বৈশাখের গা ঝলসানো রোদের মধ্যেই বনখড়িয়ার আকাশ মেঘাচ্ছন্ন রূপ ধারণ করেছে। সোনালী ধান খেতে মজুরেরা দ্রুত হাত চালিয়ে পাকা ধান কাটছে। মাটির উঁচু ঢিবিতে বসে বেল খেতে খেতে তাদের কাজ দেখছে নাজির। সেই কাক ডাকা ভোরে বাড়ি থেকে বেরিয়েছিল সে। মিছরি তখন সবে চুলায় ভাত বসিয়েছে। এরপর নানান ব্যস্ততায় আর বাড়ি ফেরা হয়নি। তাই সকাল থেকে পেটে দানা পড়েনি।
হঠাৎ আকাশ গর্জে উঠল। একজন মজুরের হাত যেন চলছেই না। নাজির চিৎকার করল,“নাটক মারাইতে আইছো? ট্যাহা নেওনের সময় তো গুইন্না গুইন্না সব লইয়া যাইবা। কাম কচ্ছপের লাহান করো ক্যা? হাত চালাও!”
লোকটি বিরক্তি নিয়ে একপলক তার দিকে তাকিয়ে কাজে মন দিল। শিশু কণ্ঠে থেকে আচানক ডাক এলো,“আব্বা!”
পেছনে ফিরে তাকাল নাজির। বছর দুয়েকের ছোটো এক বাচ্চা ছেলে ছুটে আসছে তার দিকে। হাতে একটি ললিপপ, পরনে হাতাকাটা ছাপা শার্ট আর হাফ প্যান্ট। ছুটতে গিয়ে পা বেঁধে ঘাসের ওপর হঠাৎ উল্টে পড়ল সে। পেছনে মিল্টন হেলেদুলে ধীরে ধীরে হেঁটে আসছিল। তাকে পড়ে যেতে দেখে অপ্রস্তুত হলো সে। ধরার আগেই নাজির বসা থেকে ছুটে এসে কোলে তুলে নিল ছেলেকে। শরীর থেকে ময়লা ঝেড়ে ফেলে পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল,“আমার আব্বা! কিচ্ছু হয় নাই।”
বাবার ছোঁয়া পেয়ে কেঁদে উঠল নক্ষত্র। একহাতে গলা জড়িয়ে ধরে অন্য হাতে পায়ের দিকে আঙ্গুল তাক করে মিহি স্বরে ভাঙ্গা ভাঙ্গা শব্দ আওড়িয়ে বলল,“দুক্কু, আব্বা।”
নাজির সেদিকে তাকাল। হাঁটুর নরম চামড়া ছিঁলে রক্ত বের হচ্ছে। পিতা মন ক্রমেই অস্থির হয়ে উঠল। নিজের জায়গায় ফিরে গিয়ে ছেলেকে কোল থেকে নামিয়ে বসলো। মিল্টনের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, “ওরে এতদূর আনলি ক্যান? ওর মায় কই? দূর্বা ঘাস লইয়া আয়।”
মিল্টনও অস্থির হয়ে উঠল। বাচ্চাটি তাদের সবার চোখের মণি। পাশ থেকে কিছু দূর্বা ঘাস এনে নাজিরের হাতে দিয়ে বলল,“ভাবি দেখলে কী আনতে দিত? আওনের সময় বাড়ির সামনের রাস্তায় খেলতাছিল। আমারে দেইখাই আব্বার কাছে যাওনের লাইগা বায়না শুরু। তাই লইয়া আইলাম।” থেমে বলল,“কান্দে না, কিছু হয় নাই। তুমি বড়ো মানুষ না?”
নাক টেনে হাতের উল্টো পিঠে চোখ মুছল নক্ষত্র। দূর্বা ঘাসগুলো থেকে রস নির্গত করে ক্ষতে প্রলেপ করে দিতেই ব্যথায় চিৎকার করে উঠল সে। ফের তাকে বুকে জড়িয়ে ধরলো নাজির। সারা মুখে চুমুতে ভরিয়ে দিয়ে বলল,“তুমি আমার পোলা না? এইটুক বিষে কানলে হইব? সাইরা যাইব, আব্বা। বেল খাইবা?”
“কাবো।”
গামছা দিয়ে তার নাকের পানি, চোখের পানি মুছিয়ে দিয়ে হাতে অর্ধ খাওয়া বেলটি ধরিয়ে দিল নাজির। হেসে বলল,“তাইলে এই ললিপপ কেডায় খাইব? আমি?”
“না, আমিই কাবো। বেল কাওনের পর কাবো।”
“লগে আবার শুদ্ধ মারাও ক্যা, আব্বা? মায়ের লাহান হইতাছো দেহি! কও, খামু।”
“মা মারবে।”
“আমি আছি না? আমার পোলার শরীলে হাত দিব এত সাহস!”
“তোমারেও মারব। সকালে বাত কাওনি ক্যান? এই দন্ন বাইত গেলে ঝালু দিয়ে মারব।”
বাকরুদ্ধ হয়ে মিল্টনের দিকে মাথা তুলে তাকাল নাজির। মিল্টন ঠোঁট টিপে হাসছে। নাজির রেগে গেল। ধমক দিয়ে বলল,“হাসোস ক্যান? তোর ভাবির দিনদিন সাহস বাড়তাছে। পোলাডার সামনে সম্মান রাখতাছে না। এই বউ লইয়া আমি জীবনে একটু সম্মান লইয়া বাঁচতে পারলাম না।”
“আমার বউডাও দিনদিন ভাবির লাহান হইয়া যাইতাছে। মনে হয় প্রশিক্ষণ নেয়।”
“সারাক্ষণ হের কাছেই তো পইড়া থাহে। লাগাম টান। না হইলে আমার মতন দশা হইব।”
মিল্টন মাথা নাড়ায়। নাজির বসা থেকে ছেলেকে নিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়াল। তলপেটে এখনো টান লাগে। চিকিৎসা চলছে। শরীরের অবস্থা আগের মতোই। শুধু স্বাস্থ্য একটু বেড়েছে। নক্ষত্রের আঙ্গুল ধরে মিল্টনের উদ্দেশে বলল,“এনে বইয়া হেগো কাম দেখ। সুযোগ পাইলেই চোরামি করে। আমি ওরে লইয়া বাড়িত যাই। ওর মায় আবার চিন্তা করব।”
“আইচ্ছা, ভাইজান। আমনে যান, আমি আছি।”
বাড়ির পথে রওনা হলো নাজির। হাঁটতে হাঁটতে বলল,“মনে হয় বৃষ্টি নামব।”
নক্ষত্র হাত থেকে বেলটি ছুঁড়ে ফেলে ললিপপ মুখে ঢুকাল। নাজির গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিয়ে জিজ্ঞেস করল,“তোমার মা হাছাই রাইগা আছে, আব্বা?”
“হুম।” উপরনিচ মাথা নাড়াল সে।
“বাড়িত গিয়াই মায়রে জড়াইয়া ধইরা গালে দুইডা চুমা খাইবা।”
“ক্যান?”
“রাগ কমব। আমগো আর পিডাইব না।”
“ছুদু তোমারে পিডাইবে।”
ভোঁতা মুখে ছেলের দিকে তাকাল সে। চেহারা সুরৎ পেয়েছে তার, কিন্তু স্বভাব একেবারে মায়ের মতো। কোলে তুলে নিয়ে বলল,“তোমার মা আমার লগে পারব?”
“মায়ের অনেক ছক্তি।”
“তুই তো পুরাই মিছরির ছাও।”
“তুমি কার ছাও?”
“তোর।”
খিলখিল করে হাসল নক্ষত্র। বাবা-ছেলে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে গেল। দুপুরের রান্না শেষ করে গোসল সেরে এসেছে মিছরি। ভেজা কাপড় দড়িতে মেলে তাদের দেখে সোজা হয়ে দাঁড়াল। জিজ্ঞেস করল,“কোথা থেকে ফেরা হচ্ছে? আমাকে না বলে কোথায় গিয়েছিলি?”
বাবার পেছনে লুকিয়ে পড়ল নক্ষত্র। নাজির ঘাড় চুলকে বলল,“আর কইয়ো না, বউ। ধান কাটতে কামলা আইছে। একটু অন্য মিহি চাইলেই কামে ফাঁকিবাজি করে। তাই উনেই বইয়া রইছিলাম। ওরে আবার লইয়া গেছে মিল্টনে। হেরপর মিল্টনরে কাম ধরাইয়া দিয়া বাপ পুতে আইয়া পড়লাম।”
মিছরি রাগ করল না। হাতের ইশারায় ছেলেকে কাছে ডেকে স্বামীর উদ্দেশে বলল,“সকাল থেকে পেটে কিছু পড়েছে?”
“বেল খাইছিলাম একটা।”
“এভাবে চললে শরীর আর শরীর থাকবে না। একে গোসল করিয়ে দিয়ে নিজেও গোসল সেরে আসুন। ভাত বাড়ছি।”
বাবা-ছেলে একে অপরের দিকে তাকিয়ে কলপাড় চলে গেল। মায়ের থেকে বাবার কাছে গোসল করতে বেশি পছন্দ করে নক্ষত্র। বাবা তেমন কিছু বলে না। উল্টে তার দুষ্টুমিতে সায় দেয়। আর মায়ের সামনে একটু পানি নিয়ে খেললেই পিঠে ঠাসঠুস পড়ে যায়।
মিছরি ঘরে এসে ভাত বেড়ে মাদুরে বসে আছে স্বামী আর সন্তানের অপেক্ষায়। তাদের ইটের দালানের কাজ মাস ছয়েক আগে শেষ হয়েছে। নাজিরের গরুর খামার বড়ো হয়েছে। পুরোনো টিনের ঘর ভেঙে গোয়ালঘর বড়ো করা হয়েছে। পাশেই ঢেউ টিনের ছাদ দিয়ে দুই কামড়ার মাটির ঘর।
শালিক এখন স্বামীর সঙ্গে শহরে থাকে। নওশাদের বেশ কয়েকবার প্রমোশন হয়েছে, বেতনও বেড়েছে। স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকে। তবে মেয়েটি প্রায় নয় মাসের গর্ভবতী। একা একা চলাফেরা করতে পারে না। কাজের লোক রেখে দিতে চাইলেও গ্ৰামে আসার জন্য সে জেদ ধরেছে। তাই একপ্রকার বাধ্য হয়েই অফিস থেকে থেকে ছুটি নিয়ে পরশু বাড়ি চলে এসেছে নওশাদ। অলিউল খান মেয়েকে নিজের সঙ্গে খান বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু সে যেতে রাজি নয়।
গোসল সেরে গায়ে গতরে সরিষার তেল মেখে বাবা- ছেলে খাবার ঘরে এসে বসলো। লাউ, টমেটো একত্রে সরিষার বাগার দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছে মিছরি। আগের থেকে রান্নার হাত ভালো হয়েছে। মেয়ে একেবারে সংসারি হয়ে উঠেছে।
নাজিরের নিজস্ব ব্যবসা হয়েছে এখন। জেলা শহরে আড়ত দিয়েছে মাস দুয়েক হলো। সেখানে লতিফ বসে। মাখন, ঘি আর গুড়ের ব্যবসাও ভালোই চলছে। অর্থাভাব এখন আর নেই। শুধু শরীরের রোগই যেন এখনো রয়ে গেছে।
ভাত মাখিয়ে স্ত্রীর মুখের সামনে প্রথম লোকমা ধরে জিজ্ঞেস করল,“ছুডো বউ, নওশাদ হেরা কই? ভাত খাইছে?”
হা করল মিছরি। ভাত চিবিয়ে বলল,“আপনার জন্য ভাই অপেক্ষা করছিল। কিন্তু আপা তো অসুস্থ। তাই আগে আগেই বেড়ে দিয়েছি। খেয়ে ঘুমাচ্ছে।”
“ভালা করছো।” এবার আরেক লোকমা ছেলের মুখের সামনে ধরলো।
নক্ষত্র দুদিকে মাথা নাড়াল।
“কাবো না। মুজা লাগে না।”
“কী মজা লাগে না? লাউ খাইলে পেট ঠান্ডা থাহে। হউরা খাইলে নাক পরিষ্কার হয়। হা কর।”
“তুমি কাও।”
উঠে গিয়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে ফেলল। এতে নাজির নারাজ হলো। দাঁতে দাঁত পিষে বলল,“তুই আসলেই মিছরির ছাও। মায়ের লাহান এইডা খামু না, ওইডা খামু না কইয়া নাখরা করোস। আমার ছাও হইলে তো সবই গিলতি।”
“কষ্ট করে পেটে রেখেছি আমি, প্রসব বেদনা সহ্য করেছি আমি। আমার মতোই তো হবে। আমার বাবা মুরগির কলিজা দিয়ে ভাত খাবে? এই দেখো, তোমার জন্য মুরগি রান্না করেছি।”
নক্ষত্র উপরনিচ মাথা নাড়াল। নাজির হতাশ হয়ে নিজের খাওয়ায় মনোযোগ দিল। ভাতের থালায় মুরগির রান, কলিজা আর ঝোল নিয়ে পাশে রেখে ছেলেকে সোজা করিয়ে বসাতেই নজরে পড়ল হাঁটুর ক্ষতস্থানে। কপালে ভাঁজ পড়ল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল,“হাঁটুর এই অবস্থা কী করে? কোথায় পড়ে গেছিস? আপনি দেখেননি? এভাবেই ওকে গোসল করিয়ে এনেছেন?”
“দৌড়াইতে গিয়া পড়ছে। দূর্বা ঘাস লাগাইয়া দিছি। গোসলের সময় গামছা দিয়া বাইন্ধা পানি ঢালছি। পোলা মানুষ। এমন একটু আধটু হইবই।”
“বললেই হলো? কতটুকু কেটেছে!”
“এইডা নাজির শাহর পোলা। এইটুকুতে কানলে হইব? ভাত খাওয়াইয়া মলম লাগাইয়া দিয়া ঘুম পাড়াও।”
মিছরি আর কথা বাড়াল না। বসা থেকে উঠে গিয়ে ওষুধ এনে আগে ক্ষতস্থানে লাগিয়ে দিল। তারপর ছেলের মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিয়ে আদর করে খাবার খাইয়ে ঘুম পাড়াল। নাজির এসে পাশে শুয়ে পড়ল। অলস ভঙ্গিতে বলল,“আমারেও পাড়াও।”
“কী?” কৌতূহল নিয়ে তাকাল।
“ঘুম।”
“ঢং!”
“পোলারে তো ঠিকই আদর করলা।”
“ছেলেকে হিংসা করেন?”
“না, তবে আমারেও সেবা-যত্ন করা উচিত। মাথা হাতাইয়া দেও।”
দ্বিমত করল না মিছরি। দুজনের মাঝখানে শুয়ে পড়ল। স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, “দিনদিন ঝিমিয়ে যাচ্ছেন। বয়স বাড়ার আগেই বুড়ো হয়ে যাচ্ছেন।”
“শরীলের উপরে দিয়া যা গেছে! বুইড়া তো হমুই। তবে তার আগে আরও কয়ডা পোলাপাইন আনতে হইব। আমি না থাকলে তো বাঁচতে হইব।”
“সারাক্ষণ আজেবাজে কথা।”
“হাছা কথা। আমি না থাকলে একলা একলা থাকতে পারবা না?”
“না, যাওয়ার আগে নিয়ে যাবেন।”
“লইয়া গেলে পোলাপাইনের কী হইব?”
“বাপ ছাড়াই বা কী হবে?”
জবাব দিল না নাজির। স্ত্রীকে টেনে এনে বুকের সঙ্গে চেপে ধরে চোখ বন্ধ করল। মিছরিও একসময় ঘুমিয়ে পড়ল। সারাদিন অনেক কাজ করেছে। নাজির ঘাড় ফিরিয়ে ঘুমন্ত স্ত্রী ও ছেলের দিকে তাকিয়ে রইল। দুজনের কপালেই চুমু খেল। কি স্নিগ্ধ দুজন! এই দুজনকে রোজ দেখলেই তার মন ভালো হয়ে যায়।
#যাত্রাপথ (স্পেশাল পর্ব)
লেখনীতে: #মাশফিত্রা_মিমুই
(সারপ্রাইজ! এটি বইয়ের কাহিনির উপর নির্ভর করে লেখা।)
