#তৈলচিত্র
#নূরজাহান_আক্তার_আলো
[১২]
মেঝেতে শীতল পাটি বিছিয়ে খেতে বসেছে আরিজ। দুবার ডাকার পর অরা বই বন্ধ করে এসে বসল ভাইয়ের পাশে। মরিয়ম বেগম পানির জগ আর প্লেট-গ্লাস এগিয়ে দিলেন। আরিজ হাত ধুয়ে একে একে প্লেটে ভাত বাড়ল। আগে এই কাজটা তার বাবা করতেন এখন সে করে। মূলত তার বাবাকে দেখে শিখেছে সে। আজকে রান্না হয়েছে কলমি শাক ভাজি আর আলু দিয়ে ডিমের ঝোল। সঙ্গে বেগুনের ঝাল ভর্তা। ভাত বেড়ে আরিজ যেই না ভাজি দিতে যাবে ওমনি হাত দিয়ে বাধ সারল অরা। জানাল, সে আজ দুধভাত খাবে। তার দুধ ভাত খেতে ইচ্ছে করছে। আরিজের দুটো গরুর একটা গরু দুধ দেয়। বিকেলে দুয়ানো দুধটুকু ভুঁইয়া বাড়িতে দেয় আর তারা খায়। সকালেরটুকু গোয়ালা নেয় আর আশেপাশের দুই একটা বাড়িতে দেয়। খাঁটি দুধ তাই অনেকেই দুধ নিতে আসে কিন্তু দুধ হয় খুব অল্প। যার কারণে দেওয়া সম্ভব হয় না। আরিজ মূলত গরুটা পালে শুধু দুধের জন্য। কারণ অরা গরুর দুধ খুব পছন্দ করে। এমনিতে বোনকে সে ভালো-মন্দ কিছু খাওয়াতে পারেনা। প্রতিদিন যে ভালো ভালো রান্না হয় তাও না। যেদিন তার তরকারি পছন্দ হয় না সেদিন সে দুধভাত খায়। দুধভাতে একটু চিনি পেলে বেশ লাগে। কিন্তু গতসপ্তাহে চিনি শেষ আর কেনা হয়নি। আরিজকে বলা হয়েছিল তার বোধহয় মনে ছিল না। অরা জানে বাড়িতে চিনি নেই তাই লবণের কৌটা আনল। কৌটা খুলতে গেলে আরিজ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল,
_'' বাড়িত চিনি নাই?''
_''আইজ লবণ দিয়ে খাই, চিনি দিয়া খাইলে গা গুলায়।''
মরিয়ম বেগম ভাতের প্লেটে ভাজা শুকনো মরিচ ডলে নিলেন। শাকের সঙ্গে একটু মরিচ ডলা না দিলে চলে না। দুই ভাই-বোনের কথার মাঝে কথা বললেন না তিনি। আরিজ ভাতের প্লেট থেকে হাত উঠিয়ে দাঁড়িয়ে গেল। রাতে পেটপুরে না খেলে ঘুম ভালো হবে না। তাছাড়া রাত জেগে পড়াশোনা করে অরা। পেটপুরে না খেলে পড়াতে মন বসবে না৷ সে আর ভাবল না চিনি আনার জন্য উঠানে নেমে দাঁড়াল। স্যান্ডেল পায়ে গলাতে
মরিয়ম বেগম বললেন,
_''কি হইল? কই যাস বাপ?''
_''চিনি নিয়া আহি। মাসুমের দোকান এহনও খোলা বোধহয়। তুমি খাও, আমি এহনই আইতাছি।''
একথা বলতে বলতে বাড়ির গেট পেরিয়ে বেরিয়ে গেল সে। অরা ভাতের প্লেটের দিকে তাকিয়ে হাসল। কত সৌভাগ্যবতী সে! এমন ভাই কজনের হয়? কেন জানি ভাতের প্লেট সামনে নিয়ে তার মুখ দিয়ে দোয়া বেরিয়ে গেল। বারবার মনে মনে জপতে লাগল তার ভাই যেন খুব ভালো থাকে।
বাবাকে হারিয়ে ভেবেছিল জীবন থেকে সুখ হারিয়ে যাবে। হয়তো আর ভালো থাকা হবে না। বাবার স্নেহে যে শান্তি থাকে বাবা ছাড়া সেই শান্তি বিলীন হয়ে যায়। কিন্তু না, তার ভাবনা ভুল ছিল। তার মাথার ওপর বাবা নেই, তবে ভাই নামক বটবৃক্ষ আছে। যে বৃক্ষ নিজে রোদ-বৃষ্টিতে ভিজে তাকে বাঁচায়। তাকে ভালোটুকু আগে দেখে। ভাতের প্লেটে তাকিয়ে সে এসবই ভাবছিল। তখন আরিজ চিনি, পাকা কলা আর পাউরুটি নিয়ে ফিরে এলো। বোনকে সেগুলো দিয়ে হাত ধুয়ে নিজে খেতে বসল। অরা চিনি নিয়ে দুধভাত খেতে লাগল। একটা কলার খোসা ছাড়িয়ে একপাশে রাখল, দুধভাতের সঙ্গে কলাটা একসাথে চটকে মাখাল না। বরং দুধভাত মুখ নিয়ে একটু একটু করে কামড়ে খেল। এভাবেই খায় সে। আজ তার অনেক পড়া বাকি আছে। মুহিত স্যার অনেক পড়া দিয়েছে। সে ঝটপট খেয়ে উঠে তার রুমে চলে গেল। ভাত খেয়ে পানি খায়নি দেখে আরিজ ধমকে উঠলে আবার এসে পানি পান করল। অরা দরজায় ঝুলানো তার গামছায় হাত মুছে পড়ার টেবিলে বসল। বইয়ের ভাঁজে কলম রেখেছিল বিধায় চ্যাপ্টার খুঁজতে হলো না৷ সে গুনগুন করে পড়তে শুরু করল। রাত তখন সাড়ে নয়টা। অরা চলে যাওয়ার পর আরিজ একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। এখান থেকে শোনা যাচ্ছে অরা পড়ছে। তাই সে খেতে খেতে নিচুস্বরে তার মাকে বলল,
_''আম্মা, কিছু কথা আছিল।''
_''কি কথা বাপ?''
_''আমি তো হারাদিন বাড়িত থাহি না। তুমি থাহো, অরাও বড় হইছে। ওর দিকে নজর রাখবা। সন্ধ্যার পর ওরে ভুঁইয়া বাড়িত দিয়া আইবা, আবার পড়া হইলে নিজে গিয়া নিয়া আইবা। ওরে যহন তহন একলা ছাড়বা না।''
হঠাৎ এমন কথায় মরিয়ম বেগম বেশ অবাক হলেন। জিজ্ঞাসা করলেন,
_''হঠাৎ এমন কথা কইলি ক্যান বাপ? কিছু হইছে? অরা কিছু করছে।''
_''না আম্মা। আমি গর্ব কইরা কইতে পারি, আমার বইনের মতো মাইয়া এই গেরামে আর একটাও নাই। জানোই তো, ভালো ফলে সকলে ঢিল মারে বেশি।''
_''তুই কি কিছু লুকাইতাছোস? কি হইছে, ক আমারে?''
_''লুকালুকির কিছু না আম্মা। ভুঁইয়া বাড়িত শহরের পোলা আইছে। সেও জোয়ান পোলা আর তোমার বাড়িত যুবতী মাইয়া। একটু সাবধান থাকা ভালো না? তেল আর জল কি মিশ খায়? খায় না! আর শহরের প্যাংটা পোলাপান ভালো হয় না আম্মা। ওগোরে মনে জাওরামি বেশি। আমার বইনরে আমি বহুত কষ্টে খুব আদরে বড় করছি। গেরামের কারো সাহস নাই যে আমার বইনের নামে বাজে কথা কইবে। আমি চাইও না কেউ ওরে নিয়া বাজে কথা বলুক। তাই সাবধান করলাম।''
মরিয়ম বেগম শুধু সম্মতিসূচক মাথা নাড়াল। ছেলের কথাগুলো উনার পছন্দ হয়েছে। অরা এমনিতেও যখন তখন বাইরে যায় না। আর গেলেও উনাকে বলে তারপর বের হয়। আর যাবেই বা কোথায়? গেলে ভুইঁয়াদের
মেয়েদের কাছে গিয়ে বসে। তারা তো প্রায় সমবয়সী। এজন্য উনি মানা করেন না। আরিজ যখন সাবধানই করল কাল থেকে আর একা ছাড়বে না। অতঃপর খাওয়া দাওয়া শেষ করে আরিজ উঠে বোনের রুমে গেল। পানির গ্লাস আর কলা-পাউরুটি টেবিলের ওপর রেখে চলে গেল। অরা পড়তে পড়তেই ভাইয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। মরিয়ম বেগম সব গুছিয়ে ওষুধ খেয়ে পাশের রুমে শুয়ে পড়লেন। আরিজও তার রুমে। অরা রাতজাগে বিধায় মরিয়ম বেগম পাশের রুমে ঘুমান। ঘুম পুরো না হলে পরেরদিন মাথাব্যথায় কাহিল হয়ে যান।
আবার ওষুধ খাওয়ার পর বসেও থাকতে পারেন না। উনিও খুব অসুস্থ। কোনোমতে হেঁটে চলে বেড়ান। আগে যাও শক্ত ছিলেন অপারেশনের পর অনেকেটাই দূর্বল হয়ে পড়েছেন। ছেলে-মেয়ের মুখের মুখে তাকিয়ে বেঁচে আছেন। উনি ছাড়া তাদের কে বা আছে? এসব ভাবতে ভাবতেই উনার চোখের কোণা বেয়ে জল গড়িয়ে গেল। ধীরে ধীরে চোখজোড়াও বুজে এলো। একটুপরে আরিজ মায়ের রুমের জানালা আটকে মশারি টানিয়ে দিলো। তারপর গোয়াল ঘরে গিয়ে দেখে গরুর পেট ভরেনি। গরু দুটোকে আরেকবার খেতে দিয়ে উঠানে হাঁটাহাঁটি করল। গরু দুটো বেশি নড়াচড়া করছে দেখে ঘুঁটে জ্বালিয়ে ধোঁয়া দিলো। মশার উপদ্রব বেড়েছে। তারপর সবকিছু ঠিকঠাক দেখে নিজের রুমে চলে গেল। তার রুমের দরজা হালকা করে ভেজানো থাকে। ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। সময়ের সঙ্গে পাল্টা দিয়ে রাত বাড়ছে। গ্রামে রাত দশটা মানেই মেলা রাত। অরা একটানা পড়তে পড়তেই উঠে দাঁড়াল। রুম থেকে বের হয়ে ওয়াশরুমে গেল। টিউবওয়েলের ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে রুমে গেল। কিছু নোট খাতায় লিখল। কলেজের পড়া শেষ করে মুহিত স্যারের পড়া পড়তে লাগল। এভাবে কেটে গেল আরো দুই ঘণ্টা। ঘড়িতে তখন রাত সাড়ে বারোটা। হঠাৎ কোথা থেকে একটা পোকা এসে মুখে পড়ল। সে ইয়াক ইয়াক করে জানালা দিয়ে থুথু ফেলল। গরমের দিন তাই জানালা বন্ধ করে না। সে থুথু ফেলে চলে আসতে যাবে তখনই তার চোখ গেল ভুঁইয়া বাড়ির উঠানে। বিষ্ময়ে তার চোখজোড়া বড় বড় হয়ে গেল। সরে যাবে তাও পারল না। ভয়ে তার বুক ধুকপুক করতে লাগল। চোখে তার ভয়ার্থ চাহনি। ভুঁইয়া বাড়ির উঠানে কেউ মাটিতে দুই হাত আর দুই পা উপরে করে উঠানজুড়ো হেঁটে বেড়াচ্ছে। এটা আবার কোন প্রাণী? কোন প্রাণী এভাবে হাঁটে? আবছা অন্ধকারে স্পষ্টভাবে দেখাও যাচ্ছে না। সেই প্রাণী বেশি কিছুক্ষণ একই ভঙ্গিতে হেঁটে বেড়ালো। হাঁটতে হাঁটতে এবার লাইটের দিকে যেতেই আরেকদফা হতবাক হলো। কারণ সেটা কোনো প্রাণী না, সেটা হচ্ছে ভুঁইয়া বাড়ির মেহমান মুনতাসীর। এই লোক তখন এভাবে হাঁটছিল? এভাবে কে হাঁটে? মুনতাসীরকে দেখে তার মুখ দিয়ে আপনাআপনি গালি বের হয়ে গেল। ইচ্ছে করল এঁটো পানি গায়ে ছুঁড়ে মারতে। কোনো সুস্থ মানুষ রাতের বেলা এসব করে? আর একটু হলেই তো তার হার্ট অ্যাটাক হয়ে যেত। এদিকে মুনতাসীরের ঘুম আসছিল না। রাত বারোটায় কেউ ঘুমায়? বারোটা মানে তো কেবল সন্ধ্যা। রাত দুটো তিনটে তার ছাড়া তার ঘুম আসেনা। এদিকে বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। তাই সে উঠানে এসে হ্যান্ডস্ট্যান্ড ব্যায়াম করছিল। হ্যান্ডস্ট্যান্ড ব্যায়ামে পুরো শরীরের ভর হাতের ওপর রেখে সোজা হয়ে উল্টোভাবে ভারসাম্য রক্ষা করতে হয়। ক্যালিসথেনিক্স, জিমন্যাস্টিকস এবং ইয়োগার কঠিন ব্যায়াম এটা। এটাতে নাকি হাতের পেশি, কাঁধ এবং শরীরের কোমরের শক্তি বাড়ে। বেশ কিছুক্ষণ হ্যান্ডস্ট্যান্ড ব্যায়াম করে আশপাশে তাকাল।কাপড়
শুকাতে দেওয়া দড়ি খুলে জাম্প রোপ (বলদড়ি) খেলতে লাগল। খুবই দ্রুত খেলছিল। তার পরনে কালো স্যান্ডো গেঞ্জি আর কালো ট্রাউজার। পুরো শরীর ঘেমে একাকার। তার অবস্থা দেখে অরা বিড়বিড় করে বলল,
_''গ্রামে কি পাগলের অভাব ছিল? আরেকটা পাগল এসে জুটেছে! রাত বারোটায় কে এমন টিকটিকির মতো হেঁটে বেড়ায়? মানুষের হার্ট ফেইল করানোর পাঁয়তারা সব! আর একটু হলেই আমার ভবলীলাসাঙ্গ হয়ে যেতো। শুধু শুধু ভয় দেখালি তো? তোর মুখে বড় বড় ব্রণ হোক শালা,
ওই দড়িতে পেঁচিয়ে উস্টা খায়া মর তুই!"
চলবে.....!
