#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
৮.
®রোজা রহমান নাঈমা
‘
৪ মাঘ ১৪১৯ বঙ্গাব্দ,
১৮ জানুয়ারি ২০১৩ খ্রিস্টাব্দ;
শুক্রবারের দিনটা মালিথা পরিবারের কাটে সম্পূর্ণ ঈদের মতো ঈদ-আমেজে। জুম্মার দিনে বাড়ির পুরুষ সদস্যরা ঘড়ির কাঁটায় দুপুর ১২:৩০ বাজতে বাজতেই গোসল সম্পন্ন করেন। একসঙ্গে ঈদের নামাজে যাবার মতো করে তারা সবাই জুম্মার নামাজের জন্য আড়ুয়াপাড়াতেই বাড়ি সংলগ্ন মসজিদে উপস্থিত হন। পরিবারের আদর্শে বড় হওয়া বাড়ির ছোট সদস্যরাও বাবাদের নিয়মেই চলে আসছে।
তবে আজ একটু ভিন্নতা দেখা দিয়েছে৷ আজকের শুক্রবারটা ঈদের চেয়েও বেশি খুশি এনে দিয়েছে সবার মাঝে। সকাল সকাল পরিবারের সদস্যদের মাঝে সেজেগুজে তৈরি হবার তাড়া দেখা যাচ্ছে। সকালের খাবারটা কোনোমতে খেয়েছে শুধু। এরপরই তৈরি হতে নির্দিষ্ট একটা সময় জারি করেছেন জাকিয়া জামান।
সকাল তখন ০৯:০০টার একদিক-ওদিক বাজে বোধহয়। পরিবারের প্রত্যেকে তৈরি হচ্ছিল, ঠিক তখন মালিথা বাড়ির বড় ফটকের সামনে একটি নব্বই দশকের বাইক থামল। বাইকটা বাড়ির ভেতর প্রবেশ না করতেই একটি কিশোরী মেয়ে একপ্রকার দৌড়ে ফটক পেরিয়ে বাড়ির ফ্রন্টইয়ার্ডে প্রবেশ করে পানি উপচে পড়া ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে গেল। একটু থেমে নিজেকে নিয়ন্ত্রণ করে সে দ্রুত পায়ে সদর দরজার সামনে গিয়ে উত্তেজনায় বেল বাজাল কয়েকবার। যখন দরজা খুলে গেল তখন সে জাকিয়াকে দেখতে পেয়ে ডেকে উঠল,
“ খালামণি?”
“ শশী?”
“ হ্যাঁ, হ্যাঁ শশী। শশী সিনহা।”
জাকিয়াকে ঝাপটে ধরল শশী সিনহা নামের মেয়েটা। জিজ্ঞেস করল,
“ কেমন আছ, খালামণি?”
“ আছি তো আলহামদুলিল্লাহ। তোর আম্মারা ভালো আছে তো?”
“ হ্যাঁ, সবাই ভীষণ ভালো আছে।”
“ তোর বাবা আসেনি?”
“ এসেছে তো। আমি দৌড় দিয়েছি।”
জাকিয়া হাসলেন শশীর কথায়৷ মেয়েটা পাগলি। হেসে তিনি একটু এগিয়ে গেলেন বোন-জামাইকে এগিয়ে আনতে। দরজার সামনে যেতেই জাকিয়া জামানের ছোট বোন জিনিয়া জামান মীরের স্বামী সমীর সিনহাকে দেখতে পেলেন। তিনি দরজার সামনে জাকিয়া জামানের দেখা পেয়ে সৌজন্যে হেসে বললেন,
“আসসালামু আলাইকুম, আপা৷ কেমন আছেন?”
“ আলহামদুলিল্লাহ, সমীর৷ তুমি ভালো তো?”
“ আল-খালিক যেমন রেখেছেন৷”
“ এসো না ভেতরে।”
জাকিয়া সরে দাঁড়ালেন। সমীর সিনহা ভেতরে প্রবেশ করলেন,
“ ভাইজানকে দেখছি না?”
“ তৈরি হচ্ছেন। তুমি বসো। আমি খবর পাঠাচ্ছি। আসলে সবাই-ই এখন তৈরি হতে ব্যস্ত৷”
“ সমস্যা নেই, আপা। তৈরি হতে দেন। আমি বসছি বরং৷ বুঝতে পারছি ব্যাপারটা৷”
সমীর সিনহা হেসে বললেন কথাটা। হাতের মিষ্টি ও ফলফলাদি জাকিয়ার সামনে ধরে বললেন,
“ এগুলো নিয়ে যান, আপা৷”
“ আরে অবস্থা! করেছ কী?”
জাকিয়া কিছুটা অসন্তোষ প্রকাশ করলেন। সমীর সিনহা হেসে বললেন,
“ তেমন কিছু না, এই আরকি।”
“ খালামণি, শিশির ভাই কোথায়?”
“ ঘরেই আছে বোধহয়। তুই যা, ঘরে যা৷”
“ আমি আসব শুনে সেই বাইনা ধরেছিল। তাকে আসতেই হবে। তার শিশির ভাইয়ের সাথে তার বহুদিন দেখা হয়না। তার দেখা করতেই হবে।”
সমীর সিনহা হেসে উঠলেন৷ জাকিয়াও হেসে বললেন,
“ তুমি ভালো করেছে একেবারে৷ বাচ্চাদের ছাড়া জমে নাকি?”
থেমে সমীরের হাত থেকে জিনিসগুলো নিয়ে বললেন,
“ বসো, আমি আসছি৷”
সমীর সিনহা গিয়ে সোফায় বসলেন। সাদা পাজামা-পাঞ্জাবির ওপর কালো ওয়েস্টকোট পরিহিত পুরুষটার বয়স চল্লিশোর্ধ্ব হবে। পেশায় সরকারি কলেজের একজন অধ্যাপক। কুষ্টিয়া আমলা সরকারি কলেজের বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের অধ্যাপক তিনি। দীর্ঘ সময় ধরেই আছেন শিক্ষকতা পেশায়৷ সবেই সহযোগী অধ্যাপক থেকে পদোন্নতি হয়ে অধ্যাপক হয়েছেন।
জিনিয়া জামানের বিয়েটা হয়েছিল গ্রামের দিকে। আমলা, ধলসা গ্রাম। তবে তারা গ্রামের বাড়িতে থাকেন না। আমলা বাজার সংলগ্ন দুই তলা বিল্ডিং করেছিলেন। সেখানেই পরিবার নিয়ে থাকেন। জিনিয়ার তিন সন্তান। দুই ছেলে ও এক মেয়ে। জাকিয়া জামানের বাবা শিক্ষিত ও সুদর্শন পাত্র দেখেই জিনিয়া জামানের বিয়ে করিয়েছিলেন। ব্রিটিশ আমল থেকেই সমীর সিনহার বংশের নামডাক রয়েছে বেশ। সে-আমলের উচ্চবিত্ত বংশের ছেলে তিনি। নিজ এলাকার শিক্ষিত ও নামডাক ওয়ালা ব্যক্তি সমীর সিনহা।
আজকে তুষারের জন্য মেয়ে দেখতে যাওয়া হবে বলে, জাকিয়া একমাত্র বোন-জামাইকেও ডেকেছেন। এখানে ডাকাটা তার কর্তব্যের মাঝেই পড়েছে বরং। যেহেতু বাবা-মা বেঁচে নেই, আবার ভাইও নেই জাকিয়ার, সেহেতু একমাত্র বোনকে তো ফেলে রাখতে পারেন না? এছাড়া বৃষ্টির বাড়িতে যাবেন শুধু দেখতে নয়, আঙটিও পরানো হবে। সে হিসাব মতে দুয়েকজনকে সঙ্গে না নিলেও ব্যাপারটা খারাপ দেখায়৷ জাকিয়া শুধু যে নিজের বোনের কথা ভেবেছেন সেটাও নয়৷ তিনি আম্বিয়ার বড়ভাই আমিনুল হককেও ডেকেছেন। জাহিদ মালিথার পক্ষে আসা সম্ভব নয় বলেই সবাই জানেন।
শশী তখনই দৌড় দিয়েছে তার খালাতো ভাই শিশিরের কাছে। সে ভীষণ ভালোবাসে ও পছন্দ করে তার শিশির ভাইকে। স্কুল এবং পড়াশোনার চাপে দীর্ঘ সময় হয়েছে আসতে পারেনি। শেষ এসেছিল পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা দিয়ে। এখন সে সপ্তম শ্রেণির পরীক্ষা দিয়ে অষ্টম শ্রেণিতে উঠেছে। দীর্ঘ সময় পেরিয়ে শিশির ভাইয়ের সাথে দেখা হবে। ব্যাপারটা চরম উত্তেজনা ও আনন্দের।
সেই উত্তেজনা ও আনন্দ নিয়ে এক প্রকার দৌড়ে শিশিরের ঘরের উদ্দেশ্যে যেতে গিয়ে কারো সঙ্গে জোরেসোরে একটা সংঘর্ষ হলো। সেই সংঘর্ষের টাল সামলাতে না পেরে শশী ধপাস দিয়ে করিডোরের মেঝেতে পড়ে গেল। মুখে উচ্চারণ করল,
“ ধুর!”
শশীর চোখমুখ কুঁচকে গেছে। কোমরে একটু ব্যথাও পেয়েছে বোধহয়। সেই ব্যথায় যখন চোখমুখ কুঁচকে ফেলেছে, তখন ওই কুঁচকে যাওয়া মুখ নিয়ে শক্ত কোন খাম্বার সাথে ধাক্কাটা খেল তা দেখতে মুখ তুলল। মুখ তুলে যাকে দেখল, সে হলো শিশির ভাইয়ের চাচাতো ভাই নীহার ভাই। চেনে শশী তাকে। এত শক্ত কেন নীহার ভাইয়ের শরীর? মনে হচ্ছে ধাক্কা লেগে হাড়-হাড্ডি মটকে গেছে। শশী নাক ফুলিয়ে বলল,
“ কী খান? এত শক্ত কেন?”
নীহার একধাক্কায় পরে যাওয়া মেয়েটিকেই তখন থেকে দেখছে৷ কেমন মেয়ে এটা? আর শরীরই বা কী দিয়ে তৈরি? যে সামান্য একটা ধাক্কাই সামলাতে পারল না? সোজা নিচেই পড়ল? নীহারের একটুও সহমর্মিতা জাগল না৷ বরং বিরক্ত হলো এমন একটা ধাক্কাতে পড়ে যাওয়া দেখে। উঠানোর প্রয়োজনও মনে করল না নীহার। ওসব সিনেমার হিরোরা করে। নীহারের দ্বারা তা সম্ভব না। তবে মেয়েটার শরীরের এক হাড়-হাড্ডি ছাড়া, নীহারের চোখে কিছুই পড়ল না৷ তাহলে এই মেয়ে পড়বে না তো কে পড়বে?
নীহার যখন ভাবছিল তখন শশী কথাটা বলে। শশীর কথায় কেমন প্রতিক্রিয়া দেয়া উচিত নীহার বুঝে উঠতে না পেরে বলল,
“ শরীর তো না, একটা চড়ুইপাখির ছানা। ফুড়ুৎ করে উড়তে গিয়ে ধাক্কা লেগে পড়ে যাওয়া পাখিটির দোষ, নাকি ধাক্কা লাগা শরীরটির দোষ?”
“ আপনি চোখে দেখেন না, আপনার দোষ।”
চটাং চটাং কথা মেয়েটির। নীহার ভালোভাবে তাকাল এবার। মেয়েটার মুখটা চেনা চেনা লাগছে। এর আগে দেখেছে মেয়েটিকে। তবে সহসাই ধরতে পারল না মেয়েটি কে। ঠিক তখন পেছন থেকে কুয়াশা ডেকে উঠল,
“ শশী?”
শশী পড়ে থেকেই পেছন ফিরে তাকাল। যাকে দেখতে পেল, তাকে দেখেও সে ভীষণ খুশি হয়ে গেল। ডেকে উঠল,
“ কুয়াশা বুবুন?”
“ হ্যাঁ, আমিই তো। তুই কখন এলি? আর ওভাবে পড়ে আছিস কেন?”
খাম্বার মতো নীহার দাঁড়িয়ে কুয়াশা আর শশীর কথপোকথন শুনছে। যখন নীহার চিনে উঠতে পারছিল না মেয়েটি আসলে কে, তখন কুয়াশার শশী নামে ডাকা শুনেই তড়াক করে মনে পড়ে গেছে মেয়েটি কে৷ আর মনে পড়তেই সে বলে উঠল,
“ শশী! হাপপ্যান্ট আর ফ্রোক পরা শশী?”
শশী কেবলই উঠে দাঁড়িয়েছিল। তখন নীহারের মুখে এরূপ কথা শুনে লজ্জায় ওর চোয়াল ঝুলে গেল। চিবুক ঠেকে গেল বুকের সঙ্গে৷ এ আবার কী ধরনের কথা? ছোটকালে তো সবাই-ই হাপপ্যান্ট আর ফ্রোক পরে, সেটা আবার এভাবে বলতে হবে নাকি? শশীর লজ্জা কারো চোখে পড়ল না বোধহয়। কুয়াশা এগিয়ে এসে বলল,
“ হ্যাঁ, এটা সেই শশী। ভাইয়া, তুমি চিনছ না? বড় আম্মুর বোনের মেয়ে৷”
“ শুরুতে চিনে উঠতে পারিনি। এখন চিনলাম। সেই হাপপ্যান্ট আর ফ্রোক পরে ঘুরে বেড়ানো শশী এটা। এত বড় হয়েছে কীভাবে?”
“ কেন আমিও তো আপনার মুসলমানির অনুষ্ঠান খেতে এসেছিলাম। একবারও তা বলে মনে করিয়েছি আপনাকে?”
নীহার বাক হারিয়ে কিংকর্তব্যবিমূঢ়! চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওর কী বলা উচিত, আর কী প্রতিক্রিয়া দেয়া উচিত— তা ও তখনও বুঝে উঠতে পারল না। আর যখন বুঝে উঠতে পারল না, তখন নীহারের পেছন থেকে শিশির হা হা করে উচ্চশব্দে হেসে উঠল। ওর হাসির শব্দ সারাবাড়িতে প্রতিধ্বনি হতে লাগল। শিশির হাসতে হাসতে একবার মুখে হাত দিচ্ছে তো একবার পেটে হাত দিচ্ছে। আবার দুই হাঁটুতে হাত রেখে ঝুঁকে পড়ছে। ওর হাসি দেখছে বাকিরা। বিরক্ত হচ্ছে কুয়াশা আর রাগছে নীহার। এদিকে শশী ঠোঁট টিপে হাসছে। তাকে লজ্জায় ফেলা এত সহজ নাকি!
নীহার শিশিরের হাসি সহ্য করতে না পেরে বলল,
“ ওভাবে ছাগলের মতো হাহা করছিস কেন? এত খারাপ তোর হাসি?”
“ আমার হাসি খারাপ কিনা সেটা দেখা জরুরি না। জরুরি হচ্ছে তোর সময়টা খারাপ।”
শিশির হাসতে হাসতে খোঁচা মেরে এগিয়ে এলো। নীহার শিশির আর শশী দুই ভাই বোনের অপমানে চেহারা থমথমে করে ফেলল৷ শশী হেসে এগিয়ে গিয়ে শিশিরকে ডাকল,
“ ভাইয়া?”
শিশির বাঁ-হাত বাড়িয়ে দিয়ে শশীকে একপাশ থেকে বাহুতে ধরে বলল,
“লা-জবাব দিয়েছিস, ডিয়ার সিস্টার।”
শশী ঠোঁট টিপে হেসে বলল,
“ উনি আমাকে ফেলে দিলেন, এরপর আবার বললেন আমি নাকি হাপপ্যান্ট আর ফ্রোক পরা শশী। তো উনি কি ছোট বেলায় লুঙ্গি পরে জন্ম নিয়েছিলেন, ভাইয়া?”
শিশির শশীর এরূপ প্রশ্ন শুনে নীহারের দিকে তাকাল। ঠোঁট টিপে দুষ্টুমি একটা ভাব ফোটাল। এরপর বলল,
“ একদমই না! ও তো ত্যানা পরেছিল জন্ম নিয়ে৷”
“ তোকে তো!”
শিশির শশীকে নিয়েই দৌড় দিয়েছে নিচের উদ্দেশ্যে। ওরা দু’জনে হাসতে হাসতে নিচে নেমে গেল। গল্প জুড়েছে সেই আকারে। এদিকে নীহার একটা বাচ্চা মেয়ের কাছে অপদস্ত হয়ে মুখটা থমথমে করে ফেলেছে। কুয়াশা তা দেখে বলল,
“ ছাড়ো তো, ভাইয়া! পাগলে কি না বলে, আর ছাগলে কি না খায়?”
নীহার কুয়াশার দিকে তাকাল তখন। কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও হেসে ফেলল। কুয়াশাও হেসে ফেলল। ভাবা যায়, একটা এত্তটুকু মেয়ে তাকে কত বড় কথাটাই না শুনিয়ে দিয়ে গেল! ওরা দুই ভাইবোনও হাসতে হাসতে নিচে নেমে গেল। কারণ সবারই মোটামুটি তৈরি হওয়া শেষ হয়ে গেছে। দশটা বাজতে বাজতেই রওনা দেবে জানানো হয়েছে৷
সবাই তৈরি হয়ে অপেক্ষা করছিল নীহারের মামা আমিনুল হকের জন্য। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কিছুক্ষণের মাঝেই তিনি চলে এলেন। এ বাড়ি থেকে যাচ্ছেন জাহিদ মালিথা আর তুষার বাদে সবাই। আর যাচ্ছেন শিশিরের খালুজান সমীর সিনহা, শশী ও নীহারের মামা আমিনুল হক।
বাড়ির লিভিং থেকে যখন জাকির মালিথা বের হতে নিলেন, ঠিক তখন কী মনে করে যেন একবার পেছন মুড়ে তাকালেন৷ আর যখনই তাকালেন ওঁনার মুখে আমাবস্যা দেখা গেল। মুখটা ভীষণ ভাড় দেখতে লাগল। কী ভেবে তাকিয়েছেন মুখে প্রকাশ না করলেও, জাকিয়া যেন স্বামীর অব্যক্ত কথাটা বুঝতে পারলেন৷ তিনি পাশে এসে জাকির মালিথার মতোই পেছন ফিরে তাকালেন, দেখলেন৷ এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন,
“ চলো, যাই।”
জাকির মালিথা কেমন করে যেন জাকিয়ার দিকে তাকালেন৷ সেখানে অব্যক্ত ব্যথা ফুটে উঠেছে৷ তার চোখের সামনে যেন জলজ্যান্ত একটি মুখ ভেসে উঠেছে। যাকে তিনি জন্ম নেয়ার দিন থেকে কোলে করে নিয়ে ঘুরতেন, ঘুম পাড়াতেন৷ যাকে তিনি কোলেপিঠে করে বড় করেছিলেন। তাঁর ভীষণ আদরের ছোট ভাই জায়ান মালিথার হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠতে লাগল। কানে বাজতে লাগল তাঁর রসিকিপূর্ণ কথাবার্তা। যে-সব কথা বলাতে বড় ভাইয়ের কাছে কম বকাঝকা খেতেন না তিনি। আজ তিনি থাকলে হয়তো বড় ভাইকে বলতেন,
“ তোমার ছেলের বিয়ের বয়স হয়ে গেল এখনও দাঁড়ি পাঁকাতে পারলে না, বিগ ব্রাদার?”
জাকির মালিথা হয়তো তখন ছোট ভাইয়ের পিঠ চাপড়ে দিতেন তাঁর রসিকি কথায়। আবার হয়তো তাকে আজ ধরে বেঁধে সঙ্গে নিয়ে যেতে হতো। তাঁর আবার এসব পারিবারিক ব্যাপারগুলো ঠিক পোষাতো না। পারিবারিক বিষয়াদিতে খুব কমই মতামত রাখতেন তিনি। ছিল তো এক বোহেমিয়ান পুরুষ। সে আবার একটা মেয়ে ভাগিয়ে এনে বিয়ে করে দু'টো সন্তান জন্ম দিয়েছিল, এটাই বড় আশ্চর্য ও রহস্যের বিষয় ছিল ভাই ভাবিদের কাছে।
জাকিয়া একটু হাসলেন৷ তিনিও যে এই মুহূর্তে এসে জায়ান মালিথার কথা ভাবছেন না ঠিক তা নয়। তিনিও মনে করছেন দেবরের রসিকিপূর্ণ বলা কথাগুলো। হয়তো আজ তাঁকে ধরে বেঁধে সঙ্গে নিতে হলে জাকিয়াকে বলতেন,
“ পারিবারিক এসব নীতিশাস্ত্র আমার জন্য নহে, সিস্টার ইন ল ওয়ান৷ আমাকে তোমরা বরং পাছায় লাথি মেরে পরিবার থেকে বিচ্যুতি করো, তবুও আমার নাকটাকে আর টেনো না। সবসময় নাকটা গলাতে আমার হজমে সমস্যা করে৷”
জায়ান মালিথা ছিলেন তো রসিকি মানুষ। তিনি তাঁর সম্বোধনে সবসময় একটু আলাদা ভাব রাখতেন৷ এই যেমন তিনি জাকির মালিথাকে ডাকতেন বিগ ব্রাদার বলে। আর জাহিদ মালিথাকে ডাকতেন মিডল ব্রাদার বলে। আবার ভাবিদেরও তিনি অদ্ভুত ভাবে সম্বোধন করতেন। যেমন জাকিয়াকে ডাকতেন সিস্টার ইন ল ওয়ান আর আম্বিয়াকে ডাকতেন সিস্টার ইন ল টু বলে। এগুলো থেকে তাকে কখনোই বড় ভাই, মেজো ভাই কিংবা ভাবি ডাকানো যায়নি৷ তিনি নিজ মর্জি মতোই চলেছেন সবসময়। পরিবারের আদর্শ মাথায় করে নিয়ে চলা এক বোহেমিয়ান পুরুষ ছিলেন জায়ান মালিথা।
.
যাবার সময় শশী সমীর সিনহাকে বলল,
“ বাবা, আমি শিশির ভাইয়ের বাইকে যাই?”
“ যাও। এমনিতেও বাইক নিচ্ছি না আমি। কারেই হয়ে যাবে৷”
শশী খুশি হয়ে নাচতে নাচতে গেল শিশিরের কাছে। শিশির আর নীহার তখনও বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দু'জনের পরনেই শুভ্র-সাদা পাঞ্জাবি-পাজামা এবং ওপরে হালকা শীত নিবারনের জন্য কালো ওয়েস্টকোট। মূলত সব পুরুষ সদস্যের পরনেই সাদা পাঞ্জাবি-পাজামা। এছাড়া শিশির আর নীহার একসাথে কোথাও বের হলে অনেক সময়ই একরকম ড্রেস-আপ করে থাকে। দু'জনের বন্ধুত্বপূর্ণ মিলটা তখনই আরো বেশি করে নজরে বিঁধে।
দুই ভাই যখন রোদের ওপর বাইকের সাথে স্টাইল নিয়ে দাঁড়িয়ে খোশগল্পে মজেছে, তখন শশী উপস্থিত হলো। হঠাৎ করে পুনরায় শশীর আবির্ভূত হওয়াতে নীহারের মাঝে ইতস্তত বোধ হতে দেখা গেল। ফলস্বরূপ গলা খাঁকারি দিল নীহার। পা ভেঙে হেলান দিয়ে বাইকের সাথে সেঁটে দাঁড়িয়ে ছিল, শশীকে দেখে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটা ডেঞ্জারাস আছে।
নীহার শশীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করল৷ শশী অসম্ভব চিকন। তবে দেখতে রোগা রোগা লাগে না। শুধু চিকনই শরীরটা৷ লম্বটাও বেশ হয়ে উঠেছে। সেই ফ্রোক আর হাপপ্যান্ট পরা শশী আর নেই। এখন তার পরনে রয়্যাল-রেড রঙের চুড়িদার গাউন। গায়ের রঙটা উজ্জ্বল ফর্সা। কালোও নয় আবার ধবধবে ফর্সাও বলা যায় না। যেটা, সেটা হলো— মানানসই সুন্দর জ্বলজ্বল করে জ্বলতে থাকা রঙ। কাঁচা হলুদের হলদেটে একটা ভাব আছে রঙে। তাই লাল রঙটা শশীর শরীরের ওপর একেবারে চোখ ধাঁধাচ্ছে। তবে হাতে-পায়ে বড় হলেও মুখটা একদমই বাচ্চাসুলভ রয়ে গেছে। গোলগাল বাটিজোরা মুখের আদলটা।
নীহারের খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মনে হলো, একে আর হাপপ্যান্ট ও ফ্রোক পরা শশী বলা যাবে না৷ বললে তারই ইজ্জত ধুলোয় মেশাতে সময় নেবে না। তাই নিজেকে সে সংবরণ করে দাঁড়াল৷ শিশির নীহারের ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা দেখে ঠোঁট টিপে হাসছে৷ হাতের ভেতর কালো সানগ্লাস ঘোরাতে ঘোরাতে শশীকে বলল,
“ কিছু বলবি, শশী?”
“ আমি তোমার সাথে যাব৷ নেবে?”
“ অফকোর্স! চল, ওঠ।”
শশী খুশি হলো অনেক। নীহারের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল,
“ আমাকে কি একটু বেশিই স্পেশাল দেখাচ্ছে, নীহার ভাই?”
নীহার কথাটা বুঝতে পারল না। ভ্রু কুঁচকে চেয়ে থেকে বলল,
“ এটা কেন?”
“ ওভাবে কখন থেকে তাকিয়ে আছেন দেখছি৷ আমাকেই তো দেখছেন মনে হচ্ছে।”
নীহার আবার থতমত খেল। হা হয়ে গেল শশীর কথায়। নিজের অবস্থা বুঝতে পেরে সে চটজলদি এদিকে ওদিকে তাকাতে লাগল। যেন তার সামনে এখন প্রকৃতির সৌন্দর্য ছাড়া আর কিছুই নেই। সে প্রকৃতির সৌন্দর্য দেখতেই ব্যস্ত। এবং সেটাই বেশি উপভোগ্যের।
নীহারের অবস্থাতে শিশির হাসবে নাকি কিছু বলবে সেটা বুঝতে পারছে না৷ তবে সে নীহারের চিপায় পড়া অবস্থাটা ভীষণ উপভোগ করছে। ঠিক সে-সময় নীহারের ফোনে ফোনকল এলো। ফোনকল পেয়ে ফোন বের করে দেখল মেধা বলে সেভ করা নাম থেকে কল এসেছে। নীহারের মনে হলো জানে পানি পেল। এখনই এখান থেকে সরে যাওয়া উচিত। এই পাকনি মেয়ে তাকে বারবার নাকানিচুবানি দিচ্ছে। মেয়েটা ডেঞ্জারাসের সাথে অকালপক্বও। সে ফোনকল ধরার জন্য সরে গেল স্থানটা থেকে। ঠোঁটে একটু হাসিও ফুটতে দেখা গেল তখন।
নীহার চলে গেলে, শশী শিশিরের বাইকে উঠে বসল। কেন যেন ত্যাড়ছা হয়ে একটুখানি নীহারের দূরে দাঁড়িয়ে খুবই শান্ত ভঙ্গিমায় হাসিমুখে কথা বলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল৷ বেশ সময় তাকিয়ে তাকিয়ে দেখল সে৷
আমিনুল হক তার প্রাইভেট কারগাড়ি নিয়ে এসেছিলেন। সেটা এবং মালিথা বাড়ির গাড়িতে বাড়ির বড়রা বসে যখন ফটক পেরিয়ে গেল তখন শিশির আর নীহার বাইক নিয়ে পেছনে বের হলো। উদ্দেশ্য এখন কুষ্টিয়া জেলা ছেড়ে মেহেরপুর জেলা।
…
দুপুর তখন প্রায় বারোটা বাজতে চলেছে। শীতের রোদ তখন শরীরে পড়লে মিষ্টি মিষ্টি একটা সুখ লাগে। মেহেরপুর শহর ছেড়ে প্রায় ৭-৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত আমঝুপি গ্রাম। শহর কেন্দ্রিক আমঝুপি গ্রামের নতুন করা পাকা ঝকঝকে রাস্তায় ধুলো উড়িয়ে দুটি কারগাড়ি ও দুটি বাইক শো শো শব্দে বাতাসের বেগে ছুটছে। গ্রামের দৃশ্য বেশ উপভোগ্যের হয়। আশেপাশে সবুজে ঘেরা মাঠ আর প্রাণ ভরা বিশুদ্ধ অক্সিজেন। নাক টেনে টেনে গ্রামের ঘ্রাণ নিতেও যেন ভালো লাগে।
মালিথা বাড়ির সদস্যরা সেই মনোরম দৃশ্যগুলো চোখ মেলে দেখে চলল। মাঠে বোরো-ধানের চাষ শুরু হয়েছে। কৃষকদের চারা রোপণের কাজ করতে দেখা যাচ্ছে। অনেক জায়গায় রোপণ কাজ শেষও হয়েছে। যেখানে রোপণ কাজ সম্পন্ন হয়েছে সেখানে মনে হচ্ছে সবুজের একটা মেলা বসেছে৷ ছোট ছোট চারাগুলোর ডগা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
গ্রামের দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মাঝে গাড়িগুলো একটি বাড়ির সামনে এসে থেমে গেল। একে একে গাড়িগুলো বাড়িটির সামনে থামতেই গ্রামের পাড়া-প্রতিবেশিদের উঁকিঝুঁকি ও ভিড় জমতে দেখা গেল৷
বাড়ির সামনেই পাকা রাস্তা। রাস্তা ও বাড়ির মাঝামাঝি খোলা অংশে এসে পার্ক করে গাড়িগুলো রাখা হলো। মালিথা বাড়ির গাড়ি থেকে জাকিয়া, আম্বিয়া, আজমীরা, হিম ও তুহিন নামল। তুহিনই ড্রাইভ করে এনেছে মায়েদের৷ আর আমিনুল হকের গাড়ি থেকে জাকির মালিথা, আমিনুল হক ও সমীর সিনহা নেমে দাঁড়ালেন৷
বাড়ির ভেতর থেকে ইতোমধ্যে কয়েকজন বের হয়ে এসেছে। বড়রা নেমে দাঁড়িয়ে বাড়ির দিকেই নজর রাখলেন। ইট সিমেন্টে পলেস্তারা করা প্রাচীরে ঘেরা বাড়ির আঙিনা৷ সামনে রঙ করা স্টিলের গেইট। গেইটের বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভেতরটা ভালোই স্বচ্ছল পরিবেশ৷
শিশির আর নীহার আশপাশটা দেখতে দেখত বাইক এক পাশে পার্ক করে দাঁড়াল। নীহারের বাইক থেকে কুয়াশা নেমে মায়েদের কাছে চলে গেল। ভীষণ নীরব ভঙ্গিমা এখন তার মাঝে। শিশির ধুলো থেকে বাঁচতে চোখে কালো সানগ্লাস পরেছিল। চোখ থেকে সানগ্লাসটা খুলে পাঞ্জাবির ওপর পরা কালো ওয়েস্টকোটের বুকের সাথে বাঁধাল। এরপর বাতাসে এলোমেলো হওয়া চুল দুইহাত দ্বারা ঘনঘন হাত উপরে ঠেলে ব্যাকব্রাশ করল। বাইকের গ্লাসে নিজেকে একবার দেখে নিল। সাদা পাজামা-পাঞ্জাবির ওপর কালো ওয়েস্টকোট একহারা লম্বা শরীরের ছেলেটাকে ভীষণই ড্যাশিং বয় লাগছে।
বাড়ির ভেতর থেকে কে কে বেড়িয়ে এসেছে সেটা জানা গেল পরিচয় পর্বে। এসেছে বৃষ্টির বাবা, দুই চাচা এবং বৃষ্টির দু’জন বৈমাত্রেয় ভাই। আরো সদস্যদের পরে আসতে দেখা গেল অবশ্য। তবে শুরুতে যারা এসেছিল তাদের সমাদর ভঙ্গিমাতে সন্তুষ্ট হলেন জাকিয়া। ওদের সবাইকে ভেতরে নিয়ে যাওয়া হলো।
গেইট পেরিয়ে একে একে যখন ভেতরে প্রবেশ করল, সবারই বাড়ির পরিবেশটা পছন্দ হলো। ভীষণ সাজানো-গোছানো মনে হলো। গ্রামের বাড়ি হিসেবে পরিবেশটা সুন্দর। গেইট পেরিয়ে ইয়া বড় পাকা উঠান। উঠানের আশপাশ মিলিয়ে ঘরের উপস্থিতি। জানা গেল বৃষ্টির বাবা এবং মেজো চাচা এই বাড়ির ভেতরই থাকেন৷ আর ছোট চাচা এই পুরোনো বাড়ি ছেড়ে দিয়ে পাশেই বাড়ি করেছেন। বাড়িটা আশির দশকের। পুরোনো একটা ভাব আছে। পলেস্তারা করায় জং ধরলেও রঙটা পুরোপুরি খেয়ে ফেলতে পারেনি। বৃষ্টিদের পাঁচ কক্ষ বিশিষ্ট পলেস্তারা ও রঙচঙে বাড়ি। তিনটা কক্ষ সামনে বরাবর আর বেঁকি করে দুইটা কক্ষ এবং সামনে কালো রঙ করা সরু বারান্দা। উপরে টিন শেড। পাকা উঠানের সাথে এমন ঘরগুলো ভারী মানানসই ঠেকল সবার কাছে।
বৃষ্টির বাবা ও চাচারা সবাইকে ডেকে নিয়ে গেল একটি কক্ষে। কক্ষে আসবাব আছে ভালোই। সেখানে কাঠের কারুকাজ শোভিত গোদি আঁটা সোফা, আলাদা চেয়ার ও বিছানা মিলিয়ে প্রত্যেককে বসানো হলো। কক্ষটা বড়সড় আর সুন্দর সাজানো-গোছানো। সবাই যা বুঝল, তা হলো বৃষ্টির বাবা-চাচারা ভালোই স্বচ্ছল ব্যক্তি। বৃষ্টির বাবার শহরে মার্কেটের দোকান আছে তিনটা। সেখানে একটা বড় শাড়ির দোকান ও দুটো পোশাক-আশাকের। ভালো স্বচ্ছলতায় দিন চলে বোঝা যাচ্ছে। আর বাকি দুই চাচার মাঝে মেজোটার শহরে বড় মিষ্টান্নভাণ্ডার আছে। ছোট চাচা বেশি শিক্ষিত ব্যক্তি। তিনি উপজেলা ভূমি অফিসের একজন কর্মকর্তা।
মোটামুটি যা জানানো হয়েছিল জাকির মালিথাদের তা সবই সঠিক। এবং চোখে দেখেও পছন্দ হলো পরিবেশটা। বেশ কিছুক্ষণ বসা হলে কুয়াশা আস্তে করে বড় আম্মুকে বলল,
“ বড় আম্মু, ভাকিকে কখন আনা হবে?”
“ সময় লাগবে। তোরা বরং বেরিয়ে যা।”
মেহমানদের আপ্যায়নের জন্য বিভিন্ন নাস্তা-পানির আয়োজন করা হয়েছে। সেগুলো সামনে রাখা। কুয়াশা ভীষণ উৎসুক করতে লাগল বৃষ্টিকে দেখার জন্য। ওর অবস্থা বুঝে জাকিয়া বৃষ্টির বাবার উদ্দেশ্য বললেন,
“ ভাইসাব, মেয়ে কি তৈরি হয়েছে?”
“ একটু সময় লাগবে, আপা। আমি খোঁজ পাঠিয়েছি।”
“ তাহলে আমাদের দু'টো মেয়েকে একটু সেখানে নিয়ে যাবার ব্যবস্থা করে দেন। ভীষণ উৎসুক করছে তারা৷”
“ কোনো সমস্যা নেই। আসো আসো বেটা তোমারা।”
বৃষ্টিদের বাড়িতে নয়নের মাধ্যমে জানানো হয়েছিল মালিথা পরিবার কীভাবে আসছেন। কতজন আসছেন। তাই বৃষ্টির বাবা তেমনই আয়োজন করেছেন। লোক সংখ্যাতে ওঁনাদের যে কোনো সমস্যা হয়নি তা বোঝা যাচ্ছে।
কুয়াশা ও শশীকে বৃষ্টির কক্ষে আনা হলো। সেখানে নয়নও রয়েছে। নয়ন দুইদিন আগেই এসেছিল মামুর বাড়িতে। কুয়াশা আর শশী ঢুকতেই নয়ন বলল,
“ এসো এসো, তোমরা তুষার ভাইয়ের বোন তো?”
উত্তরে ওরা ইতিবাচক উত্তর করল। বৃষ্টিকে সাজানো হচ্ছে অল্প একটু। সম্পূর্ণ আকাশী রঙা একটি জামদানি শাড়ি পরানো হয়েছে বৃষ্টিকে। কী ভীষণ মিষ্টি দেখতে! কুয়াশারা অপলক চেয়ে আছে। ধবধবে ফর্সা আর পানপাতা মুখের আদল। চোখ, নাক, গোলাপি ঠোঁট সব মিলিয়ে কুয়াশাদের মনে হলো বৃষ্টি পূর্নিমার চাঁদ। বৃষ্টির নাম বৃষ্টি নয়, পূর্নিমা হলে ভারী মানাতো। তার বড় ভাই এ কাকে পছন্দ করেছে? এইজন্যই বুঝি তাদের সহজ সরল নীরব থাকা বড় ভাইটাও প্রেমে পিছলেছিল? কুয়াশাদের ভীষণ পছন্দ হলো বৃষ্টিকে। এমন সুন্দরী মেয়ে তাদের বাড়ির বউ হবে ভেবেই কুয়াশার ভেতরটা উত্তেজনায় নেচে উঠল। সে দুরন্ত পায়ে এগিয়ে গিয়ে বলল,
“ আপনি ভীষণ সুন্দরী, ভাবি। ভাইয়া বলেছিল আপনি অনেক সুন্দরী৷ কিন্তু আমার মনে হচ্ছে অনেকের চেয়েও আরো বেশি সুন্দরী। একদম পূর্নিমা চাঁদের মতো।”
বৃষ্টি লজ্জা পেল কিনা বোঝা গেল না। তবে সে কুয়াশাকে বলল,
“তুমি কুয়াশা। ঠিক তো?”
“ হ্যাঁ, হ্যাঁ আমিই কুয়াশা। আপনার একমাত্র ননদ হব।”
“ সেটা জানি। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তোমার ভাইয়া ঠিকই বলেন, ভীষণ আদুরে তুমি।”
“ ভাইয়া বলে আমার কথা?”
“ তোমাদের বাড়ির সবার কথাই বলেন৷”
“ আমার বড় ভাইয়া ভীষণ ভালো মানুষ।”
বৃষ্টি হাসল তখন। শশীকে দেখে বলল,
“ তুমি শশী বোধহয়?”
“ আমাকে চোখে পড়ল তবে?”
“ পড়বে না কেন? ছোট খালামণির একমাত্র মেয়ে তুমি।”
“ বাবাহ্! ভাইয়া কি আপনাকে আমাদের বংশ সহ আত্মীয়স্বজন কে কোথায় আছে সব বলেছে?”
“ আমিই সব জিজ্ঞেস করে জেনেছি।”
থেমে গিয়ে পুনরায় বলল,
“ ইয়াসমিন আসেনি?”
“ ইয়াসমিন বুবুকেও চিনেন?”
“ অবশ্যই। সে যে আমার জা হবে সেটাও জানি।”
“ ও মাই গড!”
শশীর আশ্চর্য বাণী শুনে বৃষ্টি হাসল। কুয়াশা বলল,
“ ইয়াসমিন বুবু একটু অসুস্থ। তাই আসেনি।”
“ ও আচ্ছা। কে কে এসেছেন?”
কুয়াশা বলল তারা কে কে এসেছে। এরপর আরো কিছুক্ষণ কথাবার্তা হলো। বেশ সময় নিয়ে তৈরি হলো বৃষ্টি। জুম্মার আজান দিয়েছিল বেশ কিছুক্ষণ আগে। পুরুষ সদস্যগুলোকে নিয়ে বৃষ্টির বাবারা মসজিদে গেলেন নামাজ আদায়ের জন্য।
নামাজ আদায় করে দু'টোর সময় সবাই এলে বৃষ্টিকে আনা হলো তখন। এরআগে জাকিয়ারা বৃষ্টির কক্ষ থেকে দেখে এসেছেন৷ এখন শুধু পুরুষ সদস্যদের দেখা বাকি। বৃষ্টিকে সাজিয়ে পরিপাটি রূপে জাকির মালিথাদের সামনে আনা হলো। নীল শাড়ি পরিহিত মাথায় শাড়ির আঁচল তোলা বৃষ্টির মুখদর্শন করে শিশির, নীহার, তুহিন একভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। যেন চোখ সরাতে পারল না প্রথম দর্শনে। বৃষ্টিকে দেখে যখন বড়রা একে একে বলে উঠলেন,
“ মাশ-আল্লাহ!”
তখন শিশির নীহারকে খুঁচিয়ে বলল,
“ এ ভাই! এটা তো পূর্ণিমার চাঁদ রে!”
“ জমিনে নামল কীভাবে?”
নীহারও বৃষ্টির দিকে একইভাবে তাকিয়ে থেকে বলল কথাটা। শিশিরও একই প্রতিক্রিয়া রেখে বলল,
“ সেটাই তো বলি! নয়তো আমার ভাই প্রেমে পড়ে মজনু হবে কী জন্য?”
“ এমন রূপে মজনু না রে রোমিও হয়।”
শিশির আর নীহারকে তুহিন গুঁতা দিল। আনলিমিট বকবক চলছে তাদের৷ যা বড়রাও শুনতে পারছে। ওরা তখন হুঁশে ফিরে নড়েচড়ে বসল। লজ্জা শরম বেঁচে খেয়েছে বেয়াদব দুটো। শিশির গলা খাঁকারি দিয়ে বলল,
“ মাশ-আল্লাহ! ভীষণ সুন্দরী ভাবি পাচ্ছি আমরা।”
শিশিরের কথা শুনে সবার দৃষ্টি ওর দিকে পড়ল। বৃষ্টি লজ্জা পাচ্ছে ভীষণ। এভাবে বড়দের সামনে তাকে বলাতে সে লজ্জায় মাথা আরো ঝুঁকিয়ে নিল। কী এক মূহুর্ত এলো তার জীবনে!
| চলবে |
[ এই পর্বের বর্ধিতাংশ আসবে। একপর্বে সম্পূর্ণটা লিখলে অনেক বড় হয়ে যেত। আর লিখতেও আরো অনেক বেশি সময় লাগত৷ তাই অর্ধেকটাই আপাতত পড়েন। বাকিটুকু জলদিই আসবে। ]
বিঃদ্রঃ [ নিচের পিকটি আমার গ্রুপ অন্দরমহল থেকে নেয়া। সেখানে টাইপো করা হয়েছিল কিন্তু পেইজের ওয়াটার মার্ক ছিল। যা উঠিয়ে নতুন করে টাইপো করা হয়েছে।
আপনারা যারা টাইপো করতে পারেন আমি যেন পেইজে ব্যবহার করতে পারি এমনভাবে বানিয়ে আমাকে ইনবক্সে দিতে পারেন৷ আমি পর্বে ইউজ করব। ]
