#পীর_এ_কামিল
#অধ্যায় - ০২
#পর্ব - ০১
সবকিছুর শুরু হয়েছিল স্কুলে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে। তখন ইমামা ম্যাট্রিক ক্লাসের ছাত্রী। তেহরিম ছিল তার খুব ভালো বন্ধুদের একজন। তারা বহু বছর ধরে একই স্কুলে পড়েছে, এমনকি তাদের পরিবারগুলোর মধ্যেও ভালো পরিচয় ছিল। সব বন্ধুদের মধ্যে তেহরিম ও জাভেরিয়ার সঙ্গেই ইমামার সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। কিন্তু ইমামা কষ্ট পেত এই ভেবে যে, বন্ধুত্ব থাকা সত্ত্বেও তারা কখনো তার বাসায় আসতে চাইত না।
ইমামা তাদের জন্মদিনে কিংবা বাসার অন্যান্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানাত, কিন্তু তারা সবসময় অজুহাত দিত—বাড়ি থেকে বাইরে যেতে দেওয়া হয় না। কয়েকবার ইমামা নিজেই তাদের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছিল, তবুও তারা মেয়েদের যেতে দেয়নি। অবশেষে ইমামা তার বাবা-মায়ের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করল।
তার মা বললেন,
“তোমার দুই বান্ধবীই সায়্যিদ পরিবার থেকে আসে। সাধারণত তারা আমাদের মাযহাবকে ভালোভাবে নেয় না, এই কারণেই তোমার বান্ধবীদের বাবা-মা তাদের আমাদের বাড়িতে আসতে দেয় না।”
ইমামা অবাক হয়ে জিজ্ঞেস করল,
“এর মানে কী? তারা আমাদের পছন্দ করে না কেন?”
মা উত্তর দিলেন,
“এটা ওদেরই জিজ্ঞেস করো, কেন আমাদের ভালোবাসে না। তারা তো আমাদের অমুসলিম বলে।”
“তারা এমন বলে কেন? আমরা কি মুসলমান নই?” বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল ইমামা।
“অবশ্যই আমরা মুসলমান,” মা শান্তভাবে বললেন, “কিন্তু তারা আমাদের নবীকে মানে না।”
“কেন?”
“এই ‘কেন’-এর উত্তর আমি কীভাবে দেব? তারা তাদের বিশ্বাসে খুবই কঠোর,” বললেন মা।
“কিন্তু আম্মি, তারা তো আমার সঙ্গে কখনো ধর্ম নিয়ে আলোচনা করে না, তাহলে ধর্মের ব্যাপারটা এসে গেল কোথা থেকে? এতে একে অপরের বাড়িতে যাওয়া-আসার কী আসে যায়?” ইমামা বিভ্রান্ত হয়ে বলল।
মা বললেন,
“এইসব বিষয় কে তাদের বোঝাবে? তারা আমাদের মিথ্যাবাদী বলে, আমাদের কষ্ট দেয়। যদি তারা আমাদের সম্পর্কে আর আমাদের নবীর শিক্ষার বিষয়ে জানত, তাহলে এমন করত না। যাই হোক, তারা যদি তোমার কাছে না আসে, তাতে মন খারাপ করার কিছু নেই—তুমিও তাদের বাড়ি যেও না।”
“কিন্তু আম্মি, তাদের ভুল ধারণাগুলো ঠিক করা উচিত,” বলল ইমামা।
“ওটা তোমার পক্ষে সম্ভব না, মা। তাদের বাবা-মা তো সারাক্ষণ তাদের মগজধোলাই করে, আমাদের বিরুদ্ধে বিষ ঢেলে দেয়।”
“না, আম্মি! তারা আমার সবচেয়ে ভালো বন্ধু—তারা আমার সম্পর্কে এমন ভাববে না। আমি তাদের আমাদের কিছু বই পড়তে দেব... হয়তো তাতে তাদের ভুল ধারণা দূর হয়ে যাবে,” আশা ভরা কণ্ঠে বলল ইমামা।
তার মা চুপ করে রইলেন।
“আম্মি, আপনি কি আমার আইডিয়াটা পছন্দ করেননি?” — প্রশ্ন করল ইমামা।
“তা না… তুমি বইগুলো দিতে পারো, কিন্তু এমনভাবে নয় যেন তারা ভাবে তুমি তাদের ধর্ম প্রচার করতে চাও,” ইমামার মা শান্ত কণ্ঠে বললেন। “শুধু বলবে, তুমি চাও তারা আমাদের সম্পর্কে একটু জানুক—যাতে তারা আমাদের ভালোভাবে বুঝতে পারে।”
ইমামা চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানাল।
__________
কয়েকদিন পর ইমামা কিছু বই সঙ্গে করে স্কুলে নিয়ে গেল। বিরতির সময় যখন তারা একসঙ্গে বসেছিল, ইমামা ব্যাগ থেকে বইগুলো বের করল।
“তোমাদের জন্য একটা জিনিস এনেছি,” বলল সে।
“সত্যি? দেখি কী এনেছো,” বলল জাভেরিয়া।
ইমামা ব্যাগ থেকে দুই সেট বই বের করে দিল—একটি জাভেরিয়ার দিকে, অন্যটি তেহরিমের দিকে বাড়িয়ে। তারা দুজনেই বইয়ের দিকে তাকাল, কিন্তু কোনো কথা বলল না। জাভেরিয়া চুপ করে রইল, কিন্তু তেহরিমের মুখভঙ্গি বদলে গেল।
“এটা কী?” — ঠান্ডা স্বরে জিজ্ঞেস করল তেহরিম।
“তোমাদের জন্য এনেছি,” উত্তর দিল ইমামা।
“কেন?”
“যাতে তোমাদের আমাদের সম্পর্কে কিছু ভুল ধারণা ঠিক হয়,” ব্যাখ্যা করল ইমামা।
“কী রকম ভুল ধারণা?”
“আমাদের মাযহাব নিয়ে তোমাদের যে ভুল ধারণা আছে,” বলল ইমামা।
তেহরিম বেশ গম্ভীর মুখে বলল, “কে বলল তোমাকে যে আমাদের তোমাদের ‘ধর্ম’ বা তোমাদের নবী সম্পর্কে কোনো ভুল ধারণা আছে?”
ইমামা ধীরস্বরে উত্তর দিল, “আমি নিজেই বুঝতে পারি। তাই তো তোমরা আমার বাসায় আসো না। মনে করো হয়তো আমরা কুরআন পড়ি না, কিংবা হযরত মুহাম্মদ (সঃ)-কে নবী মনে করি না। অথচ তা সত্যি নয়—আমরা এসবের সবকিছুকেই বিশ্বাস করি। শুধু এটুকুই বলি যে, নবী মুহাম্মদ (সঃ)-এর পর আমাদের জামাতে আরেকজন নবী এসেছেন, যিনি আমাদের কাছে নবী মুহাম্মদ (সঃ)-এর মতোই সম্মানিত।”
তেহরিম হাতে ধরা বইগুলো ইমামার দিকে বাড়িয়ে দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল,
“আমাদের তোমাদের ধর্ম বা বিশ্বাস নিয়ে কোনো ভুল ধারণা নেই। আমরা তোমাদের ধর্ম সম্পর্কে যথেষ্টই জানি—তোমার ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আর এই বইগুলোর কথা বলছো, এগুলো পড়ার মতো ফাঁকা সময় না আমার, না জাভেরিয়ার আছে। এসব ফালতু দাবি, কল্পনা আর ভ্রান্ত বিশ্বাসে ভরা বই পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না।”
তেহরিম জাভেরিয়ার হাত থেকে বইগুলো টেনে নিল এবং ইমামার হাতে গুঁজে দিল। ইমামার মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে কখনো ভাবেনি তেহরিম এমন প্রতিক্রিয়া দেখাবে—যদি জানত, তাহলে কখনোই বইগুলো আনা তো দূরের কথা, দেখানোর কথাও ভাবত না।
“আর তোমাদের এই শ্রদ্ধার বিষয়টা নিয়ে একটা কথা মনে রেখো—এর মধ্যে রয়েছে বিশাল পার্থক্য…”
“আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী আর নিজে থেকে নবী সেজে ওঠার মধ্যে পার্থক্য আছে। তুমি যদি সত্যিই কুরআনে বিশ্বাস করতে, তাহলে তার প্রতিটি কথায় বিশ্বাস রাখতে। নবী হওয়া এক জিনিস, আর নিজেকে নবী বানিয়ে ফেলা আরেক জিনিস,” কঠোর স্বরে বলল তেহরিম।
“তেহরিম, তুমি আমাকে আর আমার বিশ্বাসকে অপমান করছ!” — ইমামার চোখে জল চলে এলো।
“আমি কাউকে অপমান করছি না—শুধু সত্য বলছি। আর যদি তুমি সেটাকে অপমান বলে মনে করো, সেটা তোমার সমস্যা, আমার না,” ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে উত্তর দিল তেহরিম।
“কিন্তু আমরা তো হযরত মুহাম্মদ (সঃ)-এর নবুওতে বিশ্বাস করি,” জোর দিয়ে বলল ইমামা।
তেহরিম তাচ্ছিল্যের হাসি হেসে বলল,
“আমরাও তো ঈসা (আঃ)-এর নবুওতে বিশ্বাস করি, বাইবেলকেও আল্লাহর পক্ষ থেকে প্রেরিত গ্রন্থ মানি—তাতে কি আমরা খ্রিস্টান হয়ে যাই? আবার মূসা (আঃ) আর দাউদ (আঃ)-কেও নবী মানি—তাহলে কি আমরা ইহুদি? আমাদের ধর্ম ইসলাম, আর আমরা শেষ নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর অনুসারী। আমরা অন্য নবীদের সম্মান করি, তাদের শিক্ষাকেও শ্রদ্ধা করি, কিন্তু তাদের ধর্ম অনুসরণ করি না। অথচ তোমরা তোমাদের নবীর অনুসারী হয়ে শেষ নবীর নবুওতের সমাপ্তি অস্বীকার করছো, তারপরও বলছো তোমাদের ধর্ম ইসলাম ধর্মেরই একটি শাখা! তোমাদের নবী আর জামাতের নেতারা বলেন—যে মির্জাকে নবী মানে না, সে প্রকৃত মুসলমান নয়। অর্থাৎ তোমরা আমাদের সবাইকে ইসলামের বাইরে ঠেলে দিয়েছো।”
তেহরিমের দীর্ঘ বক্তৃতার পুরো সময় জাভেরিয়া একদম চুপ করে ছিল।
তেহরিম আরও দৃঢ় স্বরে বলল, প্রতিটি শব্দে জোর দিয়ে,
“তোমার জন্য ভালো হবে যদি তুমি তোমার ধর্ম নিয়ে আলোচনা না করো, আর আমার ধর্ম নিয়েও না করো। আমরা বহু বছর ধরে বন্ধু, সেই বন্ধুত্ব থাকুক আগের মতোই।”
“আমাদের তোমার বাসায় না যাওয়ার ব্যাপারে তুমি ঠিকই বলেছিলে…আমার বাবা-মা সেটা পছন্দ করেন না। স্কুলে বন্ধু হওয়া আলাদা ব্যাপার—অনেক মানুষের সঙ্গেই বন্ধুত্ব করা যায়, ধর্ম এখানে কোনো বাধা নয়। কিন্তু একে অপরের বাড়িতে যাওয়া আলাদা বিষয়। আমার বাবা-মা হয়তো আমার কোনো খ্রিস্টান বা হিন্দু বন্ধুর বাড়ি যেতে আপত্তি করতেন না, কারণ তারা তাদের নিজ নিজ ধর্ম মেনে চলে এবং মুসলমান বলে দাবি করে না। কিন্তু তোমার ক্ষেত্রে তারা অবশ্যই আপত্তি করবেন, কারণ বাস্তবতা হলো—তোমাদের সম্প্রদায় নতুন এক বিশ্বাসে চলে গেছে, অথচ তোমরা এখনো মুসলমান পরিচয়ে নিজেদের ঢেকে রেখেছো।”
এই কথাগুলো বলে তেহরিম উঠে চলে গেল।
তাকে চলে যেতে দেখে ইমামা পাশে বসা জাভেরিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
“তুমিও কি আমার ব্যাপারে এমনটাই ভাবো?”
জাভেরিয়া শান্ত কণ্ঠে বলল,
“তেহরিম রাগের মাথায় এসব বলেছে—তুমি মন খারাপ কোরো না। ওর কথাগুলো উপেক্ষা করো। চলো, ক্লাসে যাই…বিরতির সময় শেষ হয়ে আসছে।”
ইমামা ধীরে ধীরে উঠে দাঁড়াল এবং জাভেরিয়ার সঙ্গে ক্লাসে ফিরে গেল।
সেদিন যখন ইমামা বাসায় ফিরল, সে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল এবং মন খুলে কাঁদতে লাগল। তেহরিমের কথাগুলো তাকে ভীষণভাবে আঘাত করেছিল।
সেদিন হাশিম মুবিন অফিস থেকে প্রতিদিনের চেয়ে কিছুটা আগেই বাড়ি ফিরলেন। তাঁর স্ত্রী সালমা জানালেন, ইমামার শরীর ভালো নেই। তিনি মেয়ের ঘরে গেলেন দেখতে। ঘরে ঢুকেই মেয়ের ফোলা চোখ দেখে অবাক হলেন।
“কি হয়েছে, ইমামা?” — তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন।
ইমামা বিছানায় বসে ছিল। কিছু না বলে আবার হাউমাউ করে কেঁদে উঠল। হাশিম পাশে বসে বললেন,
“কি হয়েছে মা, বলো?”
ইমামা কাঁদতে কাঁদতে বলল,
“আজ স্কুলে তেহরিম আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে।”
হাশিম খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, “তাহলে তোমাদের আবার ঝগড়া হয়েছে নাকি?”
“বাবা, আপনি জানেন না ও আমার সঙ্গে কী বলেছে,” কেঁদে কেঁদে বলল ইমামা।
“বাবা, ও…”
এরপর ইমামা পুরো ঘটনাটা খুলে বলল—তেহরিমের সঙ্গে তার কথোপকথন, অপমান, সব।
হাশিমের মুখের রঙ পাল্টে গেল।
তিনি কঠোর স্বরে বললেন,
“তুমি কে বলেছিল তোমাকে স্কুলে বই নিয়ে গিয়ে ওদের ‘শিক্ষা’ দিতে?”
ইমামা দুর্বল কণ্ঠে উত্তর দিল,
“আমি চেয়েছিলাম ওদের আমাদের সম্পর্কে ভুল ধারণাটা ঠিক করতে।”
হাশিম বললেন,
“তোমার কেন দরকার মানুষের ভুল ধারণা ঠিক করার? তারা আমাদের বাড়িতে না আসুক, আমাদের খারাপ ভাবুক—তাতে কী আসে যায়? তাদের থাকতে দাও নিজেদের মতো। এতে আমাদের কী আসে যায়?”
তারপর শান্ত স্বরে বললেন,
“তবে আমি ভাবছি, এই ঘটনার পর ও তোমাকে নিয়ে কী ভাববে। তুমি যখন ওদের বই দিয়েছো, ওরা নিশ্চয়ই মনে করবে তুমি কিছু বোঝাতে চাও। তাদের পরিবারও রেগে যাবে। ইমামা, মনে রেখো—তোমার নিজের সম্পর্কে বা তোমার জামাত সম্পর্কে সবার সামনে সবকিছু বলা জরুরি নয়। কেউ তর্কে জড়ালে বিনয়ের সঙ্গে তাদের সঙ্গে একমত হয়ে যাও। না হলে তারা অপ্রয়োজনীয় সন্দেহ করবে, আর তোমাকে অপমানজনক মন্তব্য শুনতে হবে।”
ইমামা অবাক হয়ে বলল,
“কিন্তু বাবা, আপনি তো নিজেও অনেক মানুষের কাছে ধর্মের দাওয়াত দেন। তাহলে আমায় কেন নিষেধ করছেন?”
হাশিম শান্তভাবে বললেন,
“ওটা আলাদা ব্যাপার, মা। আমি কেবল তাদের সঙ্গেই ধর্ম নিয়ে কথা বলি যাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যাদের আমি বুঝতে পারি যে তারা শুনতে প্রস্তুত। আমি অচেনা মানুষদের বা সামান্য পরিচিতদের কাছে বই বিলি করতে যাই না।”
ইমামা আপত্তি জানাল,
“কিন্তু বাবা, ওরা তো কেবল পরিচিত না—আমরা বহু বছরের বন্ধু।”
হাশিম বললেন,
“হ্যাঁ, কিন্তু তারা সায়্যিদ পরিবার থেকে, আর তাদের পরিবার খুবই রক্ষণশীল—এটা তোমার মনে রাখা উচিত ছিল।”
ইমামা মৃদুস্বরে বলল,
“আমি শুধু চেয়েছিলাম ওদের জানাতে যে আমরা অমুসলিম নই।”
হাশিম ধর্মীয় গাম্ভীর্য নিয়ে বললেন,
“তারা আমাদের অমুসলিম ভাবলে তাতে কী আসে যায়? আসলে তারাই অমুসলিম। তারাই পথভ্রষ্ট, ভুল পথে আছে।”
“বাবা, তেহরিম বলেছে আপনি নাকি বিদেশি মিশন থেকে টাকা পান—ওরা নাকি আপনাকে টাকা দেয় মানুষকে আমাদের ধর্মে আনতে,” কাঁদতে কাঁদতে বলল ইমামা।
হাশিম মুবিন ঘৃণাভরে মাথা নাড়লেন।
“আমি টাকা পাই শুধু আমাদের জামাত থেকেই—যে টাকা আমাদের লোকেরা দেশ-বিদেশ থেকে নিজেরাই সংগ্রহ করে। আমাদের নিজেদেরই যথেষ্ট অর্থ আছে…আমাদের কি নিজস্ব কারখানা নেই? তাছাড়া, যদি বিদেশি মিশনগুলো আমাকে সাহায্য করত, তাতেও আমার আপত্তি থাকত না—তাতে দোষ কোথায়? এই দেশে যদি খ্রিস্টান ধর্ম প্রচার করা যায়, তবে আমাদের বিশ্বাস প্রচার কেন যাবে না? আমরা তো ইসলামেরই আরেকটি শাখা, মানুষকে সঠিক দিশায় আনার চেষ্টা করছি,” ব্যাখ্যা করলেন তিনি।
তিনি আরও বললেন,
“এই বিষয় নিয়ে আর কারও সঙ্গে কথা বলবে না। তর্ক-বিতর্কের কোনো মানে নেই। এখন আমরা সংখ্যালঘু, কিন্তু যখন আমরা সংখ্যাগরিষ্ঠ হবো, তখন এমন মানুষরা আমাদের মুখের সামনে কিছু বলার সাহস পাবে না—তারা আমাদের অপমান করতে ভয় পাবে। তবে আপাতত এমন লোকদের থেকে দূরে থাকাই ভালো।”
ইমামা ধীরে বলল,
“বাবা, আমরা যদি ইসলামেরই একটি শাখা হই, তাহলে সংবিধানে আমাদের অমুসলিম আর সংখ্যালঘু কেন ঘোষণা করা হয়েছে?”
হাশিম গম্ভীর কণ্ঠে বললেন,
“সবই ওই মোল্লাদের কাজ—নিজেদের স্বার্থের জন্য তারা একজোট হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু যখন আমাদের সংখ্যা বাড়বে, তখন আমরাও এমন আইন আনব যা আমাদের পক্ষে কাজ করবে, আর সংবিধানের এই অন্যায় সংশোধনগুলো বাতিল হয়ে যাবে।”
বলতে বলতে তিনি উঠে দাঁড়ালেন।
“আর তুমি এমন করে নিজেকে ঘরে আটকে কেঁদে মরো না,” বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন হাশিম।
ইমামা চুপচাপ তাকিয়ে রইল তাঁর চলে যাওয়ার পথে।
সেদিনই ছিল তেহরিমের সঙ্গে তার বন্ধুত্বের শেষ দিন। তেহরিমের সেই তীব্র অপমানজনক কথাগুলো ইমামাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল—সে আর সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি। তেহরিমও আর কোনোদিন সম্পর্ক ঠিক করার চেষ্টা করেনি।
____________
হাশিম মুবিন ছিলেন আহমদিয়া জামাতের একজন প্রভাবশালী নেতা। তাঁর বড় ভাই আজমও একই জামাতের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তাঁদের পরিবারে দু-একজন ছাড়া সবাই বহু বছর আগে কাদিয়ানি মত গ্রহণ করেছিল, যখন আজম এই দাওয়াতের কাজ শুরু করেন। যারা গ্রহণ করেনি, তারা বাকিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে হাশিমও কাদিয়ানি বিশ্বাসে দীক্ষিত হন, এবং পরবর্তীতে তিনিও সেই মতবাদের প্রচারে নিয়োজিত হন। প্রায় দশ থেকে পনেরো বছরের মধ্যেই দুই ভাই তাদের সম্প্রদায়ের মধ্যে বিশিষ্ট ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তারা ইসলামাবাদের ধনী ও প্রভাবশালী শ্রেণির মানুষ ছিলেন, কিন্তু তাদের বাড়িঘর ছিল বেশ প্রথাগত।
তাদের পরিবারের নারীরা পর্দা মেনে চলতেন, তবে অযথা কোনো বাধানিষেধ ছিল না।
ইমামাও এমন এক পরিবেশেই বড় হয়েছে। প্রকৃত অর্থেই সে জন্মেছিল রূপার চামচ মুখে নিয়ে। সে জানত তার বাবা আহমদিয়া বিশ্বাস প্রচারে সক্রিয়, কিন্তু সেটা তার কাছে খুব স্বাভাবিক বিষয় ছিল। ছোটবেলা থেকেই সে দেখেছে তার বাবা ও চাচা তাদের বিশ্বাস প্রচার করছেন, আর তার কাছে সেটাই ছিল ইসলাম ধর্মের সেবা করার এক রূপ।
ইমামা নিয়মিত পরিবারের সঙ্গে ধর্মীয় সভা-সমাবেশে অংশ নিত এবং…
সে নিয়মিত লন্ডন থেকে স্যাটেলাইটে সম্প্রচারিত তাদের নেতাদের বক্তৃতা শুনত। তেহরিমের সঙ্গে সেই বিতর্কের আগে পর্যন্ত সে কখনো নিজের ধর্ম নিয়ে গভীরভাবে চিন্তা করেনি—তার কাছে তার মাজহাব ছিল ইসলামের অন্যান্য মাজহাবের মতোই আরেকটি শাখা। ছোটবেলা থেকেই তাকে এমনভাবে বড় করা হয়েছিল যে, তার সম্প্রদায়ই একমাত্র সত্য পথে আছে এবং কেবল তারাই জান্নাতে যাবে।
খুব অল্প বয়সেই ইমামা ও তার ভাইবোনদের শেখানো হয়েছিল যেন তারা স্কুলে কখনো তাদের ধর্ম সম্পর্কে কিছু না বলে। স্কুলে পড়ার সময়ই ইমামা জানতে পারে যে ১৯৭৪ সালে সংবিধানে সংশোধনী এনে সংসদ তাদের অমুসলিম ঘোষণা করেছে এবং তাদের সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করেছে। তার বিশ্বাস ছিল এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা ধর্মীয় নেতাদের চাপের মুখে নেওয়া হয়েছিল।
কিন্তু তেহরিমের সঙ্গে তর্কের পর ইমামা নিজের ধর্ম ও সম্প্রদায় সম্পর্কে গভীরভাবে ভাবতে শুরু করে। এতে তার ভেতরে এক ধরনের পরিবর্তন আসে—সে তাদের ধর্মীয় সাহিত্য ও পবিত্র গ্রন্থগুলোর পাশাপাশি অন্যান্য ধর্মীয় বইও পড়তে শুরু করে। প্রথমদিকে তার মনে বিভ্রান্তি তৈরি হয়, কিন্তু যতই সে গভীরে অধ্যয়ন করে, তার মন পরিষ্কার হতে থাকে।
ম্যাট্রিক পরীক্ষার কিছুদিন পরই তার বিয়ে ঠিক হয় চাচা আজমের ছেলে আসজাদের সঙ্গে। এটি ভালোবাসার সম্পর্ক ছিল না, কিন্তু ইমামা ও আসজাদ উভয়েই এই বাগদান নিয়ে খুশি ছিল। বাগদানের পর ইমামার মনে আসজাদের জন্য এক ধরনের কোমল অনুভূতি জন্ম নেয়।
______________
‘কয়েকদিন ধরে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে—কোনো সমস্যা আছে?’ সেদিন রাতে ওয়াসিম জিজ্ঞেস করল। ইমামা সাম্প্রতিক দিনগুলোতে সত্যিই কিছুটা অস্বস্তিতে ছিল, অনেকটা চুপচাপও।
‘না, কিছু না। তোমারই কল্পনা,’ ইমামা একরকম হাসার চেষ্টা করল।
‘না, এটা কল্পনা না। নিশ্চয়ই কিছু হয়েছে। তবে যদি বলতে না চাও, সেটা আলাদা কথা,’ মাথা নেড়ে বলল ওয়াসিম। সে ইমামার ডাবল বেডের এক পাশে শুয়ে ছিল, আর ইমামা দূরে বসে নোটের ফাইল উল্টেপাল্টে দেখছিল।
কিছুক্ষণ অপেক্ষা করে ওয়াসিম বলল, ‘ঠিকই বলেছিলাম, তাই না? তুমি কিছু বলতে চাও না।’
‘হ্যাঁ, এখনই বলতে চাই না,’ দীর্ঘশ্বাস ফেলে বলল ইমামা।
‘বলো না, হয়তো আমি সাহায্য করতে পারি,’ উৎসাহ দিয়ে বলল ওয়াসিম।
‘ওয়াসিম, আমি নিজেই বলব, কিন্তু এখন না। আর যদি তোমার সাহায্য দরকার হয়, আমি নিজেই বলব,’ ফাইলটা বন্ধ করতে করতে বলল সে।
‘ঠিক আছে, যেভাবে চাও। আমি শুধু সাহায্য করতে চেয়েছিলাম,’ বলে ওয়াসিম উঠে দাঁড়াল।
ওয়াসিম একদম ঠিকই ধরেছিল—তাদের বন্ধু জাভেরিয়ার সঙ্গে তর্কের দিন থেকেই ইমামা চুপচাপ ও মনমরা হয়ে গেছে। যদিও জাভেরিয়া পরের দিনই ক্ষমা চেয়েছিল, তবু তাতে ইমামার মনের কষ্ট একটুও কমেনি।
জাভেরিয়ার কথাগুলো ইমামাকে ভীষণভাবে বিভ্রান্ত করে দিয়েছিল। সেই কথাগুলো তার মনে ফিরিয়ে এনেছিল দেড় বছর আগে তেহরিমের সঙ্গে হওয়া তর্কের স্মৃতি—আর সেই তর্কের ফলেই যে সন্দেহ ও প্রশ্নগুলো তার মনে জন্মেছিল, ধর্ম সম্পর্কে সেগুলোকেই আবার নাড়া দিয়েছিল জাভেরিয়ার কথা। জাভেরিয়া বলেছিল, তার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হলো—ইমামা যেন একজন “সত্যিকারের মুসলমান” হয়ে ওঠে।
ইমামা পড়ে গিয়েছিল এক অদ্ভুত অনিশ্চয়তার মধ্যে।
‘আমি কি তবে মুসলমান নই? আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু পর্যন্ত কি আমাকে মুসলমান মনে করে না? এগুলো কি শুধু আমাদের ধর্ম সম্পর্কে ছড়ানো ভুল প্রচারণার ফল? কেন শুধুমাত্র আমাদেরকেই এমনভাবে আলাদা করে দেখা হয়? আমরা কি সত্যিই ভুল পথে আছি? ভুল কোনো বিশ্বাসকে ধারণ করেছি? কিন্তু তা কীভাবে সম্ভব—আমার পরিবার, আমার সম্প্রদায়—তারা সবাই কি ভুল করতে পারে?’
সম্ভবত এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই পরের সপ্তাহে সে কিনে আনে একটি কুরআনের কপি—যেখানে অনুবাদ ও তাফসির করেছেন এক প্রখ্যাত ইসলামী আলেম। সে জানতে চেয়েছিল, অন্য মাজহাবগুলো তার মাজহাব ও বিশ্বাস সম্পর্কে কী বলে।
এর আগে সে কুরআনের অনুবাদ পড়েছিল, তবে তা ছিল তাদের নিজস্ব সম্প্রদায়ের সুপারিশকৃত সংস্করণ। কিন্তু যখন সে ওই বিখ্যাত আলেমের অনুবাদ ও টীকা অধ্যয়ন শুরু করল, তখনই বুঝল—তাদের ব্যবহৃত সংস্করণে বেশ কিছু জায়গায় পরিবর্তন আছে। তাদের মাজহাব যে কুরআনের যে অনুবাদ পড়ায়, তা মূল অনুবাদের সঙ্গে পুরোপুরি মেলে না।
এরপর সে একে একে বিভিন্ন মাজহাবের আলেমদের অনুবাদ পড়তে থাকে—কোনোটিতেই সে ওই পরিবর্তনগুলো খুঁজে পায়নি, যদিও ব্যাখ্যার ক্ষেত্রে পার্থক্য ছিল। কিন্তু যতই সে তুলনামূলকভাবে অধ্যয়ন করতে থাকে, তার মনের উদ্বেগ ও বিভ্রান্তি আরও বেড়ে যায়।
প্রতিটি অনুবাদ ও ব্যাখ্যায় একই কথা—হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর শেষ রাসূল। কোথাও আর কোনো উত্তরসূরি বা পরবর্তী নবীর ইঙ্গিতও নেই। প্রতিশ্রুত মসীহ সম্পর্কেও সত্যটা তার কাছে একেবারে স্পষ্ট হয়ে যায়।
তার নিজের সম্প্রদায়ের নবী দাবি করা নেতার ভবিষ্যদ্বাণী ও বাস্তব ঘটনার মধ্যে বিশাল বিরোধ চোখে পড়ে। নবুয়তের দাবি করার আগে তিনি ঈসা (আ.) সম্পর্কে অত্যন্ত নিন্দনীয় ভাষা ব্যবহার করেছিলেন—পরে আবার দাবি করেন যে ঈসা (আ.)-এর আত্মা তার শরীরে অবতীর্ণ হয়েছে। কিন্তু যদি সত্যিই তা-ই হতো, তাহলে ইসলামি বর্ণনা অনুযায়ী, ঈসা (আ.) পৃথিবীতে পুনরায় আগমনের পর আরও চল্লিশ বছর বেঁচে থাকতেন, আর ততদিনে ইসলাম পুরো বিশ্বে বিজয়ী হয়ে উঠত।
কিন্তু বাস্তবে তো দেখা গেল, যখন সেই কথিত আহমদী নবী মারা গেলেন, তখন ইসলাম তো দূরের কথা—ভারতবর্ষের মুসলমানরাও তখন নিজেদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করতে পারেনি।
ইমামা আরও বিস্মিত হলো যখন দেখল তাদের নেতার ভাষা ও আচরণ—যেভাবে তিনি নিজের বিরোধীদের, এমনকি অন্যান্য নবীদের সম্পর্কেও অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন—সে ভাবল, একজন সত্যিকারের নবী কি কখনো এমন অশালীন ও তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ ভাষা ব্যবহার করতে পারেন?
#চলবে ..…......…...….....…!!!!!!
