"চৈত্র_শেষে_শ্রাবণধারা
#চিন্ময়ী_নূর
#পর্ব২
কালবৈশাখীর উন্মত্ত ঝাপটায় চারপাশ ভূতুড়ে নিস্তব্ধতায় নিমজ্জিত। পিচঢালা কৃষ্ণবর্ণ রাস্তাটা সাপের মতো এঁকেবেঁকে সামনে চলে গেছে, যার দুপাশে ঘন জঙ্গল আর নিঝুম বাঁশঝাড়। কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই, এমনকি একটা কুকুরও ডাকছে না।পাথুরে রাস্তায় খালি পায়ে দৌড়াতে দৌড়াতে চৈতি ইতিমধ্যে দুটো গ্রাম পার করে এসেছে। ছিলে যাওয়া জায়গাগুলো থেকে এখন আর রক্ত না ঝরলেও,অবশ যাতনা দানা বেঁধেছে। তার সারা শরীর ঘামে আর বৃষ্টির ছিটেয় জবজব করছে। শরীরটা আর বইতে পারছে না সে,মনে হচ্ছে এখনই পথের ধূলায় লুটিয়ে পড়বে।আরো আধা ঘণ্টা দশেক হাঁটার পর সামনের মোড়ে কয়েকটা মানুষের ছায়া দেখতে পেয়ে চৈতির হৃদস্পন্দন থমকে যায়।তিনটে লোক তার দিকে দাঁড়িয়ে বিড়ি ফুঁকছে।চৈতি নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে মাথা নিচু করে পাশ কাটিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ভাগ্য সহায় হলো না! পা বাড়াতেই দুজন লোক ছোঁ মেরে সামনে এসে দাঁড়ায়। চৈতি থমকে যায়। চারপাশ থেকে তিন হায়েনার বৃত্তে সে এখন বন্দিনী। মাঝখানের লোকটা একমুখ ধোঁয়া ছেড়ে বিশ্রীভাবে হাসে,
"ওরে বাবা! এই ভর দুপুরে... থুড়ি, এই নিশুতি রাইতে এমন মায়াবী পরী এই নির্জন গ্রামে কী করতাছে? যাইতাছস কই সুন্দরী?"
অন্যজন চৈতির কাঁধের ব্যাগের ফিতেটা হেঁচকা টানে ধরে আক্ষেপের স্বরে বলে,
"মেলা মালকড়ি আছে নাকি ভেতরে? একলা একলা পথ চললে তো বিপদ হইতে পারে, আমরা একটু পাহারা দেই?"
চৈতি পিছু হটার চেষ্টা করে, কিন্তু তার আগেই পেছনের লোকটা তার পথ আগলে দাঁড়ায়। ভয়ের এক হিমশীতল স্রোত তার শিরদাঁড়া বেয়ে নামে। পরক্ষণেই মাঝখানের লোকটা খপ করে চৈতির ডান হাতটা চেপে ধরে। ওই নোংরা হাতের স্পর্শে ঘেন্নায় চৈতির শরীর রি রি করে ওঠে। কিন্তু এই চরম বিপদেও মেয়েটা দমে যায় না। কোনো কিছু চিন্তা না করেই সে বিদ্যুৎবেগে লোকটার হাতের ওপর মরণকামড় বস
"উফফ! আআআহ্!"
লোকটা যন্ত্রণায় চিৎকার করে হাত ছেড়ে দেয়। সাথের বাকি দুজন এমন অভাবনীয় কাণ্ড দেখে মুহূর্তের জন্য থতমত খেয়ে যায়। তারা কিছু বুঝে ওঠার আগেই চৈতি তার ভারী ব্যাগটা দিয়ে লোক দুটোর মুখে আর মাথায় কয়েকটা এলোপাথারি বাড়ি মারে। আচমকা এই হামলায় তারা টাল সামলাতে না পেরে পিছিয়ে যেতেই চৈতি মরণপণ দৌড় দেয়। কাঁচা রাস্তা ছেড়ে সে সোজা নেমে পড়ে পাশের বিশাল বিলে। কাদা আর জল ভেঙে সে পাগলের মতো ছুটছে। পেছন থেকে লোকগুলোর কর্কশ গলা আর কুৎসিত গালাগালি ভেসে আসে,
"ওই শালী! দাঁড়া, কোথায় যাস? আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলব! ধর ওকে,নাজমুল ... ধর!"
চৈতির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, পায়ের তলার কাদা তাকে টেনে ধরেছে। কিন্তু পেছনে ফেরার কোনো পথ নেই। সামনে তাকিয়ে দেখে ঘন পাটখেত। এই অন্ধকারে লম্বা পাটগাছগুলোই এখন তার একমাত্র ঢাল। সে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পাটের খেতের ভেতর ঢুকে পড়ে।ভেতরে পা রাখতেই চারপাশটা আরও ঘুটঘুটে অন্ধকার। পাটপাতার খসখস শব্দে নিজের হৃৎস্পন্দনটাই তার কানে বাজছে ড্রামের মতো। সে একটা জায়গায় হাঁটু গেড়ে বসে পড়ে, নিজের মুখটা দুই হাতে চেপে ধরে যাতে কান্নার বা হাঁপানোর শব্দ বাইরে না যায়।কিন্তু হঠাৎ পাটখেতের ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে গম্ভীর পুরুষালি কণ্ঠস্বরটা ভেসে আসে,
"এই কে রে? কেডায় এইখানে? কথা কস না ক্যান?"
চৈতির সর্বাঙ্গে হিমশীতল স্রোত বয়ে যায়। এই নিশীথ রাতে, জনমানবহীন নিঝুম পাটক্ষেতের গহিনে এমন পুরুষালি কণ্ঠস্বর শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। বুকের ভেতর হৃৎপিণ্ডটা অবাধ্য পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। ভয়ে আড়ষ্ট হয়ে সে বিড়বিড় করে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে।অন্ধকারের বুক চিরে পুনরায় গম্ভীর স্বর ভেসে আসে,
"কে আপনি হে নারী? পাটক্ষেতে আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু করলেন কেন?""
"চৈতি কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। কণ্ঠস্বরটি যে কোনো অশরীরী আত্মার নয়, বরং রক্ত-মাংসের কোনো মানুষের, তা বুঝতে এবার আর বেগ পেতে হলো না। তবে এই নির্জন প্রান্তর আর অসময়ে এমন অদ্ভুত অভিযোগ তাকে কিংকর্তব্যবিমূঢ় করে দেয়। পরক্ষণেই খসখস শব্দে পাটবন চিরে এক দীর্ঘকায় অবয়ব উঠে দাঁড়ায়। আধো-আলো আর ছায়ার মিশেলে মূর্তিকে বেশ ভয়ংকর লাগছে। ঝিঁঝিঁ পোকার ডাক ছাপিয়ে লোকটির বিরক্তিমাখা স্বর আবারও প্রতিধ্বনিত হলো,
"আশ্চর্য! একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেও কি শান্তি মিলবে না?"
চৈতি কোনোমতে নিজের গলার কাছে দলা পাকিয়ে থাকা কান্নাটা গিলে নেয়। লোকটির অবয়ব এখন কিছুটা স্পষ্ট। দীর্ঘকায় মানুষটা নিজের লুঙ্গি ঠিক করতে করতে বিরক্তি নিয়ে গজগজ করছে। এই সময়ে বাইরের তিন হায়েনার টর্চের আলো পাটক্ষেতের আইলের ওপর এদিক-ওদিক নাচানাচি শুরু করে। তাদের কর্কশ গলার চিৎকার আবারও ভেসে আসে,
"ওই দেখ, এই পাটক্ষেতের ভেতরেই ঢুকেছে ছুড়িটা! চল, চারদিক দিয়ে ঘেরাও দিই। আজ যাবি কোথায় রে হারামজাদী?"
হায়েনাদের কর্কশ কণ্ঠস্বর শুনেই চৈতির সম্বিত ফেরে। সে থরথর করে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে আকুতি জানায়,
"ওরা... ওরা আমাকে মেরে ফেলবে। দোহাই লাগে আপনার, আমাকে বাঁচান! ওরা ভালো লোক না।"
লোকটি এবার স্থির হয়ে দাঁড়ায়। টর্চের আলোর নাচন দেখে সে-ও পরিস্থিতিটা আঁচ করতে পারে। তার বিরক্তিমাখা মুখভঙ্গি নিমেষেই উধাও হয়ে সেখানে কাঠিন্য নেমে আসে। সে নিচু গলায় শুধোয়,
"ওহ, তার মানে আপনি ইজ্জত লুটতে আসেন নাই, ইজ্জত বাঁচাইতে আসছেন? আগে কইবেন না!"
চৈতি উত্তর দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছে। লোকটি ঝট করে চৈতির হাত ধরে আরও ঘন পাটবনের ভেতর টেনে নিয়ে যায়। মাটির খুব কাছাকাছি ঝোপের আড়ালে তাকে বসিয়ে দিয়ে ফিসফিস করে সাবধান করে দেয়,"
"একদম টু শব্দ করবেন না। নিঃশ্বাসটা বুক দিয়ে না নিয়ে পেট দিয়ে নেন, যাতে পাটপাতা না নড়ে। আমি দেখছি আপনার ওই ভক্তদের কী করা যায়।"
চৈতি দেখে, লোকটি নিচু হয়ে মাটি থেকে একটা ভারী বাঁশের কঞ্চি বা লাঠিসদৃশ কিছু তুলে নেয়। অন্ধকারের মাঝে তার চোখের দৃষ্টি সাপের মতো চিকচিক করে ওঠে। সে বিড়বিড় করে স্বগতোক্তি করে,
"রাত-বিরাতে মানুষের শান্তি নষ্ট করে যারা, তাদের একটু শান্তি দেওয়া দরকার।"
লোকটি অন্ধকার পাটক্ষেত থেকে বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ বাইরে হট্টগোল, ধমকাধমকি আর লোকগুলোর আর্তচিৎকার করে দৌড়ে পালানোর শব্দ ভেসে আসে। চৈতি ভেতরে বসে থরথর করে কাঁপছে। অপরিচিত এক মানুষের ওপর ভরসা করে সে কতটা ঝুঁকি নিয়েছে, তা ভেবে নিজের ওপরই একরাশ বিরক্তি জাগে তার।কিছুক্ষণ পর লোকটি নির্বিকার ভঙ্গিতে ফিরে আসে। এসেই নিচু স্বরে গজগজ করতে করতে জানায়,
"গ্রামের মানুষ তো ভুল কইরা ফালাইছে, তাই ক্ষমা কইরা দিছি। আপনেরে আর কেউ জ্বালাইব না, এইবার আপনে যাইতে পারেন।"
চৈতি এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে। কৃতজ্ঞতায় তার দুই নয়ন বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অস্ফুট স্বরে ধন্যবাদের রেশটুকু রেখে সে সন্তর্পণে পাটক্ষেত থেকে বেরিয়ে আসে। জনশূন্য রাস্তায় পা রাখতেই দেখে চারপাশ একদম নিঝুম। মুক্তির আনন্দে মনটা ভরে ওঠে তার।সে যেই না পা বাড়াবে, অমনি পেছন থেকে গম্ভীর আর কিছুটা কর্কশ কণ্ঠস্বর পুনরায় ভেসে আসে,
"এই যে আপামণি! এই মধ্য রাইতে আপনি এই অজপাড়া গাঁয়ে কেন আইছিলেন, সেইটা তো কইলেন না?"
চৈতি থমকে দাঁড়ায়। বাড়ি থেকে পালিয়ে আসার সত্যটা প্রকাশ করলে লোকটা সন্দেহ করতে পারে, এমনকি চরিত্র নিয়েও কথা বলতে পারে। তাই সে চটজলদি এক মিথ্যার জাল বুনে নেয়। খুব স্বাভাবিক হওয়ার ভান করে নরম গলায় উত্তর দেয়,
"আসলে আমি বন্ধুদের সাথে শহর থেকে ঘুরতে এসেছিলাম। হাঁটতে হাঁটতে কখন যে পথ হারিয়ে ফেলেছি, বুঝতেই পারিনি।""
"লোকটি প্রায় দুই মিনিট স্থির দৃষ্টিতে চৈতির পাণ্ডুর মুখের দিকে চেয়ে থাকে। তার ওই তীক্ষ্ণ চাউনিতে মনে হয় সে মিথ্যেটা ধরে ফেলেছে। লোকটি এক তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তোলে,
"হুম, বুঝলাম! এতো বড় দামড়ি মাইয়া নাকি রাস্তায় পথ হারাইছে! আজব দুনিয়া!"
দামড়ি মেয়ে শব্দটা শুনে চৈতির পিত্তি জ্বলে ওঠে। অপমানে আর রাগে তার মুখটা আরক্ত হয়ে যায়। লোকটাকে কড়া কয়েকটা কথা শোনানোর জন্য সে মুখ খুলতে যাবে, অমনি লোকটি তাকে থামিয়ে দিয়ে ভারী গলায় বলে ওঠে,
"শোনেন, আমার বাড়িতে আইজ রাইতে থাইকা যান। নাহলে সামনে গিয়া আবার কার না কার চক্করে পড়বেন।"
চৈতি নিজের ক্রোধটুকু কোনোমতে গিলে ফেলে। এই নিশুতি রাতে অপরিচিত লোকের আবাসে যাওয়া কতটা নিরাপদ, তা ভেবে সে কিছুটা পিছিয়ে আসে। খুব নম্রভাবে উত্তর দেয়,
"না, লাগবে না। সাহায্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিজেই পথ চিনে চলে যেতে পারব।"
চৈতির কথা শেষ হতে না হতেই লোকটি কাঁধ উঁচিয়ে নির্বিকার ভঙ্গিতে পিঠ ফেরায়। হাঁটা শুরু করতে করতে বিড়বিড় করে সে আক্ষেপ করে,
"আইচ্ছা, তাইলে আমি যাই। আপনিও এই নিশুতি রাইতে লীলা পাগলির মতো ঘুরতে থাহেন। ঘুরতে ঘুরতেই পথ পাইয়া যাবেন আবার!""
কষ্ট করে লিখেছি প্লিজ অনুমতি নিয়ে কপি করবেন ......🌷
চলবে ......📌
