#শ্যামারণ্য
#লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
রাত দশটা পার হয়েছে। অরণ্যের ঘরের গোল টেবিলের দুই পাশের দুই চেয়ারে মুখোমুখি বসে আছে শ্যামা আর অরণ্য। শ্যামা মাত্রই তার সব কথা বিস্তারিত বলা শেষ করে আশাবাদী চাহনিতে তাকিয়ে আছে অরণ্যের দিকে,জানতে চাইছে তার প্রতিক্রিয়া।
অরণ্য পুরোটা সময় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিলো চুপচাপ,কোনো কথা বলেনি। সে আসলেই সবকিছু বুঝতে পেরেছে কিনা এই নিয়ে সংশয় সৃষ্টি হতে থাকে শ্যামার মনে।
অরণ্যের নীরবতা আর সহ্য করতে না পেরে শ্যামা বিচলিত কন্ঠে বলে উঠে,
"আপনি কি আমার কথাগুলো বুঝতে পেরেছেন অরণ্য?"
অরণ্য তার দৃষ্টি না সরিয়েই শান্তকন্ঠে জবাব দেয়,
"হুম বুঝতে পেরেছি। তোমার কথা অনুযায়ী,অন্য একটি দুনিয়ায় আজকে আমবাগানে আমি জ্বিন দ্বারা অভিশপ্ত হয়েছিলাম,সেই অভিশাপের কারণে আমার মা ছাড়া সবাই আমার থেকে দূর হয়ে যায়,তারপর আমার শত্রুরা বিদ্রোহ করে এক সন্ধ্যায়,তাদের হাতে আমি ছাড়া জমিদার বাড়ির সবার মৃ'ত্যু হয়,আমার মাকে আমার সামনে জ্যান্ত পুড়িয়ে মা'রা হয়, আবার আমার ক্ষমতাবলে তাদের মৃ'ত্যুও আমার হাতেই হয়,কিন্তু এই ঘটনায় আমার মানুষ সত্ত্বা জ্বিন সত্ত্বার দখলে চলে যাওয়ায় আমার স্বাভাবিক জীবনে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যায়,আবার মায়ের মৃ'ত্যুর পর আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার মানুষও আর অবশিষ্ট থাকেনা,আমি সেই অবস্থায় অনেক বছর কাটানোর পর অন্য একটি জ্বিনের সাথে বন্ধুত্ব হয় আমার। সে আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেওয়ার মানুষ খুঁজে বের করতে সাহায্য করে,১০৪বছর পর অবশেষে তোমার সাথে কিছু শর্ত মেনে বিবাহ হয় আমার,তোমার মাধ্যমে নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পেতে সফল হই আমি এবং চন্দ্রগ্রহণের রাতে আমার অভিশাপ ভঙ্গ ও হয়, কিন্তু সেই জ্বিন তোমার উপর খুশি হয়ে ভাগ্যসুতো দিয়েছিলো,যার কারণে তুমি তোমার স্বামীকে ফিরে পাওয়ার একটা সুযোগ পেয়েছো, আর এই সুযোগটা হলো তুমি পুরো ভিন্ন একটি জগতে প্রবেশ করেছো যেখানে আমি এখনো অভিশপ্ত হইনি,আমাকে তোমার হাত ধরে মায়ের ঘরে প্রবেশ করতে হবে, তখন তোমার অরণ্যের সাথে আমার আত্মার একটি সাময়িক সংযোগ সৃষ্টি হবে,তোমার অরণ্য আমার মানুষ সত্ত্বা থেকে শক্তি লাভ করবে যার ফলে সেই অভিশপ্ত জ্বিন তাকে নিয়ে যেতে পারবেনা তার সাথে। তারপর তুমি তোমার অরণ্যকে পরিপূর্ণ মানুষ হিসেবে ফিরে পাবে তাইতো?"
শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেললো,যাক উনি তাহলে শুনেছেন সবকিছু,
"জ্বি,ঠিক তাই। এবার আপনাকে আমার হাত ধরে মায়ের ঘরে যেতে হবে শুধু,তারপর সব ঠিক হয়ে যাবে।"
অরণ্য এক দৃষ্টিতে মেয়েটির ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে অল্প সময়ে অনেক বড় ঝড় বয়ে গেছে তার উপর। তবুও তার কথাবার্তার মধ্যে কোনো জড়তা নেই,এতোগুলো অবিশ্বাস্য কথা এক নাগাড়ে এভাবে বলে গেছে যে শুনতে মিথ্যে মনে হলেও অবিশ্বাস করতেও মন চাইছেনা তার।
সে গম্ভীর কন্ঠে বলে উঠে এবার,
"একটা কথা বলো আমাকে। তোমার সামনে যদি অপরিচিত কেউ গিয়ে হঠাৎ এই রকম কোনোকিছু বলতো,তুমি কি তাকে বিশ্বাস করতে?"
"প্রমাণের উপর নির্ভর করে সেটা। আমি জানি আমার কথাগুলো ঠিক কতটা অবিশ্বাস্য মনে হচ্ছে আপনার কাছে,সেটাই স্বাভাবিক। তবে আমি খুব সহজেই প্রমাণ করে দিতে পারি যে আমি সত্যি বলছি।"
অরণ্য কৌতুহলী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে,
"প্রমাণ করে দিতে পারো?সেটা কিভাবে?"
শ্যামা উৎসাহী গলায় বলে উঠে,
"খুব সহজ। আপনি আমার হাত ধরে মায়ের ঘরে নিয়ে চলুন। সেখানে প্রবেশের সাথে সাথে আমি মিলিয়ে যাবো এই দুনিয়া থেকে। আমার সাথে মায়ের ঘরে যাওয়া তো তেমন কোনো বড় কাজ না,খুব সহজে প্রমাণ হয়ে যাবে সব।"
অরণ্যের বুকের বাম পাশটায় হঠাৎ চিনচিনে ব্যথা অনুভব হলো তার। মেয়েটা মিলিয়ে যাবে তার চোখের সামনে থেকে, এই ভাবনাটা কোনো এক অজ্ঞাত কারণে পছন্দ হলোনা তার।
শ্যামা অরণ্যকে এভাবে নীরবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে তাড়া দিয়ে বলে,
"কি হলো?চলুন মায়ের ঘরে।"
অরণ্য চোখ সরিয়ে নিয়ে গম্ভীর গলায় বলে উঠে,
"এতো তাড়া কিসের?সবে রাত দশটা পার হলো। তোমার কাছে রাত তিনটা পর্যন্ত সময় আছে।"
শ্যামা আশ্চর্য হয়ে বলে,
"কিন্তু শুধু শুধু দেরি করবো কেনো?আমার অরণ্য ওই দুনিয়ায় পুরো একা এই মুহুর্তে,আমি ওর কাছে যত দ্রুত সম্ভব ফিরে যেতে চাই।"
অরণ্য হঠাৎ রেগে বলে উঠলো,
"কিন্তু আমি তা চাইনা!"
চমকে উঠে শ্যামা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে,
"মানে?"
অরণ্যের সম্বিৎ ফিরে হঠাৎ,এমন কেনো করছে সে নিজেও জানেনা। সে তার কন্ঠের গাম্ভীর্য বজায় রেখে আমতা আমতা করে জবাব দেয়,
"দুপুরের পর আমার খাওয়া হয়নি,তোমারও নিশ্চয় হয়নি। আমি খাবার দিতে বলছি,ক্ষিধে পেয়েছে আমার।"
শ্যামা ব্যস্ত কন্ঠে বলে উঠে,
"আমার ক্ষিধে পায়নি,আপনি জলদি জলদি খেয়ে নিন। তারপর আমাকে নিয়ে চলুন।"
"আমি কিন্তু তোমার কথা মানতে বাধ্য নই শ্যামা। শুধু মা বলেছেন বলে আমি তোমার সাথে শান্তভাবে কথা বলছি। তিনিও চাইবেন না তুমি না খেয়ে থাকো। আশা করি আমার কথার অবাধ্য হয়ে আমার রাগ তুলবেনা,আমার রাগ উঠলে কিন্তু আমিও অবাধ্য হবো।"
শ্যামা চুপ করে যায় এবার,সে রাগিয়ে দিতে চায়না এই অরণ্যকে। অনেক কষ্টে মায়ের সাহায্যে এটুকু রাজি করিয়েছে। পরে না সব বৃথা হয়ে যায়।
অরণ্য শ্যামাকে চুপ হয়ে যেতে দেখে মনের অজান্তেই মুচকি হাসে। সে বাইরে অপেক্ষারত চাকরকে নির্দেশ দিতেই কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশণ করা হয় টেবিলে।
শ্যামা তখনও নীরবে মাথা নীচু করে বসে থাকে।
চাকরটি খাবার সাজিয়ে চলে যেতেই অরণ্য আদেশ করে শ্যামাকে,
"নাও এবার নিজের হাতে খাইয়ে দাও আমাকে"
হঠাৎ এমন অপ্রত্যাশিত কথা শুনে চমকে উঠে তাকায় শ্যামা অরণ্যের দিকে। অরণ্য চেয়ার টেনে শ্যামার পাশে বসতে বসতে বাঁকা হেসে বলে উঠে,
"চমকালে মনে হলো যে? তুমিই তো বলেছিলে,এই দুনিয়ায় তুমি যতক্ষণ আছো,আমিও তোমার অরণ্য,তাইনা?এই কথার জোরেই তো তুমি আমাকে নাম ধরে ডাকছো,জড়িয়ে ধরেছো আমাকে,চুমু পর্যন্ত খেয়েছো,আমার বিয়ে ভাঙ্গার চেষ্টা করেছো। আমার উপর তোমার অরণ্যের মতো অধিকার খাটাতে পেরেছো, তাহলে তোমার অরণ্যের মতো নিজ হাতে খাইয়ে দেওয়ার কথায় এতো চমকে উঠছো কেনো?"
শ্যামা বেশ লজ্জায় পড়ে যায় মনে পড়ে যাওয়ায় যে সে এখানে আসার পর কি কি করেছে। কোনো জবাব দেওয়ার মুখ নেই তার আর। সে চোখ সরিয়ে নেয় অরণ্যের দুষ্টু চোখের চাহনি থেকে। চুপচাপ হাত ধুয়ে ভাত বেড়ে মাখাতে লাগলো।
অরণ্য তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্যামার দিকে।
শ্যামা যখন হাত বাড়িয়ে ভাতের লোকমা তুলে ধরে তার দিকে,হঠাৎ হৃদপিণ্ডের ধুকপুকানিটা তীব্র থেকে তীব্রতর হতে লাগলো তার,ভাতের লোকমা মুখে নিতে গিয়ে লজ্জায় কানের লতি লালচে বরণ ধারণ করলো। এভাবে শুধু মা খাইয়ে দিতো ছোটোবেলায়, এভাবে হঠাৎ পরিচয় হওয়া মেয়ের হাতে খেতে সংকোচ তো হবেই,তবে এই অনুভূতিটা ভীষণ পরিচিত ঠেকলো তার কাছে। অনেক ভালো লাগছে হঠাৎ,এই অনুভূতিটা সত্যি অনেক সুন্দর।
কিন্তু সাথে ভীষণ রাগও হলো মেয়েটার প্রতি। এইযে তার বুকের মাঝে উথাল-পাতাল শুরু হয়ে গিয়েছে,কিন্তু সেই তান্ডবের সৃষ্টিকারী রমণীটির মাঝে কোনো পরিবর্তন নেই।তার অভিব্যক্তি এমন যেনো এই কাজ তার নিত্যদিনের কাজ,অবশ্য তার কথা অনুযায়ী এটা তার নিত্যদিনেরই কাজ বটে। হঠাৎ এক অজানা হিংসা এসে মনে ভর করলো তার,জানতে ভীষণ ইচ্ছে হলো প্রথমবার যখন সে অরণ্যকে খাইয়ে দিয়েছিলো তার অভিব্যক্তি কেমন ছিলো?
অরণ্যও তার হাত ধুয়ে ভাত মাখিয়ে মেয়েটির সামনে সামনে তুলে ধরলো,যা সে বিনা দ্বিধায় গ্রহণ করলো। তার মনের ঝড় আরোও খানিকটা তীব্র হলো। কিন্তু সামনের রমণীটি তখনও স্বাভাবিক। ভীষণ অভিমান হলো জমিদার অরণ্য তালুকদারের।
তাকে এক নজর দেখার জন্য রমণীরা মুখিয়ে থাকে,আর এই মেয়ে তার এতোটা সান্নিধ্যে আসার পরেও এতোটা ভাবলেশহীন কিভাবে থাকতে পারে?
এই একপাক্ষিক মনের দ্বন্ধের মাঝেই শেষ হলো খাওয়ার পর্ব। চাকররা এসে টেবিল পরিষ্কার করে দিয়ে চলে যায়।
শ্যামা ঘড়ির দিকে তাকিয়ে দেখে সাড়ে এগারোটা ছুঁই ছুঁই। সে এবার আশাবাদী কন্ঠে অরণ্যকে জিজ্ঞেস করে,
"আমি আপনার কথা শুনেছি। এবার যাবেন তো?"
অরণ্য হাত মুছে শ্যামার কাছে টানা সেই চেয়ারে বসতে বসতে বলে,
"মাত্র খাবার খেয়েছি,আমার একটু বিশ্রামও তো প্রয়োজন। এতো তাড়া কিসের তোমার?তোমার কাছে এখনো তিন ঘন্টা থেকেও বেশি সময় আছে।"
খানিকটা আশাহত হয় শ্যামা অরণ্যের কথা শুনে,তবু পাল্টা কোনো প্রতিবাদ করলোনা। উনি রেগে গিয়ে যদি আবার একেবারেই মানা করে দেয় যাওয়ার জন্য সেই ভয়ে।
অরণ্য শ্যামার পাশ ঘেঁষে বসে পর্যবেক্ষণ করে তাকে। উৎকন্ঠা মেয়েটির চোখে মুখে ফুটে উঠেছে। তার মায়াবী চোখ গুলো বারবার শুধু দেওয়ালের ঘড়ির দিকে লক্ষ্য করছে। টেবিলের উপর রাখা হাতগুলো মনের অজান্তেই মোচড়ামুচড়ি করছে মেয়েটা। তার দিকে তাকাচ্ছেও না একবার। হাবভাবে এই ইশারা স্পষ্ট যে সে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে চায়।
মনের অভিমান গাঢ় হয় অরণ্যের, এতো কিসের তাড়া ওর তাকে ছেড়ে যাওয়ার? সে কি ওর অরণ্য থেকে ভিন্ন নাকি?
অরণ্য টেবিলে এক হাত ভাঁজ করে মাথা রেখে শুয়ে,অন্য হাতে শ্যামার একটি হাত টেনে রাখে তার মাথার উপর।
চমকে উঠে শ্যামা এবার পূর্ণ মনোযোগ দিয়ে তাকায় অরণ্যের দিকে। অরণ্য শান্ত কন্ঠে বলে উঠে তাকে,
"মাথায় হাত বুলিয়ে দাও,মাথা ব্যথা করছে।"
শ্যামা কিছুক্ষণ ইতস্তত করে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে থাকে মাথায়,অরণ্যের এলোমেলো চুলে হাত গলিয়ে আলতো হাতে চুল টেনে দিতে থাকে। আবেশে চোখ বুঁজে আসে অরণ্যের।
এভাবেই রাত বারোটা পেরিয়ে যায়, অধৈর্য হয়ে উঠে এবার শ্যামা। অরণ্য এখনো চুপচাপ চোখ বন্ধ করে রেখেছেন। তিনি জেগে আছেন কি-না সেটাও বুঝতে পারছেনা। সে এবার অরণ্যের মাথায় হাত চালানো বন্ধ করে মৃদু কন্ঠে ডাক দেয় অরণ্যকে,
"অরণ্য...আপনি জেগে আছেন?রাত বারোটা পার হয়ে গেছে।"
অরণ্য সাথে সাথে চোখ মেলে তাকায়,রাগমিশ্রিত কন্ঠে বলে উঠে সে,
"হাত বুলানো বন্ধ করলে কেনো?তোমাকে তো বলেছিই আমার মাথা ব্যথা করছে। আর রাত বারোটা বেজেছে তো কি হয়েছে?তোমার কাছে রাত তিনটা পর্যন্ত সময় আছে। মায়ের ঘরে হেটে যেতে দুই মিনিট সময় যথেষ্ট। তিনটা বাজার কিছু সময় আগে আমাকে ডেকে দিও। তার আগে আমার বিশ্রামের ব্যাঘাত সৃষ্টি করবেনা,চুপচাপ মাথায় হাত বুলাতে থাকো।"
কলিজা কেঁপে উঠে শ্যামার অরণ্যের রাগী কন্ঠ শুনে। আরও বেশি রাগিয়ে দিবে সেই ভয়ে সে চুপচাপ অরণ্যের কথা মতো তার মাথায় হাত বুলাতে থাকে। অরণ্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামার দিকে,এবার চোখ বন্ধ করলোনা আর।
কেনো এমন করছে সে নিজেও বুঝতে পারছেনা,ওকে একেবারে মায়ের ঘরে দিয়ে আসলেই তো ঝামেলা শেষ হয়ে যায়।
সে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্যামার আতঙ্কগ্রস্থ মুখের দিকে। মেয়েটির সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে সে,তাকে এভাবে ভয় পাওয়ার কি আছে? এতোই ভালোবাসে সে সেই অরণ্যকে? তাকে হারানোর ভয় এতোই তীব্র যে তার সামনের অরণ্যকে তার মনে ধরছেনা? ওর মাঝে এমন কি আছে যা তার মধ্যে নেই?
এসব ভাবনার মাঝে সে বুঝতেও পারেনি কখন সে কোনো প্রমাণ ছাড়াই সামনের মেয়েটিকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে।
দুই পক্ষের অনুভূতির দন্ধের মাঝেই সময় তার গতিতে পার হতে থাকে। শ্যামার কাছে মনে হলো আজ সময়টা বেশ আস্তে কাটছে,আর অরণ্যের কাছে মনে হলো সময়ের কাটায় যেনো পাখা গজিয়েছে আজ। কিন্তু সময় অবশ্য তার গতিতেই পার হয়েছে এবং সময়ের কাটা জানান দিচ্ছে,এখন রাত আড়াইটা পার হয়েছে।
শ্যামা এবার আর ধৈর্য ধরে রাখতে পারলোনা,চরম উৎকন্ঠা নিয়ে বললো,
"অরণ্য... সময় হয়ে গেছে,আর দেরি করা ঠিক হবেনা।"
অরণ্য অবশেষে মাথা তুলে ভাবলেশহীনভাবে ঘড়ির দিকে তাকিয়ে বললো,
"সবে আড়াইটা বেজেছে, এতো ব্যস্ত হচ্ছো কেনো?তোমাকে তো বলেছিই মায়ের ঘরে যেতে শুধু দুই মিনিট সময় লাগবে।"
শ্যামা এবার কেঁদে ফেলে ভয়ে,চেয়ার থেকে নেমে ফ্লোরে বসে পড়ে অরণ্যের পায়ের কাছে,কাঁপা কাঁপা হাতে অরণ্যের পা জড়িয়ে ধরে বলে শ্যামা,
"অরণ্য আমার সাথে এমন কেনো করছেন?আপনি কি রেগে আছেন আমার সাথে?আমার অবাধ্য আচরণের কারণে রেগে আছেন? আমি সত্যি দুঃখিত তার জন্য, আমার মাথা ঠিক ছিলোনা। কখন কি করেছি,কি বলেছি বুঝতে পারিনি। আমাকে এতো বড় শাস্তি দিবেন না প্লিজ। আমাকে আমার অরণ্যের কাছে যেতে দিন,ওকে আমি হারাতে পারবো না।"
অরণ্য হঠাৎ দাঁড়িয়ে গিয়ে টেনে তুলে শ্যামাকে নীচ থেকে। তারপর দুই হাতে বুকের সাথে মিশিয়ে নিয়ে চোখে চোখ রেখে শান্ত কন্ঠে জিজ্ঞেস করে,
"আমি কে তাহলে?"
শ্যামা অরণ্যের এমন কাজে অবাক হয়ে যায়,সে প্রশ্নসূচক দৃষ্টিতে জিজ্ঞেস করে,
"মানে?"
অরণ্য একিভাবে জবাব দেয়,
"আমি কে তোমার জন্য জানতে চাইছি। তোমাকে সেই জ্বিন বলেছিলো,সেই অরণ্য আর আমি একই মানুষ। তুমি চাইলেই আমার সাথে একেবারে থেকে যেতে পারো,নতুনভাবে সম্পর্ক সৃষ্টি করতে পারো আমার সাথে,এটাই বলেছিলো তো?
তাহলে তো আমার আর সেই অরণ্যের মাঝে কোনো পার্থক্য নেই,তাইনা?
আমি তোমাকে বিশ্বাস করছি শ্যামা,আমার কোনো প্রমাণের দরকার নেই। থেকে যাও আমার কাছে একেবারে,আমি তোমাকে বিয়ে করবো,আমার জমিদারনি হবে তুমি?"
(চলবে )
