইশা অবশ্য সম্পূর্ণ হেঁটে বাড়ি ফেরে না। কুয়াশার সুবিধা হয়। কোচিং বেশি দূর হয়না তার বাসা থেকে। সরকারি কলেজের সামনেই কোচিং সেন্টার। আর স্মৃতির বাড়ি হাউজিং-এর এ-ব্লকে। ইশার বাড়ি তো জেলখানার মোড় সংলগ্নে। সেহেতু স্মৃতি আর ইশা এক সঙ্গেই যাওয়া-আসা করতে পারে। কুয়াশা রিক্সাতেও আসা-যাওয়া করে আবার হেঁটেও করে।
ওরা যখন বের হয়ে হাঁটছে তখন পেছন থেকে একটি ছেলে কণ্ঠে কেউ ডাকল। কে ডাকল ওরা তিনজনই বুঝেছে। পেছন ঘুরল ওরা। দেখল তাদেরই সমবয়সী ছেলেটি স্কুল ব্যাগ পিঠে বাঁধিয়ে বাই-সাইকেল নিয়ে এক প্রকার দৌড়াচ্ছে। দৌড়ে তাদের পাশে চলে এলো৷ বিশেষ করে কুয়াশা ছিল তিন বান্ধবীর কর্ণারে, সেই কর্ণারে ছেলেটি এসে থেমে হাঁটতে লাগল ওদের সাথে৷ জিজ্ঞেস করল,
“ কোথায় যাচ্ছ তোমরা এখন?”
উত্তর করল স্মৃতি,
“ তুই এলি কেন? আমরা তিন বান্ধবী এখন চায়ের আড্ডা দিব। তুই বাড়ি যা, রনি।”
ছেলেটির পুরো নাম শেখ রওশন রনি। রনি স্মৃতির চাচাতো ভাই। স্মৃতির চাচা অর্থাৎ রনির বাবা রাজন শেখ একজন পৌরসভার মেয়র। মেয়র রাজন শেখের ছেলে শেখ রওশন রনি। রনি কুয়াশার দিকে একবার দেখে নিল। এরপর বলল,
“ তোর বাঁধছে কেন? আমিও চায়ের আড্ডা দিব তোদের সাথে। বান্ধবীদের সাথে চায়ের আড্ডা জমে যাবে। হ্যাঁ না, কুয়াশা?”
কুয়াশা এই ছেলের সাথে আগে কোনোভাবেই কথা বলত না। মিশতোও না৷ রনি হাজার কথা বলার চেষ্টা করলেও কুয়াশা কখনওই সেই চেষ্টাকে পরোয়া করেনি। কম চেষ্টাও করেনি রনি। রনি পড়াশোনা করে কুষ্টিয়া জিলা স্কুলে। আর কুয়াশা কুষ্টিয়া গার্লস স্কুলে। সেক্ষেত্রে তাদের দেখাসাক্ষাৎ হয় একমাত্র কোচিং কিংবা প্রাইভেট থেকে। স্মৃতি ও রনির বাড়ি আলাদা আলাদা স্থানে। তাই স্মৃতির বাড়ি কুয়াশা গেলে দেখা হবার কথা নয়। কুয়াশা স্মৃতির বান্ধবী বলে রনি সেইসূত্রে তাকেও ওর বান্ধবী বানাতে চাইত। কিন্তু কুয়াশা সেটাকে কম্ফোর্ট মনে করত না। এরপর কুয়াশা যখন নিজের এই সমস্যার সমাধান পেয়েছিল, এরপর থেকে বাইরের ছেলেদের সংস্পর্শকে সাধারণভাবে নিতে শিখেছে। বুঝতে শিখেছে, জানতেও শিখেছে। রনি তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। কুয়াশা সেটাকে এখন কিছুটা গুরুত্ব দেয়। টুকটাক কথা হয়, মজা হয়। এভাবেই এখন সে রনির সাথে মিশে থাকে৷
রনির প্রশ্নে কুয়াশা দুইহাত উঁচিয়ে বলল,
“ নো প্রবলেম। করাই যায়। এসো তুমিও।”
রনি তখন কুয়াশার পেছন দিয়ে হাত বাড়িয়ে স্মৃতির মাথার ওপর চাটি বসিয়ে দিল। বলল,
“ দেখলি? তুই হারামিই আমাকে বুঝিস না শুধু।”
কুয়াশাকে বলল,
“ থ্যাঙ্কস, কুয়াশা। তুমি ভীষণ মিষ্টি। এইজন্যই তোমাকে বন্ধু বানানো উচিত। ওটাকে নয়।”
স্মৃতির দিকে চোখমুখ বিকৃত করে তাকাল রনি। স্মৃতিও রাগি চোখে তাকাল। ইশা বলল,
“ রনি তোমাদের স্কুলে ভর্তি শেষ হয়েছে?”
“ এখনও তো ভর্তি নিচ্ছেই।”
“ ওহ আচ্ছা।”
“ হ্যাঁ।”
“ শুনেছি তুমি সুন্দর গান গাইতে পারো, গিটারও আছে তোমার?”
কুয়াশার কথায় রনি ভীষণ আনন্দিত হলো বলে মনে হলো। তার কোনো বিষয় কুয়াশা জানে এবং সেটা নিয়ে কথা বলছে মানে, রনি ভীষণ খুশি। সে খুশিতে আত্মহারা হয়ে বলল,
“ হ্যাঁ হ্যাঁ, পারি তো! আর গিটার আমার ইমোশন। গিটার আর আমি পরম বন্ধু আরকি। তবে তুমি এই ব্যাপারে জানলে কীভাবে? আমি তো তোমাকে বলিনি এটা?”
কুয়াশাকে রনি প্রশ্ন করে ভ্রু কুঁচকে তাকাল স্মৃতির দিকে। আবার ঘুরে কুয়াশার দিকে। অন্যদিকে কুয়াশাও স্মৃতির দিকে তাকিয়েছে। তখনই রনি বুঝল স্মৃতিই বলেছে। রনি একটু হাসলও এই ব্যাপারটা স্মৃতি শেয়ার করেছে বলে। কুয়াশা বলার আগেই রনি বলল,
“ এই শাঁকচুন্নি বলেছে তোমাকে?”
“ রনি ডাম্বু!”
স্মৃতিও ওকে চেঁতানো নামে ডেকে উঠল। কুয়াশা হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল। এরপর বলল,
“ তারপর, কবে গান শোনাচ্ছ আমাদের?”
“ তুমি যেদিন বলবে, সেদিন।”
রনি ভীষণ এক্সাইটেড হচ্ছে। ওর কথার মাঝে উত্তেজিত ভাব। কুয়াশা চায়ের কাপে চুমুক দিয়ে ঢোক গিলে বলল,
“ ওকে, ইচ্ছেটা প্রকাশ করে ফেলব কোনো একদিন।”
“ তুমি এখনই প্রকাশ করে ফেলো না!”
কথাটা বলতে গিয়েও রনি বলতে পারল না। মুখে বলল,
“ অবশ্যই, আমি অপেক্ষা করব৷ তোমার ইচ্ছেকে আমি স্বযত্নে পূরণ করব।”
কথাটা বলে কুয়াশার দিকে তাকিয়ে থাকল চায়ের কাপ হাতে ধরে নিয়ে৷ স্মৃতি একবার আঁড়চোখে চেয়ে রনিকে দেখল। ওরা কথা বলতে বলতে কলেজের সামনে একটি ছোট চায়ের দোকানের সামনে বসেছে৷ মিঠা রোদ উঠছে সকালের। মিঠা রোদের ওপর বসে শীতের সকালে চার বন্ধু-বান্ধবী চায়ের আড্ডা জমিয়েছে। অনেক হাসি-মজাও হলো। রনি আবার চরম হাসাতেও পারে। মজার মজার কথা বলছিল তাতে ওরা তিন বান্ধবী হেসে গড়াগড়ি খাবার জোগাড়।
.
সকাল তখন এগারোটা বেজেছে। সরকারি কলেজের পুকুর পাশের একটি বড় গাছতলার বেদিতে বসে আছে মেধা প্রধান। দেখে মনে হচ্ছে কারো জন্য অপেক্ষা করছে। পরনে তার সাদা রঙের কটনের সালওয়ার কামিজ। সালওয়ারটা সার্টিনের চুড়িদার পা-জামা। আর কামিজটা হাঁটু ছেড়েও অনেক বড়। বলা যায় লং সালওয়ার কামিজ। ওড়নাটা ঘাড়ের ওপর দিয়ে আবার একটা পাট কাঁধের ওপর তুলে রেখেছে। হাতে কালো চিকন ফিতার সোনালি ডায়ালের ঘড়ি। যা হলুদ ফর্সা হাতে ঝলমলাচ্ছে। পিঠ ছোঁয়া ঘন ব্রাউন চুলগুলো সুন্দর করে ছেড়ে দিয়ে দুইপাশে ক্লিপে এঁটে রাখা। কানে একজোড়া কালো পান্না পাথরের টপস দুল। তার পাশেই কলেজ ব্যাগ রাখা। ভীষণ স্মার্ট মনে হচ্ছে মেয়েটিকে। পোশাক-পরিচ্ছদের ভঙ্গিমা এবং সাজসজ্জা সেটাই বুঝিয়ে দিচ্ছে। শরীরটাও অতিরিক্ত পাতলা নয় আনার মোটাও নয়। ছিমছাম সুন্দর শরীরের গঠন। যা থেকে আরো দ্বিগুণ অভিজাত প্রকাশ পাচ্ছে।
বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে মেধা। বারবার ঘড়ি দেখছে সে। অপেক্ষার প্রহর লম্বা হয়েছে বলেই মনে হচ্ছে। কেননা তার কপালে বিরক্তির ভাজও পড়ে আছে।
এমন সময় নীহার সরকারি কলেজের গেইট পেরিয়ে ভেতরে প্রবেশ করল। সাথে শিশির, রিজভী, শান্তদের দেখা গেল। শিশিররা কলেজের কাজে এলেও নীহার আর শান্তর কোনো কাজ নেই। এমনিতেই এসেছে নিজেদের এক্স কলেজে। তবে এমনিতেও বলাটাও ভুল। নীহার একটা কাজেই এসেছে। আর নীহারের জন্যই শান্ত এসেছে। এখানে এভাবে বলা যায়— বন্ধুর জন্যই বন্ধু।
নীহার হেঁটে কিছুটা এগিয়ে কলেজের পুকুর পাশের দিকে উঁকি দিয়ে কাউকে খোঁজার চেষ্টা করল। চোখে পড়ল প্রথম শিশিরের। খোঁচানো সুরে বলল,
“ ওই দিকে দেখ। বসে বসে তোর জুলিয়েট বোর হচ্ছে। যাহ্, গিয়ে সামলা।”
শুনে শিশিরের বাহুতে চাপড় বসাল নীহার। বলল,
“এখনও হয়নি জুলিয়েট। তোরা তোদের কাজে যা।”
“ তোর কী ধারণা, কাবাব মে হাড্ডি হতে এসেছি?”
শিশির ভ্রু কুঁচকিয়েছে। বিরক্তি তার চোখেমুখে। ছেলেটা এমনই। কোনো কিছু নিয়ে বিরক্তবোধ করলে প্রশ্নের ওপর প্রশ্ন করে যুক্তি খাঁড়া করবে। নীহার বুঝল শিশির এখন অযথাই খোঁচাবে। ভাই প্রেম করছে কিনা? তাই দুইহাত তুলে শিশিরের সামনে হাতজোর করার মতো করে বলল,
“ মাফি মেরি, মা। আব চুপ যা। মেরি গালতি।”
“ তোর মা লাগি আমি?”
“ নাহ্, ভাই লাগিস। মেরি জানে জিগারকা ভাই।”
শিশির ভ্রু কুঁচকে রেখেই একবার দেখল মেধাকে, একবার নীহারকে। এরপর কিছু না বলেই পেছন ঘুরে রিজভীকে বগলদাবা করে ধরে নিয়ে বলল,
“ চলো বন্ধু, এসব পিরিতি আমাদের জন্য নহে। আমরা হলাম সিঙ্গেল সোসাইটির সদস্য। রোমিও-জুলিয়েটের প্রেম দেখা কি আর আমাদের মানায়?”
“ একদমই নহে, বন্ধু।”
রিজভীও শিশিরের হাতটা পেড়ে ধরে মাথা নাড়িয়ে ইনোসেন্ট ভঙ্গিমা ফুটিয়ে তুলে উত্তরটা করল। ওরা খোঁচা দিয়ে হাঁটা শুরু করেছে। আর নীহার দাঁত কিড়মিড় করে বলল,
“ দুটোকেই লাথি দেয়া উচিত।”
শান্ত তখন বলে উঠল,
“ আমাকেও কখন দিতে পারিস। তার আগেই বরং বিদায় হই। যাও বাছা, রাগ ভাঙাও গিয়ে। দেখো অগ্নিকুণ্ড হয়ে আছে। তুমি ছুঁয়ে দিলেই সে ব্লাস্ট করবে। আহা!”
শান্ত কথা শেষ করতেই নীহার ওর পাছার ওপর সত্যি সত্যি লাথি বসাতে গেল। কিন্তু শান্ত দৌড় দিয়েছে অন্যদিকে।
নীহার হেসে সেখানে দাঁড়িয়ে থেকে মেধাকে দেখল একটু। দূর থেকে মেয়েটাকে ভীষণ স্মার্ট আর আলাদা মনে হলো। এই নিয়ে তাদের তিনবার দেখা হলো। প্রথম দেখাটা হয়েছিল ভীষণ অদ্ভুতভাবে। অদ্ভুতই বলা চলে। বিশেষ করে নীহারের জন্য অদ্ভুত।
ওইদিন রাস্তা পার হতে গিয়ে মেধা প্রায় নীহারের বাইকের নিচে পড়তে যাচ্ছিল। নীহার দক্ষ হাতে বাইক থামাতে পেরেছিল বলেই মেধা সেদিন এক্সিডেন্ট হতে হতে বেঁচেছিল। মেধা রাস্তা পার হয়ে তার বাড়ি থেকে পাঠানো প্রাইভেট কারে ওঠার উদ্দেশ্য হাঁটছিল। নীহারও বিষয়টা বুঝে উঠতে না পেরে বাইক জোর গতিতে চালিয়ে নিয়ে আসছিল। এরপরই ঘটনাটা ঘটে। দুজনের সেদিন আচানক দেখা হওয়ার মতো ঘটনা ঘটে। মেধা সেদিন রাগ নিয়ে নীহারকে বলেছিল,
“ ধীরে চালাবেন তো, মিস্টার?”
নীহার হেলমেট পরা ছিল। সঙ্গে সঙ্গে রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে মেধার কোনো সমস্যা হয়েছে কিনা জিজ্ঞেস করে। মেধা সেদিন বিরক্তি দেখিয়ে গিয়ে গাড়িতে উঠেছিল। ওর ফর্সা মুখের বিরক্তি ও বিরক্তি ঝারা কথাতে নীহার ভীষণভাবে প্রভাবিত হয়েছিল। সে ভ্যাবলার মতো মেধার হেঁটে গিয়ে গাড়িতে ওঠা দেখেছিল। শেষে মেধা যখন দরজা দিচ্ছিল, তখও ভ্রু জোড়া কুঁচকে বিরক্তিতে তাকিয়েছিল নীহারের পানে। আর ওই তাকানো পানেই নীহার নিষ্পলক তাকিয়ে দেখেছিল। মেধার হ্যাজেল মণির চোখজোড়া বোধহয় সেদিন নীহারকে বড়ই আকৃষ্ট করে ফেলেছিল৷
এরপরের দেখাটা হয়েছিল সরকারি কলেজের মাঠে। অবশ্য প্রথম দিনই নীহার বুঝেছিল মেধা সরকারি কলেজের শিক্ষার্থী। কারণ ড্রেস পরা ছিল সরকারি কলেজের। দেখা হলে নীহারই এগিয়ে কথা বলেছিল। পরিচয় দিয়েছিল, মিস্টার বলে। যে তাকে এক্সিডেন্ট করিয়ে দিচ্ছিল। দ্বিতীয়দিন মেধা খুব একটা বিরক্ত দেখায়নি। কেন তা মেধা জানে। হয়তো নীহারের আন্তরিকতা ভালো লেগেছিল। বেশ কিছুক্ষণ কথা বলেছিল সে। নীহারই সেদিন মেধার থেকে নাম্বার চেয়েছিল। কী ভেবে মেধাও দিয়েছিল। এরপরই চলেছে টুকটাক কথাবার্তা আর পরিচয় হওয়া।
মেধা কুষ্টিয়া সরকারি কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠেছে। অর্থাৎ সামনে বছরের এইচএসসি পরীক্ষা দেবে। শিশিরের জুনিয়র। মেধা উপজেলার চেয়ারম্যান মাহিন প্রধানের মেয়ে।
নীহার এগিয়ে গেল। কিছুটা এগিয়ে গেলে মেধার নজরে পড়ল নীহার। মেধা রাগ আর বিরক্তিতে সেই প্রথম দিনের মতোই তাকিয়ে রইল। এর কিছুক্ষণ পর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। নীহারের ভীষণ হাসি পেল এতে। কেমন কেমন যেন লাগলও তার। বিষয়টা সুন্দর বলে মনে হলো। কোনো মেয়ে তার প্রতি বিরক্ত, সেটাও আবার অপেক্ষা করতে গিয়ে!
রোদ উঠেছে বলে জ্যাকেট গায়ে নেই নীহারের। একটি অফ-হোয়াইট গ্যাবার্ডিন প্যান্ট ও কালো শার্ট পরনে নীহারের। লম্বাটে একহারা শরীরটাকে এখন জিম করে সুন্দর আকর্ষণীয় বানিয়েছে। চওড়া শরীরটা বেশ পেশিবহুল হয়ে উঠেছে৷ ফর্সা মুখটাতে সুন্দর ভাব ফুটে উঠেছে। নীহার গিয়ে মেধার সামনে দাঁড়িয়েছে। ঘড়িতে সময় দেখল। সাড়ে দশটার কথা বলে এগারোটার পরে আসার ব্যাপারটা আসলেই বিরক্তির। নীহার কী মনে করে যেন আলতো হাতে তার দুইকান ধরল। এরপর বাচ্চাদের মতো করে বলল,
“ স্যরি….”
মেধা বিরক্তি নিয়ে তাকাল নজর তুলে। আশেপাশে অনেক শিক্ষার্থীরাই রোদ পোহাচ্ছে। কেউ কেউ নজর ওদের দিকেও দিল। তবে সে-সবে ওদের পরোয়া আছে বলে মনে হলো না৷ তাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক নেই। তবুও যা আছে তাতেই যেন মেধার অভিমানটা উগ্রে আসছে। মেধা কপালে ভাজ ফেলে বিরক্তি নিয়ে বলল,
“ সাড়ে দশটা বাজে বুঝি?”
“ উঁহুঁ, এগারোটা দশ।”
নীহার কান ধরে রেখেই মাথা নেড়ে বলল কথাটা। যেন কৈফিয়ত দিচ্ছে। যেটা দেখতে ভীষণ সুন্দর লাগল। তবে মেধা তাতে মানল না। সে রাগটাকেই প্রকাশ করে রাখল। নীহার আচানক তখন ওর পাশে বসে পড়ল৷ মুখে হাত দিয়ে বসেছে। মেধার দিকে তাকিয়ে থেকে বলল,
“ তুমি রাগ করছ কেন? কোনো বিশেষ কারণ আছে কি?”
মেধা নীহারের দিকে কেমন চোখে যেন তাকাল তা শুনে। নজরটা বাঁকা, আবার রাগিও বলে মনে হলো। সুন্দর কালো চিকন দুই ভ্রু মাঝে সুন্দর একটা ভাজ ফেলেছে। নাকটাও মনে হলো ফুলে ফুলে উঠছে। নীহার মেধার দিক থেকে নজর সরাতে পারল না। ওই তাকানোতেই নীহারের কেন যেন মনে হলো— সে মরে গেল। একবারে ঘায়েল হয়েই মরল। হৃদয় বরাবর ডান হাতটা তুলে চেপে ধরার মতো করে গেয়ে উঠল,
“ কেমন কইরা চাও,
আমার দিকে কেমনে চাও
আমি পাগল হইলে,
পরে কিন্তু পিছু ছাড়ব না...”
মেধা নীহারের মুখে এমন গান শুনে ভেতর থেকে মনে হলো ভীষণ লজ্জা পেয়ে গেল৷ তবে তা বাইরে প্রকাশ না করে ধেই ধেই করে চলার মতো করে লাফিয়ে উঠে সেভাবে চলতে লাগল। নীহার ওর যাওয়ার পানে চেয়ে হেসে ফেলল ঠোঁট কামড়ে ধরে। এরপর সে নিজেও এক লাফে উঠে মেধার পিছে চলতে চলতে গলা তুলে আবার গেয়ে উঠল,
“ যদি একবার জায়গা দাও,
তোমার মনের উঠানটাও
আমি দখল করব, পরে বাইরে
আসতে পারবা না....”
মেধা চলতে চলতে থেমে গেল। পেছন ফিরে তাকাল আবারও কেমন চোখে যেন। নীহারও থেমে কিছুক্ষণ তাকিয়ে থেকে পুনরায় গাইল,
“ তোর মনে আর প্রাণে,
শুধু আমি থাকব, থাকব রে…
তুই চলে কোথাও গেলে,
আমি অনায়াসে মরবো রে…
আমার স্বপন বুকের কাঁপন
তোর জন্য রে, তোর জন্য রে…
তুই আমার শুধুই আমার,
আমার আত্মা, আমার স্বত্তা রে…”
মেধা জানে না ওর কী হলো। অসম্ভব একটি কাজ করে বসল। সে আশেপাশের পরিবেশ ভুলে, অভিমান ভুলে দৌড়ে এসে নীহারকে জড়িয়ে ধরল। বিষয়টা মেধা বুঝে করেছে, নাকি না বুঝে করেছে সেটা নীহার জানে না। সে কাল ক্ষণও জানে না৷ নীহার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শুধু। মেধাকে সে স্পর্শ করল না। মেধাই তাকে যেভাবে ধরে আছে, ওতে ওর হৃৎস্পন্দন সমানতালে বাড়ি দিচ্ছে। ভেতরের সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। চোখে ছেলেটার অতিমাত্রায় বিস্ময়! এ বিস্ময়ের শেষ কোথায়?
| চলবে |
আগের পর্বে কোনোপ্রকারই মন্তব্য পাইনি৷ তাই লিখতেও বিলম্ব হয়েছে। আসলে মন বসাতে পারিনা। এটা বোধহয় আমারই সমস্যা।……
