#শ্যামারণ্য
লেখনীতেঃ ফাহমিদা_মেহেজাবীন
সকাল বেলা একটু দেরি করে ঘুম ভাঙ্গে শ্যামার। উঠে খাট থেকে নামতে গিয়ে পায়ে নূপুরের শব্দ পেয়ে চমকে উঠে সে। পায়ের দিকে তাকাতেই দেখে অরণ্যের দেওয়া সেই নূপুর জোড়া,যেগুলো সে রাগের মাথায় ছুড়ে ফেলে এসেছিলো। উনি তাহলে সে ঘুমানোর পর এগুলো পড়িয়ে দিয়েছেন?
ভাবতে ভাবতেই অরণ্য তাকে নূপুর পড়িয়ে দিচ্ছে এমন কল্পনা ভেসে উঠে তার চোখের সামনে,লজ্জায় রাঙা হয়ে উঠে গাল। সে মাথা ঝাঁকিয়ে নিজের মাথায় আলতো চাটি মে'রে নিজের হুশ ফেরায়। এই লোক তাকে এক রাতেই উনাকে বারবার দেখার লোভ লাগিয়ে দিয়েছেন। যখন তখন এখন উনার চেহারাটায় মনে ভাসবে সারাদিন।
অরণ্যের কথা ভাবতে ভাবতে বিছানা ছেড়ে উঠে গোসল সেরে নেয় শ্যামা। পরে নাস্তা খেতে খেতে মাকে যখন জানালো সে ফিরে যেতে চায় তখন মা আশ্চর্যজনকভাবে কোনো দ্বিমত করেন নি।
শ্যামার মা মেয়েকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন,এই কদিনেই মেয়েটা কেমন শুকিয়ে গেছে। না ঠিকমতো খায়,না কথা বলে।সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ঘরবন্দী করে ফেলেছে নিজেকে। সাম্প্রতিক ঘটনাগুলো মেয়ের মনের উপর অনেক প্রভাব ফেলেছে হয়তো।
রওনক কে নিয়ে এতো ব্যস্ত সময় কাটে তার যে সে দুদন্ড বসে মেয়ের সাথে সুখ দুঃখের কথা বলতে পারেন নি। তারচেয়ে ভালো ফিরেই যাক। এখান থেকে দূরে গেলে,কাজকর্মে ব্যস্ত থাকলে এখানের যাবতীয় চিন্তাগুলো ভুলে থাকতে পারবে। তাই সে নিশ্চিত মনেই শ্যামার ফিরে যাওয়ার প্রতি সম্মতি প্রকাশ করে।
মাকে এতো সহজে ম্যানেজ করতে পেরে শ্যামা স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাবা তার উঠার আগেই সৌরভের সাথে বেড়িয়ে গেছেন,আজ উকিলের সাথে সাক্ষাৎ আছে তাদের। বাবাকে নাহয় মা বলে দিবে পরে।
শ্যামা মনের সুখে নিজের রুমে ফিরে এসে গোছগাছ করতে থাকে। আসার সময় রাগের মাথায় এক কাপড়েই চলে এসেছিলো,তাই বেশি কিছু গুছানোর নেই তার। সে অরণ্যের মায়ের হাতের বালাগুলো যে বাক্সে তুলে রেখেছিলো,সেগুলো ব্যাগে রেখে দেয় মনে করে। ব্যস,সব গুছানো শেষ। এবার শুধু সন্ধ্যা হওয়ার অপেক্ষা। মাকে বলেছে সন্ধ্যায় বের হবে।
বিকেলের শুকনো কাপড়গুলো নামানোর পর কেউ সচরাচর ছাদে যায়না। সন্ধ্যার পর সবার থেকে লুকিয়ে সেখানে অপেক্ষা করতে কোনো অসুবিধা হবেনা শ্যামার।
সব এই পর্যন্ত ঠিক ছিলো। অরণ্যের সাবধানবাণী উপেক্ষা করে ঘরের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনবোধ হয়নি তার।
অন্তত সকাল পর্যন্ত হয়নি। কারণ দুপুর গড়াতে গড়াতে শান্তিপূর্ণ পরিবেশটা হঠাৎই এলোমেলো হতে লাগলো।
শ্যামা তার রুমে বসে আপন মনে অরণ্যের স্মৃতিচারণ করছিলো,তখন হঠাৎ তার মা হন্তদন্ত হয়ে রুমে এসে বলে,
"শ্যামা জলদি চল!"
শ্যামা চমকে উঠে তার মায়ের দিকে তাকালো,মাকে অনেক ভীত দেখাচ্ছে,চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে,কয়েক মূহুর্তের ব্যবধানে যেনো তার বয়স কয়েক বছর বেড়ে গিয়েছে। মায়ের এমন অবস্থা দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে শ্যামা,
"কি হয়েছে মা?এমন দেখাচ্ছে কেনো তোমাকে?"
"রওনক...রওনক কে হাসপাতালে নিতে হবে", মা কাঁপা কাঁপা কন্ঠে বলে।
শ্যামা তড়িৎ গতিতে ছুটে যায় মায়ের রুমে,রওনক তার দাইমার কোলে রয়েছে।এক নাগাড়ে কেঁদে চলেছে বাচ্চাটা।
মা ও তার পিছু পিছু ফিরে এসে বলে,
" বাচ্চাটার রাত থেকে গা একটু গরম ছিলো। কিন্তু একটু আগে ঘুম থেকে উঠার পর থেকে কোনোমতে খাচ্ছেনা,গা জ্বরে পুড়ে যাচ্ছে।বাচ্চাটা এক নাগাড়ে কেঁদে চলেছে,নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে তার। কিছু কর মা,জলদি হাসপাতালে যেতে হবে।"
শ্যামা বাচ্চাটার গায়ে হাত দিয়ে দেখলো,আসলেই জ্বরে গা পুড়ে যাচ্ছে বাচ্চাটার। সে মাকে চিন্তিত গলায় বলে,
"ওর কিছু জামা কাপড় আর রিপোর্টগুলো গুছিয়ে নাও,আমি গাড়ি ডেকে আনছি।"
হঠাৎ সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে শ্যামা পুরোপুরি ভুলে যায় অরণ্যের দেওয়া সাবধানবাণী। অবশ্য মনে থাকলেও তার সামনে তার নিয়তি আর কোনো পথ খোলা রাখেনি।
বাবা ঘরে নেই,হেনা অনেকদিন বাদে আজই কলেজে গিয়েছে,মাকে সে একটা অসুস্থ বাচ্চা নিয়ে একা যেতে বলতে পারেনা,যেতে তো তাকে হতোই।
ঘরের চৌহদ্দি পেরিয়ে গাড়ি ডেকে আনে শ্যামা। তারপর মা, রওনক আর দাইমাকে নিয়ে বেড়িয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। তার এই ভুলটার দাম তাকে প্রাণ দিয়েও দিতে হতে পারে সেটা পুরোপুরি ভুলে গেলো সে।
রওনককে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার অনেকক্ষণ পর্যবেক্ষণ করে আস্বস্ত করে তাদের যে বেশি সিরিয়াস না। ঠিক সময়েই হাসপাতালে আনা হয়েছে। দুইদিন অবজারভেশনে রাখলে সুস্থ হয়ে যাবে।
মার জান আটকে ছিলো গলার কাছে,ডাক্তারের কথা শুনে যেনো ধরে প্রাণ ফিরে আসে তার। শ্যামাও স্বস্তির নিঃশ্বাস ফেলে।
বিকেল গড়াতেই বাবাকে নিয়ে সৌরভ হাজির হয় হাসপাতালে। শ্যামা বাবাকে ফোনে আস্বস্ত করেছিলো যে অবস্থা সিরিয়াস না,শুধু দুইদিন হাসপাতালে রাখতে হবে।
তবু বাবাকে অনেক চিন্তিত দেখালো। অবশ্যই কারণ বাচ্চাটা বাবার চোখের মণি,মায়ের থেকেও বেশি বাবা ওকে ভালোবাসে।
তাই প্রিয় নাতির কোনো কষ্ট উনি সহ্য করতে পারছেন না।
শ্যামা তাকে আস্বস্ত করার ভঙ্গিতে বলে,
"বাবা চিন্তা করোনা তো। ছোট্ট বাবুদের জ্বর-ঠান্ডা প্রায়ই লেগে থাকে। পরের বার থেকে ঠান্ডা বাতাস লাগতে দিওনা।"
বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে,
"আজ তুই ছিলি বলে মা,নয়তো তোর মা একা একা কিভাবে বাচ্চাটাকে হাসপাতালে আনতো।"
মা ও বলে উঠে,"ঠিক বলেছো,আজ আরও ওর ফিরে যাওয়ার কথা। ও চলে যাওয়ার পর এমন কিছু ঘটলে আমি কি করতাম ভাবলেই গা শিউরে উঠে আমার। বিপদ আসলে আমি দিশেহারা হয়ে পড়ি,কি করা উচিত বুঝতে পারিনা।"
'আজ আরও ওর ফিরে যাওয়ার কথা', মায়ের বলা কথাটি কর্ণকুহরে যেতেই অবশেষে সম্বিৎ ফিরলো শ্যামার।
আজ অরণ্যের তাকে নিতে আসার কথা,আর সে বারবার সাবধান করে দিয়েছিলো যা কিছুই হয়ে যাক বাড়ির চৌহদ্দি পার না করতে। সাথে সাথে একটি অজানা আতঙ্কের সঞ্চার হয় তার মনে। তার মস্তিষ্কে তখন একটি কথা ই আসে,তার ফিরে যেতে হবে বাড়ি,যত দ্রুত সম্ভব।
তাই সে তৎক্ষণাৎ বলে উঠলো,
"মা এখানে যেহেতু সব ঠিক আছে,বাবা ও এসে গেছেন। তাহলে আমি ফিরে যাই,কেমন? আমার আজ সন্ধ্যায় বেরোতে হবে,তোমাকে তো বলেছিলাম। আমি হেনাকে মেসেজ করে বলেছি সব, একটুপর সেও চলে আসবে।"
বাবা ভ্রু কুঁচকে বললেন,"বেরোতে হবে মানে?তুই চলে যাচ্ছিস?"
মা ই বাবার জন্য জবাব দেয়,"হ্যাঁ আজ ওর ফিরে যাওয়ার কথা,সকালে বলেছিলো। তখন তুমি ছিলেনা তাই জানোনা।
যেতে দাও ওকে,কাজেকর্মে থাকলে মন-মেজাজ ব্যস্ত থাকবে। এদিকটা আমরা সামলে নিবো।"
বাবা আর কিছু বললেন না,মাথা নাড়িয়ে সায় দিলেন।
সৌরভ নীরবে একপাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলো এতোক্ষণ। শ্যামা চলে যাবে শুনে ভ্রু কুঁচকে উঠে তার। এই মেয়েটাকে গত পনেরোদিন যাবত বশ করার চেষ্টা করে চলেছে সে কিন্তু মেয়েটা একদমই ধরা দিচ্ছেনা তার কাছে। ভেবেছিলো আগের মতো তাদের কথাবার্তা শুরু হলে,তার প্রতি শ্যামার আগের অনুভূতিগুলো জেগে উঠবে। কিন্তু মেয়েটা তার সাথে সৌজন্যতার খাতিরে যতটুকু না বললেই নয় তার চেয়ে বেশি কথাও বলেনা।
ব্যাপারটা তার পুরুষত্বে দারুণভাবে আ'ঘা'ত করে। সৌরভ চৌধুরীকে কখনো কোনো মেয়ের পিছনে এতো কাঠখড় পো'ড়া'তে হয়নি। মেয়েরা তার সুদর্শন চেহারা আর ব্যাকগ্রাউন্ড দেখেই তার পিছনে ঘুরঘুর করে। সে মেয়েদের সাথে একটু হেসে কথা বললেই তাদের বিছানা অব্দি নিতে বেশি চেষ্টাও করতে হতোনা তাকে।
কিন্তু এই মেয়ের এতো কিসের দেমাগ? সে রীতিমতো তার পরিবারের জন্য খাটছে দিনরাত,তবুও মেয়েটা গায়ে পড়ে একবার কথা বলতে আসেনা,দূরত্ব বজায় রেখে চলে।সে নিজ থেকে ফোন করে কথা বলতে চাইলে দায়সারা জবাব দিয়ে ফোন রেখে দেয়। সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে প্রভাবিত করে তা হলো এই মেয়েটাই এক সময় তাকে পা'গ'লের মতো ভালোবাসতো,তার কারণে অপমানিত হওয়ার পর ভার্সিটি আসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলো। এখন সেই মেয়েটাই তাকে পাত্তা দিচ্ছেনা,বিষয়টা রীতিমতো তাকে চ্যালেঞ্জ করার মতো মনে হয় তার। মেয়েটার চোখে মুখে ফুটে উঠা তার প্রতি অনীহা,তাকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা যেনো বারবার তাকে বিদ্রুপ করে বলে 'আমাকে তুই কখনো পাবিনা'।
আজ মেয়েটা একেবারেই তার নাগালের বাইরে চলে যাবে শুনে মাথায় র'ক্ত উঠে যায় তার। আজ সে এর শেষ দেখে ছাড়বে।
শ্যামা তার ব্যাগ নিয়ে যেতে উদ্ধত হলে সে সবাই শুনতে পায় মতো ঘোষণা করে,
"আমিই তাহলে শ্যামাকে পৌছে দিয়ে আসি। আমিতো এমনিতেই ওদিক দিয়ে যাবো।"
শ্যামা থমকে গিয়ে পূর্ণ দৃষ্টিতে তাকায় সৌরভের দিকে।লোকটি তার দিকেই তাকিয়ে আছে একদৃষ্টিতে,মুখে লেগে আছে তার সেই অমায়িক হাসি যা দেখে এক সময় তাকে ভালোবেসে ফেলেছিলো শ্যামা। কিন্তু এখন লোকটাকে এভাবে দেখলে কেমন জানি লাগে তার,গা শিরশির করে উঠে লোকটি তার দিকে তাকালে।লোকটির গায়ে পড়ে সখ্যতা করার চেষ্টা তার মোটেও পছন্দ নয়।আবার কিছু বলতেও পারেনা কারণ লোকটা দুঃসময়ে তাদের পরিবারকে সাহায্য করছেন,বাবাও লোকটিকে অনেক স্নেহ করতে শুরু করেছেন।
সে ইতস্ততভাবে মানা করতেই যাচ্ছিলো তখন বাবার গলা ভেসে আসে কানে,
"হ্যাঁ বাবা তুমি ওকে সাথে করে নিয়ে যাও। তোমার সাথে গেলে আমিও নিশ্চিত থাকবো।"
সৌরভ মুচকি হেসে শ্যামার উপর থেকে দৃষ্টি না সরিয়েই জবাব দেয়,
"চিন্তা করবেন না আঙ্কেল,আমি শ্যামার অনেক ভালো করে খেয়াল রাখবো। আপনি নিশ্চিন্ত থাকেন।"
ব্যস,তার আর কিছু বলার সুযোগই থাকেনা এরপর। মুখের উপর মানা করলে খারাপ দেখাবে,কোনো প্রত্যক্ষ কারণও নেই মানা করার। সৌরভ তার সাথে কখনো খারাপ কিছু করেনি বা এমন ইঙ্গিত দিয়ে কথা বলেনি। শুধু মনের খচখচানির জন্য তো একজন মানুষ যে তাদের পরিবারের শুভাকাঙ্ক্ষী তাকে অপমান করা যায়না। শ্যামা স্মিত হাসার চেষ্টা করে সায় দেয় সৌরভের প্রতি।
মাথায় তখনও বারি খাচ্ছে একটা কথা 'কাউকে বিশ্বাস করোনা'। সে একবার চোখ বন্ধ করে অরণ্যের চেহারাটা ভাবার চেষ্টা করে নিজেকে ধাতস্থ করার প্রয়াস করলো,মন টা অজানা ভয়ে কুঁকড়ে আছে। সে যত দ্রুত সম্ভব বাড়ি পৌছাতে চায়। মাঝে আর কয়েকটা ঘন্টা মাত্র। বারোটা বাজলেই সে তার প্রিয় মানুষটির বুকে থাকবে,তার সবচেয়ে শান্তির স্থান,যেখানে কোনো বিপদ তাকে ছুঁতেও পারবেনা। এসব ভাবতে ভাবতেই শ্যামা দ্রুতকদমে বেড়িয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে।
সৌরভ তার পিছু পিছু আস্তে ধীরে আসছে। শ্যামার গমনরত পিঠের দিকে তাকাতে তাকাতে তার মুখ থেকে সেই অমায়িক মেকি হাসি পুরোপুরি মুছে যায়। সে তার ফোন বের করে কাউকে একটা মেসেজ পাঠিয়ে ফোনটা রেখে দিয়ে হাঁটতে থাকে শ্যামার পিছুপিছু।
ঠোঁটে কুঠিল হাসি ফুটে উঠে তার,মনে মনেই বলে উঠে সে,
"শ্যামা পাখি আজ হয় তুমি নিজ থেকে ধরা দিবে নয় তো শিকারীর হাতে শিকার হবে। দুই ক্ষেত্রেই তোমাকে আজ আমার হতেই হবে।"
(চলবে)
