#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
১৫.
®রোজা রহমান নাঈমা
‘
তখন কুয়াশা ছোট। বয়স আনুমানিক পাঁচ-ছয় বছর হবে। শিশিরও তখন আনুমানিক নয়-দশ বছর বয়সের ছিল। ছেলেটা শুরু থেকেই কুয়াশাকে দেখলে নাক ছিটকায়৷ কুয়াশা একা মেয়ে সারা মালিথা ভিলা দাপিয়ে বেড়ায়, এটাই তার সহ্যসীমার অতিক্রম করে। যেন সে কোনো একটি রাজ্যের একটি মাত্রই রাজকন্যা। সেই রাজকন্যার মুখে সবাই সর্বসময় সোনার চামচ তুলে রাখতে চায়। শিশিরের মোটেও সহ্য হয় না তা। প্রচুর হিংসা হয়৷
কুয়াশা তখন অত্যন্ত চঞ্চল। তবে সব কথা স্পষ্ট হয়নি তখনও। একটি পাঁচ-ছয় বছরের মেয়ের সব কথা স্পষ্ট না হওয়া বিষয়টাতে শিশিরের ঘোর বিরোধিতা ছিল। শিশিরের মতে, অতি আহ্লাদ করার ফলে কুয়াশা তোতলা হয়েছে। তাই ওই সময় শিশির কুয়াশাকে ডাকতো তোতলি বলে। কুয়াশার তাতে ঘোর নিষেধাজ্ঞা ছিল। শিশির শুনবে নাকি? তাদের বৈপরীত্য যে জন্ম থেকে!
বাবার কাছে কুয়াশা নালিশ দিতো। শিশিরকে বকে দেয়ার জন্য হাজারটা আদেশ দিতো। এমনকি মাইর দেয়ার জন্যও কুমন্ত্রণা দিতো বাবাকে। জায়ান মালিথা মেয়ের সেই আদেশ-কুমন্ত্রণা গুলো এমন মনোযোগ দিয়ে শুনতেন, যেন সত্যই মেয়ের কথা শুনে তিনি শিশিরকে খুব বকবেন এবং মারবেন। কুয়াশা ভীষণ খুশি হয়ে যেত। অথচ ওই দিনটা চলে যেত, রাতটাও কেটে যেত— এভাবে দিনের পর দিন কেটে যেত, তবুও বাবা শিশিরকে মারা তো দূর, বকতো না অবধি! কুয়াশার বাবার ওপরই ভীষণ অভিমান হতো। ফলস্বরূপ, সে বাবার কাছে নালিশ দেয়া বন্ধ করল। বাবা তো শিশিরকে কিছু বলেই না! তাই যা করার তাকেই করতে হবে। সে নিজেই শিশিরকে মারবে। প্রয়োজনে মারতে মারতে শিশিরকে একদিন মেরেই ফেলবে।
শিশির বিষয়গুলো ভীষণ উপভোগ করতো। ছোট চাচু তার ভীষণ পছন্দের। তার রক্ত, ছোট চাচুর ভক্ত৷ ছোট চাচু অনেক আদেশ-উপদেশমূলক কথাবার্তা বলতেন। যা শিশির মেনে চলার চেষ্টা করতো। ছোট চাচু ছিলেনই চরম রসিকি ব্যক্তি। অনেক মজার মজার কথা তার ঝুলিতে থাকতো। এমনকি সমস্যার সমাধানও তার ঝুলিতে সর্বতই থাকত। ছোট চাচু তার মেয়েকে মারা-টারা নিয়ে কিছু না বললেও, শিশিরকে বলতেন,
“ শোন কমরেড, বোন পায় ভাগ্যবানরা৷ তোরা মালিথারা হলি একেকটা ভাগ্যবান৷ ভাইয়ের দায়িত্ব পালন করবি সর্বত্র। মেয়েরা যেমন মা হয়, তেমন বোনও হয়। আবার ওই মেয়েরাই নিজের মেয়ে হয়। কী বুঝলি?”
শিশির তখন গভীর কথাবার্তা বুঝতে না পেরে নিঃশ্চুপ থাকতো। ছোট চাচুই আবার বুঝিয়ে দিতেন,
“ অর্থাৎ, মেয়েরা হলো মা জাতি। তারা মা হয়, বোন হয়, বউ হয় এবং মেয়েও হয়। এই সকল সম্পর্কই হলো পুরুষজাতির সম্মানের স্থান। কাজেই কখনো মেয়েজাতিকে অসম্মান করবি না৷ তাদের গর্ভ থেকে জন্ম নিয়েছিস, ভাগ্য করলে একদিন এই মেয়ে জাতির গর্ভ থেকেই তোর মেয়ে সন্তান জন্ম নেবে। আমাকে দেখ, আমি ভাগ্য করে মেয়ের বাবা হয়েছি। হয়েছি না কুহেলিকার বাবা?”
“ হ্যাঁ।”
“ কুহেলিকা যেমন তোদের বোন, তেমনই তোদের মূল্যবান সম্পদ। আর সম্পদ রক্ষা করা হলো মালিথাদের দায়িত্ব। ওকে ঘরে-বাইরে তোরাই হেফাজত করবি।”
শিশির তখন জিদে নাক ছিটকে বলতো,
“ না! আমি মানি না ওকে বোন বলে। ও আমার বোন নয়। ও আমার জানে দুশমন।”
জায়ান মালিথা শিশিরের জিদে বলা কথাতে হো হো করে শরীর দুলিয়ে হেসে উঠতেন। তাঁর চিরাচরিত রসিকি কথার ছলে বলে বসতেন,
“ঠিক আছে, মানিস না বোন বলে৷ ওকে তোর বউ করে দেয়া হবে। সেটা মানিস৷”
ওই সময় শিশির বিয়ে করলে বউ হয়, এটা ঠিকই বুঝতো। কিন্তু চাচুর ওই কথায় সে কোনোকালেই প্রভাবিত হয়নি। যে মেয়েকে সে বোন বলেই মানে না, তাকে আবার বউ কীভাবে করে? এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্য হবে! ওসব কথা শিশির কোনো কালেই ধরেনি। আবার কুয়াশাকে বোন বলেও মানেনি। তবে শিশির চাচুর একটা কথা ঠিকই মেনেছে। সে মেয়েজাতিকে সম্মান করে এসেছে। আর সেই মেয়েজাতির মাঝে কুয়াশাও পড়ে। তাই শিশির কুয়াশাকে দুশমন মানলেও, অসম্মান করতে পারে না। এমনকি কাউকে অসম্মান করতেও দেয় না। সর্বোপরি ছোট চাচু বলেছিলেন,
“ তুই ওকে জান-এ-দুশমন ভাবিস ভাব, অপছন্দও করিস কর, কিন্তু ওর সঙ্গে অসম্মানমূলক আচরণ থেকে বিরত থাকবি। আর এসব ক্ষেত্রে অন্যরা যেন সু্যোগ না পায়, খেয়াল রাখবি। ও আমার ভীষণ সম্মানের স্থান, কমরেড৷”
যে শিশির তার জানে দুশমন কুয়াশার অসম্মান হবে এমন কাজ করে না, সে শিশির কীভাবে অন্যকে অসম্মান করার অধিকার দিয়ে বসে থাকে? আর সে তো চরম হিংসুটে। কুয়াশা সে বিনা অন্যকারো থেকে কষ্ট পেয়েছে, তার হিংসা প্রয়োজনে আকাশ ছুঁবে। সেই হিংসায় সে খুনও করবে। ছোট চাচু অঘোষিত ভাবে তাকে অধিকার দিয়েছিলেন— সে ছাড়া কুয়াশা অন্যদের থেকে কষ্ট পায় না, অর্থাৎ শিশির কুয়াশাকে মারতে, বকতে, কষ্ট দিতে পারলেও, অন্যদের দ্বারা সেগুলো পেতে পারবে না।
শিশিরের শিরা-উপশিরা সে আদেশ পালন করে৷ বড় হবার সঙ্গে সঙ্গে ব্যাপারটা শিশিরের মাঝে মাদক সেবনের মতো অভ্যাসে পরিণত হয়ে গেছে। ছোট থেকেই সে ছাড়া অন্য কোনো ব্যক্তি কিংবা সামান্য জড়বস্তুকেও কুয়াশার কষ্টের কারণ হতে দেয়না। এটাকে সাইকোলজি বলবে— ‘একান্ত অধিকারবোধ’।
অথচ শিশির জিন্দেগীতেও মানবে না ব্যাপারটা। শিশির মানে না এমন সব বিষয়গুলো। কুয়াশার প্রতি একান্ত অধিকার, আর সে? এ তো অসম্ভবের চেয়েও অসম্ভব ব্যাপার! যাকে এক কথায় বলা যেতে পারে—অবিশ্বাস্য ব্যাপার! শিশিরের মতে তার মাঝে কুয়াশার জন্য দয়া-মায়া, সহানুভূতি-ভালোবাসা, একান্ত অধিকারবোধ এসবের কোনো স্থান নেই। এগুলো তার সিস্টেমের বাইরের ব্যাপার-স্যাপার। শিশির সারাজীবন এর বিরোধিতা করবে। প্রয়োজনে কোর্টে লড়বে নিজের বিরুদ্ধে, তবুও এসব নিজের মাঝে স্বীকৃতি দেবে না। ভুলবসত কুয়াশার জন্য কোনো উপকার করে বসলে তা হয় স্রেফ মানবতা৷ মানবতা তার মাঝে আছে বলেই কুয়াশাকে সে মানুষ বলে গন্য করে। এর বাইরে কুয়াশা তার কাছে কেউ নয়। সে কুয়াশাকে গুনেও দেখে না।
সেদিন মেহেরপুরে বৃষ্টিদের বাড়িতে গিয়ে, সরিষা ক্ষেতে ঘোরাঘুরির সময়, একটি ভাঙা শামুক সে পথ থেকে সরাল— শুধু কুয়াশার পা কাটবে ভেবে। পা কাটলে কুয়াশা শামুকটি দ্বারা ব্যথা পেত এমনকি চোখে পানিও আসত— এমন ঘটনা বিরল নয়৷ পূর্বেও ঘটেছে।
তখন মালিথা ভিলার বাগান পাশে রাজমিস্ত্রীর কাজ চলছিল। ইট-সিমেন্ট, বালি ছাড়াও কাঠের টুকরো ছড়িয়ে-ছিঁটিয়ে থাকতো। ছোট কুয়াশার খেলার সাথী না থাকলেও, সে একা একাই খেলে বেড়াতো। এমনই একদিন বাগান পাশে খেলতে গিয়ে শিশিরকে পেল৷ শিশির তো তার সাথে খেলে না। সেও শিশিরের সাথে খেলে না। শিশির তাকে মারে বলেই শিশির তার কাছে অপছন্দের পাত্র। দূরে থাকার চেষ্টা করে। ভয়ে নয়, অপছন্দ থেকে৷ শিশিরকে আবার ভয় টয় পায় না সে। সে নিজেকে সাহসী মনে করে। বাবা তাকে অনেক সময় বলতেন, ‘ব্রেভ গার্ল’।
খেলার মাঝে শিশির খেয়াল করে, কুয়াশা দৌড়া-দৌড়ি করছে, আর পাশেই পেরেক ঠোকা সেন্টারিংয়ের কাঠ ও কাঠের টুকরো গাদি দেয়া। যা ছড়িয়ে ছিটিয়ে আছে। যেগুলোতে পা লাগলেই পেরেক ঢুকে কেটে যাবে। শিশির করে কী, কুয়াশাকে না সরিয়ে, ওই পেরেক ঠোকা কাঠের টুকরোগুলো একে একে সরিয়ে গুছিয়ে ফেলে। কুয়াশা দাপাদাপি করতে করতে আশেপাশে এলেও পায়ে লাগার সম্ভাবনা যেন না থাকে এমনই ব্যবস্থা করে। কাজটা করতে গিয়ে সে চরম বিরক্তও হয়। কুয়াশাকে বারবার সে খেয়ে ফেলা নজরেই দেখে। যদিও কুয়াশাকে সে দেখে না বলতে গেলেই চলে। যখন দেখে তখন ভস্ম করা নজরই হয় সাধারণত।
…
সকাল থেকে শুরু হয়েছে তুষার আসার অপেক্ষা। তুষারের জন্য অপেক্ষা যেমন, আয়োজনও তেমন৷ জাকিয়ার আয়োজনের কমতি নেই৷ সন্তান মানেই একরাশ সুখ৷ আর সন্তানদের মায়েরা নিজের হাতে রান্না করে খাওয়াতে ভীষণ সুখ পান। এতে মায়ের যত্ন নিহিত থাকে। তিনি তাঁর বড় মানিকের জন্য বিভিন্ন পদের আয়োজন শুরু করেছেন৷ যেন তুষার বাইরে থেকে যুগ যুগ ধরে না খেয়ে ফিরছে। পাগলামি করতে পারলে মায়েরা একপ্রকার প্রশান্তিও অনুভব করেন বোধহয়।
সকালে যেমন রান্নাবান্না কাজে মায়েরা ব্যস্ত৷ তেমনই ভাই-বোনেরা আনন্দে ব্যস্ত৷ মালিথা পরিবারের রান্নার সম্পূর্ণ কাজটা তিন কর্ত্রীই সামলান সবসময়। এখানে চাকর-বাকরের কোনো প্রয়োজন হয়না৷ এমন নয় যে কাজেল লোক নেই। তারা প্রত্যহ কাজের মাঝে কাজের বুয়াকে দিয়ে শুধু ঘরের ঝাড়পোঁছ করান এবং অতিরিক্ত কাপড়-চোপড় কাচা-ধোয়ার সময় বুয়ার সাহায্য নেন। এছাড়া নিজেদের অল্প-স্বল্প কাপড়-চোপড় নিজেরাই পরিষ্কার করেন৷ নিজেদের কাজকর্ম তারা নিজেরাই করে নিতে বেশি পছন্দ করেন। অতিরিক্ত মেহমানের চাপ থাকলে রান্নার কাজেও সাহায্য করিয়ে নেন। এছাড়া ফুল-বাগান, বাগান পরিচালনা করেন মালি৷ ব্যস মালিথা পরিবার এভাবেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
আজ জাকির মালিথা ছুটি কাটাবেন। বড় ছেলে আসছে, তার জন্য তিনিও অপেক্ষা করছেন। সকালের নাস্তা সেরে লিভিংয়ে সোফায় বসে বিশ্রাম নিচ্ছিলেন তিনি। এমন সময় লিভিংয়ের ল্যান্ডলাইনে ফোন এলো। জাকির মালিথা ফোনটি রিসিভ করলেন। দারওয়ান জানালেন, কেউ একজন দেখা করতে চাইছেন৷ নাম বলতেই জাকির মালিথা ভেতরে পাঠিয়ে দিতে বললেন৷
ফোন রাখতেই জাকির মালিথার মুখে অদ্ভুত এক হাসি দেখা গেল৷ যেন রহস্য করে হাসলেন। সপ্রতিভ ভঙ্গিমায় বসে তিনি পায়ের ওপর পা তুলে পত্রিকা হাতে নিলেন৷ আভিজাত্যকে তিনি আলিঙ্গন করে রাখলেও বড্ড রক্ষণশীল ব্যক্তি তিনি। সুবিন্যস্ত দাড়ি-মোঁছের শান্ত মুখ আর গাম্ভীর্যে ঠাসা তার ব্যক্তিত্ব বড়ই অদ্ভুত হয়ে উঠল৷
কিছুক্ষণের মাঝে লিভিংয়ে উপস্থিত হলেন, একজন ত্রিশোর্ধ্ব সৌষ্ঠব পুরুষ। সাদা পাঞ্জাবি আর পাজামা পরিহিত পুরুষটি দূর থেকে জাকির মালিথার ওপর নজর রেখে সালাম ঠুকলেন অশুদ্ধ বাক্যে,
“ স্লামালিকুম, মালিথা সাহেব!”
জাকির মালিথা মাথা তুলে তাকালেন। পত্রিকা সামনে থেকে সরিয়ে একটু মেকি সমাদরের ভঙ্গিমায় বলে উঠলেন,
“আসুন আসুন, নেতা সাহেব। হঠাৎ সকাল সকাল আমায় স্মরণ করে যে?”
লোকটির দেয়া সালামকে জাকির মালিথা সূক্ষ্মভাবে এড়িয়ে গেলেন৷ যার সালাম দেয়ার ঠিক নেই, তাকে সালাম ফেরত কীভাবে দেবেন? লোকটি জাকির মালিথার দিকে এগিয়ে এসে স্বসম্মানে হাত বাড়িয়ে দিলেন। জাকির মালিথাও উঠে দাঁড়িয়ে হাত মেলালেন৷ এতে ব্যক্তিটি সমাদৃত হতে পারলেন কিনা বোঝা গেল না। ওনাকে বসতে বলে জাকির মালিথাও বসলেন৷ সপ্রতিভ ভঙ্গিমায় বললেন,
“ হঠাৎ এভাবে স্মরণ করলেন যে, কালাম সাহেব? বিশেষ কোনো প্রয়োজন?”
“ করতে হলো আরকি। কথায় আছে— ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে।”
“ তো আপনি কেমন ঠেলায় পড়ে আমায় স্মরণ করলেন, কালাম সাহেব? যার জন্য বাঘ থেকে বিড়াল হয়ে উঠতে হলো আপনাকে?”
সূক্ষ্ম অপমান! কালাম গাজী ধরতে পারেন তা। তিনি থিতু মুখে কিছুক্ষণ তাকিয়ে থাকেন জাকির মালিথার পানে। এলাকার মাঝে মানুষটির প্রতিপত্তি সম্পর্কে অজ্ঞাত নন কালাম গাজী৷ নিজের শিক্ষিত ও মার্যিত আচরণ সমাজে তার সামাজিক অবস্থান মর্যাদা সম্পন্নই রেখেছে। যে কোনো শ্রেণির মানুষ জাকির মালিথাকে দেখলে সালাম ঠুকে দুই-চারটে ভালোমন্দ কথা বলতে বাধ্য হন। সেই মানুষের সামনে বসে সহজেই অসদাচরণ করে বসতে পারলেন না৷ চলিত রাজনৈতিক দলের সিলমোহর নিয়ে এলাকায় পাতি নেতা হিসেবে নিজের দাপট জাহির করতে পারলেও, এখন তিনি জাকির মালিথার অপমান টুকু গিলে নিলেন।
গলা খাঁকারি দিয়ে নিজেকে শান্ত করে বললেন,
“ দলের ছেলে পাভেলকে, ভাগারের মাঠে অচেতন অবস্থায় পাওয়া গেছে ভোরে। খুবই বাজেভাবে তাকে পেটানো হয়েছে। অবস্থা গুরুতর। বাঁচা-মরার লড়াই লড়ছে হসপিটালের।…”
এই টুকু বলার সুযোগ করতে পারলেন কালাম গাজী। জাকির মালিথা বলে ওঠেন,
“ অর্থ দিয়ে সাহায্য করতে হবে? আর চাঁদা তো গত সপ্তাহে দেয়া হয়েছে, কালাম সাহেব? সাহায্য লাগলে নির্দ্বিধায় বলুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব।”
জাকির মালিথার একেকটা কথা মনে হচ্ছে জায়গাতেই ব্লাস্ট করছে। কালাম সাহেব রাগে স্থির হয়ে রইলেন। তিনি মেকি হেসে বললেন,
“ চাঁদা বা সাহায্যর বিষয় নয়, মালিথা সাহেব৷ আমার উদ্দেশ্য হলো, তাকে কারা মেরেছে সেটা সম্পর্কে আলোচনা করতে আসা৷”
“ কারা মেরেছে?”
একদমই হেঁয়ালি প্রশ্ন। এরপর পুনরায় বললেন,
“ আর সেটা আমারই বা জানার প্রয়োজনীয়তা কী? আমার সঙ্গেই বা আলোচনা করবেন কেন?”
জাকির মালিথার সরল প্রশ্ন। কালাম গাজী আবারও স্থির রইলেন৷ লোকটি ভীষণ ধূর্ত তা বুঝছেন। এর পূর্বে জাকির মালিথার সঙ্গে এমন আলোচনার উদ্দেশ্যে বসা হয়নি তার। প্রয়োজনও পড়েনি। কালাম গাজী খুবই শান্ত ভঙ্গিমায় বললেন,
“ গতকাল আপনাদের মেয়েকে না বুঝে দলের ছেলে পাভেল কিছু অসংযত কথা বলে বসে। জোয়ান ছেলে, আর আপনাদের মেয়েটাও সুন্দরী দেখতে। মজার ছলে একটু প্রেম নিবেদন করেছিল, তারজন্য তাকে রাতে কিডন্যাপ করে বেধড়ক পেটানোর যুক্তি দেখি না। বিষয়টা বসেও আলোচনায় আসা যেত।”
“ এত কৈফিয়ত কেন দিচ্ছেন, বলুন তো? একজন রাজনীতিবিদ আপনি৷ কৈফিয়ত দিয়ে কাজ করে থাকেন নাকি? আর আমার মেয়ে না হোক, মেয়েদের রাস্তা আটক করে প্রেম নিবেদন করা কোন যুক্তিতে পড়ে? আচ্ছা সেটা না হয় মানলাম, জোয়ান ছেলের সুন্দরী মেয়েকে ভালো লাগতেই পারে, তবে অসংযত কুরুচিপূর্ণ কথা বলা কোন যুক্তির মধ্যে পড়ে? আমার মেয়েকে কী আমি রাস্তার কুকুরদের জন্য বাইরে পাঠাই?”
থামতে হলো জাকির মালিথাকে৷ কালাম গাজী চড়াও হতে গিয়েছিলেন৷ তিনি হাত তুলে কালাম গাজীকে সাবধান করে দিয়ে পুনরায় বললেন,
“ আমার মেয়েকে আমি লীগের রাস্তায় পালা কুকুরদের জন্য বাইরে পাঠাই না৷ কুকুরের ভয়ে ঘরেও আটকে রাখি না। আমার মেয়ের চলাফেরার স্বাধীনতা যদি না থাকে, সেটার দায়িত্ব আমি নিজে কাঁধে তুলে নিতে বাধ্য হব। এখন বলুন, সেই জানোয়ারের জন্য কেন এসেছেন?”
এলাকার পাতি নেতা। একই এলাকার বলেই জাকির মালিথার দাপট সম্পর্কে ধারণা রেখেই তিনি চুপ রইলেন। এছাড়া র্যাব জাহিদ মালিথাকেও চেনা আছে। আর দোষ যেহেতু দলের ছেলেরই সর্বপ্রথম। সব মিলিয়ে তিনি কথাগুলো হজম করে নিলেন। মুখে বললেন,
“ আপনার ছেলেরা ওকে মেরেছে।”
“ প্রমাণ?”
খুবই শান্ত কণ্ঠ। জাকির মালিথার স্থির দৃষ্টি। কালাম সাহেব আন্দাজে ছোড়া ঢিল জায়গা মতো লাগাতে পারলেন না বলে মনে হলো। তবে নিভে গেলেন না। বললেন,
“ প্রমাণ নেই। তবে শতভাগ নিশ্চিত তাকে আপনার ছেলেরাই পিটিয়েছে৷”
“ আহা, কালাম সাহেব! প্রমাণ ছাড়া এভাবে কারো ওপর মিথ্যা অপবাদ দেয়া উচিত কাজের মধ্যে পড়ে না। আপনারা তো লীগ করেন। নীতিবোধ বোঝেন না? আপনি প্রমাণ করুন, আমার ছেলেরা মেরেছে৷ প্রমাণ নিয়ে তবেই নিশ্চিত হোন।”
“ এলাকার ছেলে ওরা। একই এলাকার ছেলেরা গন্ডগোল করেছে, আপনার আমার উচিত সমঝোতা করে সমাধানে আসা। এসব নিজ এলাকার গন্ডগোলে আইন-প্রশাসনের কাছে কেস-কাচারি করলে বিষয়টা খারাপ দেখায়। আপনাদের ছেলেদের একটা ভবিষ্যত আছে তো, বলুন?”
“ আমি তো বলছি না, এলাকার ছেলে বলে ছেড়ে দিন? আমার ছেলেদের ভবিষ্যত ওরা নিজেরা গড়বে। সেটার দায়িত্ব তো আপনি বা আমি নিয়ে বসে থাকব না? আপনি প্রমাণ করুন।”
“ প্রমাণ করলে তো বিচারের আওতায় যাবে, মালিথা সাহেব? তখন আফসোস করবেন না তো?”
“আফসোস? কী আফসোস করব, নেতা সাহেব? দেশের বিচার বিভাগের অধঃপতন ঘটেছে তো সেই ২০০৭ সাল থেকেই। দেশের বিচার বিভাগ ফ্যাসিবাদের খুঁটি হয়ে উঠেছে। বিশ্বাস করেন তো নাকি আপনি? নাগরিক হলে অবশ্যই করবেন। তো এই দেশ, আর কী বিচার করবে আমার মেয়ের আর আমার ছেলেদের? আমার মেয়ের জন্য বিচার করবে? নাকি আমার ছেলেরা সঠিক বিচারের আওতায় আসবে?”
প্রশ্নটা করে জাকির মালিথা থামলেন। কোনো প্রকার ভীতি তার মাঝে দেখা গেল না। একদম শান্ত কিন্তু ক্রমেই জ্বলে ওঠা ভঙ্গিতে বললেন,
“ স্বাধীন বিচারের নামে তামাশা, ঠিক তো? দলের ছেলেটাকে জামাই আদর খেতে জেলে পাঠানো হবে। এরপর এক সপ্তাহ জামাই আদর শেষ হলে, জামিন। খুব সুন্দর ব্যবস্থা ঠিক না, কালাম সাহেব?”
“ এর অর্থ আপনি জানেন, পাভেলকে আপনাদের ছেলেরাই পিটিয়েছে?”
“ না, তো! তারা মোটেও আমাকে বলে এসব করবে না। আমি তাদের এমন শিক্ষা দেইনি। আপনার যদি মনে হয় আমার ছেলেরাই করেছে, তো প্রমাণ দেখান, আমি বিশ্বাস করব৷ প্রয়োজনে আমি নিজেই আমার ছেলেদের দেশের তথাকথিত বিচারের আওতায় নেব৷”
“ আপনার মেয়ের চলাফেরায় প্রটেকশন চান কিনা? একটা সমাধান করার দরকার৷”
“ সেটা কি পালিত সন্ত্রাস দিয়ে করাব?”
বারবার কালাম গাজী কথায় আটকে যাচ্ছেন। অবাক হচ্ছেন ভীষণ। এতটা দুঃসাহস জাকির মালিথা দেখাচ্ছেন! তিনি রীতিমতো চেয়ে চেয়ে দেখছেন। একটুও ভীত ছড়াচ্ছে না ওঁনার চেহারায়! কালাম গাজী স্থির চোখে চেয়ে বললেন,
“ সরকারের বিরুদ্ধাচার করছেন না? আপনার প্রতিটা কথায় চেতনাধারী বাঙালীর আভাস, মালিথা সাহেব।”
“ উমম উঁহুঁ! আমি দেশের নাগরিক। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যদি বলি, এতে বিরুদ্ধাচার হয়ে গেলে তাতে আমার তো কোনো দায় থাকল না, বলেন? অন্তত লেবাসধারী না হলাম? এছাড়া আমি নিজেকে বড়জোর বাক স্বাধীনতা হারানো নাগরিক বলতে পারি৷ আর পরিস্থিতি আমাকে— জঙ্গি, যুদ্ধাপরাধী, সরকারের সমালোচক কিংবা আরো কিছু ট্যাগ দিতে পারে।”
বড় দুঃসাহস! কালাম সাহেব জাকির মালিথার দিকে তাকিয়ে রইলেন ক্ষণকাল। এরপর হঠাৎই বলে বসলেন,
“ আপনার ছোট ভাই জায়ান তো কমিউনিস্ট ছিল, ঠিক বলছি না? আপনার রক্তও কি সাম্যবাদের গান গাইছে, মালিথা সাহেব?”
“ সামনে বছরের নির্বাচন হচ্ছে তো? নাকি একতরফা নির্বাচন হবে বলে মনে করছেন? দেশের দাঙ্গা-আন্দোলন সম্পর্কে আপনার মতামত কী?”
বলতেই হয় ভীষণ ধুর্ত ব্যক্তি! চরম সূক্ষ্মমাত্রায় জায়ান মালিথার কথা উঠতেই তা এড়িয়ে গেলেন৷ কালাম গাজী জাকির মালিথাকে বুঝে উঠতে পারছেন না৷ আর এই বুঝে না ওঠাটাই কালাম গাজীকে বিপাকে ফেলে দিচ্ছে। জাকির মালিথা আসলে কী? তার মতে কী তাকে শুধুই দেশের নাগরিক ধরা যায়? নাকি সরকারের সমালোচক? অথবা কোনো বিরোধী রাজনৈতিক দল অনুসারী?
জাকির মালিথা কালাম গাজীর দিকে ক্ষণে ক্ষণে নজর ফেলে তাকাচ্ছেন। একনাগাড়ে তাকিয়ে থাকছেন না৷ এটা বিশেষ কোনো কারণ হতে পারে তার দৃঢ় ব্যক্তিত্ব প্রকাশের ক্ষেত্রে। ঠোঁটে এক সূক্ষ্ম হাসির রেখাও বোধহয় ধরে রেখেছেন৷ কালাম গাজী বললেন,
“ ক্ষমতা যার হাতে, দেশ তার হাতে৷”
“ যৌক্তিক কথা৷”
সম্মত হয়ে মাথা নাড়েন জাকির মালিথা। এখানেও একটু তাচ্ছিল্য করলেন মনে হলো। বললেন,
“ অবশ্যই! গতকাল তো বাচ্চু মোল্লা.. মানে বাচ্চু রাজাকারের মৃত্যদণ্ডের রায় ঘোষণা হয়েছে। কার্যকর হবে তো?”
“ বাচ্চু রাজাকার পলাতক সেটা জানেন তো?”
“ হ্যাঁ, জানি তো। টুকটাক রাজনৈতিক খবরাখবর না রাখলে হয়, বলেন? দেশের স্বাধীন নাগরিক না হতে পারি, দেশের তথাকথিত নাগরিক তো হতেই পারি?”
জাকির মালিথা পুনরায় তাচ্ছিল্যপূর্ণ কথা বলে থামেন৷ কথার মাঝে কালাম গাজীর আপ্যায়নের জন্য নাস্তাও রাখা হয়েছিল টি-টেবিলের ওপর৷ সে-সব তিনি ছুঁয়েও দেখেননি। এতক্ষণ পর জাকির মালিথা বললেন,
“ নাস্তা করেই বের হয়েছেন বোধহয়?”
কালাম গাজী টেবিলের দিকে তাকাতেই জাকির মালিথা পুনরায় বললেন,
“ এত চিন্তা করেন না, কালাম সাহেব। আমাদের মেয়ের জন্য বিচার নিয়ে হাইকোর্ট অবধি যাব না আমরা। সেখানে আমার মেয়ে বিচার পাবে না। যেখানে বিচার পাবে না, সেখানে বিচার নিয়ে যাওয়া একপ্রকার ন্যক্করজনক ব্যাপার। পরবর্তীতে আপনাদের ছেলেদের একটু চিনিয়ে দিয়েন আমাদের মেয়েটাকে। ও তো আর যে-সে ঘরের মেয়ে হয়ে জন্ম নেয়নি! ঠিক না? এছাড়া এলাকার মেয়ে বলেও পরিচয় করাতে পারেন। তাতে সম্মানের পাল্লা ভারী করতে পারবেন। আর না করালেও সমস্যা নেই, এমনিতেও জাকির মালিথা ও র্যাব অফিসার জাহিদ মালিথার ভাতিজা ও।”
অত্যন্ত ধুর্ততার সাথে জাকির মালিথা এলাকার মাঝে কুয়াশার অবস্থান ও স্বাধীন ভাবে চলাফেরা নিশ্চিত করলেন যেন৷ এখানে কালাম গাজী প্রমাণের অভাবে আওয়াজও তুলতে পারলেন না। তিনি আওয়াজ তুললে এলাকার মানুষও আওয়াজ তুলতে পিছপা হবে না। ব্যপারটা এলাকায় মাঝে না ছড়ানোর যুক্তিতে তিনি চুপচাপ সহ্য করলেন জাকির মালিথাকে। জাকির মালিথা এলাকার বড় ভাই সমতুল্য। সেহেতু লোক দেখানো সম্মান করা যেতেই পারে। বিষয়টাকে তিনি এখানে খালাশ করার উদ্দেশ্যে বললেন,
“ এলাকার ছেলে-মেয়ে বলেই বিষয়টাকে গোপন করা হবে। তবে আপনাদের মেয়ের ব্যাপারটা নিশ্চিত করতে পারছি না৷”
শেষ কথাটা শুনে কণ্ঠে অত্যন্ত দৃঢ়তা ছড়িয়ে জাকির মালিথা বললেন,
“ আমাদের মেয়ে, আমার বাড়ির সম্মান। আর সেই সম্মান রক্ষা করা বাড়ির প্রতিটি প্রাণীর দায়িত্ব। যেখানে বাড়ির পালিত একটি কুকুরও তার মনিবের সম্মান রক্ষার দায়িত্ব পালন করতে পারে, সেখানে ওরা তো ওর ভাই! হিংস্র কোনো প্রাণীকে পোষ মানানো গেলেও, কখনও শাসন করা যায় না।”
কঠিন বাক্যতে জাকির মালিথা বুঝালেন কুয়াশার জন্য তার ভাইয়েরা কী। আর তাদের নাড়লে তারা কতটা হিংস্র হয়ে উঠতে পারে। কুয়াশা সুরক্ষার জন্য ওর ভাইয়েরা সর্বদা সচেষ্ট।
কালাম গাজী সদুত্তর পেয়ে জায়গা ছাড়লেন। জাকির মালিথা সে পথে চেয়ে থেকে শুধু তাচ্ছিল্যের হাসলেন। বলা হয়— শান্ত মানুষ রাগলে ভীষণ ভয়ঙ্কর হয়। আর আজ যেন সেটাই দেখালেন জাকির মালিথা।
কুয়াশা লক্ষ্য করেছিল কালাম গাজীর আগমন৷ সে ধীর গতিতে লিভিংয়ে এসে বড় চাচুর পাশে বসে। এরপর জাকির মালিথাকে ডাকে,
“ চাচু?”
“ হুঁ? কিছু বলবি, আম্মা?”
“ উনি কাল আমাকে শাসিয়েছিলেন। বলেছিলেন, কারো কাছে কিছু না বলতে। চুপচাপ চলে যেতে।”
কুয়াশার কথা শুনে জাকির মালিথা তাকালেন ভ্রু কুঁচকে। বললেন,
“ এটা আগামীকাল বলোনি কেন?”
“ আমি বুঝতে পারিনি, উনি কে৷ আর চিনিও না।”
জাকির মালিথা চুপ রইলেন। আর কোনো কথা হলো না তাদের মাঝে। তবে এটা বুঝলেন এই ঝামেলা এত দ্রুত শেষ হবার নয়৷ কাদের নেড়েছে সেটা তো আর অজানা নয়। এলাকার একেকটা সন্ত্রাসী। অপরাধ জগতেও তাদের নাম পাওয়া যাবে।
.
নীহার আর শিশির মাথা নিচু করে বসে আছে জাকির মালিথার সামনে। দু'জনেরই অভিব্যক্তি সমান। তারা বুঝেছে জাকির মালিথা কৈফিয়ত নিতেই তাদের তলব করেছেন৷ শিশির আর নীহার এখন অবধি কোনো কথা বলার সুযোগ পায়নি। কারণ, জাকির মালিথা সুযোগ করে দেননি। গাম্ভীর্যের রেশ ধরে রেখে নীহারের উদ্দেশ্যে বললেন,
“ আইন বা বিচারের আওতায় নেয়া সম্ভব হতো না, এটা আমি জানি। এছাড়া নেয়া গেলেও এক সপ্তাহতেই জেল থেকে বের হতো সেটাও জানি৷ কিন্তু তোমাদের তো এটাও জেনে রাখা উচিত ছিল, কুহেলিকে একা পথ চলতে হবে? তোমরা সবসময় ওকে দেখে রাখবে?”
জাকির মালিথা প্রশ্ন করে থামেন। তিনি শিশির ও নীহারের মুখ থেকে জানতে চাইছেন। ওরা একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়ি করল। ক্ষণকাল চুপ থেকে দু’জনই ঠোঁট চেপে হাসল। জাকির মালিথা দেখে ফেলবেন বলে নাক ডলে আড়াল করার চেষ্টা করল। নীহার বলল প্রথমে,
“ বড় চাচু, কাঁচা কাজ করিনি আমরা। ওকে পুলিশের কাছে দেয়ার মতো ভুলও করিনি। আর কুশুর একা চলতে সমস্যা হবে, তেমন কোনো প্রমাণও রেখে আমরা কাজ করিনি। জাস্ট ওর হাড়গুলো ফাটিয়েছি আর মুখ দিয়ে কথা না বলতে পারার ব্যবস্থা করে এসেছি।”
“ গুন্ডামি করে এসেছ?”
“ করেছি একটু। আমাদের ও আমাদের বাড়ির সম্ভ্রমের প্রশ্ন, চাচু।”
জাকির মালিথা ক্ষণকাল দু'জনের দিকেই চেয়ে রইলেন। এ বিষয়ে শিশির নীরব দর্শক যেন। সে আবার কুয়াশার জন্য বাবার কাছে কৈফিয়ত দিতেও নারাজ মনে হলো। জাকির মালিথা ওদের দেখে আড়ালে যেন একটু হাসলেন৷ তিনি নরম হলেন একটু। বললেন,
“ যাও, নিজেদের কাজ করো। এসব নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির প্রয়োজন নেই।”
নীহার আর শিশির যেন জাকির মালিথার সামনে থেকে সরতে পারলে বাঁচে; এমনই ভঙ্গিতে দ্রুত সরে পড়ল। উঠে চলে আসতে আসতে একে অপরের দিকে তাকাল। তাকিয়ে থেকে ঠোঁট চেপে হাসলও।
জাকির মালিথা বুঝেই শুধুমাত্র কৈফিয়ত নিতে ডেকেছিলেন৷ সত্যিটা তাদের মুখ থেকে জানার জন্য এবং নিশ্চিত হওয়ার জন্য— কুয়াশার কোনো সমস্যা সৃষ্টি হবে কিনা পরবর্তীতে। ছেলেদের এসবে বাহবা তো দিলেন না, আবার অসন্তোষও প্রকাশ করলেন না। অর্থাৎ, শাস্তিটা যথাযথ হলেও, কাজটা তাদের শিষ্টাচারের বাইরে গেছে, এটাই বুঝিয়ে দিলেন৷ নীহার আর শিশিরও বুঝেছে। তারাও হেসে এটাই বুঝাল, জাকির মালিথা শেয়াল পণ্ডিত হলেও, তারা ওনারই রক্ত।
…
দুপুরের দিকে বাড়ির পরিবেশই পাল্টে গেল। দীর্ঘ একটা সময় পর মালিথা ভিলায় তুষার ফিরল। যেন আনন্দের ফোয়ারা নিয়ে এসেছে৷ ভাই-বোনরা একসাথে হতে পেরে আজ ভীষণ খুশি। এতদিন সবার মাঝে তুষারের কমতি ছিল।
তুষারকে স্বাগতম চমক দেয়া হলো। ভাই-বোনেরা পরিকল্পনা করে রেখেছিল। সেই চমক পেয়ে তুষার সবাইকে উপহারও দিল। এরপর জাকিয়ার সামনে দাঁড়িয়ে তুষার বলল,
“ কেমন আছ, আম্মু? তোমার সামনে একজন সাব-ইন্সপেক্টর দাঁড়িয়ে আছে৷ খুশি হচ্ছ তো?”
জাকিয়া ছেলের কথায় কান্না ও হাসি দুটোই করে ফেললেন। ছেলেকে নিজের বুকে নয়, তিনিই ছেলের বুকে মাথা গুঁজে বললেন,
“ আজ আমি প্রথম সফল হলাম রে, মানিক।”
তুষার প্রশান্তিতে হেসে মাকে নিজের বুকে জড়িয়ে নেয়। এরপর বাবার দিকে তাকায়৷ জাকির মালিথা এগিয়ে এসে পিঠ চাপড়ে দিয়ে বুকে ধরেন ছেলেকে। সন্তান কখনো বড় হয় না, এটাই যেন তার সম্মুখ প্রতিচ্ছবি।
এরপর সবার সাথেই কুশলাদি বিনিময় করল তুষার। কুয়াশার আহ্লাদ দেখা সর্বপ্রথম যে মানুষ, সে মানুষটি হলো তুষার। তাই কুয়াশার আহ্লাদও তুষারের কাছে গলে গলে পড়ল। এতে শিশির আঁড় চোখে চেয়ে দাঁতে দাঁত এঁটে দাঁড়িয়ে রইল বোধহয়। মুখে অবশ্য বললও,
“ ঢংয়ের রানি।”
কথাটা কুয়াশা না শুনলেও নীহার শুনে ফেলল পাশে থেকে। নীহার ভ্রু কুঁচকে শিশিরকে একবার দেখে আর মনোযোগ দিল না। যেন শিশিরকে গুনেও দেখল না। ওকে তাদের ভাই-বোনদের মাঝে থেকে বিতাড়িত করা হবে৷ কুয়াশাকে বলেছে তো, তাই নীহারের গায়ে লেগেছে।
তুষার তুহিনের অবস্থা দেখে কিছুক্ষণ বকাবকি করল অবশ্য, পরে ওর শারীরিক ক্ষয়ক্ষতি সম্পর্কে বসে থেকে জানল। এও জানতে পারল কাল কুয়াশার সাথে কী হয়েছে। সেটা অবশ্য এখনই কেউ জানাতে চায়নি, হিম জানিয়ে দিয়েছে। তার মতে বড় ভাইয়া এখন পুলিশ, আর পুলিশরা দুষ্টু লোকেদের ধরে ধরে জেলে পুড়ে দেয়। তুষারও সেটা করবে। তার বোনকে দুষ্টু লোকেরা কষ্ট দিয়েছে। বিষয়টা বুঝতে না পেরে প্রশ্ন করে তুষার। নীহার সব ঘটনার বিস্তারিত বলে। রাতে তারা পিটিয়ে এসেছে সেটাও জানায়৷
তবে এই বিষয়গুলো আনন্দে ভরপুর পরিবেশকে দমাতে পারল না। কুয়াশাকে দেখে সবাই অবাকই হয়েছে। কালকের ঘটনার রেশ তার মাঝে নেই। সে বেশ হাসিখুশি আর চঞ্চল হয়ে উঠেছে। তার মতে— তার এত সময় নেই এসব বিষয় নিয়ে মন খারাপ করে পড়ে থাকার। এক, তার বাবা বিষয়ক কোনো ঘটনা ছাড়া তাকে মনখারাপ টলাতে পারবে না। আর এই বিষয়টা পরিবারের প্রত্যেকে পছন্দ করল। তবে শিশির করল কিনা বোঝা গেল না।
তুষার আসবে বলে ইয়াসমিনরা এসেছে। এখন শশীকে নিতে ও তুষারের সাথে দেখা করতে শশীর দুই ভাই সৌরজ সিনহা ও মিহির সিনহা এলো। ওদের আগমনে পরিবেশ একটা বিয়ের আনন্দে পরিণত হয়ে গেল। অনেকদিন পর তুষার খালাতো ভাই-বোনদের পেয়েও আনন্দিত। শুধু কমতি থেকে গেল, বৃষ্টির। তুষার ভীষণ করে তার বৃষ্টিকে মনে করতে লাগল। ক্ষণে ক্ষণে ফোনে যে ব্যস্ত হচ্ছে সেটাও খেয়াল করল ভাই-বোনরা। এতে চোখা-চোখি ঘটছে। এমনকি তুষার দুপুরের এলাহি ভোজেও বৃষ্টিকে মিস করল। তাই ফটাফট মেসেজ লিখে ফেলল,
“ এই আনন্দমূখর পরিবেশে, সুস্বাদু খাবারের সাথে বৃষ্টি বিলাস হলে মন্দ হতো না, বৃষ্টি।”
কিছুক্ষণের মাঝেই আবার উত্তর এলো বৃষ্টির,
“ কিন্তু জানুয়ারি মাসে বৃষ্টি বিলাস নিষিদ্ধ, পুলিশ অফিসার। উত্তম সময় নয়।”
তুষার ফিক করে হেসে ফেলতে গিয়েও হাসতে পারল না পরিস্থিতির কথা মাথায় আসাতে। সে তখন ফটাফট লিখল,
“তোমার-আমার দ্রুত অক্টোবর আসবে, বৃষ্টি।”
| চলবে |
মন্তব্য না করলে লিখতে মন চায়, বলুন?
আপনারা অধৈর্য হলে আমি এগোব কীভাবে? বিশ্বাস করেন শিশির-কুয়াশা এবার আপনাদের সামনে পুরো ভিন্ন ভাবে আসবে। যা আপনারা পুনরায় মনে রাখবেন৷ আগের মতো পড়তে গেলে আপনাদেরই একঘেয়েমি লাগবে, বলবেন আগের মতোই। তাই আমি এবার ভিন্নতা রাখার চেষ্টা করব। আমাকে ওই অবধি যেতে দিন। আর মনে রাখুন, শিশির-কুয়াশা কখনো বরিং হয় না৷ 💜
