#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
৮. (খ)
®রোজা রহমান নাঈমা
‘
বৃষ্টি তখনও মালিথা পরিবারের সামনে বসে আছে। কক্ষে আছেন অনেকেই। বৃষ্টিকে সামনে বসিয়েই অনেক রকম আলোচনা হচ্ছে। কখনও কখনও হাসি-মজাও হচ্ছে। বৃষ্টির বাবা বাশার সরদার এখনও জানেন না এগুলো সব পরিকল্পনা মাফিক করা হয়েছে। তবে বৃষ্টির সৎমা হাসনাহেনা তিনি সবটা বুঝে গেছেন। বৃষ্টির কাজকর্ম থেকে কিছুটা আঁচ করতে পেরেছিলেন৷ এরপর বৃষ্টির এই সম্বন্ধ আসার পর মানা না করা, আনন্দিত হওয়া এসব থেকে তিনি বুঝে গেছেন। আবার আজ মালিথা পরিবারের আচরণও দেখে বোঝা যাচ্ছে এরা চেনাজানা। বৃষ্টি যে এত বড় ঘরের ছেলেকে হাতিয়ে নেবে, এটাই ধারণা করতে পারেননি বোধহয় হেনা। ফলস্বরূপ তিনি বেজায় অসন্তুষ্ট আছেন। তার গর্ভে পরপর দুটো ছেলে সন্তান হয়েছে। পরে আরো একটি ছেলে হয়েছিল, তবে সেটি কোনোভাবে আঁতুড়ঘর থেকেই মারা যায়।
মেয়ে সন্তান তার গর্ভে হয়নি। এতে তাঁর কোনো আফসোস নেই অবশ্য। ছেলে সন্তানেই বেশি সন্তুষ্ট তিনি। কেননা বৃষ্টির বাবার যে-সব সায়-সম্পত্তি আছে, তা তো তাঁর দুই ছেলেই পাবে! মেয়েটাকে বিদায় করে দিলে আর থাকতে আসবে না। সম্পত্তি নিয়ে মাথাও ঘামাতে আসবে না। বৃষ্টিকে লেখাপড়া করানোতে মহিলার কোনো আগ্রহ ছিল না। যতটুকু পড়েছে বৃষ্টি জোর-জবরদস্তি করে। নেহাত বৃষ্টি স্টুডেন্ট ভালো ছিল। নয়তো যে অত্যাচার সহ্য করে সে এতদূর এসেছে, নড়বড়ে হলে তা সম্ভব হতো কিনা বলাটা মুশকিল।
বৃষ্টিকে তার ছোটমা হেনা নিজে রান্না করে খাওয়ান না। বৃষ্টিকেই রাঁধতে হয়। স্কুল থেকে ফিরেও রাঁধতে হতো, স্কুলে যাবার আগেও রাঁধতে হতো। হেনা নানান ভাবে অযুহাত দিতেন তিনি অসুস্থ। বৃষ্টির রান্না-বান্না সহ সংসারের কাজ করতে গিয়ে পড়াশোনাতে খুব একটা ভালো করতে পারত না৷ তবে যা হতো, তার কঠোর পরিশ্রমের ফল হিসেবে পেত৷ বৃষ্টির এমনও দিন গেছে বোর্ড পরীক্ষার দিনও রান্না করে খেয়ে পরীক্ষা দিতে যেতে হয়েছে। আবার রাঁধতে রাঁধতেই পরীক্ষার পড়া পড়েছে। হেনা বৃষ্টির প্রতি কখনোই সহমর্মিতা দেখাননি। স্নেহর চোখে বৃষ্টিকে কখনো দেখেননি। ভালোবাসা তো দূরের বিষয়! বৃষ্টিকে অনেকভাবে হেয় করা হয়েছে, অনেক অপদস্ত হতে হয়েছে। সৎমায়ের কাছে মার অবধি খেতে হয়েছে তাকে। ছোট থেকে বৃষ্টি লাঞ্ছিত হতে হতে এভাবেই বড় হয়েছে।
বৃষ্টি এ নিয়ে প্রথম প্রথম বাবাকে জানালে, বাশার তখন একটু-আট্টু বললেও, পরে আর এসব নিয়ে কখনো কথা উঠাননি। হয়তো ততদিন বৃষ্টির বাবা বাশার হেনার কাছে বিক্রি হয়ে গেছে। জাদুটোনা বলেও কিছু আছে। এছাড়া মা মরলে তো বাপ হয় তাওই! কথাটা সত্য। বৃষ্টির বাবাও হয়েছে। বৃষ্টি সবই বুঝতো। তাই বাবার ওপর একপ্রকার গভীর অভিমান থেকে আর কখনও কথা উঠাত না। বাবা তো পর হয়েই গেছে, কাকে কী বলবে? চাচা-চাচিরা বা ফুপুরা কি আর নিজের সংসার রেখে অন্যর সংসারে নাক গলাতে আসে? চোখে দেখতো, শুনতো তবুও কেউ প্রতিবাদ করেনি। একটা সময় পর বৃষ্টির সব সইয়ে গেছে। সে আর কারো ভালোবাসা, মমতা পাবার আশা করেনি। কারো রান্না খাবার আশাও করেনি। নিজেই রান্না করে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে। হেনারও না রাঁধতে রাঁধতে অভ্যাস হয়ে গেছে। ফলস্বরূপ কোনোদিন তিনি রান্না করলে তা আর মুখে তোলা যায়নি।
বৃষ্টির যখন বয়স চার বছর সাড়ে তিনমাস, তখন বৃষ্টির মা সম্পা মারা যান। কোনো একটা রোগ বাসা বেঁধেছিল ভেতরে। কিন্তু কী রোগ বাসা বেঁধেছিল তা ধরা সম্ভব হয়না। বৃষ্টির জন্মের পর থেকেই সম্পা অতিরিক্ত কাঁশত। কাঁশির সঙ্গে রক্ত বমি হতো। দিন দিন শুকিয়ে যেতে লাগল সম্পা। কোনো রোগই ধরা পড়ে না। ডাক্তার ধরতে পারে না। যক্ষা হলেও তো সেটা জানা যাবে? সেটাও জানা যায়নি। একটা সময় পর সম্পা শুকিয়ে কাঠি হলো। শরীরের সবকিছু নিঃশেষ হয়ে গেল। এরপর সম্পাকে আর বাঁচানো গেল না। পরে অবশ্য এক কবিরাজের শরণাপন্ন হয়েছিলেন বাশার সরদার। কিন্তু তখন সময়টাও নিঃশেষ হয়ে গিয়েছিল। জানা গিয়েছিল, সম্পাকে কালোজাদু করা হয়েছিল। যা করে বৃষ্টির মায়ের জীবনটাই নিয়ে নেওয়া হয়েছে। আর সেই সাথে সাথে বৃষ্টির শৈশব, কৈশোর ও পুরো বৃষ্টিকেও।
.
বৃষ্টি যখন চুপচাপ বসে আছে, তখন জাকিয়া ওর পাশে এসে বসলেন৷ এর আগে পরিচয় হয়েছে তাদের৷ কথাও হয়েছে। বৃষ্টি পাশ ফিরে তাকাল জাকিয়ার পানে। জাকিয়াকে সে নিষ্পলক দেখছে। শুরুতে জাকিয়ার কথাবার্তা শুনে বৃষ্টির ভেতর থেকে কান্না পাচ্ছিল। কী অমায়িক আচরণ! এমন আচরণের নারী বৃষ্টি আগে দেখেনি৷ তুষার ঠিকই বলত, তার পরিবারের প্রতিটি সদস্যকে এক তুড়িতে আপন করা যায়। আর এমন অমায়িক একজন নারী তার শাশুড়ী হবে ভেবেই বৃষ্টির কান্না আসছে। তুষারের ওপর কীভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, বৃষ্টির জানা নেই। অতি সুখে বৃষ্টি পাথর হয়ে গেছে বোধহয়। তাই কোনো রকমই প্রতিক্রিয়া আসছে না এখন। শুধু নীরবে চুপচাপ দেখে যাচ্ছে। এতটাও পাওনা ছিল কিনা জানা নেই বৃষ্টির।
জাকিয়া সৌজন্যে হেসে তার হাতের ব্যাগ খুলে একটি ছোট লাল মখমলের কাপড়ে মোড়ানো গোলাকৃতির বক্স বের করলেন৷ বক্সটি খুলতেই একটি সোনার আঙটি ঝকঝক করতে দেখা গেল৷ মাঝারি আকারের আঙটিটা সহজেই বহনযোগ্য হবে৷ জাকিয়া ও জাকির মালিথা এর আগে বাইরে থেকে কথা বলে এসেছেন। এরপর সবার থেকেই পরামর্শ নেওয়া হয়েছে৷ আবার বৃষ্টির বাবাদের সাথেও আলোচনা হয়েছে। তাই আর কারো কাছে কিছু শোনার প্রয়োজন মনে করলেন না জাকিয়া৷ একবার করে শুধু মালিথা পরিবারের সদস্যদের দিকে তাকালেন। প্রত্যকেরই চোখের ভাষায় সম্পূর্ণ নীরব সমর্থন রয়েছে৷ কারণ বৃষ্টিকে সবারই ভীষণ পছন্দ হয়েছে। এখানে কোনো কথা থাকতে পারে না৷ যদিও বৃষ্টির সৎমা, তবুও এতটুকু ছাড় মালিথা পরিবার নির্দ্বিধায় করতে রাজি আছে। কথা যে আরো তুষারের ভালো থাকা।
জাকিয়া বৃষ্টির উদ্দেশ্যে বললেন,
“ হাতটা এগিয়ে দাও, বেটা।”
বৃষ্টির ভেতরে সব কাঁপছে৷ বাইরে প্রকাশ করার মতো উপায় নেই। কিন্তু বৃষ্টির হাত-পা কাঁপছে। বুকের ভেতর আনন্দের চাপ অনুভব হচ্ছে। সুখে কান্না পাচ্ছে। এগুলো কেউ না দেখুক, না বুঝুক বৃষ্টি চাইল৷ বৃষ্টি তৎক্ষণাৎ কাঁপা হাত তুলতে পারল না। পাশে কুয়াশা বসে ছিল। কুয়াশা একটু হেসে বৃষ্টির বাঁ-হাতটা তুলে বড়আম্মুর দিকে বাড়িয়ে দিল। জাকিয়া নিজের হাতের মাঝে যখনই বৃষ্টির হাতটা ধরলেন, বৃষ্টির চোখ থেকে পানি টুপটুপ করে আপনেই পড়ে গেল। এতক্ষণ আঁটকে রাখার আপ্রাণ চেষ্টা বৃষ্টি করেছে৷ বৃষ্টি মাথাটা আরো ঝুঁকিয়ে নিল। জাকিয়া যখন আঙটিটা পরালেন, তখন বৃষ্টির শব্দ করে কেঁদে ফেলতে ইচ্ছে হলো। কিন্তু সেটা করা যাবে না। অভদ্রতা হতে পারে বড়দের সামনে।
বৃষ্টি ওই মুহূর্তে আনন্দ প্রকাশ করতে গিয়েও পাথর হয়ে গেল। বৃষ্টি তার পেছনের আঠারোটা বছর যেসব ভালোবাসা পায়নি, তা বৃষ্টি আজ পেয়ে গেল। মমতা, আদর, স্নেহের বৃষ্টির খুব অভাব ছিল। একটা সুস্থ পরিবারের বড় আকাঙ্ক্ষা ছিল। বৃষ্টির মা না থাকার আফসোসে আজ বোধহয় ভাটা পড়ল। তার কেন যেন মনে হচ্ছে, সে যে-সকল শাশুড়ী চোখের সামনে কিংবা তার আশেপাশে দেখে, সে-সকল শাশুড়ী বৃষ্টি পাচ্ছে না। এতদিন তুষারের কাছে যা শুনেছে, জাকিয়াকে দেখে তার কোথাও একটুখানিও খাদ পায়নি সে৷ প্রতিটি সদস্যকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে৷ হয়তো এতটাও ভুল সে নয়৷ একটা সময় পর তার ছোট্ট জীবনে বুঝি সব এলো? বৃষ্টি এই পরিবারকে খুব আপন করবে, খুব! এটাই হবে তার পরিবার। তার নিজের পরিবার। উপরওয়ালার কাছে সে অনেক শুকরিয়া আদায় করল। উপরওয়ালা কিছু কেড়ে নিলেও, তার বিকল্প হিসেবে ঠিকই পুনরায় ভালোকিছু পাঠান৷ বৃষ্টি বিশ্বাস করে কথাটা। হয়তো বৃষ্টির পাওনা ছিল এগুলো!
আঙটি পরানোর পরপরই দুপুরের খাওয়া-দাওয়া শুরু হয়েছে। বেশ আয়োজন করা হয়েছে মালিথা পরিবারের জন্য। এটা সম্পূর্ণ হয়েছে নয়নের জন্য। নয়নই বিস্তারিত বলেছিল। নয়তো এতটা আয়োজন করার ইচ্ছে ছিল না বাশার সরদারের। সবার খাবার ফাঁকে বাশার সরদারকে হেনা ডেকে নিয়েছেন। তার শরীরে যে জ্বালা উঠেছে এবং তিনি যে কিছু বলতে পারছেন না বা করতে পারছেন না বোঝাই যাচ্ছে। ওপর ওপর ভদ্রতা বজায় রেখে সবার সাথে সৌজন্যে হেসে হেসে কথা বলছেন৷ যা তাঁকে ভীষণ পীড়া দিচ্ছে। বাশার সরদার এত সব দেখেও নির্লিপ্ত কীভাবে আছে এখনও?
হেনা ফিসফিস করে বললেন,
“ তোমার কি একটুও মনে হলো না ওঁনারা তোমার মেয়েকে নিয়ে গিয়ে চাকরানী বানাতে পারেন? এত বড় ঘর থেকে কেউ এমন ঘরের মেয়ে নিতে আসে? খটকা লাগছে না তোমার?”
“ শুরুতে ধারণা আমারও এটাই ছিল। তাই শুধু দেখতে আসার অপেক্ষাতে ছিলাম। কিন্তু আমার ধারণা পাল্টে গেছে। ওঁনারা ওমন নন। আমার সাথে সবরকম কথা হয়েছে।”
“ কী কথা হয়েছে? শুধু কথাতে তুমি কীভাবে ভালো বলতে পারো?”
“ আমার মেয়েকে ওনারা পছন্দ করেই নিয়ে যাচ্ছেন। আর বৃষ্টিকে ওনাদের ছেলে আগে থেকেই পছন্দ করে। নয়ন সবই জানে।”
“ আর তোমার মেয়ে?”
“ করলে করেছে! ও কী বুদ্ধিহীনা নাকি? এত বছর কথা বলাবলি করেছে, খারাপ পেলে বলত না? জানাতো না আমায়? তুমি দেখলে না ও নিশ্চুপ আছে, বরং খুশি হয়েছে, আনন্দ পেয়েছে?”
পাশার গুটি উল্টে গেছে নাকি? হেনা আশ্চর্যে তাকালেন। এর অর্থ বাশার সবই বুঝেছে? তবুও চুপচাপ আছে? কেন? মেয়ের প্রতি দরদে নাকি? হেনা ভয় পেলেন বোধহয়। এবার যদি তাদের ভালোবাসা কম পড়ে যায়? তার দুই ছেলের ভালোবাসায় কম পড়ে যায়! বাড়িতে রাজ করতে সমস্যা হয়? হেনা ঢোক গিলে বললেন,
“ তুমি তবুও ক্ষতিয়ে দেখবে না? কোত্থেকে এলো, এসেই আঙটি পরালো তাড়াহুড়ো করে?”
“ ক্ষতিয়ে দেখতে তো ওনারা মানা করেননি? আমাদের পরের সপ্তাহে যাবার কথা হলো তুমি শুনলে না? আর ছেলে এখনও ট্রেনিং থেকে ফেরেনি। ফিরুক সব দেখা যাবে।”
বাশারের কথার ধরন কেমন পাল্টে গেছে মনে হচ্ছে। হঠাৎই মেয়ের দিকে সুর তুলেছেন৷ হেনা দাঁতে দাঁত এঁটে বললেন,
“ আমার তো কিছুই সুবিধা লাগছে না। অতিরিক্ত ভালোগিরি দেখাচ্ছেন ওঁনারা৷ বড়লোক শহুরে মানুষেরা এমনই হয়। কথার জালে ভুলিয়ে নিতে জানে। ওদের কাজই ওমন৷ তোমার মেয়েরে নিয়ে গিয়ে খাটিয়ে মারবে, দেখো৷ অতবড় পরিবার৷ অতগুলো সদস্য। সবাই নাকি আবার একসাথেও থাকে৷ যৌথ পরিবারে কী হয় জানো? এতসব পালের ভেতর তোমার মেয়ের বিয়ে দিচ্ছ তুমি? তুমি এটাও ভাবলে না তোমার মেয়ের মা নেই, তবুও ওরা কেন নিতে চাইছে?”
বাশার সরদার কিছুক্ষণ হেনার দিকে তাকিয়ে রইলেন ওঁনার শেষ দুই বাক্য শুনে। এরপর শান্ত ভঙ্গিতে বলে গেলেন,
“ আমার মেয়ের মা না থাকলেও, বাপ ঠিকই আছে৷”
বাশার সরদার খাবার কক্ষে ঢুকে গেলেন৷ আর হেনা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। বাশারকে তিনি হাত করে রেখেছেন তা কি হাত ফসকে বেরিয়ে গেছে? নাকি হাতে থেকেও মন ফসকে গেছে? হেনার ঘাম ছুটে গেল। তিনি যে বৃষ্টির মা হতে পারেননি এটা তো বুঝিয়ে দিয়ে গেলেন বাশার! অন্যের মেয়ের মা হবার বাসনা হেনার কোনো কালেই ছিল নাকি? নাকি অন্যের মেয়ের প্রতি দরদ দেখাতে গিয়ে তার দুটো সন্তানকে বাশার হেলায় ফেলুক এটাই তিনি চেয়েছিলেন? বাশার তো নীরবে মেয়ের প্রয়োজন মিটিয়েছে। কিন্তু হেনা মেয়ের ভালোবাসায় যে দখলদারি নিয়েছিলেন তা কি সত্যি পেরেছিলেন?
হেনা বাইরে দাঁড়িয়ে ভেতরের হাসি আনন্দগুলো শুনলেন। এর আগেও অনেকবার তিনি বৃষ্টিকে বিয়ে করিয়ে বিদায় করতে চেয়েছেন। তবে বৃষ্টির যে বড় কোনো ঘরে বিয়ে হোক, বা ভালো সুদর্শন পাত্র পাক এসব তিনি কখনোই চাননি। বৃষ্টিকে কৈশোরেই বিয়ে দিতে বলতেন বাশারকে। মেয়ে বড় হয়ে গেছে সেটা তিনি প্রতি ওয়াক্তে বাশারকে বলে মনে করাতেন। গ্রামের মেয়ে এতদূর পড়ালেখা করে কী করবে? শেষে ভালো পাত্র পাবে না৷ সেই মনে করানোতে অনেক সম্বন্ধ ও পাত্রপক্ষই এসেছিল বৃষ্টির জন্য। যার বেশিরভাগ মানানসই নয়। আর যেগুলো মানানসই হতো, সেগুলো জানাতো বৃষ্টির মা নেই, সৎমা। সৎমা যে ঘরে আছে সে ঘরে তারা তাদের ছেলে বিয়ে করাবেন না। এতে আদর যত্নের কমতি থাকে। মেয়ে-জামাই শ্বশুরবাড়ি থেকে কিছু পায় না। এভাবেই বিয়েগুলো ভাঙতো। তবে বৃষ্টির তাতে কোনো মন খারাপ হতো না। সেও চাইত বিয়ে ভেঙে যাক।
.
মেহমান যখন খাবার খাচ্ছে সেই ফাঁকে বৃষ্টি তুষারকে ফোন দিয়েছে। আপাতত কক্ষে কেউ নেই। সে একাই রয়েছে। আজ শুক্রবার, জুম্মার নামাজের পর দুপুরের খাওয়া-দাওয়ার পর তুষার বিশ্রাম করে। হয়তো বৃষ্টির ফোনকলের আশাতে রয়েছে তাই ফোন দিয়েছে।
ফোনকল যখন রিসিভ হলো, ওপাশ থেকে উত্তেজিত স্বরে ভেসে এলো,
“ বৃষ্টি বৃষ্টি, তুমি কি আমার বৃষ্টি হয়েছ?”
বৃষ্টি হেসে ফেলল। ভীষণ মিষ্টি করে। ওর হাসি তুষার কতক্ষণ সময় নিয়ে শুলন। বৃষ্টি হাসি থামিয়ে হাতের আঙটির দিকে তাকিয়ে দেখতে দেখতে বলল,
“ তুষারের বৃষ্টি হবার প্রথম ধাপে আছি।”
তুষার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখজোড়া বন্ধ করে নিশ্চুপে কিছুক্ষণ নিজেরই শ্বাস-প্রশ্বাস শুনল। এরপর বলল,
“ আমার পরিবার কেমন লাগল তোমার?”
বৃষ্টির চোখে পানি টলমল করছে। তুষার যখন নিশ্চুপ ছিল তখনই তার কান্না পেয়েছে। এখন আরো পাচ্ছে। আজ তুষার তাকে কী দিয়েছে সেটা তুষার নিজেও বোধহয় জানে না। বৃষ্টি ভাঙা গলায় বলল,
“ তুমি যা দিলে, বিনিময় এই বৃষ্টি চিরজীবন তোমার হলো। তুমি বরং বৃষ্টিতে ভিজো।”
তুষার শোনে। সুখ সুখ লাগে৷ সুখে সে কতক্ষণ আবার চুপ থাকে৷ এরপর বলে,
“সর্দি-কাশি হবে না তো? হলে দায়ভার বৃষ্টির৷”
“ কবুল।”
“ সেবা করার দায়িত্ব বৃষ্টির৷”
“ কবুল।”
“ এই বৃষ্টি চিরজীবন তুষারের জন্য।”
“ কবুল হলো।”
বৃষ্টি কেঁদে ফেলে৷ বৃষ্টির ভীষণ আনন্দ হয়। ও এই আনন্দ কীভাবে প্রকাশ করবে? পূর্ণতা যে কতটা আনন্দের তা কি অন্যরা বোঝে? বৃষ্টির কান্না শুনল একটু। তুষার একটা সময় পর বলল,
“ থেমে যাও, বৃষ্টি। তোমাকে আমি আমার পরিবার দিলাম৷ বিনিময়ে তুমি আমার পরিবার হয়ে যাও। ওরা ভীষণ ভালো৷ তুমি আপন কোরো।”
“সব আমার, সব আমার। ওরা সবাই আমার, তুষার।”
“ এমাহ্! স্বামীর নাম মুখে নিতে নেই!”
এমন একটা আবেগঘন মুহূর্তে এমন মজা করে বলায় বৃষ্টি হেসে ফেলল। কাঁদতে কাঁদতে হেসে ফেলার মতো সুন্দর জিনিস হয়? বৃষ্টিও বলল,
“ এ্যাহ! এখনও হওনি।”
“ প্রথম ধাপে তো আছ?”
“ পরের ধাপে কবে যাচ্ছি?”
“ খুব শিঘ্রই, মাই লাভ।”
ওদের প্রেমালাপের সময় আগমন ঘটল কুয়াশাদের। বৃষ্টির কক্ষের সামনে সব দল বেঁধে দাঁড়িয়ে আছে। কখন জানি হুমড়ি খেয়ে ভেতরে পড়ে। বড় ভাবির ঘরের সামনে এতগুলো ননদ-দেবর। বৃষ্টির আনন্দে আত্মহারা। সে তুষারকে বলল,
“ এই রাখো, আমি এখন ব্যস্ত।”
“ বাহ্ রে! এখন আমিই পর হতে যাচ্ছি নাকি?”
বৃষ্টি হেসে ফোন রাখল৷ কুয়াশাদের দিকে তাকিয়ে বলল,
“ এসো না তোমরা।”
সর্বপ্রথম কুয়াশা ঢুকল। এরপর শশী। পরপর নীহার, শিশির, তুহিন আর নয়ন ঢুকল। এরপর ঢুকল বৃষ্টির দুই বৈমাত্রেয় ভাই বিজয় আর বেলাল। বৃষ্টি জিজ্ঞেস করল সবার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়েছে কিনা। কোনো ত্রুটি রয়ে গেছে কিনা। ওরা সবাই বৃষ্টিকে নিশ্চিন্ত করল। কুয়শা বলল,
“ ভাবি, আপনাদের এখানে এলাম ঘুরতে নিয়ে যাবেন না?”
বৃষ্টি সবার দিকে একটু তাকাল। অপ্রস্তুত হয়ে বলল,
“ আমি? আমি কীভাবে যাই? তোমরা বরং বিজয় আর বেলালকে নিয়ে যাও। ওরা ঘুরিয়ে আনবে তোমাদের।”
“ না না, আপনাকেও যেতে হবে।”
“ এটা বড়রা কী ভাববে বলো?”
“ বড়রা বলতে, আমাদের পরিবার?”
“ হুঁ?”
“ আরেহ! বড়আম্মু, বড় চাচু এনারা এসব কিছুই মনে করবেন মনে করেছেন? আপনাকে আরো বলবে যেতে। ওয়েট, আমিই ম্যানেজ করে আসছি।”
কুয়াশা সত্যি সত্যি চলে গেল। বাকিরা চুপচাপই আছে। মনে হচ্ছে বৃষ্টিকে নিয়ে ঘুরতে যাবার জন্য সবাই-ই সহমত। সেই ফাঁকে নীহাররা বৃষ্টির সাথে বেশ কিছুক্ষণ গল্প করল। জানাশোনা হলো একে একে। বৃষ্টিও ওদের সবাইকে এভাবে পেয়ে ভীষণ খুশি হলো। সবার বিষয়েও জানতে পারল।
.
বৃষ্টিকে নিয়ে কুয়াশারা বৃষ্টিদের বাড়ির পেছনে মাঠে এসেছে। এখানের সরিষার ক্ষেতে দু’চোখে শুধু হলুদ দেখছে। কী দারুণ যে লাগছে! যেখানেই চোখ মেলছে, সেখানেই হলুদ ও সবুজের সমারহ। মাঝে মাঝে কিছু জায়গায় অবশ্য সূর্যমুখী ফুলেরও ক্ষেত দেখা যাচ্ছে, তবে তাতে ফুল আসেনি এখনও। কুয়াশা এমন সুন্দর মাঠ পেয়ে পাখি হয়ে গেছে। গ্রামে তো থাকা হয় না। ওদের সবকিছুই শহরে। গ্রাম থেকে একটু দূরেই থাকতে হয়। ফলস্বরূপ এগুলো খুব একটা হাতের নাগালে পায় না। পেলেও যাওয়া হয় না।
কুয়াশা যখন জাকিয়াকে গিয়ে বলে, তারা একটু ঘুরতে চায়, এবং মেহেরপুরের আমঝুপিতেই যখন এসেছে, তখন আমঝুপি নীলকুঠিতে যাবে এবং মুজিবনগরও যাবে। সাথে বৃষ্টিকেও নেবে। জাকিয়া ঘুরতে মানা করেননি। তবে দূরে কোথাও যেতে মানা করেছেন। আর বৃষ্টিকে নিয়ে দূরে নয়। কেননা পরিস্থিতি আজ ভিন্ন। এটা গ্রাম৷ গ্রামে এটা ভালো চোখে দেখবে না। তাই বৃষ্টিকে নিয়ে দূরে নয় আশেপাশে ঘুরতে পারে। এছাড়া তাদের ফিরতেও হবে। ছোট বেলা, দ্রুত রাত নামবে। বড়দের মাঝে কিছু কথাবার্তা আছে। সেগুলো শেষ করতে করতে তাদের ছোটদের ঘুরে আসতে বলেছেন। মুজিবনগর, নীলকুঠি এগুলো পরে এসে ঘুরবে। সময় তো ফুরিয়ে যাচ্ছে না? বৃষ্টি ভাবি হতে যাচ্ছে, আসা-যাওয়া চলবে। তখন এসে ঘুরবে।
তখন বৃষ্টিই জানায় বাড়ির পেছনে সরিষার মাঠ আছে। সুন্দর দেখতে জায়গা। ওরা চাইলে ঘুরতে পারে। বৃষ্টিও দূরে যাবার পক্ষে ছিল না। তাই বিকল্প হিসেবে বাড়ির পেছনের মাঠটাই দেখিয়েছে। ওরাও রাজি হয়ে গেছে। এখন এসে মনে হচ্ছে মন্দ হয়নি। আসলেই সুন্দর লাগছে৷
সরিষার আইল দিয়ে একটি শুভ্রসাদা রঙের চুড়িদার গাউন পরা কিশোরী দুইহাত মেলে দিয়ে পাখির মতো উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে সরিষার ক্ষেতে একটি সাদা বক উড়ে যাচ্ছে। কুয়াশার ওমন আনন্দ আর উল্লাস দেখে বাকিরা ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখেছে৷ শুধু একজন বাদে৷ তার তো বিরক্তির শেষ নেই। সবাই কুয়াশার সৌন্দর্য দেখলেও সে দেখে কুয়াশার আহ্লাদীপনা। যেভাবে দৌড়াচ্ছে, পড়ে গিয়ে পা ভেঙে পড়লেই হলো। এরপর চিৎপটাং হয়ে পড়ে থাকবে৷
শিশির পড়ন্ত বেলার মাঠের খোলামেলা মিঠা রোদে দাঁড়িয়ে দুইহাত তুলে আঁড়মোড় ভাঙল। রোদের কিরণে চোখজোড়া একটু কুঁচকে আছে বরং। আশপাশটা চোখ মেলে দেখে চোখজুড়াল। ওর কুয়াশা আর কুয়াশার আহ্লাদীপনা দেখার সময় আছে নাকি? প্রকৃতির স্বাদ নিতে ব্যস্ত সে।
ওরা অনেকজন এসেছে। বৃষ্টির বৈমাত্রেয় দুই ভাই এবং ওর চাচাতো ভাই-বোনেরাও এসেছে৷ নয়ন আসতে পারেনি। ওর দেড় বছরের ছেলেটা ভীষণ কান্না করছে। দুপুরে ঘুমিয়েছিল বলেই একটু শান্তিতে থাকতে পেরেছিল। ঘুম থেকে উঠে কান্না জুড়েছে।
শশী কুয়াশার মতো খুব একটা উল্লাস করল না সরিষার ক্ষেত নিয়ে। কেননা ওর মাঝেমধ্যে এগুলো দেখা হয়, যাওয়া হয়। তবে সে সবার সাথে সরিষার ক্ষেতে আসতে পেরে আনন্দই পেয়েছে৷ কুয়াশা যখন দৌড়ে ফিরে এলো, তখন সে হাঁপাচ্ছে। ওর হাঁপানো দেখে বৃষ্টির বৈমাত্রেয় ভাই বিজয় বলল,
“ বেয়াইনের কী তেষ্টা পেল?”
“ পেল তো। বিয়াই তো পানি পান করালেও পারে।”
“ আগে জানলে তো মাঠে টিউবওয়েল বসিয়ে রাখতাম। বেয়াইনের সুবিধার্থে। এক্সট্রা এন্টারটেইন!”
“ টিউবওয়েল কেন বসাতে? বিয়াই যদি বিয়েনের জন্য পানির বোতলই না নিয়ে ঘুরতে পারে, তবে সে কিসের বিয়াই হলো? হ্যাঁ? এটাও তো এক্সট্রা এন্টারটেইন হতে পারে?”
“ ওপস! ব্যাপারটা তো ভেবে দেখা হয়নি? বেয়াইনের জন্য তো এতটুকু করতে পারাও সৌভাগ্যের ব্যাপার৷ নিজেকে সৌভাগ্যবান মনে করছি৷”
দু’জনের কথার মাঝে অত্যাধিক পরিমাণে নাটকীয় ভাব ফুটে উঠেছে। যা একজন বিয়াই-বিয়েনের ইয়ারকির সম্পর্ককে তুলে ধরছে। বৃষ্টির বৈমাত্রেয় ভাইয়ের মাঝে বড়টা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর ছোটটা শশীর বয়সের। ক্লাস এইটে উঠেছে। বড়টা কুয়াশার বড়। কুয়াশার সাথে বেশ ভালোই মজা করছে বিজয়। ওদের ওমন কথা বলার ধরনে শিশির চোখমুখ কুঁচকে ফেলেছে। এসব আবার কখন হলো?
কুয়াশা যে স্বাচ্ছন্দ্যবোধ করেই বিজয়ের সাথে কথা বলছে সেটা বোঝা যাচ্ছে। কয়েক মাস আগে হলে ব্যাপারটা বোধহয় ঘটত না। এখন কুয়াশা নিজেকে আর গুটিয়ে রাখে না। বাইরের কোনো ছেলেদের দেখলেও গুটিয়ে যায় না। সে সহজ সাবলীলভাবেই মিশতে পারে। তবে সবার সাথে বন্ধুত্ব! উঁহু! এটা কুয়াশা করে না। ডক্টর কায়কোবাদ আনসারীর কথাগুলো সে নিজের শিক্ষা হিসেবে নিয়েছিল। মানুষ চিনতে পারার মতো ক্ষমতা সে রপ্ত করতে চায়। যা করতে তার সময়ের প্রয়োজন। সে মানুষ চিনতে চায়, বুঝতে চায়। কোনো সম্পর্ক কিংবা বন্ধুত্ব তো আর যে সে জিনিস নয়! কুয়াশার কাছে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ অংশ৷ সব সম্পর্ক যেমন ওর কাছে গুরুত্ব পায় না, তেমনই সব সম্পর্ক সে যাকে তাকে দিয়ে বানায়ও না। এটা ওর একটি বিশেষত। আর নিজের বিশেষত নিয়ে কুয়াশা সন্তুষ্ট।
ওরা বেশ আনন্দ করল, হেঁটে হেঁটে বেড়াল। সরিষার ক্ষেতে ছবি তুলল। তুহিন ক্যামেরা এনেছিল। ভবিষ্যত সাংবাদিক ক্যামেরা ভীষণ পছন্দ করে। যেখানে যায় বহন করে। সেটা দিয়েই ছবি তোলা হলো। সূর্যটা পশ্চিমাকাশে হেলেছে। সরিষার আইল দিয়ে ওরা হেঁটে চলেছে আইল ধরে সারি সারি। মনে হচ্ছে স্কুলের পিটি হচ্ছে। বৃষ্টিকে সবার আগে দেয়া হয়েছে। সে এখনও শাড়ি পরেই আছে। তুহিন ওর অনেকগুলো ছবি তুলেছে। তুষারের হুকুম। সে আজকের বৃষ্টিকে দেখবে।
একটা সময় সবাই যখন এলোমেলো ভাবে হাঁটতে লাগল তখন শশী নীহারের সামনে দিয়ে হেঁটে যেতে গিয়ে অসাবধানতায় মাঠের গর্ত স্থানে পা পড়ে পা প্রায় মচকে গিয়ে পড়ে যাচ্ছিল। নীহার পেছন থেকেই ওর ডান হাঁতের বাহুটা শক্ত করে ধরে ফেলল। মুখে বলে উঠল,
“ সাবধানে চলো, শশী!”
শশী পায়ে ব্যথা পেল কিনা বোঝা গেল না। তবে ওর পায়ে ফ্ল্যাট নাগড়াই জুতো ছিল। একটা পা থেকে বেরিয়ে গেছে। শশী নিজের পায়ের দিকে তাকিয়ে দেখল। নীহার প্রশ্ন করল,
“ লাগল?”
“ না, তেমন লাগেনি। সামান্য।”
“ শিওর?”
“ হ্যাঁ।”
নীহার ওর বাহু ছেড়ে দিল। ওর পায়ের দিকে তাকিয়ে দেখে বলল,
“ দেখে হাঁটো। জুতো পরে নাও৷ চলো।”
শশী সোজা হয়ে দাঁড়িয়ে ওর খুলে যাওয়া জুতোটা পরার চেষ্টা করল। কিন্তু সামান্য ব্যথা পাওয়াতে একটু সমস্যা হলো প্রথমে। পা’টা একটু নাড়াচাড়া করাতে লাগল। সেটা খেয়াল করল নীহার। নীহার তখন ওর সামনে হঠাৎই বসে পড়ল। শশী বিষয়টা লক্ষ্য করতেই আঁতকে উঠল,
“ কী করছেন, নীহার ভাই?”
“ ব্যথা পেয়েছ। পা তুলো।
“ না, লাগবে না। তেমন নয়। আমি নাড়ালে ঠিক হয়ে যাবে। এমন কত হলো।”
নীহার তখন মাথা তুলে তাকায়৷ ভ্রু কুঁচকে বলল,
“ পাকনামি কম করো আমার সাথে। আর পা তুলো জলদি।”
শশী ধমক খেয়ে পা টা আলতো তুলল মাটি থেকে। নীহার ওর কোমল মসৃণ পা-টা নিজের এক হাতের তালুর ওপর ধরে অন্য হাতে গিরার কাছে একটু চাপ দিল। এরপর আলতো ভাবে কিছুক্ষণ পায়ের গোড়ালি ঘোরাল। ম্যাসাজ করে পায়ের স্বাভাবিক চলাচল ক্ষমতায় নিয়ে এলো। জিজ্ঞেস করল,
“ এখন চলতে পারবে?”
শশী তখনও পলকহীন নীহারকে দেখছে। যতক্ষণ নীহার কাজটা করছিল, ততক্ষণ সে নীহারকেই দেখতে ব্যস্ত ছিল। তার কেন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। নীহার যখন ওর পায়ে স্পর্শ করল তখন থেকেই ও কেমন একটা ঘোরের মাঝে প্রবেশ করেছিল। সর্বপ্রথম কোনো পুরুষের এমন যত্ন করাটা তার ওপর ভীষণ প্রভাব ফেলল। শশীর কেন যেন নীহারকেই দেখে যেতে ইচ্ছে হলো। কেমন অচেনা এক অনুভূতির সাগরে ভাসছে সে।
নীহার তখনও চেয়ে উত্তরের আশায়৷ সে লজ্জামাখা মুখে শুধু উপর নিচ মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোঝাল। নীহার ওর পা-টা হাতের তালুতে রেখেই অন্য হাতে জুতোটা এগিয়ে নিয়ে হাতে ধরেই নির্দ্বিধায় শশীকে পরিয়ে দিল৷ শশীর তখন কী হলো কে জানে? ওর ভেতরের সব কেমন উলোটপালোট হয়ে যেতে লাগল। এটা আবার কেমন অনুভূতি? তার এমন লাগছে কেন? এমনটা তো হয় না কখনো? এমন তো হয়ওনি কখনো! এই অনুভূতির মানে কী? নাম কী? শশীর ভেতরটা কেঁপে কেঁপে উঠেছে। শরীরের লোম দাঁড়িয়ে গেছে। তার ভীষণ ভীষণ লজ্জা করতে লাগল। সে লজ্জায় নীহারের চোখেই আর তাকাতে পারল না। হঠাৎ করেই পুরুষটা তার লজ্জার কারণ হয়ে গেল কেন?
অথচ পুরুষটি কী স্বাভাবিক! সে জুতো পরিয়ে উঠেও দাঁড়িয়েছে। হাতজোড়া থেকে মাটি বাড়ি দিয়ে ঝেরে শশীকে বলল,
“ চলো এবার।”
শশীর ভীষণ লজ্জা লাগছে৷ সে নীহারের দিকে আর তাকাল না। কিছুটা দ্রুত পায়ে চলতে লাগল। নীহার তা দেখে ভ্রু কুঁচকে ফেলল। শশীকে সে সাবধানে চলতে বলল, আর সে কিনা আরো জোরে চলতে লাগল! মেয়েটা আসলেই ডেঞ্জারাস। নীহারও চলতে লাগল। তখন ওর ফোনে মেধার দেয়া মেসেজ এলো। সে ফোনটা বের করে রিপ্লাই করতে করতে হাঁটতে লাগল। মেসেজিং করার সময় ঠোঁটের কোনে হাসিও দেখা গেল তার। অদ্ভুত কথা হলো, মেধা মেয়েটা তাকে হাসায়।
শিশির আগে আগে হাঁটছে। সে শুধু প্রকৃতির স্বাদ নিতে ব্যস্ত। দুনিয়ার হালচাল তার দেখার নেই। হাঁটতে হাঁটতে সময়ে সময়ে পায়ের নিচেও তাকাচ্ছে। তখন একটি ভাঙা শামুক ওর নজরে এলো। এমনভাবে রয়েছে শামুকটা যে কারো পা লাগলে কেটে যাবার সম্ভাবনা প্রবল। শিশির কী ভেবে যেন পেছনে তাকাল। তার পেছনেই একটা ছাগল ছানা তিড়িংবিড়িং করে নাচতে নাচতে হাঁটছে। দিন দুনিয়া ভুলে সে তার বিয়াইয়ের সাথে গল্পে মজেছে। শিশির বিরক্তিতে শামুকটা পা দিয়ে জোরেশোরে একটা ফুটবলে শট মারা মতো করে মেরে দূরে সরিয়ে দিল। ভাঙা শামুকটি গিয়ে অনেকটা দূরেই পড়ল। কোনদিকে পড়ল সেটা দেখে নিয়ে সে চলতে লাগল। চলতে চলতে পেছন ফিরে দেখল কুয়াশা ঠিক সেখানেই পা দিয়েছে, যেখানে শামুকটি ছিল। এবং তার জুতো ভেদ করে পা কাটতে সময় নিত না। শিশিরের মেজাজটা বড্ড চড়ল। বেখেয়ালি একটা! চড়-টড় মেরে ওটাকে সোজা করা উচিত।
.
শিশিররা ঘুরে-টুরে ফিরে দেখল বড়রা ফিরে যাবার জন্য তৈরি। অর্থাৎ আর সময় নেই তাদের। বৃষ্টির থেকে বিদায় নিতে হবে। কুয়াশা সামান্য হাসি নিয়ে গিয়ে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল,
“ খুব শিঘ্রই আপনাকে আমাদের বাড়িতে নিচ্ছি। আপনাকে ভীষণ ভালো লেগে গেছে আমার। অনেক জ্বালাব আপনাকে।”
বৃষ্টি হেসে ফেলে। কুয়াশাকে সমান জড়িয়ে রেখে বলল,
“ জলদি এসো তবে।”
কুয়াশা প্রসারিত ঠোঁটে হাসল। শশী বৃষ্টিকে জড়িয়ে ধরে উত্তরে বলল,
“ জলদিই আসব।”
ওরা সবাই সবার থেকে বিদায় নিল। এরপর জাকিয়া যখন হেনার কাছে গেলেন, তখন বললেন,
“ আসছি আপা, ভালো থাকবেন৷ আর দোয়া করবেন সবকিছুর জন্য।”
হেনার মুখটা কেমন যেন মনে হলো। জোর করে হাসার চেষ্টা করে বললেন,
“ ঠিক আছে। আসুন আবার?”
“ অবশ্যই! ছেলেবউ যে রেখে যাচ্ছি?”
হেনার কথা আসে না আর। জাকিয়া একটু অদ্ভুত ভঙ্গিতে হেসে হেনার হাতের ওপর হাত রেখে আলতো চাপ দিয়ে শেষ বললেন,
“ ওকে আমি নিয়ে গিয়ে আমার মেয়ে করব। ছেলেবউ এখন থাকল। আমার বাড়ির আমানত। আপনি যত্নে রাখবেন। যত্নের ত্রুটি হলে, জাকিয়া জামান প্রশ্ন তুলবে। উত্তর কিন্তু তখন দেবেন?”
এটা কি নীরব হুমকি ছিল? হেনার কেমন যেন কথা হারাল। সে অদ্ভুত দৃষ্টিতে অদ্ভুত আত্ম-অহংয়ে হেঁটে যাওয়া বিশেষ একরকম ব্যক্তিত্বের নারী জাকিয়া জামান মীরকে দেখে গেলেন৷ যখন গাড়িতে উঠে বসলেন তখনও দেখলেন৷ আর যখন একে একে তাদের সীমানা থেকে গাড়ি ছেড়ে গেল, তখনও দেখে গেলেন৷ শেষে তিনি একটা শুকনো ঢোক গলাধঃকরণ করলেন৷
| চলবে |
◼️একটু পড়বেন….
আমি এখানে আমার চোখে দেখা আমার আশেপাশে ও কাছের কিছু সৎমা আর বাবাদের দেখে বৃষ্টির বাবা ও হেনার অংশটুকু লিখেছি। ইচ্ছে করলে বাশার ও হেনাকে আমি আরো বিশদভাবে বর্ণনা করে লিখতে পারতাম৷ কিন্তু আমার কেন যেন ইচ্ছে হলোনা৷ লিখার আগেও ভেবেছিলাম বিশদভাবে বর্ণনা দিয়ে লিখব৷ কিন্তু আমার কেন যেন এই সৎমা ব্যাপারটা অস্থিরতা দেয়৷ বিরক্ত, ঘৃণা কাজ করে। আমার দেখা এযাবৎকালের কোনো সৎমাই ভালো হয়নি৷ আমার দেখার ক্ষেত্রে, সৎমা মানেই খারাপ। তাই খুব রাগ হয়।
আমি তো সমাজ পাল্টাতে পারব না। তবে সমাজের এই চরম সত্যর দিকটা লিখতে পারব। এই আখ্যানে আমার ফোকাস তো সেটা নয়৷ তাই আমি বিশদভাবে লিখলাম না। ছাড়া ছাড়াভাবে লিখে চলে এলাম। কখনও যদি সময় পাই, তবে আমি আমার দেখা সৎমা নিয়ে লিখব৷ সমাজের একটা ফালতু চরিত্রকে তুলে ধরব৷ যারা নিজেদের সন্তানকে চেটে তুলতে পারলেও সতিনের সন্তানকে তুলতে পারেনা৷ সামান্যও পারেনা।
চলবে......
