পর্ব -১ (পার্ট ১)
একজন অবিশ্বাসীর বিশ্বাস :-
আমি রুমে ঢুকেই দেখি, সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। খটাখট কী যেন টাইপ করছে। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম। প্রচণ্ড রকম তৃষ্ণার্ত। তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে বলল-'কী রে, কিছু হইল?'
আমি হতাশ গলায় বললাম-'নাহ।'
'তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে?' সাজিদ জিজ্ঞেস করল।
আমি বললাম-'কী আর করা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।'
সাজিদ বলল-'তোদের এই এক দোষ, বুঝলি? দেখছিস পুওর অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ভাই, এইখানে কোন ভালোটা তুই পাইলি, বল তো?'
সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল। নামাজ-কালাম করত। বিশ্ববিদ্যালয়ে এসে কীভাবে কীভাবে যেন অ্যাগনোস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার ওপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে। তার মতে, পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ। আর 'ঈশ্বর' ধারণাটাই এই রকম স্বার্থান্বেষী কোনো মহলের মস্তিষ্কপ্রসূত।
সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই। কিন্তু তাকে একদম ইগনোর করেও যাওয়া যায় না।
আমি বললাম- 'আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারত, ঠিক না?'
'আরে, খারাপ হওয়ার আর কিছু বাকি আছে কি?'
'হয়তো।'
'যেমন?'
'এ রকমও তো হতে পারত, ধর, আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না। পরীক্ষায় ফেইল মারলাম। এখন ফেইল করলে আমার এক বছর ড্রপ যেত। হয়তো ফেইলের অপমানটা আমি নিতে পারতাম না। আত্মহত্যা করে বসতাম।'
সাজিদ হা হা হা করে হাসা শুরু করল। বলল-'কী বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই!'
এই বলে সে আবার হাসা শুরু করল। বিদ্রূপাত্মক হাসি।
রাতে সাজিদের সাথে আমার আরও একদফা তর্ক হলো।
সে বলল-'আচ্ছা, তোরা যে স্রষ্টায় বিশ্বাস করিস, কীসের ভিত্তিতে?'
আমি বললাম-'বিশ্বাস দুই ধরনের। একটা হলো, প্রমাণের ভিত্তিতে বিশ্বাস। অনেকটা শর্তারোপে বিশ্বাস বলা যায়। অন্যটি হলো, প্রমাণ ছাড়াই বিশ্বাস।'
সাজিদ হাসল। সে বলল-'দ্বিতীয় ক্যাটাগরিকে সোজা বাংলায় অন্ধ বিশ্বাস বলে রে আবুল, বুঝলি?'
আমি তার কথায় কান দিলাম না। বলে যেতে লাগলাম-
'প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস, সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না। পড়লেও খুবই ট্যাম্পোরারি। এই বিশ্বাস এতই দুর্বল যে, এটা হঠাৎ হঠাৎ পালটায়।'
সাজিদ এবার নড়েচড়ে বসল। সে বলল- 'কীরকম?'
আমি বললাম-'এই যেমন ধর, সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌতূহল আছে। আমরা আদিকাল থেকেই এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না?'
'হু, ঠিক।'
'আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক?'
'হ্যাঁ।'
'আমরা একাট্টা ছিলাম। আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে, সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কী। সেই সুবাধে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কি বলেছিল, সেটা নিশ্চয় তুই জানিস?'
সাজিদ বলল-'হ্যাঁ। সে বলেছিল, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।'
'একদম তা-ই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? নেই।
কিন্তু কি জানিস, এই টলেমির থিওরিটা বিজ্ঞানমহলে টিকে ছিল পুরো ২৫০ বছর? ভাবতে পারিস! ২৫০ বছর পৃথিবীর মানুষ-যাদের মধ্যে আবার বড়ো বড়ো বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করত যে, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই ২৫০ বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে, তারা এই বিশ্বাস নিয়েই মারা গেছে যে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে।'
সাজিদ সিগারেট ধরাল। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল-'তাতে কী? তখন তো আর টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ দিয়েছে আর কী। পরে নিকোলাস কোপারনিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করল না?'
'হ্যাঁ, কিন্তু কোপারনিকাসও একটা মস্তবড়ো ভুল করে গেছেন।'
সাজিদ প্রশ্ন করলো-'কীরকম?'
'অদ্ভুত! এটা তো তোর জানার কথা। যদিও কোপারনিকাস টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছিলেন যে, সূর্য পৃথিবীর চারপাশে নয়; বরং পৃথিবীই সূর্যের চারপাশে ঘুরে, কিন্তু তিনি এক জায়গায় ভুল করেন এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতে বীরদর্পে টিকে ছিল গোটা পঞ্চাশ বছর।'
'কোন ভুল?'
'উনি বলেছিলেন-পৃথিবীই সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না। সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞান বলে-নাহ, সূর্য স্থির নয়। সূর্যও নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে।'
সাজিদ বলল-'সেটা ঠিক বলেছিস। কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে, প্রতিনিয়ত পরিবর্তিত হবে। এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই।'
'একদম তা-ই। আমিও জানি, বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একটা বৈজ্ঞানিক থিওরি ২ সেকেন্ডও টেকে না, আবার আরেকটা ২০০ বছরও টিকে যায়।
চলবে
