#এক_বনে_দুই_বাঘ ‘নক্ষত্রদের মৃত্যু নেই’
১০.
®রোজা রহমান নাঈমা
‘
দুপুরের খাবার পর সবাই যখন নিজেদের ঘরে বিশ্রাম নিতে ব্যস্ত, তখন শশী মালিথা বাড়ির আলিশান ছাদে রোদে বসে ছবি আঁকতে ব্যস্ত। শীতের রোদটা গায়ে আরাম দিচ্ছে। গোসলের পর পিঠ ছাড়া চুলগুলো ছেড়ে রেখেছে৷ রোদেই শুকিয়ে যাচ্ছে তা। পরনে তার সম্পূর্ণ সাদা রঙের টপস এবং গোলাপি রঙের সুতিকাপড়ের ওপর সাদা বলের মতো প্রিন্ট করা সুতি স্কার্ট। টপসটা কোমর অবধি। শিফনের গোলাপি ওড়নাটা দুই ভাজে গলার সাথে পেঁচানো। ছেড়ে রাখা ঘন চুলের সাথে ভারী মানানসই সাজ তার।
শশী শহুরে পরিবেশকে ভুলে, রোদে বসে আপনমনে ক্যানভাসে ছবি আঁকছে। আঁকছে সে সকালে তার দু'চোখে এঁকে রাখা একটি পুরুষকে। যে সকাল সকাল ধোঁয়া ওঠা কফির কাপে চুমুক দিচ্ছিল তার দিকে তাকিয়ে। চোখজোড়া ভীষণ নেশা নেশা ছিল। ওই নেশা নেশা চোখজোড়া আঁকতে সে তিনবার চেষ্টা করেছে। তিনবারের পরই চারবারে সে সফল হয়েছে। কী কঠিন চোখ তাহলে? যা আঁকতে তাকে তিনবার চেষ্টা করে চারবারে যেতে হলো!
শশী ছোট থেকেই আর্ট স্কুলে পড়েছে। ছোট থেকে তার আর্টের প্রতি চূড়ান্ত আকর্ষণ ছিল। এই জন্য সমীর সিনহা শশীকে আর্ট স্কুলে ভর্তি করিয়েছিলেন। ধীরে ধীরে শশী আঁকতে বেশ দক্ষতা অর্জন করেছে। আন্তর্জাতিক মানের আঁকতে না পারলেও মানসম্মত ও প্রশংসনীয় আর্ট সে পারে। গ্রাফিট পেন্সিল, জলরং কিংবা অ্যাক্রিলিকের ব্যবহার সে করে তার আর্টে।
মনকুঠুরিতে আঁকা ছবির মতোই ক্যানভাস বোর্ডে নিজের দক্ষতাকে সে লেপ্টে দিচ্ছে। ঠিক সে-সময় গেইট পেরিয়ে একটি বাইক প্রবেশ করল মালিথা ভিলার আঙিনায়৷ শশী ছাদের কর্ণারেই বসেছিল। মাথা তুলে উঁকি দিয়ে দেখল নীহার ফিরেছে। সেই সকালে বেরিয়েছিল। ফিরছে এখন! সারাদিন শশী নীহার ভাইয়ের উপস্থিতি ভীষণ করে মনে করেছে। নীহার ভাই বাড়িতে থাকলেই তার সাথে আড্ডা দেয়, সময় কাটায়। ভীষণ ভালো লাগে তখন শশীর। অবশ্য শশী লজ্জায় পালায় পালায় করে। তবে নীহার ভাইয়ের উপস্থিতি বাড়িতে থাকলে শশীর হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। কেন এমন হয় কে জানে!
শশী এখন আর আঁকল না। চোখজোড়া এঁকে রেখে সে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে ছাদ থেকে এক প্রকার দৌড়ে নিচে নেমে গেল। বাকিটা পরে আঁকবে। এখন নীহার ভাইকে দেখতে না পারলে সে আঁকাতে আর মন বসাতে পারবে না। অথচ এমন হতো না আগে। আঁকতে বসলে সম্পন্ন না করা অবধি শান্তি পেত না সে। অথচ তাকে আমূল পরিবর্তন করে দিয়েছে ওই অসামান্য পুরুষটি।
বিকেলের পর তুহিন এলো মামুর বাড়ি থেকে৷ কাল রাত থেকে সারাদিন সে মামুর বাড়িতেই ছিল। ইয়াসমিনকে হসপিটালে নিয়েছিল চেকআপ করাতে৷ সে নিজেই নিয়ে গিয়েছিল। রক্ত পরীক্ষা সহ কিছু পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে তবেই ফিরেছে৷ একাই সবটা সামলেছে। আমিনুল হক দায়িত্ববান মেয়ে-জামাই পেতে চলেছে বোঝা যাচ্ছে। ইয়াসমিনকে বাড়ি রেখে, তবেই সে ফিরল৷
এখন তার ভীষণ ঘুম প্রয়োজন। খাওয়া-দাওয়া গোসল সব পরে হবে। কক্ষে প্রবেশ করে বিছানায় ঢাস করে উবু হয়ে শুয়ে পড়ল হাত-পা ছেড়ে-ছুড়ে৷ নির্ঘুম রাত ও ক্লান্ত শরীরকে এলিয়ে দিতেই সে ঘুমিয়ে গেল।
.
নিশীরাত। ঘড়ির কাঁটায় একটা পার হয়েছে বোধহয়। হঠাৎই কুয়াশা ঘুম ছেড়ে লাফিয়ে উঠে বসল। মাঘ মাসের শীতটা আজও কম নয়। এমন শীতেও সে ঘেমে-নেয়ে একাকার হয়ে উঠেছে। অস্থিরতা গ্রাস করল ওকে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল কোথায় আছে সে৷ নিজেকে সে নিজেও নিয়ন্ত্রণ করতে আজ যে ব্যর্থ হচ্ছে! এমনটা বিগত কয়েক মাসে হয়নি। সে নিজেকে যেভাবে নিয়ন্ত্রণ করতে শিখেছিল, তাতে আজকের এই পরিস্থিতি হবার কথা ছিল না। কেননা তার কাউন্সেলিং করা হয়েছিলই তেমনভাবে, যেমনভাবে কুয়াশা সুস্থ হতে পারে।
কুয়াশা যখন নিজের পরিস্থিতি, উপস্থিতি বুঝতে ত্রিশ সেকেন্ড পার করে মিনিটের মাঝে চলে যাচ্ছিল, তখন সে আরো ভীতিগ্রস্ত হয়ে পড়ল৷ তার দম আটকে আসতে লাগল। জোরে জোরে শ্বাস নিতেও যেন ব্যর্থ হচ্ছিল। কুয়াশার কক্ষে ল্যাভেন্ডার রঙের ডিম লাইটের আলোয় সবই বোঝা যাচ্ছে। কুয়াশা অস্বাভাবিক অস্থিরতা নিয়ে আর বসতে পারল না। সেকেন্ডের গতিতে নামল মনে হলো। বিছানা থেকে নেমে ওভাবেই কক্ষ ছেড়ে হন্তদন্ত পায়ে বের হলো। কিন্তু পায়ের গতিও তার সহায় হলো না। বুকে হাতের তালু দ্বারা ক্রমাগত ডলা দিতে দিতে দিশেহারা হয়ে যখন এগোচ্ছিল, তখন পায়ে পা বাড়ি লেগে পড়ে গেল সে। মুখটা থুবড়ে পড়েছে। কুয়াশার কষ্টে জানটা বেরিয়ে যাবে মনে হচ্ছে। নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন?
বারান্দায় মুখ থুবড়ে পড়ে গিয়ে যখন মোচড়াচ্ছিল, তখন ওর সামনের কক্ষ থেকে শিশির দরজা খুলে ফেলল। মূলত কিছু ধপাস দিয়ে পড়ার শব্দ পেয়ে সে দরজা খুলেছে। রাত জেগে এইচএসসি পরীক্ষার পড়া পড়ছিল শিশির। তার রাত জেগে পড়ার অভ্যাস আছে। সন্ধ্যারাতে আরামে ঘুমাবে, গিলবে, টিভি দেখবে আর গভীররাত জেগে পড়বে। তার মতে এতে পড়া ভালো হয়। নিঃশব্দ রাতে পড়ার গভীরতা বাড়ে।
মালিথা পরিবারের ছোট সদস্যগুলোর কক্ষের একটা তালিকা রয়েছে। যেমন; সবচেয়ে বড় ছেলে তুষার হিসেবে, তার কক্ষটা ডানের কর্ণারে। এরপর তুহিনের। এভাবেই ক্রমানুসারে নীহার, শিশির ও কুয়াশার কক্ষ দেয়া হয়েছে। এবং পরের কক্ষটি আপাতত ফাঁকাই আছে। কেননা ওটা ভবিষ্যতে হিমের হবে। সেই হিসাব মতে শিশিরের পাশের কক্ষটা কুয়াশার। কক্ষের দূরত্বও বেশি নয়৷ তাই কুয়াশা কক্ষ ছেড়ে কয়েক কদম না ফেলতেই শিশিরের কক্ষের সামনেই পড়েছে।
ওকে ওভাবে পড়ে হাঁপানি রোগীর মতো শ্বাস নিতে ও সাপের মতো মোচড়াতে দেখে শিশির আশ্চর্যের শেষ সীমা পার করল। কুয়াশাকে দেখে মনে হচ্ছে সে ভীষণ কষ্ট পাচ্ছে। চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে মেয়েটার। কিছু বলার চেষ্টাও করছে। এমন অবস্থায় শিশির একপ্রকার উদভ্রান্তের মতো হন্তদন্ত হয়ে দরজা ছেড়ে ছুটে কুয়াশার সামনে হাঁটু মুড়িয়ে বসে পড়ল। মৃদু কণ্ঠে আশ্চর্য মিশিয়ে কুয়াশাকে ডাকল,
“ কুয়াশা? কী হয়েছে?”
শিশির বলার মাঝে কুয়াশাকে দুইহাতে ধরে নিজের একহাতের ওপর কুয়াশার কাঁপতে থাকা শরীরটা নিয়ে বলল,
“ কুশু? আর ইউ ওকে? এই কোথায় কষ্ট হচ্ছে? এমন করছিস কেন?...”
বলার মাঝে হঠাৎই শিশির থেমে গেল। তড়িৎ কিছু মনে হতেই মৃদু সুরে বলে উঠল,
“ শীট!”
শিশির ঘড়ির কাঁটায় কত বাজে জানে। এই সময় কাউকে ডাকার প্রয়োজন মনে করল না। কারণ শিশির জানে কাউকে ডাকলেও ঠিক একই কাজ করবে, যেটা তাকে করতে হবে। তাই কাউকে আর জাগানোর প্রয়োজন মনে করল না। যেটা ও পারবেই, সেটার জন্য অন্যদের ডেকে অযথা দুঃশ্চিন্তা আর কান্নাকাটির পরিস্থিতি তৈরি করতে না চেয়ে, শিশির নিজেই কুয়াশাকে সুস্থ করার দায়বদ্ধতা হাতে নিয়ে নিল। কুয়াশা রাতে সোয়েটার খুলে শোয়। যার দরুণ তার শরীরে কোনো শীতের পোশাক নেই। এমনকি ওড়নাও নেই শরীরে। শিশির ওসবে কিচ্ছুই খেয়ালে নিল না। মুহূর্তটা দেখে মনে হলো তার কাছে পুরো দুনিয়ার খামখেয়ালের চেয়ে সবচেয়ে ইম্পরট্যান্ট এখন কুয়াশা।
কুয়াশার অস্বাভাবিকভাবে কাঁপতে থাকা ও হাঁপাতে থাকা শরীরটাকে শিশির নিমেষেই দুইহাতে পাঁজা কোলে তুলে নিল। বয়সের সাথে শক্তিটাও সমানুপাতে বাড়ছে। কোলে তুলে কুয়াশার কক্ষে ঢুকল। ওকে বসিয়ে দিয়ে কুয়াশার সামনে ঝুঁকে ওর গালের ওপর আলতো বাড়ি দিতে দিতে ঘনঘন ডেকে বলল,
“ কুশু, কুশু? শান্ত হ, শান্ত! হুঁশশ, শান্ত হ! এটা তোর রুম, দেখ! চেনার চেষ্টা কর!”
শিশির কুয়াশার সামনে থেকে সরে দ্রুত ওর বেডসাইড টেবিলের ড্রয়ার খুলল। সেখানে ফাস্টএইড বক্স রাখা। সেটা দ্রুত হাতে বের করল। কুয়াশার যাবতীয় মেডিসিন বক্সে রাখা আছে। সেখান থেকে কুয়াশার দুঃস্বপ্ন দ্বারা হওয়া প্যানিক অ্যাটাক কমাতে অ্যান্টিডিপ্রেসেন্টের একটি মেডিসিন খুলে নিয়ে কুয়াশার পাশে বসে পড়ল। ফ্লাস্ক থেকে কুসুম গরম পানি নিয়ে কুয়াশার মুখে ঔষধটা গুঁজে দিয়ে পানির গ্লাস ধরল। কুয়াশাকে পানি দিতেই ঔষধটা গিলে নিল। দ্রুত কাজ করবে এই ঔষধ। ততক্ষণে শিশির কুয়াশারকে বাস্তবতা উপলব্ধি করিয়ে শান্ত করতে এবং আশপাশ চেনানোর চেষ্টা করল। সঙ্গে আরো একটি কাজ করল, সাইকোলজিস্ট পারমিতা আনসারীকে ফোন করার চেষ্টা করল সে। সময়-কালের হিসাব কষলে সবার হাতে ফোন রাখাটা এখনও সম্ভব হয়নি। তবে কুয়াশার কক্ষে কর্ডলেস টেলিফোন রাখা আছে৷ যা বাড়ির ল্যান্ডলাইন সংযোগে সক্রিয় আছে।
শিশির কর্ডলেস ফোন থেকে মিসেস পারমিতার সাথে যোগাযোগ করল। এই অবধি কাজগুলো করতে গিয়ে শিশিরের শরীরে ঘাম এসে গেল। বিষয়টা চোখে দেখার মতো। তার জাত শত্রু জান-এ-দুশমনের জন্য শরীরে ঘাম আসাটা আশ্চর্যেরই বিষয় বৈকি। লোকে জানলে কী বলবে? লজ্জাজনক শিশিরের জন্য তা।
যখনই মিসেস পারমিতার কণ্ঠ পাওয়া গেল, শিশির শুরুতেই সবটা বলল। মিসেস পারমিতা কুয়াশার কানে ফোন ধরতে বললে, শিশির কুয়াশার কানে ফোন ধরল। কুয়াশা শুয়ে পড়েছে। ওপাশ থেকে মিসেস পারমিতা কুয়াশাকে সুন্দর এক ভঙ্গিমায় ডাকলেন,
“ কুয়াশা মামণি?”
কী মিষ্টি কণ্ঠ! কী শ্রুতিমধুর সম্বোধন! কুয়াশা কানে শুনল। মিসেস পারমিতা বললেন,
“ মামনি, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ? এমনটা হচ্ছে তোমার সাথে?”
কুয়াশা মিসেস পারমিতার কণ্ঠ ও নিঃশ্বাসের শব্দ শুনছে। কুয়াশা হাঁপানো কণ্ঠে একটু বলল,
“ বাবা, বাবা!”
“ ওটা তোমার বাবা নয়, মামণি। কী বলা হয়েছিল তোমাকে, বলো তো?”
“ আমার, আমার মস্তিষ্ক….”
কুয়াশা কথা পুরোপুরি বলতে পারল না। কুয়াশাকে চিকিৎসার সময় মনোবিজ্ঞানের গভীর ব্যাখ্যায় মিসেস পারমিতা বলেছিলেন,
“মানুষের মস্তিষ্কের একটা অসাধারণ ক্ষমতা আছে, মামণি। সে শুধু কোনো মানুষের মুখটাই মনে রাখে না; তার কণ্ঠস্বর, হাঁটার ভঙ্গি, হাসি, রাগ, স্পর্শ সবকিছুর স্মৃতিও নিজের ভেতরে সংরক্ষণ করে। যখন প্রিয় কাউকে হারানোর শোক খুব গভীর হয়, তখন সেই স্মৃতিগুলোই ঘুমের মধ্যে একসঙ্গে কাজ করতে শুরু করে। প্রথমে মানুষটিকে শুধু দেখা যায়, তারপর ধীরে ধীরে সে কথা বলে, হাসে, উত্তর দেয়। কারণ তখন তোমার মস্তিষ্ক তোমার বাবাকে নতুনরূপে তৈরি করে না, বরং বাবাকে নিয়ে যত স্মৃতি তোমার ভেতরে জমে আছে, সেগুলো দিয়েই একটি জীবন্ত প্রতিরূপ গড়ে তোলে। তাই স্বপ্নের সেই কথোপকথন তোমার কাছে সম্পূর্ণ বাস্তব বলে মনে হয়। এটা অস্বাভাবিক নয়। গভীর শোকের পরে অনেক মানুষের ক্ষেত্রেই এমন অভিজ্ঞতা হতে পারে। কিন্তু ব্যাপারটা হলো; কথা বলে, তোমার মস্তিষ্কে সংরক্ষিত বাবার স্মৃতি ও প্রতিচ্ছবি। স্বয়ং তোমার বাবা নয়। তোমার বাবার প্রতি ভালোবাসা এবং তাকে হারাতে না চাওয়ার আকাঙ্ক্ষা সেই প্রতিচ্ছবিকে তোমার মাঝে জীবন্ত করে তোলে।”
কুয়াশার মনে হচ্ছে সে-সব কথা। ধীরে ধীরে কুয়াশা শান্ত হচ্ছে। কুয়াশাকে আরো শান্ত করতে মিসেস পারমিতা একই কণ্ঠে বললেন,
“তোমার মস্তিষ্ক এই মুহূর্তে তোমার শত্রু নয়, মামণি। বরং তোমাকে বাঁচিয়ে রাখার জন্য শরীরকে সতর্ক করে দিচ্ছে। ভয়টা সত্যি মনে হচ্ছে, কিন্তু আসলে বিপদটা এই মুহূর্তে সত্যি নয়।”
কুয়াশা বুঝল কিছুই তার বিরুদ্ধে নয়। সবকিছু তার বাস্তবতা। সে নিরাপদ। কুয়াশা আরেকটু থামল। মিসেস পারমিতা পুনরায় বললেন,
“তোমার মস্তিষ্কের অভিজ্ঞতা নিয়ে একটি কথা বলেছিলাম, মামণি। মনে করার চেষ্টা করো একটু। ধীরে ধীরে। চাপ নয়। রিলেক্সে, ওকে?”
কুয়াশা ছাদের দিকে মুখ করে শোয়া। কানে শুধু ওর কথা আসছে। কুয়াশা মনে করার চেষ্টা করল। ওর মনে পড়ছে। কুয়াশা তখন উত্তরে বলল,
“বাবা আমার জীবনের একটি অধ্যায়। কিন্তু পুরো বইটা নন।”
মিসেস পারমিতা একটু হাসলেন। সেই হাসিতে সুন্দর একটি শব্দ হলো। আর যাইহোক কুয়াশার স্মৃতিশক্তি তুখোড়। পরিস্থিতির শিকার হলেও মস্তিষ্ক সবটা ধরে রাখে। ফলস্বরূপ কুয়াশা সহজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে৷ তবে আজ কিছু ভিন্ন হয়েছিল। ফলে কুয়াশার দুঃস্বপ্ন ভেঙে গেলেও প্যানিক এ্যাটাক হয়েছে৷ সেটা মিসেস পারমিতা স্বইচ্ছায় জানার চেষ্টা করলেন না। বিষয়টাকে তিনি এড়িয়ে গিয়ে কুয়াশাকে বাস্তব সময় উপলব্ধি করাতে জিজ্ঞেস করলেন,
“ তুমি এখন কোথায় আছ, মামনি?”
কুয়াশা আশেপাশে ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখল। ওর ওভাবে তাকানোকে অনুসরণ করে শিশিরও ওর কানে ফোন ধরা অবস্থায় ঝুঁকে থেকে তাকাল। মূলত কুয়াশা কেমন আচরণ করছে না করছে সবটাই অনেক কাছে থেকে দেখছে শিশির। কুয়াশা ডানে-বামে তাকিয়ে শেষ তাকাল তার সামনে ঝুঁকে থাকা শিশিরের দিকে। শিশিরের উপস্থিতি তাকে বাস্তবতা উপলব্ধি করাল বেশি করে। শিশিরের মুখের দিকে তাকিয়ে বলল,
“ আমার রুমে।”
“ আজকের তারিখ?”
“১৯ জানুয়ারি ছিল, ২০ জানুয়ারি শুরু হয়েছে।”
“ নিজেকে এখন নিরাপদ মনে হচ্ছে?”
কুয়াশা শিশিরের দিকেই তাকিয়ে ছিল। শিশিরও কুয়াশার কথা বলা মনোযোগ দিয়ে শুনছিল। অন্যসময় হলে ঘটত নাকি এটা! কুয়াশার কি মনে হলো, শিশিরের উপস্থিতি তাকে নিরাপদ মনে করাচ্ছে? কুয়াশা সে-সব কিছু নিয়ে ভাবল না। ভাবার মতো ব্যাপারও নয়। তবে মুখে বলল,
“ হ্যাঁ, আমি নিরাপদ এখন৷”
“ ওটা তোমার স্বপ্ন ছিল?”
কুয়াশার মস্তিষ্ক চিন্তা করল৷ ওটা সত্যি ছিল? উঁহুঁ, আজ সে বাবাকে নিয়ে বেশি ভেবে ফেলেছিল। যার জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছিল।
“ হ্যাঁ, দুঃস্বপ্ন ছিল। বাবাকে নিয়ে আজ বেশি ভেবেছিলাম। বাবা আমাকে বলছিল, তাকে বাঁচাতে। কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। বাবা ট্রেনের নিচে টুকরো টুকরো হয়ে গেল।”
“ বাঁচানোর কথা কি এর আগে বলেছিলেন?”
“ না।”
“ কী নিয়ে ভেবেছিলে তুমি?”
“ বাবা পাঁচমাস কেন নিখোঁজ ছিলেন!”
মিসেস পারমিতা কিছুক্ষণ চুপ রইলেন। হয়তো কুয়াশার আশেপাশে এমন ধরনের কথাবার্তা বলা হয়েছিল। ফলস্বরূপ কুয়াশা এটা নিয়ে ভাবতে শুরু করেছিল। মিসেস পারমিতা বললেন,
“ তোমাকে ৫-৪-৩-২-১ গ্রাউন্ডিং টেকনিক শেখানো হয়েছিল, মামণি।”
“ হ্যাঁ, মনে আছে আমার।”
“ ওকে, পাঁচটি জিনিস দেখো।”
কুয়াশা আশেপাশে তাকিয়ে চারটা জিনিস দেখল। এবং শেষ দেখল শিশিরের উপস্থিতি। তার দিকেই ঝুঁকে তাকিয়ে আছে শিশির। কুয়াশা শিশিরের দিকে তাকিয়ে থাকা মুহূর্তে মিসেস পারমিতা বললেন,
“ চারটি জিনিস স্পর্শ করো।”
কুয়াশা শিশিরের থেকে নজর সরিয়ে ওর কানে ফোন ধরে রাখা শিশিরের হাতের ওপরই হাত দিয়ে ফোন স্পর্শ করল। নিজের আশেপাশে থাকা আরো দুটি জিনিস স্পর্শ করে, শেষে হাত বাড়িয়ে স্পর্শ করল শিশিরকে। স্পর্শ করাটা ছিল অদ্ভুত। শিশিরের শক্ত হয়ে আসা বুকের ওপর শুধু হাত দ্বারা স্পর্শ করে ধরে রাখল কয়েক সেকেন্ড। শিশির সেই কয়েক সেকেন্ডের স্পর্শকে দেখতে মাথা নিচু করে কুয়াশার হাতের দিকে নীরবে তাকাল। কুয়াশার এমন অত্যাচারগুলো শিশির মুখ বুজে চুপচাপ সহ্য করছে আজ। কেন করছে কে জানে! অন্য সময় হলে নির্ঘাত কুয়াশাকে মাথায় তুলে আছাড় মারত। তবে এই মুহূর্তে কুয়াশার সুস্থতা তার জন্য আগে মনে হলো। কুয়াশা শিশিরকে স্পর্শ করে আবার হাতটা সরিয়ে নিল।
ওপাশ থেকে তখন মিসেস পারমিতা বললেন,
“ তিনটি শব্দ শোনো।”
কুয়াশা শুরুতে মিসেস পারমিতার কথাটাকেই প্রথম শব্দ হিসেবে নিল। দ্বিতীয় শব্দ শোনার চেষ্টা করতেই কুয়াশা কোথা থেকে ভেসে আসা কোনো নিশাচর পাখির ডাক শুনতে পেল৷ ডাকটি প্যাঁচার মতো শোনাল। এরপর কুয়াশা আরো একটি শব্দ পেল। যেটা শিশিরের শ্বাস-প্রশ্বাসের শব্দ। শিশিরের শ্বাস-প্রশ্বাস চলছে অচেনা গতিতে। শিশির নিজেও এই গতিকে চেনে না। আর সেই শব্দকে কুয়াশা তৃতীয় শব্দ হিসেবে শুনতে থাকল। সবটা বাস্তব বাস্তব বলে মনে হলো তখন। শিশিরের শ্বাস-প্রশ্বাস শোনার মাঝেই মিসেস পারমিতা বললেন,
“ দুটি গন্ধ নাও।”
কুয়াশা দুটি গন্ধ খুঁজতে গিয়ে সর্বপ্রথম গন্ধ পেল তার কক্ষে স্বল্প পরিমাণ ছড়িয়ে থাকা একধরনের সুগন্ধি মোমের। মাঝেমধ্যেই এই মোমটি সে কক্ষে জ্বালায়৷ কক্ষ সুগন্ধি রাখার জন্য। কিন্তু সেই গন্ধর চেয়ে আরো একটি গন্ধ কুয়াশা কাছে থেকে পেল। শিশিরের শরীরের গন্ধ। তীব্র গন্ধ পাচ্ছে অনেক নিকট হতে। যেটা দীর্ঘশ্বাস টানার ফলে নাসিকা ভেদ করল ভীষণ বাজেভাবে। মনে হলো শিশিরের শরীরের গন্ধটায় তাকে বেশি করে বাস্তবতা উপলব্ধি করাল।
শিশির কুয়াশার দিকে তাকিয়ে আছে। মিসেস পারমিতার কথা তো সে সবই শুনছে। কুয়াশার ঘনঘন শ্বাস টানা শিশির দেখল। শিশির তো জানে না কুয়াশা কোন কোন জিনিসের গন্ধ পাচ্ছে। তবে শিশিরের মনে হলো— কুয়াশা ওরই শরীরের ঘ্রাণ টেনে নিচ্ছে। এমন একটা বাজে কথা শিশিরের মাথায় কীভাবে আসতে পারে? এত ফালতু চিন্তাভাবনা তার! শিশির বিরক্ত হলো ভীষণভাবে। এই মেয়ে তার শরীরের ঘ্রাণ নিবে! ব্যাপারটা ভাবতেই তো কী পরিমাণ বাজে ঠেকছে! অথচ কুয়াশা সেটাই করছে, যেটা শিশির মানতে পারছে না। কুয়াশা যখন শিশিরের শরীরের সুন্দর ঘ্রাণ নিচ্ছিল, তখন মিসেস পারমিতা বললেন,
“ একটি স্বাদ অনুভব করো।”
কুয়াশা শুনল। তার শরীর কাঁপা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা সবকিছু নিয়ন্ত্রণে এসেছে৷ মিসেস পারমিতা যা যা বলছেন, কুয়াশা বাধ্য মেয়ের মতো শুনছে। কিন্তু এখন সে কীসের স্বাদ নেবে?
হঠাৎই কুয়াশা অস্বাভাবিক একটি কাজ করে বসল। শিশির যে হাতে ফোন ধরে আছে, মুখটা ঘুরিয়ে সেই হাতের কব্জা বরাবর কামড় বসিয়ে দিল কুয়াশা। আকষ্মিক কাজে শিশির হতভম্ব! মৃদুস্বরে গুঙিয়েও উঠল শিশির। একবার হাত সরিয়ে নিতে গিয়েও থেমে গেল৷ বুঝল কুয়াশা তার গোশত ছিঁড়ে নেবে, তবুও হাত ছাড়বে না! টানাটানি করলে ছিঁড়ে যাবারই সম্ভাবনা আছে প্রবল।
কুয়াশা শিশিরের হাতটাকে যেভাবে কামড় দিয়ে ধরেছে, মনে হচ্ছে কোনো সুস্বাদু মাংসের রানে কামড় বসিয়েছে। সেটারই স্বাদ খোঁজার বৃথা চেষ্টা করছে সে। শিশিরের এই মুহূর্তে মনে চাইল, কুয়াশাকে তুলে খেঁক করে একটা আছাড় দিতে। চোখমুখ খিঁচিয়ে ব্যথাটা হজম করে নিল। চিৎকার চেঁচামেচি করলে বিষয়টা মিসেস পারমিতা টের পাবেন। লজ্জাজনক ব্যাপার-স্যাপার!
কুয়াশা বোধহয় শিশিরের রক্তের স্বাদ না নিয়ে ছাড়বে না। ভঙ্গিমাটা এমনই দিকে এগোচ্ছে। শিশির আর কিছু করতে পারুক আর না পারুক, ঠাটিয়ে একটা চড় তো বসাতে পারবে? কোথায় ভালো করতে এসে তাকেই আহত হতে হচ্ছে! ব্যাপারটা অত্যাচারের ভয়ঙ্কর পর্যায়৷ এই অবধি সবরকম অত্যাচার সহ্য করলেও, এভাবে রক্তের স্বাদ নিতে তো আর দেওয়া যায় না!
তবে শিশিরের কিছু করতে হলো না। কুয়াশাই একসময় ছেড়ে দিল। আর কিছুক্ষণ ধরে রাখলে রক্তের স্বাদ পেয়ে যেত। কুয়াশা নিজের ঠোঁট ভেজাল জিহ্বা দিয়ে। শিশির ওর ঠোঁট ভেজানো দেখল চরম ক্রোধ নিয়ে৷ যেন সুস্বাদু খাবার খেয়ে বিড়ালের মতো ঠোঁট চাটল। শিশিরের মনটা চাইল কুয়াশাকেই কাঁচা চিবিয়ে খেতে। এসব পাগল-ছাগলকে কে ভালো করতে আসে? পাগলে না পেলে কেউ ভালো করতে আসে? শিশিরকে বোধহয় পাগলেই পেয়েছিল।
নিজের হাতে বসে যাওয়া কামড়ের ক্ষতের গভীরতা পর্যবেক্ষণ করল শিশির। সাক্ষাৎ রাক্ষসী কামড়েছে যেন! কীভাবে দাগগুলো বসাল! টনটন করছে ব্যথায়৷ একে পাগলাগারদে দেয়া উচিত। পাগল হয়ে যাকে তাকে কামড়ানো ধরেছে৷ কুয়াশার দাঁতের দাগগুলো শিশির গুনল। গুনে গুনে উপর-নিচ মিলিয়ে দশটা দাঁতের দাগ সে স্পষ্ট পেল। এখনই এই দাগ গুলো সুদে আসলে ফিরিয়ে দিতে পারলে তবেই যদি শিশিরের দেহে পানি আসত।
কুয়াশার মাইন্ডফুলনেস ও রিলেক্সেশনের জন্য মিসেস পারমিতা চার ও ছয় সেকেন্ডের শ্বাস-প্রশ্বাস ও প্যানিক অ্যাটাকের ফলে হওয়া শরীরের টান কমানোর প্রক্রিয়া অনুশীলন করালেন৷ কুয়াশার এখন ঘুম ঘুম পাচ্ছে। এতটাই প্রশান্তি বোধ হচ্ছে ভেতরে। কুয়াশার রোগ অনুযায়ী তাকে চিকিৎসা ও কাউন্সেলিং করা হয় বিগত কয়েক মাসজুড়ে।
কুয়াশার রোগ নির্নয় ও সমস্যার ব্যাখ্যা অনুযায়ী বিশ্লেষণ করে সাইকিয়াট্রিস্ট কায়কোবাদ আনসারী দুটো প্রধান রোগ পেয়েছিলেন। যা ছিল— পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার এবং প্রোলংড গ্রিফ ডিসঅর্ডার। রোগ অনুযায়ী চিকিৎসা, কাউন্সেলিং শুরু হয়েছিল কুয়াশার। ডক্টর আনসারীর ঔষধ এবং সাইকোলজিস্ট পারমিতা আনসারীর কাউন্সেলিং, কুয়াশার সমস্যাকে যথাযথ সারিয়ে তুলতেই তৎপর ছিল। তবে জানিয়েছিলেন এটা সম্পূর্ণ সেরে উঠতে সময়সাপেক্ষর ব্যাপার। রেশ কাটানো অনেকটা কঠিন ছিল। তবুও কুয়াশার মাঝে অদম্য ইচ্ছে ছিল বলেই দ্রুত কমিয়ে আনা সম্ভব হয়েছে। সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্ট আনসারী এও জানিয়েছিলেন মাঝেমধ্যেই কুয়াশা এমন কিছুর শিকার হবে। যা নিয়ন্ত্রণ করার চিকিৎসাও কুয়াশাকে শেখানো হয়েছিল।
তবে আজকের ব্যাপারটা ঘটেছে একটু ভিন্ন। যা পূর্বে ঘটেনি। এটাকে আপাতত মিসেস পারমিতা কুয়াশার রোগের সাথে একীভূত করলেন না। যেহেতু কুয়াশা আগের সমস্যাগুলো থেকে আরোগ্য লাভ করছে, সেহেতু নতুন সমস্যাটা সামান্য চিন্তার কারণ বসতও হতে পারে।
বিগত মাসগুলোতে কুয়াশা চিকিৎসায় থেকে নিজের মাঝে অনেক কিছুরই পরিবর্তন পেয়েছে। পুনরাবৃত্তি মূলক দুঃস্বপ্ন এখন অনেকটা কমেছে। তবে মাঝেমধ্যে হয়। এটা স্বাভাবিক। যার প্রতিক্রিয়া কুয়াশা কাটিয়ে উঠতে পারে। নিজেকে ওই সময় নিয়ন্ত্রণে নিতে শিখেছে। যখন পারে না, তখন সাহায্যের প্রয়োজন পড়ে। ধীরে ধীরে সবটা বাস্তব নয়, দুঃস্বপ্ন হিসেবেই নিতে শিখেছে এখন। এমনকি বাবার মৃত্যুটাও মেনে নিতে শিখেছে সে।
কুয়াশা যে মনে করত তার বাবা মারা যাননি— এই বিশ্বাসকে সাইকিয়াট্রিস্ট আনসারী মনোবিজ্ঞানের ভাষায় বিশ্লেষণ ও ব্যাখ্যা দিয়েছিলেন। সমস্যাটাকে denial (অস্বীকার) বলে ব্যাখ্যা দেন তিনি। এমন সমস্যার রোগীদের অনেক সময় এই অস্বীকার দীর্ঘস্থায়ী হয়ে যায়। কুয়াশারও হয়েছিল। এই সমস্যার রোগীরা এটা দ্বারা মস্তিষ্কে এমন কিছু সত্য গ্রহণ করতে পারে না, যা তার কাছে অসহনীয় বলে মনে হয়। তখন সে বিকল্প বাস্তবতা তৈরি করে। এই বিকল্প বাস্তবতা ব্যক্তিকে কিছু সময়ের জন্য মানসিকভাবে বাঁচিয়ে রাখে। অর্থাৎ— বাস্তব সত্য অসহনীয় হলে, মস্তিষ্ক কখনো কখনো সহনীয় একটি বিশ্বাস তৈরি করে।
কুয়াশাও ঠিক সেটাই করত। একটা সময় পর কুয়াশা বাবাকে নিজের জীবনের অংশ মনে করে, কিন্তু পুরোপুরি অংশ ভাবা বন্ধ করেছে। বুঝতে শিখেছে বাবার মৃত্যুদিনে আটকে না থেকে তার শেখানো জীবন নিয়ে সামনে এগোনো উচিত। বাবার ভালো স্মৃতিগুলো মনে করে সে। খারাপ স্মৃতিগুলো মুছতে চেষ্টা করে। তবে কুয়াশার কিছু কিছু প্রশ্ন এখনও মস্তিষ্কে গেঁথে রয়েছে। বিশেষ হলো— বাবা কেন পাঁচমাস নিখোঁজ ছিল?
কুয়াশা প্রশান্তিতে যখন ঘুমিয়ে গেল, তখন শিশির মিসেস পারমিতাকে জানিয়ে কর্ডলেস ফোন রেখে উঠে দাঁড়াল৷ ওর শরীরের ওপর কম্ফোর্টার ভালোভাবে দিয়ে অতিরিক্ত বাল্ব নিভিয়ে দিল৷ একপলক বিরক্তি নিয়ে কুয়াশার দিকে তাকিয়ে পেছন ফিরে তাকাল। ঠিক তখনই নীহারকে দরজার সাথে হেলান দিয়ে বুকে হাত গুঁজে দাঁড়িয়ে থাকতে দেখল৷ শিশিরের বিরক্তি আরো দ্বিগুণ চাপল। নীহার ওভাবে দাঁড়িয়ে ঠোঁট টিপে টিপে হাসছে। দুই ভ্রু নাচিয়ে ইশারায় বোঝাচ্ছে,
“ কী ছিল এগুলো?”
শিশির ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মুখটায় ভাবলেশহীন ভঙ্গিমা ফুটিয়ে তুলল। জ্যাকেটের দুই পকেটে দুই হাত ঢুকিয়ে নির্লিপ্তে বলল,
“ মানবতা।”
“ ওহ হো! মানবতা, মানবতা!”
“ তুই এভাবে দাঁত কেলাতে কখন এসেছিস এখানে?”
“ যখন দেখলাম, আমার বোনটাকে কেউ মানবতার খাতিরে করিডোর থেকে কোলে তুলে ঘরে ঢুকছে।”
শিশিরের মেজাজ খারাপ হলো। এতটা সময় সে একা একা নাজেহাল হলো, অথচ এই বেয়াদবটা দাঁত কেলিয়ে তার মজা নিচ্ছিল? শিশির দাঁতে দাঁত এঁটে বলল,
“ হয়েছে তোর মানবতা দেখা? এখন হেট, পথ ছাড়!”
বলে পকেট থেকে দুই হাত বের করে এগিয়ে এলো নীহারের একদম সামনে। রাগ ঝেড়ে বলল,
“ যতসব পাগল-ছাগলের কারখানা আমার ঘাড়েই এসে চেপে বসে!”
“ কিন্তু আমি তো দেখলাম, তুই নিজেই যেচেপড়ে পাগলের পাগলামি ঘাড়ে চাপিয়ে নিলি!”
বলে নীহার বুক থেকে বাঁধা হাতজোড়া ছেড়ে শিশিরের একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে ধরল। ঠিক সেই হাতটা, যেই হাতটায় কুয়াশা কামড়ে দিয়েছে। হাতটা নীহার উল্টে-পাল্টে দেখে নিয়ে সকৌতুকে বলল,
“ইশশ! মানবতা তোকে কামড়েও দিয়েছে?”
“ মানবতা কামড়াতে যাবে কেন?”
শিশিরের ভ্রু কুঁচকে বিরক্তি ঝাড়া প্রশ্ন। হতভম্ব চেহারা ফুটে উঠেছে শিশিরের। নীহার এবার আর নিজেকে আটকাতে পারল না। শব্দ করে ঠোঁটের ওপর নিজের হাতের উল্টো পাশ ঠেকিয়ে হেসে ফেলল। ওর হাসিতে শিশিরের গায়ে চরম জ্বালা ধরল। হাসতে হাসতে নীহার প্রশ্ন করল,
“ তো কে কামড়েছে? কুশু?”
থেমে প্রশ্নের উত্তরের আশা না করে বলল,
“আজকাল মানবতার দাম নেই রে! মানবতা দেখাতে গেলেও কামড় খেতে হয়। এমন মানবতাকে তো নিজের মাঝে পালা উচিত নয়! তুই পালছিস কেন?”
নীহার হাসছে ভীষণ। শিশির দাঁত কটমট করছে। নীহার কিছুক্ষণ হেসে নিয়ে শিশিরের ফোঁসফোঁস করা মুখের দিকে তাকিয়ে দেখে, হাতটার দিকে দেখতে দেখতে বলল,
“ এন্টিসেপটিক লাগবে নাকি রে? চল লাগিয়ে দিই।”
শিশির ঝাড়া মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিল। রাগ ঝেড়ে বলল,
“ সরবি তুই সামনে থেকে? একপাগলে কামড়েছে আরেক পাগলে আসছে সেপটিক লাগাতে। দুটোকেই গোল্লায় দেয়া উচিত!”
শিশির নীহারকে টপকিয়ে ঘর ছড়ে বেরিয়ে গেল। পেছনে নীহার সুর ধরে আবার বলল,
“ আহা! রাগছিস কেন? এগুলো তো মানবতা, ভাই…মানবতা…!”
| চলবে |
[ আপনারা মন্তব্য করতে পারেন না বোধহয়। 😒🤲]
