#বাঁধন_রূপের_অধিকারী
#লেখিকা_সুমি_চৌধুরী
#পর্ব ৩
হাতে গুনে গুনে চৌদ্দটা বছর পার হয়ে গেছে। সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে অনেক স্মৃতি, বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কিন্তু সব পরিবর্তনের মাঝে সবচেয়ে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে রূপা। সেই ছোট্ট, চঞ্চল রূপা আজ আর নেই। সে এখন এক মায়াবী রূপসী তরুণী। রূপার সৌন্দর্য যেন কোনো নিপুণ শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শরতের মেঘমুক্ত আকাশের জ্যোৎস্নার মতো শুভ্র ও উজ্জ্বল। টানা টানা ডাগর চোখ দুটোয় সবসময় এক অদ্ভুত মায়া খেলা করে, যা নিমেষেই যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের ওপর ঢেউ খেলে পড়ে, যেন এক অন্ধকার মেঘের মেলা। তবে রূপার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার ভুবনভোলানো হাসি। হাসলে তার মুক্তোর মতো সাদা দাঁতগুলোর মাঝে কোণের দিকে থাকা সেই _'গ্যাচ দাঁত'_ টুকি দেয়। এই একটিমাত্র দাঁত তার সৌন্দর্যে যেন এক আলাদা মাত্রা যোগ করেছে; যা তাকে সাধারণ সুন্দরীদের ভিড় থেকে আলাদা করে এক অনন্য সাধারণ রূপ দান করেছে। তাকে দেখলে মনে হয়, যেন স্বর্গের কোনো অপ্সরা মর্ত্যে নেমে এসেছে।
এই চৌদ্দ বছরে সে নিজেকে তিল তিল করে গড়ে তুলেছে এক মায়াবতী রাজকন্যার মতো, যার রূপের ছটায় পুরো শহর আজ মোহগ্রস্ত।
সকাল সকাল রহমান বাড়িতে আজ রীতিমতো উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে পোলাও, কোর্মা আর হরেক পদের সুঘ্রাণ। রজনী রহমান সেই ভোর থেকে হেঁসেলে ব্যস্ত, আগুনের তাপে ঘামছেন ঠিকই কিন্তু তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। রূপা কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামল। পরনে তার কলেজের ইউনিফর্ম ড্রেস, আর স্বভাবমতো দুই পাশে ঝুলে আছে দুটো লম্বা বেণী। বড় হলেও তার স্বভাবটা রয়ে গেছে ঠিক সেই আগের মতো। বাচ্চাদের মতোই হয় দুটো বেণী করবে, নয়তো দুটো ঝুঁটি।
সে ড্রয়িং রুমে এসে দেখল আহসান রহমান আর আতিক রহমান চায়ে চুমুক দিচ্ছেন আর নিজেদের মাঝে গল্প করছেন। তাদের পাশের সোফায় বসে বেশ গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন হাজি রহমান। রূপাকে দেখে আহসান রহমান স্নেহের সুরে হাতের ইশারায় কাছে ডাকলেন। রূপা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালে তিনি তাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন।
"পড়াশোনা কেমন চলছে তোমার মা? সব ঠিকঠাক আছে তো?"
রূপা মাথা নেড়ে মিষ্টি হেসে উত্তর দিল।
"হ্যাঁ বাবা, সব ঠিক আছে।"
"যাক, ভালো থাকলেই আলহামদুলিল্লাহ।"
কিছুক্ষণ পরেই শান্তা ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নেমে এল। রূপার কলেজ আর শান্তার ভার্সিটি পাশাপাশি হওয়ায় তারা সবসময় একসাথেই বের হয়। তবে বের হওয়ার আগে রূপা কৌতূহল সামলাতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়ল। এত আয়োজন দেখে অবাক হয়ে সে রজনী রহমানের উদ্দেশ্যে বলল।
"মা, আজ এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে নাকি?"
পাশ থেকে শিলা রহমান উত্তর দিলেন।
"হ্যাঁ, আজ তোর বড় ভাই আসবে।"
রূপার চোখেমুখে বিস্ময়।
"কে? বাঁধন ভাইয়া?"
"হ্যাঁ।"
রূপা বেশ উৎসাহ নিয়ে বলল।
"খুব ভালো! ভাইয়াকে তো আমি কখনো দেখিনি। তাহলে এবার সামনাসামনি দেখা হচ্ছে ভাইয়ার সাথে!"
রূপার এমন কথা শুনে শিলা রহমান আর রজনী রহমানের মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। রজনী রহমানের মনে তখন হাজারো দুশ্চিন্তার পাহাড়। চৌদ্দ বছর আগের সেই জেদি, রাগী বাঁধন কি এখনো আগের মতোই আছে? নাকি সময়ের সাথে সে নিজেকে বদলেছে? মানুষ বড় হলে তো অনেক কিছু শেখে, বোধশক্তি বাড়ে। বাঁধনও তো এখন অনেক বড় হয়েছে, হয়তো সে আর আগের মতো সেই নিষ্ঠুর আচরণ করবে না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে শুধু মঙ্গলই প্রার্থনা করলেন রজনী রহমান।
"বাঁধন ভাইয়া নাকি ছোট বেলায় তোর কান্না ফাটিয়ে দিয়েছিল।"
শান্তার হঠাৎ এমন কথা শুনে রূপার চলার গতি থমকে গেল। সে রাস্তার মাঝখানেই গাল ফুলিয়ে শান্তার দিকে বড় বড় চোখ করে তাকাল। রূপার সেই মায়াবী চেহারায় এখন এক রাশ বিস্ময়। সে অভিমানী সুরে বলল।
"আপুউউ মজা করছো?"
শান্তা রূপার অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল। সে হাসতে হাসতেই বলল, "আরে না রে, মজা করব কেন? আমি একদিন আকাশ ভাইয়ের কাছে শুনেছিলাম বাঁধন ভাইয়া নাকি তোর কান্না ফাটিয়ে দিয়েছিল!"
রূপা এবার বেশ জোর দিয়েই বলল।
"ভাইয়া আমার কান্না কেন ফাটাবে? এগুলো সব একদম মিথ্যা কথা। আকাশ ভাল্লুক ভাইয়ের তো আজ খবর আছে!"
শান্তা মাথা নেড়ে বলল।
"আচ্ছা, বাড়ি গিয়ে ওর খবর নিস।"
কিছুক্ষণের মধ্যেই তাদের পথ আলাদা হয়ে গেল। শান্তা তার ভার্সিটির রাস্তার দিকে চলে গেল। রূপা নিজেও গটগট করে তার কলেজের দিকে হাঁটা দিল। রূপা ময়মনসিংহের বিখ্যাত আনন্দমোহন কলেজে পড়ে এবং সে এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ছাত্রী। রূপা ক্লাসে ঢুকে দেখে তার তিন প্রিয় বান্ধবী নাদিয়া, কেয়া আর বৃষ্টি এক বেঞ্চে বসে গভীর আড্ডায় মেতে আছে। রূপা গটগট করে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের পাশেই বসে পড়ল। রূপার সেই ফোলা গাল আর গম্ভীর মুখ দেখে নাদিয়া টিপ্পনী কেটে বলল।
"কিরে লিচু, গাল এমন ফুলিয়ে রেখেছিস কেন?"
রূপা ছোট্ট করে উত্তর দিল।
"এমনি?"
কিন্তু রূপার এমন চুপচাপ থাকাটা কেয়ার হজম হলো না। সে এক চোখ ছোট করে সন্দিগ্ধ গলায় শুধাল।
"কিছু তো একটা হয়েছে, নাহলে আমাদের এই চঞ্চল লিচু তো এত চুপচাপ থাকার কথা না।"
রূপা এবার গলার স্বরে কিছুটা ক্ষোভ মিশিয়ে বলেই ফেলল।
"ছোটবেলায় আমার বড় ভাই নাকি আমার কান্না ফাটিয়ে দিয়েছিল।"
কথাটা শোনামাত্রই নাদিয়া, কেয়া আর বৃষ্টি একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের এমন হাসি দেখে রূপার রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। সে গাল দুটো আরও ফুলিয়ে মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকিয়ে গুম হয়ে বসে থাকল। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞেস করল।
"তোর ভাই তোর কান্না ফাটিয়ে দিয়েছে, এই আজগুবি কথা তোকে কে বলেছে?"
রূপা দাঁতে দাঁত চেপে উত্তর দিল।
"ওই আকাশ ভাল্লুক ভাইয়া বলেছে।"
কেয়া নাক কুঁচকে সায় দিয়ে বলল।
"তোর এই আকাশ ভাই না সত্যি একদম ভাল্লুকের মতো! সারাক্ষণ শুধু খাউ খাউ করে।"
রূপা তখন হাত ঝাড়া দিয়ে কান্না ফাটানোর টেনশন ঝেড়ে ফেলল। চোখ চকচক করে সে ফিসফিস করে বলল।
"বাদ দে ওকে, বাড়িতে গিয়ে ওর একদিন কি আমার একদিন! শোন, আসার সময় ওই রোডের পাশের বাগানে একটা পেয়ারা গাছ দেখছি, থোকায় থোকায় পেয়ারা ঝুলে আছে। যাবি নাকি চুরি করতে?"
চুরির নাম শুনে বৃষ্টির তো আনন্দে আটখানা অবস্থা। সে জিভে জল সামলাতে সামলাতে বলল।
"বলিস কি! চল চল, এখনই যাই। নাহলে একটু পরেই ক্লাসে স্যার ঢুকে পড়বে, তখন আর বের হতে পারব না।"
রূপা, নাদিয়া, কেয়া আর বৃষ্টি চার মূর্তিমান আতঙ্ক তখন কলেজের দেওয়াল ঘেঁষে ওই বাগানের দিকে পা টিপে টিপে এগিয়ে চলল। পেয়ারা গাছের নিচে পৌঁছে সবাই উঁকিঝুঁকি দিয়ে দেখে নিল মালিক আশেপাশে আছে কি না। তারপর শুরু হলো হুলুস্থুল কাণ্ড! কেউ ডাল ধরে ঝাঁকাচ্ছে, কেউ ওড়নার খুঁটে পেয়ারা জমাচ্ছে। চুরির সময় যে কী এক আদিম আনন্দ আর হাসি পায়, তা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। হাসতে হাসতে সবার পেটে খিল ধরার জোগাড়। সবাই যখন পাঁচ-ছয়টা করে পেয়ারা বাগিয়ে নিয়েছে, ঠিক তখনই 'পালা পালা' বলে দিল এক দৌড়! কিন্তু কিছুটা পথ যেতেই চারজনেরই পায়ের তলার মাটি যেন থমকে গেল। হাসি মিলিয়ে গিয়ে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃষ্টি তো ভয়ে বড় বড় ঢোক গিলতে শুরু করল। তাদের সামনে ছয়জন ছেলে একটা জটলা পাকিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই বৃত্তের মাঝখানে একটা ছেলেকে মাটিতে ফেলে কেউ একজন পৈশাচিক শক্তিতে পেটাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মারের শব্দ আর ছেলেটার গোঙানি শোনা যাচ্ছে। মারের চোটে ছেলেটা মাটিতে লুটিয়ে পড়েছে, আর যে মারছে তার সেই সুঠাম দেহ আর হাতের পেশিগুলো রাগে ফুলে উঠেছে।
ছেলেটাকে যেভাবে পাষাণ হৃদয়ে মারা হচ্ছে, তা দেখে রূপার বুকটা হু হু করে উঠল। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, মানুষের মনে কি মায়া-দয়া বলতে কিছু নেই? রূপা যখনই প্রতিবাদ করার জন্য এক পা বাড়াতে যাবে, ওমনি কেয়া তার হাতটা ঝাপ করে টেনে ধরল। কেয়া ভয়ার্ত গলায় ফিসফিস করে বলল।
"কোথায় যাস? চল তাড়াতাড়ি কলেজে যাই! এসবের মধ্যে একদম যাস না, এরা এই এলাকার মাস্তান, ভীষণ খারাপ ছেলে সব।"
রূপা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে তেজ দেখিয়ে বলল।
"তাই বলে একটা লোককে এইভাবে মারবে? দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে!"
নাদিয়া এবার বিরক্ত হয়ে বলল।
"তোর সেটা দেখতে হবে কেন? এখন এখান থেকে কেটে পড়াই ভালো।"
কিন্তু রূপার সেই জেদি আর প্রতিবাদী মন কিছুতেই মানল না। সে এক ঝটকায় বান্ধবীদের হাত ছাড়িয়ে দিয়ে বলল।
"না আমি যাব না! একটা ছেলেকে এইভাবে পশুর মতো মারবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কিছুতেই না!"
বলেই রূপা একরকম দৌড়ে ওই ছেলেদের জটলার মাঝখানে গিয়ে রুখে দাঁড়াল। কোমরে হাত দিয়ে বেশ কড়া গলায় সে...
চলবে...
