একটা অপরাধের তদন্ত শুরু হওয়ার পর যদি বছর পেরিয়ে যায়,দশক পেরিয়ে যায়, তবুও তার কোনো সমাপ্তি না হয় তবে তাকে কী আদৌ তদন্ত বলা যায়?সেটা হয়ে যায় না কেবল সময়ের কাছে সত্যটাকে চাপা দিয়ে রাখার একটা আনুষ্ঠানিকতা?
কেউ একজন কাওকে নির্মমভাবে হত্যা করেছে।কেউ প্রতিশোধের দরুন এমন কিছু করেছে যার নিষ্ঠুরতা মানবজাতির বিবেককে আলোড়িত করে।এহেন বর্বরতার সম্মুখীন হলে মানসপটে ঠিক কী ভেসে উঠে? শুধুমাত্র একটা অপরাধ,একজন অপরাধী এবং তার রক্তাক্ত পরিণতি।কিন্তু সেই অপরাধের আগে কী ঘটেছিল? সেই অপরাধী কেন ওই পথই বেঁছে নিয়েছিল? কেনই বা তার পরিণতি রক্তেই রঞ্জিত হলো? কারো মনে কী এই প্রশ্নগুলোর উদয় হয় কখনো? হয়তো বা না! কেউ কী কখনো প্রশ্ন করে যে,সে অপরাধী,কিন্তু জন্ম থেকেই কী? সকলেই কী নিজ ইচ্ছাতেই ওই অন্ধকার জগতে প্রবেশ করে? কেউ কী কখনো প্রশ্ন করেছে আজ অবধি যে, যে মানুষটাকে বাধ্য করা হয়েছিল সেও কী নিজ ইচ্ছাতেই অপরাধী হয়ে উঠেছিল?
যাকে দিনের পর দিন নিষ্ঠুরতার পাঠদান করিয়ে ধীরে ধীরে হিংস্র করে তোলা হয়েছিল সেও কী এমনি এমনিই অপরাধী হয়ে গিয়েছিল?
যে প্রশাসনের দায়িত্ব ছিল অপরাধ থামানো তারা যদি ব্যর্থ হয় তবে সে ব্যর্থতার দায় কার? আর যখন একজন মানুষ বিচার না পেয়ে প্রতিশোধকে ন্যায় বিচার ভেবে বসে, তখন কী আমরা শুধু তাকে অপরাধীর ট্যাগ দিয়েই আমাদের দায়িত্ব শেষ করে ফেলতে পারি? এ প্রশ্নগুলোর কী আদৌ তেও কোনো উত্তর রয়েছে? নেই হয়তো!
____
আরোজা উর্মি শিকদার। জনাব ইরফাদ শিকদারের বড় মেয়ে। উর্মি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সত্য অনুসন্ধানের প্রতি অনবদ্য এক আগ্রহ থেকেই এই বিভাগে শিক্ষা অর্জনের সিদ্ধান্ত নিয়েছিল উর্মি। ভীষণই অদ্ভুত সত্বার এক রমনী সে। কখনো কখনো মনে হয় তার মত সরল বোধহয় আর কেউ নেই,আবার কখনো মনে হয় তার থেকে ধূর্ত আর কেউ নেই। কখনো সে একেবারে ভীতু রাম আবার কখনো মনে হয় তার মত সাহসী আর দ্বিতীয়টা নেই। কখনো সে একদম দূর্বল আবার কখনো সে দাড়ায় কঠোরতার চূড়ান্ত পর্যায়ে। এত রূপ ও কী কারো থাকতে পারে? এগুলো কী আসলেই একেকটি তার রুপ নাকি এই পৃথিবীতে টিকে থাকার সরঞ্জাম!
____
আধুনিক ডিজাইনের গোলাকার দেয়াল ঘড়িটার মৃদু আওয়াজ জানান দিচ্ছে রাত এখন প্রায় তিনটের কাছাকাছি। মাঝারি আকৃতির একটি কক্ষ যাতে আসবাবপত্র অতি সীমিত তবে,আভিজাত্যপূর্ণ। কক্ষটির ঠিক দক্ষিণ দিকে একটি জানালা। সে পাশে মুখ করেই রয়েছে বেড। এছাড়া ঘরটিতে আসবাব বলতে রয়েছে একটি ড্রেসিং টেবিল,একটি আলমারি,রিডিং টেবিল আর একটা ছোট্ট বেডসাইড টেবিল। কক্ষটির দিকে নজর পরলেই সর্ব প্রথমেই কক্ষের মালিকের আভিজাত্যপূর্ণ রুচির কথাই মাথায় আসবে।
__
ঘুমের ঘোরেই বেডের সফেদ রঙা চাদর খামচে ধরে রেখেছে উর্মি। সম্পূর্ণ কক্ষ হালকা হলদেটে আলোয় ডুবে আছে। সেই আলোতে রমনীর হালকা উজ্জ্বল ত্বক বেশ স্পষ্ট। ইতোমধ্যে কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। কোমড় ছাড়ানো বিনুনি বাঁধা চুলগুলোই তন্দ্রাঘোরে এলোমেলো হয়ে গিয়েছে। উর্মি ঘুমের মধ্যেই অস্ফুটস্বরে কিছু একটা আওড়াচ্ছে। শব্দগুলো ভীষণই ক্ষীণ স্পষ্ট বুঝা যাচ্ছে না। থেকে থেকেই মাথাটা এদিক ওদিক নাড়াচ্ছে। এই তীব্র অস্বস্তিকর এই পরিস্থিতির সৃষ্টিকারী হিসেবে রমনীর ঘুমন্ত মস্তিষ্কে ভেসে উঠেছে ভাঙাচোরা অতীতের এক টুকরো স্মৃতি।
