ডিসেম্বরের শুরুর দিকে। টোকিও শহরে এখন বেশ ভালোই শীত। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় সাড়ে এগারোটা। অ্যাসাইনমেন্ট শেষ করতে করতে লাইব্রেরীতে হিতোরী বেশ দেরি করে ফেলে। লাইব্রেরী থেকে বের হয়ে বেশ দ্রুত গতিতে সাইকেল চালাচ্ছে। হঠাৎ করেই বাতাসের গতিপ্রকৃতি বদলে গেল। চারপাশটা কেমন যেন হয়ে উঠল। রেললাইনের ধার ঘেঁষা গলির বাঁকটায় কুয়াশা এতটাই ঘন হয়ে এল যে সামনের কয়েক গজও আর দেখা যাচ্ছিল না। হিতোরীর বুকটা হুট করে কেঁপে উঠল। অদ্ভুত এক অজানা আশঙ্কায় তার সারা শরীর ঘামতে শুরু করল, অথচ হাড় কাঁপানো শীতে দাঁতে দাঁত লেগে কাঁপছে তার চোয়াল। শরীরটাও অস্বাভাবিকভাবে কাঁপছে। পেছন থেকে কিছু শব্দ হতে লাগলো। কিছু টানার শব্দ....। প্রচণ্ড ভীতিতে গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও কৌতূহল আর আতঙ্কে হিতোরী ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাল। পেছনে ঘুড়তেই তার সারা শরীরের রক্ত মুহূর্তের মধ্যে বরফ হয়ে গেল। স্কুল ইউনিফর্ম পড়া মেয়টার শরীরের নিচের অংশটুকু নেই। কোমর থেকে ওপরের অংশ সে হাত ভর দিয়ে দ্রুত গতিতে আসছে। একহাতে ঝুলছে বিশাল এক ধারালো ব্লেডের মতো কাস্তে, যা রাস্তার পিচে ঘষে ঘষে স্ফুলিঙ্গ ছড়াচ্ছে! হিতোরী ভয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে শুরু করলো। মাত্র কয়েক মুহূর্ত। একটা বিকট শোঁ শোঁ শব্দের সঙ্গে সঙ্গে পেছন থেকে এক ঝটকায় ঠান্ডা বাতাসের এক বিশাল ঢেউ আছড়ে পড়ল হিতোরীর ওপর। তারপরই চোখের পলকে... এক নিমেষে ধারালো কাস্তের এক কোপে মাঝখান থেকে দুই টুকরো হয়ে গেল হিতোরী। তার চিৎকার বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই চারপাশটা আবার স্তব্ধ হয়ে গেল। কেবল পড়ে রইল ভাঙা সাইকেলের চাকা আর রক্তে ভে*জা বরফ ঠান্ডা পিচঢালা পথ।
*
সকাল দশটা। টোকিও শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল এক বীভৎস হত্যাকাণ্ডের খবর। টোকিও শহরের শান্ত ও নিয়মতান্ত্রিক জীবনে এই ধরনের লোমহর্ষক ঘটনা এক মুহূর্তের জন্য পুরো জাতিকে স্তব্ধ করে দিল। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল থেকে কোনো ক্লু পেলেন না আর না কোনো ঘাতকের পায়ের ছাপ, না কোনো প্রত্যক্ষদর্শী। টেলিভিশন স্ক্রিনে ব্রেকিং নিউজ, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন—সব মিলিয়ে এক চরম আতঙ্ক নেমে এল মানুষের মনে।হিতোরীর মর্মান্তিক মৃত্যুর পর টোকিও মেট্রোপলিটন পুলিশের ডেস্কে মামলাটি নথিবদ্ধ করা হলো। মামলার তদন্তের দায়িত্ব পড়ল ইন্সপেক্টরি হানাদা এবং তার সহকারী জুনিয়র ডিটেক্টিভ কাতাশির ওপর।
