#এক_বারান্দায়_দুই_বিকেল
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
[পর্ব:০৪]
দিনটি শুক্রবার। জাবেরের ঘুম ভাঙল বেশ বেলা করে। ড্রয়িংরুম থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে আসছে। তড়িঘড়ি করে একেবারে গোসল সেরেই ঘর থেকে বের হয়ে এলো সে। জাকিয়া নারাজ হয়ে বললেন,“এত বেলা করে কেউ ঘুমায়? হসপিটালে যাবি না আজ?”
জাবের ভারি অবাক হলো। কণ্ঠে প্রকাশ পেল বিস্ময়, “তোমরা এখানে? হঠাৎ? কখন এলে? জানালে না তো?”
“ইচ্ছে হয়েছে, এসেছি। তোকে জানাতে যাব কেন? আমরা কী রাস্তা চিনি না?”
“তা চেনো। তবুও, এখানে তো আগে কখনো আসোনি।”
“এবার আসলাম, কয়েকদিন থাকব ভেবেছি। কোনো সমস্যা?”
“সমস্যা কীসের?”
জাকিয়া প্রত্যুত্তর করলেন না। পুত্রবধূর উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ল,“সাপ্তাহিক ছুটির দিনে গরুটা যদি এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে তাহলে বাজার সদাই করে কে, শশী?”
দুই গ্লাস লেবুর শরবত এনে শ্বশুর-শাশুড়ির সামনে রাখলো শশীপ্রভা।
“আমি ছাড়া আর কে করবে? প্রথম প্রথম তো কিছু চিনতাম না তাই দারোয়ানকে দিয়ে করাতাম। কিন্তু দারোয়ান দিয়ে কী আর বাজার হয়? পরে নিচতলার এক আন্টির সঙ্গে গিয়ে পথঘাট চিনে এখন আমিই করি।”
জাকিয়া ও মাহমুদ সাহেব নারাজ হলেন। ছেলের দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে স্ত্রীকে কিছু বলতে না দিয়ে নিজেই বললেন,“বাড়ির বউ বাজার করে? জাবের তাহলে করেটা কী? একটু বাজারে যেতে পারে না?”
“উনি ব্যস্ত মানুষ। ঘরে বসে একবেলা খাবার খাওয়ার সময়টুকুও নেই। বাড়ি ফিরলেই সারাক্ষণ ফোনটা বাজতে থাকে।”
জাবের যেন এবার বিপাকে পড়ল। বাবার থেকেও মাকে সে বেশি ভয় পায়। শুধু সে নয়, জুঁই থেকে শুরু করে স্বয়ং তার বাবাও ভয় পায়। মা তাদের সংসারের বাঘিনী। আমতা আমতা করে বলল,“এসব কথা ছাড়ো তো, আমার কত ব্যস্ততা! হুটহাট বাজারে যাওয়া সম্ভব? এই দিকে মেয়েদের বাজার করা কমন।”
“কমন আনকমন আমায় শেখাতে আসবি না। তোর বাপ যখন নতুন নতুন ওকালতিতে ঢুকেছে তখন থেকে শহরে থাকা শুরু করি। এই শহরের কলেজেই পড়াশোনা করেছি, তোদের দুই ভাই-বোনকে জন্ম দেওয়া থেকে শুরু করে বড়ো করা পর্যন্ত এখানেই ছিলাম। গ্ৰামে গিয়েছি তোর বাবার রিটায়ারমেন্টের পর। আমি কী জানি না, কোনটা কমন আর আনকমন? তবুও তোর বাপ কখনো আমায় বাজারে পাঠায়নি। হাজার ব্যস্ততার মধ্যেও ছুটির দিন ভোরে উঠে সাপ্তাহিক কাঁচা বাজারে ছুটতো। মাসকাবারির বাজারও করতো। সেই ঘরে হয়েছে এক অপদার্থ। ডাক্তারদের দেখে বড়ো হওয়া মানুষকে ডাক্তারি শেখায়।”
জাকিয়া ঘরে চলে গেলেন। শশীপ্রভা রান্না করছে। মাহমুদ সাহেব সগর্বে হাসলেন। শরবতটুকু পান করে নিজেও বসা থেকে উঠে গেলেন। বললেন, “তোর মায়ের তো মতিগতির ঠিক নেই। ভোরবেলা উঠে বলছে, জাবেরের বাড়ি যাব। চলো। আমি আর কী বলি বল তো? সংসারে শান্তি বজায় রাখাই তো আমার দায়িত্ব। তাই চলে এলাম। তবে বউকে ব্যস্ততা দেখিয়ে তাকে দিয়ে বাজার করানো ভালো পুরুষের কাজ নয়। একটা সময় বউ ছাড়া আর কেউ আপন হয় না। আমাকেই দেখ না।”
জাবের প্রত্যুত্তর করল না। নিশ্চয়ই মায়ের মাথায় কিছু চলছে। নইলে যেই মাকে বলে কয়েও কখনো এই ফ্ল্যাটে একদিনের জন্যও আনতে পারেনি সেই মা হুট করে কেন চলে এলো? স্ত্রীর দিকে একপলক তাকায় সে। পরক্ষণেই দৃষ্টি সরিয়ে নেয়। দুপুরে বাবা-ছেলে মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে এলো। বহুদিন পর সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে বসলো। জাকিয়া কৈ মাছের ঝোল দিয়ে অর্ধেক ভাত মাখিয়ে খেতে খেতে মাথা নাড়ালেন,“তোমার রান্নাবান্নার হাত তো দেখছি ভালোই পাকা হয়েছে, শশী।”
শশীপ্রভা মুচকি হাসল। জাকিয়া ইশারা করে বললেন,“তুমিও বসে পড়ো। যার যা লাগবে নিজে নিয়ে নেবে। ঘরের মানুষদের এত মেহমানদারি করার প্রয়োজন নেই।”
শাশুড়ির নির্দেশ সে অমান্য করে না। তাই চুপচাপ জাবেরের পাশে বসে পড়ল। জাকিয়া ছেলের উদ্দেশ্যে বললেন,“তুই প্রতিদিন রাতেই কী বাড়ি ফিরিস না?”
জাবেরের খাওয়া থেমে গেল। মাথা নাড়িয়ে বলল, “রাত আর দিন কীসের? যখনি ইমার্জেন্সি আসে চলে যেতে হয়।”
“এটা আমার প্রশ্নের উত্তর নয়।”
ইতস্তত বোধ করল সে,“ক'দিন ধরে ফেরা হচ্ছে না।”
“এবার থেকে রোজ ফিরবি। হাসপাতালে ডাক্তার কী শুধুই তুই একা? সারাদিন যত পারিস জনসেবা কর, কিন্তু রাত হলে ঘরের ছেলে ঘরে ফিরে আসতে হবে।”
“এসব এখানে চলে না মা।”
“আমায় শেখাতে হবে না, তোর মা মূর্খ নয়। আমার বাপের বাড়িতে এসব ডাক্তারের অভাব নেই।”
জাবের নত স্বীকার করে নিল। মায়ের সাথে সে পারবে না। জাকিয়া পুনরায় বললেন,“সংসারে মন না থাকলে, বউ ভালো না লাগলে আগেভাগেই বলে দেওয়া উচিত। বিয়ের বাজারে ভালো পাত্র-পাত্রীর কী অভাব নাকি? এখানে আসার আগের দিনই তো শশীর বিয়ের প্রস্তাব এলো। ছেলে মস্ত বড়ো ইঞ্জিনিয়ার, দেশের বাইরে থাকে, বছরে একবার এসে দেশ থেকে ঘুরে যায়। পরিবার খুবই ভালো, ছেলের আচরণ কি অমায়িক! প্রথমে শশীকে আমার মেয়ে ভেবে ছেলের জন্য চেয়ে বসলো। পরে পুত্রবধূ জানতেই ওর মা ভীষণ মন খারাপ করল।”
জাবেরের গলায় বোধহয় খাবার আটকে গেল। কাশতে কাশতে চোখ দুটো লাল হয়ে গেল। পানির গ্লাসটা দ্রুত তার দিকে এগিয়ে দিলো শশীপ্রভা। মাহমুদ সাহেব মিছে মিছে ধমক দিয়ে বললেন, “আহা, খাওয়ার সময় এত তাড়াহুড়ো কীসের?”
জাবের জবাব দিলো না। জাকিয়া ছেলের প্রতি খুব একটা আগ্ৰহ দেখালেন না। প্রসঙ্গ না বদলে বললেন,“তোমরা ভাই-বোন বড়ো হয়েছো, নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারো। তাই তোমাদের নিয়ে আমার চিন্তা শেষ। আমার চিন্তা এখন শশীকে নিয়ে। কথাটা ভেবে দেখবে। যা সিদ্ধান্ত নেওয়ার দ্রুত নেবে। দেরি করে এসে ভুলভাল কিছু বললে তোমায় আমি কোরবানি দেবো। প্রিয় পশু কোরবানি দেওয়া তো জায়েজ। তাই না, জুঁইয়ের বাবা?”
মাহমুদ সাহেব উপরনিচ মাথা নাড়ালেন। শশীপ্রভা হতাশ চোখে শাশুড়ির দিকে তাকাল। এতবার নিষেধ করার পরেও সবাইকে কথাটা জানিয়ে দিলো? তাও আবার শ্বশুরমশাইয়ের সামনে। কোনোমতে খাবার খেয়ে বাহানা বানিয়ে সেখান থেকে উঠে রান্নাঘরে চলে গেল সে। জাবের পানি খেতে খেতে মায়ের দিকে আড়চোখে তাকাল। মুখখানা গম্ভীর। যা বলেছেন তার জন্য চোখেমুখে কোনো ধরণের প্রতিক্রিয়া নেই।
খাওয়া-দাওয়া শেষে পুত্রবধূকে আর কাজ করতে না দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন জাকিয়া। জাবের চিন্তিত হয়ে বিছানায় বসে আছে। স্ত্রীকে দেখেই সোজা হয়ে বসলো,“বাবা-মা যে আসবে তুমি জানতে?”
“না, হঠাৎ কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি উনারা।”
“কেন এসেছে কিছু বলেছে?”
“না।”
“তুমি কিছু বলেছো?”
“কী বলবো?”
“আমি থাকি না, বাজার করি না এসব কেন বলতে গেলে?”
“জিজ্ঞেস করেছে দেখেই তো বলেছি। মিথ্যে তো আর বলিনি।”
প্রত্যুত্তর করল না জাবের। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রইল। ঘড়ির কাঁটায় সাড়ে চারটা বাজতেই মোবাইলে একের পর এক কল আসতে লাগল। ফ্রেশ হয়ে দ্রুত তৈরি হয়ে এলো সে। ঘুম না আসায় শশীপ্রভা সোফায় শাশুড়ির সাথে বসে গল্প করছে। ছেলেকে দেখে জাকিয়া জিজ্ঞেস করলেন,“কোথায় যাচ্ছিস?”
মায়ের সাথে মিথ্যা কথা বলতে পারে না জাবের। তবুও আমতা আমতা করল,“হসপিটাল ছাড়া আবার কোথায়?”
“এই সময়ে?”
“ইমার্জেন্সি, কল এসেছে।”
“দেখি তো।”
“কী?”
“ইমার্জেন্সি কল।”
“কী যে বলো না? আমি কী এখনো ছোট্টটি আছি? তুমি সবসময় সন্দেহ করো।”
“ছোটো না থাকলেও মায়ের চেয়ে খুব বড়ো হয়ে যাওনি। আমার পেটেই তো ছিলে, হাবভাব সব বুঝি, বাবা। এসব ফাত্রামি ছেড়ে বউকে নিয়ে ঘুরে এসো যাও। ঘরে থাকতে থাকতে শশী মোটা হয়ে গেছে।”
“ওকে নিয়ে বের হবো মানে? কী বলছো? বললাম তো...
“মায়ের মুখের উপর এখন কথা বলবে? হাতের জোর কিন্তু এখনো কমেনি, জাবের। সে তুমি যত বড়ো ডাক্তারই হও না কেন। এতদূর আসার জন্য দিনে দুইবেলা তোমাকে ছ্যাচা দিতে হয়েছে। লেখাপড়ায় তো ডাব্বা ছিলে।”
জাবের হতাশ হয়ে স্ত্রীর দিকে তাকাল। কিছু বলার পূর্বেই তাকে চোখ রাঙালেন জাকিয়া,“সঙের মতো বসে আছো কেন, শশী? তৈরি হয়ে এসো। তোমার শ্বশুরকে নিয়ে আমিও বের হবো। আশপাশ থেকে একটু ঘুরে আসি।”
শশীপ্রভা তৈরি হয়ে এলো। অনিচ্ছাসত্ত্বেও তাকে নিয়েই জাবেরের বের হতে হলো। মোবাইল ফোন এখনো বাজছে। সে সাইলেন্ট করে পকেটে ঢুকিয়ে রিকশা ডাকল। মেইন রোডে গাড়ি চললেও ভেতরের আবাসিক এলাকার রাস্তা প্রায় ফাঁকা। ক্ষণে ক্ষণে দুয়েকটা গাড়ি ছুটে যায়।
শশীপ্রভা উঠে বসলো। শহরে আসার মাস চারেক পেরিয়েছে। এতদিনে আজ প্রথম বোধহয় স্বামীর সঙ্গে ঘরের বাইরে বের হয়েছে সে। রিকশা চলতে লাগল গন্তব্যহীন পথে।
জাবেরের হাঁসফাঁস লাগছে। গরমে ঘেমে শরীরের সঙ্গে লেপ্টে গেছে অ্যাশ কালারের পরিধেয় শার্ট। শশীপ্রভা মুগ্ধ চোখে ব্যস্ত বিকেল দেখছে, ছুটে চলা পথ দেখছে, হুটহাট নীলাকাশে তাকিয়ে অবাক হচ্ছে। জাবেরের উদাস নেত্র হঠাৎ সেই মুগ্ধ চোখের দিকে আটকে গেল। ঘামে ভেজা দেহখানা দিয়ে ছুটে গেল ঠান্ডা এক বাতাস। মন, দেহ যেন সতেজ হয়ে উঠল তার। হাঁসফাঁস মুহূর্তেই কেটে গেল।
জাবের অবাক হয়। রোজ রিকশায় যাতায়াত করার পরেও এত শান্তি সে পূর্বে কখনো অনুভব করেনি, এই পথগুলো এত সুন্দর হয়ে চোখে ধরা দেয়নি। তার ভাবনার মধ্যেই শশীপ্রভা বলে উঠল, “কোথায় যাচ্ছি?”
“হু?” জাবেরের জানা নেই।
“একটু পর বাড়ি ফিরে যাব। আম্মা জানবে না। আমায় নামিয়ে দিয়ে তুমি হসপিটালে চলে যেও।”
জাবের কিছু বলল না। শহীদ মিনারের কাছে নেমে গেল। এখানকার চা ভালো। গোধূলির আলো স্লান হয়েছে। কপোত-কপোতির দলের সংখ্যা যেন ক্রমেই বেড়েছে। দূরের বেঞ্চে বসে চায়ের আড্ডায় বন্ধুরা গিটার বাজাচ্ছে। জাবের শশীকে একপাশে দাঁড় করিয়ে দুই কাপ চা নিয়ে এলো। আশেপাশে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিলো। তবে ঘরের মতো স্বাদ পেল না। নাকমুখ কুঁচকে সামনের রমণীর পানে তাকাতেই শুকনো ঢোক গিলল। এতদিন পর সে খেয়াল করল, মেয়েটা গোছানো। সুন্দর করে চা খায়। জাবেরের নিজেকে এলোমেলো লাগে। চা আবার সুন্দর করে কীভাবে খায়? তবে কাপে ফুঁ দিয়ে শশীপ্রভার ঠোঁট ছোঁয়ানো তার কাছে ভালো লাগছে। জিজ্ঞেস করল,“তোমার নাম শশীপ্রভা কে রেখেছে? কেন রেখেছে?”
“আমার বাবা রেখেছে। আমি যেদিন জন্মেছিলাম সেদিন নাকি জ্যোৎস্না রাত ছিল। বাবার জ্যোৎস্না প্রিয়। মায়ের প্রিয় চাঁদ। মাকে নিয়ে প্রায়শই বাবা জ্যোৎস্না বিলাস করতেন। তবে আমার জন্মের রাতে এমন সুন্দর জ্যোৎস্না নাকি বাবা পূর্বে কখনো দেখেননি। তাই আমার নাম শশীপ্রভা। মা বলে, আমি নাকি জ্যোৎস্নার মতোই সুন্দর।”
জাবের অন্যমনস্ক হয়ে মাথা নাড়াল,“আসলেই তুমি সুন্দর। তোমার বাবার সৌন্দর্য পরখ করার দৃষ্টি ভালো।”
“আম্মা আমায় প্রথমে পছন্দ করেছিলেন আমার এই নামের জন্যই। পরে কীভাবে কীভাবে যেন বিয়েটা হয়ে গেল।”
“মায়ের পছন্দ বরাবরই ভালো। বাবা ঠিক বলে।”
শশীপ্রভার শ্রাবণালীতে সেই বাক্য পৌঁছাল না। তার এই পরিবেশ, সময়টা ভালো লাগছে। খোলা আকাশের নিচে বহুদিন পর শ্বাস নিতে পেরে নিজেকে খাঁচা থেকে মুক্ত হওয়া পাখি মনে হচ্ছে। বলল,“এখানকার দুধ চা ভালো।”
“মালাই চা ও পাওয়া যায়। খাবে?”
“আজ আর না, অন্য কোনোদিন।”
একসঙ্গে হাঁটতে হাঁটতে সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। জাবের ঐশ্বরিক কোনো ঘোরে যেন আটকে পড়ল। সময় জ্ঞান ভুলে বসলো। খাবার নিয়ে আজ আর কোনো ঝামেলা করল না। শশীপ্রভার সব আবদার মেনে নিল, পুরোটা পথ মেয়েটার দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে আজ তার খুব একটা বিরক্ত লাগছে না। জাবেরের মনে হলো, এই চঞ্চলতার জন্যই হয়তো শশীপ্রভার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়েছে। সে তার জায়গায় ঠিক। শুধু বেঠিক জাবের। অর্পার সঙ্গে হাঁটলে বা কথা বললে তো এত শান্তি পাওয়া যায় না! শুধু মায়া কাজ করে।
তাদের বাড়ি ফিরতে ফিরতে রাত সাড়ে আটটা বাজল। জাকিয়া দরজা খুলেও কোনো প্রশ্ন করলেন না। শুধু জিজ্ঞেস করলেন,“রাতের খাবার খেয়ে আসা হয়েছে?”
শশীপ্রভা মুচকি হাসল,“হ্যাঁ, আমি আর খাব না।”
জাবের বলল,“আমার খিদে পেয়েছে। ভাত না খেলে চলবে না।”
“তোর বাবা আর আমি খেয়ে নিয়েছি। আজকাল এশার নামাজ পড়েই ঘুমিয়ে পড়ি। শশী, হাত-মুখ ধুয়ে এসে জাবেরকে ভাত বেড়ে দাও।”
জাকিয়া চলে গেলেন। পুত্রবধূর অধরের হাসি দেখে সন্তুষ্ট হলেন। বিকেলে ইমার্জেন্সি বলে তাড়াহুড়ো করা জাবের রাতেও আর বাড়ি থেকে বের হলো না। তার খাওয়া শেষ হওয়া পর্যন্ত শশীপ্রভা পাশেই বসে রইল। রাতে সচরাচর জাবের ভাত খায় না। তবে আজ খেলো। ক্ষুধাটা যেন একটু বেশিই লেগেছে। বাড়িটা ভরা ভরা লাগছে। প্রকৃত অর্থে নিজেকে বিবাহিত বলে মনে হচ্ছে। খেতে খেতে সে আরও একটা ব্যাপার লক্ষ্য করল, শাড়িতে তার শশীপ্রভাকে বড্ডো নিজের নিজের লাগে। পাক্কা গৃহকর্ত্রী লাগে। খাওয়ার ফাঁকে স্বামীকে নিজের দিকে তাকাতে দেখে বিভ্রান্ত হলো শশীপ্রভা। তবুও চুপ রইল।
রাত শেষে দিন এলো। শাশুড়ির আগমনে বাড়ির পরিবেশ যেন একেবারে বদলে গেল। জাবের সময় মতো ঘরে ফিরে, টেবিলে সবাই একসঙ্গে খাবার খায়, শশীপ্রভার সঙ্গে সম্পর্কের যেন বেশ উন্নতি ঘটেছে, বিকেলে বারান্দায় বসে শাশুড়ি তার খসখসে চুলে তেল লাগিয়ে বেনুনী করে দেয়, রান্নাঘরে খুব একটা প্রয়োজন তার পড়ে না।
সপ্তাহ খানেক পর জাকিয়া আর মাহমুদ সাহেবের বিদায় ঘণ্টা বাজল। শশীপ্রভা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। মন খারাপ করে খিল এঁটেছে দরজায়। জাকিয়া সেদিন ছেলের পাশে বসলেন। বেশ কিছুক্ষণ নীরবতার পর হুট করে বলে উঠলেন,“মেয়েটা দুরন্ত হলেও সরল, নরম মনের মানুষ। মাঝেমধ্যে একটু বেশি কথা বলে ফেলে হয়তো। তবে যা বলবে সত্য বলবে। যৌবনে আমিও একেবারে ওর মতো ছিলাম। আমার মা রোজ বলতো, কে এই বাঁচাল ঝগড়ুটে মেয়েকে বিয়ে করবে শুনি? শ্বশুরবাড়িতে দু'দিনও টিকতে পারবে না। শেষমেশ মায়ের শত্রু ননাসের ঘরে গিয়েই ঠাঁই নিলাম। বিশ্বাস করবি কিনা জানি না, তবে আজ পর্যন্ত তোর বাবা আমার উপরে নারাজ হননি। কখনো উঁচু গলায় কথা বলেননি। আমার সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নেননি। সবসময় আমার প্রতি সে সৎ। ভেবেছিলাম, ওর রক্তও বোধহয় ওর মতোই হবে। কিন্তু!”
থেমে গেলেন জাকিয়া। চাপা দীর্ঘশ্বাসের শব্দ জাবেরের কান পর্যন্ত পৌঁছে গেল। নিজেকে গুটিয়ে নিয়ে মায়ের থেকে দৃষ্টি সরিয়ে নিল। জাকিয়া বললেন,“শশীপ্রভা তোর ছোটো চাচির বড়ো বোনের ননদের মেয়ে। ছেলেবেলায় সড়ক দুর্ঘটনায় বাবা মারা গেছে। বছর পাঁচেক আগে বড়ো ভাই ডিপ্রেশনের বশে বিশ্ববিদ্যালয়ের হলে আত্মহত্যা করেছে। যৌবনে স্বামী, বয়সকালে শেষ সম্বল ছেলে হারিয়ে মাও অসুস্থ। শেষে ওর মামা ওদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানেই বাস। মেয়েটা বাবা-মায়ের আদর পায়নি, মাথার উপরে শক্ত কোনো ছাদ নেই। তবুও সারাক্ষণ হাসে। ওর কী কষ্ট নেই? আছে তো। কিন্তু কাউকে বুঝতে দেয় না। প্রথম তাকে যেদিন দেখলাম, মামাতো ভাইদের নিয়ে পেয়ারা গাছের ডালে বসে পেয়ারা খাচ্ছে। আমি অবাক হয়ে তাকে দেখতেই বলল, আমাদের গাছের পেয়ারা অনেক মিষ্টি। খাবেন, আন্টি?”
কথার মাঝে জাকিয়া হাসলেন,“জবাবের আশা না করেই গাছ থেকে লাফিয়ে পড়ল নিচে। পেয়ারা কেটে জোর করে আমার হাতে ধরিয়ে দিলো। কথাবার্তা বলার পর মেয়েটাকে আমার খুব মনে ধরেছিল। সব জেনে মায়াও হলো। সেই মুহূর্তে প্রথমেই যেই কথাটা মাথায় এসেছিল, এই মেয়ে আমার জাবেরের জীবনে এলে দারুণ হবে। আমাদের সংসারটা সারাক্ষণ মেতে থাকবে। এত সরল, ভালো মেয়ে আজকাল পাওয়া যায়? তুই তো জানিস, আমি হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলা মানুষ। এবারেও করলাম। বিয়ের পর এই মেয়েটা শাড়ি সামলাতেও জানতো না। আমি ধরে ধরে সব শিখিয়েছি। ডিম ভাজতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। অথচ এখন যেন পাক্কা রাঁধুনী। আমার কী দায় ছিল ওকে এসব শেখানোর? ওরই বা কী দায় ছিল এসব শেখার? শুধু তোর জন্য শেখা। যাতে রেঁধে বেড়ে তোকে ভালো খাবার খাওয়াতে পারে। এটা কী ত্যাগ নয়? নারীদের ত্যাগ কারো চোখে পড়ে না। পড়লেও ঠুনকো মনে হয়। তুই তো মায়ের জেদে বিয়ে করেই দায়সারা। এরপর সেই যে এখানে চলে এলি! বউয়ের কোনো খোঁজখবর নেই।”
থামলেন জাকিয়া। হাঁপিয়ে গিয়েছেন বোধহয়।
“আমি তো জানতাম আমার ছেলে দায়িত্ববান, চরিত্রবান। তাহলে হঠাৎ এই অধঃপতন কেন? শশীকে নিয়ে কী সমস্যা? মেয়েটার জীবন নষ্ট করতে চাওয়ার কারণ?”
জাবের অপ্রস্তুত হলো। মিনমিনে স্বরে বলল, “আমি, আমি কেন...
জাকিয়া তাকে থামিয়ে দিলেন,“তুই আর জুঁই আমার নাড়ি ছেঁড়া ধন। তোদের হাত নাড়ানো থেকে শুরু করে চোখের ভাষা সব আমার জানা। যখন কথা বলা শিখিসনি তখনো সামান্য কান্না দেখে বুঝে যেতাম এই কান্না কীসের কান্না। আদো আদো ভাঙা বুলি আওড়ানো শেখার পর কেউ না বুঝলেও আমার কানে সঠিক শব্দটাই বাজতো।স্কুল বা খেলার মাঠ থেকে আঘাত পেয়ে ব্যথা লুকানোর চেষ্টা করলেও আমার থেকে কখনো লুকাতে পারিসনি। তাহলে এখন এসে এত সহজে লুকিয়ে ফেলতে পারবি ভাবলি কী করে?”
ধরা পড়ে যাওয়া চোরের মতো অবস্থা হলো তার। মাথা নত করল। জাকিয়া বললেন,“বাইরে যার পেছনে সময় নষ্ট করছিস সে অস্থায়ী, ঘরের জনই কেবল স্থায়ী। একটা সময় স্থায়ী মানুষটাকেই জীবনে খুব প্রয়োজন হয়, কিন্তু বোকা মানুষেরা ধোঁকাবাজির চক্করে সঠিক সময়ে কদর করতে না পেরে শেষে সব হারায়।”
“আমি ধোঁকা দিচ্ছি না কাউকে। আমি তো...
থামল জাবের। কথা গুলিয়ে ফেলছে। জিজ্ঞেস করল,“তুমি ওর কথা জানলে কীভাবে?”
“মায়েরা সব জানে।” জাকিয়া আসল কথা গোপন করে গেলেন। বললেন না, জামাতা আশরাফ দু'দিন আগে অন্য এক মেয়ের সঙ্গে তাকে দেখেই জুঁইকে সব জানায়। জুঁই এসব নিয়ে অনেক রেগে আছে। প্রথমেই মাকে জানিয়েছে। এতক্ষণে হয়তো বাড়িতে এসে ভাইয়ের দুই গাল লাল করে দিত। মায়ের মতোই রাগী সে। কিন্তু জাকিয়াই নিষেধ করেছেন। তিনি বিষয়টাকে ঠান্ডা মাথায় সামলাতে চান। গড়া ঝেড়ে বললেন, “আবেগের বয়স বহু আগেই পার করে এসেছো। এখন যেটা চলছে বিবেকের বয়স। তাই ঘরে বউ রেখে পরনারীর দিকে তাকিয়ে মুগ্ধ হওয়া মানেই ধোঁকাবাজি, পরকীয়া। ধোঁকা মানুষ জেনে বুঝেই দেয়। শশীপ্রভা আমার পেটের মেয়ে হলে হয়তো এতক্ষণে তোমার গালে দুটো থাপ্পড় দিয়ে ওকে নিয়ে চলে যেতাম। কিন্তু আফসোস, সে আমার পুত্রবধূ। মায়েরা তো বরাবরই নিজের সন্তানের বেলায় স্বার্থপর। তাই হয়তো কাজটা করতে পারলাম না। তবে দ্বিতীয়বার এমন কিছু ঘটলে স্বার্থপরতা ছেড়ে দিয়ে বিবেকের উপর ভর করেই কাজ করব।”
জাবেরের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করল। এভাবে মায়ের সম্মুখীন হবে কখনো যেন কল্পনা করতে পারেনি। শশীপ্রভা কী জানে এসব? ভয়ে গলা শুকিয়ে এলো যেন। জাকিয়া সেই ভয় টের পেলেন।
“পৃথিবী আর মানুষের জীবন কখনো নিখুঁত হয় না। চাঁদেও কলঙ্ক আছে, বৃষ্টির মধ্যেও বাজ পড়ে, ঝলমলে রোদে ত্বক পুড়ে যায়, আর সুস্বাদু খাবার বেশি খেলে হয় বদহজম। নিখুঁত মনে করে মরিচীকার পেছনে ছুটে সামনে থাকা হীরে হারানোর মতো বোকামি করিস না। সুপুরুষেরা কখনো স্ত্রীকে ঠকায় না। তোর বাবাকেই দেখ না, লোকটা কত সুন্দর। চাইলে কী পারতো না আরও ভালো কোনো জীবনসঙ্গী পেতে? তার ওই কোর্টে কী সুন্দরী, উচ্চ শিক্ষিত নারীর অভাব ছিল? তবুও কেন ছাড়ল না আমায়? কীসের এত মায়া? রূপ, গুণ কিছুতেই তো অনন্য নই। তাহলে? এটাই আসলে ভালোবাসা, বিশ্বাস, মায়া, স্বস্তি। তোদের কাছে তোদের মা হয়তো খুবই নিখুঁত একজন নারী। কিন্তু বউ, মেয়ে হিসেবে সে কখনো নিখুঁত ছিল না। তাকে ধীরে ধীরে নিখুঁত রূপে গড়ে তোলা হয়েছে। তোর বাবা ভালোবাসা দিয়ে, প্রশ্রয় দিয়ে নিখুঁত করেছে।”
জাকিয়া বসা থেকে উঠে গেলেন। ছেলের কাঁধে হাত রেখে বললেন,“আবার বলছি, আবেগ বলতে কিছু নেই। মানুষ মানুষকে ঠকায় নিজের ইচ্ছায়; ভুলে নয়। তাই সময় থাকতে সংসারের মূল্য না বুঝে শেষ বয়সে গিয়ে বুঝে লাভ কী? আশা করি, বেশিদূর যাওনি। সেখান থেকে সম্মান নিয়ে, বিশ্বাস নিয়ে ফিরে আসাই উত্তম। শশীপ্রভা এখনো কিছু জানে না। জানলে হয়তো এতক্ষণে তোমার কপালে জুতা মেরে চলে যেত।বিশ্বাসঘাতক, চরিত্রহীনদের সে ঘৃনা করে।”
বিকেলের দিকে তারা চলে গেলেন। ধরিত্রিতে রাত নামা পর্যন্ত বারান্দায় ঠাঁয় বসে রইল জাবের। আজ পর্যন্ত সে মায়ের থেকে কিছু আড়াল করতে পারেনি। সে যেন মায়ের এক মুখস্থ বই। আসলেই কী জাবের ভুল, মরিচীকার দিকে ছুটে যাচ্ছিল? একটু কী আশার আলো জেগেছিল মনে? ঘরে স্ত্রী থাকতেও অন্য নারীর জন্য কীসের আবার আশার আলো? কেন জাগবে? শশীপ্রভা যদি এমন কিছু করতো সে কী মেনে নিতে পারতো? মাথা ভার হয়ে এলো তার। স্ত্রীর ডাকে ক্লান্ত দেহখানা নিয়ে খাবার টেবিলে গিয়ে বসলো। মেয়েটার মুখের দিকে তাকিয়ে বুকে চিনচিনে ব্যথা অনুভব করল। শশীপ্রভা কখনো যদি জানতে পারে, তার স্বামী অন্য এক নারীকে মনেপ্রাণে জীবনে চেয়েছে। সেই নারীর বদলে তাকে পেয়ে আফসোস করেছে। পুনরায় সেই নারীর বিচ্ছেদ হয়েছে শুনে সেদিকে ঝুঁকেছে, মুগ্ধ চোখে তাকিয়ে চায়ের কাপে চুমুক দিয়েছে। তাহলে কী আর কখনো জাবেরকে ভালোবাসবে? সম্মান করবে?
গলায় খাবার আটকে গেল জাবেরের। কাশতে কাশতে দমবন্ধ হয়ে এলো। শশীপ্রভা পানির গ্লাস এগিয়ে দিয়ে বিচলিত কণ্ঠে বলল,“কী হলো? পানি খাও।”
জাবের পানি পান করল। মেয়েটির মুখের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়াল। বেশিদূর এগোয়নি সে। খুব সহজেই সেখান থেকে ফিরে আসা যায়। এই কথা চিরকাল আড়ালে থাকুক, তবু শশীপ্রভা না জানুক।
সারা রাত জাবেরের চোখে আর ঘুম নামলো না। হাসপাতালে গিয়েও কাজে মন দিতে পারলো না। কতশত ভুল যে সেদিন করল! শেষে বাড়ি ফিরে এলো। তার ক্লান্ত শ্রান্ত মুখখানা দেখে শশীপ্রভার মায়া হলো। জিজ্ঞেস করল,“তোমার কী খারাপ লাগছে? অসুস্থ?”
জাবের জবাব না দিয়ে সেভাবেই তাকে জড়িয়ে ধরলো। শশীপ্রভা অবাক হলো। জাবের তো এমন করে তাকে কখনো জড়িয়ে ধরে না। তবে? দুপুরে আর খেলো না কিছু। বিকেল পর্যন্ত বিছানায় পড়ে থাকল। শশীপ্রভা তাকে টেনে তুলল। দুই কাপ চা নিয়ে বারান্দায় বসলো।
পশ্চিমাকাশে সূর্যটা ঘাপটি মেরে বসে আছে। দক্ষিণ থেকে কালো মেঘের দল সেদিকেই ভেসে যাচ্ছে। গ্ৰিলে একটি পাখি এসে বসলো। চোখে ভয় নেই, যেন এখানকার মানুষেরা তার খুব আপন।
জাবের দুধ চায়ের কাপটা নিজের দিকে টেনে নিয়ে চুমুক বসালো। মিষ্টির চোটে মাথাটা খানিক ভনভন করল। শশীপ্রভা অবাক হয়ে বলল,“এটা তো আমার চা।”
“তোমার আর আমার কী? সবই আমাদের।”
“তুমি তো দুধ চা পছন্দ করো না।”
“মাঝেমধ্যে পছন্দের বদল হওয়া প্রয়োজন। তুমি আর তোমার প্রিয় সব আজ থেকে আমার। এইটুকু স্যাক্রিফাইস সংসার আর প্রিয় মানুষের জন্য করাই যায়।”
“আমি তোমার প্রিয় মানুষ?”
“হতে সমস্যা কী?
বিস্ময় সরে গিয়ে শশীপ্রভার অধরে হাসি ফুটে উঠল। ধোঁয়া ওঠা রং চায়ের কাপে চুমুক দিয়ে বলল,“আমিও না হয় তোমার জন্য করলাম ছোট্ট একটা স্যাক্রিফাইস।”
জাবের হাসে। তার মনে হয়, এই মেয়েটির মুগ্ধ চোখের দিকে তাকিয়ে গোটা একটা জীবন নিশ্চিন্তে পাড়ি দেওয়া যাবে। ওই হাসিমুখের জন্য দুয়েকটা ত্যাগ করা দোষের কিছু নয়। একটাই তো জীবন। সব কিছু কী আর মানুষের মনমতো হয়? এক ছাদের নিচেও ভিন্ন ব্যক্তিত্বের দুজন মানুষ সুখে শান্তিতে বাস করতে পারে। এক বারান্দায়ও অনেক সময় দুই বিকেল হয়। যেমন দক্ষিণে কৃষ্ণ কালো মেঘ, আর পশ্চিমে ঝলমলে সূর্য!
(সমাপ্ত)
