#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
১৬.
®রোজা রহমান নাঈমা
‘
ডিসেম্বর, ২০২১;
একটি কবর সমতুল্য কক্ষ। সেখানে কোনো প্রাকৃতিক আলোর মাত্রা নেই। সংকীর্ণ কক্ষটি আবছায়া কৃত্রিম আলোয় আলোকিত। তার হাতজোড়া পুনরায় বাঁধা হয়েছে। পূর্বে হাত বাঁধার ফলে রক্ত জমাট বেঁধেছিল, ব্যথা হয়েছিল। পুনরায় বাঁধার ফলে তা বৃদ্ধি পেয়েছে। এবার তো আরো বেশি শক্ত করে বাঁধা হয়েছে। এর দ্বারা ঘায়ের সৃষ্টি হতে সময় নেবে না বোঝা যাচ্ছে। নিজের পরিণতি গুলো সে শুধু চেয়ে চেয়ে দেখছে।
আজ দুইদিন যাবত সে এই অবরুদ্ধ কক্ষে স্রেফ একা বন্দি। পূর্বের দুইদিন চোখজোড়াও বাঁধা ছিল। আজ চোখ জোড়া খুলে দেয়া হয়েছে। অবশ্য চোখ খোলা ও বাঁধার সাথে কোনো সম্পর্ক নেই। তার রাত-দিন সব এক। দুইদিনে সে খেয়েছে মাত্র একবেলা করে। শুধুমাত্র দুপুরে তাকে খেতে দেয়া হয়েছে। সেটাও সল্প পরিমাণ খাবার। ওটাকে খাওয়া বলা চলে না। খাবারগুলোও খাওয়ার উপযুক্ত নয়। তবুও সে খেয়েছে। তাকে খেতে হয়েছে। উপায় নেই তো এছাড়া। বিদঘুটে পঁচা ডিম তাকে সিদ্ধ করে দেয়া হয়েছিল গতকাল। যা চোখ বন্ধ অবস্থায় খেতে গিয়ে গন্ধে সে বমিও করেছে। এবং এই ছোট ও সংকীর্ণ কক্ষেই তাকে বমি করতে হয়েছে। যা এখন অবধিও এই কক্ষেই ছড়িয়ে আছে। নিজেরই দুর্গন্ধময় বমির সাথে তাকে রাত-দিন যাপন করতে হচ্ছে।
কোনো প্রাণীর অস্তিত্বের দেখা মেলে না। কেউ কথা অবধি বলেনি বিগত দুইদিন। কাউকে না দেখে, কারো সাথে কথা না বলে আটচল্লিশ ঘণ্টা কেটে গেছে তার৷ কোনো সঙ্গী ছাড়া এমন একটি আঁধো-অন্ধকারে রাত-দিন কাটানো মনুষ্য প্রাণীর জন্য একপ্রকার নিরবচ্ছিন্ন মানসিক চাপ। অনিশ্চিয়তার ওপর নিজেকে দাঁড় করিয়ে সে একেকটি দিন কাটাচ্ছে। খাবারটা দেয়া হয় অনেকটা নিঃশব্দে। শুধু প্লেটটা ঠেলে দেয়া হয় তার দিকে। আজ চোখ খোলার পরেও কারো দেখা পায়নি সে। কারণ তাকে দেখতে দেয়া হয়নি।
এভাবে আর আটচল্লিশ ঘণ্টা কাটালে খুব দ্রুত মানসিক রোগীতে পরিণত হবে সে। ইতোমধ্যে তার অভ্যন্তরে অস্থিরতা জেঁকে ধরছে। যদিও মানসিকভাবে শক্ত থাকার আপ্রাণ চেষ্টা সে করছে। তবে সেটাও কত সময় ধরে পারবে জানা নেই তার। অস্থিরতা, বিরক্তি ও রাগ ভেতরে বাসা বাঁধছে। সে কি তবে খুব দ্রুতই পাগল হয়ে যাবে?
সময়টাকে তার নিকট একঘেয়েমি লাগছে। কারও সঙ্গে কথা বলতে না পারায় মাত্রাতিরক্তি একাকিত্ব ও অসহায়ত্ব বোধ হচ্ছে। সে তো এমন দিন কাটায়নি কখনো! তার একঘেয়েমি জীবন ছিল না কখনো। ঘুমটাও ঠিকমতো আসছে না। ফলে ঘুমের ছন্দ নষ্ট হয়েছে। বারবার একই চিন্তা ঘূর্ণিপাকের মতো মাথায় ঘুরতেই আছে। সময়ের হিসাব আরও দীর্ঘ মনে হচ্ছে তার নিকট। রাত-দিন কি তবে আরো বেশি বড় হয়েছে? এসবের শেষ কবে?
উদ্বেগ, হতাশায় সে বারবার মাথার চুলগুলো খামচে ধরছে। কখনো বসছে, কখনো হাঁটছে, কখনো শুচ্ছে আবার কখনো একনাগাড়ে দাঁড়িয়েই থাকছে। দৃষ্টি কোথায় দেয়ার মতো নেই। যেখানেই দৃষ্টি ফেলবে সেখানেই দেয়াল। সংকীর্ণ স্থানে দাঁড়িয়ে ভাবছে তো ভাবছেই।
এই তীব্র মানসিক চাপ দীর্ঘ হলে মনোযোগ ও চিন্তাশক্তি সাময়িকভাবে দুর্বল হয়ে যাবার সম্ভাবনা আছে। পদ্ধতিটাকে সাইকোলজিক্যাল পানিশমেন্ট বলা যেতে পারে৷ তার মস্তিষ্ক এখন নিয়ন্ত্রণ না হারালেই হলো।
…
১ ফাল্গুন ১৪১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৩;
পহেলা ফাল্গুন। প্রকৃতির গায়ে নতুন ঋতুর হলুদ প্রলেপ লেপ্টে দিয়েছে যেন। নরম রোদে শীতটুকুও কেমন ম্লান হয়ে গেছে। কৃষ্ণচূড়া, পলাশ আর গাঁদার রঙে চারপাশে বসন্তের উচ্ছ্বাস। পাতার ফাঁকে ফাঁকে দোয়েল, শালিক আর চড়ুইয়ের কলতান। হালকা বাতাসে ফুলের মৃদু সুবাসে প্রকৃতি নিজেই উৎসবের সাজে সেজে উঠেছে যেন।
শহরের সকালটাও আজ অন্যরকম। ব্যস্ত সড়কে যানবাহনের কোলাহল, ফুটপাতে মানুষের ব্যস্ত পদচারণা আর মোড়ে মোড়ে ফুলের দোকানে রঙিন পসরা—সবকিছুর মধ্যেই বসন্তের উৎসবের আবেশ। সকাল থেকেই হলুদ-পাঞ্জাবি আর শাড়িতে তরুণ-তরুণীদের আনাগোনা, রিকশার ঘণ্টি আর দূরের পাখির ডাক মিলে শহরের চিরচেনা কোলাহলটাকেও আজ কেমন সুরময় করে তুলে জানিয়ে দিচ্ছে— বসন্ত এসে গেছে।
‘
পহেলা ফাল্গুনীর সকালটা শুরু হয়েছে শিশির ও কুয়াশার তুমুল ঝগড়া দিয়ে। যা বিগত দিনগুলিতে খুব কম দেখা গিয়েছে। বাড়ির দুই দুশমনের ব্যাপার— সে তো একেকটা যে কোনো ঘটনা হয়ে যায়। স্টাডি রুমে দু'জনের অহেতুক ঝগড়া চলছে। ওরা যখন ঝগড়া করে, ভাবে লাগে কোর্টরুমে লড়াই করছে। কে জিতবে, কে হারবে সেটাই দেখার বিষয়। তাদের ঝগড়ার বড় কোনো কারণ লাগে না অবশ্য। তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি যা ধীরে ধীরে ঝগড়ায় রূপ নেয়। এরপর তা অনেকসময় মারামারিতেও। তবে আজকের বিষয়টা গুরুতরই বলে মনে হচ্ছে। ঝগড়ার একপর্যায়ে কুয়াশা রাগে ক্ষোভে শিশিরের বুকের ওপর দুইহাত ঠেলে জোরে ধাক্কা দিয়ে বসেছে। সাথে নখের আঁচড়ও লাগে। শিশির ভীষণ রাগে এতে। সচারাচর মেয়ে মানুষের এমন মারকুটে আচরণ গিলতে সমস্যা হয় তার।
শিশিরও রেগে উঠে তখন কুয়াশার গালের ওপর চড় বসিয়ে দেয়। কুয়াশা ব্যথায় গাল ধরে কেঁদেও ফেলে। সেটা দেখে ও ভয়ে হিম ছোটে বড়দের ডাকতে। শিশির ভাই বুবুকে মেরেছে এখন বুবু শিশির ভাইকে মেরে ফেললেও ফেলতে পারে। তার আগে তাকে মানবতার কাজটা করতে হবে সকলকে জানিয়ে। তাই সে সে-মুহূর্তে মানবতার ফেরিওয়ালা হয়ে ডেকে নিয়ে এসেছে মা-চাচিদের।
কুয়াশাকে কাঁদতে দেখে শিশিরকেই ভীমরুলের মতো চেপে ধরা হলো। গালে হাত দিয়ে কুয়াশা হিঁচকি তুলে কাঁদছে। ওমন কান্না দেখা যায় না। বাড়ির মেয়েকে ধরে মারাটা অন্যায়। আর শিশির সেই অন্যায়টাই করেছে। অথচ কিছুক্ষণ আগেও যে কুয়াশা রাক্ষসী ওর বুক থাবড়ে দিয়ে খামচিও দিয়েছে, সেটা সে দেখালে কী বলবে এরা?
কুয়াশা কাঁদছে আর রাগে ফোঁসফোঁস করছে কুলিম সাপের মতো। তার স্কুল থেকে আজ বসন্ত বরণ উৎসব উপলক্ষে ছুটি দিয়েছিল। আজ স্কুল ছুটি থাকবে বলে ক্লাস থেকে হোমওয়ার্ক দেয়া হয়েছে বেশি বেশি করে৷ সেগুলো কুয়াশা বেশ কষ্টে শেষ করার চেষ্টা করছে। সকালে কিছুটা করে রাখতে পারলেও রাতে চাপ কম পড়বে। যেহেতু আজ প্রাইভেট থেকেও ছুটি দিয়েছে, সেহেতু তার ক্লাসের দেয়া হোমওয়ার্ক শেষ করা উচিত। রাত জেগেও বেশ কিছুটা করেছিল। কিন্তু সকালে সেগুলোর ওপর শিশির কফি ঢেলে দিয়েছে।
অবশ্য শিশির ইচ্ছে করে করেনি। অজান্তেই পড়ে গেছে। যেটা সে জানিয়েছেও। তবে কুয়াশা যে ওই শুরুতে রেগেছে, ওই রাগেই সে শিশিরের সত্যি বলাটা বিশ্বাস করেনি। তার ধারণা শিশির ইচ্ছে করেই করেছে। কারণ শিশির এমনটাও করতে পারে। শিশির ওর ভালো চায় না। ওর ওপর শিশিরের চরম হিংসা আছে। আর সেই হিংসা থেকেই সে এমন জঘন্য একটা কাজ করেছে। কুয়াশার ভাবনা, তো আর কী করার? কেউ তো আর পাল্টে দিতে পারবে না? জিদ্দি মেয়ে জিদটাকে নাকের ডগায় রাখে৷ আর শিশির ওর জিদকে বৃদ্ধা ও তর্জনী আঙুল দ্বারা তুড়ি বাজিয়ে উপেক্ষা করে। শিশির এত সময় নিয়ে বসে থাকে না কুয়াশার বুঝকে ভুল প্রমাণ করতে। তার মতে গাঁধার সামনে নামতা পরা আর অবুঝকে বোঝানো একই ব্যাপার৷ কুয়াশা তার কাছে গাধাই৷ শিশিরের ধারণা কুয়াশার ব্রেইনে ঘিলু-টিলু কিছু নেই। যা আছে তা হলো— গোবর৷ আর এজন্য শিশির ওর নিক নেমই দিয়েছে
— গোবর ঠাসা।
আজমীরা কুয়াশাকে বা শিশিরকে কিছু না বলেই কুয়াশাকে থামিয়ে স্টাডিরুম থেকে নিয়ে চলে যাচ্ছিলেন, তখন শিশির স্মিতে বলল,
“ ছোট আম্মু, তোমার ওই বলদ মেয়েটাকে বলো আমি ইচ্ছে করে ফেলিনি। অজান্তেই হয়ে গেছে ব্যাপারটা।”
আত্মঅহংকারী শিশির বোধহয় ছোটআম্মু আজমীরাকে কৈফিয়ত দিল৷ আজমীরা শিশিরের দিকে তাকিয়ে শুধু একটু ম্লান হাসলেন। মুখে কিছু বললেন না। কুয়াশা যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, তেমনই ভীষণ রাগে ফুঁসছে। শিশিরের দিকে ভেজা চোখ ও গাল নিয়ে তাকিয়ে আছে৷ মোটা মোটা চোখের পাপড়িগুলো ভিজে কিছু কিছু একসাথে জোড়ো হয়ে আছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। নাক টানছে থেকে থেকে।
জাকিয়া ঠাণ্ডা স্বরে শিশিরের কথার প্রত্যুত্তরে বললেন,
“ তো উল্টে মেরেছিস ওকে?”
“ কী জঙলী জন্তুর মতো আচরণ করেছে দেখতে চাও?”
“ না।”
থেমে কুয়াশাকে দেখিয়ে বললেন,
“ কী জোরে মেরেছিস গালে আঙুলের ছাপ বসে গেছে? তোর পিঠটা ওমন করি?”
শিশির মায়ের দিকে বিরক্তির চোখে তাকিয়ে রইল। তাকেই উল্টে মারতে চাওয়া হচ্ছে? সেটাও আবার ওই ন্যাকারানি কুয়াশার জন্য। এখানে নীহার থাকলে কথা আরেকটু বাড়তো। যেহেতু নীহার নেই জিমে গেছে সে, সেহেতু কথা অতিরিক্ত বাড়ল না। আজমীরা কুয়াশাকে নিয়ে চলে গেলেন৷ জাকিয়া রান্নাঘর ছেড়ে এসেছিলেন, দ্রুত সেদিকে ছুটলেন৷ শিশিরের রাগ কমেনি এখনও। সে স্টাডিরুম থেকে বেরিয়ে গেল নিজের ঘরের উদ্দেশ্যে৷
শিশিরের ঘরের বারান্দায় পাঞ্চিং ব্যাগ ঝোলানো। সে রাগ নিয়ে তার ঘরের বারান্দায় চলে এসেছে৷ হাতে কালো রঙের বক্সিং গ্লাভস পরে পাঞ্চিং ব্যাগে ঘুষি দিচ্ছে সঠিক কৌশল অনুশীলন করে। এটা সে করা শুরু করেছে সপ্তাহ-খানিক আগে থেকে। শিশির জিম করে না৷ তার জিম করার প্রয়োজনও পড়ে না। সে ছোট থেকেই যে পরিমাণ খেলাধুলা করে, এতেই তার শারীরিক গঠন পাতলা হলেও আকর্ষণীয় বলা চলে৷ বয়সের সাথে তাল মিলিয়ে শরীরটা চওড়া হয়েছে ভারী। দীর্ঘ ও প্রশস্ত শরীরের সাথে স্বাস্থ্যটা সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ।
শিশির যে বয়সে এখন দাঁড়িয়ে আছে, সে বয়সে প্রায় প্রতিটি ছেলে নিজেদের ব্যক্তিত্ব উৎকর্ষ করার চেষ্টাতে নিমগ্ন থাকে৷ শিশিরও তার ব্যতিক্রম কেউ নয়৷ নিজের ব্যক্তিত্বের বিকাশে সে অনেক কিছুই করে। এই যেমন— পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন রকমের খেলাধুলার করা, বাইক রাইড করা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করা সহ তার মন মতো কাজকারবার গুলো সে করে থাকে। তবে বাড়ির আদর্শবান ছেলেটা, কখনো আদর্শকে ঝেড়ে ফেলে দেয়ার চেষ্টা করে না। সেটা নিয়েই সে চলাফেরা করে। শিশির ব্যক্তিত্বের দিক থেকে কিছুটা তার ছোট চাচুর দিকে হেলেছে। তবে ছোট চাচু জায়ানের মতো ততটা হবার চেষ্টা করে না, যতটা হলে এবাড়ি থেকে তার নামটা উঠে যায়। ছোট চাচু এই বাড়ির আলাদা ব্যক্তিসত্ত্বার ব্যক্তি ছিলেন, ঠিক আলাদাই রাখার চেষ্টা করে সে।
ঘুষির শক্তি ও গতি বাড়ানোর সিদ্ধান্তটা সে সেদিন নিয়েছিল, যেদিন লীগের ছেলে পাভেলকে রাতে তুলে নিয়ে গিয়ে ভাগারের মাঠে ঘুষিয়েছিল। সেই রাতে পাভেলকে ঘুষি দিতে গিয়ে শিশিরের মনে হয়েছিল, তার ঘুষি কোনো ঘুষিই না। ওটা মেয়েদের শক্তি ও গতির সমমান ঘুষি। নিজের ঘুষির শক্তি ও গতির ওপর নিজেরই বিরক্তির সাথে রাগ হলো ওইদিন৷ অথচ সেদিন রাতে হকিস্টিক দিয়ে নীহার যা কুপোকাত করতে পারেনি, শিশির ঘুষিতে তা করেছিল। তবুও তার কাছে তার নিজের ঘুষির শক্তি ও গতি কম বলে মনে হয়েছিল। এরপরই সে সিদ্ধান্ত নেয়, এটাও তার ব্যক্তিত্ব বিকাশের সাথে যুক্ত করবে। ঘুষির শক্তি ও গতি বাড়াতে হবে। অতঃপর কয়েকদিনের সঠিক কৌশলে অনুশীলন করার পর সে নিজের ঘরের বারান্দায় পাঞ্চিং ব্যাগ এনে ঝুলিয়েছে। এখন রোজ সে ঘুষির শক্তি ও গতি বাড়ানোর অনুশীলন করছে।
তবে যে শুধু ঘুষির শক্তি ও গতি বাড়াচ্ছে তা নয়। কবজি, হাত ও বাহুর স্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ উন্নত করছে। এছাড়াও কাঁধ, বাহু ও শরীরের পেশির সমন্বয় বাড়ানোর চেষ্টা করছে। সঙ্গে সহনশীলতা ও কার্ডিও ফিটনেসের জন্যও অনুশীলন করে।
শিশির পাঞ্চিং ব্যাগটায় এমন ভাবে একেকটা ঘুষি দিচ্ছে— যেন পাঞ্চিং ব্যাগটা কুয়াশা, আর সে কুয়াশাকেই ঘুষি দিচ্ছে। তার চোখের সামনে কুয়াশা ঝুলছে। সে কুয়াশাকে উল্টো ঝুলিয়ে অন্তরে লালন করা বহুদিনের খায়েশ মেটাচ্ছে। ভালো একটা পন্থা অবলম্বন করেছে সে। এভাবেই কল্পায় কুয়াশাকে ধারণ করে সে ঘুষি দিতে পারবে। বাস্তবে তার খায়েশ তো এই বাড়ির রাজাকাররা পূরণ করতে দেবে না! বরং সেই অপরাধে তাকেই উল্টো রিমান্ডে নেওয়া হবে। সে একজন ছাচ্চা বাঙালি, আর ওরা তার জাত শত্রু আরকি।
‘
তুষার এক বছরের বেসিক প্রশিক্ষণ শেষে কুমিল্লা জেলায় এক বছরের ফিল্ড অ্যাটাচমেন্টে যোগ দেওয়ার নির্দেশ পায়। বাড়িতে খুব বেশিদিন থাকতে পারেনি সে। এক সপ্তাহ পরই কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে কুমিল্লায় গিয়ে ফিল্ড অ্যাটাচমেন্টে যোগ দিতে হলো। এখন তুষার কুমিল্লাতেই আছে।
তুষার বাড়িতে থাকাকালীন মালিথা ভিলায় একদিনের ছোট আয়োজনে বৃষ্টির বাবা-চাচারা এসেছিলেন। তুষারকে দেখে গেছেন এবং তাঁরাও তুষারকে আঙটি পরিয়ে গেছেন। মালিথা পরিবারের ইচ্ছে ছিল একটা বাগদানের অনুষ্ঠান করার। তবে তা তুহিনের শারীরিক অবস্থা ও তুষারের অমতের জন্য সম্ভব হয়নি। তাই বৃষ্টির বাবারাই এসে তুষারকে আঙটি পরিয়ে গেছেন। বিয়েটা কিছু মাস পর হবে, যখন তুষারের পূর্ণাঙ্গভাবে পদায়ন হবে৷
তবে তুষার জানিয়েছে সে অক্টোবরে বিয়ে করবে৷ বৃষ্টির প্রিয় অক্টোবর মাস৷ তার বৃষ্টি বিয়েটাও করতে চায় অক্টোবর মাসে৷ আর বৃষ্টির স্বপ্ন সে পূরণের দায়িত্ব নিজ কাঁধে করে বহন করতে সর্বদা প্রস্তুত।
মালিথা বাড়ির বড়ছেলে বাদেও মেজো ছেলে তুহিনের শারীরিক উন্নতি হয়েছে বেশখানি৷ শরীরে আঘাতের ঘা গুলো শুকিয়ে উঠেছে অনেকটা৷ হাড়ের ফ্র্যাকচারের জন্য সে হাঁটতে পারে না৷ তবে ক্রাচ নিয়ে চলার চেষ্টা করে। নিয়মিত যত্ন ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলে সে দ্রুতই রিকভার করেছে। আম্বিয়া ছেলের জন্য স্কুল থেকে এক মাসের ছুটি মঞ্জুর করিয়েছেন। তিনি বাড়িতে থেকে তুহিনের নিয়মিত যত্ন নেন এখন।
এছাড়াও এক-দুইদিন পর পরই ইয়াসমিন আসে। ফুপুর সঙ্গী হয়ে সে তুহিনের যত্ন-আত্তি করে অনেক। সময় কাটায় তুহিনের সাথে। এতে না তুহিনের একাকিত্বের দিন কাটে আর না একাকী অনুভব হয়। বেশ কেটে যায় দু'জনের৷ এখানে দুই পরিবারের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রত্যেকেই জানে তুহিনের শারীরিক অবস্থা কেমন, আর ইয়াসমিন তার সঙ্গ দিলে ব্যাপারটা কেমন হতে পারে। তাই বড়দের নীরব সম্মতিতে তুহিন ও ইয়াসমিন একসাথে সুন্দর সুন্দর সময় কাটায়।
যেমন ইয়াসমিন আজ পহেলা ফাল্গুনী উপলক্ষে সকাল সকাল বাসন্তী-হলুদ জামদানী শাড়িতে বসন্তের রঙ ছড়িয়ে মালিথা ভিলায় এসে উপস্থিত হলো। সুন্দর করে সেজেছেও মেয়েটা। সোনালি চুলের খোঁপায় গাঁদা ও রজনীগন্ধ্যার গাজরা দিয়েছে। ইয়াসমিন মেয়েটাকে ভীষণ সুন্দরী দেখাচ্ছে আজ। হাতে তার কৃষ্ণচূড়া ও পলাশ ফুলের সমন্বয়ে তৈরি ফুলের তোড়া দেখা গেল৷
ইয়াসমিনকে সেজেগুজে অন্দরে প্রবেশ করতে দেখে কুয়াশা ডেকে উঠে ছুটে এলো তার নিকট। বাড়িতে কুয়াশা স্কার্ট ও টপস বেশি পরে। এখনও নিয়মিত তাকে সালওয়ার-কামিজ পরানো হয় না। তার পোশাকের দিকটা এখনও জাকিয়া জামানই বাছাই করেন৷ কুয়াশাকে তাঁর মন-মতো পোশাক-আশাকই তিনি বেশি পরান। আজকে মেয়েটার পরনে কালো লেয়ারড স্কার্ট ও খয়েরী রঙের টপস। কালো শিফনের ওড়নাটা ঘাড়ের ওপর ফেলে বুকের দুইপাশে ছড়িয়ে রেখেছে। চুলগুলো এলোমেলো ভাবে পাঞ্চ ক্লিপ দিয়ে এঁটে রেখেছে। হলুদ চন্দন রঙা মেয়েটা দিন দিন যে কী ভীষণ সুন্দরী হচ্ছে তা কি কিশোরী মেয়েটা জানে? আরেকটু বড় হলে কতশত পুরুষের হৃদয়ে লালিত ও অতি আকাঙ্ক্ষিত নারী হয়ে উঠবে তার হিসেব মেলানো ভার। ইয়াসমিন মনে করে হাসে এতে। কুয়াশা ইয়াসমিনের সৌন্দর্য মুগ্ধ হয়ে আশ্চর্যান্বিতে বলে,
“ ও গড! কী সুন্দর দেখাচ্ছে তোমাকে, বুবুন! জাস্ট অপূর্ব লাগছে! শাড়িটা অনেক বেশি সুন্দর, আর তুমিও।”
ইয়াসমিন লজ্জা পেল বুঝি। কারণ সোফাতে আম্বিয়ারা বসে ছিলেন। তিন জা সকালের নাস্তা করে ঘরে না গিয়ে সোফাতে বসেই গল্প-গুজব করছিলেন। বড়দের সামনে ইয়াসমিন সলজ্জে বলল,
“ থ্যাঙ্ক ইউ, ব্লুবেরি। চল তোকেও সাজিয়ে দিই। আজ তো তোদের স্কুলে বসন্ত বরণ প্রোগ্রাম, যাচ্ছিস কখন? ইশা তো সকালের খাবার না খেয়েই সাজতে শুরু করেছে।”
ইয়াসমিন চলতে চলতে কথা বলছে। কুয়াশা কী ভেবে যেন বলল,
“ আরে না, আমাকে বড়আম্মু সাজিয়ে দেবে। যাও তুমি মেজো ভাইয়ার সাথে সময় কাটাও। মেজো ভাইয়া তোমারই অপেক্ষা করছে হয়তো।”
“ চাল ঝুটি!”
মেকি চাপড় দেয় কুয়াশার পিঠে ইয়াসমিন। হেসে ফেলে সঙ্গে সঙ্গে। কুুয়াশা শেষ কথাটা আস্তে করে বলে ঠোঁট চেপে হাসছে। পাকা হচ্ছে বুঝি কিশোরী মেয়েটা। প্রেম-ভালোবাসা চিনতে শুরু করেছে।
ইয়াসমিন লিভিংয়ে বসা ফুপুদের সাথে কথা বলল কিছুক্ষণ বসে। এরপর কুয়াশার সাথে চলে গেল তুহিনের ঘরের উদ্দেশ্যে। কুয়াশা ইয়াসমিনকে তুহিনের ঘরের সামনে ছেড়ে দিয়ে, গোসলের উদ্দেশ্যে নিজের ঘরে গেল। তাদের স্কুলে বসন্ত বরণ উৎসবের আয়োজন হয়েছে আজ— সেখানে নাচ, গান ও কবিতা আবৃতি হবে। কুয়াশা এসবে কখনো যোগদান করে না। তবে তার বান্ধবী স্মৃতি নাচতে ভীষণ সুন্দর পারে। ওর নাচ দেখার জন্য হলেও কুয়াশা যাবে।
ইয়াসমিন ঘরে প্রবেশের আগে অনুমতি নেয়। তুহিন কী জন্য যেন আজ এই অনুমতি নেয়া কণ্ঠটার অপেক্ষা করছিল। আজ আসবে ইয়াসমিন জানিয়েছিল ফোন-কলে। তবে এভাবে আসবে জানা ছিল না। শাড়িতে ইয়াসমিনকে এই নিয়ে দুইবার দেখা হলো। তবে এর পূর্বে বিশেষ খেয়ালে না দেখলেও, আজ তুহিন বড় বিশেষ খেয়ালে তাকিয়ে আছে৷ সেই খেয়ালে বুঝি বেখেয়াল হলো? বসন্তের রঙ তার ঘরে নাকি মনে লাগল সেটা বোঝা গেল না, তবে তুহিন ভ্যাবলার মতো তাকিয়ে রইল৷ তুহিন যেমন তাকিয়ে আছে, ওই তাকানোতে যে কেউ লাজে মরবে। আর ইয়াসমিন মরলও।
ইয়াসমিনকে দাঁড় করিয়ে রেখে যখন তুহিন দেখেই যাচ্ছিল, তখন অনুমতি না পেয়ে মেয়েটা লঘু কণ্ঠে বলল,
“ চলে যাই তবে?”
“ কেন?”
তুহিন মনে হলো আঁতকে উঠলো ইয়াসমিনের চলে যাবার কথা শুনে। এলো তো সবে, চলে যাবে কেন? তুহিন বুঝে উঠতে পারল না তখনও। ইয়াসমিনের সুখ লাগে। সুখে চাপা হাসেও। সে বলে,
“ আপনি তো প্রবেশের অনুমতি দিচ্ছেন না!”
“ ওটার প্রয়োজন নেই আর। যার ঘর, তার প্রবেশের অনুমতির প্রয়োজন পড়ে না। আজ থেকে তোমার জন্য অনুমতি নিষিদ্ধ করা হলো। তুমি নির্দ্বিধায় প্রবেশ করো।”
“ আপনার মনে, নাকি শুধুই ঘরে?”
তুহিন চমকায় বড়। ইয়াসমিন মজা করে কথাটা বলে ফেললেও, বরং লজ্জায় পড়ে গেল। তাদের এ-ধরনের কথাবার্তা সচারাচর হয় না৷ সেখানে ইয়াসমিন বলে ফেলে জিহ্বায় কামড় দিল সংগোপনে। ইয়াসমিন এগিয়ে আসছে, তুহিন দেখছে নির্নিমেষ। তুহিন ইয়াসমিনকে তার দৃষ্টি সীমায় রেখে দেখতে দেখতে বলল,
“ ঘরের আগে তো মনেও প্রবেশ করে নিয়েছ।”
ইয়াসমিনের কী যেন হয়ে গেল তখন। পা-জোড়া কেউ আঁটকে দিল কিনা বোঝা গেল না। সে তো দৌড়ে বেরিয়ে যেতে চাইল, তবুও পারল না৷ তুহিন যে বড় লজ্জায় মারল তাকে! এই মরণ তার আরো পরে হবার কথা ছিল। এত জলদি মরণ হওয়াটা ঠিক হলো না।
…
উপজেলা মোড় সংলগ্নে উপজেলা চেয়ারম্যান মাহিন প্রধানের তিনতলা বিশিষ্ট বাড়িটা৷ মাহিন প্রধান তার বাবা-মাকে নিয়ে এখানে থাকেন৷ ভাইরা আছেন, তাঁরা আলাদা আলাদা থাকেন। মাহিন প্রধান বাবা-মায়ের ছোট সন্তান। এই প্রথম উপজেলা চেয়ারম্যান হয়েছেন তিনি। রাজনীতির সঙ্গে অবশ্য জড়িত বেশ অনেক বছর ধরেই। এর আগে কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
প্রায় চল্লিশের কোঠায় বয়স মাহিন প্রধানের। প্রতিপত্তির জৌলুশে নিমজ্জিত তাঁর জীবন; ক্ষমতা, প্রভাব আর আভিজাত্যের ঔজ্জ্বল্য তাঁর ব্যক্তিত্বে স্পষ্ট হয়ে ওঠে। তিনি যখন বাড়িতে উপস্থিত থাকেন ওঁনার সামনে ভীষণ মেপে মেপে কথা বলতে হয়৷ বাড়ির ভৃত্যাগণ সচারাচর তার সামনে পড়তে চায় না৷ কেমন ভয়ে কাঁপে সবাই। নিজ স্ত্রীও এর বাইরের কেউ নন৷ তবে মাহিন প্রধানের একমাত্র মেয়ে মেধা প্রধান এসবের ধার ধারে না। জেদি মেয়েটি বাবাকে খুব সহজের কাবু করতে পারে। সেই বুদ্ধিমত্তা মেধা প্রধানের মাঝে অনেকটাই আছে।
বাবার সাথে তার ভাবের সম্পর্ক৷ কেননা মেয়েটা বাবার মন মতোই হয়েছে বলে মনে করেন মাহিন প্রধান। তবে মাহিন প্রধানের নিজ ছেলের সঙ্গে ততটা সক্ষতা নেই, যতটা মেয়ের সঙ্গে রয়েছে। ছেলেটা মনে হয় ভিন্ন গ্রহের প্রাণী। বাড়িতে কখন আসে, কখন যায় তা জানা থাকে না কারো। বলা যায় বাবার টাকা-পয়সা ধ্বংস করে সে বাজেভাবেই। এসবে বার-ক্লাব মেয়েবাজিও স্থান পায়।
মাহিন প্রধান মেয়েকে ডেকে পাঠালেন। বসার ঘরের সোফায় বসে আছেন তিনি। বাবার তলবে মেধা এলে তিনি পাশে বসিয়ে কিছুক্ষণ আলাপচারিতার পর্ব সারলেন। এরপর গুরুত্বপূর্ণ কথাতে এলেন। শ্লথ কিন্তু দৃঢ় শোনাল কণ্ঠটা। বললেন,
“ আজ বাইরে বের হইও না। বাড়িতেই থাকো, যা লাগে বলো আমি ব্যবস্থা করে দেব৷”
মেধার মনে হলো তখনই দম আঁটকে যাবে। বাড়িতে থাকতে হবে তাকে! অথচ তাকে একটু পরেই বের হতে হবে। আজ পুরোটা দিন তার নীহারের সাথে কাটানোর কথা আছে। মেধা চিন্তায় পড়ে গেল। এখন বাবাকে কীভাবে মানাবে সেই চিন্তা বাঁধল তার। বাবা সচারাচর তাকে বাঁধা দেন না। বরং তার মনমতো চলতে দেন। সেখানে আজ মানা করার কারণটা জানা নেই। মেধা বলল,
“ বাট হোয়াই, বাবা? আমরা ফ্রেন্ডরা মিলে এক মাস আগে থেকেই আজকের জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমাদের প্ল্যান প্রোগ্রাম সব নষ্ট হয়ে যাবে বাবা, প্লিজ! আমি বের হতে চাই। তুমি মানা কোরো না।”
“ তোমার ফ্রেন্ডদের বলো, আমি বাড়িতে তাদের ইনভাইট করেছি। দেখি কন্টাক্ট নাম্বারগুলো আমাকে দাও। আমি বরং ডেকে নিই। যা করবে বাড়িতে বসে করো।”
মেধার কান্না পেয়ে গেল। এমনটা হলে হবে কীভাবে? নীহারকে সে বাড়িতে ডাকবে? আর নীহারই আসবে নাকি? জিন্দেগীতেও আসবে না। ভীষণ আত্মসম্মানবোধ ও নাকউঁচু টাইপের ছেলে সে। মেধা কেঁদেই দিল বরং। এতে যদি কাজ হয়। বাবার সাথে ইমোশনাল ব্ল্যাকমেইলেই কাজ হয়, মনস্তাত্ত্বিক ব্যাপার দিয়ে বাবাকে কাবু করা কমই যায়। কারণ বাবা তারও বেশি মারপ্যাঁচ খাটাতে পারেন।
তবে কাজ হলো বলে মনে হলো৷ কিছুক্ষণ সম্পূর্ণ বিষয়টা নিয়ে কৈফিয়ত দিতে হলো বাবাকে। এরপর শুধু সল্প সময়ের জন্য অনুমতি পেল সে। মেধা সেটাকে পরে সামলাবে। আপাতত বাড়ি থেকে বের হতে পারলেই হলো। গার্ড সঙ্গে দিতে চাইলেও মেধা নাকচ করে দিল।
একটু আগে ঘটা ঘটনাটা ফোনকলে মেধা নীহারকে বলতে বলতে তৈরি হচ্ছে। সাদা পাড় বিশিষ্ট বাসন্তী হলুদ রঙের সুতির শাড়ি পরেছে মেয়েটি৷ ভীষণ স্মার্ট ও ফ্যাশন সেন্সের মেয়ে মেধা৷ তার সাজগোজ চলছে এখন। এরমাঝে নীহারের সাথে কথাও চলছে তার।
নীহারের ফেব্রুয়ারির শেষে ISSB- এর জন্য ডাকা হবে বলে জানা গেছে। সেটার প্রস্তুতি যেমন নিচ্ছে, তেমনই প্রেমটাও চুকিয়ে করছে সে। আজকের দিনটা মেধার সঙ্গে কাটানোর পরিকল্পনা তার। সেও বের হবে। সাদা পাঞ্জাবি-পাজামা গায়ে চড়িয়েছে যুবকটি৷ দামি ব্র্যান্ডের সিল্ভার রঙা চেইন বিশিষ্ট ঘড়ি বাঁ-হাতে পরে নিল। ফোন কানে রেখে চাপা হাসি ঠোঁটে এঁটে ড্রেসিংটেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। এরপর ফোন কেটে রেখে দিল।
মিররে নিজেকে দেখে নিয়ে ড্রেসিং টেবিলের ওপর রাখা Bleu de Chanel-এর বোতলটা হাতে নিল। এটি ফ্রান্সের ব্র্যান্ড Chanel-এর ফ্রাগরেন্স। কবজির কাছে এক ফোঁটা, তারপর গলার দুপাশে হালকা স্প্রে করল। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল অ্যারোমাটিক-উডি ফ্র্যাগরেন্স। প্রথমে তার সতেজ ও নির্মল, তারপর আস্তে আস্তে সিডার আর উষ্ণ চন্দনকাঠের গভীর সুবাস ছড়াল৷ গন্ধটা তীব্র নয়, বরং এক ধরনের আভিজাত্য, পরিশীলিত রুচি আর আত্মবিশ্বাস মিশে আছে। নীহারের ব্যক্তিত্বের মতোই—সৌম্য, পরিচ্ছন্ন, অথচ উপস্থিতি জানান দেওয়ার মতো দৃঢ়।
যুবকটি পারফিউম স্প্রে করার পর সেই সুগন্ধে হঠাৎই তার আশেপাশে মেধার উপস্থিতি মনে করে বসল। এরপরই এমন উদ্ভট ভাবনায় কেন যেন হেসে ফেলল। হাসলে নীহারকে ভীষণ সুন্দর দেখায়।
‘
জাকিয়া জামান আজ কী করেছেন! কুয়াশাকে নিয়ে তিনি আজ পুতুল সাজিয়েছেন। ঠিক যেমন একজন মেয়ে শিশু বয়সকালে পুতুল নিয়ে নিজের মন মতো সাজিয়ে খেলে, তেমন৷ মেয়েরা ওই বয়সে তার হাতের পুতুলকে খুব যত্ন করে সাজায়৷ একদম মায়ের মতো করে। আর ওই পুতুল খেলে বড় হতে হতে একটা বয়সে এসে যখন মেয়ের মা হয়, তখন নিজের মেয়েকে সাজায়৷ জাকিয়ার মেয়ে না থাকলে কী হবে? কুয়াশাকে নিয়ে তার শখের অন্ত নেই। আর কুয়াশাই হলো জাকিয়ার— শখের পুতুল। তিনি আজ পুতুলটাকে ভারী সাজিয়েছেন। কিশোরীকে শাড়ি, চুড়ি, অলঙ্কারে পুতুল সাজিয়ে দিয়ে বললেন,
“ দেখি ঘোর, নজরটিকা দিই।”
কুয়াশা বাধ্য মেয়ের মতো পেছন ফিরলে, তিনি কুয়াশার কানের পিঠে কাজলের কালি দিয়ে দোয়া পরে ফু দিলেন। কুয়াশা নিজেই নিজেকে দেখে। বড় আম্মুর আলমারিতে শোভা পাওয়া শাড়িটি। কী ভীষণ রুচিশীল তার বড়আম্মু! শাড়িটি সিল্কের। রঙটা অবশ্যই বাসন্তী হলুদ। হলুদেরই চিকন পাড়। কুয়াশাকে পরিয়ে দিয়ে বলেছেন,
“শাড়িটা আজ থেকে তোর।”
কুয়াশা পড়ল বিপাকে। শাড়ি পরে রিকশায় করে একা স্কুলে যেতে তার মোটেও ইচ্ছে করছে না। রাস্তায় বাজে ছেলেরা তাকে দেখবে, সে একা একা যাবে ব্যাপারটা অস্বস্তিকর। বাড়ির গাড়িতেও যাবে না। কারণ সে কখনো কারে করে স্কুলে যায় না। এটা তার নিয়মের বাইরে। তাই আজও যেতে নারাজ। এদিকে ভাইদের মধ্যে তুষার নেই। তুহিন আপাতত পঙ্গু। আর নীহারও বেরিয়ে গেছে কোথাও একটা৷ এখন কুয়াশা যাবেটা কীভাবে? বেলা গড়িয়ে একটার দিকে ছুটেছে৷ দেরি হয়ে যাচ্ছে বড়। স্মৃতি আর ইশা অবশ্যই অপেক্ষা করছে তার জন্য৷
কুয়াশা গাল ফুলিয়ে লিভিংয়ের সোফায় বসে আছে সেজেগুজে। আজমীরা ধমকে-ধামকে এত করে বলছেন— গাড়িতে যেতে, ড্রাইভার টিটু নামিয়ে দিয়ে আসবে। তবুও তার হচ্ছে না। স্কুলে সে কারে করে কিছুতেই যাবে না। আগে কখনো যে কাজ করা হয়না, তা নিয়মের বাইরে গিয়ে প্রথমবার করতে খুবই অস্বস্তি বোধ হয়৷ তেমনই ব্যাপারটা কুয়াশার সাথে ঘটেছে। কখনো যায়নি কারে, এখন হুট করে কারে গেলে সবাই তাকিয়ে তাকিয়ে তাকে দেখবে, না চাইতেও বিশেষ চোখে তাকিয়ে থাকবে— ব্যাপারটা কুয়াশার জন্য বড়ই অস্বস্তিকর হবে। কুয়াশা এমনই। বাপ-চাচার ধন-দৌলত কম নেই। কিন্তু তার ভেতর সে-সব নিয়ে নূনতম অহংবোধের স্থান নেই।
তখন উপর থেকে অতি শান্ত মুখে হেলেদুলে শিশিরকে নামতে দেখা গেল৷ জাকিয়া শেষ চেষ্টা হিসেবে শিশিরকেই বেছে নিলেন৷ আবদার করা সুরে বলে বসলেন,
“ আব্বুরে, কুয়াশাকে নামিয়ে দিয়ে আয় তো স্কুলে। মেয়েটা একা যেতে চাইছে না শাড়ি পরে। একা পাঠানোটাও ঠিক হবে না৷ একটু সঙ্গে যা তুই।”
জাকিয়া যেন বড় ভুল জায়গায়, ভুল আবদার করে ফেলেছেন৷ সকালেও তাদের ঝগড়া-মারামারি হলো। অবশ্য শিশির-কুয়াশাই সেগুলো এক ঘণ্টা পর আর মনে রাখে না৷ কুয়াশা তো নাক ছিঁটকালোই সেইসাথে শিশির ভ্রু কুঁচকে আঁড়চোখে কেবল দু’চোখের আইরিশ ঘুরিয়ে কুয়াশার ওপর ফেলল। দেখল শাড়ি পরে কেউ একজন বসে আছে। ওটা কুয়াশাই নাকি অন্যকেউ সে দেখলই না যেন। তেমনই তাকানোর সময়সীমাটুকু ছিল। বলা যায় এক ঝলক৷ আর ওই এক ঝলক করেই সে কুয়াশাকে দেখে। অত বিশেষ দেখার নেই তার। রোজ যা দেখে, তাই তো কুয়াশা! এতে আবার বিশেষের কী আছে?
অথচ বাসন্তী হলুদ শাড়িতে, কাঁধে পড়ে থাকা চুলগুলো ছেড়ে দিয়ে এক পাশে গাঁদা ও লাল-হলুদ কৃষ্ণচূড়া ফুল ক্লিপ দিয়ে এঁটে সামনে কিছু চুল এনে রেখেছে। মোটা চোখজোড়া জাকিয়া সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। শাড়ি যে কুয়াশা পরেছে এটা শিশির অবশ্য দেখেছে৷ তাই সে মায়ের আবদারের প্রতিদানে বলল,
“ শাড়ি খুলতে পারলে…!”
এক সেকেন্ড কথায় বাঁধা পড়ল মনে হয় তার। বাঁধাটা কাটিয়ে নিয়ে কথাটা শুদ্ধ করে বলল,
“ আই মিন, শাড়ি চেঞ্জ করে বোরকা পরে আসতে পারলে নিয়ে যাব৷”
“ আয়ায়া, বড় আম্মু!”
কুয়াশা চেঁচিয়ে ওঠে। জাকিয়াও আশ্চর্যে বললেন,
“ শাড়ি কেন চেঞ্জ করবে? ও স্কুলের প্রোগ্রামে যাবে!”
“ তো শাড়ি পরার কী আছে?”
“ সবাই পরবে বলে। শাড়িই সিলেক্ট করা প্রোগ্রামের জন্য।”
“ তাহলে একাই যেতে বলো।”
শিশির ঘাড়ত্যাড়া হয়ে হাঁটা ধরল। তাকে আর ফেরানো গেল না। অবশ্য কুয়াশা শাড়ি পাল্টে বোরকা পরলেও তার বাইকের পেছনে চড়াতো বলে মনে হয়না। জাকিয়া বেজায় বিরক্ত হলেন ছেলের ওপর। কুয়াশা কাঁদো কাঁদো ভঙ্গিমা করে শাড়ি পাল্টে না যাওয়ার ভাবনা করে বসতে গিয়েও কী ভেবে যেন কারে করে যাওয়ার জন্যই রাজি হলো। এ ছাড়া উপায়ন্তর দেখে না সে।
…
শশীদের বাড়ির পেছনটায় ইয়া বড় আমগাছ। গাছের একটি বড় ডাল ছাদের একটা পাশ খুব অধিকারে জুড়ে নিয়েছে। বিনিময়ে সেখানে সুন্দর মতো ছায়া দেয়। সেই ছায়াতে বসেও থাকা যায়৷ ব্যবস্থা করা আছে।
শশী তার বাড়িতেই বসন্তের সাজ সেজেছে। শাড়ি পরে বাড়ির ছাদে বসেছে তার প্রিয় ক্যানভাস নিয়ে। আজকের পরিবেশটাকে সে কল্পনা করে অ্যাক্রিলিক রঙের ছোঁয়ায় আঁকতে বসেছে। তার কল্পনায় স্থান পেয়েছে একটি আঁকাবাঁকা পথ চলে যাচ্ছে। যে পথের কোনো সীমা নেই। সীমাহীন সেই পথের মাঝে একটি সাদা পাঞ্জাবি-পাজামা পরিহিত পুরুষ ও একটি বাসন্তী রঙা শাড়ি পরিহিত কিশোরী মেয়ে দাঁড়িয়ে। তাদের মুখের আকৃতি দেয়া হয়নি। তবে কল্পনাটা তার নিজের যখন, তখন অবশ্যই পুরুষটি নীহার মালিথাই হবে। এবং কিশোরীটির গঠন তার মতোই।
শশী আঁকতে আঁকতে যখন চিত্রকর্মটি এঁকে সম্পূর্ণ করে ফেলল, তখন পুরুষটি কিশোরীর চুঁলের খোঁপায় লাল কৃষ্ণচূড়া ফুল গুঁজে দিচ্ছে পেছনে দাঁড়িয়ে। এবং পাশেই কৃষ্ণচূড়া গাছ। সাধারনত এমন চিন্তাভাবনা এই বয়সে খেয়ালে আসার কথা নয়। তবে শশীর মতো ইঁচড়েপাকা হলে ভিন্ন কথা। আর ইঁচড়েপাকা শশী কল্পনা করেছে— সীমাহীন পথে সে নীহারের সাথে চলছে, চলার পথে রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছ থেকে কৃষ্ণচূড়া নিয়ে নীহার তার খোঁপাতে গুঁজে দিচ্ছে।
‘
নীহার মেধার কানের পাশে চুলের ভেতর লাল কৃষচূড়া ফুল গুঁজে দিয়ে সামনে এসে দাঁড়াল। দেখল মেধা ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে। মেধার মাঝেমধ্যে নীহারকে চিনতে বড় কষ্ট হয়। মাঝেমধ্যে নীহার কাব্যিক রূপ ধারণ করে কবিদের মতো প্রেম প্রেম বাণী ছোড়ে, আবার কিছু কিছু কাজকারবারও তেমন করে। অথচ ছেলেটা ভীষণ জেন্টলম্যান। ক্যাজুয়ালি কথাবার্তায় তাকে ভীষণ স্মার্ট বলে ঠেকে। এক কথায় মেধা আঁটকে যায় বারংবার। আর সেই নীহারের দ্বারা যে এগুলোও সম্ভব মেধা বিশ্বাস করতে পারে না।
তারা দু’জন সময় কাটাচ্ছে পার্কে বসে। দুপুরে একসঙ্গে রেস্তোরাঁয় বসে খেয়েছেও। সময় কাটানোর এক পর্যায়ে কোথা থেকে কৃষ্ণচূড়া এনে মেধার চুলে গুঁজে দিয়ে নীহার বলল,
“ আজ বসন্তের দিন। তাই ভাবলাম, বসন্তকে তোমার কাছে পৌঁছে দিই। ফুলটা কৃষ্ণচূড়ার, কিন্তু আজ থেকে এর বসন্তটা আমার।”
হঠাৎ তখন বিকট শব্দে কিছু শোনা গেল। এরপর কত চিৎকার-চেঁচামেচির শব্দ। এরপর ছোটাছুটি দৌড়া-দৌড়ি। ব্যাপারটা ঘটে গেল বোধহয় সেকেন্ডর গতিতে।
| চলবে |
