না স্যার, অবশ্যই কোনো দরকারে এসেছেন।
তো জানো যখন, তখন এখান থেকে সরো।
লোকটা সরে গেল। সে সরে যাওয়া মাত্রই অফিসারটি ভেতরে প্রবেশ করল।
আরেহ স্যার, আপনি!
বুঝলাম না, তোমরা সবাই আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? কোনো আকাম-কুকাম করেছ নাকি?
কী যে বলেন স্যার, আমরা কি এসব কাজ করতে পারি?
কে কী পারে আর কে কী পারে না, সেটা বেশ ভালো করেই জানি আমি।
অফিসারটি আর কোনো কথা না বলে একটা চেয়ারে বসল। সে সরে যেতেই দৃশ্যমান হলো লুকিয়ে থাকা সাগরিকা। তাকে দেখেই পুলিশটির গলা শুকিয়ে এলো। তার মানে এই মেয়ে এনেছে উনাকে!
অফিসারটি সাগরিকার উদ্দেশ্যে বলল, এই মেয়ে, এখানে বসো।
সাগরিকা ধীর পায়ে গিয়ে অফিসারের বাঁ পাশের চেয়ারটায় গিয়ে বসল।
তা শুনলাম আপনারা নাকি ঘুষ খান?
আস্তাগফিরুল্লাহ স্যার! ছি ছি, এসব কী বলছেন! আমরা কি এরকম নাকি?
আমি জানি কে কেমন। আচ্ছা বাদ দাও, তোমরা যে আমির নামে একজনকে ধরে নিয়ে আসলে, তার অপরাধটা যেন কী?
স্যার, সে খুন করেছে।
কেন খুন করেছে?
স্যার, সেটা তো বলতে পারব না।
কেন বলতে পারবেন না? আমাদের কি শুধু অপরাধীকে ধরাই দায়িত্ব, নাকি অপরাধটা কেন হলো সেটা দেখারও দায়িত্ব আছে?
অফিসারের রাগান্বিত স্বরের ধমকানি শুনে পুলিশটি বলল, সরি স্যার, আমি এক্ষুনি ফোর্স পাঠাচ্ছি তদন্ত করার জন্য।
তার আর প্রয়োজন নেই, আমি জানি কেন হয়েছে খুনটা।
যদি কিছু মনে না করেন, তাহলে কি আপনি একটু বলবেন কীভাবে হয়েছে খুনটা?
অবশ্যই বলব, না বললে তো তোমাদের মতো পুলিশরা কিছুই বুঝবে না।
পুলিশটি বেশ অপমান বোধ করে। তবে সে নিজেকে শান্ত রেখে বলল, জি স্যার, একটু বলুন।
এই যে আমার পাশে মেয়েটিকে দেখতে পাচ্ছ, তাকে এ লোকটা ধর্ষণ করার চেষ্টা করেছিল। তার জন্য লোকটাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
আসলে পুলিশটা সবই জানত। কিন্তু সে যেহেতু টাকা নিয়েছে, সেহেতু সে নিজের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছে।
কী বলছেন স্যার! এত কিছু হয়ে গেছে!
পুলিশটার কথাবার্তা আর হাবভাব দেখে অফিসারটি বুঝে গেছে যে লোকটা মিথ্যা বলছিল এতক্ষণ।
তো আমিরকে ছেড়ে দাও।
কিন্তু স্যার, যতই হোক উনি তো খুন করেছেন, তাই না?
কে বলেছে যে উনিই খুন করেছেন?
মানে?
মানেটা স্পষ্ট, লোকটাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এতগুলো মানুষের মধ্যে কার হাতে তার জীবন গেছে, সেটা কি তুমি জানো?
না স্যার।
যেহেতু আসল অপরাধী কে সেটাই জানা নেই, তাহলে আন্দাজ করে ঐ ছেলেটাকে ধরে এনেছ কোন সাহসে?
মাফ করবেন স্যার, আসলে আমি বুঝতে পারিনি।
তুমি সবই বুঝেছ। বুঝেই এই কাজগুলো করেছ। সত্যি করে বলো, এই কাজের জন্য কি তুমি টাকা নাওনি?
ঐ আসলে স্যার... একটু আরকি...
হয়েছে, আর বলতে হবে না। তোমার চাকরি খাওয়ার ব্যবস্থা করছি আমি, দাঁড়াও।
না না স্যার, এমন করবেন না, আমি যে না খেয়ে মরব!
না, সেটা হয় না। আমি চাই না আমার থানায় বা অন্য কোনো থানায় কোনো অসৎ পুলিশ থাকে।
অতঃপর পুলিশটি অফিসারের পায়ে পড়ে গেল, প্লিজ স্যার এমন করবেন না, দয়া করুন। আর ভুল হবে না এমন।
ঠিক আছে ঠিক আছে। আর যদি কখনো আমার কানে এই ধরনের খবর আসে যে তুমি বা তোমার আন্ডারে কাজ করা কোনো পুলিশ ঘুষ নেওয়ার মতো কাজ করেছ, তখন তুমিও শেষ আর তোমার চাকরিও!
জি স্যার, আমি বুঝতে পারছি, আর হবে না এমন।
ওকে, এখন ঐ ছেলেটাকে ছেড়ে দাও।
পুলিশটি আমিরকে মুক্ত করে দিল। আমির বাইরে বের হয়ে সাগরিকাকে দেখে তার কেন যেন খুব খুশি লাগছে। এতক্ষণের কষ্ট থেকে যেন মুহূর্তেই মুক্তি পেয়ে সে। তার মনে হচ্ছে, সে সামনে যদি সাগরিকাকে না দেখত, তাহলে হয়তো তার মুক্তি ঠিকভাবে উদযাপন করতে পারত না।
তুমি এখানে?
হ্যাঁ, আসলে একজন বলছিল যে টাকা দিলে না ওনারা ছেড়ে দেয়। তাই আমি টাকা নিয়ে এসেছিলাম। কিন্তু এই লোকটা টাকা না লাগিয়েই আপনাকে মুক্তি দিয়েছে।
আমির অফিসারের দিকে তাকায়। ধন্যবাদ স্যার, আপনাদের মতো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে। সব পুলিশ অফিসার যদি আপনার মতো হতো!
ধন্যবাদের কিছু নেই, আমি শুধু আমার দায়িত্ব পালন করলাম। ছোটবেলায় আমার এক বন্ধু বলছিল, আমরা দুজন কখনো অসৎ পথে যাব না। সে এখন কোথায় সেটা আমি জানি না, কিন্তু ওর নামও আমির ছিল।
আপনার নাম কি রফিক?
আমিরের প্রশ্ন শুনে অফিসারটি জবাব দেয়, হ্যাঁ। কিন্তু আপনি জানলেন কীভাবে?
সঙ্গে সঙ্গে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে।
কোথায় ছিলি এত বছর! কত দিন পর দেখা!
বেচারা সাগরিকা কিছুই বুঝতে পারছে না, সে শুধু নীরব দর্শকের মতো দেখেই যাচ্ছে।
তুই এখনো মনে রেখেছিস আমায়?
বন্ধুকে কেউ ভুলে নাকি!
সেই কত বছর আগে দেখা হয়েছিল! তুই যদি এখন না বলতি, তাহলে তো বুঝতেই পারতাম না।
আমিও তো চিনতাম না!
আমির আজ কত দিন পর হাসছে! তার হাসি এত সুন্দর, আজকে তাকে না দেখলে বুঝতেই পারত না সাগরিকা।
চল আমার বাড়ি।
নারে, আজ একটু কাজ আছে। অন্য একদিন যাব।
ঠিক আছে, আসবি কিন্তু।
অবশ্যই, এত বছর পর তোকে পেলাম, এখন তো আসা- যাওয়া হবেই।
হুম।
আচ্ছা চল, আমার গাড়িতে তোদের পৌঁছে দিই।
এরপর তারা থানা থেকে বেরিয়ে এলো।
তোর সাথে এই মেয়েটা কে? চিনতে পারছি না তো!
সাগরিকা কথাটা শোনে, তাই সে নিজেই বলতে শুরু করে, আমি ওনার হবু বউ।
আমির কী জবাব দেবে বুঝতে পারছে না। সে তার বন্ধুর কাছে সত্যিটা বলতেই পারত, কিন্তু এই মেয়ের পাকনামি করতেই হবে!
এখনো বিয়ে করিসনি?
না, মনের মতো কাউকে পাইনি।
এখন তো পেয়ে গেছিস, তাহলে এখনো হবু বউ বানিয়ে রেখেছিস কেন? সত্যিকারের বউ বানিয়ে নে!
হুম, দেখি।
কথা বলতে বলতে তারা গাড়িতে প্রবেশ করে। সাগরিকা না থাকলে আমির রফিকের পাশে বসত, রাস্তায় অনেক গল্প করত। কিন্তু সাগরিকাকে তো আর একা রাখা যায় না, তাই সাগরিকা আর আমির পেছনে বসেছে আর রফিক আপন মনে গাড়ি চালাচ্ছে।
ঐ ব্যাগে কী?
আমিরের প্রশ্ন শুনে সাগরিকা জবাব দেয়, এই ব্যাগে টাকা।
আমির সাগরিকার কাছ থেকে ব্যাগটা নেয় আর ব্যাগটা খুলে ভেতরে এতগুলো টাকা দেখে ভীষণ অবাক হয়।
এই মেয়ে, তুমি এতগুলো টাকা কোথায় পেয়েছ? কে দিয়েছে তোমাকে এত টাকা?
আসলে আমার কাছে কিছু দামি পাথর ছিল, সেগুলো বিক্রি করেছি।
কোথায় বিক্রি করেছ? আর কার কাছে বিক্রি করেছ?
আমির যখন কথাটা জিজ্ঞেস করল, তখনই গাড়ি থেকে ঐ দোকানটা দেখা গেল, যে দোকান থেকে সাগরিকা দামি পাথরগুলো বিক্রি করে টাকা এনেছিল। তাই সে আমিরকে ঐ দিকে ইশারা করে বলে, ঐ দোকান থেকে।
তুমি চিনলে কীভাবে এত দূরের দোকান? আর বুঝলে কীভাবে এখানে এগুলো কেনাবেচা হয়? এমনি তো কিছুই বোঝো না তুমি!
আসলে আমি এখানে আন্দাজেই এসেছি। হয়তো আল্লাহই আমাকে পথ দেখিয়েছেন। আর ঐ দোকানের ওপর ছবি দেওয়া ছিল সোনার রূপার, তাই বুঝে গেছি এখানেই এগুলোর বিনিময়ে আমি টাকা পাব আর সেগুলো দিয়ে আপনাকে মুক্ত করব।
চলবে..........
