#শিউলি_ফুল
#পর্ব_১৩
#তাজরীন_ফাতিহা
বর্ষা মৌসুমের সমস্যা হলো, কাদামাটি মাড়িয়ে এই উঠোন থেকে ওই উঠোন যাওয়া কষ্টসাধ্য। সেকান্দার প্যান্ট ভাঁজ করে সন্তপর্নে গাছ ধরে ধরে এগোলো। একটু এদিক থেকে ওদিক হলেই পা পিছলে চিৎপটাং। ধীরে ধীরে উঠোন পেরিয়ে প্রধান ফটকের সম্মুখে উপস্থিত হলো। গ্রীষ্মে উঠোনটা রাজকীয় দেখায়, অথচ সেই একই উঠোন বর্ষায় ভোল পাল্টে কাদামাটিতে বিতিকিচ্ছিরি হয়ে যায়। সৃষ্টিকর্তার ওপার বিস্ময়! এরইমধ্যে তার বড় বোন শাহানাজ হাজির হলো। যেন তার অপেক্ষাতেই ছিল এতক্ষণ। কোমরে দুইহাত রেখে অগ্নিমূর্তি ধারণ করে আছে সে। কড়া চোখে সেকান্দারকে উদ্দেশ্য করে বলল,
"তোর, বউয়ের গলার জোর এত ক্যান? আমগো লগে ক্যাচাল না করলে ওর পেডের ভাত হজম হয়না?"
"সোবহানরে শফিক ধাক্কা দিছে কেন?" সেকান্দারের পাল্টা প্রশ্ন।
"তুই আমার কাছে কৈফিয়ত চাস?"
"কৈফিয়ত না বুবু। তোমার পোলারে যদি কেউ ধাক্কা দিতো তুমি চিল্লাইতা না? ওয়ও হেইলিগাই চিল্লাইছে।"
"তোর বউয়ের এমনেও গলার স্বর উঁচা, আমরা আইলে তোর বউ সহ্য করতে পারেনা। তুইও বউয়ের আঁচলের তলায় হান্দাইছোস? নিজের বাপের বাড়িতে এহন পরের মাইয়ার শাসন চলে দেহি।" শাহানাজের ঠেস মারা কথা।
সেকান্দার এজন্যই যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। তা আর হলো কই? ফোঁস করে নিঃশ্বাস ফেলল।
"বুবু, ওয় ছুডো মানুষ। তোমরা ওর লগে কাইজ্জা করতে যাও ক্যান? মানাইয়া গুছাইয়া চললে কী হয়? ওরে ওর মতোন থাকবার দাও। হুদাই খোঁচাখুঁচি কইরো না।"
ছোট ভাইয়ের কথা শেষ হতেই শাহানাজ যেন তেলে বেগুনে জ্বলে উঠল। বিলাপের মতো বলে চলল,
"এই দিন দেহনের লাইগা তোরে গ্যাদাকাল থেইকা কোলেপিঠে কইরা মানুষ করছি? আমরা তোর বউয়ের লগে কাইজ্জা করি? তোর বউ যে মুখতোড়! ওর লগে কাইজ্জা কইরা টেকোন যায়? বড়, ছুডো কাউরে গণে না ওয়। এত বড় বেয়াদব ঐ মাইয়া! আর তুই কস ওয় ছুডো? কচি খুকি সাজে? ঐ মাইয়া তোর মাথাডা চিবাইয়া খাইছে।"
"চিবাইয়া আমি খাইছি নাকি আপনেরা খাইছেন হেইডা দেখলেই বুঝা যায়। হারাদিন ভাইয়ের সামনে সাধু সাইজ্জা থাহেন আর কন আমি কাইজ্জা করি? ভাইয়ের কানে হারাদিন বিষ ঢালেন আর মাইর খাই আমি। আল্লাহ এই অনাচার সইব না। সব কয়ডার বিচার হইব। জ্ঞাতি গুষ্ঠি লইয়া ভাইয়ের ঘাড়ের উপ্রে উইড্ডা থাহে দুইদিন পর পর। আইয়া আমারে আর আমার পোলারে মাইর খাওয়ানির পাঁয়তারা করে।" হালিমার ঘর থেকে চিল্লিয়ে বলল।
শাহানাজ রাগান্বিত দৃষ্টি মেলে কিছু বলবে অমনি সেকান্দার হনহন করে ঘরে ঢুকল,
"ঐ বুবুর লগে মুখ বাজাস ক্যান? থাবড়াইয়া থোতা মোতা ভচাকায় দিমু। আমি ঐহানে খাড়ানি না? তুই কতা কস কোন আক্কলে?"
"একশোবার কমু। আপনে খাড়ানি তো কী হইছে? আমার আর আমার পোলার হইয়া দুইডা কতা আপনে কুনোদিন কইতেন? আমার পোলার চউক্ষুর পানি এহনও শুকায় নাই, আর আপনে আশা করেন আমি ভালা কতা কমু? ভালা কতার করছে কী হেরা? সবসময় আমার লগে কাইজ্জা বান্ধায়।"
সেকান্দার চাচ্ছে মিটমাট করতে কিন্তু দুই পক্ষের কেউ রাজি না মিটমাটে। নিজের চেয়ে বয়সে এতো বড় বোনকে তো আর ধমকানো যায়না তাই বউকে শাসন করে অন্তত এক পক্ষকে ঠান্ডা করতে চেয়েছিল কিন্তু এরা কেউ থামার নয়। উভয়ই মুখ চালাচ্ছে। হালিমাকে থামানো যাবেনা কারণ প্রসঙ্গ যদি তার স্বামী, সন্তান হয় তখন এই নারী রণচণ্ডী রূপ ধারণ করে, উল্টাপাল্টা যা আসে মুখে বলে চলে। অগত্যা সেকান্দর ঘর থেকে বেরিয়ে বড় বোনের সামনে দাঁড়াল।
"বুবু দোকানে যামু, এহন এট্টু থামেন। আইয়া হুনুম নে।" কণ্ঠে আকুতি।
শাহানাজ ছোট ভাইয়ের অনুরোধে কিছু বলতে নিয়েছিল অমনি সেকান্দারের মা আসমা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন। উঠোনের চিল্লাচিল্লি সব শুনেছেন তিনি। এগিয়ে এসে বললেন,
"আইয়া হুনবি ক্যান? তোর বউয়ের কীর্তিকালাপ হুইনা যা। এমন বেয়াদব ছেমড়ি বাপের জনমে দেহি নাই।"
"বাপের জন্মে দেখবেন ক্যামনে? নিজের আর নিজের মাইয়াগো ছাড়া তো দুনিয়ার হগল মাইয়াগো দেখছেন। নিজেগো দিকে একটু তাকাইলেই দেখতে পাইতেন।" হালিমা ছেলেকে কোলে নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়াল।
"কী কইলি? কত বড় সাহস? বেয়াদব ছেমড়ি! তোর বউয়ের বিচার করবি কি না ক?"
"হেয় আবার কী বিচার করব? বিচার তো করে পক্ষহীনেরা। হেয় তো আপনেগোই মাল। আপনেরা হইলেন তিনজন আর আমি হইলাম একলা।"
শাহানাজ সেকান্দারের দিকে ভস্মিত দৃষ্টিতে চাইল। যেন ওই দৃষ্টি বলছে, তোর বউ তোকে আর তোর মা, বোনকে অপমান করছে তুই এর প্রতিবাদ করবি না? সেকান্দার অসহ্য দৃষ্টি নিয়ে চেয়ে আছে। বিরক্ত লাগছে সবকিছু। মা, বোন তার বিচারের জন্য চেয়ে আছে। সে কি বিচার করবে? যার পক্ষেই যাবে পরবর্তীতে অপরপক্ষ ধর্মঘট আর অনশনে বসবে। উপায় না পেয়ে বলে বসল,
"আম্মা, বুবু এট্টু থামেন। দোকান ফালাইয়া এসব তামশা দেখবার বই নাই। হালিমা ভিত্রে যা।" শেষ বাক্যটা ঘরের চাতালে দাঁড়ানো হালিমার উদ্দেশ্যে ছুঁড়ল।
আসমা বেগম, শাহানাজ রোষাগ্নি দৃষ্টিতে চেয়ে আছে। বোঝাই যাচ্ছে হালিমাকে কিছু না বলাতে ভীষণ চটেছে তারা। আসমা বেগম তার মেঝ মেয়ে শাহিদাকে ডেকে আনলেন। শাহিদা ঝগড়ায় বেশ পটু। কোমরে ওড়না গুঁজে এসেছে সে। ছোট ভাই বউয়ের পক্ষে সাফাই গায়, ওকালতি করে এসব শুনে রণচণ্ডী রূপ ধারণ করে এগিয়ে এল।
"আফা আপনে আবার এর মইধ্যে আইছেন ক্যান?" সেকান্দারের প্রশ্ন।
"তোর বউ বলে আমার আর বুবুর পোলার নামে তোর কানে বিষ ঢালছে? আর তুই বলে তোর বউরে কিছু কস নাই?"
হালিমা মুখ মুচড়ে বলল,
"যেমন অজাত আর বজ্জাত মা হেমন তাগো পয়দা।"
শাহিদা তেড়ে এল যেন,
"ওই বেয়াদব কারে কী কস? কইলজা টাইনা ছিঁইড়া হালামু কইলাম। আমার বাচ্ছাগো অজাত কস কোন সাহসে?"
"আপনের পোলাগো নিয়া দুইডা কতা কইছি হেইলিগা তেইড়া আইছেন, আর আমার এইটুকু বাচ্ছারে যহন আপনেগো পোলারা ধাক্কা দিছে তহন আমার কেমন লাগছে? মা হইয়া আপনের সামান্য কতা সইহ্য হয়না আর আমার বুঝি মাইর সইহ্য হইব?"
বলেই কোলের ছেলেকে শক্ত করে আঁকড়ে ধরে। সোবহান মায়ের কষ্ট বুঝল যেন। ছলছল চোখে ফুপির দিকে চেয়ে বলল,
"ফুপু! রশিদ আল শপিক ভাইয়ে আমালে নাল বানাইয়া দিছে। দাক্কা দি ওগা ফুনাইয়া ফানাইছে। বুক আল ওগায় বেতা পাইছি।" নিজের বুক আর পশ্চাৎ দেখিয়ে।
শাহিদা ভাইপোর কথায় দমে গেল। আর যাইহোক ভাইপোকে কিছু বলেনা তারা। সব সমস্যা হালিমার সাথে তাদের। বাচ্চাটা কীভাবে ছলছল চোখে তাকে বিচার দিচ্ছে। শাহিদাকে দমে যেতে দেখে শাহানাজ এগিয়ে এল,
"ওর মায় এডি শিখায় দিছে। শফিক এমন কাজ করতেই পারেনা। ওরে জিগাইছিলাম। ওয় কইছে, মা হুদা এট্টু সরাইয়া দিছি। মামী যেমনে চিল্লাইতাছে হেমন কিছুই করি নাই। রশিদও একই কতা কইল। সোবহানের খাইসলত বাড়ায় চাড়াই কওয়া। এইসব পাইছে ওর মার কাছ থেইকা। টোকা দিলেও সবাইরে কইয়া বেড়ায় লাল বানায় দিছে। মুখপুড়িডায় আমাগো ভাইপোরে খাইব।"
হালিমা জবাব দেয়ার আগেই সেকান্দার বলে উঠল,
"উফ কী শুরু করছেন আপনেরা? হইছে তো, থামেন সবাই।"
আসমা বেগম হায় হায় করে উঠলেন,
"এই দিন দেহনের লাইগা আমি বাইচ্চা আছি? এইটুকু পোলায় গড়গড় কইরা মিথ্যা কতা কয়। নাতিডারে নষ্ট কইরা হালাইতাছে। মাইয়ার ঘরের নাতিগো এট্টু ভালা খাওয়াইতাছি এইডা ওর সইহ্য হয়না। তুই এর বিচার না করলে আমি কিন্তুক খাওন বন্ধ করমু কইলাম।" কড়া হুশিয়ারি।
সেকান্দার দুই পক্ষকে থামাতে চাইল। কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না। হালিমা তেঁতে উঠেছে তার নামে এসব অপবাদ শুনে। অপরদিকে শাহানাজ, শাহিদা আর আসমা বেগম সমানে মুখ চালাচ্ছেন। সেকান্দার ফেঁসেছে গ্যাড়াকলে। একপর্যায়ে বিচারের জন্য সেকান্দারকে তার মা ও দুই বোন চেপে ধরল। হালিমা তা দেখে সহ্য করতে পারল না। সোবহানকে কোল থেকে নামিয়ে মোড়া আনতে নির্দেশ দিল। বাচ্চাটা মোড়া এনে তার উপরে দাঁড়াল। হালিমা সেকান্দারের এক হাত চেপে নিজের দিকে টানল। সেকান্দার বোনদের আর মাকে কোনোভাবে শান্ত করছিল এরমধ্যে হালিমা টানায় সে একপাশে হেলে পড়ল।
"আমার জামাইরে টানাটানি না কইরা নিজেগো জামাইরে টানেন গিয়া।" হালিমা শক্ত করে ধরে রেখেছে সেকান্দারের হাত।
শাহানাজ, শাহিদা আর আসমা বেগম যেন রাগ ফুলে ফেঁপে উঠল। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে, সেকান্দার একমাত্র হালিমার সম্পদ। আর তারা যে এতকাল সেকান্দারকে পেলে পুষে বড় করেছে সেগুলো কিছুই না। দুইদিনের মেয়ে এসে তাদের ছেলে আর ভাইকে নিয়ে টানাটানি শুরু করেছে! এত সহজে তারা ছাড়বে? ওড়না কোমরে পেঁচিয়ে সেকান্দারকে নিজেদের দিকে টানল। সেকান্দার আবার ওপাশে হেলে পড়ল।
"আরে কি শুরু করেছেন আপনেরা? কাইজ্জা, ক্যাচাল যা করার করেন। আমারে ছাড়েন। এইসব মুসিবত কোন বেডা ঘাড়ে টানে? কাইজ্জা করতাছেন মুহেই না করবেন, আমারে টানাটানি শুরু করছেন কিইল্লিগা?" সেকান্দারের বিক্ষিপ্ত কণ্ঠ।
মেজাজ তার ক্ষণে ক্ষণে খারাপ হচ্ছে। অন্যান্যদিনের মতো পাশ কাটিয়ে যাওয়া উচিত ছিল। এসব টানাটানি অসহ্য লাগছে। তার মেজাজকে দুপক্ষের এক পক্ষও পাত্তা দিল বলে মনে হয়না। তারা ব্যস্ত টানাটানিতে। হালিমা ছেলেকে বাপের শার্ট শক্ত করে চেপে ধরতে নির্দেশ দিল,
"সোবহান টাইট কইরা ধর। কুনোভাবে যেন তোর বাপেরে তোর দাদি, ফুপুরা টাইনা নিয়া যাইতে না পারে। নিয়া গেলে কিন্তুক তোর বাপরে আর পাবি না।" ছেলেকে সতর্ক করে।
সোবহান মোড়ার উপরে দাঁড়িয়ে বাবার শার্ট শক্ত করে চেপে ধরেছে। কোনোভাবেই বাবাকে ফুপু আর দাদিকে দেবে না সে। তার বাবা শুধুই তার। শাহানাজ, শাহিদা একথা শুনে আরও রেগে গেল।
"দেখছস পোলাডারে ক্যামনে আমগো বিরুদ্ধে উস্কায়?" শাহানাজ দাঁত কিড়মিড় করে।
দুই বোন জেদে নিজেদের সর্বশক্তি দিয়ে ভাইকে টেনে ধরল। এসব টানাটানিতে যা হওয়ার তাই হলো। শার্ট ছিঁড়ে দুভাগ হয়ে গেল। শার্টের একপাশ এখনো অবহেলায় সেকান্দারের কাঁধের একপাশে ঝুলছে। সেকান্দার চোখ বুজে দাঁড়িয়ে রইল। শার্ট ছিঁড়ে যাওয়াতে উভয়পক্ষ ভয়ে কুপোকাত। সেকান্দারের যে রাগ! এখন না হালিমার পাশাপাশি বড় বোনদেরও পেটানো শুরু করে! সেকান্দার যেপাশে শার্ট ছিঁড়ে ঝুলে ছিল সেপাশ থেকে তা টেনে ছিঁড়ে উঠোনে ফেলে দিল,
"এইটুক ছিঁড়তে ভুইলা গেছেন সবাই। আমিই ছিইড়া দিলাম। হইছে? শান্তি হইছে আপনেগো? আর কুনো অশান্তি বাকি থাকলে হেইডাও করেন। পারলে আমারেই দুই খণ্ড কইরা দুই পক্ষ ভাগ কইরা লন। কুড়াল আইনা দিমু?"
শাহানাজ, শাহিদা জিহ্বায় কামড় দিয়ে ছোট ভাইয়ের পানে চাইল। আসমা বেগমও এমনটা হবে বোঝেননি। সোবহান শার্টের ছেঁড়া অংশ হাতে নিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে মাথা চুলকাচ্ছে। ব্যাপারটা ছোট মস্তিষ্ক এখনো ধরতে পারেনি মুখ দেখেই বোঝা যাচ্ছে।
"আম্মা,, আব্বার শাট হাতে আইসা পড়ছে। কি করমু?"
মাথা চুলকে।
হালিমা কাচুমাচু কণ্ঠে ছেলেকে ফিসফিস করে বলল,
"তোর আব্বার গায়ে লাগাইয়া দিয়া আয়। মাথা ঠাণ্ডা কইরা আয় তোর আব্বার।"
সোবহান মায়ের কথামত ঘাড় নাড়িয়ে বেতের মোড়া থেকে নেমে সেকান্দারের সম্মুখে শার্টের টুকরোটা উঁচিয়ে ধরল,
"আব্বা, নিচু হন। শাট হাতে আইসা পড়ছে, নাগাইয়া দেই।"
সেকান্দার নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল হঠাৎ পুত্রের কণ্ঠ শুনতেই লম্বা একটা নিশ্বাস নিল।
"না বাজান আমার, এতবড় উপকার করার আর দরকার নাই। যা করছেন হেইডা সামলাইতেই হিমশিম খাইয়া যাইতেছি। বাপের যা উপকার আপেনরা হগলে মিইলা করছেন এতেই পেডের ভাত হজম হইয়া গেছে। বাড়ি তো না এইডা হইলো প্রতিযোগিতার মিলনমেলা। হেই প্রতিযোগিতার নাম, "সেকান্দার তুই কার, বিচার কর?"
আসমা বেগম এগিয়ে এসে ছেলের পিঠে হাত বুলিয়ে কিছু বলতে নিতেই সেকান্দার থামিয়ে দিল,
"থাক আম্মা, আপনেগো আর কিছু কওন লাগতো না। একটা কতা কই, একটা পুরুষ সবচেয়ে খুশি আর শান্তিতে কহন থাহে জানেন? যহন নিজের মা, বইন আর বউরে মিইলা মিইশা থাকতে দেহে। আমার বোধহয় হেইসব নসিবে নাই।" বড় আফসোস ঝরে পড়ল কণ্ঠটায়।
ছেলেকে কোলে নিয়ে প্রস্থান করল সেকান্দার। স্বামীর দেখাদেখি হালিমা নিজেও ঘরে চলে গেল। আজ আসলেই বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। শাহানাজ, শাহিদা, আসমা বেগমও চুপচাপ সরে পড়লেন। এত বাড়াবাড়ি করাও তাদের উচিত হয়নি। সেকান্দারের মুখটা খুব করুণ দেখাচ্ছিল।
একটু পরে হালিমা ঘর থেকে বেরিয়ে রসুইঘরের দিকে যেতে নিলে খেয়াল করল সুপারির খোল দিয়ে নৌকা বানিয়ে সেটায় সোবহানকে চড়াচ্ছে সেকান্দার। সোবহানকে শক্ত করে খোল ধরে রাখতে নির্দেশ দিচ্ছে মানুষটা। এক হাতে খোল টানতেই সোবহান খুশিতে উৎফুল্ল হয়ে পড়ছে। খিলখিল করে হাসছে এমন মজাদার নৌকায় চড়তে পেরে। সেকান্দার, সোবহান দুজনই কাদামাটিতে মাখামাখি হয়ে আছে। ছেলে আর ছেলের বাপ দুইজনই উদোম। পুরো 'আলী বাড়ি' জুড়ে সোবহানের হাসির ধ্বনি মুখরিত হচ্ছে। হুট করে হালিমার মনে চাইল সেই খোলের নৌকায় চড়তে। তবে সে সাহস করল না। সেকান্দার আলী বেজায় ক্ষেপেছেন। দেখা যাবে তাকেই খোল বানিয়ে সেটার উপর চড়ে বসেছেন! না ভাবা থাক।
অনবরত বৃষ্টির পানিতে বিলের পানি উপচে হামিদদের ধানখেত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্ষায় বিলটা এত স্নিগ্ধ, সুন্দর দেখায়! বিলের ঘোলাটে সবুজ পানিতে কচুরিপানার ভেলা ভেসে বেড়াচ্ছে। তার ফাঁকে ফাঁকে আবার সাদা শাপলাও উঁকি দিচ্ছে। দূরে একটা ডিঙি নৌকা ধীরে ধীরে এগিয়ে আসছে পাড়ের দিকে। ঠিক যেন হাতে আঁকা কোনো ছবির দৃশ্য। গতকাল হালচাষ শেষে বিলের ধারে গিয়েছিল হামিদ। বর্ষার পানি জমে সেখানে মাছের আনাগোনা বেড়েছে। লুঙ্গি কাছায় বেঁধে বিল থেকে নিজের গামছায় পুঁটি, মলা, টাকি, চেলা, বাইম, ছোট চিংড়ি হাতের কাছে যা পেয়েছে সব ভরে এনেছে। এসব মাছ যে স্বাদ হয়, মুখে লেগে থাকার মতো স্বাদ। শিউলি রাতে পিঁয়াজ, মরিচ দিয়ে ভুনেছিল। এত স্বাদ, যেন এক থালা অমৃত!
আজ হামিদের ভাগ্য ভালো। ধানখেতেই মাছের আনাগোনা দেখতে পাচ্ছে। বর্ষা এলে খাদ্য জোগাতে খুব একটা কসরত করতে হয়না। কোত্থেকে যে আল্লাহ এসব মাছ এনে তাদের রিজিক পরিপূর্ণ করে দেন টের পাওয়া মুশকিল। কৃষকদের মুখে হাসি উপচে পড়ছে। সবারই পরিবার নিয়ে দুবেলা, দুমুঠো ভালো খাওয়ার আশা জাগে। সকলে নিজেদের গামছার ভেতর গিট্টু বেঁধে কাদার ভেতর হাত ঢুকিয়ে মাছ তুলছে। হামিদকে বসে যেতে দেখে আনোয়ার আর বজলু এগিয়ে এল। হামিদের বয়সী দুজনই। তাদের সঙ্গে বেশ ভালো সখ্যতা তৈরি হয়েছে কয়েকদিনে। বজলু ঝুঁকে কাদায় হাত দাবিয়ে শুধাল,
"বইসা গেলেন ক্যান মিয়া ভাই? পরে মাছ পাইতেন না কইলাম।"
"না পাইলে কী করার, রিজিকে নাই। আপনেরা নেন। আমি এট্টু জিরায় লই।" হাঁটুতে এক হাত রেখে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে।
"রিজিকের দোষ দিয়েন না হামিদ ভাই। আল্লাহয় এত বড় সুযোগ দিছে, আপনে বইয়া বইয়া থাইকা যদি কন রিজিকের কতা তাইলে কিছু হইল? রিজিক আল্লাহয় দিয়া যাইব না, নিজেগোই খাবলাইয়া লইতে হইব। দুনিয়াডা প্রতিযুগিতার জায়গা। এহানে টিকতে হইব প্রতিযুুগিতা কইরা। কত বাধা, বিপত্তি আইব। পিছন ফিইরা তাকান যাইব না। আল্লাহ তো দেওনের মালিক। আর আমরা হইলাম লুটপাট করা গোলাম। আল্লাহর দেয়া ভান্ডার থেইকা যত লুটতে পারো। হক মাওলা কইয়া লুটা শুরু করো।" বলেই আনোয়ার মিয়া চমৎকার হাসি দিলেন।
হামিদ সেই হাসি দেখল। লোকটা কিছুটা পাগল কিসিমের। হামিদ কোথায় যেন শুনেছিল পাগল কিসিমের লোকেরা ভালো দার্শনিক কথা বলতে পারে। বিশ্বাস করেনি, তবে আনোয়ার মিয়াকে দেখে সেই বিশ্বাস মজবুত হয়েছে। মাঝেমধ্যে ধান রোপণ করতে করতে কি দার্শনিক কথাই না তার মুখ দিয়ে বেরোয়! মিথ্যা বলার উপায় নেই, হামিদ আনোয়ার মিয়ার কাছ থেকে জীবনবোধের অনেক কিছুই আয়ত্ত করেছে বলা যায়। কাস্তে হাতে উঠে দাঁড়াল। লুঙ্গি কাছায় বেঁধে নেমে পড়ল খেতে। শিকারী হাতে মাছ গামছায় ভরতে ভরতে কাদায় গেড়ে বসা একটা বড় টাকি মাছের উপরে একই সঙ্গে হামিদ এবং আনোয়ার মিয়ার হাত চলে গেল। হামিদের হাত কিছুটা আগে পড়েছে। একজন মাছটার চোখের পাশ ধরেছে, আরেকজন লেজের পাশ। দুজন দুজনের চোখের দিকে চেয়ে।
"আনোয়ার মিয়া মাছটা ছাইড়া দিলে খুশি হইতাম।" হামিদের হাসি হাসি কণ্ঠ।
আনোয়ার মিয়া জিহ্বায় কামড় দিয়ে বলল,
"কন কি ভাই, এত বড় মাছ ছাড়োন যায়? বিসমিল্লাহ কইয়া লন খাবলাইয়া, দেহি কেডা জিতে।"
কিছুক্ষণ হাতাহাতি চললেও শেষে আনোয়ার মিয়া বিজয়ীর হাসি হাসলেন। হামিদ দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে গেল। নিজ মনে যে কয়টা পারল মাছ নিল। ভালো ভালো মাছ ধরতে গেলেই অন্যরা এসে খাবলে নিয়ে যায়। ধস্তাধস্তি করে মাছ নেয়ার মতোন শক্তি হামিদের আজ অন্তত নেই। তাই মুখে কোনো রা না করে হাসিমুখে মাছ ছেড়ে দিচ্ছে। সবাই যে যার মতো মাছ নেয়া শেষে বাড়ির অভিমুখে হাঁটা দিয়েছে। কৃষকদের আজ বাড়ি ফেরার বড্ড তাড়া। নিশ্চয়ই আজ রাতে বাড়ির সদস্যদের সাথে উন্মুখ হয়ে ভাত খাবে। ঠিক যেমনটা গতকাল হামিদ খেয়েছিল। নিজেদের পুঁটলি ভরিয়ে হাঁটু পর্যন্ত কাদা নিয়ে এগিয়ে চলল আনোয়ার, বজলু আর হামিদ। আনোয়ার মিয়া হামিদের দিকে হেসে চাইল,
"কী ভাই? মাছ তো বেশি পান নাই দেহা যায়। মন খারাপ নি?"
হামিদ মাছ নিয়ে কাড়াকাড়ির সেকথা ভুলে গিয়ে ঠোঁট প্রসারিত করল,
"রিজিক ভাই। কপালে জট্টুক আছে হের এক শিশিও বেশি কেউ পায়না। তাই মন খারাপ হওনের প্রশ্নই আহে না। আলহামদুলিল্লাহ্, আইজকা পেড ভরণ যাইব!"
আনোয়ার এবং বজলু মিয়া একে অপরের মুখ চাওয়া চাওয়ি করল। লোকটার আল্লাহ ভক্তি, ভরসা অনেক।
_____
সন্ধ্যে ছুঁই ছুঁই। হামিদ বাড়ি ফিরতেই শিউলি ছুটে এল। এতে অবশ্য হামিদ অবাক হয় বটে। সে বাড়িতে ঢুকতে না ঢুকতেই এই নারী হাজির হয় কীভাবে? তাকে তো হামিদ ডাকেও না। ওত পেতে থাকে নাকি? এসেই তার জোয়াল, কাস্তে, ব্যাগ, পুঁটলি হাত থেকে নিয়ে যায়। শিউলি সবসময় অপেক্ষারত থাকে তার ক্লান্ত স্বামীর। গামছায় বাঁধা মাছ ঝাঁপিতে ঢালল। বেশ ভালো মাছই তো পেয়েছে! হামিদ ঝপাৎ ঝপাৎ করে গায়ে পানি ঢালছে। শিউলি গামছা, লুঙ্গি, জুতা আর সাবানদানি দিয়ে এল। হামিদ গায়ে পানি ঢালতে ঢালতে বলল,
"মাছগুলান কাইলকার মতোন টমেটো দিয়া ভুনা ভুনা কইরা রান্ধিস। মেলা হোয়াদ হইছিল কাইলকার সালুনডা।"
স্বামীর কথামত শিউলি মাছ কুটে ধুয়ে রান্না চড়িয়ে দিল। তাদের বাড়িতে ফ্রিজ নেই। সব মাছ কেটে ভেঁজে রাখতে হয়। হেলেনা পারভীনের বাত আর মাজা ব্যথা বেড়েছে। হাঁপানি সমস্যাও আগের চেয়ে তুলনামূলক বেড়ে গেছে। বেশিক্ষণ বসে থাকতে পারেন না। হাত, পায়ে বিষের মতো ব্যথা করে। হামিদ গোসল সেরে ঘরে ঢুকে মেয়েকে ঘুমাতে দেখে মাগরিবের নামাজ পড়ে নিল। দোকানে বসেনি আজ। বসবেও না বলে ঠিক করল। চুল আঁচড়ে মায়ের ঘরে গেল। এই অবেলায় হেলেনা পারভীনকে শোয়া দেখে এগিয়ে এসে বসল। সাদা চুলগুলোতে বিলি কেটে চুমু দিল। আম্মার চুলে একটা ঘ্রাণ পাওয়া যায়। হামিদের সারাদিন মনে চায় ঘ্রাণটা শুঁকতে। কেমন মা মা আর নারিকেল তেলের মিশ্রিত ঘ্রাণ।
"আম্মা, হাত পাও এমুন নরম হইয়া আছে ক্যান? শরীলডা কি ভালা নাই?" মায়ের হাত আর পা ধরে।
"নারে, বুকটা কেমুন ধড়ফড় ধড়ফড় করে। বোধহয় বেশিদিন বাঁচমু না।"
"এসব কেমন কতা আম্মা? ফাউল কতাবার্তি আমার লগে কইবেন না। মেজাজ মুজাজ খারাপ হয়। হারাদিন পরে ঘরে আইয়া এইসব হুনতে মন কয় না।" খিটখিটে গলা।
হেলেনা পারভীন ছেলেকে কাছে ডাকলেন। মাথায় হাত বুলিয়ে বললেন,
"বাপ আমার। তোগো মানুষ করছি, বিয়া চুরা দিছি, নাতি-নাতনীগো মুখ দেখছি। আমার আর দুনিয়ায় কী দেহার বাকি আছে ক? তোগো সংসার, তোরা মানাইয়া গুছাইয়া চলবি এহন। মায় কি চিরকাল বাঁচে বাজান আমার?" প্রৌঢ় হাতটা মাথায় বুলিয়ে যাচ্ছে।
হামিদের কান্না পেয়ে গেল। এই মায়ের সংগ্রাম দেখে দেখে বড় হয়েছে সে। মানুষটা কোনোদিন নিজের শখ-আহ্লাদ পূরণ করতে পারেননি। নিজের একটা স্বর্ণের বালার জন্য কত আশা বুনতেন। আব্বারে বললে তিনি অর্থের টানাপোড়েনের অজুহাতে আম্মার সেই আশা কোনোদিন পূরণ করতে পারেন নি। হামিদ তখন থেকেই প্রতিজ্ঞা করে রেখেছিল তার এই জনমদুখিনী মায়ের জন্য একজোড়া স্বর্ণের বালা গড়িয়ে দেবে। কিন্তু কালের গহ্বরে তা আর হলো কই? এখন সে আব্বার জায়গায় দাঁড়িয়ে। নিজের মা, স্ত্রী, সন্তানের মুখে খাবার তুলে দিতেও হিমশিম খেয়ে যায়। পুরুষ মানুষ তাদের দুঃখগুলো কাউকে বলতে পারেনা। মায়ের অসুখ সারিয়ে একজোড়া স্বর্ণের বালা গড়িয়ে দেয়ার স্বপ্ন, মেয়ের পা ঠিক করার স্বপ্ন আর স্ত্রীর মনখুলে হাসি দেখার স্বপ্ন তার আজীবনের। খোদা তার ভাগ্যে সেই স্বপ্নগুলোর বাস্তবায়ন রেখেছেন কিনা জানা নেই। লম্বা এক দীর্ঘশ্বাস বাষ্পীভূতের ন্যায় কোথায় যেন হারিয়ে গেল।
____
খেতে বসে হামিদ বেশ চমকাল। বেশ বড়সড় একটা টাকি মাছ দুইভাগ করে একভাগ হামিদের পাতে আরেক ভাগ হেলেনা পারভীনের পাতে তুলে দিল শিউলি। হামিদের যতদূর মনে পড়ে আজ এত বড় মাছ সে আনেনি, তাহলে? শিউলি কি গতকালের মাছ রাঁধল? শিউলি মেয়ের ঘুম ভেঙে যাওয়ায় ওকে নিয়ে এসে বসেছে। মগে পানি ঢেলে হাতপাখা দিয়ে বাতাস করতে লাগল স্বামী আর শাশুড়িকে। হামিদা বাবার দিকে বারবার হাত বাড়িয়ে দিচ্ছে।
"এই মাছ পাইলি কই?" হামিদ খেতে খেতে শুধাল।
"ক্যান আপনেই তো আইনা দিলেন। ভুইলা গেছেন নাকি?"
"আমি তো এতবড় টাকি মাছ আনি নাই, হেইলিগা জিগাইতাছি।"
"কী কন? এইডা তো আপনের পুটলির মইধ্যেই আছিল। গামছা কি পাল্টাপাল্টি করছেন কারো লগে? কিন্তু দেইখা তো আপনেরই মনে হইল।"
হামিদ আর কথা বাড়াল না। বুঝল আনোয়ার মিয়া সেই মাছ তার পুঁটলিতে ঢুকিয়ে দিয়েছেন তার অগোচরে কোনো এক ফাঁকে। সবই রিজিক! হাত বাড়িয়ে দেয়া মেয়েকে কোলে নিয়েই বেশ আয়েশ করে খেল হামিদ। দুনিয়া কত রঙ বেরঙের মানুষ দিয়ে ভর্তি! মেয়ের সরিষার তেল মাখা মাথায় ভাত খেতে খেতেই চুমু খেল দুটো।
চলবে....
