প্রথম পর্ব: অন্ধকারের রাত
রাত তখন ঠিক বারোটা।
চারদিকে নিস্তব্ধতা। আকাশে চাঁদ আছে, কিন্তু তার আলো যেন মেঘের আড়ালে হারিয়ে গেছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরোনো জমিদারবাড়িটাকে দূর থেকে দেখলে মনে হয়, বাড়িটি যেন শত বছর ধরে কারও অপেক্ষায় রয়েছে।
লোকমুখে শোনা যায়, এই বাড়িতে রাত বারোটার পর কেউ প্রবেশ করলে আর আগের মতো ফিরে আসে না।
কেউ বলে বাড়িটিতে অশরীরীর বসবাস, কেউ বলে সেখানে এমন এক রহস্য লুকিয়ে আছে, যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি।
কিন্তু এসব গল্পে সাবিলা কখনো বিশ্বাস করত না।
সাবিলা শহরের মেয়ে। পড়াশোনার কারণে সে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছে। তার চোখে পৃথিবীর সবকিছুর ব্যাখ্যা আছে। ভূত-প্রেতের গল্প তার কাছে নিছক কল্পনা।
কিন্তু সে জানত না, এই গ্রামে তার জন্য এমন কিছু অপেক্ষা করছে, যা তার সমস্ত বিশ্বাস বদলে দেবে।
সেদিন সন্ধ্যায় বারান্দায় বসে বই পড়ছিল সাবিলা। হঠাৎ তার দাদি এসে বললেন,— সাবিলা মা, একটা কথা বলব?
— জি দাদি, বলো।
— রাত হলে কখনো ওই পুরোনো জমিদারবাড়ির দিকে যাবি না।
সাবিলা হেসে বলল,
— কেন দাদি? সেখানে কি ভূত থাকে?
দাদির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল।
— সবকিছু নিয়ে হাসাহাসি করতে নেই মা। কিছু কিছু ছায়া মানুষের পিছু ছাড়ে না।
সাবিলা আর কিছু বলল না। তবে মনে মনে ঠিক করল, একদিন সে ওই বাড়িটা দেখতে যাবেই।
এদিকে গ্রামের আরেক প্রান্তে আশিক নামের এক যুবক নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ছিল। তার চোখ স্থির হয়ে আছে সেই জমিদারবাড়ির দিকে।
হঠাৎ তার ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এল।
মেসেজে লেখা—
'সে ফিরে এসেছে। এবার আলো নিভে যাওয়ার আগেই তাকে খুঁজে বের করো।'
আশিকের হাত কেপে উঠলো
সে বিড়বিড় করে বলল,
— অসম্ভব! সে তো অনেক আগেই হারিয়ে গেছে!
ঠিক তখনই জমিদারবাড়ির দোতলার একটি জানালায় সাদা পোশাক পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।
আশিক চোখ বড় করে তাকাল।
কিন্তু পরক্ষণেই সেই অবয়বটি অদৃশ্য হয়ে গেল।
পরদিন রাত।
সাবিলা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ জানালার বাইরে থেকে কারও ফিসফিস করে ডাক শোনা গেল।
— সাবিলা...
সে থমকে গেল।
আবার ডাক এল।
— সাবিলা... বাইরে এসো...
সাবিলা ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গেল। বাইরে কেউ নেই। শুধু উঠানের এক কোণে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা একটি মেয়ে।
মেয়েটির মুখ দেখা যাচ্ছে না।
চলবে : ভালো লাগলে পরের পাঠ দিবো
